বাংলাদেশের অভিবাসী শ্রমিকদের অন্যতম বড় গন্তব্য মালয়েশিয়ায় যাওয়ার ব্যয় কমিয়ে আনতে বাংলাদেশ সরকারের সাথে একসাথে কাজ করতে সম্মত হয়েছে মালয়েশিয়ার সরকার। একইসঙ্গে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার পুনরায় দ্রুত খুলে দেওয়ার বিষয়েও একমত হয়েছে দুই দেশ।
বৃহস্পতিবার মালয়েশিয়ার পুত্রজায়াতে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিনের সাক্ষাতের পর এক যৌথবিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, শ্রমিকদের ন্যায্য, নৈতিক ও স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দুই দেশ। কাঠামোগত সমস্যার সমাধান করে মধ্যস্বত্বভোগীর সংখ্যা ও অভিবাসন ব্যয় কমানো, বিশ্বস্ত ও যোগ্য নিয়োগ এজেন্সি ব্যবহার এবং আটকে থাকা অবশিষ্ট কর্মীদের দ্রুত নিয়োগে সহায়ক ব্যবস্থা গ্রহণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
মালয়েশিয়া থেকে মাহদী আমিন বিবিসি বাংলাকে জানান, বাংলাদেশি জনশক্তি রপ্তানির ক্ষেত্রে অভিবাসন ব্যয় কমিয়ে আনার বিষয়েই বাংলাদেশ সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।
এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভার শুরুতে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অত্যন্ত সুবিধাজনক সময়ে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
মাহদী আমিন বাংলাদেশ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনোয়ার ইব্রাহিমকে শুভেচ্ছা পৌঁছে দেন এবং তার পক্ষ থেকে একটি চিঠি হস্তান্তর করেন।
এছাড়া, উভয় পক্ষ শ্রম সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা করেছে এবং শ্রমিকদের শোষণ রোধে একটি স্বচ্ছ, পরিচ্ছন্ন ও কার্যকর নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উপায় নিয়েও আলোচনা করা হয়। উভয়পক্ষই পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সম্পৃক্ততা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে।
এছাড়াও জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে শিক্ষক বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতাসহ শিক্ষা খাতে সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা করা হয়।
উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রযাত্রায় সন্তোষ প্রকাশ করেছে এবং বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।