লাইভ, ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে নেটোভুক্ত দেশগুলো, দাবি নেটো মহাসচিবের

লেবাননে বুধবার ও বৃহস্পতিবার চালানো ইসরায়েলি হামলাকে “প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন” বলে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে, হেজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে নেটোভুক্ত দেশগুলো: রুটে

    নেটো মহাসচিব মার্ক রুটে

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, নেটো মহাসচিব মার্ক রুটে

    নেটো মহাসচিব মার্ক রুটে জোর দিয়ে বলেছেন, নেটো “আসন্ন বিপদ চোখ বুজে এড়িয়ে যাচ্ছে না”। তিনি বলেন, জোটভুক্ত দেশগুলো তাদের সশস্ত্র বাহিনীর জন্য প্রয়োজনীয় বাজেট নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে।

    ওয়াশিংটন সাংবাদিকদের সামনে এই কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ প্রসঙ্গে রুটে বলেন, “ইরানে যুক্তরাষ্ট্র যে লজিস্টিক ও অন্যান্য সহায়তা প্রয়োজন ছিল, তা দেওয়ার সময় কিছু মিত্র কিছুটা ধীর ছিল।”

    তিনি বলেন, “ন্যায্যতার খাতিরে বলতে হবে, তারাও কিছুটা বিস্মিত হয়েছিল। প্রাথমিক হামলায় আকস্মিকতার উপাদান বজায় রাখতে প্রেসিডেন্ট ট্রাম্প আগেভাগে মিত্রদের না জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।”

    তবে তিনি যোগ করেন, “আজ ইউরোপজুড়ে তাকালে যা দেখি, তা হলো—মিত্র দেশগুলো এখন ব্যাপক মাত্রায় সহায়তা দিচ্ছে।”

    রুটে আরও বলেন, “প্রায় কোনো ব্যতিক্রম ছাড়াই মিত্ররা যুক্তরাষ্ট্র যা চাইছে, তা-ই করছে। তারা প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধ শুনেছে এবং সাড়া দিচ্ছে।”

    নেটো প্রধান হরমুজ প্রণালি দিয়ে অবাধ যাতায়াত নিশ্চিত করতে “বিভিন্ন দেশের একটি জোটের নেতৃত্ব দেওয়ার” ক্ষেত্রে যুক্তরাজ্যের ভূমিকাও প্রশংসার সঙ্গে উল্লেখ করেন। তিনি বলেন, “এটি মানসিকতার একটি পরিবর্তনের প্রমাণ।”

  2. ইরানের আক্রমণের শিকার হলে ইসরায়েল ‘কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত’: প্রতিরক্ষামন্ত্রী

    ইসরায়েলি বিমান হামলার পরে বৃহস্পতিবার বৈরুতে একটি ধ্বংসপ্রাপ্ত আবাসিক ভবনের পাশে দাঁড়িয়ে আছেন একজন লেবানিজ সৈন্য

    ছবির উৎস, EPA/Shutterstock

    ছবির ক্যাপশান, ইসরায়েলি বিমান হামলার পরে বৃহস্পতিবার বৈরুতে একটি ধ্বংসপ্রাপ্ত আবাসিক ভবনের পাশে দাঁড়িয়ে আছেন একজন লেবানিজ সৈন্য

    ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, লেবাননে তার দেশের অভিযান হেজবুল্লাহর মুখে একটি “খুব শক্তিশালী আঘাত, এই অভিযানের গভীরতা এবং ব্যাপকতায় তারা হতবাক এবং বিভ্রান্ত হয়ে গিয়েছে”।

    প্রতিরক্ষামন্ত্রী বলেন, “যদি ইরান ইসরায়েলের দিকে গুলি চালায়, তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী কঠোরভাবে ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে”।

    উল্লেখ্য, ইরানের কর্মকর্তারা বলেছেন, লেবাননে ইসরায়েলি হামলা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন এবং প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, ইরানের হাত “বন্দুকের ট্রিগারেই থাকবে”।

    কাৎজ বলেন, বুধবার লেবাননে ২০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে, যাদের তিনি সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছেন।

    এখন পর্যন্ত এই অভিযানে মোট নিহতের সংখ্যা এক হাজার ৪০০ জন ছাড়িয়ে গেছে।

    এর আগে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ইসরায়েলি হামলায় ২০৩ জন নিহত হয়েছেন।

    একইসাথে কর্মকর্তারা জানিয়েছেন, গত মাসে লেবাননে ইসরায়েল তাদের সর্বশেষ অভিযান শুরু করার পর থেকে এক হাজার ৭০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

  3. জামায়াতকে পাকিস্তানি বাহিনীর সহযোগী রেখেই জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ বিল পাস

    পত্রিকায় একাত্তরের সংবাদ
    ছবির ক্যাপশান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশকে আইনে রূপ দিতে বিল পাস করেছে জাতীয় সংসদ

    একাত্তরে পাকিস্তান হানাদার বাহিনীর সহযোগী হিসেবে তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টির নাম বহাল রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশকে আইনে রূপ দিতে বিল পাস করেছে জাতীয় সংসদ।

    এতে জামায়াতের পক্ষ থেকে আপত্তি জানান দলটির আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।

    তবে তাদের জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই বিলের ওপর অনাপত্তি জানিয়ে স্পিকারকে লিখিতভাবে জানিয়েছে।

    বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের বৈঠকে বিলটি উত্থাপন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

    পলে বিলটি কন্ঠভোটে পাস হয়।

  4. ইসরায়েলি হামলা বন্ধে লেবাননের প্রধানমন্ত্রী সমর্থন চেয়েছেন: পাকিস্তান

    লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে দেশটির ওপর ইসরায়েলি হামলা বন্ধে সমর্থন চেয়েছেন।

    পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত দুইজনের মধ্যকার একটি ফোনালাপের বিবৃতিতে এ তথ্য জানা গেছে।

    যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তিতে পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে।

    বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী লেবাননের প্রধানমন্ত্রীকে বলেছেন, তিনি “ইসরায়েলের চলমান আগ্রাসনের তীব্র নিন্দা করেন”।

    এতে বলা হয়েছে, “লেবানন ও দেশটির জনগণকে লক্ষ্য করে চালানো হামলা অবিলম্বে বন্ধ করার জন্য পাকিস্তানের সমর্থন চেয়েছেন” লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম।

  5. যুদ্ধবিরতি চুক্তির স্পর্শকাতর সময়ে ইসরায়েল কেন লেবাননে হামলার পদক্ষেপ নিলো?, ড্যানিয়েল ডি সিমোনি, জেরুজালেম

    বুধবার বৈরুতের আল-মাজরায় চালানো ইসরায়েলি হামলার ঘটনাস্থলে একজন উদ্ধারকর্মী দাঁড়িয়ে আছেন

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, বুধবার লেবাননে বড় ধরনের হামলা চালিয়ে ইসরায়েল

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এটা মানতে বাধ্য করতে পারেন যে, লেবাননও ইরান যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত।

    আর সেই পরিস্থিতি আসার আগেই ইসরায়েল লেবাননে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে বলে মনে করেন কেউ কেউ।

    আবার কেউ কেউ মনে করেন, এই যুদ্ধবিরতি নিয়ে অসন্তুষ্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কারণ ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের মতো লক্ষ্যগুলো অর্জনে ব্যর্থ হয়েছেন তিনি।

    তাই লেবাননে হামলা চালিয়ে এই নাজুক চুক্তিটি বানচাল করতে যুদ্ধ চালিয়ে যেতে চাইছেন নেতানিয়াহু।

    লেবাননের ক্ষেত্রে নেতানিয়াহুর মূল লক্ষ্য হলো হেজবুল্লাহর হুমকি নিশ্চিহ্ন করা, বিশেষ করে উত্তর ইসরায়েলে রকেট হামলা বন্ধ করা।

    এই লক্ষ্যে ইসরায়েল সেখানে স্থলবাহিনী পাঠিয়েছে এবং ঘোষণা করেছে, লিতানি নদীর দক্ষিণ অংশ দখল করে একটি ‘নিরাপত্তা বাফার জোন’ তৈরি করবে ইসরায়েল।

    এর ফলে দক্ষিণ লেবাননে আবারও ইসরায়েলি দখলদারিত্ব শুরু হয়েছে, যা আগে ১৯৮২ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত ছিল।

    ইসরায়েলি বাহিনী ওই এলাকার ঘরবাড়ি ও গ্রামগুলো ধ্বংস করে দিচ্ছে, যেখানে তাদের দাবি অনুযায়ী হেজবুল্লাহ যোদ্ধারা সক্রিয়।

    এতে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিয়েছে, হেজবুল্লাহকে নির্মূল না করা পর্যন্ত তাদের সৈন্যরা ফিরবে না।

    তবে হেজবুল্লাহর ওপর ইসরায়েলের কঠোর হামলা চললেও এই গোষ্ঠীটির এখনো ইসরায়েলে হামলা করার ক্ষমতা রয়েছে।

    তাই শুধু সামরিক শক্তি দিয়ে ইসরায়েল লক্ষ্য পূরণ করতে পারবে কি না, তা কতটা বাস্তবসম্মত, সেটি নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

    যেটি একটি অনির্দিষ্টকালের যুদ্ধ এবং এর ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কা তুলে ধরছে।

    তবে এটি স্পষ্ট যে, ইরান যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননের অবস্থান ঠিক কী হবে, সেটি দ্রুতই পরিষ্কার হওয়া প্রয়োজন।

  6. হরমুজ প্রণালি নিরাপদ করতে নেটোর কাছে ‘সুনির্দিষ্ট প্রতিশ্রুতি’ চাচ্ছেন ট্রাম্প, রয়টার্সের খবর

    নেটোর মহাসচিব মার্ক রুটে ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফাইল ছবি

    ছবির উৎস, EPA/Shutterstock

    ছবির ক্যাপশান, নেটোর মহাসচিব মার্ক রুটে ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফাইল ছবি

    নেটোর মহাসচিব মার্ক রুটে জোটভুক্ত কয়েকটি দেশের কর্তৃপক্ষকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প “আগামী কয়েক দিনের মধ্যেই হরমুজ প্রণালি নিরাপদ রাখতে সহায়তার জন্য দৃশ্যমান ও নির্দিষ্ট প্রতিশ্রুতি চান”– বৃহস্পতিবার রয়টার্সকে এ কথা জানান দুইজন ইউরোপীয় কূটনীতিক।

    ইরানের সঙ্গে যুদ্ধ ঘিরে নেটোর ভেতরে উত্তেজনা তৈরি হওয়ার প্রেক্ষাপটে বুধবার ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন মার্ক রুটে।

    কূটনীতিকদের একজন রয়টার্সকে বলেন, “ওয়াশিংটনে যে অসন্তোষ ও হতাশা রয়েছে, তা আমরা বুঝি। তবে এই যুদ্ধ শুরুর আগে কিংবা পরে—কোনো সময়েই যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে পরামর্শ করেনি।”

    ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল লিখেছেন, “এদের কেউই—এমনকি আমাদের নিজেদের লোকজনও—খুব একটা হতাশাজনক নয়; চাপ প্রয়োগ না করা হলে নেটো কিছুই বোঝে না”।

  7. আলোচনার টেবিলে থাকতে চায় লেবানন: মন্ত্রী

    লেবাননের সোশাল অ্যাফেয়ার্স মিনিস্টার হানিন সায়েদ
    ছবির ক্যাপশান, লেবাননের সোশাল অ্যাফেয়ার্স মিনিস্টার হানিন সায়েদ

    লেবাননের সোশাল অ্যাফেয়ার্স মিনিস্টার বিবিসিকে বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য লেবাননের “আলোচনার টেবিলে একটি আসন” থাকাটা জরুরি।

    হানিন সায়েদ বলেন, দেশটি মনে করে, “যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলীতে লেবাননকে অন্তর্ভুক্ত করা হয়েছিল”।

    একইসাথে “কী ধরনের শান্তি ও যুদ্ধবিরতি চুক্তি প্রয়োজন তা নিয়ে লেবানন সরকারের আলোচনা করাটা জরুরি”।

    বুধবার বৈরুতে ইসরায়েলি হামলাকে “গুরুতর লঙ্ঘন” বলে মনে করেন তিনি।

    এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি অভিযোগ পাঠানো হবে বলে জানিয়েছেন লেবানিজ এই মন্ত্রী।

  8. বৈরুতের কিছু অংশ খালি করার নির্দেশ ইসরায়েলের

    লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরের বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল।

    একইসাথে, হেজবুল্লাহর "সামরিক অবকাঠামোতে" আরও হামলা চালানোর পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

    ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র আভিচেই আদরাই ওই এলাকার বাসিন্দাদের বলেছেন, ইসরায়েল "আপনাদের কোনো ক্ষতি করতে চায় না... তাই, আপনাদের নিরাপত্তার কথা ভেবে, আপনাদের অবশ্যই অবিলম্বে সরে যেতে হবে"।

  9. তৃতীয়বারের মতো সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করলো বিরোধী দল

    বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান

    ছবির উৎস, Screen Grab

    ছবির ক্যাপশান, বৃহস্পতিবার আবার সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল জামায়াতে ইসলামী

    ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন থেকে তৃতীয়বারের মতো ওয়াকআউট করেছে বিরোধী দল জামায়াতে ইসলামী।

    বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান এই ঘোষণা দেন বিকেলে।

    বিকেলে ‘স্থানীয় সরকার(পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করা হয়। কণ্ঠভোটে এটি পাস হয়।

    এই বিলের প্রতিক্রিয়ায় ওয়াক আউটের ঘোষণা দেন মি. রহমান।

    এর আগে, এই সংসদ অধিবেশন শুরুর প্রথমদিনে ১২ই মার্চ প্রথমবারের মতো এবং পহেলা এপ্রিল দ্বিতীয়বারের মতো ওয়াকআউট করেছিল বিরোধী দল।

  10. যুদ্ধবিরতির পর থেকে অন্তত নয়টি জাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে

    হরমুজ প্রণালিতে জাহাজ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মঙ্গলবার রাতে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে অন্তত নয়টি জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার তথ্য পাওয়া গেছে

    ইরানি সরকার হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেবে কি না সে বিষয়টি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

    তবে বিবিসি ভেরিফাই এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজের সীমিত চলাচল পর্যবেক্ষণ করেছে।

    মেরিন ট্র্যাফিকের জাহাজ ট্র্যাকিং এর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মঙ্গলবার রাতে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে অন্তত নয়টি জাহাজ এই প্রণালি পার হয়েছে।

    এগুলোর মধ্যে দুইটি তেল ও রাসায়নিক ট্যাংকারও রয়েছে।

    বহুজাতিক সংস্থা জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টারের পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধের আগে প্রতিদিন গড়ে ১৩৮টি জাহাজ এই প্রণালি দিয়ে যাতায়াত করতো।

    সামুদ্রিক নিউজ আউটলেট লয়েডস লিস্টের প্রধান সম্পাদক রিচার্ড মিডের মতে, এই যুদ্ধ জাহাজের আগের চলাচলকে প্রায় স্থবির করে দিয়েছে এবং প্রায় ৮০০টি জাহাজ এই অঞ্চলে আটকা পড়েছে।

  11. ইসরায়েল 'যুদ্ধবিরতি লঙ্ঘন' করছে এবং 'আমাদের আঙুল এখনো ট্রিগারেই আছে'- ইরানের প্রেসিডেন্ট

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

    ছবির উৎস, AA Video/Anadolu via Getty Images

    ছবির ক্যাপশান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

    লেবাননে বুধবার ও বৃহস্পতিবার চালানো ইসরায়েলি হামলাকে “প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন” বলে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

    তিনি বলেন, “ইরান তার লেবানিজ ভাই-বোনদের কখনোই একা ফেলে যাবে না।”

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে মি. পেজেশকিয়ান ইসরায়েলি হামলাকে “প্রতারণা এবং সম্ভাব্য চুক্তিগুলো না মানার একটি বিপজ্জনক লক্ষণ” হিসেবে বর্ণনা করেন।

    “এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে আলোচনা অর্থবহ হবে না” মনে করেন ইরানি প্রেসিডেন্ট। একইসাথে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আমাদের হাত এখনো (বন্দুকের) ট্রিগারেই আছে।”

  12. আলোচনা সফল হওয়ার ব্যাপারে আশাবাদী লন্ডনে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার

    যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত বিষয়গুলো নিয়ে ব্যাপক মতবিরোধ থাকায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যবর্তী এই যুদ্ধবিরতিটি এখন নাজুক অবস্থায় রয়েছে।

    তবে লন্ডনে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ডক্টর মুহাম্মদ ফয়সাল বিবিসিকে বলেছেন, এই সপ্তাহান্তে দুই পক্ষই ইসলামাবাদে আলোচনায় বসবে বলে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী।

    তাদের লক্ষ্য হলো, দুই সপ্তাহের জন্য যুদ্ধ বন্ধের সাময়িক অবস্থাকে একটি স্থায়ী চুক্তিতে রূপ দেওয়া।

    তিনি দাবি করেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও যুদ্ধবিরতি “মোটামুটি ভালোভাবে” কার্যকর হয়েছে।

    এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রেও প্রযোজ্য উল্লেখ করে তিনি বলেন, যদিও ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্র বিষয়টি অস্বীকার করে আসছে।

    পাকিস্তানি এই হাইকমিশনার স্বীকার করেছেন, দুই পক্ষের মধ্যে মতামতের “বিরাট দূরত্ব” রয়েছে।

    আগামী শনিবার প্রতিনিধি দলগুলো সরাসরি মুখোমুখি বসে আলোচনা করবে কি না, সে বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি।

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রকাশ্যে ব্যাপক দূরত্ব থাকলেও এই আলোচনা ফলপ্রসূ হবে বলে আশাবাদী পাকিস্তানি হাইকমিশনার।

    তিনি মনে করেন, যদি তারা ইসলামাবাদে বৈঠকে যোগ দিতে পারে তাহলে তারা কোনো একটি সাধারণ সমাধানে পৌঁছাতে সক্ষম হবেন।

  13. লেবাননে বৃহস্পতিবার শোক দিবস পালন, বৈরুতে ভয়াবহ ইসরায়েলি হামলার ছবি

    গতকাল লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার পর ধ্বংসস্তূপ দেখছেন একজন নাগরিক

    ছবির উৎস, EPA/Shutterstock

    ছবির ক্যাপশান, গতকাল লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার পর ধ্বংসস্তূপ দেখছেন একজন নাগরিক

    গতকাল লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার পর সেখানকার সর্বশেষ কিছু ছবি পেয়েছে বিবিসি।

    লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার দেশজুড়ে চালানো এই হামলায় ২০৩ জন নিহত এবং এক হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।

    ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা হেজবুল্লাহর লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত এমন স্থানে ১০০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে।

    লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই ঘটনাকে একটি “ম্যাসাকার" বা গণহত্যা হিসেবে অ্যাখ্যায়িত করেছেন।

    নিহতদের স্মরণে বৃহস্পতিবার দেশটির সরকার সারা দেশে সরকারি ছুটি এবং শোক দিবস ঘোষণা করেছে।

    গতকাল লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার পর উদ্ধার কার্যক্রম চলছে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, গতকাল লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার পর উদ্ধার কার্যক্রম চলছে
    গতকাল লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার পর ধ্বংসস্তুপের মাঝেই একজন একটি গাড়ির সামনে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইসরায়েলি বাহিনী ১০ মিনিটের মধ্যে ১০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর তথ্য জানিয়েছিল
    ইসরায়েলি হামলার পর উদ্ধার তৎপরতা চলছে লেবাননে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, বুধবার দেশজুড়ে চালানো এই হামলায় ২০৩ জন নিহত এবং এক হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন
  14. ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে তিন হাজারেরও বেশি মানুষ নিহত: ফরেনসিক মেডিসিন সংস্থার প্রধান

    ইরানের ফরেনসিক মেডিসিন সংস্থার প্রধান আব্বাস মাসজেদি আরানি জানিয়েছেন, গত ২৮শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে “তিন হাজারের বেশি” মানুষ নিহত হয়েছেন।

    আব্বাস মাসজেদি বলেন, হামলায় ব্যবহৃত উন্নত সমরাস্ত্রের প্রভাবে নিহতদের মধ্যে প্রায় “৪০ শতাংশের” মরদেহ চেনার উপায় ছিল না।

    তবে এসব ব্যক্তিদের ডিএনএ ও অন্যান্য পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তরের কাজ চালিয়ে যাচ্ছে ফরেনসিক মেডিসিন সংস্থা।

    গত ৭ইএপ্রিল পর্যন্ত, যুক্তরাষ্ট্র-ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানায় যে, অন্তত ২৫৪ জন শিশুসহ এক হাজার ৭০১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

    তারা আরও জানিয়েছে যে, সংঘাত শুরু হওয়ার পর থেকে ১,২২১ জন সামরিক সদস্য নিহত হয়েছেন এবং আরও ৭১৪ জনের মৃত্যুর তথ্য শ্রেণিবিন্যাস করা হয়নি।

  15. শেরপুর-৩ আসনে সংসদ নির্বাচনের ভোট বর্জনের ঘোষণা জামায়াত প্রার্থীর

    ভোট কারচুপিসহ নানা অনিয়মের অভিযোগ এনে শেরপুর-৩ আসনের স্থগিত জাতীয় সংসদ নির্বাচনের ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান।

    বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা করেন তিনি।

    সংবাদ সম্মেলনে তিনি বিভিন্ন ভোট কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন।

    একইসাথে প্রভাব বিস্তার করে জোর করে সিল মারা এবং এই অনিয়মের প্রতিবাদ করলে তার এজেন্টদের মারধরের অভিযোগও করেছেন জামায়াতে ইসলামীর এই প্রার্থী।

  16. লেবাননে হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য: প্রতিরক্ষামন্ত্রী

    যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হেইলি

    ছবির উৎস, PA Media

    ছবির ক্যাপশান, যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হেইলি

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতিকে শক্তিশালী করতে যুক্তরাজ্য “সাধ্যমতো চেষ্টা করবে” বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী জন হেইলি।

    ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে বিবিসির প্রতিরক্ষা সংবাদদাতা জোনাথন বীলের করা প্রশ্ন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই যুদ্ধবিরতি টিকে থাকবে কি না জানতে চাইলে এমন জবাব দেন তিনি।

    তিনি বলেন, “আমরা এই যুদ্ধবিরতিকে স্বাগত জানাই এবং আমরা চাই এটি কার্যকর থাকুক।”

    “আমরা লেবাননে এই উত্তেজনার তীব্র নিন্দা জানাই। আমরা চাই ইসরায়েল-লেবানন সংঘাতকেও এই যুদ্ধবিরতির শর্তাবলীর আওতায় আনা হোক,” বলেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হেইলি।

    ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে বড় আকারের ব্রিটিশ সামরিক বাহিনী মোতায়েন করা “ব্রিটেনের জাতীয় স্বার্থের” অনুকূলে নয় বলেও মন্তব্য করেছেন মি. হেইলি।

    “মধ্যপ্রাচ্যের মতো যখন কোনো সংকট অত্যন্ত বিপজ্জনক ও ভয়াবহ রূপ নেয়, তখন অনেকেই প্রশ্ন তোলেন, কেন সেখানে যুক্তরাজ্যের সামরিক সম্পদ ও সব সদস্যদের মোতায়েন করা হচ্ছে না, আমি তাদের এই প্রশ্ন বুঝতে পারছি,” বলেন তিনি।

    “কিন্তু এটি ব্রিটেনের জাতীয় স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়,” বলেন তিনি।

    যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হেইলি বলেন, “সবচেয়ে বড় হুমকিগুলো প্রায়ই অদেখা এবং নিঃশব্দ হয়।”

  17. যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সৌদি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে টেলিফোনে কথোপকথন

    সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেছেন।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের অ্যাকাউন্টে জানিয়েছে, দুই মন্ত্রী বর্তমান পরিস্থিতির সর্বশেষ অবস্থা নিয়ে পর্যালোচনা করেছেন।

    এছাড়া “এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে উত্তেজনা কমানোর উপায় নিয়েও” তারা আলোচনা করেছেন।

    সাম্প্রতিক যুদ্ধ এবং পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলীয় দেশগুলোতে ইরানের হামলার পর এটিই দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।

  18. আসাম, কেরলা ও পন্ডিচেরিতে বিধানসভা ভোট চলছে

    আসামের একটি ভোটকেন্দ্রের ছবি

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, আসামের একটি ভোটকেন্দ্রের ছবি

    ভারতের দুই রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বৃহস্পতিবার বিধানসভা ভোট চলছে। উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম এবং দক্ষিণ ভারতের কেরলা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরিতে এক দফায় ভোট গ্রহণ চলছে।

    আসামে ১২৬টি আসনে, কেরালায় ১৪০টি আসনে এবং পন্ডিচেরিতে ৩০টি আসনে ভোটগ্রহণ চলছে।

    নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বেলা একটা পর্যন্ত আসামে ভোটের হার ৫৯.৬৩ শতাংশ। কেরালা এবং পন্ডিচেরিতে ভোট পড়েছে যথাক্রমে ৪৯.৭০ শতাংশ ও ৫৬.৮৩ শতাংশ।

    চলতি বিধানসভা ভোট বিজেপির কাছে গুরুত্বপূর্ণ। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছে এই ভোট ক্ষমতায় টিকে থাকার লড়াই।

    আবার পন্ডিচেরিতে এনডিএ জোটের অংশ বিজেপি। মুখ্যমন্ত্রী এন. রঙ্গস্বামীর নেতৃত্বাধীন সর্বভারতীয় এনআর কংগ্রেসের (এআইএনআরসি) সঙ্গে জোটে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে গেরুয়া শিবির।

    কেরলায় মূলত লড়াই বাম নেতৃত্বাধীন এলডিএফ এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ-এর মধ্যে। কেরলায় নিজেদের আসন বাড়াতে মরিয়া বিজেপি।

  19. যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাকিস্তানে বৈঠকের খবর সংক্রান্ত পোস্ট মুছে দিলেন ইরানি রাষ্ট্রদূত

    পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদামের পোস্ট

    ছবির উৎস, @IranAmbPak/X

    ছবির ক্যাপশান, পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদামের পোস্ট

    যুদ্ধ অবসানে আলোচনার জন্য ইরানি একটি প্রতিনিধি দলের বৃহস্পতিবার ইসলামাবাদে রওনা হওয়ার কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া পোস্টটি মুছে ফেলেছেন পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদাম।

    ইরানি রাষ্ট্রদূত তার পোস্টে লিখেছিলেন, এই আলোচনা “ইরানের প্রস্তাবিত ১০টি পয়েন্ট বা দফার” ওপর ভিত্তি করে হবে।

    তবে এই দফাগুলো কী কী, সেটি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মতপার্থক্য রয়েছে।

    তবে কেন রাষ্ট্রদূত তার পোস্টটি মুছে ফেলেছেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি।

    আগামী শনিবার যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

  20. ‘যেখানেই প্রয়োজন’ সেখানেই হেজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখবে ইসরায়েল, নেতানিয়াহুর হুমকি

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, হেজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখার ঘোষণা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও হেজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

    এর আগে, ইসরায়েল জানিয়েছিল, এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

    তবে ইরান বলছে, লেবাননে ইসরায়েলের এই ক্রমাগত হামলা যুদ্ধবিরতি চুক্তির একটি “গুরুতর লঙ্ঘন”।

    নেতানিয়াহু বলেন, “আমাদের বার্তা পরিষ্কার; যারাই ইসরায়েলি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে কাজ করবে, তাদেরই লক্ষ্যবস্তু করা হবে”।

    “যতক্ষণ না আমরা উত্তর ইসরায়েলের বাসিন্দাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পারছি, ততক্ষণ যেখানে প্রয়োজন সেখানেই হেজবুল্লাহর ওপর আমাদের হামলা চলবে,” ঘোষণা করেন নেতানিয়াহু।

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হেজবুল্লাহ মহাসচিব নাঈম কাসেমের ভাতিজা ও সচিব আলি ইউসুফ হারশিকে হত্যার ঘোষণা দেওয়ার পর নেতানিয়াহু এই ঘোষণা দিয়েছেন।

Trending Now