মঙ্গলবার সারাদিন যা যা হলো:
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে দেশটি এখন “ভঙ্গুর অবস্থায়” রয়েছে এবং অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছে।
- তেল উৎপাদনকারী দেশের জোট ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। প্রায় ৬০ বছর ধরে ওপেকের সদস্য থাকার পর এই জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিল দেশটি।
- “বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামায়াতে ইসলামী করেন, এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধার পরিবারের কেউ জামায়াত করতে পারে না," মঙ্গলবার জাতীয় সংসদে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা ফজলুর রহমানের এই বক্তব্য নিয়ে হট্টগোল হয়েছে।
- নিউ মার্কেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ৩৫ বছর বয়সী এক ব্যক্তি।
- উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
- মাত্র কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকা পানিতে নিমজ্জিত হয়ে গেছে।
- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে গত মার্চ মাসের শুরুর দিকে বন্ধ হয়ে যাওয়ার দীর্ঘ দুই মাস পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি বোঝাই একটি ট্যাংকার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পার হয়েছে।
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের রিঅ্যাক্টরে ফুয়েল লোডিং কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্য দিয়ে এই বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে যাওয়ার কার্যক্রম শুরু হলো।
- গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে অন্তত নয় জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত ২৭৩ জন রোগী হাম উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে।
- সরবরাহ ঘাটতি থাকায় সারাদেশে এখনো প্রায় দুই হাজার মেগাওয়াট লোডশেডিং দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
- অবরোধের মধ্যে হরমুজ প্রণালি অতিক্রম করেছে রাশিয়ান একটি নৌযান। এই সুপারইয়টটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ একজন মিত্রের সঙ্গে সংশ্লিষ্ট।
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চলমান অগ্রগতি ও দেশের জ্বালানি নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ।
- ইরান যুদ্ধবিরতি সংক্রান্ত যে প্রস্তাব দিয়েছে, তাতে দেশটির পারমাণবিক কর্মসূচির বিষয়টি অন্তর্ভুক্ত না থাকায় অসন্তুষ্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন একজন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানায় রয়টার্স।
বিবিসি বাংলা'র লাইভ পাতা আজ এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুনবিবিসি বাংলার মূল পাতায়।
























