আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

বেসামরিক এলাকাকে লক্ষ্যবস্তু করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, অভিযোগ ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচী অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্ত না হওয়ার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী। এদিকে, বাংলাদেশের খবরের মধ্যে রয়েছে, দেশটির বিএনপি সরকার প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ জন ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে।

সরাসরি কভারেজ

  1. হামলায় ইরানের একটি স্টেডিয়াম ধ্বংস, দাবি আইআরআইবি'র

    ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) জানিয়েছে, তেহরানের একটি ক্রীড়া স্টেডিয়াম হামলায় "ধ্বংস" হয়ে গেছে।

    ধারণা করা হচ্ছে, এটি আজাদি ইনডোর স্টেডিয়াম, যেখানে দাঁড়িয়ে প্রায় ১২ হাজার মানুষ খেলা দেখতে পারেন। এটি দেশের সবচেয়ে বড় ক্রীড়া ভেন্যু আজাদি স্টেডিয়াম কমপ্লেক্সের অংশ।

    ইরানের বার্তা সংস্থা তাসনিম একটি ভিডিও প্রচার করেছে, যেখানে স্টেডিয়ামের ভেঙে পড়া গ্যালারি ও ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে।

    এক পোস্টে আইআরআইবি বলেছে, “স্টেডিয়ামে কোনো পারমাণবিক বোমা বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি হয় না।”

    অন্যদিকে, ইসরায়েলের ফার্সি ভাষার এক্স অ্যাকাউন্ট থেকেও স্টেডিয়ামের ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যায়, স্টেডিয়ামের বাইরে গাড়ি পার্কিং এলাকায় ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে।

    তাদের দাবি, ওই এলাকা ইরানের সরকারি বাহিনী ব্যবহার করছিল।

  2. ইসরায়েলের সতর্কবার্তার পর বৈরুত ছাড়ছেন মানুষ, সড়কে দীর্ঘ যানজট

    ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়তে বলার পর অনেক মানুষ সেখান থেকে চলে যেতে শুরু করেছেন। এতে রাস্তায় দীর্ঘ যানজট দেখা দিয়েছে।

    এর আগে একটি জরুরি সতর্কবার্তায় ইসরায়েলি সেনাবাহিনী বৈরুতের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের “জীবন বাঁচাতে দ্রুত ঘরবাড়ি ছেড়ে চলে যেতে” বলেছে।

    ইসরায়েল এবং ইরানপন্থী লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ার মধ্যেই এই সতর্কতা দেওয়া হয়েছে।

    এর আগের দিন ইসরায়েল দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকার মানুষকে উত্তর দিকে সরে যেতে বলেছিল।

  3. ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান

    বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ইরানের চারটি ড্রোন সীমান্ত অতিক্রম করেছে বলে অভিযোগ করে আজারবাইজান দক্ষিণাঞ্চলের আকাশসীমার একটি অংশ বন্ধ করেছে।

    আজারবাইজান কর্তৃপক্ষের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই আকাশসীমা ১২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে।

    এর আগে আজারবাইজান অভিযোগ করেছিল, ইরান তাদের নাখচিভান অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে।

    তবে ইরান এই অভিযোগ অস্বীকার করেছে এবং সেই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে।

  4. পশ্চিমবঙ্গের রাজ্যপালের হঠাৎ পদত্যাগ

    পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস।

    তাঁর পদত্যাগের পরেই অন্তর্বর্তী রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবিকে।

    দিল্লি থেকে নিজের পদত্যাগপত্র জমা দেন রাজ্যপাল আনন্দ বোস।

    রাজ্যপাল হিসেবে মি. বোস বার বার বিতর্কে জড়িয়েছেন।

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে বার বার সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল তাঁর।

    মি. আনন্দ বোসের পদত্যাগের পরে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, "ওঁর পদত্যাগের কারণ সম্পর্কে আমি এই মুহূর্তে অবগত নই।"

    "কিন্তু বর্তমান পরিস্থিতিতে যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপে (প্রাক্তন) রাজ্যপাল আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক ভূমিকা পালনের জন্য ইস্তফা দিয়ে থাকেন, তাহলে আমি অবাক হব না।"

    পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যপালের পদে এই পরিবর্তনও তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

    এর আগে এম কে স্ট্যালিনের সরকারের সঙ্গে একাধিকবার মতানৈক্য হয়েছে আর এন রবির। এমনকি তাঁর বিরুদ্ধে আদালতে পর্যন্ত যায় তামিলনাড়ু সরকার।

  5. যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্ত না হওয়ার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী

    ইরানে ক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় যুক্ত না হওয়ার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে হামলা চালানোর অনুমতিও দেননি।

    চলমান পরিস্থিতিতে উদ্বিগ্ন মানুষকে আশ্বস্ত করার জন্য আজ এক সংবাদ সম্মেলনে তিনি তার ওই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন।

    সেখানে তিনি বলেন, “আমার লক্ষ্য জাতীয় স্বার্থে শান্ত ও বিচক্ষণ নেতৃত্ব দেওয়া। যত চাপই থাকুক, আমাদের মূল্যবোধ ও নীতির পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর শক্তি থাকতে হবে।”

    এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার না করার ইঙ্গিত দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

    স্টারমার বলেন, ইরান ইস্যুতে যুক্তরাজ্যের দীর্ঘদিনের অবস্থান হলো আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা, যাতে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে।

    তিনি বলেন, “এই কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে, যুক্তরাজ্য প্রথম দফার হামলায় অংশ নেবে না। এটি ভেবে-চিন্তে নেওয়া সিদ্ধান্ত, যা জাতীয় স্বার্থে নেওয়া হয়েছে, এবং আমি এই সিদ্ধান্তে অটল।”

  6. নিস্তব্ধ তেহরানে ভিপিএনের মাধ্যমে যোগাযোগ রাখছেন বন্ধুরা

    এর আগে যিনি তেহরানের জনশূন্য রাস্তাঘাট ও চেকপোস্টের কথা বলেছিলেন, সেই স্থানীয় বাসিন্দার কাছ থেকে আমরা আরও কিছু তথ্য পেয়েছি। নিরাপত্তার কারণে তার নাম প্রকাশ করা হয়নি।

    তিনি জানান, সাধারণত তেহরানের ব্যস্ততম এলাকা ইরানশাহর স্ট্রিটের বেশিরভাগ দোকান এখন বন্ধ।

    “এখানেই আমি বন্ধুদের সঙ্গে দেখা করি,” তিনি বলেন। “এক-দুই সপ্তাহ আমাদের আগেই দেখা হয়েছিল, তবুও এখন মনে হচ্ছে যেন অনেক মাস ধরে কারও সঙ্গে যোগাযোগ নেই।

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় কোন কোন এলাকা লক্ষ্যবস্তু হচ্ছে, সে বিষয়ে তারা নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদান করছেন। এসব তথ্য তারা পেয়েছেন এক বন্ধুর কাছ থেকে, যিনি ভিপিএন ব্যবহার করে ইন্টারনেটে প্রবেশ করতে পারছেন।

    ওই বাসিন্দা বলেন, “এটা অদ্ভুত এক অনুভূতি। কিছুটা মহামারীর সময়ের মতো। সবাই ভয় আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে, সামনে কী হবে কেউ জানে না। তবে ভেতরে ভেতরে সবাই জানে, একসময় না একসময় এই পরিস্থিতি শেষ হবে এবং জীবন আবার স্বাভাবিক হবে।”

    তিনি আরও জানান, রাস্তায় ছবি বা ভিডিও তোলা ঝুঁকিপূর্ণ। তবুও তিনি ইরানশাহর স্ট্রিটের একটি ছবি শেয়ার করেছেন। কয়েক মাস আগে এখানেই একটি রক ব্যান্ড খোলা জায়গায় গান গেয়ে ভাইরাল হয়েছিল। পরে সেই ভিডিও জনপ্রিয় হওয়ার পর সরকার ওই সংগীতশিল্পীদের গান গাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়।

  7. তেহরানের রাস্তা জনশূন্য, বলছেন স্থানীয় বাসিন্দারা

    ইরানে ইন্টারনেট বন্ধ থাকায় দেশের ভেতরের মানুষের সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে। তাই শহরগুলোর বর্তমান পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়াও দুষ্কর।

    তবে জানা যাচ্ছে, রাস্তাঘাট বেশ শান্ত। একই সঙ্গে তেহরান ও ইসফাহানের মতো বড় শহরগুলোয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি অনেক বেশি।

    তেহরানের এক স্থানীয় বাসিন্দা জানান, টানা পাঁচ দিন পর তিনি বাড়ি থেকে বের হয়ে 'নাফত স্ট্রিট'-এর দিকে গিয়েছিলেন। এই সড়কের দুই ধার জুড়ে রয়েছে সারি সারি গাছ। সেই রাস্তা ঘিরে থাকা আবাসিক এলাকাতেই এক্সপিডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের প্রশাসনিক ভবন, যেটিতে সোমবার রাতে হামলা করা হয়েছিল।

    নিরাপত্তার কারণে এখানে তেহরানের ওই বাসিন্দার নাম প্রকাশ করা হচ্ছে না।

    ওই এলাকার আশেপাশে নিরাপত্তা বাহিনী বেশ কয়েকটি চেকপোস্ট বসিয়েছে জানিয়ে তিনি বলেন, সাধারণ সময়ে যানজটের কারণে যে পথ পাড়ি দিতে প্রায় দুই ঘণ্টা লাগতো, এখন সেখানে পৌঁছাতে খুব কম সময় লেগেছে।

    “ভাগ্য ভালো যে তারা আমাকে থামায়নি,” বলেন ওই ব্যক্তি। “সাধারণত চেকপোস্ট দেখলেই আমি চাপ অনুভব করি। যদিও আমার কাছে কখনো এমন কিছু ছিল না বা আমি এমন কিছু করিনি, যার জন্য ভয় পাওয়ার কথা।”

    তিনি আরও বলেন, কাছের ইরানশাহর স্ট্রিটের ক্যাফেগুলোতে সাধারণ সময়ে ভীড় লেগেই থাকে। আর এখন তা পুরোপুরি নির্জন হয়ে আছে।

  8. ‘বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু করছে’ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, দাবি ইরানের

    ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে দেশটির মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, “বিশ্বব্যাপী বাজারে এই হামলার প্রভাব পড়েছে, দাম বেড়েছে জ্বালানির, মুদ্রার বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে এবং বিশ্বজুড়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমেছে।”

    তিনি আরও বলেন, “আমাদের ইরানিদের জন্য এই যুদ্ধের মূল্য পরিমাপের বাইরে, নির্মমভাবে হত্যা করা হচ্ছে আমাদের দেশের মানুষকে। কারণ হামলাকারীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেসামরিক এলাকা এবং এমন সব স্থানকে লক্ষ্যবস্তু বানাচ্ছে, যেখানে সর্বোচ্চ পরিমাণ প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি করা সম্ভব।”

    এদিকে, ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্ষমতা এবং পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতা ধ্বংস করতে চাইছেন।

  9. বৈরুতের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের দ্রুত সরে যেতে বলেছে আইডিএফ

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের যত দ্রুত সম্ভব ঘরবাড়ি ছেড়ে সরে যেতে বলেছে।

    আইডিএফের আরবি ভাষার মুখপাত্র আভিখাই আদরাই বলেন, “অ্যাটেনশন (সতর্কতা), দক্ষিণ দিকে যাওয়া নিষিদ্ধ। দক্ষিণমুখী কোনো চলাচল আপনার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।”

  10. খামেনির মৃত্যুতে শোকপ্রকাশ ভারতের

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে বৃহস্পতিবার শোকপ্রকাশ করেছে ভারত।

    দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে লিখেছেন, “সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ভারতের জনগণ ও সরকারের পক্ষে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ইরান ইসলামিক প্রজাতন্ত্রের দূতাবাসে গিয়ে শোকপুস্তিকায় স্বাক্ষর করেছেন।“

    ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে একান্তে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব, এরকম একটি ছবিও এক্স হ্যান্ডেলে দিয়েছেন মি. জয়সওয়াল।

    বৃহস্পতিবার দুপুরেই ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বলেছেন।

    তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, তা অবশ্য জানান নি মি. জয়শঙ্কর।

    মি. খামেনির মৃত্যু হয়েছে শনিবার ভোরে। তার পাঁচদিনের মাথায় শোক প্রকাশ করল ভারত।

    ভারতের পুরনো মিত্র দেশ ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে নরেন্দ্র মোদীর সরকার কোনো প্রতিক্রিয়া না দেওয়ায় দেশের মধ্যেই সমালোচনা উঠেছিল।

    ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পরে মধ্যপ্রাচ্যের একাধিক রাষ্ট্রপ্রধানের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে কথা বলেছেন। পাশে থাকার বার্তা দিয়েছেন। তবে ইরানে মার্কিন-ইজ়রায়েলি হামলার নিন্দা করে এখনও কোনও বার্তা দেয়নি ভারত সরকার।

  11. মধ্যপ্রাচ্যে যুদ্ধ ষষ্ঠ দিনে গড়ালো, চলছে হামলা-পাল্টা হামলা

    ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ ষষ্ঠ দিনে গড়িয়েছে। হামলা-পাল্টা হামলা অব্যাহত আছে।

    তেহরান, দোহা ও বৈরুতে ক্ষয়ক্ষতির চিত্র ধরা পড়েছে ছবিতে।

  12. খালেদা জিয়াসহ ১৫ জন ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে স্বাধীনতা পুরস্কার

    বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং পাঁচটি প্রতিষ্ঠানকে 'স্বাধীনতা পুরস্কার ২০২৬' দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

    মনোনিত ব্যক্তিরা হলেন– স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের জন্য খালেদা জিয়া (মরণোত্তর); মুক্তিযুদ্ধে অবদানের জন্য মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর); বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের জন্য অধ্যাপক ড. জহুরুল করিম; সাহিত্যে ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর); সংস্কৃতিতে এ কে এম হানিফ (হানিফ সংকেত) ও বশির আহমেদ (মরণোত্তর); ক্রীড়ায় জোবেরা রহমান (লিনু); সমাজসেবা/ জনসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), মো. সাইদুল হক ও মাহেরীন চৌধুরী (মরণোত্তর); জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর); গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক ড. এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া; পরিবেশ সংরক্ষণে আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)।

    প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে– মুক্তিযুদ্ধে অবদানের জন্য ফৌজদারহাট ক্যাডেট কলেজ; চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল; পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ); সমাজসেবা/ জনসেবায় এস ও এস চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ ও গণস্বাস্থ্য কেন্দ্র।

  13. ইরানি ৭০টির বেশি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার তথ্য জানালো বাহরাইন

    গত সপ্তাহ থেকে শুরু হওয়া ইরানি হামলায় এ পর্যন্ত ৭৫টি ক্ষেপণাস্ত্র এবং ১২৩টি ড্রোন ধ্বংস করেছে বাহরাইন।

    বাহরাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইনস্টাগ্রামে এক পোস্টে জানিয়েছে, “ইরানের নির্মম সন্ত্রাসী হামলাকে সফলভাবে প্রতিহত করা হয়েছে”।

    জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বেরিয়ে নাগরিকদের ঘরে থাকতে আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

    বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলাকে “আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন” এবং “আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার” জন্য এক ভয়াবহ হুমকি বলে উল্লেখ করেছে বাহরাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

  14. মধ্যপ্রাচ্যে বিভেদ তৈরি করতেই ইরানে হামলা: রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানকে লক্ষ্যবস্তু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার একটি লক্ষ্য হলো, “মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করা”।

    তিনি আরো জানান, ইউক্রেন সংকট, তথ্য নিরাপত্তা এবং ডিজিটাল হুমকি নিয়ে আয়োজিত রাষ্ট্রদূতদের এক গোলটেবিল বৈঠকে বোঝা গেছে, “ইরানের বিরুদ্ধে অভিযানের প্রকৃত উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্রের নিজের মধ্যেই মতপার্থক্য রয়েছে”।

  15. হরমুজ প্রণালী ‘ইরানের নিয়ন্ত্রণে’- দাবি বিপ্লবী গার্ডের

    ইরানের তাসনিম বার্তা সংস্থা বিপ্লবী গার্ডের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, হরমুজ প্রণালীতে মার্কিন, ইউরোপীয় বা ইসরায়েলি জাহাজ দেখা গেলে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। তারা আরও বলেছে, যুদ্ধকালীন সময়ে নৌযান চলাচল “ইরানের নিয়ন্ত্রণে” থাকবে।

    ইরানের খাতাম আল-আনবিয়া সদর দফতর, যেটি বড় সামরিক অভিযান ও কৌশলগত সমন্বয় পরিচালনার দায়িত্বে রয়েছে, এর উপ-প্রধান ঘোষণা করেছেন যে তারা হরমুজ প্রণালী বন্ধ করেননি এবং আন্তর্জাতিক প্রোটোকল অনুসারে জাহাজগুলোর সঙ্গে আচরণ করছে।

    একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ঘোষিত লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত “যতদিনই যুদ্ধ চলুক না কেন” তার জন্য প্রস্তুত রয়েছে ইরান।

    খাতাম আল-আনবিয়া সদর দফতর আরও সতর্ক করে বলেছে, তাদের ভাষায় “মার্কিন প্রতারণা” অব্যাহত থাকলে অঞ্চলটির সামরিক ও অর্থনৈতিক অবকাঠামোর পতন ঘটতে পারে।

  16. তেহরানের আকাশে ধোঁয়া

    আজ বৃহস্পতিবার সকালে ইরানের রাজধানী তেহরানে তোলা নতুন কিছু ছবি পাওয়া গেছে। সেখানে আকাশে ঘন ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে।

  17. আজারবাইজানেও হামলার অভিযোগ ইরানের বিরুদ্ধে

    আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি ড্রোন হামলায় দেশটিতে দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

    “একটি ড্রোন স্বায়ত্তশাসিত নাখচিবান এলাকার বিমানবন্দরের টার্মিনাল ভবনে সরাসরি হামলা চালায়, অন্য আরেকটি ড্রোন শাকারাবাদ গ্রামের একটি বিদ্যালয়ের ভবনের কাছে পড়েছে” জানিয়েছে মন্ত্রণালয়।

    এই ড্রোন হামলায় বিমান বন্দরের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

    এই ঘটনায় আজারবাইজানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটি।

    “ইরানি পক্ষকে তীব্র প্রতিবাদ জানানো হবে এবং এ বিষয়ে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র পেশ করা হবে” বলেছে আজারবাইজান।

  18. বাহরাইনে বিস্ফোরণের খবর পাওয়া গেছে

    বাহরাইনের মানামায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

    ওই শহরে থাকা বার্তা সংস্থা এএফপির একজন প্রতিবেদক এই তথ্য জানিয়েছেন।

    এর আগে, বৃহস্পতিবার সকালে কাতারের দোহায়ও ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছিল।

    গত শনিবার থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলার শুরুর পর থেকে প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে ইরান উপসাগরীয় দেশগুলোতে হামলা চালাচ্ছে।

  19. পারস্য উপসাগরে মার্কিন ট্যাংকারে হামলার দাবি ইরানের

    ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, আজ সকালে পারস্য উপসাগরে তাদের নৌবাহিনীর যোদ্ধারা একটি মার্কিন ট্যাংকারে হামলা করেছে।

    ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের এক বিবৃতি যেটি রাষ্ট্রীয় টেলিভিশনে পড়ে শোনানো হয়, এতে বলা হয়েছে, “পারস্য উপসাগরের উত্তরে জাহাজটিতে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এবং বর্তমানে এটিতে আগুন জ্বলছে।”

    আইআরজিসি জানিয়েছে, উপসাগর থেকে ভারত মহাসাগরের মধ্যবর্তী হরমুজ প্রণালীর উপর তাদের “পূর্ণ নিয়ন্ত্রণ” রয়েছে।

    ঘটনাটি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অর্গানাইজেশন (এমটিও) এর আগে জানিয়েছে, আজ সকালে কুয়েতের উপকূলে, উত্তর উপসাগরে একটি ট্যাংকারে হামলা করা হয়েছে।

    এতে বলা হয়েছে, নোঙর করা একটি ট্যাংকারে একটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরে দেখা গেছে একটি ছোট জাহাজ ওই এলাকা ছেড়ে চলে গেছে।

    “একটি কার্গো ট্যাংক থেকে পানিতে তেল আসছে যা পরিবেশগত প্রভাব ফেলতে পারে। তবে অগ্নিকাণ্ডের কোনো খবর পাওয়া যায়নি এবং ক্রুরা নিরাপদ এবং সুস্থ আছেন।”

  20. ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধের মাশুল গুনতে হচ্ছে সপ্তাহে নয় বিলিয়ন শেকেল

    ইসরায়েলি অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের ফলে দেশটির সাপ্তাহিক অর্থনেতিক ক্ষতির পরিমাণ নয় বিলিয়ন সেকেল।

    বর্তমানে ইসরায়েলে ‘রেড লেভেল’ বা সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এর ফলে কর্মক্ষেত্রে যাতায়াত সীমিত করা হয়েছে এবং স্কুল- কলেজ বন্ধ রাখা হয়েছে।

    তবে বৃহস্পতিবার থেকে ইসরায়েল কিছু ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছে।

    যদি বিধিনিষেধ ‘রেড লেভেল’ থেকে কমিয়ে ‘অরেঞ্জ লেভেল’ এ আনা হয় তাহলে সাপ্তাহিক অর্থনৈতিক ক্ষতি চার দশমিক তিন বিলিয়ন শেকেলে নেমে আসবে।

    কারণ ‘অরেঞ্জ লেভেল’ এ ‘রেড লেভেল’ এর তুলনায় কর্মক্ষেত্রে ক্ষতির পরিমাণ কম।

    প্রসঙ্গত, এক মার্কিন ডলার সমান তিন শেকেলের কিছু বেশি।

Trending Now