হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান লারিজানি নিহত হয়েছেন, দাবি ইসরায়েলের

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। এদিকে, বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন এবং রকেট হামলার ঘটনাকে বলা হচ্ছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর 'সবচেয়ে তীব্র হামলা'।

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার যা যা ঘটেছে:

    • ইসরায়েল জানিয়েছে, তারা এক হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যা করেছে এবং দেশটির নেতাদের "খুঁজে বের করা অব্যাহত রাখবে"। এছাড়া বাসিজ কমান্ডার গোলামরেজা সোলেইমানিকেও হত্যা করা হয়েছে বলে দেশটি জানিয়েছে।
    • যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টার (এনসিটিসি)-এর পরিচালক জো কেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর পদত্যাগের ঘোষণা দিয়েছেন-যেখানে তিনি বলেছেন যে, "বিবেকের তাড়নায় আমি ইরানের সাথে চলমান এই যুদ্ধকে সমর্থন করতে পারছি না।"
    • বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
    • মঙ্গলবার তাঁর কালীঘাটের অফিসে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করলেন মিজ. ব্যানার্জী। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী।
    • সংযুক্ত আরব আমিরাতের শাহ গ্যাসফিল্ডে গতরাতের ড্রোন হামলার পর সেটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। আবুধাবি থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই শাহ গ্যাস ফিল্ড বিশ্বের অন্যতম বৃহত্তম সাওয়ার গ্যাসক্ষেত্র হিসেবে পরিচিত।
    • ঈদের ছুটিতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে লালমনিরহাটের পাটগ্রামে পণ্যবোঝাই ট্রাকের চাপায় নিহত হয়েছেন একই পরিবারের তিনজন। নিহতদের মাঝে একজন ছিলো শিশু।
    • যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যের কিছু রুটের বিমানের ফ্লাইট জুন মাস পর্যন্ত বাতিল করেছে ব্রিটিশ এয়ারওয়েজ।
    • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধের কারণে মার্চের শেষ দিকে তার নির্ধারিত চীন সফর তিনি প্রায় এক মাস পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন।
    • মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, এই সাতদিনের মাঝে শুধুমাত্র ঈদের দিনই মেট্রোরেল বন্ধ থাকবে। এছাড়া, ঈদের আগে ও পরে যথারীতি নির্ধারিত সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে।
    • ঈদের ছুটি শুরু হয়ে গেছে। পড়াশুনা, চাকরি বা ব্যবসাসহ বিভিন্ন কারণে যারা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে থাকেন, তারা এখন নিজ নিজ জেলায় ফিরতে শুরু করেছেন। ফলে স্বাভাবিকভাবেই বাস, ট্রেন, লঞ্চ সবক্ষেত্রে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গলবার সকাল থেকে গাবতলী, মহাখালী এবং যাত্রাবাড়ী বাস স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে।
    • বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে একাধিক ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। অন্যদিকে যুদ্ধ শুরুর পর থেকে ইরান সংযুক্ত আরব আমিরাতের দিকে প্রায় দুই হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। আমিরাতের রাজধানী আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে একজন নিহত হয়েছেন।

    বিবিসি বাংলার লাইভ পাতার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আজ এখানেই লাইভ পাতা শেষ হচ্ছে।

    আরও খবর পড়তে ওয়েবসাইটের মূল পাতায় ক্লিক করুন।

  2. মার্কিন ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টার প্রধানের পদত্যাগ

    জো কেন্ট

    ছবির উৎস, Bloomberg via Getty Images

    ছবির ক্যাপশান, জো কেন্ট

    যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টার (এনসিটিসি)-এর পরিচালক জো কেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর পদত্যাগের ঘোষণা দিয়েছেন-যেখানে তিনি জানিয়েছেন যে, "বিবেকের তাড়নায় আমি ইরানের সাথে চলমান এই যুদ্ধকে সমর্থন করতে পারছি না।"

    গত জুলাই মাসে ট্রাম্পের মনোনীত প্রার্থী হিসেবে জো কেন্ট এই পদের জন্য সিনেট কর্তৃক অনুমোদিত হয়েছিলেন।

    ট্রাম্পের উদ্দেশ্যে লেখা তাঁর পদত্যাগপত্রে কেন্ট বলেন, "ইরান আমাদের জাতির জন্য কোনো আসন্ন হুমকি ছিল না। এটি স্পষ্ট যে, আমরা ইসরায়েল এবং তাদের শক্তিশালী আমেরিকান লবির চাপে এই যুদ্ধ শুরু করেছি।"

    তিনি আরও উল্লেখ করেন: "আমি সেই মূল্যবোধ এবং পররাষ্ট্রনীতিকে সমর্থন করি যার ওপর ভিত্তি করে আপনি ২০১৬, ২০২০ এবং ২০২৪ সালে প্রচারণা চালিয়েছিলেন এবং যা আপনার প্রথম মেয়াদে কার্যকর করেছিলেন। ২০২৫ সালের জুন মাস পর্যন্ত আপনি নিজেও বুঝতে পেরেছিলেন যে, মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো একটি ফাঁদ; যা আমেরিকার দেশপ্রেমিকদের মূল্যবান জীবন কেড়ে নেয় এবং আমাদের জাতির সম্পদ ও সমৃদ্ধিকে নিঃশেষ করে দেয়।"

    "একজন প্রবীণ সৈনিক হিসেবে-যিনি ১১ বার যুদ্ধক্ষেত্রে নিয়োজিত ছিল এবং একজন 'গোল্ড স্টার' স্বামী হিসেবে-যিনি ইসরায়েলের তৈরি করা একটি যুদ্ধে তাঁর প্রিয়তমা স্ত্রী শ্যাননকে হারিয়েছেন, আমি পরবর্তী প্রজন্মকে এমন একটি যুদ্ধে লড়াই করতে বা মরতে পাঠাতে পারি না, যা আমেরিকান জনগণের কোনো উপকারে আসে না কিংবা আমেরিকানদের জীবনের বিনিময়েও সমর্থনযোগ্য নয়।"

  3. অভিনেতা শামস সুমন মারা গেছেন

    বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন মারা গেছেন।

    মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    চ্যানেল আইয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সুমন।

    শামস সুমন একাধিক চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। ২০০৮ সালে স্বপ্নপূরণ চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন।

  4. পশ্চিমবঙ্গে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস

    প্রার্থী তালিকা ঘোষণা করলেন মমতা ব্যানার্জী

    ছবির উৎস, AITC

    ছবির ক্যাপশান, প্রার্থী তালিকা ঘোষণা করলেন মমতা ব্যানার্জী

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী, আজ (মঙ্গলবার) ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

    সোমবার বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে। দক্ষিণ কলকাতার ওই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হন শুভেন্দু অধিকারী। ২০২১-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে মিজ. ব্যানার্জী লড়ে পরাজিত হয়েছিলেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা এবং বর্তমানে, বিরোধী দলনেতা, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে।

    এবার মমতা-শুভেন্দুর হাই ভোল্টেজ লড়াই ভবানীপুরে। মঙ্গলবার তাঁর কালীঘাটের অফিসে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করলেন মিজ. ব্যানার্জী, সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী।

    ‘আমরা ২০২৬-এ, ২২৬এর বেশি আসন পেয়ে জিতব,’ বললেন মিজ. ব্যানার্জী।

    ভবানীপুর ছাড়াও, কলকাতার অন্যান্য আসনে টিকিট পেলেন দলের প্রবীণ নেতারা: দেবাশিস কুমার (রাসবিহারী), ফিরহাদ হাকিম (কলকাতা বন্দর), শোভনদেব চট্টোপাধ্যায় (বালিগঞ্জ), শশী পাঁজা (শ্যামপুকুর)। বেলেঘাটা আসনে প্রার্থী হলেন রাজ্যসভার প্রাক্তন সংসদ সদস্য কুণাল ঘোষ। তালিকায় জায়গা পেয়েছেন, তৃণাঙ্কুর ভট্টাচার্য ( নোয়াপাড়া), দেবাংশু ভট্টাচার্য (চুঁচুড়া), শীর্ষান্ন ব্যানার্জীর (উত্তরপাড়া) মত তরুণরাও।

    ''এছাড়াও একাধিক তারকা প্রার্থী রয়েছেন তালিকায়। দলের প্রার্থী তালিকায় ৫২ জন নারী প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। তপশিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষিত আসনের থেকে বেশি সংখ্যক আসনে এসসি-এসটি প্রতিনিধিদের আমরা দাঁড় করিয়েছি। প্রায় ৪৭ জন সংখ্যালঘু প্রতিনিধি রয়েছেন,” এ দিন জানিয়েছেন অভিষেক ব্যানার্জী।

    শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জেল ফেরত পার্থ চ্যাটার্জী জায়গা না পেলেও রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে প্রার্থী করা হয়েছে হাবড়া কেন্দ্র থেকে।

    মেখলিগঞ্জ আসন থেকে লড়বেন পরেশ অধিকারী, শিক্ষক নিয়োগ দুনীর্তি মামলায় জড়িত বলে যাঁর মেয়ের চাকরী কেড়ে নিয়েছিল কলকাতা হাইকোর্ট।

    নন্দীগ্রাম আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে পবিত্র করকে যিনি প্রার্থী তালিকা ঘোষণার দিনই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। একদা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলে পরিচিত মি কর লড়বেন মি অধিকারের বিরুদ্ধেই।

    উল্লেখযোগ্য, দার্জিলিঙের তিনটি আসনে লড়বে না তৃণমূল কংগ্রেস, জানালেন মিজ ব্যানার্জী।

    কালিম্পং, কাশিয়াং, দাজিলিং এই তিনটি আসন সমঝোতা হয়েছে অনীত থাপার বিজিপিএম দলের সঙ্গে। সোমবার ইতিমধ্যেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট এবং বিজেপি।

  5. ইসরায়েলি হামলায় লক্ষ্যবস্তু ইরানের শীর্ষ নেতৃত্ব

    ইসরায়েল জানিয়েছে, তারা এক হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যা করেছে এবং দেশটির নেতাদের "খুঁজে বের করা অব্যাহত রাখবে"।

    ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর থেকে দেশটির অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন।

    ইরানের ওপর মার্কিন ইসরায়েলি হামলার প্রথম দিনের পর, ২৮শে ফেব্রুয়ারি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘোষণা দেওয়া হয়।

    প্রথম দফার হামলায় আরও নিহত হন নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি, প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ, বিপ্লবী রক্ষী বাহিনীর কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর এবং সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ আবদুল রাহিম মুসাভি।

  6. ‘শত শত স্টারলিংক ডিভাইস’ বাজেয়াপ্ত করেছে ইরান কর্তৃপক্ষ

    ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “শত্রুপক্ষের পাঠানো শত শত স্টারলিংক ডিভাইস” বাজেয়াপ্ত করেছে তারা।

    ইরানের সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, এখানে শত্রুপক্ষ বলতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বোঝানো হয়েছে।

    বিবৃতিতে বলা হয়েছে, আইন অনুযায়ী স্টারলিংক সংগ্রহ ও ব্যবহার করা একটি “অপরাধ” এবং যুদ্ধের সময় যে কেউ এমন করে তাহলে তাকে “সর্বোচ্চ শাস্তি” দেওয়া হবে।

    ইরানে স্টারলিংক ব্যবহারের শাস্তি সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড।

    যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চলমান ইন্টারনেট বিভ্রাটের কারণে ইরানে থাকা ব্যক্তিদের সাথে যোগাযোগ করা এখনও খুব কঠিন, কিন্তু প্রযুক্তি সচেতন বাসিন্দারা স্পেসএক্সের স্টারলিংক ডিভাইস ব্যবহার করছেন এবং এই একই সংযোগ অন্যদের সাথে ভাগ করে নিচ্ছেন।

  7. লারিজানির লেখা দাবি করে বার্তা প্রকাশ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে

    ইরানি সংবাদমাধ্যম এবং আলী লারিজানির টেলিগ্রাম ও এক্স অ্যাকাউন্টে প্রকাশিত একটি ছবিতে হাতে লেখা একটি বার্তা দেখা গেছে। তব এটিতে কোনো সময় ও তারিখের ছাপ নেই কিন্তু দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই বার্তাটি আজকের।

    এই বার্তায় ইরানের নৌবাহিনীর “যোদ্ধাদের” প্রশংসা করা হয়েছে।

    এ মাসের শুরুর দিকে আইআরআইএস ডেনা যুদ্ধজাহাজে নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়ার দিনে এই সম্মাননা জানানো হলো।

    এমন এক সময়ে এই ঘটনাটি ঘটলো যখন ইরান আজকে আরও রাষ্ট্রীয় অনুষ্ঠানের আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে।

    এর মধ্যে রয়েছে চৌঠা মার্চ একটি মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় নিহত ৮৪ জন নাবিককে সম্মান জানানোর জন্য একটি সান্ধ্যকালীন অনুষ্ঠান।

    শ্রীলঙ্কার দক্ষিণ উপকূল থেকে প্রায় ৪০ কিলোমিটার(২৫ মাইল) দূরে ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ আইরিস ডেনাতে থাকা ১৩০ জনের মধ্যে এই নাবিকরাও ছিলেন বলে ধারণা করা হয়।

    ভারতের আয়োজিত একটি সামরিক মহড়া থেকে ফেরার পথে আইরিস ডেনা হামলার শিকার হয়েছিল।

  8. নতুন করে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান

    ইরান ইসরায়েলের দিকে আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সেগুলো প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী বা আইডিএফ।

    পাশাপাশি, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানিয়েছে, ইরান থেকে “অধিকৃত অঞ্চলগুলোর” দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

  9. ড্রোন হামলার কারণে সংযুক্ত আরব আমিরাতের শাহ গ্যাস ফিল্ডের কার্যক্রম স্থগিত

    সংযুক্ত আরব আমিরাতের শাহ গ্যাসফিল্ড

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ড্রোন হামলার কারণে সংযুক্ত আরব আমিরাতের শাহ গ্যাস ফিল্ডের কার্যক্রম স্থগিত

    সংযুক্ত আরব আমিরাতের শাহ গ্যাসফিল্ডে গতরাতের ড্রোন হামলার পর সেটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

    আবুধাবি থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই শাহ গ্যাস ফিল্ড বিশ্বের অন্যতম বৃহত্তম সাওয়ার গ্যাসক্ষেত্র হিসেবে পরিচিত।

    এর পাশাপাশি ফুজাইরাহ বন্দরের তেল স্থাপনাগুলোতেও পুনরায় হামলা চালানো হয়েছে, ফলে সেখানেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    ড্রোন হামলার কারণে ফুজাইরাহ বন্দরে তেল লোডিং কার্যক্রম দুইবার বন্ধ করতে হয়েছিল, তবে বর্তমানে তা আবার শুরু হয়েছে।

    এই হামলাগুলোতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সরকারি গণমাধ্যম।

    তবে একটি অজ্ঞাত প্রজেক্টাইল ফুজাইরাহ বন্দর থেকে ৪২ কিলোমিটার পূর্বে একটি তেলবাহী ট্যাংকারে আঘাত করেছে, এর ফলে জাহাজটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

    দুইটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এসব ঘটনার ফলে সংযুক্ত আরব আমিরাতের দৈনিক তেল উৎপাদন অর্ধেক হয়ে গেছে।

    এছাড়া হরমুজ প্রণালি বন্ধ থাকায় দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি তাদের উৎপাদন উল্লেখযোগ্য হারে কমাতে বাধ্য হয়েছে।

  10. কে এই আলী লারিজানি?

    আলি লারিজানি

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, আলি লারিজানি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের(এসএনএসসি) প্রভাবশালী সচিব।

    আলি লারিজানি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের(এসএনএসসি) প্রভাবশালী সচিব।

    ২০২৫ সালের অগাস্টে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে এসএনএসসি’র সচিব এবং পরিষদে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতিনিধি হিসেবে নিয়োগ দেন।

    ইরানি গণমাধ্যমগুলোতে তাকে প্রয়াত সর্বোচ্চ নেতার উপদেষ্টা হিসেবেও পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল।

    তিনি ২০০৮ সালের মে থেকে ২০২০ সালের মে পর্যন্ত ১২ বছর ইরানের সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।

    যদিও তিনি ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সংসদে প্রিন্সিপলিস্ট গোষ্ঠীর নেতৃত্ব দিয়েছিলেন তবে সাম্প্রতিক বছরগুলোতে তাকে একজন “মধ্যপন্থী রক্ষণশীল” হিসেবে দেখা গেছে।

    স্পিকার হওয়ার আগে লারিজানি ২০০৫ সাল থেকে ২০০৭ সালের মধ্যে ইরানের প্রধান পারমাণবিক নেগোশিয়েটর বা আলোচক হিসেবে দায়িত্ব পালন করেন।

    তার ভাই, সাদেঘ লারিজানি, ইসলামি প্রজাতন্ত্রের আরেকজন প্রভাবশালী ব্যক্তিত্ব।

    তিনি এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সভাপতিত্ব করেন।

    যেটি একটি শীর্ষ সালিশি সংস্থা এবং সংসদ ও সাংবিধানিক তত্ত্বাবধায়ক সংস্থা গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে চূড়ান্ত সালিশকারী হিসেবে কাজ করে।

  11. ইরানের নেতাদের “খুঁজে খুঁজে নির্মূল করা” অব্যাহত রাখবে ইসরায়েল

    ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ গত রাতে চালানো হামলা সম্পর্কেবলেছেন, ওই হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি ছাড়াও বাসিজ কমান্ডার গোলামরেজা সোলেইমানিকেও হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

    তিনি বলেন, “প্রধানমন্ত্রী এবং আমি ইরানে সন্ত্রাস ও নিপীড়নমূলক শাসনের নেতৃ্ত্বকে খুঁজে বের করার অভিযান অব্যাহত রাখতে আইডিএফকে (ইসরায়েলি সেনাবাহিনী) নির্দেশ দিয়েছি।”

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যের সূত্র ধরে কাৎজ বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের নেতৃত্বের ঘন ঘন পরিবর্তন নিয়ে কথা বলেছিলেন... আমরা তাকে আপডেট দেব, এই পরিবর্তনের হার বর্তমানে আরও বেড়েছে। ইরানের অন্যতম শীর্ষ দুই নেতাকে হত্যার মাধ্যমে এই প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয়েছে।”

    বিবৃতিতে কাৎজ এই অভিযানে অংশ নেওয়া ইসরায়েলি বিমান বাহিনীর পাইলট এবং গোয়েন্দা কর্মকর্তাদের প্রশংসা করেন।

    তবে ইরান এখন পর্যন্ত লারিজানি এবং সোলেইমানির মৃত্যুর খবর নিশ্চিত করেনি।

  12. ব্রেকিং, ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান লারিজানি নিহত হয়েছেন: ইসরায়েল

    ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি নিহত হয়েছেন

    ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

    এক বিবৃতিতে কাৎজ বলেন, গত রাতে ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার মৃত্যুর খবরটি তিনি এইমাত্র জানতে পেরেছেন।

  13. শীর্ষ কর্মকর্তা লারিজানির বার্তা শীঘ্রই আসছে: ইরানি গনমাধ্যম

    ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি শীঘ্রই একটি বার্তা দেবেন।

    ইরানের অন্তত দুটি সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

    ইসরায়েলি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন, আইডিএফ লারিজানিকে লক্ষ্যবস্তু করেছে।

    ইরানের তাসনিম এবং মেহর সংবাদ সংস্থার পোস্টগুলোতে বলা হয়েছে, বার্তাটি “কয়েক মিনিটের মধ্যেই প্রকাশ করা হবে।”

  14. ইরানের নিরাপত্তা বাহিনীর প্রধান লারিজানিকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী

    ইসরায়েলি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ কাউন্সিলের সচিব আলী লারিজানিকে লক্ষ্যবস্তু করেছে আইডিএফ।

    তবে আলী লারিজানি নিহত হয়েছেন নাকি আহত হয়েছেন সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।

    একইসাথে বাসিজ কমান্ডার গোলামরেজা সোলাইমানিকে হত্যার কথাও দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

  15. মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার পথে এক পরিবারের তিনজন নিহত

    সড়ক দুর্ঘটনা (প্রতীকী ছবি)

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, সড়ক দুর্ঘটনা (প্রতীকী ছবি)

    ঈদের ছুটিতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে লালমনিরহাটের পাটগ্রামে পণ্যবোঝাই ট্রাকের চাপায় নিহত হয়েছেন একই পরিবারের তিনজন। নিহতদের মাঝে একজন ছিলো শিশু।

    পাটগ্রাম থানার ওসি নাজমুল হক বিবিসি বাংলাকে খবরটি নিশ্চিত করেন।

    তিনি বলেন, আজ সকাল সাতটার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের মির্জারকোট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

    "স্ত্রী ঘটনাস্থলেই মারা যেন। শিশু ও স্বামীকে হাসপাতালে নেওয়া হলে তারাও মারা যায়।"

    এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কী-না জানতে চাইলে তিনি আরও বলেন, "ট্রাক তো মেরে দিয়ে চলে গেছে। ঘটনা ঘটার পর আমরা স্পটে যেতে যেতে আর ধরা যায়নি।"

    তবে "আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছি তো, আশা করি পেয়ে যাবো," যোগ করেন তিনি।

    নিহত পরিবারটি ঈদের ছুটিতে গ্রামের বাড়ি দিনাজপুর যাচ্ছিলো বলে পুলিশ জানিয়েছে।

  16. মধ্যপ্রাচ্যের কিছু রুট জুন পর্যন্ত স্থগিত করেছে ব্রিটিশ এয়ারওয়েজ

    ব্রিটিশ এয়ারওয়েজ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মধ্যপ্রাচ্যের কিছু রুট জুন পর্যন্ত স্থগিত করেছে ব্রিটিশ এয়ারওয়েজ

    যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যের কিছু রুটের বিমানের ফ্লাইট জুন মাস পর্যন্ত বাতিল করেছে ব্রিটিশ এয়ারওয়েজ।

    আম্মান, বাহরাইন, দুবাই এবং তেল আভিভের ফ্লাইটগুলো ৩১শে মে পর্যন্ত সাময়িকভাবে বাতিল করা হয়েছে এবং দোহাগামী ফ্লাইটগুলো ৩০শে এপ্রিল পর্যন্ত স্থগিত রয়েছে।

    ব্রিটিশ এয়ারওয়েজের একজন মুখপাত্র জানিয়েছেন, “মধ্যপ্রাচ্যের বর্তমান অনিশ্চিত পরিস্থিতি এবং আকাশপথের অস্থিরতার কারণে আমাদের গ্রাহকদের সুবিধার্থে আমরা এই অঞ্চলে আমাদের ফ্লাইটের চলাচলের সংখ্যা সাময়িকভাবে কমানোর সিদ্ধান্ত নিয়েছি এবং এই সময়সীমা আরো বাড়িয়েছি।”

    “আমরা ক্রমাগত পরিস্থিতি পর্যালোচনা করছি এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের জন্য বিভিন্ন বিকল্প ব্যবস্থা করার জন্য সরাসরি তাদের সাথে যোগাযোগ করছি।”

    যাদের ফ্লাইট বাতিল হয়েছে, তারা অন্য কোনো এয়ারলাইন্সের মাধ্যমে নতুন করে বুকিং দেওয়া, ভ্রমণের তারিখ পরিবর্তন করা অথবা পুরো টাকা ফেরত(রিফান্ড) পাওয়ার সুযোগ পাবেন।

    তবে সৌদি আরবের রিয়াদ এবং জেদ্দায় ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটগুলো আগের মতোই চালু রয়েছে।

  17. চীন সফর বিলম্বে ‘কোনো কৌশল নেই’, বেইজিংয়ের সমালোচনার পর বললেন ট্রাম্প

    গত বছর দক্ষিণ কোরিয়ায় ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, গত বছর দক্ষিণ কোরিয়ায় ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধের কারণে মার্চের শেষ দিকে তার নির্ধারিত চীন সফর তিনি প্রায় এক মাস পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন।

    সোমবার তিনি বলেন, "বিষয়টি খুবই সোজা। এখন একটি যুদ্ধ চলছে। আমার এখানে থাকা গুরুত্বপূর্ণ।"

    তিনি আরও জোর দিয়ে বলেন, এতে "এখানে কোনো কৌশল নেই" এবং তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছেন।

    এর একদিন আগে যুক্তরাজ্যের ফিন্যান্সিয়াল টাইমসকে তিনি বলেছিলেন, চীন যদি উপসাগরীয় অঞ্চলের জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে সহায়তা না করে, তাহলে তিনি বৈঠকটি স্থগিত করতে পারেন।

    ইরান যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে উত্তেজনা বেড়েছে।

    ইরানের জ্বালানি রপ্তানির বড় ক্রেতা চীন এবং দেশটি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সমালোচনা করেছে।

    এদিকে, গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের শুল্ক নীতি সুপ্রিম কোর্ট বাতিল করার পর যুক্তরাষ্ট্র চীনসহ কয়েকটি দেশের বাণিজ্য নীতি তদন্ত করার ঘোষণা দেয়।

  18. ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

    মেট্রোরেল সিস্টেম চালুর দিক থেকে এশিয়ার মধ্যে ২২তম দেশ হলো বাংলাদেশ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মেট্রোরেল সিস্টেম চালুর দিক থেকে এশিয়ার মধ্যে ২২তম দেশ হলো বাংলাদেশ

    ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আজ থেকে টানা সাত দিন ছুটি শুরু হয়েছে।

    এই ছুটিতে মেট্রোরেল কবে কবে চলবে আর কবে কবে বন্ধ থাকবে, তা জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

    ডিএমটিসিএল জানিয়েছে, এই সাতদিনের মাঝে শুধুমাত্র ঈদের দিনই মেট্রোরেল বন্ধ থাকবে।

    এছাড়া, ঈদের আগে ও পরে যথারীতি নির্ধারিত সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে।

    ধারণা করা হচ্ছে, আগামী ২১শে মার্চ ঈদ-উল-ফিতর উদযাপিত হতে পারে বাংলাদেশে।

  19. লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দক্ষিণ লেবাননের, বিশেষ করে আরব আল জাল গ্রামের বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়তে বলেছে। কারণ তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহকে লক্ষ্য করে হামলা অব্যাহত রাখবে।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র বলেন, “শীঘ্রই হেজবুল্লাহর সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে।”

    এদিকে, লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, মঙ্গলবার ভোরে বৈরুতের তিনটি এলাকায় ইসরায়েলি বিমান হামলা হয়েছে।

    এর আগে ইসরায়েল টেলিগ্রামে জানিয়েছিল, তারা বৈরুতে হেজবুল্লাহর “সন্ত্রাসী অবকাঠামো” লক্ষ্য করে আরও এক দফা হামলা চালিয়েছে।

  20. ঈদের ছুটিতে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ

    বাড়ি ফিরছেন মানুষজন

    ছবির উৎস, Getty Images

    ঈদের ছুটি শুরু হয়ে গেছে। পড়াশুনা, চাকরি বা ব্যবসাসহ বিভিন্ন কারণে যারা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে থাকেন, তারা এখন নিজ নিজ জেলায় ফিরতে শুরু করেছেন।

    ফলে স্বাভাবিকভাবেই বাস, ট্রেন, লঞ্চ সবক্ষেত্রে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

    মঙ্গলবার সকাল থেকে গাবতলী, মহাখালী এবং যাত্রাবাড়ী বাস স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে।

    সেই সাথে কমলাপুর রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্টেশনে ব্যাপক ভিড় দেখা গেছে।

    যারা আগে থেকে টিকেট কেটে রেখেছেন, তারা কিছুটা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারলেও যারা আগে থেকে টিকেট কেটে রাখেননি, নতুন করে টিকেট কাটতে গিয়ে এখন তারা ভোগান্তির মুখে পড়ছেন।

    কারণ এখন একদিকে রয়েছে টিকেট সংকট, অপরদিকে তাদেরকে গুণতে হচ্ছে বাড়তি ভাড়াও।

Trending Now