ইরানের নতুন নেতৃত্ব আলোচনায় বসতে চাচ্ছে, আমিও রাজি হয়েছি: ট্রাম্প

আয়াতুল্লাহ খামেনির নিহত হওয়ার পর ইরানের বর্তমান নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেভাবে হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে, তাতে 'তীব্র নিন্দা' জানিয়েছে চীন ও রাশিয়া।

সরাসরি কভারেজ

  1. ইরান ইস্যুতে রোববার সারাদিন যা যা ঘটেছে:

    • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ৪৮ জন নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের অভিযান 'খুব ভালোভাবে দ্রততার সঙ্গে এগিয়ে চলেছে' বলেও জানান তিনি।
    • আয়াতুল্লাহ খামেনির নিহত হওয়ার পর ইরানের বর্তমান নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের সঙ্গে বৈঠকে বসতে তিনি নিজেও রাজি আছেন বলে জানিয়েছেন।
    • আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হতে যাচ্ছেন, সেটির দিকেই নজর সবার। সর্বোচ্চ নেতা খুঁজতে ইতোমধ্যে কাজও শুরু করে দিয়েছে দেশটির লিডারশিপ কাউন্সিল।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানালেন, সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করে এক থেকে দুই দিনের মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হতে পারেন।
    • যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেভাবে হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে, তাতে নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার ঘটনায় সন্তোষ প্রকাশ করেছে ফ্রান্স।
    • তেহরান শহরে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে "অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন।"
    • ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাব দেওয়ার কথা জানিয়েছে ইরান সমর্থিত লেবাননের হেজবুল্লাহ।
    • ইরান অভিযান পরিচালনার সময় যুক্তরাষ্ট্রের তিন সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সেইসঙ্গে, আরও পাঁচজন 'গুরুতর আহত' হয়েছেন বলেও জানানো হয়েছে। এদিকে, ইসরায়েল জানিয়েছে, গত দুইদিনে তাদের নয়জন নাগরিক নিহত হয়েছে।
    • ইরানের মিনাবে মেয়েদের একটি স্কুলে শনিবারের হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৫ জনে। এছাড়া তেহরানে ২৪ ঘণ্টায় ৬০টি হামলা হয়েছে এবং এতে কমপক্ষে ৫৭ জন নিহত হয়েছেন।
    • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জবাবে ইরান প্রতিশোধমূলক হামলা শুরু করার পর থেকে "সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশিসহ তিনজন নিহত এবং ৫৮ জন আহত হয়েছে" বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
    • ইরানে হামলা শুরুর পর থেকে কুয়েতের বিমান বাহিনী ৯৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৮৩টি ড্রোন ধ্বংস করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনায় একজন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন।
    • ইরানের সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের "শত্রুদের ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে" বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
    • যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ডস কোর বা আইআরজিসি। তবে এমন দাবি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।
    • ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং তেহরানের প্রতিশোধমূলক পাল্টা হামলার পর বাংলাদেশসহ বিভিন্ন দেশের এয়ার লাইন্সগুলো মধ্যপ্রাচ্যে ও আশেপাশের ফ্লাইট বাতিল এবং ডাইভার্ট করে দিচ্ছে।

    বিবিসি বাংলার লাইভপাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। সোমবার সকালে আবার বিবিসি বাংলার লাইভ পাতা শুরু হবে। অন্যান্য খবরে পড়তে মূলপাতায় ক্লিক করুন।

  2. ইরানের নতুন নেতৃত্ব আলোচনায় বসতে চাচ্ছে, আমিও রাজি হয়েছি: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    আয়াতুল্লাহ খামেনির নিহত হওয়ার পর ইরানের বর্তমান নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    তাদের সঙ্গে বৈঠকে বসতে তিনি নিজেও রাজি আছেন বলে জানিয়েছেন।

    "তারা আমাদের সঙ্গে আলোচনায় বসতে চায়, আর আমিও রাজি হয়েছি। আমি তাদের সঙ্গে কথা বলব," রোববার মার্কিন গণমাধ্যম আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে বলেন মি. ট্রাম্প।

    "তাদের আরও আগেই এটা করা উচিৎ ছিল," যোগ করেন তিনি।

  3. আলী খামেনির হত্যার ঘটনায় 'তীব্র নিন্দা' জানাল চীন

    চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেভাবে হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে, তাতে 'তীব্র নিন্দা' জানিয়েছে চীন।

    সকল পক্ষকে সংযত হয়ে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে দেশটি।

    রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।

    সেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানকে "ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার গুরুতর লঙ্ঘন এবং জাতিসংঘ সনদের নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়মের পরিপন্থী" বলে উল্লেখ করা হয়েছে।

  4. ইরানের ৪৮ জন নেতার নিহতের তথ্য দিলেন ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, White House

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ৪৮ জন নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    তাদের অভিযান 'খুব ভালোভাবে দ্রততার সঙ্গে এগিয়ে চলেছে' বলেও জানান তিনি।

    রোববার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

    সিএনবিসিকে দেওয়া আরেক সাক্ষাৎকারে মি. ট্রাম্প বলেছেন, "আমরা কেবল আমাদের জন্য নয়, বরং বিশ্বের জন্য কাজ করছি।"

  5. ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা লেবাননের হেজবুল্লাহর

    লেবানন হেজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, লেবানন হেজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম

    ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাব দেওয়ার কথা জানিয়েছে ইরান সমর্থিত লেবাননের হেজবুল্লাহ।

    এক বিবৃতিতে লেবানন হেজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম বলেছেন, এই গোষ্ঠি "সম্মান ও প্রতিরোধের ক্ষেত্র ত্যাগ করবে না।"

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে "অপরাধের সর্বোচ্চ" হিসেবে অভিহিত করেছেন মি. কাসেম।

    তিনি বলেন, "বিধাতার নির্দেশনা ও সমর্থনের ওপর আস্থা রেখে আমরা এই আগ্রাসন মোকাবেলায় আমাদের কর্তব্য পালন করবো।"

    হেজবুল্লাহ রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি শিয়া মুসলিম সংগঠন, যেটি লেবাননের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনীকে নিয়ন্ত্রণ করে।

    এটিকে ১৯৮০-এর দশকের গোড়ার দিকে ইসরায়েলের বিরোধিতা করার জন্য এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী শিয়া শক্তি ইরান প্রতিষ্ঠিত করেছিল। তখন দেশটির গৃহযুদ্ধের সময় ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন দখল করেছিল।

    হেজবুল্লাহ ১৯৯২ সাল থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে এবং একটি অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে সংগঠনটির উপস্থিতি দেখা যায়।

  6. সামনের দিনগুলোতে তেহরানের ওপর হামলার মাত্রা 'আরো বাড়বে': নেতানিয়াহু

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

    ছবির উৎস, GPO

    ছবির ক্যাপশান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে "অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন।"

    প্রতিরক্ষামন্ত্রী, চিফ অব স্টাফ এবং মোসাদ সিকিউরিটি সার্ভিসের প্রধানের সাথে এক বৈঠকের সময় এই নির্দেশ দিয়েছেন তিনি।

    তেল আবিবের কিরিয়ার ছাদ থেকে দেওয়া এক বক্তব্যে নেতানিয়াহু বলেছেন, "আমাদের বাহিনী এখন সর্বোচ্চ শক্তি নিয়ে তেহরানের কেন্দ্রে হামলা করছে এবং আগামী দিনগুলোতে এই হামলার মাত্রা আরো বাড়বে।"

    "যদিও এই দিনগুলো দুঃখের দিন। গতকাল তেলআবিবে এবং আজকে বেইত সেমেশে আমরা আমাদের প্রিয় মানুষদের হারিয়েছি। এই পরিবারগুলোর প্রতি আমার হৃদয়ের গভীর থেকে সমবেদনা জানাচ্ছি এবং আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশাপ্রকাশ করছি।"

    তিনি বলেছেন, "আমাদের অস্তিত্ব এবং আমাদের ভবিষ্যত নিশ্চিত করার জন্য" ইসরায়েল এই অভিযানে "আইডিএফের পূর্ণ শক্তি" নিয়ে আসছে।

  7. ইরানে হামলার ছবি ও ভিডিও প্রকাশ করল ইসরায়েলি বাহিনী

    ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) দু'টি ভবনে হামলার

    ছবির উৎস, IDF

    ছবির ক্যাপশান, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) দু'টি ভবনে হামলার চিত্র

    ইরানে হামলার একটি ছবি ও ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ।

    ওই ছবিতে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) কাজে ব্যবহৃত উত্তর তেহরানের দু'টি ভবনে হামলার চিত্র তুলে ধরা হয়েছে।

    তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটি নিশ্চিত হওয়া যায়নি।

  8. ইরান অভিযানকালে তিন মার্কিন সেনা নিহত: মার্কিন সেন্ট্রাল কমান্ড

    তেহরানের আকাশে ধোঁয়া

    ছবির উৎস, FARS

    ইরান অভিযান পরিচালনার সময় যুক্তরাষ্ট্রের তিন সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সেইসঙ্গে, আরও পাঁচজন 'গুরুতর আহত' হয়েছেন বলেও জানানো হয়েছে।

    শনিবার ইরানে মার্কিন হামলা শুরু হওয়ার পর এই প্রথম নিজেদের সেনা হতাহতের খবর জানাল যুক্তরাষ্ট্র।

    এদিকে, ইসরায়েল জানিয়েছে, গত দুইদিনে তাদের নয়জন নাগরিক নিহত হয়েছে।

  9. ইরানের ক্ষেপণাস্ত্র মার্কিন রণতরী লিংকনের 'কাছেও ঘেঁষতে পারেনি', দাবি যুক্তরাষ্ট্রে

    যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন

    ছবির উৎস, US Navy via Getty Images

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন

    যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে হামলার যে দাবি ইরান করেছে, সেটি অস্বীকার করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।

    তারা বলছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো আব্রাহাম লিংকনের ' কাছেও ঘেঁষতে পারেনি"।

    আব্রাহাম লিংকন, বর্তমানে পারস্য উপসাগর এবং আরব সাগরের কাছে অবস্থানরত দুইটি মার্কিন বিমানবাহী রণতরীর একটি।

    রোববার আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে দাবি করেছে, "মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে"।

  10. ইরানে স্কুলে নিহতের সংখ্যা বেড়ে ১৫৩ জনে দাঁড়িয়েছে

    মিনাব স্কুলের ধ্বংসাবশেষ

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইরানের মিনাবে মেয়েদের একটি স্কুলে শনিবারের হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৩ জনে।

    ইরানের মিনাবে মেয়েদের একটি স্কুলে শনিবারের হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৩ জনে।

    দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে বিচার বিভাগ অনুমোদিত মিজান নিউজ এজেন্সি এই খবর প্রকাশ করেছে।

    মিনাবের প্রসিকিউটর এর আগে এই হামলায় ৯৫ জন আহত হওয়ার কথা জানিয়েছিলেন।

    হরমোজগান গভর্নর অফিসের তথ্য অনুযায়ী, এই প্রদেশের মিনাবের শাজারে তাইয়েবা বালিকা বিদ্যালয়ে সকালের শিফটে ১৭০ জন শিক্ষার্থী পড়াশোনা করে। এ কারণে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

  11. তেহরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল

    তেহরানের হাসান আবাদ স্কয়ার।
    ছবির ক্যাপশান, তেহরানের হাসান আবাদ স্কয়ারে গতকালের হামলার ছবি

    তেহরান শহরে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল।

    দেশটির প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

  12. ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার ঘটনায় সন্তোষ প্রকাশ করেছে ফ্রান্স

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার ঘটনায় সন্তোষ প্রকাশ করেছে ফ্রান্স।

    দেশটির সরকারের একজন মুখপাত্র, মুদ বোজো বলেছেন, তার দেশ “শুধুমাত্র সন্তুষ্টি প্রকাশ করতে পারে”।

    ফ্রান্সের আরটিএল টেলিভিশন নেটওয়ার্ককে তিনি বলেছেন, “খামেনি ছিলেন একজন নিপীড়ক ও দমনমূলক একনায়ক, যিনি তার নিজ দেশের জনগণকে দমন করেছিলেন। নারী, যুব ও সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘন করেছিলেন এবং সম্প্রতি দেশটিতে হাজার হাজার বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য দায়ী। তাই তার মৃত্যুতে আমরা শুধু উৎফুল্ল হতে পারি”।

  13. ইরানের হামলায় আরব আমিরাতে এক বাংলাদেশিসহ তিনজন নিহত

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জবাবে ইরান প্রতিশোধমূলক হামলা শুরু করার পর থেকে "সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশিসহ তিনজন নিহত এবং ৫৮ জন আহত হয়েছে" বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

    সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, তারা ১৬৫ টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং এগুলোর মধ্যে ১৫২ টি ধ্বংস করেছে। এছাড়াও দু্ইটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

    প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই হামলায় পাকিস্তানি, নেপালি এবং বাংলাদেশি তিনজন নাগরিক নিহত হয়েছেন।

    দেশটি আরো জানিয়েছে, মোট "৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে এবং এগুলোর মধ্যে ৫০৬টি প্রতিহত এবং ধ্বংস করা হয়েছে।"

  14. 'আমাদের সেনারা শত্রুদের ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে': ইরানের প্রেসিডেন্ট

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

    ইরানের সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের "শত্রুদের ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে" বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় তিনি এমন দাবি করেন।

    জাতির উদ্দেশে দেওয়া ওই ভাষণের আধা ঘন্টা আগে মি. পেজেশকিয়ান তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দেন।

    সেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলা ইরানে 'ইসলামী প্রজাতন্ত্রের সরকারের দায়িত্ব ও কর্তব্য পালনের সংকল্পকে বাধাগ্রস্থ করতে পারবে না"।

  15. ইরানি হামলায় একজন নিহত ও ৩২ জন আহত: কুয়েতি স্বাস্থ্য মন্ত্রণালয়

    ইরানি হামলা শুরু হওয়ার পর থেকে কুয়েতের প্রতিরক্ষা ব্যবস্থা "৯৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৮৩টি ইরানি ড্রোন" প্রতিহত এবং ধ্বংস করেছে।

    কুয়েতের সরকারি সংবাদ সংস্থা কুনা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানের পাল্টা প্রতিক্রিয়ার অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের খবর পাওয়া গেছে।

    সংবাদ সংস্থা কুনা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, এই ঘটনায় একজন নিহত এবং ৩২ জন আহত হয়েছে।

  16. মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি'র

    যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ডস কোর বা আইআরজিসি।

    আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, "মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে"।

    এতে আরো বলা হয়েছে, "শত্রুদের ওপর হামলার এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে" তারা।

    তবে বিস্তারিত আর কিছু জানানো হয়নি এবং অন্যান্য সূত্রগুলোও এখনো এই তথ্য নিশ্চিত করেনি।

    এই রণতরী, আব্রাহাম লিংকন, বর্তমানে পারস্য উপসাগর এবং আরব সাগরের কাছে অবস্থানরত দুইটি মার্কিন বিমানবাহী রণতরীর একটি।

  17. এক থেকে দুই দিনের মধ্যে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হতে পারেন, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

    আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হতে যাচ্ছেন, সেটির দিকেই নজর সবার। সর্বোচ্চ নেতা খুঁজতে ইতোমধ্যে কাজও শুরু করে দিয়েছে দেশটির লিডারশিপ কাউন্সিল।

    এমন পরিস্থিতির মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানালেন, সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করে এক থেকে দুই দিনের মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হতে পারেন।

    রোববার আল-জাজিরাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই কথা জানান।

  18. ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতে তিনজন নিহত, ৫৮ জন আহত

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জবাবে ইরান প্রতিশোধমূলক হামলা শুরু করার পর থেকে "সংযুক্ত আরব আমিরাতে তিনজন নিহত এবং ৫৮ জন আহত হয়েছে" বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

    সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, তারা ১৬৫ টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং এগুলোর মধ্যে ১৫২ টি ধ্বংস করেছে। এছাড়াও দু্ইটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

    দেশটি আরো জানিয়েছে, মোট "৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে এবং এগুলোর মধ্যে ৫০৬টি প্রতিহত এবং ধ্বংস করা হয়েছে।"

    প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই হামলায় পাকিস্তানি, নেপালি এবং বাংলাদেশি তিনজন নাগরিক নিহত হয়েছেন।

  19. সর্বোচ্চ নেতা খুঁজতে কাজ শুরু করেছে ইরানের লিডারশিপ কাউন্সিল

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান টেলিভিশনে প্রচারিত এক সংক্ষিপ্ত বার্তায় “সুপ্রিম লিডারস কাউন্সিল আজ থেকে তাদের কাজ শুরু করেছে” বলে ঘোষণা করেছেন।

    একইসাথে ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তিনি।

    সর্বোচ্চ নেতা মি. খামেনির উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত মি. পেজেশকিয়ান, বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেন এজেই এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন আইনবিদ আলীরেজা আরাফি এই তিনজন সুপ্রিম লিডারস কাউন্সিলের সদস্য হিসেবে কাজ করবেন।

  20. ইরানের হামলায় কুয়েতে একজন নিহত

    ইরানের হামলা শুরুর পর থেকে কুয়েতের বিমান বাহিনী ৯৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৮৩টি ড্রোন ধ্বংস করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

    দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনায় একজন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন।

Trending Now