আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

চুক্তি না হলে বোমা হামলার হুমকি ট্রাম্পের, তবে শান্তি আলোচনায় এখনো প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নেয়নি ইরান

চুক্তি না হলে আবার বোমা হামলা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইসলামাবাদে শান্তি আলোচনায় প্রতিনিধি পাঠানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ইরান। আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান বলেছে, 'বল এখন ইরানের কোর্টে'।

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার সারাদিন যা যা হলো:

    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “ইরানের আর কোনো উপায় নেই। তাদেরকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানে প্রতিনিধি পাঠাতেই হবে”।
    • ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ হবে ‘দীর্ঘ ও কঠিন’ প্রক্রিয়া”।
    • যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান অনেকটা স্পষ্ট করে বলেছে যে বল এখন ইরানের কোর্টে।
    • পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নিতে ইসলামাবাদের উদ্যোগের প্রতি বেইজিংয়ের “পূর্ণ সমর্থন” রয়েছে।
    • পেন্টাগন জানিয়েছে, ইন্দো প্যাসিফিক অঞ্চলে "অবৈধ নেটওয়ার্ক" ভেঙে দিতে অভিযানের অংশ হিসেবে মার্কিন বাহিনী নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি তেলবাহী জাহাজে উঠে তল্লাশি চালিয়েছে।
    • ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, একটি ইরানি তেল বহনকারী জাহাজ মার্কিন অবরোধ ভেঙে দেশের দক্ষিণাঞ্চলের একটি বন্দরে প্রবেশ করেছে।
    • ইরানের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘তুসকা’ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জব্দ করার ঘটনাকে “কঠোর ভাষায়” নিন্দা জানিয়েছে ইরান।
    • বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির তথ্যের প্রাথমিক সত্যতা পেয়েছে ট্রাইব্যুনাল গঠিত কমিটি।
    • ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিভিন্ন দল ও জোট এবং স্বতন্ত্রভাবে আজ বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ৫৩ জন প্রার্থী।
    • নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে জানিয়ে সংসদে সমালোচনা করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা।
    • রাজশাহী বিভাগের নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে নিজ বাড়ি থেকে একই পরিবারের চার জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
    • মঙ্গলবার ভোরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তাদের তথ্য অনুযায়ী, ভোর ৬টা ৩৭ মিনিটে দেশে এই কম্পন অনুভূত হয়।

    বিবিসি বাংলা'র লাইভ পাতা আজ এখানেই শেষ হচ্ছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. প্রতি উপজেলায় এমপিদের জন্য স্থাপন হচ্ছে ‘পরিদর্শন কক্ষ’: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

    দেশের উপজেলা পরিষদগুলোতে এখন থেকে জাতীয় সংসদ সদস্যদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

    মঙ্গলবার জাতীয় সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই তথ্য জানান।

    খবর- বাংলাদেশ সংবাদ সংস্থা বা বাসসের।

    স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রীর পরামর্শক্রমে ইতিমধ্যে এই সংক্রান্ত সরকারি আদেশ বা জিও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বরাবর জারি করা হয়েছে।

    প্রতিমন্ত্রী বলেন, “উপজেলা পরিষদের নতুন বা পুরাতন কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় যেখানে যে অবস্থা রয়েছে, সেখানেই এটাচ বাথরুম ও উন্নতমানের আসবাবপত্রসহ সংসদ সদস্যদের বসার জন্য একটি কক্ষ রেডি করে দেওয়া হবে। বিধিমালা অনুযায়ী সংসদ সদস্যদের নামে সরাসরি কক্ষ বরাদ্দের সুযোগ না থাকায় এই কক্ষটির নাম হবে ‘পরিদর্শন কক্ষ’। এখানে বসে এমপিরা তাদের প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি দেখা-সাক্ষাৎ ও সময় ব্যয় করার সুযোগ পাবেন”।

    তিনি জানান, কোনো সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় যদি একাধিক উপজেলা থাকে, তবে প্রতিটি উপজেলাতেই তার জন্য এমন অফিস বা পরিদর্শন কক্ষের ব্যবস্থা থাকবে।

  3. ‘বল এখন ইরানের কোর্টে- পাকিস্তানের মন্ত্রী

    যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান অনেকটা স্পষ্ট করে বলেছে যে বল এখন ইরানের কোর্টে।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন যে, “পাকিস্তান দ্বিতীয় দফা আলোচনায় অংশগ্রহণের জন্য ইরানকে রাজি করাতে আন্তরিক প্রচেষ্টা চালিয়েছে এবং সেই প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে।"

    তবে, সম্ভাব্য শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে কি না সেটি নিয়ে এখনো স্পষ্ট কিছু জানা যাচ্ছে না।

    ইরানকে আলোচনায় আনার জন্য পাকিস্তান গত কয়েকদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন অবস্থার মধ্যেই পাকিস্তানের তথ্যমন্ত্রী এই বিষয়টি সামনে আনলেন।

  4. অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম তালুকদারের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে কমিটি

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির তথ্যের প্রাথমিক সত্যতা পেয়েছে ট্রাইব্যুনাল।

    জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার একজন আসামিকে জামিন করিয়ে দেওয়ার জন্য এক কোটি টাকা চাওয়ার বিষয়টি গত মাসে সামনে আসে।

    এরপরই ঘটনাটি তদন্তে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি ‘ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি’ গঠন করা হয়।

    মঙ্গলবার কমিটির প্রধান ও চিফ প্রসিকিউটর মি. ইসলাম বলেন, “ইতিমধ্যে আমরা সেই অডিও রেকর্ডের সত্যতা আমরা পেয়েছি। সেখানে দুইজনের কথোপকথনের রেকর্ড আমরা পেয়েছি”।

    চিফ প্রসিকিউটর বলেন, “আমরা যে অডিও পেয়েছি সেখানে ফজলে করিম চৌধুরীর স্ত্রী ও সাবেক প্রসিকিউটর সাইমুম তালুকদারের কথোপকথনও আছে। এর বাইরে আর কোন লেনদেন হয়েছে কী-না সেটা আমরা খতিয়ে দেখছি। তদন্ত করে দেখছি”।

    মূলত ওই অভিযোগ ওঠার পরই ওই প্রসিকিউটর আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন।

    যদিও এই অভিযোগ ওঠার পর তখন তা অস্বীকার করেছিলেন ওই প্রসিকিউটর। আরো পড়ুন

  5. চুক্তি করা ছাড়া ইরানের কাছে আর কোনো উপায় নেই: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “ইরানের আর কোনো উপায় নেই। তাদেরকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানে প্রতিনিধি পাঠাতেই হবে”।

    সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি নিশ্চিত যে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত দারুণ একটি চুক্তিতে পৌঁছাতে পারবে।

    তার কাছে প্রশ্ন করা হয়েছিল যুদ্ধবিরতি আরো বাড়ানো হবে কী-না? জবাবে ট্রাম্প বলেছেন,“আমরা খুব কঠোর অবস্থানে আছি। এই যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়বে না, যদি চুক্তি না হয়”।

    পরে ট্রাম্প বলেন, “আমি মনে করি বোমা হামলা হবে, কারণ সেটাই হবে ভালো দৃষ্টিভঙ্গি।”

    তিনি আরও বলেন, “চুক্তি করার জন্য হাতে বেশি সময় নেই। ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছায়, তবে তারা খুব ভালো থাকবে”।

    কিছুক্ষণ আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো নির্দিষ্ট ঘটনার উল্লেখ না করেই আবারও ইরানের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছেন।

    এদিকে ইসলামাবাদে শান্তি আলোচনায় অংশগ্রহণের বিষয়ে ইরান এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি।

    তবে, ইরানের পার্লামেন্টের স্পিকার এবং ইরানি আলোচক দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ জোর দিয়ে বলেছেন যে, আমরা হুমকির কাছে মাথা নত করবো না।

  6. নিষেধাজ্ঞা থাকা একটি জাহাজে তল্লাশি চালিয়েছে মার্কিন বাহিনী – পেন্টাগন

    পেন্টাগন জানিয়েছে, ইন্দো প্যাসিফিক অঞ্চলে "অবৈধ নেটওয়ার্ক" ভেঙে দিতে অভিযানের অংশ হিসেবে মার্কিন বাহিনী নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি তেলবাহী জাহাজে উঠে তল্লাশি চালিয়েছে। তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে রাতে এবং "কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই" এটি সম্পন্ন হয়েছে।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ জানায়, তারা "রাইট অব ভিজিট”, অর্থাৎ, আন্তর্জাতিক আইনের অধীনে কোনো দেশের অধীনে না থাকা ও নিষেধাজ্ঞাভুক্ত এমটি টিফানি নামের জাহাজকে সমুদ্রে থামিয়েছে এবং এরপর কোনো সংঘর্ষ ছাড়াই তাতে তল্লাশি চালিয়েছে।

    এই অভিযানের কিছু ছবি ও ভিডিওও শেয়ার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ।

    তারা বলেছে, ইরানকে সহায়তা দেওয়া নিষিদ্ধ জাহাজ ও অবৈধ নেটওয়ার্কের বিরুদ্ধে বিশ্বজুড়ে সামুদ্রিক নজরদারি রাখা হবে ও অভিযান অব্যাহত রাখা হবে – সে তারা যেখানেই কার্যক্রম চালাক না কেন।

    তারা আরও বলেছে, "নিষেধাজ্ঞার আওতাধীন জাহাজের জন্য আন্তর্জাতিক জলসীমা কোনো নিরাপদ আশ্রয় নয়।"

  7. সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন

    ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিভিন্ন দল ও জোট এবং স্বতন্ত্রভাবে আজ বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ৫৩ জন প্রার্থী।

    আজ বিকেল পৌনে ৫টায় ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নির্বাচনের রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান সাংবাদিকদের এ তথ্য জানান।

    তিনি বলেন, আজকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল। পূর্বঘোষিত সময় অনুযায়ী আজ বিকেল ৪টায় সময় শেষ হওয়া পর্যন্ত আমরা বিএনপি এবং জোট থেকে ৩৬টি মনোনয়নপত্র পেয়েছি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোট থেকে ১৩টি এবং স্বতন্ত্র জোট থেকে একটি মনোনয়নপত্র পেয়েছি।

    খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর।

    তিনি আরো বলেন, এর বাইরে আমরা তিনজনের মনোনয়নপত্র পেয়েছি, তারা হলেন- শাম্মা আক্তার, মোসাম্মৎ মেহরুন্নেসা ও মাহবুবা রহমান। এই তিনজন আসলে কোনো দল বা জোট থেকে আবেদন করেননি, তারা নিজেদের মতো করে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

    কমিশনের পূর্বঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসার আগামী ২২শে এপ্রিল দুপুর ২টা থেকে বিকেল ৪টা ও ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জমাকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন।

    প্রার্থীদের মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল করা যাবে আগামী ২৬শে এপ্রিল এবং কমিশন আপিল নিষ্পত্তি করবেন ২৭ ও ২৮শে এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯শে এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০শে এপ্রিল আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ই মে।

    এসময়, গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে রিটার্নিং কর্মকর্তা বলেন, ২২শে এপ্রিল জামায়াত জোট ও স্বতন্ত্র জোটের মনোনয়নপত্র বাছাই হবে। পরদিন ২৩শে এপ্রিল বিএনপি জোটের মনোনয়নপত্র বাছাই হবে।

  8. যুদ্ধের কারণে কনডমের দাম বাড়াচ্ছে বিশ্বের সবচেয়ে বড় প্রস্তুতকারক কোম্পানি

    বিশ্বের সবচেয়ে বড় কনডম প্রস্তুতকারক মালয়েশীয় কোম্পানি কারেক্স জানিয়েছে, তারা তাদের পণ্যের দাম ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে।

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থায় বাধা অব্যাহত থাকলে এই বৃদ্ধি আরও বেশি হতে পারে বলেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

    নৌপরিবহনের ব্যয় বৃদ্ধি ও সরবরাহে দেরির কারণে অনেক গ্রাহকের গুদাম স্বাভাবিকের তুলনায় প্রায় খালি হয়ে পড়ায় কারেক্সের কনডমের চাহিদা বেড়েছে।

    বার্তা সংস্থা রয়টার্সকে কারেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, “পরিস্থিতি নিঃসন্দেহে খুব অস্থিতিশীল। দাম বেড়েছে... এই মুহূর্তে গ্রাহকদের ওপর এই বাড়তি ব্যয় চাপিয়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।”

    কারেক্স বছরে পাঁচ বিলিয়নের (৫০০ কোটি) বেশি কনডম উৎপাদন করে।

    ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের পেট্রোকেমিক্যাল খাতে চাপ বাড়ায় সরবরাহ চেইনের সংকটে পড়া চিকিৎসা গ্লাভস প্রস্তুতকারকদের মতো ক্রমবর্ধমান সংখ্যক কোম্পানির তালিকায় এবার যুক্ত হলো কারেক্স।

  9. ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা

    নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে জানিয়ে সংসদে সমালোচনা করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা।

    বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, সরকার এখন অতিমাত্রায় ব্যাংক ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চান তিনি।

    এসময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জবাবে বলেন, "এই ঋণ ক্যারিওভার হচ্ছে আগে থেকে।" অর্থাৎ, বিগত সরকারের রেখে যাওয়া ঋণের ধারাবাহিকতা এটি। এই ঋণ বর্তমান সরকারের কর্মফল না।

    এরপর তিনি আরও বলেন, "বিএনপি'র যে অর্থনৈতিক পলিসি, তা হলো স্থানীয় ব্যাংক থেকে ক্রমান্বয়ে ঋণ কমিয়ে আনা। আগামী বাজেটে এর প্রতিফলন দেখতে পাবেন।"

  10. মার্কিন অবরোধ ভেঙে দক্ষিণের বন্দরে ইরানি জাহাজ, দাবি ইরানি সেনাবাহিনীর

    ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, একটি ইরানি তেল বহনকারী জাহাজ মার্কিন অবরোধ ভেঙে দেশের দক্ষিণাঞ্চলের একটি বন্দরে প্রবেশ করেছে।

    সেনবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সন্ত্রাসী সেনাদের বারংবার সতর্কবার্তা ও হুমকির পরেও, ইরানের সেনাবাহিনী ও নৌবাহিনীর সহায়তায় তেল বহনকারী জাহাজ সিলিকা সিটি আরব সাগর থেকে গতকাল রাতে ইরানের জলসীমায় প্রবেশ করেছে এবং কয়েক ঘণ্টা আগে দক্ষিণের একটি বন্দরে নোঙর করেছে।

    এ বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো মন্তব্য করেনি।

    অন্যদিকে, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম গতকাল এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ শুরুর পর থেকে "মার্কিন বাহিনী ২৭টি জাহাজকে পথ পরিবর্তন করতে বা ইরানের বন্দরে ফিরে যেতে বাধ্য করেছে।"

  11. যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় পাকিস্তানের ভূমিকায় চীনের ‘পূর্ণ সমর্থন’

    পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নিতে ইসলামাবাদের উদ্যোগের প্রতি বেইজিংয়ের “পূর্ণ সমর্থন” রয়েছে।

    পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ইসহাক দার চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইদংয়ের সঙ্গে বৈঠক করেছেন।

    বৈঠকে জাইদং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ সহজ করতে পাকিস্তানের অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করে বলেন, অঞ্চল ও এর বাইরে টেকসই শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এটি সহায়ক হবে।

  12. ইরানি কোনো প্রতিনিধি দল এখনো ইসলামাবাদে পৌঁছেনি: রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম

    ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম তাদের টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে জানিয়েছে, "এখন পর্যন্ত ইরান থেকে কোনো প্রতিনিধি দল ইসলামাবাদে যায়নি। না মূল বা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, না গৌণ বা ছোট দল, না প্রাথমিক কোনো দল, না পরবর্তী বা ফলোআপ কোনো দল সেখানে গেছে"।

    বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক গণমাধ্যমে ইরানের প্রতিনিধি দলের ইসলামাবাদে রওনা হওয়া, পৌঁছানো বা সম্ভাব্য আগমনের তারিখ নিয়ে যেসব খবর প্রকাশ হয়েছে, সেগুলোকে "গুজব" বলা হয়েছে পোস্টটিতে।

    এতে ইরানের কর্মকর্তাদের পূর্বের অবস্থানকেই পুনর্ব্যক্ত করা হয়েছে, যার মধ্যে পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের কালিবাফের বক্তব্যও রয়েছে, তিনি বলেছিলেন "হুমকির মুখে দাঁড়িয়ে" তেহরান কোনো আলোচনা গ্রহণ করবে না"।

  13. নওগাঁয় একই পরিবারের চার জনের মরদেহ উদ্ধার

    রাজশাহী বিভাগের নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে নিজ বাড়ি থেকে একই পরিবারের চার জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেন।

    যাদের মরদেহ উদ্ধার হয়েছে তাা হলেন ৩৫ বছর বয়সী হাবিবুর রহমান, তার ৩০ বছর বয়সী স্ত্রী পপি খাতুন এবং এই দম্পতির ১০ বছরের ছেলে পারভেজ হোসেন ও তিন বছর বয়সী মেয়ে সাদিয়া খাতুন।

    পুলিশ জানিয়েছে, হাবিবুর রহমান ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। আর তাদের দুই সন্তানের মাথায় আঘাত করা হয়।

    নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান, কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি এখনো। তবে তদন্ত করা হচ্ছে।

    এলাকাবাসীর সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে ঢুকলে তাদের মৃতদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

    প্রতিবেশীদের দেওয়া তথ্য অনুযায়ী, হাবিবুর রহমান গরুর ব্যবসা করতেন।

  14. হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক নৌ চলাচল বজায় রাখা উচিত- চীনের প্রেসিডেন্ট

    চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে “স্বাভাবিক নৌ চলাচল” বজায় রাখা উচিত।

    সোমবার সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরান যুদ্ধের কারণে শুরুতে সফরটি বিলম্বিত হলেও, আগামী মে মাসে চীনে ট্রাম্প ও শি—এই দুই প্রেসিডেন্টের বৈঠক হওয়ার কথা রয়েছে।

  15. আটক জাহাজটি দ্রুত ছেড়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের আহ্বান

    ইরানের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘তুসকা’ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জব্দ করার ঘটনাকে “কঠোর ভাষায়” নিন্দা জানিয়েছে ইরান।

    আজ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ পদক্ষেপকে “অবৈধ” ও “সন্ত্রাসমূলক” পদক্ষেপ বলে উল্লেখ করা হয়।

    এতে বলা হয়, জাহাজটির নাবিকদের পাশাপাশি তাদের পরিবারগুলোকেও আটক রাখা হয়েছে। তেহরান এ ঘটনাকে আন্তর্জাতিক আইন ও সাম্প্রতিক যুদ্ধবিরতির লঙ্ঘন বলে উল্লেখ করে জাহাজটি ও এর নাবিকদের “তাৎক্ষণিক মুক্তি” দাবি করেছে।

    ওমান সাগরে ইরানি জাহাজটি জব্দ করার পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এর আগে জানায়, নাবিকেরা “ছয় ঘণ্টা ধরে একাধিক সতর্কবার্তা উপেক্ষা” করেছিলেন।

    তারা আরও জানায়, ডেস্ট্রয়ার স্প্রুয়েন্স জাহাজটিকে “ইঞ্জিন কক্ষ খালি করার নির্দেশ” দেয় এবং পরে একাধিক কামানের গোলা ছুড়ে ‘তুসকা’ জাহাজটির ইঞ্জিন কক্ষ অচল করে দেয়।

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ পদক্ষেপের “অত্যন্ত বিপজ্জনক পরিণতি” হতে পারে বলে সতর্ক করেছে এবং জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতি এর নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে।

    এর আগেও জাহাজটি জব্দের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ইরানের শীর্ষ কর্মকর্তারা এ ধরনের বক্তব্য দিয়েছেন।

    ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর নৌ অবরোধ তুলে নেবে না।

  16. ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

    আজ মঙ্গলবার ভোরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তাদের তথ্য অনুযায়ী, ভোর ৬টা ৩৭ মিনিটে দেশে এই কম্পন অনুভূত হয়।

    রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ এবং এর উৎপত্তিস্থল ছিল ভারতের মনিপুর রাজ্যের ওয়াংজিংয়ে, যা মিয়ানমারের সীমান্তের কাছাকাছি।

    ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪৩৬ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে।

    ভূমিকম্প নিয়ে বিবিসি বাংলায় আরও পড়ুন...

  17. ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ হবে ‘দীর্ঘ ও কঠিন’ প্রক্রিয়া- ট্রাম্প

    কিছুক্ষণ আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার প্রসঙ্গ তুলে ধরেন।

    তিনি লিখেছেন, “অপারেশন মিডনাইট হ্যামার ছিল ইরানের নিউক্লিয়ার ডাস্ট স্থাপনাগুলোর ওপর সম্পূর্ণ ও সর্বাত্মক ধ্বংসযজ্ঞ। ফলে সেখান থেকে তা খনন করে বের করা হবে দীর্ঘ ও কঠিন একটি প্রক্রিয়া।”

    ‘অপারেশন মিডনাইট হ্যামার’ হলো গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের চালানো একটি অভিযানের নাম। এতে যুক্তরাষ্ট্রের ১২৫টি সামরিক বিমান ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায়—ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহানে—হামলা চালায়।

    এরপর তিনি আরও লেখেন, “ভুয়া সংবাদমাধ্যম সিএনএন এবং অন্যান্য দুর্নীতিগ্রস্ত মিডিয়া নেটওয়ার্ক ও প্ল্যাটফর্ম আমাদের মহান বিমানচালকদের প্রাপ্য কৃতিত্ব দিতে ব্যর্থ হচ্ছে—সব সময় খাটো করা ও তুচ্ছ করার চেষ্টা করছে—লুজারস!!!”

  18. আজ পাকিস্তান যাচ্ছেন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মার্কিন গণমাধ্যমের খবর

    যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানিয়েছে, দেশটির ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনার জন্য মঙ্গলবার যুক্তরাষ্ট্র ছাড়বেন এবং পাকিস্তান যাবেন।

    মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস তিনটি সূত্রের বরাতে জানিয়েছে, মঙ্গলবার সকালের মধ্যেই ভ্যান্স রওনা হবেন।

    সিএনএনকে একাধিক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধি দলের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা আগামীকাল বুধবার ইসলামাবাদে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

    সোমবার বিবিসিকে একটি সূত্র জানায়, ভ্যান্সের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দল ‘শিগগিরই’ পাকিস্তান সফরে যাবে।

    আলোচনায় ইরান অংশ নেবে কি না—এ বিষয়ে এখনো তেহরানের কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

  19. যুদ্ধক্ষেত্রের জন্য ‘নতুন কার্ড’ প্রস্তুত করার কথা বলছে ইরান

    ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘোষিত একটি যুদ্ধবিরতির মেয়াদ শেষের দিকে যাচ্ছে। তবে এখনো নতুন করে শান্তি আলোচনার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

    এরইমধ্যে ইরানের পার্লামেন্টের স্পিকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, গত দুই সপ্তাহ ধরে ইরান “যুদ্ধক্ষেত্রে নতুন তাস দেখানোর প্রস্তুতি” নিচ্ছে এবং “হুমকির ছায়ায় কোনো আলোচনা মেনে নেবে না”।

    এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কোনো চুক্তি করতে তিনি চাপের মুখে নেই।

    একই সঙ্গে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান সফর করবেন।

    ট্রাম্প আরও বলেছেন, বুধবার মেয়াদ শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি বাড়ানো হবে—এমন সম্ভাবনা ‘খুবই কম’।

    উপসাগরীয় অঞ্চলে, রোববার ইরানের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ জব্দ করার পর যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে অবরোধ অব্যাহত রেখেছে। এ ছাড়া যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে একে অপরকে দোষারোপ করছে দু’পক্ষই।

    অন্যদিকে, যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তার বরাতে জানা গেছে, ইসরায়েল ও লেবাননের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা।

  20. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর

    • ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দের পাল্টা জবাব হিসেবে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। জাহাজটি সরে যাওয়ার জন্য প্রায় ছয় ঘণ্টা ধরে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
    • যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত মেনে ইরান ‘কখনোই’ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়তে রাজি হবে না বলে বিবিসিকে জানিয়েছেন দেশটির জ্যেষ্ঠ রাজনীতিবিদ ইব্রাহিম আজিজি।
    • ইসরায়েলের সাথে আসন্ন আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা অথবা “অন্য যেকোনো আলোচনা” থেকে সম্পূর্ণ আলাদা বলে জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।
    • পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি সোমবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নাটালি বেকার এবং ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদামের সাথে পৃথক বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফায় শান্তি আলোচনা শুরু করতে নিরাপত্তা জোরদার করা হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। এই দ্বিতীয় দফার আলোচনার সাফল্য কামনা করেছে ইসলামাবাদ।
    • ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করতে আবার পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে দলটি ইসলামাবাদে পৌঁছাবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
    • যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
    • সংস্কার প্রশ্নে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • বাংলাদেশের ১৩ তম সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করল 'বগুড়া সিটি করপোরেশন'। সোমবার বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
    • ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১৩ জনকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট। শত শত আবেদন যাচাই-বাছাইয়ের পর অবশেষে ৩৬ জনকে মনোনয়ন দিয়েছে সরকারি দল বিএনপি।
    • হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজগুলোকে নিরাপদে ও নির্বিঘ্নে চলাচল করতে দেওয়ার জন্য ইরানের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
    • শিক্ষা মন্ত্রণালয়ে যারা দুর্নীতি করবে, তারা ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
    • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, “যুদ্ধ কারো জন্যই মঙ্গলজনক নয়। হুমকির মুখে দৃঢ় থাকার পাশাপাশি উত্তেজনা কমাতে প্রতিটি যুক্তিসঙ্গত ও কূটনৈতিক উপায় ব্যবহার করা উচিত।”
    • জাপানে সাত দশমিক চার মাত্রার ভূমিকম্পের পর এর প্রভাবে ১০ ফুট পর্যন্ত উচ্চতার সুনামি হতে পারে বলে সতর্কতা জারি করে দেশটির আবহাওয়া অফিস।
    • দক্ষিণ লেবাননে একজন ইসরায়েলি সৈন্য হাতুড়ি দিয়ে যিশু খ্রিষ্টের মূর্তিতে আঘাত করার যে ঘটনা ঘটিয়েছেন, সেটির নিন্দা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
    • সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের বাংলাদেশি নথিপত্র রয়েছে, তাদেরকে দ্রুত পাসপোর্ট দেওয়ার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা ফ্র্যাঙ্ক গার্ডনার এক বিশ্লেষণে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, যদি আদৌ তারা আলোচনায় বসে।
    • ইসলামাবাদে পুনরায় শান্তি আলোচনার শুরুর আগে মার্কিন নৌবাহিনীর হাতে ইরানি জাহাজ আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে চীন।
    • আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েল।
Trending Now