বাংলাদেশে ঈদ শনিবার

বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, দেশের কোথাও আজ শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে, দেশটিতে শনিবার ঈদ উদযাপিত হবে। এদিকে, ইরান যুদ্ধের খবরের মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, "আমাদের সক্ষমতা বাড়ছে, ইরানের কমছে”। আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, কাতারে হামলায় ইরানের সামর্থ্যের 'এক ক্ষুদ্র অংশ' মাত্র ব্যবহার করা হয়েছে।

সরাসরি কভারেজ

  1. ১৯শে মার্চ, বৃহস্পতিবারের উল্লেখযোগ্য খবর

    • বাংলাদেশে শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
    • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, কাতারের রাস লাফান জ্বালানি কমপ্লেক্সে যে হামলা চালানো হয়েছে, তাতে ইরানের সামর্থ্যের 'এক ক্ষুদ্র অংশ' মাত্র ব্যবহার করা হয়েছে।
    • কাতারে ইরান যদি ফের কোনো হামলা চালায়, তবে দেশটির প্রধান প্রধান গ্যাসক্ষেত্রগুলোতে ‘বিশাল বিস্ফোরণ’ চালানোর হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    • কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মেদ বিন আবদুর রহমান আল থানি বলেছেন, ইসরায়েল ও ইরান এই অঞ্চলকে যুদ্ধে টেনে আনছে।
    • যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একমুখী ড্রোনহামলা “সংঘাত শুরুর পর থেকে ৯০ শতাংশ কমে গেছে”।
    • হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চালানোর জন্য ইরানকে টোল ও কর দিতে হবে - এমন একটি প্রস্তাব নিয়ে দেশটির আইনপ্রণেতারা কাজ করছেন বলে জানিয়েছেন সংসদ সদস্য সোমায়ে রাফিই।
    • সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোয় রাতভর হামলার খবর পাওয়া গেছে।
    • বাংলাদেশে এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম প্রতি ভরিতে প্রায় ২৫ হাজার টাকা কমেছে।
    • বগুড়ার সান্তাহারে দুর্ঘটনার শিকার নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর ওই রুটে ট্রেন চলাচল আবারও শুরু হয়েছে।
    • আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি।

    বিবিসি বাংলার লাইভ পাতার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর পড়তে ওয়েবসাইটের মূল পাতায় ক্লিক করুন।

  2. কাতারে হামলায় সামর্থ্যের 'ক্ষুদ্র অংশ' ব্যবহার করেছি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, গত বছরের ছবি

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, কাতারের রাস লাফান জ্বালানি কমপ্লেক্সে যে হামলা চালানো হয়েছে, তাতে ইরানের সামর্থ্যের 'এক ক্ষুদ্র অংশ' মাত্র ব্যবহার করা হয়েছে।

    'সংযত থাকার একমাত্র কারণ ছিল উত্তেজনা কমানোর অনুরোধের প্রতি সম্মান দেখানো,' সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে লিখেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

    মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি আরো বলেন, ইরানি অবকাঠামো আবার হামলার শিকার হলে, আর সংযম বজায় রাখা হবে না।

    যুদ্ধের ইতি টানতে হলে ইরানের বেসামরিক স্থাপনার 'ক্ষয়ক্ষতির বিষয়টিও সমাধানের অংশ হিসেবে বিবেচনা' করতে হবে, যোগ করেন মি. আরাঘচি।

  3. তারেক রহমানকে নরেন্দ্র মোদীর ঈদ শুভেচ্ছা

    তারেক রহমান ও নরেন্দ্র মোদী

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, তারেক রহমান ও নরেন্দ্র মোদী

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়েছে, মি. রহমানকে পাঠানো এক বার্তায় বাংলাদেশের জনগণকেও 'ঈদ মোবারক' জানিয়েছেন মি. মোদী।

    'ঈদুল ফিতর সমবেদনা, ভ্রাতৃত্ব এবং একতার বার্তা দেয়,' উল্লেখ করে তিনি 'দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরো দৃঢ় হোক' এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

    অন্তর্বর্তী সরকারের সময়ে প্রধান উপদেষ্টার উদ্দেশে ভারতের প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানালেও সেসময় দুই দেশের সম্পর্ক ছিল শীতল। বিশেষ করে, আওয়ামী লীগের পতনের পর থেকেই সম্পর্কের এই টানাপোড়েন তৈরি হয়েছিল।

    তবে, বাংলাদেশে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রতিবেশী দুই দেশের মধ্য সম্পর্ক উন্নয়নের চেষ্টা দেখা গেছে।

  4. ইসরায়েল ও ইরান এই অঞ্চলকে যুদ্ধে টেনে আনছে: কাতারের প্রধানমন্ত্রী

    কাতার ও তুরস্কের পক্ষ থেকে যৌথ সংবাদ সম্মেলন

    ছবির উৎস, Frank Gardner/BBC

    কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মেদ বিন আবদুর রহমান আল থানি বলেছেন, ইসরায়েল ও ইরান এই অঞ্চলকে যুদ্ধে টেনে আনছে।

    কাতার ও তুরস্কের পক্ষ থেকে যৌথ এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

    কাতারে এলএনজি উৎপাদনকারী স্থাপনা রাস লাফানে হামলাকে “ইরানিদের পক্ষ থেকে অত্যন্ত বিপজ্জনক এক উত্তেজনা বৃদ্ধি” বলেও অভিহিত করেছেন তিনি।

    কাতারের প্রধানমন্ত্রী এই অঞ্চলে ইরানের হামলা "অবিলম্বে বন্ধ করা" এবং উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

    সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, কাতারে তার এই সফর সংহতির বহিঃপ্রকাশ।

    "আমরা সেইসব হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই, যা বেসামরিক নাগরিকদের জীবনের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করে এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানায়," তিনি বলেন।

    "এই হামলাগুলোকে কখনোই বৈধতা দেওয়া যায় না," তিনি যোগ করেন।

  5. ইরানের সাত হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করাসহ যেসব তথ্য জানালো পেন্টাগন

    ইরান যুদ্ধ নিয়ে পেন্টাগনে প্রেস ব্রিফিং

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইরান যুদ্ধ নিয়ে পেন্টাগনে প্রেস ব্রিফিং

    ইরান যুদ্ধ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র “পরিকল্পনাতেই আছে” এবং “লক্ষ্যের দিকে অগ্রসর” রয়েছে।

    তবে সংঘাত কখন শেষ হতে পারে—তার সুনির্দিষ্ট সময়সীমা তিনি দিতে চাননি। আরও স্পষ্টতার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরা কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে চাই না”।

    তিনি ইরানে যুক্তরাষ্ট্রের লক্ষ্য পুনর্ব্যক্ত করেন, এর মধ্যে রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ব্যবস্থা ও নৌবাহিনী ধ্বংস করা, এবং “ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে” তা নিশ্চিত করা।

    তিনি বলেন, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের সাত হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, এবং “আমরা কী লক্ষ্যবস্তুতে আঘাত করছি এবং কেন করছি, সে বিষয়ে আরও নির্দিষ্ট ধারণা” নিয়ে কাজ করছে সেনারা।

  6. ‘ইরান এখনো কিছু সামরিক সক্ষমতা ধরে রেখেছে’

    যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন

    পেন্টাগনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দিয়েছেন মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনও।

    যুদ্ধ শুরু হওয়ার প্রায় তিন সপ্তাহ পরও ইরান যে উপসাগরজুড়ে জ্বালানি অবকাঠামোতে হামলা চালানোর সক্ষমতা রাখে—এ বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলে কেইন বলেন, ইরান “অনেক অস্ত্র নিয়ে এই যুদ্ধে নেমেছিল” এবং সে কারণেই যুক্তরাষ্ট্র “যতটা সম্ভব আক্রমণাত্মকও দৃঢ়” অবস্থান নিয়েছে।

    তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদেরকে “খুঁজে বের করছে, শনাক্ত করছে এবং হত্যা করছে”, তবে ইরান এখনো “কিছু সক্ষমতা” বজায় রেখেছে।

    তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড তাদের লক্ষ্য অর্জনে এখনো “পরিকল্পনা অনুযায়ী” এগোচ্ছে এবং ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও নৌবাহিনীকে লক্ষ্যকরে তাদের অভিযান “অবিরাম” চলছে।

    তিনি যোগ করেন, ভূগর্ভস্থ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ৫,০০০ পাউন্ড (২,২৭০ কেজি) ওজনের পেনিট্রেটিভ অস্ত্র ব্যবহার করা হয়েছে—যা কংক্রিট ভেদ করে ভেতরে ঢোকার পর কার্যকর হওয়ার জন্য নকশা করা।

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে আপডেট দিতে গিয়ে জেনারেল ড্যান কেইন বলেন, যুক্তরাষ্ট্র আরও পূর্বদিকে ইরানি আকাশসীমায় প্রবেশ করে “একমুখী আক্রমণাত্মক ড্রোন শিকার ও ধ্বংস” করছে।

    তিনি জানান, এ-১০ ওয়ারথগ বিমান এখন দক্ষিণ ইরানজুড়ে অভিযানে অংশ নিচ্ছে এবং হরমুজ প্রণালিতে “দ্রুত আক্রমণকারী নৌযান” লক্ষ্য করে আঘাত হানছে।

    কেইন আরও বলেন, এএইচ–৬৪ অ্যাপাচি হেলিকপ্টারও দক্ষিণ ইরানজুড়ে অভিযানে যোগ দিয়েছে ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে।

    ইরাকে, যুক্তরাষ্ট্র ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আঘাত হানছে বলেও তিনি উল্লেখ করেন।

  7. খারাপ লোকদের হত্যা করতে অর্থ লাগে: হেগসেথ

    পেন্টাগনে ব্রিফিং শেষ করার আগে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদন নিয়ে প্রশ্ন করা হয়, যেখানে বলা হয়েছে পেন্টাগন ইরান যুদ্ধের জন্য অতিরিক্ত অর্থের আবেদন করেছে।

    হেগসেথ বলেন, প্রতিবেদনে উল্লেখিত অর্থের পরিমাণ ২০০ বিলিয়ন ডলার (১৫০ বিলিয়ন পাউন্ড)—“অবশ্যই পরিবর্তিত হতে পারে”।

    “খারাপ লোকদের হত্যা করতে অর্থ লাগে,” হেগসেথ বলেন। তিনি যোগ করেন যে, ভবিষ্যতে যা যা প্রয়োজন হতে পারে, তার জন্য “যথাযথ অর্থায়ন” নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

  8. আমাদের সক্ষমতা বাড়ছে, ইরানের কমছে: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী

    যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

    ছবির উৎস, Reuters

    যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একমুখী ড্রোনহামলা “সংঘাত শুরুর পর থেকে ৯০ শতাংশ কমে গেছে”।

    পেন্টাগনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “এই মুহূর্তে পৃথিবীতে যে কাজটি কেউই করতে চাইবে না” তা হলো ইরানি সামরিক বাহিনীর জ্যেষ্ঠ নেতৃত্বের একটি পদে থাকা; তার ভাষায় এগুলো এখন “অস্থায়ী চাকরি”।

    তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র অন্তত ১২০টি ইরানি নৌযান ক্ষতিগ্রস্ত বা ডুবিয়ে দিয়েছে, যার ফলে তাদের পৃষ্ঠ-নৌবহর “আর কোনো কার্যকর শক্তি নয়” এবং তাদের সাবমেরিনগুলো “শেষ হয়ে গেছে”।

    হেগসেথ বলেন, “এ ধরনের একটি শাসনব্যবস্থা, যারা তাদের পারমাণবিক আকাঙ্ক্ষা ছাড়তে অস্বীকার করছে—তারা শুধু আঞ্চলিক সমস্যা নয়, যুক্তরাষ্ট্রের জন্য, স্বাধীনতার জন্য এবং সভ্যতার জন্যও সরাসরি হুমকি”।

    তিনি আরও বলেন, “বিশ্ব, মধ্যপ্রাচ্য, ইউরোপের আমাদের অকৃতজ্ঞ মিত্ররা, এমনকি আমাদের নিজস্ব গণমাধ্যমের কিছু অংশেরও প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি মাত্র কথা বলা উচিত—‘ধন্যবাদ’।"

    গাজায় হামাসের সঙ্গে ইরানি শাসন ব্যবস্থার তুলনা করতে গিয়ে হেগসেথ বলেন, ইরান টানেল, রকেট, ক্ষেপণাস্ত্র এবং ড্রোনে বিপুল অর্থ ঢেলেছে।

    কিন্তু তার ভাষায়, যুক্তরাষ্ট্র তাদেরকে খুঁজে বের করছে “পদ্ধতিগতভাবে, নির্মমভাবে এবং প্রবল শক্তিদিয়ে—যেমনটি বিশ্বের অন্য কোনো সামরিক বাহিনী করতে পারে না”।

    তিনি আরও বলেন, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে সাত হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, এবং বৃহস্পতিবারও “গতকালের মতোই” সর্ববৃহৎ আঘাত হানার প্রস্তুতি রয়েছে।

    “আমাদের সক্ষমতা ক্রমাগত বাড়ছে, আর ইরানের সক্ষমতা ক্রমশ ক্ষয় হচ্ছে,” তিনি বলেন।

  9. পশ্চিমবঙ্গে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি

    পশ্চিমবঙ্গে প্রচারে বিজেপি কর্মীরা

    ছবির উৎস, BJP West Bengal

    ছবির ক্যাপশান, পশ্চিমবঙ্গে প্রচারে বিজেপি কর্মীরা

    আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সবার আগে প্রার্থীদের তালিকা ঘোষণা করেছিল বিজেপি। ১৬ই মার্চের সেই তালিকায় ছিল ১৪৪টি নাম।

    এবার ১৯শে মার্চ বৃহস্পতিবার প্রার্থীদের দ্বিতীয় তালিকা প্রকাশ করল বিজেপি। এই তালিকায় রয়েছে ১১১ জন বিজেপি প্রার্থীর নাম, একজন বিজেপি সমর্থিত প্রার্থী ও জয়পুর কেন্দ্রের পরিবর্তিত প্রার্থীর নাম।

    সুন্দরবনে নারীদের নিগ্রহ করার অভিযোগে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে আন্দোলন করে শিরোনামে উঠে এসেছিলেন রেখা পাত্র। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনি হেরে গেলেও এবার বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হয়েছেন হিঙ্গলগঞ্জ থেকে।

    তালিকায় রয়েছে তরুণজ্যোতি তিওয়ারি, অভিনেতা হিরণ চ্যাটার্জী, রূপা গাঙ্গুলী, নিশীথ প্রামাণিক, অর্জুন সিং, কৌস্তভ বাগচী, প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের মতো পরিচিত বিজেপি নেতা-নেত্রীদের নাম।

    বৃহস্পতিবার সকালেই কলকাতার আরজি কর হাসপাতালে নির্যাতিতা জুনিয়র ডাক্তারের মা জানিয়েছিলেন, তিনি এই নির্বাচনে বিজেপির হয়ে পানিহাটি কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী হতে চেয়েছেন। কিন্তু বৃহস্পতিবারের তালিকায় পানিহাটি কেন্দ্রের কোনো বিজেপি প্রার্থীরই নাম ঘোষণা করা হয় নি।

    নির্যাতিতার মা প্রার্থী হবেন কিনা, এই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। পানিহাটি-সহ আরও ৩৭টি কেন্দ্রের প্রার্থীদের নাম এখনও প্রকাশ করেনি বিজেপি।

  10. ঈদের কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

    ২০২২ সালে ভারতের কলকাতায় বৃষ্টির মধ্যে ঈদ জামাতের ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ২০২২ সালে ভারতের কলকাতায় বৃষ্টির মধ্যে ঈদ জামাতের ছবি

    বাংলাদেশে চলছে ঈদের উৎসব। উৎসবের মূল দিন অর্থাৎ ঈদের দিনসহ এই সময়টায় আবহাওয়া কেমন থাকবে, তা জানা থাকলে উদযাপনের পরিকল্পনা করা সহজ হবে।

    গত দুইদিনে দেশের কোথাও কোথাও ঝড়-বৃষ্টি হওয়ায় ঈদের দিনের আবহাওয়া নিয়েও রয়েছে কৌতূহল।

    ইতিমধ্যেই বৃহস্পতিবার থেকে পরবর্তী পাঁচদিনের জন্য আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

    এতে প্রতিদিনই ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। তবে, তা সারাদেশে না হয়ে 'কিছু কিছু জায়গায়' অস্থায়ীভাবে হতে পারে। 'কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনার' কথাও বলা হয়েছে পূর্বাভাসে।

    বৈরী পরিস্থিতির জন্য ঈদের নামাজের ক্ষেত্রে সাধারণত বিকল্প ব্যবস্থা থাকে।

  11. বাংলাদেশে ঈদ শনিবার

    নতুন চাঁদের ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, প্রতীকী ছবি

    বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

    জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে শনিবার।

    এর আগে মুসলিমদের বৃহত্তম ধর্মীয় উৎসবের তারিখ নিশ্চিত করতে বৃহস্পতিবার বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি।

    বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনে ইফতারের পরে বৈঠকটি শুরু হয়।

    ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বৈঠকে সভাপতিত্ব করেন।

    গতকাল সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে ২০শে মার্চ ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

    ইসলামিক দিনপঞ্জির অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব।

    বাংলাদেশে সাধারণত সৌদি আরবের পরদিন রোজা ও ঈদ পালন করা হয়।

    তবে, দেশের কয়েকটি জেলায় সৌদি আরবের সঙ্গে মিলিয়ে একদিন আগে রোজা শুরু হয়, এবং ঈদও সৌদি আরবের সাথে মিলিয়ে পালন করেন তারা।

  12. ভয়েস অব আমেরিকা পুনরায় চালু করতে ট্রাম্প প্রশাসনকে আদালতের নির্দেশ

    ভয়েস অব আমেরিকার কার্যালয়

    ছবির উৎস, Getty Images

    মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা কার্যত বন্ধ করার ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তটি “অবৈধ” ছিল বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।

    একই সাথে চাকরিচ্যুত সাংবাদিকদেরও পুনর্বহালের আদেশ দেওয়া হয়েছে।

    এক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যমটিকে পুনরায় চালু করতে কর্তৃপক্ষকে সময় বেঁধে দিয়েছেন ডিস্ট্রিক্ট কোর্ট এর বিচারক রয়েস ল্যামবারথ। মঙ্গলবার তিনি এই আদেশ দেন।

    দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর প্রচারণার জবাব দিতে ভয়েস অব আমেরিকা বা ভিওএ প্রতিষ্ঠা করা হয়েছিল।

    প্র্রেসিডেন্ট পদে ফেরার ফেরার কয়েক সপ্তাহের মধ্যেই একটি নির্বাহী আদেশে সম্প্রচারমাধ্যমটি বন্ধের নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প।

    তার প্রশাসনের পক্ষ থেকে, ভিওএর বিরুদ্ধে বামঘেষা পক্ষপাতের অভিযোগ তোলা হয়।

    মি. ট্রাম্প একইসঙ্গে রেডিও ফ্রি ইউরোপ এবং রেডিও ফ্রি এশিয়ার মতো সংস্থাগুলোকেও “আইনের সীমার ভেতরে যতটা সম্ভব বাতিল” করার নির্দেশ দিয়েছিলেন।

  13. হরমুজ প্রণালিতে টোল আদায়ের কথা ভাবছে ইরান, ঘনছে হাবিবিয়াজাদ, সিনিয়র রিপোর্টার, বিবিসি ফার্সি

    হরমুজ প্রণালি দিয়ে গত সোমবার একটি ট্যাঙ্কার ভারতে পৌঁছায়

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, হরমুজ প্রণালি দিয়ে গত সোমবার একটি ট্যাঙ্কার ভারতে পৌঁছায়

    হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চালানোর জন্য ইরানকে টোল ও কর দিতে হবে - এমন একটি প্রস্তাব নিয়ে দেশটির আইনপ্রণেতারা কাজ করছেন বলে জানিয়েছেন সংসদ সদস্য সোমায়ে রাফিই।

    আইএসএনএ নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, তেহরানের ওয়ালিআসর স্কোয়ারে এক জনসমাবেশে বক্তব্য দেওয়ার সময় মি. রাফিই 'হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থ রক্ষায়' ইরানের কর্তৃত্বের কথা তুলে ধরেন।

    তিনি বলেন, "আমরা আমাদের শত্রুদের আগের সেই আরাম-আয়েশ কেড়ে নিয়েছি, এবং তারা এখন এই বাস্তবতা মেনে নিতে পারছে না। তারা স্রেফ এটি সহ্য করতে পারছে না।"

    তিনি আরও বলেন, "ইনশাআল্লাহ, এ যুদ্ধের সমাপ্তি ঘটবে ইরানের এক চূড়ান্ত ও নিশ্চিত বিজয়ের মাধ্যমে এবং এর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত আমাদের শত্রুদের জন্য চ্যালেঞ্জিং হয়েই থাকবে।"

  14. স্বর্ণের দাম সপ্তাহ ব্যবধানে ভরিতে প্রায় ২৫ হাজার টাকা কমেছে

    বাজুস বাংলাদেশে স্বর্ণের দাম নির্ধারণ করে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন দেশে স্বর্ণের দাম নির্ধারণ করে

    বাংলাদেশে এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম প্রতি ভরিতে প্রায় ২৫ হাজার টাকা কমেছে।

    বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন বা বাজুস এর স্বর্ণের দাম নিয়ে পাঠানো সবশেষ বার্তা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।

    এসোসিয়েশন এর দেওয়া সবশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণ প্রতি ভরির দাম দুই লক্ষ ৬২ হাজার ২৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

    এছাড়া ২১ ক্যারেট দুই লক্ষ ৫০ হাজার ৩৬৮ এবং ১৮ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম দুই লক্ষ ১৪ হাজার ৬১৮ টাকা।

    গত ১১ই মার্চ ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরি প্রতি দুই লক্ষ ৮৭ হাজার ২৬২ টাকা ছিল। এই সময়ে অন্যান্য ক্যারেটের স্বর্ণের দামও একইভাবে কমেছে।

    ১১ই মার্চের পর থেকে গেল এক সপ্তাহেই পাঁচ দফা পরিবর্তন হয়েছে স্বর্ণের দাম। যার প্রতিবারই মূল্যবান এই ধাতুর দাম কিছুটা করে হ্রাস পেয়েছে।

    যদিও গত এক বছরে হঠাৎই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে স্বর্ণের দাম। এখনও যে ধারা অব্যাহত রয়েছে।

    মাঝেমধ্যে স্বর্ণের দাম কিছুটা কমের বার্তা পাওয়া গেলেও অল্প সময়ের ব্যবধানেই সেটি আবারও বাড়তে দেখা গেছে।

  15. কলকাতার আরজি কর হাসপাতালে নির্যাতিতা চিকিৎসকের মা বিজেপির প্রার্থী হতে চান

    আর জি করের ঘটনা নিয়ে কলকাতায় বিক্ষোভ (ফাইল চিত্র)

    ছবির উৎস, Samir Jana/Hindustan Times via Getty Images

    ছবির ক্যাপশান, আর জি করের ঘটনা নিয়ে কলকাতায় বিক্ষোভ (ফাইল চিত্র)

    ২০২৪ সালের অগাস্ট মাসে কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার যে ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল পশ্চিমবঙ্গসহ গোটা ভারত, সেই চিকিৎসকের মা পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনে বিজেপির প্রার্থী হতে চান।

    তিনি জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি পানিহাটি আসন থেকে লড়তে রাজি হয়েছেন।

    যদিও, বিজেপির পক্ষ থেকে তার প্রার্থিতা সম্পর্কে এখনো নিশ্চিত করা হয়নি।

    পশ্চিমবঙ্গের ১৫০টি আসনে এখনো বিজেপির প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি – তাদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা আজকেই দিনের আরও পরের দিকে প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

    এদিকে, আরজি কর হাসপাতালের ধর্ষণ ও হত্যার শিকার ওই শিক্ষানবিশ চিকিৎসক, যিনি পশ্চিমবঙ্গে ‘অভয়া’ নামে পরিচিতি পেয়েছেন, তার মা বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, তাকে অনেকবার বিজেপি নেতৃত্ব থেকে প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করে যোগাযোগ করা হলেও তিনি প্রথমে রাজি ছিলেন না।

    সম্প্রতি বিজেপি নেতা ও সাবেক এমপি অর্জুন সিং অভয়ার মা-বাবার সঙ্গে দেখা করেছিলেন।

    অভয়ার মা বলেছেন, "রাজ্য জুড়ে দুর্নীতি ও নারী সুরক্ষার অভাব, রাজ্যের মানুষ ভাল নেই। তাই তৃণমূল কংগ্রেসকে সমূলে উপড়ে ফেলতে চাই।"

    কিছুদিন আগেই নিজেদের মৃত মেয়ের ছবি প্রকাশ্যে এনেছেন আর জি কর নির্যাতিতার বাবা-মা। তারা দাবি করছেন এই ধর্ষণকাণ্ডে তার মৃত মেয়ে সুবিচার পায়নি। এর জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর প্রশাসনকে দায়ীও করেছিলেন তারা।

    পাশাপাশি এই গোটা ঘটনায় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তদন্ত নিয়েও একাধিকবার প্রশ্ন তুলেছেন তারা।

    বিজেপির প্রার্থী হতে চান বলে নির্যাতিতার মা সংবাদমাধ্যমকে জানানোর পরেই সামাজিক মাধ্যমে এ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

  16. কাতারের গ্যাস স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও 'নিরাপদ' রয়েছে: শেল

    কাতারের রাস লাফান কমপ্লেক্স, দোসরা মার্চ তোলা ছবি

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, কাতারের রাস লাফান কমপ্লেক্স, দোসরা মার্চ তোলা ছবি

    কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের হামলায় অ্যাংলো-ডাচ বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানী শেল এর প্রাকৃতিক গ্যাস কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

    রয়টার্স নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, শেল জানিয়েছে যে কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটির অভ্যন্তরে অবস্থিত তাদের প্রাকৃতিক গ্যাস কেন্দ্রটিতে ইরানের হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে স্থাপনাটি "নিরাপদ অবস্থায়" রয়েছে।

    শেল আরও উল্লেখ করেছে যে, পূর্ণ মাত্রায় সচল থাকলে এই কেন্দ্রটির প্রতিদিন এক দশমিক ছয় বিলিয়ন ঘনফুট গ্যাস প্রক্রিয়াজাত করার ক্ষমতা রয়েছে। যা প্রতিদিন এক লক্ষ ৪০ হাজার ব্যারেল গ্যাস-টু-লিকুইড (তরল জ্বালানি) উৎপাদনে সক্ষম।

  17. দীর্ঘদিন পর রাষ্ট্রপতির সাথে ঈদের নামাজ পড়বেন পুরুষ প্রধানমন্ত্রী: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

    স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

    প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে দীর্ঘদিন পর রাষ্ট্রপতির সাথে ঈদের নামাজে একজন পুরুষ প্রধানমন্ত্রী নামাজ পড়বেন।

    বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

    নারী পুরুষ মিলিয়ে প্রায় ৪০ হাজার মানুষ একসাথে জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়তে পারবেন বলেও জানান তিনি।

    মি. আলম বলেন, সকাল সাড়ে আটটায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সাথে যারা ঈদের নামাজে অংশ নিতে চান তাদেরকে নির্দিষ্ট সময়ে ঈদগাহ ময়দানে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

    তিনি জানান, আবহাওয়ার সার্বিক পরিস্থিতি বিবেচনায় সব ধরণের প্রস্ততি রাখা হচ্ছে।

    এছাড়া দুই একটি দুর্ঘটনা ছাড়া এবারের ঈদযাত্রা সুন্দর ও স্বস্তিদায়ক হয়েছে বলেও দাবি করেন প্রতিমন্ত্রী।

  18. কুয়েতের তেল শোধনাগারে লাগা আগুন নিয়ন্ত্রণে

    কুয়েত সিটিতে ড্রোন হামলার পর একটি বহুতল ভবন থেকে ধোঁয়া উঠছে (ফাইল ছবি)

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, কুয়েত সিটিতে ড্রোন হামলার পর একটি বহুতল ভবন থেকে ধোঁয়া উঠছে (ফাইল ছবি)

    ড্রোন হামলার শিকার হওয়ার পর কুয়েতের একটি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    কুয়েত নিউজ এজেন্সি এবং ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তেল শোধনাগারে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

    কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, 'মিনা আল-আহমাদি' শোধনাগারে এই ঘটনায় কেউ হতাহত হয়নি এবং "সীমিত পরিসরের আগুনটি" বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

  19. যুক্তরাজ্যে গ্যাসের দাম ২০ শতাংশের বেশি বেড়েছে, কেটি হোপ, বিবিসি বিজনেস রিপোর্টার

    ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জ্বালানি স্থাপনায় হামলার ঘটনা ঘটছে

    ছবির উৎস, Getty Images

    মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোতে, বিশেষ করে কাতারের প্রধান গ্যাস স্থাপনায় নতুন করে হামলার পর বৃহস্পতিবার সকালে যুক্তরাজ্যে গ্যাসের দাম ২০ শতাংশের বেশি বেড়ে গেছে।

    বর্তমানে যুক্তরাজ্যে গ্যাসের দাম ২৩ শতাংশ বৃদ্ধি পেয়ে থার্ম প্রতি ১৭১ পেনিতে দাঁড়িয়েছে।

    অন্যদিকে তেলের বাজারদর প্রায় পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ১১৩ ডলারে লেনদেন হচ্ছে।

    কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠান জানিয়েছে, ইরানের দুই দফা হামলায় কাতারের প্রধান গ্যাস হাব বা কেন্দ্রে "ব্যাপক ক্ষয়ক্ষতি" হয়েছে।

  20. ইরানি হামলার 'নিন্দা' জানিয়ে আরব দেশগুলোর যৌথ বিবৃতি

    হামলার পর দোহা নগরীর একটি স্থাপনা থেকে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, ইরান যুদ্ধ শুরুর পর থেকেই উপসাগরীয় দেশগুলোতে হামলার ঘটনা ঘটছে, গত পহেলা মার্চ দোহার একটি এলাকার ছবি

    সৌদি আরবের রিয়াদে পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের পর ইরানের হামলার প্রতিক্রিয়ায় একটি যৌথ বিবৃতি জারি করেছে আরব দেশগুলো।

    এই প্রতিনিধি দলে বাহরাইন, কুয়েত, লেবানন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ ওই অঞ্চলের অন্যান্য দেশের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন।

    ইরানের "ইচ্ছাকৃত হামলার" তীব্র নিন্দা জানিয়েছে এই দেশগুলো। তাদের মতে, এ হামলায় আবাসিক এলাকা, বেসামরিক অবকাঠামো এবং কূটনৈতিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

    বিবৃতিতে বলা হয়েছে যে, "কোনো অজুহাতেই" এই ধরনের হামলাকে বৈধতা দেওয়া যায় না।

    পাশাপাশি, তারা জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নিজেদের আত্মরক্ষার অধিকারের ওপর গুরুত্বারোপ করেছেন।

    বিবৃতিতে ইরানকে "অবিলম্বে হামলা বন্ধ করার", আন্তর্জাতিক আইন ও "প্রতিবেশীসুলভ আচরণের নীতিমালা" মেনে চলার এবং হরমুজ প্রণালি বন্ধ করার লক্ষ্যে যেকোনো "পদক্ষেপ বা হুমকি" থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

    একই সাথে, লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের "আগ্রাসন" এবং আঞ্চলিক "সম্প্রসারণবাদী নীতির" তীব্র নিন্দা জানিয়েছে দেশগুলো।

Trending Now