লাইভ, ইরানের নতুন নেতা বেঁচে আছেন, তবে ‘গুরুতর আহত’: ট্রাম্প

ইরানের রাজধানী তেহরানে আবার হামলা চালাচ্ছে ইসরায়েল। এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে বিদেশে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

  1. বিধ্বস্ত মার্কিন জ্বালানিবাহী বিমানের চার ক্রু সদস্য নিহত

    তেল আবিবের কাছে বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান বাহিনীর বোয়িং কেসি-১৩৫ বিমান

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, তেল আবিবের কাছে বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান বাহিনীর বোয়িং কেসি-১৩৫ বিমান

    পশ্চিম ইরাকে একটি মার্কিন জ্বালানিবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় চারজন ক্রু সদস্যের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। বিমানটিতে ছয়জন ক্রু সদস্য ছিল বলেও জানানো হয়েছে।

    মার্কিন সেনাবাহিনী বলছে, 'প্রতিকূল পরিবেশ বা শত্রুর গোলাগুলির কারণে নয়', এটি একটি মারাত্মক দুর্ঘটনা।

    শুক্রবার সকালে এক্স-এ প্রকাশিত এক পোস্টে, মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম জানিয়েছে যে, "বিমানে থাকা ছয়জন ক্রু সদস্যের মধ্যে চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।"

    সেন্টকম বলছে, পরিস্থিতি তদন্ত করা হচ্ছে এবং "বিমানের ক্ষতি শত্রুপক্ষের গুলির কারণে হয়নি।"

    বৃহস্পতিবার সন্ধ্যায় কেসি-১৩৫ জ্বালানিবাহী বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর জানায় সেন্টকম। এছাড়া এই ঘটনার সময় কাছেই থাকা অন্য বিমানটি নিরাপদে অবতরণ করেছে বলেও জানানো হয়।

  2. হামলায় ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ করলে সাজা দেবে সংযুক্ত আরব আমিরাত

    গত ১২ই মার্চ ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত দুবাইয়ের একটি ভবন

    ছবির উৎস, Shutterstock

    ছবির ক্যাপশান, গত ১২ই মার্চ ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত দুবাইয়ের একটি ভবন

    ইরানের হামলায় ক্ষয়ক্ষতি বা অন্যান্য ঘটনার ছবি প্রকাশ করলে "জরিমানা, কারাদণ্ড এবং নির্বাসন" দেওয়া হতে পারে বলে সতর্ক করেছে সংযুক্ত আরব আমিরাত।

    সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্টে নিজ দেশের নাগরিকদের এ বিষয়ে সতর্ক করেছে ইরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাস।

    ব্রিটিশ দূতাবাস জানিয়েছে, "সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ঘটনাস্থল বা প্রজেক্টাইলের ক্ষতির পাশাপাশি সরকারি ভবন এবং কূটনৈতিক মিশনের ছবি তোলা, পোস্ট করা বা শেয়ার করার বিরুদ্ধে সতর্ক করেছে"।

    দূতাবাস সতর্ক করে দিয়েছে যে, ব্রিটিশ নাগরিকরা সংযুক্ত আরব আমিরাতের আইনের আওতাধীন, এবং "লঙ্ঘনের ফলে জরিমানা, কারাদণ্ড বা নির্বাসন হতে পারে।"

    সম্প্রতি শহরের উপর দিয়ে যাওয়া ইরানি ক্ষেপণাস্ত্রের ছবি তোলার অভিযোগে দুবাইতে ৬০ বছর বয়সী এক ব্রিটিশ ব্যক্তির বিরুদ্ধে সাইবার-অপরাধ আইনে অভিযোগ আনা হয়েছে বলেও জানা গেছে।

  3. দুই দফায় হামলা থেকে বেঁচে গেছেন মোজতবা খামেনি, দাবি ইরানের এমপি'র

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ছবির উৎস, Tasnim News Agency

    ছবির ক্যাপশান, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের এক সংসদ সদস্য দাবি করেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এখন পর্যন্ত দুই দফায় হামলা থেকে বেঁচে গেছেন।

    রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে উদ্ধৃত করে জানানো হয়, ইরানের জাহরমের সংসদ সদস্য মোহাম্মদ রেজা রেজাই কোচি বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনে হামলার সময় নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবার সাথেই ছিলেন। তবে তিনি হত্যাচেষ্টা থেকে বেঁচে যান।

    মি. কোচি আরও বলেন, নতুন নেতা যে হাসপাতালে ছিলেন, সেখানেও হামলা চালানো হয়েছিলো। কিন্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এতে সফল হতে পারেনি।

    তবে ইরানি এমপি সেই হাসপাতালের নাম বলেননি, এমনকি হাসপাতালের স্থান নিয়েও কোনো আভাস দেননি।

  4. ইসরায়েলের নাজারেথে ইরানি হামলার পর ক্ষতির চিত্র

    আজ শুক্রবার ভোরের দিকে ইসরায়েলের নাজারেথের কাছে জারজির শহরে হামলার খবর পাওয়া গেছে।

    সে সময় জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডাম জানিয়েছিল, কয়েক ডজন মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে।

    প্রকাশিত ছবিগুলোতে দেখা যাচ্ছে, ওই এলাকার একটি প্রায় ধ্বংস হয়ে যাওয়া বাড়ি পরিদর্শন করছেন জরুরি সেবাকর্মীরা।

    ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের জারজিরে নিজের বাড়ি থেকে জিনিসপত্র সংগ্রহ করছেন এক ব্যক্তি।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইরান ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের জারজিরে নিজের বাড়ি থেকে জিনিসপত্র সংগ্রহ করছেন এক ব্যক্তি
    নাজারেথের কাছে জারজিরে ধ্বংস হয়ে যাওয়া একটি বাড়ি পরিদর্শন করছেন এক জরুরি সেবাকর্মী।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, নাজারেথের কাছে জারজিরে ধ্বংস হয়ে যাওয়া একটি বাড়ি পরিদর্শন করছেন এক জরুরি সেবাকর্মী
    হামলায় ক্ষতিগ্রস্ত একটি বাড়ির ভাঙ্গা দেয়াল ঘেঁষে হাসিমুখে দাঁড়িয়ে আছেন একজন ব্যক্তি।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িটির পুরো দেয়াল ধসে পড়েছে
  5. মির্জা আব্বাস গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে, বিদেশে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে

    মির্জা আব্বাস, ফাইল ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মির্জা আব্বাস, ফাইল ছবি

    বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস গুরুতর অসুস্থ হয়ে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

    জানা গেছে, গত ১১ই মার্চ তিনি ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাকে হাসপাতালে নেওয়া হয়।

    বিএনপি’র প্রেস উইং বিবিসি বাংলাকে জানিয়েছে, তাকে দেখতে আজ তারেক রহমান হাসপাতালে যাবেন।

    এছাড়া, মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হবে কি না, তা নিয়েও পরিবার ও দলের মাঝে আলাপ-আলোচনা চলছে।

  6. ইরানের নতুন নেতা বেঁচে আছেন, তবে ‘গুরুতর আহত’: ট্রাম্প

    ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হামলার প্রথমদিনই আহত হয়েছিলেন।

    “আমার মনে হয়, সেটাই হয়েছে। আমার ধারণা তিনি আহত, কিন্তু কোনোভাবে তিনি এখনো বেঁচে আছেন,” বলেন তিনি।

    ইরানের নতুন নেতার লিখিত বার্তা প্রকাশের পর এটিই এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের প্রথম প্রতিক্রিয়া।

    সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালেও ট্রাম্প একটি পোস্টে লিখেছেন। সেখানে তিনি বলেছেন, “আমরা সামরিক, অর্থনৈতিকসহ সব দিক দিয়ে ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেব।”

    তিনি নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের সমালোচনা করে বলেন, "ইরানের নৌবাহিনী শেষ। বিমানবাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে। তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন, সবকিছু ধ্বংস করা হচ্ছে। এমনকি তাদের নেতাদেরও আর দেখা যাচ্ছে না।”

    ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, “আমাদের কাছে অতুলনীয় সামরিক শক্তি, সীমাহীন গোলাবারুদ এবং পর্যাপ্ত সময় রয়েছে।”

    “তারা গত ৪৭ বছর ধরে সারা বিশ্বে নিরীহ মানুষ হত্যা করে আসছে। আর এখন আমি, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে, তাদের হত্যা করছি। এটি করতে পারা আমার জন্য বড় সম্মানের,” লিখেছেন ট্রাম্প।

    উল্লেখ্য, গত সোমবার মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করা হয়।

    তবে এই ঘোষণা এমন সময়ে আসে, যখন তার সুস্থতা নিয়ে নানা খবর গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছে।

    এর আগে সাইপ্রাসে ইরানের রাষ্ট্রদূত আলিরেজা সালারিয়ান ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানকে বলেছেন, তিনি শুনেছেন যে মোজতবা খামেনির হাত, পা ও বাহুতে আঘাত লেগেছে এবং আহত অবস্থায় তিনি হাসপাতালে থাকতে পারেন। এমন অবস্থায় কোনো বক্তব্য দেওয়া তার জন্য স্বাচ্ছন্দ্যের নয়।

  7. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, "স্কুলের শিশুসহ শহীদ সকল শিশুদের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য ইরানের এখনো হরমুজ প্রণালী বন্ধ রাখার কৌশল অবলম্বন করা উচিত”। বার্তাটি ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের একজন উপস্থাপক পাঠ করেছেন।
    • ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বক্তব্য যখন প্রচার হচ্ছিল, ঠিক সেই একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বক্তব্য দিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে তিনি লিখেছেন, "যুক্তরাষ্ট্র এখন বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ, তাই তেলের দাম যখন বাড়ে, আমরা তখন অনেক টাকা আয় করি"।
    • বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতির ভাষণকে ঘিরে সংসদে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াক আউট করেন।
    • ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের ১৩তম দিনেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র হামলা-বিস্ফোরণের খবর পাওয়া যায়। সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত হামলা প্রতিহত করার তথ্যও জানিয়েছে।
    • থাইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজ হরমুজ প্রণালীতে হামলার শিকার হওয়ার পর দেশটির সরকার ইরানের কাছে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা দাবি করেছে।
    • ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ বলছে, তারা “গত কয়েক দিনে” তেহরান অভিযানের মধ্যে একটি “পারমাণবিক অস্ত্র উন্নয়ন কম্পাউন্ডে” হামলা করেছে।
    • ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম আবার প্রতি ব্যারেলে ১০০ ডলারে পৌঁছায়।
    • মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকে ওই অঞ্চলজুড়ে এক হাজার ১০০-এরও বেশি শিশু নিহত বা আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
  8. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে

Trending Now