আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বিদায় চাইলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে ও মন্ত্রিসভার সদস্যদের শপথকে ঘিরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। শেষ কর্মদিবসে জাতির উদ্দেশে ভাষণে বিদায় চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। দেশ-বিদেশের খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদিন যা যা হলো

    • ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য এবং নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। মঙ্গলবার সকাল দশটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও বিকেল চারটায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নবনিযুক্ত প্রধানমন্ত্রী নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পুলিশকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
    • জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিদায় চেয়েছেন। দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে একটি উৎসবমুখর, শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, "ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচন কেমন হওয়া উচিত এই নির্বাচন সেটির একটি উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে।"
    • ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
    • সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, “এর বাইরে সংবিধান সংস্কার পরিষদ, এটা যদি কন্সটিটিউশনে ধারণ করা হয় সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের দ্বিতীয় তফসিল ফর্ম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়, এতগুলো হয় এর পরে হলে হতে পারে।”
    • ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুইটি আসনে বিজয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া - ৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা - ১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।
    • সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। একে বিদায়ী সাক্ষাৎ বলে অভিহিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
    • রোজায় মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে চেম্বার জজ আদালত। এর ফলে, রোজায় স্কুল খোলা রাখার আগের সিদ্ধান্তই বহাল থাকবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী, আটই মার্চ থেকে রমজানের ছুটি শুরু হবে।
    • নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাসা প্রস্তুত আছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
    • জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানের পর সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি। সংসদীয় দলের এই সভায় সংসদ নেতা নির্বাচন হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
    • নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন নাসিমুল গনি। পরে বিকেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন তিনি।
    • বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
    • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সারা দেশে সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণের অভিযোগ তুলে সোমবার বিকেলে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট।
    • জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।

    দেশ-বিদেশের আরও খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...

  2. মঙ্গলবার সকালে নির্বাচিতদের, বিকেলে নতুন সরকারের শপথ গ্রহণ

    জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার সকাল দশটায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার। বিকেল চারটায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

    মঙ্গলবার বিকেলে শপথ গ্রহণকারী নবনিযুক্ত প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পুলিশকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

    এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন সময়ে সংসদ ভবন এলাকার খেজুর বাগান ক্রসিং হতে মানিক মিয়া এভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) হতে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেকরোডে যান চলাচল সীমিত করা হবে।

    যান চলাচল নিয়ন্ত্রণের ফলে সাময়িক অসুবিধার জন্য রোড ডাইভারশনের মাধ্যমে যানবাহনের প্রবাহ সচল রাখার কথা জানিয়েছে পুলিশ।

    জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, পর্যায়ক্রমে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের শপথ পাঠ করানো হবে।

    এদিকে, সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত দল বিএনপির নেতারা আভাস দিয়েছেন, তারা কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন কিনা এ বিষয়টি অনেকগুলো সংশোধনীর ওপর নির্ভর করে।

    বিএনপি জানিয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে দলটির চেয়ারম্যান তারেক রহমান শপথ নেবেন।

    ১৬ মাস পর নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সোমবার রাতে জাতির উদ্দেশে ভাষণে বিদায় নেওয়ার কথা জানিয়েছেন।

  3. এই নির্বাচন কেবল ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয়: প্রধান উপদেষ্টা

    দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে একটি উৎসবমুখর, শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, "ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচন কেমন হওয়া উচিত এই নির্বাচন সেটির একটি উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে।"

    জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, মঙ্গলবারই বিদায় নিচ্ছে এই অন্তর্বর্তী সরকার।

    "এই নির্বাচন কেবল একটা ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা, নতুন অভিযাত্রার সূচনা। নুতন বাংলাদেশের জন্ম" বলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    জুলাই সনদ অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন উল্লেখ করে করে মি. ইউনূস বলেন, জাতি কখনো জুলাই সনদের কথা ভুলবে না।

    “অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ। যার ভিত্তিতে গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা বাস্তবায়নের সিদ্ধান্ত দিয়েছে দেশের মানুষ। জুলাই সনদের বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার পথগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে। আশা করবো এটা নির্ধারিত সময়ের মধ্যেই বাস্তবায়ন হবে। অন্তর্বর্তী সরকারের ছোটবড় ভালো মন্দ অনেক কথা ভুলে গেলেও জুলাই সনদের কথা জাতি কখনো ভুলবে না" বলেন প্রধান উপদেষ্টা।

    স্বপ্ন, আকাঙ্খা ও শক্তিকে বাঁচিয়ে রাখতে পারলে বাংলাদেশকে কেউ কোনদিন ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    প্রধান উপদেষ্টা হিসেবে শেষ কর্মদিবসে বিদায় নেওয়ার আগে তিনি বলেন, শূন্য থেকে নয় বরং মাইনাস পয়েন্ট থেকে অন্তর্বর্তী সরকার কাজ শুরু করেছে।

    তিনি বলেন, ''আমরা শূন্য থেকে শুরু করিনি—শুরু করেছি মাইনাস থেকে। ধ্বংসস্তূপ পরিষ্কার করে প্রতিষ্ঠান দাঁড় করিয়ে তারপর সংস্কারের পথ ধরেছি। আজ অন্তর্বর্তী সরকার বিদায় নিচ্ছে। কিন্তু গণতন্ত্র, জবাবদিহিতা, বাকস্বাধীনতা ও অধিকার চর্চার যে ধারা শুরু হয়েছে—তা যেন কখনো থেমে না যায়।''

    নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব সকলের বলে আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

  4. আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি, বললেন প্রধান উপদেষ্টা

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীর কাছ থেকে বিদায় চেয়েছেন।

    সোমবার রাতে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, ''বিগত ১৮ মাস আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন শেষে, একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি।''

    গত ১৮ মাসের দায়িত্ব পালনের কথা স্মরণ করে তিনি বলেন, ''আমাদের প্রথম কাজ ছিল দেশকে সচল করা। এটা ছিল সবচাইতে কঠিন কাজ। যারা দেশকে লুটেপুটে খেত তারাই দেশের এই যন্ত্র চালাতো। তাদের একান্ত অনুগত লোক নিয়ে অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে সবাই পালিয়েছে। বড় কর্তা পালিয়েছে। মাঝারি কর্তা পালিয়েছে। অন্যরা ভোল পাল্টিয়েছে। অথবা আত্মগোপনে চলে গেছে।''

    ''কেউ নানাজনের সুপারিশ নিয়ে আসছে তারা অভ্যুত্থানের গোপন সৈনিক ইত্যাদি। সরকারের ভেতরে যারা পালিয়ে যায়নি তাদের মধ্যে কাকে বিশ্বাস করবেন, কাকে করবেন না- এটি মহাসংকট হয়ে দাঁড়াল। যতই মৃতদেহের, অঙ্গপ্রত্যঙ্গহীন দেহের সন্ধান আসছিল ততই তারা চিহ্নিত হচ্ছিল।''

    ড. ইউনূস বলেন, ''সেই থেকে ১৮ মাস চলে গেছে। অবশেষে ১২ই ফেব্রুয়ারি আসলো। দেড় যুগ পর দেশে একটি জাতীয় নির্বাচন এবং ব্যাপক সাংবিধানিক পরিবর্তনের জন্য সর্বসম্মত জুলাই সনদের ওপর গণভোট অনুষ্ঠান হলো। এই নির্বাচনে উৎসবমুখর পরিবেশ, দেশের সর্বত্র একটা ঈদের পরিবেশ ছিল যা আমাদের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।''

    প্রধান উপদেষ্টা বলেন,''এই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদের আমি অভিনন্দন জানাচ্ছি। যারা পরাজিত হয়েছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি।''

    ওই নির্বাচনে বিএনপি ২০৯টি আসন পেয়ে মঙ্গলবার সরকার গঠন করতে যাচ্ছে।

    সেই হিসাবে আজই অন্তর্বর্তী সরকারের শেষ কর্মদিবস। এর মধ্যেই কার্যালয়েল কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে বিদায় নিয়েছেন প্রধান উপদেষ্টা।

  5. জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শেষ কর্মদিবসে আজ সোমবার রাত নয়টা ১৫ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

    বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে এই ভাষণটি সম্প্রচার করা হবে।

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে আজই তার শেষ কর্মদিবস।

    আগামীকাল মঙ্গলবার বিকালে নতুন সরকারের দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে।

    বাংলাদেশে ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া নির্বাচনে বিএনপি দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে। দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে দলটির নেতারা জানিয়েছেন।

  6. ইসলামি আন্দোলনের আমিরের সাথে দেখা করেছেন তারেক রহমান

    বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মি.করিম চরমোনাই পীর হিসাবে পরিচিত।

    তারেক রহমান সন্ধ্যায় সৈয়দ রেজাউল করিমের সিদ্ধেশ্বরীর বাসায় যান তিনি।

    পরে মি. করিম তাৎক্ষণিক এক ব্রিফিং এ জানান, দেশ সুন্দরভাবে গড়তে সকলের সাথে ঐক্য ও সৌহার্দের ভিত্তিতে কাজ করার কথা জানিয়েছেন তারেক রহমান।

    “রাজনৈতিক হিংসাপরায়ণতা ও পরশ্রীকাতরতা একে অপরের প্রতি না রেখে আমরা সবাই পরামর্শভিত্তিক দেশ পরিচালনা করতে পারি, এটাই আজকে আমাদের মূল আলোচনা ছিল” বলেন মি. করিম।

    উচ্চকক্ষের বিষয়ে তারেক রহমানের সাথে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

    “জুলাই সনদের মধ্যে উচ্চকক্ষের ব্যাপারে যে আলোচনা হয়েছে সেটা আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। এটা যাতে ব্যাহত না হয়, কারণ ব্যাহত হলে জনগণের মধ্যে আস্থার দিকটা চলে যাবে” বলেন মি. করিম।

    জুলাই সনদের বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলে বিএনপির পক্ষ থেকে ইসলামী আন্দোলনকে জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

  7. জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি

    জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।

    রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে তারা সনদে স্বাক্ষর করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

    প্রধান উপদেষ্টা বলেন, “এনসিপি এই সনদে স্বাক্ষর করবে বলেই জাতির বিশ্বাস ছিল, আজকে সেই বিশ্বাস পূর্ণতা পেলো, জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেলো। এনসিপিকে ধন্যবাদ এই মহতী কাজে অংশগ্রহণের জন্য।”

    এই দলিল যেন নতুন বাংলাদেশকে মানবিক বাংলাদেশ হিসেবে গড়তে প্রতি পদে পদক্ষেপ রাখে তার জন‍্য প্রতি মুহূর্তে সচেতন থাকতে হবে বলে আহ্বান করেন তিনি।

    আগামীকাল নতুন সংসদের সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ করেন তিনি।

    এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমাদের দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল শপথ গ্রহণ করবেন। আমরা একই সঙ্গে দুটো শপথ গ্রহণ করতে যাচ্ছি। আমাদের ওপর দেশের মানুষ যে আস্থা রেখেছে আমরা তা বাস্তবায়ন করবো।

    "জুলাই সনদে সবার শেষ স্বাক্ষর করলেও এই সনদ বাস্তবায়নের জন‍্য আমরা ছিলাম সর্বোচ্চ তৎপর" বলেন তিনি।

    পরে এক ব্রিফিং এ দলটির সদস্য সচিব আখতার হোসেন জানান, শর্তসাপেক্ষে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে দলটি।

    “আমরা বলেছি যে, নোট অব ডিসেন্ট ব্যতিরেকে গণভোটের গণরায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সাপেক্ষে জনাব নাহিদ ইসলাম আহ্বায়ক এবং আমি আখতার হোসেন সদস্য সচিব এই জাতীয় সনদে আমরা স্বাক্ষর করলাম” বলেন তিনি।

    জুলাই সনদে স্বাক্ষরের সময়, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

  8. সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ হবে পর্যায়ক্রমে : সংসদ সচিবালয়

    ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

    জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ এর পরিচালক (উপসচিব) মোঃ এমাদুল হক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

    এতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে পর্যায়ক্রমে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথের আমন্ত্রণপত্র ইস্যু করা হচ্ছে।

    কোনো কারণবশত নির্বাচিত সংসদ সদস্যদের কাছে শপথের আমন্ত্রণপত্র না পৌঁছালে, মঙ্গলবার শপথ গ্রহণের দিন সংসদ ভবনের টানেলের ভেতরের মূল প্রবেশ পথের ফ্রন্ট ডেস্ক থেকে তা সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছে সংসদ সচিবালয়।

    একইসাথে নির্বাচিত সংসদ সদস্যদের এনআইডি সঙ্গে রাখার জন্য অনুরোধ জানিয়েছে সংসদ সচিবালয়।

  9. তারেক রহমানের সাথে নতুন মন্ত্রিপরিষদ সচিবের সাক্ষাৎ

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

    সোমবার বিকেলে মি. গণি তার সাথে সাক্ষাৎ করেছেন। বিএনপির একটি সূত্র বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    এর আগে, দুপুরে সচিবালয়ে নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি জানিয়েছিলেন, নতুন মন্ত্রিসভার জন্য প্রস্তুতির বিষয়ে সাধ্যমতো চেষ্টা করবেন।

    মানুষের জন্য সকল দায়িত্বই চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, সকালে দুই দফায় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।

    “একটাতো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তার পরবর্তীকালে এই যে, আমাদের সংস্কার সেটার জন্য শপথ নেবেন। বিকেলে মন্ত্রিসভার শপথ হবে। সেটারই ব্যবস্থা করার জন্য আমরা এই মুহূর্তে উঠেপড়ে লেগে আছি কেবিনেট ডিভিশন” বলেন মি. গণি।

    মন্ত্রিসভার সদস্য সংখ্যা নিয়ে করা সাংবাদিকদের প্রশ্নে ‘কমেন্ট নেই’ বলে মন্তব্য করেন মি. গণি।

    কী প্রক্রিয়ায় মন্ত্রিসভার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে- এমন প্রশ্নে তিনি বলেন, “আমাদের একটা প্রস্তুতি থাকে, স্ট্যান্ডার্ড যে প্রক্রিয়া সেটাই হবে।”

    চব্বিশের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অবসর থেকে ফিরিয়ে এনে নাসিমুল গণিকে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।

    আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল তাকে। সেসময় অতিরিক্ত সচিব ছিলেন মি. গণি। একসময় বিএনপি নেতা ও স্পিকার জমির উদ্দিন সরকারের পিএস ছিলেন তিনি।

  10. রমজানে আর্থিক প্রতিষ্ঠানের জন্য নতুন সময়সূচি, পুঁজিবাজারে লেনদেনের সময় কমেছে

    আসন্ন রমজান মাসে আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।

    সোমবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) থেকে ইস্যু করা চিঠিতে বলা হয়েছে, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব আর্থিক প্রতিষ্ঠান অফিস চলবে।

    নতুন সময় অনুযায়ী অফিস সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। আর শুক্রবার ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

    ব্যাংকগুলোয় রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

    এদিকে রমজান মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসিতে লেনদেন হবে নতুন সময়সূচিতে।

    সোমবার প্রতিষ্ঠানটির এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজান মাসে ডিএসইর লেনদেন সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত চলবে। পোস্ট ক্লোজিং সেশন থাকবে ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত।

    তবে অফিসিয়াল কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    রমজান মাস শেষ হওয়ার পরে আর্থিক প্রতিষ্ঠানে অফিস সময়সূচি, ব্যাংকের আর্থিক লেনদেন এবং ডিএসই এর লেনদেন আগের অবস্থায় ফিরে আসবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

  11. বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

    ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুইটি আসনে বিজয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া - ৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা - ১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।

    সোমবার নির্বাচন কমিশনে একটি চিঠি প্রধান নির্বাচন কমিশনারকে তা জানিয়েছেন তারেক রহমান।

    ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন গণমাধ্যমকে।

    নির্বাচন কমিশন আইনানুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ তিনটি আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন। কিন্তু জয়ী হলে শুধুমাত্র একটি আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেন।

    আইনানুযায়ী, এখন বগুড়া – ৬ এর ওই আসনটি শূন্য ঘোষণা করে গেজেট জারি করবে নির্বাচন কমিশন। পরে এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুইটি আসনে নির্বাচন করে দু’টিতেই বিজয়ী হয়েছেন।

  12. হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেম্বার জজ আদালতের, রোজায় স্কুল খোলা থাকছে

    রোজায় মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে চেম্বার জজ আদালত। এর ফলে, রোজায় স্কুল খোলা রাখার আগের সিদ্ধান্তই বহাল থাকবে।

    আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দিয়েছেন।

    পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে চেম্বার জজ ওই আদেশ স্থগিতের নির্দেশ দিয়েছেন।

    অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক বিবিসি বাংলাকে বলেন, "রাষ্ট্রপক্ষ নিয়মিত আপিল দায়ের না করা পর্যন্ত রোজায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশটি স্থগিত থাকবে বলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি আদেশ দিয়েছেন।"

    এর ফলে রমজানের মধ্যে স্কুল খোলা রাখায় বাধা থাকছে না।

    এর আগে, রোববার সরকারি – বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল পুরো রমজান মাসে বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল হাইকোর্টের একটি বেঞ্চ।

    গত পাঁচই জানুয়ারি রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

  13. শপথের পরে সংসদীয় দলের বৈঠক ডেকেছে বিএনপি

    জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানের পর সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি।

    ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

    মঙ্গলবার শপথ অনুষ্ঠান শেষে সকাল সাড়ে এগারোটায় সংসদ ভবনেই এই সভা হবে।

    “সংসদীয় দলের এই সভায় সংসদ নেতা নির্বাচন হবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ” বলেন মি. আহমদ।

    শুক্রবার রাতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ২৯৯ আসনের মধ্যে ২৯৭ টিতে জয়ীদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

    এই নির্বাচনে ২০৯ আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি।

    সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ নেওয়ার বিধান রয়েছে।

    মঙ্গলবার সকাল দশটায় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পর বিকালে সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে।

  14. সংবিধান সংস্কার পরিষদের শপথ পাঠ কে করাবেন সেটি এখনো নির্ধারিত নয়: সালাহউদ্দিন আহমদ

    ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করানো প্রধান নির্বাচন কমিশনারের সাংবিধানিক এখতিয়ার বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

    তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ পাঠ কে করাবেন সেটি এখনো নির্ধারিত নয় বলেও উল্লেখ করেছেন তিনি।

    মি. আহমদ বলেন, “সাংবিধানিক ম্যান্ডেট, কন্সটিটিউশনাল ম্যান্ডেট হচ্ছে দুইটা। একটা জাতীয় সংসদ নির্বাচনের, আর হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন কন্সটিটিউশনালি এটার দায়িত্ব প্রাপ্ত। সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আগামী কাল সকাল দশটায়।”

    তিনি আরো জানান, সাংবিধানিকভাবে স্পিকার বা ডেপুটি স্পিকার এভেইলেবল না থাকলে বা তারা অপারগ হলে বা তাদের মনোনীত প্রতিনিধি যদি না থাকে সেই ক্ষেত্রে দ্বিতীয় অপশন হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন।

    সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পাঠ করানো নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি জানান, সংবিধান সংশোধনীসহ বেশ কিছু বিষয় নির্ধারিত হওয়ার পরে তা করা যাবে।

    মি. আহমদ বলেন, “এর বাইরে সংবিধান সংস্কার পরিষদ, এটা যদি কন্সটিটিউশনে ধারণ করা হয় সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের দ্বিতীয় তফসিল ফর্ম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়, এতগুলো হয় এর পরে তারপরে হলে হতে পারে।”

  15. কমকর্তা ও কর্মচারীদের কাছ থেকে বিদায় নিয়েছেন প্রধান উপদেষ্টা

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিয়েছেন।

    ভাষণ শেষে তিনি কার্যালয়ে কর্মরত সবার সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে বাংলাদেশ সংবাদ সংস্থা

  16. সন্ধ্যায় জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি

    জুলাই সনদে আজ স্বাক্ষর করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার সন্ধ্যায় এনসিপির ছয় সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় যাবে। এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

    বার্তায় বলা হয়েছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ সন্ধ্যা ৬টায় জুলাই সনদে স্বাক্ষর করতে যমুনায় যাবে।

    প্রতিনিধি দলে থাকবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, মনিরা শারমিন ও জাবেদ রাসিন।

    গত বছরের ১৭ই অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ২৫টি রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে।

    তবে সে সময় জুলাই অগাস্ট আন্দোলনে নেতৃত্বদানকারী তরুণদের সংগঠন এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি। এবারে দলটির স্বাক্ষরের মধ্য দিয়ে সনদে নতুন রাজনৈতিক সমর্থন যুক্ত হবে।

    এবারে স্বাক্ষর করার কারণ হিসেবে যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বিবিসি বাংলাকে জানান, অক্টোবরে এই সনদ স্বাক্ষরের সময় এর আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতির বিষয়টি নিশ্চিত ছিলো না। কিন্তু গণভোট হয়েছে, সেখানে হ্যাঁ বিজয়ী হওয়ায় সংস্কারের আইনি ভিত্তি নিশ্চিত হয়েছে। তাই জন রায়ের পক্ষে অবস্থান নিয়েই আমরা এবার সনদে স্বাক্ষর করবো। এতে আমাদের ছয় জন এমপির লিগ্যাল অথরিটি থাকবে এবং ভবিষ্যতে কেউ সংস্কারবিরোধী কিছু করলে আমরা তাদের বিরুদ্ধে আইনের আওতায় লড়তে পারবো"।

  17. মন্ত্রিপরিষদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন নাসিমুল গনি

    নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন নাসিমুল গনি। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

    সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

    নাসিমুল গনি এতোদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্তবর্তী সরকার ক্ষমতা নেয়ার পর তাকে রাষ্ট্রপতির কার্যালয়ে জন বিভাগের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছিলো।

  18. প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

    সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। একে বিদায়ী সাক্ষাৎ বলে অভিহিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

    সোমবার ঢাকায় প্রধান উপদেষ্টা কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

    প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময়, সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  19. নতুন মন্ত্রী- প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাসা প্রস্তুত, প্রধানমন্ত্রী কোথায় থাকবেন?

    নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাসা প্রস্তুত আছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

    তবে প্রধানমন্ত্রীর বাসভবন কোনটা হবে, সেটা এখনো নিশ্চিত করা হয়নি বলে জানিয়েছেন আদিলুর রহমান।

    মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাসার কয়েকটিতে এখনো উপদেষ্টারা অবস্থান করছেন। তারা সরে গেলে নতুনদের জন্য আবার প্রস্তুত করা হবে বলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

    এদিকে নির্বাচনের আগে থেকেই নতুন সরকারের প্রধানমন্ত্রীর জন্য বাসভবনের অনুসন্ধান শুরু করে অন্তর্বর্তী সরকার। সম্ভাব্য কয়েকটি স্থানও নির্ধারণ করা হয়।

    যার মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাসহ শেরেবাংলা নগরের সংসদ ভবন এলাকার স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এলাকার একটি স্থান প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করার বিষয়টি বিবেচনা করা হয়েছিলো।

    কিন্তু শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকার কোন সিদ্ধান্ত নিতে না পারায় ধারণা করা হয়েছিলো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকেই নতুন প্রধানমন্ত্রীর বাসভবন করা হতে পারে।

    তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রী যেখানে পছন্দ করবেন সেখানে তার বাসভবনের ব্যবস্থা করা হবে বলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা জানিয়েছেন

    আগামীকাল মঙ্গলবার নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান হতে পারে। তাদের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখার জন্য সরকারি যানবাহন অধিদফতরকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা যায়।

  20. চরমোনাই পীরের সঙ্গে দেখা করবেন তারেক রহমান

    বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

    সোমবার সন্ধ্যায় তিনি সৈয়দ রেজাউল করিমের ঢাকায় সিদ্ধেশ্বরী এলাকার বাসায় যাবেন বলে ইসলামী আন্দোলনের মিডিয়া সেল জানিয়েছে।

    এর আগে গতকাল রোববার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে তাদের বাসায় গিয়ে দেখা করেছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে তারেক রহমান সবার সাথে সাক্ষাত করছেন বলে বিএনপির ভ্যারিফায়েড ফেসবুক পেইজে দাবি করা হয়।

Trending Now