পত্রিকা: 'নতুন সংসদ কি প্রেসিডেন্টকে সরিয়ে দেবে?'

টাইমস অফ বাংলাদেশ পত্রিকার আজকের খবর- Will new majority unseat the president? অর্থাৎ নতুন সংসদ কি প্রেসিডেন্টকে সরিয়ে দেবে?
খবরে বলা হয়েছে, সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর নতুন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
এরই মধ্যে আলোচনায় এসেছে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন–এর ভবিষ্যৎ।
পূর্ববর্তী আওয়ামী লীগ–সমর্থিত সংসদে নির্বাচিত শাহাবুদ্দিনের মেয়াদ এখনো প্রায় দুই বছর বাকি।
সংবিধান অনুযায়ী, নতুন সংখ্যাগরিষ্ঠতার ফলে চাইলে দুইভাবে পরিবর্তন আনা যেতে পারে — হয় প্রেসিডেন্টের স্বেচ্ছা পদত্যাগের মাধ্যমে অথবা সংসদে অভিশংসন প্রক্রিয়ার মাধ্যমে।
তবে, সংবিধান বিশেষজ্ঞদের মতে, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপির পক্ষে তাত্ত্বিকভাবে উভয় পথই খোলা রয়েছে।

প্রথম আলো পত্রিকার আজকের খবর- নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ৫৯% ব্যবসায়ী। এ খবরে বলা হচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের বেশির ভাগই ব্যবসায়ী। ৮৩ শতাংশ উচ্চশিক্ষিত। আর ৭৩ শতাংশের বয়স ৫০ বছরের বেশি।
নির্বাচনে গত বৃহস্পতিবার ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়। শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে ভোট গ্রহণ বাতিল হয়েছে।
২৯৯টি আসনের মধ্যে দুটি আসনে জয়ী বিএনপির প্রার্থীর ফল প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে (ঋণ খেলাপের কারণে)। ফলে বিশ্লেষণ করা গেছে ২৯৭ জন প্রার্থীর তথ্য।
নির্বাচিত সংসদ সদস্যদের তথ্য নেওয়া হয়েছে রিটার্নিং কর্মকর্তাদের কাছে দেওয়া তাঁদের হলফনামা থেকে।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে প্রার্থীদের হলফনামা দেওয়া বাধ্যতামূলক করা হয়।
এবারের হলফনামায় প্রার্থীদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, পেশা, মামলার তথ্য, আয়, সম্পদসহ ১০ ধরনের তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
নির্বাচনে বিএনপি একাই ২০৯টি আসন পেয়েছে। দলটির বিজয়ী প্রার্থীদের মধ্যে ১৪৫ জনই নিজেদের পেশা ব্যবসা উল্লেখ করেছেন, যা দলের মোট জয়ী প্রার্থীর ৬৯ শতাংশ।
জামায়াতের ৬৮ জনের মধ্যে ২০ জন নিজেদের পেশা ব্যবসা উল্লেখ করেছেন, যা দলের মোট জয়ী প্রার্থীর ২৯ শতাংশ।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
বণিক বার্তার শীর্ষ সংবাদ- ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।
চব্বিশের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর একে একে পদত্যাগ করেছিলেন ৪৮ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কিছু সময়ের জন্য প্রতিষ্ঠানগুলো এক রকম অভিভাবকশূন্য হয়ে পড়ে। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার এসব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেয়।
এছাড়া মেয়াদ শেষ হওয়ার মতো ঘটনা এবং কার্যক্রম শুরু হওয়া নতুন বিশ্ববিদ্যালয়েও উপাচার্য নিয়োগ দেয়া হয়। সব মিলিয়ে অন্তর্বর্তী সরকারের মেয়াদে উপাচার্য নিয়োগ করা হয়েছে ৫৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে। কয়েক দিনের মধ্যেই নতুন নির্বাচিত রাজনৈতিক সরকার ক্ষমতা গ্রহণ করবে।
এমন পরিস্থিতিতে বর্তমান উপাচার্যদের অনেকেই তাদের মেয়াদের স্থায়িত্ব নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বলে জানা গেছে। বেশির ভাগ উপাচার্যই দায়িত্ব পালন অব্যাহত রাখতে আগ্রহী।
গত দেড় বছরে নিয়োগ পাওয়া উপাচার্যদের নিয়োগের প্রজ্ঞাপন বিশ্লেষণ করে দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে সাময়িকভাবে।
আর বাকি ৫২ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মেয়াদ চার বছর। তবে সব উপাচার্যের নিয়োগপত্রেই উল্লেখ রয়েছে যে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

কালের কণ্ঠ পত্রিকার শীর্ষ খবর- এবার দেশ গড়ার পালা। এ খবরে বলা হয়েছে, নিরঙ্কুশ জয় পাওয়ার পর সরকার গঠনের অপেক্ষায় থাকা রাজনৈতিক দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবার দেশ গড়ার পালা।
তিনি আরও বলেন, দেশ গঠনে যেকোনো মূল্যে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে এবং কোনো ধরনের সহিংসতা, প্রতিশোধ বা উসকানিমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
তিনি গতকাল শনিবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
সূচনা বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে দলের শীর্ষ নেতাদের পাশাপাশি দেশি-বিদেশি সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। নিজের বক্তব্যের শেষে তারেক রহমান উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
তারেক রহমান দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন, "জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা।"

মানবজমিন পত্রিকার আজকের খবর- তারেক রহমানকে প্রধান উপদেষ্টার ফোন।
নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে দায়িত্বশীল ভূমিকা রাখায় বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার টেলিফোন আলাপে তিনি তারেক রহমানকে দলের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের জন্য অভিনন্দন জানান।
একইসঙ্গে নির্বাচনকালীন সংযম ও পরিমিত আচরণের জন্য ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকার কারণেই সারা দেশে নির্বাচন ঘিরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে।
গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও সহযোগিতাপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
পৃথক টেলিফোন আলাপে তিনি আরও কথা বলেন ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে।
নির্বাচনে সাফল্য ও নির্বাচন পরবর্তী দায়িত্বশীল ভূমিকার জন্য তাদেরও ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

দেশ রূপান্তর পত্রিকার খবর- নবীন প্রবীণের সমন্বয়ে তারেকের মন্ত্রীসভা, থাকবেন শরিকরাও।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণের পর অতিদ্রুত সরকার গঠনের জন্য মন্ত্রিসভা চূড়ান্ত করছেন দলটির চেয়ারম্যান এবং আগামী প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভায় প্রবীণদের পাশাপাশি নবীনরাও থাকবেন।
অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা করতে চান তারেক রহমান। রাজপথে যুগপৎ আন্দোলনে বিএনপির শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারাও আসবেন মন্ত্রিসভায়।
গতকাল শনিবার দেশ রূপান্তরকে এমনটাই জানিয়েছেন বিএনপির দায়িত্বশীল নেতারা।
সরকারে কোনো একটি দায়িত্ব পেতে পারেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও।
তাকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা অথবা বিশেষ সহকারী করা হতে পারে।
সংবিধান অনুযায়ী, নতুন সরকার গঠনের শুরুটা হবে নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণের মাধ্যমে। সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের আজকে খবর - Post-polls violence: 1 killed, 5 hurt in 5 districts অর্থাৎ নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ১, আহত ৫।
নির্বাচনের পর সহিংসতায় দেশের পাঁচ জেলায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তি ওসমান সরদার (২৯), যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর বিদ্রোহী প্রার্থীর সমর্থক ছিলেন। তিনি বাগেরহাট সদর উপজেলার পরনোয়াপাড়া গ্রামের বাসিন্দা।
পরিবারের বরাতে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় চিতাবাড়ি এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন–এর সমর্থক ও বিদ্রোহী প্রার্থী এমএএইচ সেলিম–এর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন ওসমান সরদার।
প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে গতকাল সকালে তিনি মারা যান।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের আজকের খবর- Swearing-in of MPs elect by tuesday অর্থাৎ মঙ্গলবার এমপি ও মন্ত্রিসভার শপথ, প্রস্তুতি শেষ পর্যায়ে।
নবনির্বাচিত সংসদ সদস্যরা আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদে শপথ নেবেন। শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস সেক্রেটারি সালেহ শিবলী।
একই দিন বিকেল ৪টায় সংসদের সাউথ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
নিয়ম অনুযায়ী, এমপিদের শপথের পর সংখ্যাগরিষ্ঠ দলের সংসদীয় বোর্ড সভায় দলনেতা নির্বাচন করা হবে।
এরপর তিনি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানাবেন। রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন এবং পরে মন্ত্রিসভা গঠন করা হবে।
শপথ শেষে মন্ত্রিসভার দপ্তর বণ্টনসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্নের পথে রয়েছে।

সমকাল পত্রিকার আজকের প্রধান শিরোনাম - ঐক্যে শক্তি, বিভাজনে দুর্বলতা।
নির্বাচনে বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান দলীয় নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, যেকোনো মূল্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে। আইন কার্যকরভাবে প্রয়োগ না হলে দেশের সব অর্জন ব্যর্থ হয়ে যাবে বলেও তিনি সতর্ক করেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, জুলাই সনদের বাস্তবায়নে তারা অঙ্গীকারবদ্ধ এবং দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে থাকতে হবে।
পাশাপাশি দুর্বলদের ওপর কোনো ধরনের আগ্রাসন বা প্রতিহিংসামূলক আচরণ না করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে, যা মোকাবিলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

নয়া দিগন্ত পত্রিকার খবর- নির্বাচন ও সরকার কোনোটি মানে না আ'লীগ, হাসিনা ফিরবেন না।
ডয়চে ভেলের সাথে এক সাক্ষাৎকারে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র যুক্তরাষ্ট্র প্রবাসী সজীব ওয়াজেদ জয় বলেছেন, সদ্য শেষ হওয়া নির্বাচন সম্পূর্ণ সাজানো, এটি অবশ্যই আমরা মানছি না।
কিভাবে মানব? একটা নির্বাচন- যেখানে অর্ধেক দলকে বাদ দেয়া হয় গায়ের জোরে, সেটা কিভাবে নির্বাচন হয়?
তাহলে কি, সেই সরকারকেও আপনারা মানবেন না- এমন প্রশ্নের জবাবে সজীব জয় বলেন- না, যেই নতুন সরকার গঠন হবে সেটা তো কোনো বৈধ সরকার হবে না।
এই সাক্ষাৎকারে দেয়া সজীবের বক্তব্য অনুসারে নির্বাচন ও সম্ভাব্য সরকারকে তারা বৈধ মনে করেন না। এছাড়া ব্যক্তিগতভাবে সরাসরি রাজনীতিতে নামার সিদ্ধান্ত তিনি নেননি।
আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, তবে দমন-পীড়নের মুখে নিরাপদ রাজনৈতিক পরিবেশ ছাড়া নেতৃত্বের ফেরা কঠিন।
ক্ষমার প্রশ্নে 'সমান বিচার' ও দায়বদ্ধতার দাবিও তার।
অতীত সঙ্কটের চেয়ে বর্তমান দমন-পীড়নকে বড় বাস্তবতা হিসেবে দেখছেন তিনি। তিনি বলেন, শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না।

নিউ এইজ পত্রিকার খবর- গণভোটের রায় বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: আলী রিয়াজ।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ বলেছেন, ২০২৬ সালের গণভোটের রায় বাস্তবায়ন করা রাজনৈতিক দলগুলোর নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব।
শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি জানান, এই গণভোটের ফল ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন।
উচ্চকক্ষ গঠন বিষয়ে রায় মানা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, দলগুলোর উচিত এই সিদ্ধান্ত বাস্তবায়নে এগিয়ে আসা।
বাংলাদেশ নির্বাচন কমিশন–এর তথ্য অনুযায়ী, গণভোটে বৈধ ভোটের ৬২ দশমিক ৪৭ শতাংশ 'হ্যাঁ' এবং ২৯ দশমিক ৩২ শতাংশ 'না' ভোট পড়ে।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রসঙ্গে আলী রিয়াজ বলেন, ২০২৫ সালের আদেশ অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে একটি সংবিধান সংস্কার কাউন্সিল গঠন করা হবে।
এই কাউন্সিল ১৮০ দিনের মধ্যে সংস্কার প্রস্তাব সংবিধানে অন্তর্ভুক্ত করবে।
তিনি আরও জানান, নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ–এর সদস্য হিসেবে এবং সংস্কার কাউন্সিলের সদস্য হিসেবে আলাদাভাবে শপথ নেবেন।









