রোববার সারাদিন যা যা হলো
- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাংবিধানিকভাবে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই এবং রাষ্ট্রপতি সংস্কার পরিষদের কোনো অধিবেশন আহবান করেননি।
- বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ২৯শে মার্চ বিকাল ৩টা পর্যন্ত মুলতুবি করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
- বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ঈদযাত্রায় ভোগান্তি কমাতে আজ ১৫ই মার্চ থেকে থেকে জ্বালানি রেশনিং পদ্ধতি তুলে দেওয়া হচ্ছে।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ করার জন্য ইরান আমেরিকার সাথে একটি সমঝোতায় আসতে চায়।
- ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তেহরান “কখনোই যুদ্ধবিরতি বা আলোচনার জন্য অনুরোধ করেনি।”
- মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত ৮৫০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
- ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নতুন এক সতর্কবার্তা জারি করে জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে দেশটি। রোববার নয় ঘণ্টার মধ্যে এই হামলা ছিল পঞ্চম দফার হামলা।
- ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি “সুস্থ আছেন” এবং “পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণ করছেন”।
- বেশ কয়েকটি ইরানি হামলায় সেন্ট্রাল ইসরায়েলে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি জরুরি সেবা বিভাগ। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তেল আভিভের বিভিন্ন স্থানে বৃষ্টির মতো ক্লাস্টার বোমা(গুচ্ছ বোমা) পড়লে তিনজন ব্যক্তি সামান্য আহত হয়েছেন।
- ইসরায়েলের বিভিন্ন স্থানের লক্ষ্যবস্তুতে ৫৪টি ক্ষেপণাস্ত্র হামলা করার কথা ঘোষণা করেছে ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর(আইআরজিসি) জনসংযোগ বিভাগ। আর ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবারের মত সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
- ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের কারণে ওয়াশিংটনের সমর্থন হাতছাড়া হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
- ইরান থেকে নিক্ষেপ করা আরও চারটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র এবং ছয়টি ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
- ইরানের বিপ্লবী গার্ড কোরকে(আইআরজিসি) “সুনির্দিষ্ট এবং সংবেদনশীল তথ্য” সংগ্রহ ও পাচার করার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে বাহরাইন।
- যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সম্পর্কে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর ভুয়া খবর ছড়াচ্ছে বলে অভিযোগ তুলেছেযুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড(সেন্টকম)।
- লেবাননের রাজধানী বৈরুতের বেশ কয়েকটি এলাকা থেকে সকালে মানুষকে সরে যেতে নির্দেশ দেওয়ার পর সেখানে হামলা চালিয়েছে ইসরায়েল। ওই হামলায় বৈরুতের দক্ষিণ শহরতলী হারেত হরাইক এলাকায় ইসরায়েলি হামলার পর ধ্বংস হয়েছে ভবন এবং পুড়ে গিয়েছে গাড়ি।
- ভারতের চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ঘোষিত হল বিধানসভা নির্বাচনের তফসিল। এই রাজ্যগুলি হলো কেরালা, তামিলনাড়ু, আসাম ও পশ্চিমবঙ্গ।
- মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি “নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে” দক্ষিণ কোরিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য দেশগুলোকে ওই অঞ্চলে যুদ্ধজাহাজ মোতায়েন করার আহ্বান জানানোর পর এ কথা বলেছে দক্ষিণ কোরিয়া।
- ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে যে, বাংলাদেশের ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির হত্যা মামলায় তারা আরও একজনকে গ্রেফতার করেছে।
বিবিসি বাংলার লাইভ পাতার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর জানতে মূল পাতায় ক্লিক করুন।