লাইভ, শ্রীলঙ্কার কাছে ইরানের জাহাজ ডুবিতে ৮০ জনের মৃত্যুর খবর

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন যে, ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র “একটি ইরানি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছে, যা আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ মনে করেছিল”। এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বাণিজ্য চুক্তি নিয়ে দুই দলের প্রধানই সম্মতি দিয়েছিলেন: পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

    ছবির উৎস, Screen Grab

    ছবির ক্যাপশান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

    বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, "ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দু'টি দলের প্রধানের সাথে নির্বাচনের আগেই কথা বলেছে এবং তারা এতে সম্মতি দিয়েছিলেন। সুতরাং, এমন না যে এইটা আমরা অন্ধকারে করেছি"।

    আজ বুধবার চৌঠা মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

    এ সময় তিনি আরও বলেন, "আরেকটি জিনিস মনে রাখবেন, এতে (মার্কিন চুক্তিতে) একটি এন্ট্রি ক্লজ ও এক্সিট ক্লজ আছে। এন্ট্রি ক্লজ হচ্ছে, নোটিফিকেশন না হলে এটা কার্যকর হবে না। এখনো নোটিফিকেশনে যায়নি। সরকার ইচ্ছে করলে রিভিউ করতে পারে। আর এক্সিট ক্লজ হচ্ছে, আপনি ৬০ দিনের নোটিশ দিয়ে বেরিয়ে যেতে পারেন। এমন না যে আমরা একটা বন্ধ ঘরে বাংলাদেশকে ঠেলে দিয়েছি।"

    মার্কিন চুক্তিটি পাঠে বাংলাদেশে একটি 'বিভ্রান্তি' আছে উল্লেখ করে তিনি আরও বলেন, "শুধুমাত্র বাংলাদেশের সাথে এগ্রিমেন্টটা দেখলে চলবে না। পাশাপাশি দেখবেন যে ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ অন্যান্য দেশগুলো কী কী দিয়েছে, কী কী পেয়েছে। এটা কম্পেয়ার করলে দেখবেন, মোটামুটি ইউনিফর্ম ল্যাঙ্গুয়েজ সব জায়গায়"।

    সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন যে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মাঝখানে পড়েনি।

    "প্রথমে একেবারেই শুরুতে যখন এই ডিলটা হলো, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রথম তাদের কাছে আমাদের বাণিজ্য ঘাটতি নিয়ে আমরা কথা বলি। এই রেসিপ্রোকাল টারিফ আরোপ করা হয় সম্ভবত এপ্রিল মাসে এবং তারপর থেকে এই আলোচনা শুরু হয়। এপ্রিল থেকে জুলাই টানা আলোচনা চলে। শুধু আমাদের না, আরও অনেক দেশের সাথে রেসিপ্রোক্যাল ট্যারিফ নিয়ে আলোচনা হয় এবং সেই আলোচনার পরে কিন্তু আমরা ২০ শতাংশ পেয়েছিলাম।"

    সেইসময় দু'ট বিষয় ছাড়া "মোটামুটিভাবে চুক্তিটা হয়ে গেছিলো" উল্লেখ করে তিনি যোগ করেন, "এক, আমরা তাদেরকে বলেছিলাম যে আমেরিকান কটন বা ম্যানমেড ফাইবার দিয়ে তৈরি যে পোশাক আমরা তাদের কাছে পাঠাবো, সেখানে আমরা জিরো রেসিপ্রোক্যাল ট্যারিফ চাই। সেটা করতে তাদের সময় লেগেছে, তবে এটা কিন্তু আমাদের স্বার্থে"।

    "আর দ্বিতীয়টা হলো, রুলস অব অরিজিন। তাতেও তারা সময় নিয়েছে। অ্যাগ্রিমেন্ট আমরা করে রেখেছিলাম ৩১শে জুলাই। এক তারিখে আমরা ২০ শতাংশ পেয়েছি। সুতরাং, এটা যে চট করে নির্বাচনের তিন দিন আগে করা হয়েছে সেটা ঠিক নয়"।

    এসময় মন্ত্রী আরও বলেন যে বর্তমান সরকারের "সবার আগে বাংলাদেশ" মন্ত্রের সাথে এই চুক্তিটি সাংঘর্ষিক না।

  2. হরমুজ প্রণালী বন্ধ থাকায় পারস্য উপসাগরে আটকা প্রায় ২০০ ট্যাংকার

    স্যাটেলাইট থেকে নেওয়া হরমুজ প্রণালীর ছবি

    ছবির উৎস, Stocktrek/Getty Images

    ছবির ক্যাপশান, স্যাটেলাইট থেকে নেওয়া হরমুজ প্রণালীর ছবি

    সর্বশেষ পরিসংখ্যানে দেখা যাচ্ছে, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর এখন পারস্য উপসাগরে আন্তর্জাতিক প্রায় ২০০টি তেলের ট্যাংকার আটকে রয়েছে। এসব ট্যাংকারের মালিকরা অপেক্ষা করছেন—বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথটির মধ্য দিয়ে চলাচল করা নিরাপদ কি না তা দেখার জন্য।

    বিবিসি ফার্সির এক খবরে এই তথ্য জানানো হয়েছে।

    রেভল্যুশনারি গার্ড কোর ঘোষণা করেছে যে তারা হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং সাম্প্রতিক দিনগুলোতে ওই এলাকায় বেশ কয়েকটি জাহাজ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

    প্রায় ৬০টি সুপারট্যাংকার—যা বৈশ্বিক বহরের প্রায় আট শতাংশ—সেখানে আটকে আছে।

    এই ব্যাঘাত ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের উপরে নিয়ে গেছে।

  3. শ্রীলঙ্কার কাছে ইরানের জাহাজ ডুবে ৮০ জনের মৃত্যুর খবর

    ইরানের সামরিক জাহাজ আইরিস ডেনা ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রিও ডি জেনিরোর বন্দরে নোঙ্গর করার সময়কার ছবি

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইরানের সামরিক জাহাজ আইরিস ডেনা ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রিও ডি জেনিরোর বন্দরে নোঙ্গর করার সময়কার ছবি

    ইরানের নৌবাহিনীর যে জাহাজটি শ্রীলঙ্কার উপকূলে ডুবে গেছে, তার বিষয়ে আমরা আরও তথ্য পাচ্ছি।

    রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী স্থানীয় টেলিভিশনকে জানিয়েছেন যে ভারত মহাসাগরে ওই হামলার পর অন্তত ৮০ জন নিহত হয়েছেন।

    শ্রীলঙ্কার নৌবাহিনীর এক মুখপাত্র বলেছেন, জাহাজটির নথিপত্র অনুযায়ী প্রায় ১৮০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

    এর আগে শ্রীলঙ্কার নৌবাহিনী নিশ্চিত করেছে যে তারা ইরানের নৌবাহিনীর জাহাজ “আইরিস দেনা” থেকে বিপদসংকেত পাওয়ার পর ৩২ জনকে উদ্ধার করেছে।

    যদি শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী এবং নৌবাহিনীর মুখপাত্রের দেওয়া সংখ্যা সঠিক হয়, তবে এখনো প্রায় ৬৮ জনের কোনো সন্ধান নেই।

  4. ইরান ‘ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল’, দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

    যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, “ইরান প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করার চেষ্টা করেছিল” এবং “প্রেসিডেন্ট ট্রাম্প শেষ পর্যন্ত তা মোকাবিলা করতে পেরেছেন”।

    তিনি আরও বলেন, মঙ্গলবার যুক্তরাষ্ট্র “সেই ইউনিটের নেতাকে খুঁজে বের করে হত্যা করেছে—যে ইউনিট প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল”।

    হেগসেথ যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনের সঙ্গে পেন্টাগনে সাংবাদিকদের ব্রিফ করার সময় এই কথা বলেন।

    ২০২৪ সালে ট্রাম্পকে হত্যার কথিত ইরানি পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজন আফগান নাগরিকের বিরুদ্ধে অভিযোগ আনে যুক্তরাষ্ট্র।

    ২০২৪ সালে, সেই বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার কথিত ইরানি পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজন আফগান নাগরিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে যুক্তরাষ্ট্র সরকার।

    মার্কিন বিচার বিভাগ অভিযোগ করেছিল যে ৫১ বছর বয়সী ফারহাদ শাকেরিকে ট্রাম্পকে হত্যার জন্য “একটি পরিকল্পনা দেওয়ার” দায়িত্ব দেওয়া হয়েছিল।

    তখন মার্কিন সরকার জানায়, শাকেরি ইরানে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।

    ম্যানহাটনের আদালতে দায়ের করা এক ফৌজদারি অভিযোগে প্রসিকিউটররা উল্লেখ করেন যে ইরানের রেভল্যুশনারি গার্ডের এক কর্মকর্তা শাকেরিকে সেপ্টেম্বর মাসে ট্রাম্পকে নজরদারি ও হত্যা করার একটি পরিকল্পনা তৈরি করার নির্দেশ দেন।

  5. 'আরো ঢেউ' আসছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ

    এটি "কখনো একটি ন্যায্য লড়াই হওয়ার কথা ছিল না, এবং এটি একটি ন্যায্য লড়াইও নয়," বলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

    তিনি আরও বলেন যে "যখন তারা পতনশীল" তখন আমেরিকা ইরানকে ঘুষি মারছে।

  6. ভারত মহাসাগরে টর্পেডো দিয়ে ইরানি যুদ্ধজাহাজ ডোবানোর দাবি যুক্তরাষ্ট্রের

    যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

    ছবির উৎস, Pool

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

    যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন যে, ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র “একটি ইরানি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছে, যা আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ মনে করেছিল”।

    তিনি বলেন, “জাহাজটি টর্পেডো দিয়ে ডুবিয়ে দেওয়া হয়েছে”।

    কোন ইরানি জাহাজটি লক্ষ্যবস্তু করা হয়েছিল তা উল্লেখ করেননি হেগসেথ।

    তবে এর আগে শ্রীলঙ্কার নৌবাহিনী জানিয়েছে যে ‘আইআরআইএস দেনা’ নামের জাহাজটি ভারত মহাসাগরে ডুবে গেছে এবং সেখানে প্রায় ১৪০ জন আরোহী নিখোঁজ রয়েছে।

  7. ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরির আঘাতে নারী শিক্ষকের মৃত্যুর অভিযোগ

    আহত কর্মচারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে

    ছবির উৎস, Screengrab

    ছবির ক্যাপশান, আহত কর্মচারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে

    কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরির আঘাতে এক নারী শিক্ষকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

    নিহত শিক্ষক আসমা সাদিয়া রুনা, বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক এবং বিভাগীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বুধবার বিকেলে নিজ অফিস থেকেই তার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ।

    এই ঘটনায় ফজলুর নামে ওই বিভাগের এক সাবেক চুক্তিভিত্তিক কর্মচারীকেও আহত অবস্থায় উদ্ধার করা হয়।

    বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর মো. শাহিনুজ্জামান।

    তবে আসলে কী ঘটনা ঘটেছে সেটি নিশ্চিত করতে পারেননি তিনি।

    মি. শাহিনুজ্জামান জানান, বিভাগে চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে কর্মরত ছিল ওই কর্মচারী। ক'দিন আগেই তাকে অন্য বিভাগে পাঠানো হয়েছিল।

    “বিকেলে ম্যাডামের অফিস থেকে এই দুজনকে উদ্ধার করা হয়। পরে পুলিশ এসে তাদেরকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠায়,” বলেন তিনি।

  8. শ্রীলঙ্কার উপকূলে ইরানি জাহাজ ডুবিতে ১৪০ জন নিখোঁজের আশঙ্কা, ইয়োগীতা লিমায়ে, দক্ষিণ এশিয়ার সংবাদদাতা, মুম্বাই থেকে প্রতিবেদনে

    সাগরে একটি ট্রলার ভাসছে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, শ্রীলঙ্কার উপকূলে ইরানের একটি জাহাজ ডুবে গেছে

    শ্রীলঙ্কার নৌবাহিনী নিশ্চিত করেছে যে তারা আজ ভোরে ইরানের নৌবাহিনীর জাহাজ ‘আইআরআইএস দেনা’ থেকে বিপদসংকেত পাওয়ার পর ৩২ জনকে উদ্ধার করেছে।

    শ্রীলঙ্কার নৌবাহিনীর মুখপাত্র বুধিকা সম্পথ বলেন, “যদিও ঘটনাস্থল আমাদের জলসীমার বাইরে ছিল, এটি আমাদের অনুসন্ধান ও উদ্ধার এলাকার মধ্যে পড়ে। তাই আন্তর্জাতিক বাধ্যবাধকতা অনুযায়ী আমাদের সাড়া দেওয়া বাধ্যতামূলক ছিল”।

    তিনি আরও বলেন, “আমরা পানিতে ভাসমান কিছু লোককে দেখি, তাদের উদ্ধার করি, পরে জিজ্ঞাসাবাদে জানতে পারি তারা ইরানের একটি জাহাজের সদস্য”।

    তিনি জানান, জাহাজের নথি অনুযায়ী জাহাজটিতে ১৮০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে, যদিও কতজন নিখোঁজ তা এখনো নিশ্চিত নয়।

    মুখপাত্র আরও বলেন, উদ্ধার অভিযান শুরু করার সময় তারা জাহাজটি দেখতে পাননি, তবে পানিতে তেলের স্তর এবং ভাসমান লাইফ র‍্যাফট দেখতে পান।

    তিনি বিবিসিকে আরও জানান, জাহাজটি ডোবার পেছনে সাবমেরিন হামলার যে প্রতিবেদন এসেছে, তা তিনি প্রত্যাখ্যান করেন এবং কারণ এখনো অজানা।

    এর আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, এয়ার ভাইস মার্শাল সম্পথ থুইয়াকোন্থা বিবিসি সিংহলাকে বলেন, প্রায় ১৪০ জন নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে।

    এখন পর্যন্ত শ্রীলঙ্কার সামরিক বাহিনী নিশ্চিত করতে পারেনি যে কী কারণে জাহাজটি ডুবেছে।

  9. বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ঢাকা-দুবাই রুটে দু’টি বিশেষ ফ্লাইট

    ইউএস-বাংলা'র বিমান

    ছবির উৎস, বাসস

    সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ঢাকা-দুবাই-ঢাকা রুটে দু’টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর।

    আজ বুধবার প্রথম ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাবে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হবে।

    বৃহস্পতিবার, অপর বিশেষ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশে উড়বে; একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে রওনা হবে।

    দুবাই এয়ারপোর্ট অথরিটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স, এমিরেটস, এয়ার ইন্ডিয়াসহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

    যেসব বাংলাদেশি যাত্রীদের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হতে যাচ্ছে; তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হবে।

  10. শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকের নিবন্ধন স্থগিত করলো বিএমডিসি

    ছেলে আয়ান আহমেদের সাথে বাবা শামীম আহমেদ

    ছবির উৎস, Shamim Ahmed

    ছবির ক্যাপশান, ছেলে আয়ান আহমেদের সাথে বাবা শামীম আহমেদ

    খতনার জন্য অজ্ঞান করার পর শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় দুইজন চিকিৎসকের রেজিস্ট্রেশন ছয় মাসের জন্য স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

    এ প্রসঙ্গে শিশুর বাবা শামীম আহমেদ আজ বিবিসি বাংলাকে বলেছেন, "আমার ছেলের মৃত্যুর ঘটনায় অবশেষে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। যদিও আমার সন্তানের জীবন আর ফিরে আসবে না, তবুও এই সিদ্ধান্ত প্রমাণ করে যে সত্য একদিন প্রকাশিত হয়। আমি বিশ্বাস করি, পূর্ণাঙ্গ তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একদিন সম্পূর্ণ ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।"

    খতনা করানোর জন্য ২০২৪ সালের ৩১শে ডিসেম্বর একমাত্র ছেলে আয়ান আহমেদকে ঢাকার সাতারকুলে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান শামীম আহমেদ।

    সেখানে অ্যানেসথেসিয়া দেওয়ার পর আর জ্ঞান ফেরেনি সাড়ে পাঁচ বছর বয়সী শিশুটির। ভুল চিকিৎসা ও হাসপাতালের অবহেলার কারণেই আয়ানের অকালমৃত্যু হয়েছে বলে তখন অভিযোগ করেছিলেন তিনি।

    ওইসময় এ নিয়ে বিবিসি বাংলা 'খতনা করাতে গিয়ে শিশু আয়ান মারা গেল কেন, পরিবার যা বলছে' শীর্ষক এই প্রতিবেদনটি প্রকাশ করেছিলো।

  11. তেহরানে ধ্বংসস্তূপের কিছু ছবি

    তেহরানের বিভিন্ন এলাকায় তোলা আজকের কিছু ছবিতে দেখা যাচ্ছে, কয়েকদিন ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় শহরের অনেক ভবন ধ্বংস হয়ে গেছে।

    রাস্তার পাশে ভেঙে পড়া ভবনের ধ্বংসাবশেষ পড়ে আছে, অনেক স্থাপনা আংশিক বা পুরোপুরি ধসে পড়েছে।

    সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া একটি ভবনের আবর্জনার স্তূপের নিচে কাজ করছেন একজন

    ছবির উৎস, EPA

    ধ্বংসস্তুপের ওপর বসে আছেন একজন

    ছবির উৎস, EPA

    একটি ক্ষতিগ্রস্ত ভবন, যেটির কাঁচের জানালাগুলো ভেঙে গেছে

    ছবির উৎস, EPA

    ভেঙে পড়া এক ভবনের নিচে দু'জন দাঁড়িয়ে আছেন

    ছবির উৎস, Reuters

    হামলায় ভেঙেচুরে যাওয়া এক গাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি

    ছবির উৎস, EPA

  12. সৌদি আরবের প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলার চেষ্টা

    দেশটির সবচেয়ে বড় তেল শোধনাগার রাস তানুরায় সোমবারের তোলা ছবি

    ছবির উৎস, Vantor

    ছবির ক্যাপশান, দেশটির সবচেয়ে বড় তেল শোধনাগার রাস তানুরায় সোমবারের তোলা ছবি

    সৌদি আরবের একটি প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

    দেশটির সবচেয়ে বড় তেল শোধনাগার রাস তানুরায় এই হামলার চেষ্টা হয়েছে।

    প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, “প্রাথমিক তথ্য অনুযায়ী একটি ড্রোনের মাধ্যমে এই হামলা হয়েছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি”।

    এর আগেও একবার এই শোধনাগারে হামলা করা হয়েছিল।

  13. খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠান স্থগিতের তথ্য জানালো ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম

    প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনি

    ছবির উৎস, AFP

    ছবির ক্যাপশান, প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনি

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠানস্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

    তিন দিনব্যাপী এই অনুষ্ঠান আজ থেকেই শুরু হওয়ার কথা ছিল।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে এর প্রস্তুতিও দেখা গিয়েছিল।

    তবে আয়োজকদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত না থাকায় অনুষ্ঠানটি আপাতত স্থগিত করা হয়েছে।

    শেষ বিদায় অনুষ্ঠানের নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

  14. সর্বোচ্চ নেতা খুঁজছে ইরান, জীবিত আছেন প্রয়াত আয়াতুল্লাহর ছেলে

    ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সময় বেঁচে গেছেন দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনি।

    দুইটি ইরানি সূত্রের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

    আলী খামেনির দ্বিতীয় সন্তান মুজতবা খামেনি।

    শনিবারের হামলায় খামেনি নিহত হওয়ার পর এখন মুজতবা খামেনিকেই ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

    ইরানের নিহত সর্বোচ্চ নেতা আলী খামেনির তিন দিনের রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান আজ বুধবার শুরু হবে বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ।

  15. চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বুধবার ডিএমপি সদর দপ্তরে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।

    ছবির উৎস, DMP

    ছবির ক্যাপশান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বুধবার ডিএমপি সদর দপ্তরে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।

    চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    তিনি আজ দুপুরে ডিএমপি সদর দপ্তরে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি দুইটা বিষয়ে অনুশাসন দিয়েছি। এর মধ্যে একটি হচ্ছে - আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করব এবং সেই হিসেবে তাদের আইনের আওতায় নিয়ে আসবো। অপরটি হচ্ছে -যারা অস্ত্রধারী সন্ত্রাসী, দাগী আসামী, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের একটি স্বচ্ছ তালিকা প্রণয়ন করা হচ্ছে। তালিকা অনুযায়ী তাদের আইনের আওতায় নিয়ে আসবো।

    তিনি বলেন, এই প্রক্রিয়া ঢাকা থেকে শুরু হবে। সারাদেশেই চাঁদাবাজ ও অস্ত্রধারী, দাগি আসামিদের নির্মোহ তালিকা করে অভিযান পরিচালনা করবে আইনশৃঙ্খলা বাহিনী। এ ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না। সবকিছু আইনের গতিতে চলবে।

  16. যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়, দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: খামেনির উপদেষ্টা

    ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন উপদেষ্টা বুধবার বলেছেন, দেশটি “যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার কোনো ইচ্ছা রাখে না এবং দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত”।

    মোহাম্মদ মোখবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে বলেন, “আমাদের আমেরিকানদের ওপর কোনো আস্থা নেই এবং তাদের সাথে আলোচনার কোনো ভিত্তি নেই। আমরা চাইলে যতদিন খুশি যুদ্ধ চালিয়ে যেতে পারব”।

  17. একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলা করছে কুয়েত

    একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হচ্ছে কুয়েত।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে দেশটির সেনাবাহিনী লিখেছে, ঢেউয়ের মত একের পর এক আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলা ও প্রতিহত করবেন তারা।

  18. ট্রাম্প আলোচনাকে ‘রিয়েল এস্টেট লেনদেন’ হিসেবে দেখেছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প “হিংসার বশবর্তী হয়ে আলোচনার টেবিলেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছেন" বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নতুন পোস্টে মি. আরাঘচি লিখেছেন, “পারমাণবিক আলোচনার মতো জটিল বিষয়কে যখন কোনো রিয়েল এস্টেট ব্যবসার (জমি কেনাবেচা) মতো দেখা হয় এবং বড় বড় মিথ্যা যখন বাস্তবতাকে আড়াল করে ফেলে, তখন অবাস্তব প্রত্যাশাগুলো কখনোই পূরণ হয় না”।

    এর ফলাফল উল্লেখ করতে তিনি লিখেছেন, “ফলাফল? হিংসার বশবর্তী হয়ে আলোচনার টেবিলেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা”।

    ট্রাম্প “কূটনৈতিক সম্পর্ক এবং যারা তাকে নির্বাচিত করেছে সেই আমেরিকানদের সাথে প্রতারণা করেছেন” বলেও লিখেছেন আরাঘচি।

  19. লেবাননে আবার বিমান হামলা শুরু করেছে ইসরায়েল

    ধোঁয়া উড়ছে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ভবনের উপর দিয়ে ধোঁয়া উড়ছে

    লেবাননে আবার বিমান হামলা শুরু করেছে ইসরায়েল।

    ইসরায়েল জানিয়েছে, তারা ইরান সমর্থিত গোষ্ঠী হেজবুল্লাহর সাথে সম্পর্কিত স্থানগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

    বুধবার সকালে ইসরায়েলি সেনাবাহিনী আবারও রাজধানী বৈরুতের দক্ষিণ অংশের বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার জন্য সতর্ক করে।

    স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে লেবাননে কয়েক ডজন মানুষ নিহত হয়েছে।

    হোটেলে হামলার পর ধ্বংসাবশেষ

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, বৈরুতের পূর্বে হাজমিয়েতে ইসরায়েলি বিমান হামলার পর একটি হোটেল বিধ্বস্ত হয়
    হামলার ফলে পুড়ে যাওয়া গাড়ি ও উদ্ধারকর্মীদের দেখা যাচ্ছে ছবিতে।

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, বৈরুতের পূর্বে বালবেকে ইসরায়েলি বিমান হামলার পর উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন
  20. আলী খামেনির তিন দিনের শেষ বিদায় অনুষ্ঠান শুরু হবে আজ

    আয়াতুল্লাহ আলী খামেনি

    ছবির উৎস, EPA

    ইরানের নিহত সর্বোচ্চ নেতা আলী খামেনির তিন দিনের রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান আজ বুধবার শুরু হবে বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ।

    প্রায় ৩৬ বছর ইরানের নেতৃত্ব দেওয়া আয়াতুল্লাহ আলী খামেনি গত শনিবার (যুদ্ধের প্রথম দিন) ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় নিহত হন।

    ইসলামিক কাউন্সিল ফর ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশনের একটি বিবৃতির উদ্ধৃতি দিয়ে আইআরএনএ জানায়, “বুধবার রাত ১০টা (১৮:৩০ জিএমটি) থেকে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে জাতির শহীদ নেতার মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন শোকসন্তপ্ত লোকজন”।

    ৮৬ বছর বয়সে মৃত্যুবরণ করা আলী খামেনিকে তার জন্মস্থানে, ইরানের উত্তর-পূর্বাঞ্চলের শহর মাশহাদে সমাহিত করার কথা রয়েছে।

    এদিকে, ইরানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে যে খামেনির ছেলে মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে এগিয়ে আছেন - আজই এই সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।

    অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা করেছেন, যে কোনো উত্তরসূরী "ইসরায়েলকে ধ্বংস করার, মার্কিন যুক্তরাষ্ট্রকে হুমকি দেওয়ার" এবং "ইরানি জনগণকে দমন করার" পরিকল্পনা অব্যাহত রাখলে তাকে "নির্বিঘ্নে নির্মূল করার লক্ষ্যবস্তু" হিসেবে বিবেচনা করা হবে।

Trending Now