মঙ্গলবার যা যা ঘটেছে:
- ইসরায়েল জানিয়েছে, তারা এক হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যা করেছে এবং দেশটির নেতাদের "খুঁজে বের করা অব্যাহত রাখবে"। এছাড়া বাসিজ কমান্ডার গোলামরেজা সোলেইমানিকেও হত্যা করা হয়েছে বলে দেশটি জানিয়েছে।
- যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টার (এনসিটিসি)-এর পরিচালক জো কেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর পদত্যাগের ঘোষণা দিয়েছেন-যেখানে তিনি বলেছেন যে, "বিবেকের তাড়নায় আমি ইরানের সাথে চলমান এই যুদ্ধকে সমর্থন করতে পারছি না।"
- বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
- মঙ্গলবার তাঁর কালীঘাটের অফিসে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করলেন মিজ. ব্যানার্জী। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী।
- সংযুক্ত আরব আমিরাতের শাহ গ্যাসফিল্ডে গতরাতের ড্রোন হামলার পর সেটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। আবুধাবি থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই শাহ গ্যাস ফিল্ড বিশ্বের অন্যতম বৃহত্তম সাওয়ার গ্যাসক্ষেত্র হিসেবে পরিচিত।
- ঈদের ছুটিতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে লালমনিরহাটের পাটগ্রামে পণ্যবোঝাই ট্রাকের চাপায় নিহত হয়েছেন একই পরিবারের তিনজন। নিহতদের মাঝে একজন ছিলো শিশু।
- যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যের কিছু রুটের বিমানের ফ্লাইট জুন মাস পর্যন্ত বাতিল করেছে ব্রিটিশ এয়ারওয়েজ।
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধের কারণে মার্চের শেষ দিকে তার নির্ধারিত চীন সফর তিনি প্রায় এক মাস পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন।
- মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, এই সাতদিনের মাঝে শুধুমাত্র ঈদের দিনই মেট্রোরেল বন্ধ থাকবে। এছাড়া, ঈদের আগে ও পরে যথারীতি নির্ধারিত সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে।
- ঈদের ছুটি শুরু হয়ে গেছে। পড়াশুনা, চাকরি বা ব্যবসাসহ বিভিন্ন কারণে যারা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে থাকেন, তারা এখন নিজ নিজ জেলায় ফিরতে শুরু করেছেন। ফলে স্বাভাবিকভাবেই বাস, ট্রেন, লঞ্চ সবক্ষেত্রে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গলবার সকাল থেকে গাবতলী, মহাখালী এবং যাত্রাবাড়ী বাস স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে।
- বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে একাধিক ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। অন্যদিকে যুদ্ধ শুরুর পর থেকে ইরান সংযুক্ত আরব আমিরাতের দিকে প্রায় দুই হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। আমিরাতের রাজধানী আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে একজন নিহত হয়েছেন।
বিবিসি বাংলার লাইভ পাতার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আজ এখানেই লাইভ পাতা শেষ হচ্ছে।
আরও খবর পড়তে ওয়েবসাইটের মূল পাতায় ক্লিক করুন।