পত্রিকা: 'কোন চাওয়া পুরণ হলে যুদ্ধ থামাবেন ট্রাম্প'

পড়ার সময়: ৭ মিনিট

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের চার দিন পার হয়েছে। এ নিয়ে বাংলাদেশের প্রায় সব পত্রিকাই প্রধান শিরোনাম করেছে। বাংলাদেশের জ্বালানি খাতে এই যুদ্ধের প্রভাব নিয়েও খবর ছেপেছে অনেক পত্রিকা। এছাড়া রাজনীতি ও অর্থনীতিসহ গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে আজকের পত্রিকাগুলোতে।

'কোন চাওয়া পুরণ হলে যুদ্ধ থামাবেন ট্রাম্প' আজকের পত্রিকার একটি শিরোনাম।

খবরে বলা হচ্ছে, ইরানে হামলা চালিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিক কী অর্জন করতে চাইছেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

যুদ্ধ শুরুর আগে ট্রাম্প ও মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হবে। তবে যুদ্ধের পরপরই ট্রাম্প ঘোষণা দেন, এই অভিযান ইরানের শাসনব্যবস্থায় পরিবর্তন আনা।

বিভিন্ন সময় নানা ধরনের ঘোষণা আসার পর ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের লক্ষ্য নিয়ে প্রশ্ন ওঠে । এই প্রশ্ন আরও জোরালো হয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিক্ষিপ্ত বক্তব্যের জেরে।

বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে , যুদ্ধের লক্ষ্য নিয়ে মিশ্র বার্তার পর ইরান অভিযানের পরিণতি অস্পষ্ট হয়ে উঠছে। ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার লক্ষ্যে গত বছরের জুনেও হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।

ওই অভিযানের পর ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছে। তারা আর পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।

'ধনকুবেররা দুবাই ছাড়তে মরিয়া' যুগান্তরের শিরোনাম।

খবরে বলা হচ্ছে, ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা-পালটা হামলায় দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে তেহরানের ক্ষেপণাস্ত্র বর্ষণের ফলে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে চরম অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত ও বন্ধ হয়ে যাওয়ায় সেখানে বসবাসরত প্রভাবশালী ও ধনী ব্যক্তিরা এখন সপরিবারে দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন। এখন তাদের কাছে বিমানের একটি টিকিট যেন সোনার হরিণ।

বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকায় তাদের একমাত্র ভরসা এখন ব্যক্তিগত বিমান বা প্রাইভেট জেট। এই সুযোগে চার্টার্ড বিমানের ভাড়া স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বেড়ে গেছে।

অনেক ক্ষেত্রে ইস্তাম্বুল বা মস্কোগামী ছোট জেটের একেকটি সিটের ভাড়া কোটি টাকা ছাড়িয়ে গেছে। প্রমোদকেন্দ্র হিসাবে পরিচিত ঝলমলে দুবাই এখন চরম উৎকণ্ঠার শহর।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে শুধু দুবাই-ই নয়, মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান।

ইরানের এ হামলায় দুবাই বিমানবন্দরের পাশাপাশি শহরের বেশ কিছু বিলাসবহুল হোটেল ও গুরুত্বপূর্ণ স্থাপনাও হয়েছে ক্ষতিগ্রস্ত। এমন পরিস্থিতিতে দুবাই থেকে অনেকে পার্শ্ববর্তী ওমানের দিকে ছুটছেন।

'স্পিকার ও রাষ্ট্রপতি পদে কারা, বিএনপিতে আলোচনা' প্রথম আলোর শিরোনাম।

খবরে বলা হচ্ছে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন সরকারের বয়স ১৫ দিন পার হলো। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি সিদ্ধান্ত-রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার পদে কে আসছেন, এ নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে নানা আলোচনা-পর্যালোচনা চলছে।

দলীয় একাধিক সূত্র জানিয়েছে, রাষ্ট্র ও সংসদের শীর্ষ পদগুলোতে অভিজ্ঞ ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য মুখ বসাতে চাইছে দলটি। বিএনপির ভেতরে আলোচনা রয়েছে কয়েকজন জ্যেষ্ঠ নেতা ও জ্যেষ্ঠ আইনজীবীর নাম।

বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতি পদে দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেনের নাম গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামও আলোচনায় ছিল।

তবে খন্দকার মোশাররফ হোসেনের নামই বেশি আলোচনায়। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে সক্রিয় এবং মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

স্পিকার পদে আলোচনায় ওসমান ফারুক, হাফিজ উদ্দিন আহমদ ও জয়নুল আবেদীনের নাম। সংসদ উপনেতার বিষয়টি এখনো স্পষ্ট নয়।

খবরটিতে বলা হচ্ছে, বেসামরিক কাজে উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে তরুণ-যুবকদের টোপ দেয় মানবপাচার চক্র। তারপর রাশিয়ায় নিয়ে হাতে তুলে দেয় ভয়ংকর মারণাস্ত্র, ঠেলে দেওয়া হয় ইউক্রেন যুদ্ধে।

কেউ কেউ মাত্র এক মাসের প্রশিক্ষণ পায়, আবার কেউবা বিনা প্রশিক্ষণেই যুদ্ধের ময়দানে। রাশিয়ায় যুদ্ধদাস পাঠাতে মাঠ পর্যায়ে কাজ করছে একটি সংঘবদ্ধ গোষ্ঠী।

বিশেষ করে চক্রটির নজর অর্থনৈতিকভাবে দুর্বল এবং শারীরিকভাবে শক্তিশালী পুরুষদের দিকে। আন্তর্জাতিক মানবাধিক সংগঠন ফর্টিফাই রাইটস ও ট্রুথ হাউন্ডসের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২২ সালে শুরু হওয়া যুদ্ধে ঠেলে দিতে অর্থনৈতিকভাবে দুর্বল পুরুষদের টার্গেট করে একটি চক্র। এর জন্য বেছে নিয়েছে এশিয়া ও আফ্রিকার কয়েকটি দেশ।

বেসামরিক ও নিরাপদ কাজের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানবপাচারে জড়িত দালালচক্র রাশিয়ার সশস্ত্র বাহিনীতে জনবল সরবরাহ করছে। আন্তর্জাতিক আইনে এটিকে মানবপাচার বলা যেতে পারে।

'পুশইন বাড়ার আশঙ্কা' নয়া দিগন্তের শিরোনাম।

খবরে বলা হচ্ছে, বাংলাদেশ এমন এক ভূরাজনৈতিক অবস্থানে দাঁড়িয়ে আছে, যেখানে সীমান্ত মানেই শুধু মানচিত্রের দাগ নয়- এটি নিরাপত্তা, অর্থনীতি, কূটনীতি এবং মানবাধিকারের এক জটিল সমীকরণ।

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন (এসআইআর) ঘিরে প্রায় ৬৪ লাখ নাম বাদ পড়া এবং তাদের একটি বড় অংশকে 'অনুপ্রবেশকারী' হিসেবে চিহ্নিত করার ঘটনাকে ঘিরে নতুন করে 'পুশইন' বা জোরপূর্বক সীমান্ত ঠেলে দেয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, এটি কেবল প্রশাসনিক পদক্ষেপ নয়- বরং সীমান্ত রাজনীতি, পরিচয় রাজনীতি এবং আঞ্চলিক কৌশলগত স্বার্থের একটি জটিল সমন্বয়, যার প্রভাব সরাসরি বাংলাদেশের নিরাপত্তা ও কূটনীতিতে পড়তে পারে

এই খবরে বলা হচ্ছে, নরসিংদীর রায়পুরার ২৬ ফেব্রুয়ারি বাঁশগাড়ীর সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার পর লাশ নদীতে ফেলে দেয় তারা।

একই দিন চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা মহানগর ও নরসিংদীতে পৃথক ঘটনায় হত্যার শিকার হন আরও পাঁচজন। নরসিংদীর মাধবদীর দাড়িকান্দি গ্রামে আমেনা আক্তার নামে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযাগ, সংঘবদ্ধ ধর্ষণের পর তাকে খুন করে বখাটেরা।

পুলিশের অপরাধ তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ১৫ দিনে হত্যার শিকার হয়েছেন অন্তত ৪০ জন। নিহতদের মধ্যে আটজন নারী। খুলনা ও চট্টগ্রাম বিভাগে খুন হয়েছে বেশি, কম বরিশাল ও রংপুরে।

নিহতদের মধ্যে বিএনপির কর্মী তিনজন, যুবদল নেতা একজন, ছাত্রদল কর্মী একজন ও জামায়াত সমর্থক একজন রয়েছে। নিহতের মধ্যে ছুরিকাঘাতে নিহত ৮, গুলিতে খুন ৩।

এ ছাড়া গণপিটুনি, শ্বাসরোধ, চাকুর আঘাত ও সংঘর্ষে নিহত হয়েছেন কয়েকজন। অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন সাতজন।

খবরে বলা হচ্ছে, দেশে প্রতি বছর প্রায় দেড় লাখ কোটি টাকার জ্বালানি পণ্য আমদানি হচ্ছে। এর মধ্যে আছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), পরিশোধিত-অপরিশোধিত জ্বালানি তেল, এলপিজি ও কয়লা।

প্রায় এক দশক ধরে জীবাশ্ম জ্বালানি আমদানি অস্বাভাবিক হারে বেড়েছে। অভিযোগ রয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, আমলা ও একশ্রেণির ব্যবসায়ীর যোগসাজশে এমন পরিস্থিতি তৈরি হয়।

দেশে গ্যাস খাতে অনুসন্ধান, উত্তোলনে পর্যাপ্ত বিনিয়োগ করা হয়নি। সেই সঙ্গে জ্বালানি খাতের মজুদ, টেকসই সরবরাহ ব্যবস্থাপনা গড়ে তোলার ক্ষেত্রেও বড় ধরনের গড়িমসি ছিল।

এভাবে আওয়ামী আমলে জ্বালানি খাতে আমদানিনির্ভরতা অতিমাত্রায় বাড়িয়ে তোলা হয়েছে। এমন পরিস্থিতিতে দেশের জ্বালানি খাত দিন দিন ঋণ ও দায়দেনায় জর্জরিত হয়েছে।

অন্যদিকে জ্বালানি সরবরাহকারী দেশগুলোয় বিভিন্ন সময়ে যুদ্ধ-সংঘাত পরিস্থিতির কারণে আমদানি তথা দেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনায় ঝুঁকি তৈরি হচ্ছে।

নিউ এইজের শিরোনাম 'HC questions referendum ordinace'. অর্থাৎ গণভোট অধ্যাদেশ নিয়ে প্রশ্ন হাইকোর্টের।

খবরে বলা হচ্ছে, জুলাই জাতীয় সনদ, গণভোটের অধ্যাদেশ এবং নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

গতকাল সোমবার বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের বেঞ্চ এ রুল জারি করেন। জনাকীর্ণ আদালতে দুটি পৃথক রিটের শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

রুলে জানতে চাওয়া হয়েছে, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংশোধন) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং গত ১৬ ফেব্রুয়ারি সংসদ সচিবালয় থেকে নবনির্বাচিত সাংসদদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে যে চিঠি দেওয়া হয়েছে, তা কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না।

একই সঙ্গে গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ৩ নম্বর তফসিল—যার অধীনে রাজনৈতিক দলগুলো ৩০টি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছিল—তা কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, সে বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়েছে।

দ্য ডেইলি স্টারের শিরোনাম 'BB governor offers mega incentives to businesses' অর্থাৎ ব্যবসায়ীদের জন্য বিশাল প্রণোদনার প্রস্তাব বাংলাদেশ ব্যাংক গভর্নরের

খবরে বলা হচ্ছে, ঋণখেলাপি প্রতিরোধ ও ফেব্রুয়ারি মাসের শ্রমিকদের মজুরি পরিশোধ সহজ করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক গতকাল দুটি সিদ্ধান্তের মাধ্যমে ব্যবসায়ীদের বড় ধরনের প্রণোদনা দিয়েছে।

দুটি পৃথক আদেশে দেশের ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক সংস্থা ঋণ নবায়নের নিয়ম শিথিল করেছে। পাশাপাশি রপ্তানিমুখী শিল্পের জন্য ফেব্রুয়ারি মাসের মজুরির জন্য একটি বিশেষ ঋণ সুবিধার অনুমতি দিয়েছে।

ধারাবাহিক ঋণ ঘূর্ণায়মান ঋণের মতো কাজ করে। এটি ব্যবসায়ীদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য অনুমোদিত সর্বোচ্চ সীমা পর্যন্ত বারবার তহবিল তোলা, পরিশোধ করা এবং উত্তোলনের সুযোগ দেয়।

সরকার আহসান এইচ মনসুরকে সরিয়ে পোশাক উদ্যোক্তা মো. মোস্তাকুর রহমানকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিযুক্ত করার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই সিদ্ধান্তগুলো নেওয়া হলো