আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ট্রাম্পের হুঁশিয়ারি, ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তি না করলে 'জাহান্নাম নেমে আসবে' ইরানে

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হয় কোনো "চুক্তি" অথবা 'হরমুজ প্রণালি' উন্মুক্ত না করলে ইরানের ওপর "জাহান্নাম নেমে আসবে" বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, ঢাকার কেরাণীগঞ্জে একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় লাগা আগুনে পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সরাসরি কভারেজ

  1. শনিবার সারাদিন যা যা হলো

    • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো "চুক্তি" না করলে অথবা হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের ওপর "দোজখের আগুন" নামিয়ে আনা হবে।
    • ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড দাবি করেছে যে, শুক্রবার দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার পেছনে তাদের অত্যাধুনিক ও নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করেছে। এছঅড়া, দেশের পাহাড়ি অঞ্চলে বসবাসকারী দুটি যাযাবর গোষ্ঠী দুইটি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টারে হামলা চালিয়েছে বলেও ইরান দাবি করেছে।
    • ইরান বলছে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে হামলা হয়েছে। এই হামলার পর রাশিয়া সেখানে কর্মরত ১৯৮ জন কর্মীকে সরিয়ে নেওয়া শুরু করেছে বলে খবর পাওয়া গেছে।
    • সরকার গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে- এমন অভিযোগ তুলে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্য।
    • জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালি সংক্রান্ত একটি প্রস্তাবের ওপর যে ভোট হওয়ার কথা ছিল, তা আপাতত স্থগিত করা হয়েছে।
    • ইরানের দক্ষিণাঞ্চলীয় কোহগিলুইয়েহ ও বোয়ের-আহমাদ প্রদেশে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি’র একটি উপ-ইউনিট এবং একই প্রদেশের গভর্নর—উভয়েই যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্রু সদস্যকে গ্রেফতার করার খবর অস্বীকার করেছেন।
    • গুলি করে ভূপাতিত করা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের ক্রু সদস্যকে আটক করতে পারা ইরানের জন্য ‘বড় পুরস্কার’ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন একজন বিশেষজ্ঞ।
    • ঢাকার কেরাণীগঞ্জে একটি গ্যাস লাইটার তৈরির কারখানা অগ্নিকাণ্ডের পর পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। কারখানাটিতে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল না বলেও জানানো হয়েছে।
    • মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রকাশিত তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৩৬৫ জন মার্কিনি সেনা অভিযানে আহত হয়েছেন।
    • ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের মাহশাহর পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বড় ধরনের হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নরের নিরাপত্তা বিষয়ক উপ-প্রধান ওয়ালিউল্লাহ হায়াতি।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. ইরান বলছে যাযাবর গোষ্ঠী দুটি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টারে গুলি চালিয়েছে, ঘোনচেহ হাবিবিয়াজাদ, সিনিয়র রিপোর্টার, বিবিসি ফার্সি

    ইরান বলছে, দেশের পাহাড়ি অঞ্চলে বসবাসকারী দুটি যাযাবর গোষ্ঠী দুইটি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টারে হামলা চালিয়েছে।

    এক বিবৃতিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, “কোহগিলুইয়েহ ওবোয়ের-আহমাদ প্রদেশের যাযাবররা এবং বাখতিয়ারিরা” ইরানের সশস্ত্র বাহিনীর উপস্থিতি থেকে বহু দূরের দুর্গম পাহাড়ি অঞ্চলে “দুইটি ব্ল্যাক হক হেলিকপ্টার সফলভাবে আঘাত করেছে”।

    বিবিসি মন্তব্যের জন্য যুক্তরাষ্ট্রের সেন্টকমের সাথে যোগাযোগ করেছে।

    যাযাবর জনগোষ্ঠী এবং বাখতিয়ারিরা ঐতিহ্যগতভাবে ইরানের উপজাতীয় জনগণ হিসেবে পরিচিত—কঠোর, মৌসুমি স্থানান্তরের জন্য তাদের খ্যাতি রয়েছে। পাহাড়ি দুর্গম এলাকায় বন্য প্রাণী এবং চুরি থেকে তাদের পশুপাল ও ক্যাম্প রক্ষার জন্য তারা সাধারণত রাইফেল বহন করে থাকে।

    বিবিসি ভেরিফাই শুক্রবারের একটি ভিডিও নিশ্চিত করেছে, যেখানে দেখা যায় অন্তত তিনজন সশস্ত্র ব্যক্তি দুইটি ব্ল্যাক হক হেলিকপ্টারের দিকে গুলি চালাচ্ছেন বলে মনে হয়।

    বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক সহযোগী সিবিএস জানিয়েছে, এফ-১৫ই জেট থেকে উদ্ধার করা পাইলটকে বহনকারী একটি হেলিকপ্টার ছোট অস্ত্রের গুলিতে ক্ষতিগ্রস্ত হয়, ফলে ক্রু সদস্যরা আহত হন, তবে হেলিকপ্টারটি নিরাপদে অবতরণ করে।

    কোহগিলুইয়েহ ও বোয়ের–আহমাদ প্রদেশের উপ-গভর্নরও বলেছেন, শুক্রবার স্থানীয় মানুষজন “শত্রু হেলিকপ্টারগুলোর” দিকে রাইফেল দিয়ে গুলি চালায়, যা “তাদেরকে প্রদেশের কোথাও অবতরণ করতে বাধা দেয়”।

  3. বিমান হামলায় ক্ষতিগ্রস্ত তেহরান বিশ্ববিদ্যালয়ের ছবি প্রকাশ

    ইরান থেকে পাওয়া নতুন কিছু ছবিতে গত শুক্রবার তেহরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ে চালানো বিমান হামলার ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে।

    প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার সকালেই ইরানের বিজ্ঞানমন্ত্রী হোসেইন সিমাই সারাফ ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয় এলাকাটি পরিদর্শন করেছেন।

    প্রকাশিত ছবিগুলোতে দেখা যাচ্ছে, হামলার ফলে শিক্ষা প্রতিষ্ঠানটির স্থাপনাগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

  4. ইরানের পারমাণবিক স্থাপনায় কর্মরত ১৯৮ জন কর্মীকে সরিয়ে নিচ্ছে রাশিয়া

    ইরান বলছে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে হামলা হয়েছে।এই হামলার পর রাশিয়া সেখানে কর্মরত ১৯৮ জন কর্মীকে সরিয়ে নেওয়া শুরু করেছে বলে খবর পাওয়া গেছে।

    শনিবার সকালে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় যে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এলাকা হামলার শিকার হয়েছে এবং সেখানে একজন কর্মী নিহত হয়েছে।

    প্রাথমিক তদন্তে এই ঘটনায় বিদ্যুৎকেন্দ্রের মূল অংশগুলোর “ক্ষতি হয়নি” বলে জানিয়েছে ইরানের আণবিক শক্তি সংস্থা।

    আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা – বৈশ্বিক পারমাণবিক তদারকি প্রতিষ্ঠান – বলছে “তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধি পাওয়ার কোনো খবর পাওয়া যায়নি”।

    তবে রুশ রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাস-এর তথ্য অনুযায়ী, রুশ পারমাণবিক শক্তি কোম্পানি রোসআতোম বিদ্যুৎকেন্দ্র থেকে তাদের ১৯৮ কর্মীকে সরিয়ে নিচ্ছে।

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পারমাণবিক স্থাপনায় হামলার সমালোচনা করে বলেছেন, “তেহরানে নয়”, বরং তেজস্ক্রিয়তার ছড়িয়ে পড়া উপসাগরীয় দেশগুলোর রাজধানীতে “জীবন শেষ করে দেবে”।

    একটু আগে ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশালে লিখেছেন যে যুক্তরাষ্ট্র “একটি পারমাণবিক ইরানকে নির্মূল করছে”।

  5. ইরানকে একের পর এক আলটিমেটাম দিয়েছেন ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছেন যে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো "চুক্তি" না করলে অথবা হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের ওপর "দোজখের আগুন" নামিয়ে আনা হবে।

    এই যুদ্ধ চলাকালীন ট্রাম্প এর আগেও বেশ কয়েকবার সময়সীমা নির্ধারণ করে দিয়েছিলেন। গত ২৭শে মার্চ জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ রাখার যে ১০ দিনের ঘোষণা তিনি দিয়েছিলেন, আজকের এই ৪৮ ঘণ্টার আল্টিমেটাম মূলত সেই সময়সীমারই চূড়ান্ত পর্যায়।

    ২১শে মার্চ ট্রাম্প ঘোষণা করেন যে, ইরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে না দেয়, তবে তিনি দেশটির বড় বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে শুরু করে বিভিন্ন স্থাপনা "নিশ্চিহ্ন" করে দেবেন।

    ২৩শে মার্চ তিনি সুর কিছুটা নরম করে জানান যে, দুই দেশের মধ্যে "খুব ভালো এবং ফলপ্রসূ আলোচনা" হয়েছে। সেই প্রেক্ষাপটে তিনি জ্বালানি অবকাঠামোতে যেকোনো ধরণের সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করার ঘোষণা দেন।

    এরপর ২৭শে মার্চ ট্রাম্প দাবি করেন যে, ইরান সরকারের অনুরোধের প্রেক্ষিতে তিনি তাদের জ্বালানি কেন্দ্রগুলোতে হামলা আরও ১০ দিনের জন্য স্থগিত রাখছেন। এই ঘোষণার ফলে নতুন সময়সীমা নির্ধারিত হয় ছয়ই এপ্রিল পর্যন্ত।

    চৌঠা এপ্রিল ট্রাম্প তার সবশেষ দেওয়া সময়সীমারই পুনরাবৃত্তি করলেন। তিনি সাফ জানিয়ে দিলেন যে, ইরানের হাতে আর মাত্র ৪৮ ঘণ্টা সময় আছে, এরপরই তাদের ওপর "ভয়াবহ ধ্বংসযজ্ঞ" বা "জাহান্নাম" নেমে আসবে।

  6. নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

    ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড দাবি করেছে যে, শুক্রবার দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার পেছনে তাদের অত্যাধুনিক ও নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করেছে।

    ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এই তথ্য নিশ্চিত করেছে।

    ইরান দাবি করেছে যে তারা শুক্রবার দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যার একটি ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আকাশে উড়তে থাকা এফ-১৫ই। আর দ্বিতীয়টি এ-১০ ওয়ারথগ, যা প্রথম বিমানের ক্রুদের উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল।

    ইরনার প্রতিবেদন অনুযায়ী, সামরিক মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি বলেছেন, শুক্রবারের এই ঘটনা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য একটি "চরম অপমান"।

    তিনি এই সফলতার কৃতিত্ব দিয়েছেন ইরানের সম্পূর্ণ "নিজস্ব প্রযুক্তিতে তৈরি" নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে।

    জুলফিকারি আরও যোগ করেন যে, এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এখন "একের পর এক" মোতায়েন করা হচ্ছে। যার ফলে ইরান অচিরেই "দেশের আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করবে"।

    যদিও এখন পর্যন্ত বিমান ভূপাতিত হওয়ার বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম।

  7. ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তি করতে ট্রাম্পের হুঁশিয়ারি

    আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হয় কোনো "চুক্তি" করতে হবে, অথবা 'হরমুজ প্রণালি' উন্মুক্ত করে দিতে হবে; অন্যথায় ইরানের ওপর "জাহান্নাম নেমে আসবে" বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে লিখেছেন, "মনে আছে, আমি ইরানকে একটি চুক্তি করার জন্য অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ১০ দিন সময় দিয়েছিলাম? সময় শেষ হয়ে আসছে।"

    তিনি আরও যোগ করেন, "আর মাত্র ৪৮ ঘণ্টা, এরপরই তাদের ওপর দোজখের আগুন নেমে আসবে। প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প।"

    এই পোস্টের কিছুক্ষণ আগে দেওয়া অন্য একটি বার্তায় মার্কিন অর্থনীতিতে শুল্ক আরোপের সুফল নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

    যেখানে ট্রাম্প দাবি করেন যে, একটি "পারমাণবিক শক্তিহীন ইরান" গড়ে তোলার লক্ষ্যে তিনি কাজ করছেন।

  8. গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

    সরকার গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে- এমন অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্য।

    এর মধ্য দিয়ে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো রাজপথের কর্মসূচি পালন করলো সংসদের বিরোধী দল।

    শনিবার বিকেলে ঢাকার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    বিকেল সোয়া পাঁচটায় কর্মসূচি শুরুর আগে থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ব্যানার ও ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।

    পরে সমাবেশে বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যের নেতারা। যেখানে সংবিধান সংস্কারের মাধ্যমে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।

    জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি-র সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেন, ভোটের পর বিএনপি জনগণের রায়কে উপেক্ষা করছে।

    তিনি বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করা বৈধ আর জনগণের ভোটে সংস্কার হবে সেটাকে বলে অবৈধ, এমন দ্বিচারিতা বাংলাদেশের মানুষ সহ্য করবে না”।

    বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, গণভোটকে অবজ্ঞা করে জাতীকে অপমান করেছে বিএনপি।

    সরকার জনস্বার্থের বাইরে গেলে রাজপথ এবং সংসদ সব জায়গাতেই প্রতিবাদ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

  9. হরমুজ প্রণালি নিয়ে নিরাপত্তা পরিষদের ভোট আজও হচ্ছে না

    জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালি সংক্রান্ত একটি প্রস্তাবের ওপর যে ভোটাভুটি হওয়ার কথা ছিল, তা আপাতত স্থগিত করা হয়েছে।

    জাতিসংঘের একজন কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন যে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী শনিবার এই ভোট হচ্ছে না।

    এই ভোটাভুটির জন্য নতুন কোনো তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

    জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি দেশ বাহরাইন এই প্রস্তাবটি উত্থাপন করেছে।

    যেখানে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে নৌযান চলাচল নিরাপদ রাখতে সদস্য রাষ্ট্রগুলোকে "প্রয়োজনীয় এবং পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ সকল প্রতিরক্ষামূলক ব্যবস্থা" গ্রহণের অনুমতি দেওয়া হোক। যার মেয়াদ প্রাথমিকভাবে অন্তত ছয় মাস স্থায়ী হবে।

    এর আগে শুক্রবার জাতিসংঘের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছিলেন যে, তেসরা এপ্রিলের নির্ধারিত ভোটটি সদস্যদের সিদ্ধান্তে পিছিয়ে চৌঠা এপ্রিল পুনর্নির্ধারণ করা হয়েছিল।

  10. যুদ্ধে এখন পর্যন্ত ৪৫০টিরও বেশি ড্রোন ভূপাতিত করার দাবি বাহরাইনের

    সংযুক্ত আরব আমিরাতের পর এবার বাহরাইনও বর্তমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কতগুলো বিমান হামলা প্রতিহত করেছে, তার একটি পরিসংখ্যান প্রকাশ করেছে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বাহরাইন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এখন পর্যন্ত ইরান থেকে ছোড়া ৪৫৩টি অ্যাটাক ড্রোন এবং ১৮৮টি ক্ষেপণাস্ত্র সফলভাবে "প্রতিহত ও ধ্বংস" করেছে।

  11. আরও ২৩টি ক্ষেপণাস্ত্র ও ৫৬টি ড্রোন ভূপাতিত করার দাবি সংযুক্ত আরব আমিরাতের

    সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের নিয়মিত আপডেটে জানিয়েছে যে, চৌঠা এপ্রিল ইরান থেকে আসা ২৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৫৬টি ড্রোন সফলভাবে প্রতিহত করেছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা।

    সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, বর্তমান সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত তারা সর্বমোট ৪৯৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ২৩টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দুই হাজার ১৪১টি ড্রোন ভূপাতিত করেছে।

    কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে সশস্ত্র বাহিনীর দুইজন সদস্য এবং আরও ১০ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

    এছাড়া এখন পর্যন্ত মোট ২১৭ জন মানুষ আহত হওয়ার খবরও জানানো হয়েছে।

  12. কেরাণীগঞ্জে পুড়ে যাওয়া কারখানায় আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস

    কেরাণীগঞ্জের কদমতলীতে অগ্নিকাণ্ডের শিকার গ্যাস লাইটার তৈরির কারখানাটিতে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

    শনিবার বিকেলে আগুণ পুরোপুরি নিয়ন্ত্রণের পর গণমাধ্যমকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, পুড়ে যাওয়া কারখানা থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা গেলেও তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

    নিহত পাঁচজনই কারখানাটিতে কর্মরত ছিল বলেই প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। তাদের মধ্যে কোনো নারী বা শিশু রয়েছেন কি না সেটি নিশ্চিত হওয়া যায়নি।

    ফায়ার সার্ভিস বলছে, গ্যাস লাইটার তৈরির কারখানায় মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করেছিল। এই দুর্ঘটনায় কারখানাটির মালিকপক্ষের গাফিলতি ছিল বলেও মনে করে ফায়ার সার্ভিস।

    শনিবার বেলা সোয়া একটার দিকে আগুনের খবর পেয়ে দুর্ঘটনাস্থল কেরাণীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় যায় ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন দল। সাতটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানানো হয়েছে।

  13. যুক্তরাষ্ট্রের ক্রু সদস্যকে গ্রেফতারের খবর অস্বীকার করল ইরান, পাইলট উদ্ধারের তথ্যও নাকচ, ঘোনচেহ হাবিবিয়াজাদ, সিনিয়র রিপোর্টার, বিবিসি পার্সিয়ান

    ইরানের দক্ষিণাঞ্চলীয় কোহগিলুইয়েহ ও বোয়ের-আহমাদ প্রদেশে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি’র একটি উপ-ইউনিট এবং একই প্রদেশের গভর্নর—উভয়েই যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্রু সদস্যকে গ্রেফতার করার খবর অস্বীকার করেছেন।

    এছাড়া, প্রথম পাইলটকে যুক্তরাষ্ট্র উদ্ধার করেছে—এই দাবিও অস্বীকার করেছেন গভর্নর এবং একে তিনি “শত্রুর কৌশল” বলে অভিহিত করেছেন।

    ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত চ্যানেলগুলো নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা “পাইলটকে জীবিত ধরে” এবং এর জন্য পুরস্কারও ঘোষণা করেছে।

    ইরানি গণমাধ্যম প্রায় ৫০,০০০ পাউন্ড (৬৬,১০০ ডলার) পর্যন্ত পুরস্কারের খবর প্রকাশ করেছে—যা দেশের আনুমানিক মাসিক আয়ের সীমা ১৫০ থেকে ২৩৩ পাউন্ডের তুলনায় অত্যন্ত বেশি।

  14. সামরিক অভিযানে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান আইএইএ’র

    আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ জানিয়েছে যে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি এক হামলার খবর তারা পেয়েছে এবং এ ঘটনায় তারা “গভীর উদ্বেগ” প্রকাশ করেছে।

    এক্স সামাজিক যোগাযোগমাধ্যমে সংস্থাটি লিখেছে, “তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধির কোনো খবর পাওয়া যায়নি”।

    আইএইএ আরও জানিয়েছে যে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও এর আশপাশের এলাকা “কখনও আক্রমণের লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়”। তারা পারমাণবিক দুর্ঘটনা রোধে সামরিক অভিযানে “সর্বোচ্চ সংযম” প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

  15. হামলার কারণে তেজস্ক্রিয় বিকিরণ উপসাগরীয় দেশগুলোতে 'জীবন ধ্বংস করবে': ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

    সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, "ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে সংঘাত নিয়ে পশ্চিমাদের সেই ক্ষোভের কথা মনে আছে? ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত আমাদের বুশেহর কেন্দ্রে চারবার বোমা হামলা চালিয়েছে।"

    আরাঘচি আরও সতর্ক করে বলেন যে, এই ধরনের হামলার ফলে সৃষ্ট তেজস্ক্রিয় বিকিরণ বা 'রেডিওঅ্যাকটিভ ফলআউট' তেহরানের চেয়ে গ্লাল্ফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি সদস্যভুক্ত দেশগুলোর রাজধানীতে প্রাণের অস্তিত্ব শেষ করে দেবে।

    তিনি দাবি করেন, ইরানের পেট্রোকেমিক্যাল শিল্পে হামলা চালানোর মাধ্যমে আক্রমণকারীদের আসল উদ্দেশ্যই এখন পরিষ্কার হয়ে গেছে।

    উল্লেখ্য, পারস্য উপসাগরীয় দেশগুলোর জন্য এই তেজস্ক্রিয়তা বড় ধরনের হুমকি হতে পারে বলে আরাঘচি ইঙ্গিত দিয়েছেন।

    তবে এই হামলার বিষয়ে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি বা মন্তব্য পাওয়া যায়নি।

  16. গোলেস্তান প্রাসাদের ভেতরে ক্ষয়ক্ষতির চিত্র

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের রাজধানী তেহরানের ঐতিহাসিক গোলেস্তান প্রাসাদে ক্ষয়ক্ষতির চিত্র ধরা পড়েছে বার্তা সংস্থা রয়টার্সের ক্যামেরায়।

    ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রণালয় ১২ই এপ্রিল পর্যন্ত ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক স্থাপনাও নিদর্শনের সংখ্যা ১৩২টি বলে উল্লেখ করেছে।

  17. কেরাণীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে, পাঁচটি মরদেহ উদ্ধার: ফায়ার সার্ভিস

    ঢাকার কেরাণীগঞ্জে একটি গ্যাস লাইটার তৈরির কারখানা অগ্নিকাণ্ডের পর এখন পর্যন্ত পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

    শনিবার বেলা সোয়া একটার দিকে আগুনের খবর পেয়ে দুর্ঘটনাস্থল কেরাণীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় যায় ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন দল।

    ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানিয়েছেন, একটি টিনশেড কারখানায় আগুন লাগে। সাতটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

    “আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধার অভিযান চলছে। এখন পর্যন্ত পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে,” বিবিসি বাংলাকে বলেন তিনি।

  18. নিখোঁজ মার্কিন বিমানসেনাকে নিয়ে যা জানা যাচ্ছে ও যেসব তথ্য এখনো অজানা

    ইরানের দক্ষিণাঞ্চলে একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর একজন ক্রু সদস্য নিখোঁজ রয়েছেন। এ নিয়ে নানা তথ্য জানা গেলেও এখনো অজানা অনেক কিছু।

    শুক্রবার দুই জন ক্রু বহনকারী মার্কিন যুদ্ধবিমানটি ভূপাতিত হয়। বিমানের পাইলটকে মার্কিন বাহিনী উদ্ধার করতে সক্ষম হলেও একজন উইপন সিস্টেম অফিসার এখনো নিখোঁজ।

    নিখোঁজ সেনাকে উদ্ধারে অংশ নিয়েছিল দুটি হেলিকপ্টার এবং একটি এ-১০ ওয়ারথগ বিমান। পাইলটকে উদ্ধার করতে যাওয়া হেলিকপ্টারও হামলার মুখে পড়ে এবং এতে কয়েকজন ক্রু সদস্য আহত হন। তবে হেলিকপ্টারটি নিরাপদে অবতরণ করতে পেরেছে।

    উদ্ধার অভিযানে সহায়তাকারী একটি এ-১০ ওয়ারথগ বিমানও হামলার শিকার হয়। ইরান দাবি করেছে যে, তারা উদ্ধার অভিযানে অংশ নেওয়া মার্কিন এ-১০ ওয়ার্টহগ বিমান ভূপাতিত করেছে।

    ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিখোঁজ মার্কিন বিমানসেনাকে ধরতে সাহায্য করলে নাগরিকদের প্রায় ৫০ হাজার পাউন্ড পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির কর্মকর্তারা।

    এসব তথ্যের বাইরে এখনো অনেক কিছুই অস্পষ্ট। বর্তমানে মার্কিন বাহিনীর অনুসন্ধান ও উদ্ধার অভিযান কোন পর্যায়ে আছে, সেটি স্পষ্ট নয়।

    ইরানও নিখোঁজ মার্কিন সেনার কোনো হদিস পেয়েছে কি না, সে বিষয়ে দেশটির পক্ষ থেকে কোনো আপডেট এখনো পাওয়া যায়নি।

    নিখোঁজ ওই ক্রু সদস্য আদৌ বেঁচে আছেন কি না, সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

    এছাড়া ইরান যে এ-১০ ওয়ারথগ বিমান ভূপাতিত করার দাবি করছে, সেটি মার্কিন উদ্ধার অভিযানের অংশ কি না, সেটিও যাচাই করা সম্ভব হয়নি।

  19. ইরান যুদ্ধ শুরুর পর ৩৬৫ মার্কিনি সেনা আহত – পেন্টাগন

    মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রকাশিত তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৩৬৫ জন মার্কিনি সেনা অভিযানে আহত হয়েছে।

    তাদের মধ্যে সেনাবাহিনীর ২৪৭ জন, নৌবাহিনীর ৬৩ জন, মেরিন্সের ১৯ জন, বিমান বাহিনীর ৩৬ জন রয়েছেন।

    তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা ১৩ জনেই স্থির রয়েছে।

  20. মার্চে ১১৩ রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১৮ জনের মৃত্যু: হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি

    মার্চ মাসে কমপক্ষে ১১৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বা এইচআরএসএস।

    শনিবার বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রকাশিত মাসিক প্রতিবেদনে এই তথ্য জানায় সংগঠনটি।

    প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্চ মাসে ফ্রেব্রুয়ারির তুলনায় দেশে রাজনৈতিক সহিংসতা তুলনামূলক কমলেও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

    এছাড়া ওই মাসে অন্তত ৩৪টি হামলার ঘটনায় কমপক্ষে ৫৯ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। গণপিটুনি ও মব সহিংসতার ঘটনায় ১৩ জন নিহত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

    অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বর্তমান সরকারের পাশ না করার সিদ্ধান্ত "নতুন সরকারের ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি নিয়ে মানুষের মনে প্রশ্ন তৈরি করেছে" বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।

Trending Now