আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

কয়েক মাস নয়, ইরানে অভিযান চলবে কয়েক সপ্তাহ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইরানে যুক্তরাষ্ট্রের অভিযান কতদিন চলবে বলে আশা করা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, "আমরা সপ্তাহের কথা বলছি, মাসের নয়। এদিকে, ইরানের দুটি পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

সরাসরি কভারেজ

  1. শুক্রবার ২৭শে মার্চের উল্লেখযোগ্য খবর

    • ইরানে যুক্তরাষ্ট্রের অভিযান কতদিন চলবে বলে আশা করা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, "আমরা সপ্তাহের কথা বলছি, মাসের নয়। ফ্রান্সে জি সেভেন বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে ইরান যুদ্ধ বিষয়ে কথা বলেন।
    • ইরানের দুটি পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। কিন্তু কোনো তেজস্ক্রিয় পদার্থ নির্গত হয়নি, বলছে গণমাধ্যমগুলো।
    • মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা চালিয়েছে ইরান। উপসাগরীয় অঞ্চলের দেশগুলি বলছে, শুক্রবার বিকেলে পুরো অঞ্চল জুড়েই ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা চলেছে।
    • ইরানের বিরুদ্ধে শুক্রবার নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, সামনের দিনগুলোতে হামলা ‘আরও তীব্র’ হবে এবং ইরানকে ‘চড়া মূল্য’ দিতে হবে।
    • জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার টুর্ক দক্ষিণ ইরানের মিনাবে একটি বালিকা বিদ্যালয়ে বোমা হামলার ঘটনায় "যত দ্রুত সম্ভব" তদন্ত শেষ করার আহ্বান জানিয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, ওই হামলায় ১১০ জন শিশুসহ ১৬৮ জন নিহত হন।
    • ইরানে যুক্তরাষ্ট্র্রের হামলার শুরুর দিকে মিনাবের একটি বালিকা বিদ্যালয়ে হামলার ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
    • ইরানে পারমাণবিক দুর্ঘটনা এড়াতে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা - আইএএইএ।
    • ঝড়-বৃষ্টির মধ্যে গত রাতে তেহরান আর পার্শ্ববর্তী কারাজ শহরের ওপরে ব্যাপক হামলা চলেছে। স্থানীয় মানুষরা বলছেন, কোনটা যে বোমাবর্ষণ আর কোনটা ঝড়-বৃষ্টি, তার ফারাক বুঝতে পারেননি তারা।
    • ইরানের কোম শহরে বৃহস্পতিবার রাতভর হামলায় আঠারো জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
    • টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন, কালিহাতীর ইব্রাহিমাবাদ রেল স্টেশনের একজন কর্মকর্তা।
    • বাংলাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে বিশেষ উদ্যোগের কথা বলছে সরকার। যার মধ্যে রয়েছে তদারকি টিম গঠন ও অবৈধ মজুদারির তথ্য জানালে পুরস্কারের মত কিছু সিদ্ধান্ত।
    • ভারতের পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিবিড় সংশোধন নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেমন উদ্বেগ বাড়ছে, তেমনই নানা জায়গায় চলছে বিক্ষোভও।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে ক্লিক করুন বিবিসি বাংলার মূল পাতায়...

  2. কয়েক মাস নয়, ইরানে অভিযান চলবে কয়েক সপ্তাহ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

    ইরানে যুক্তরাষ্ট্রের অভিযান কতদিন চলবে বলে আশা করা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, "আমরা সপ্তাহের কথা বলছি, মাসের নয়।

    ইরানকে নিষ্ক্রিয় করার প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের কথা ভাবছে কিনা, এমন প্রশ্নের জবাবে রুবিও বলেন, তিনি সামরিক কৌশল নিয়ে আলোচনা করবেন না।

    তবে তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের সুস্পষ্ট উদ্দেশ্য রয়েছে।

    “আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে খুব শীঘ্রই আমরা তা অর্জন করতে চলেছি,” বলেন রুবিও।

    ফ্রান্সে জি সেভেন বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে ইরান যুদ্ধ বিষয়ে কথা বলেন।

  3. মধ্যপ্রাচ্য জুড়ে পাল্টাপাল্টি হামলার তীব্রতা বাড়ছে

    যুক্তরাষ্ট্রের ১৫ দফা শান্তিচুক্তির প্রস্তাবের ব্যাপারে আজ ইরান তাদের মতামত বা পাল্টা প্রস্তাব দিতে পারে, সূত্রের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজ।

    সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তাদের জানানো হয়েছে যে, ইরানের পক্ষ থেকে একটি পাল্টা প্রস্তাব আজ আসার সম্ভাবনা রয়েছে।

    এদিকে, যুদ্ধের চার সপ্তাহের মাথায় এসে মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া যাচ্ছে।

    ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী - আইডিএফ বৃহস্পতিবার রাত থেকে ইরান ও লেবাননে একাধিক হামলার তথ্য জানিয়েছে।

    অন্যদিকে, ইসরায়েলের পাশাপাশি কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে বলে জানা গেছে।

    শুক্রবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর - আইআরজিসি সতর্কতা জারি করে বলেছে, যে-সব এলাকায় মার্কিন বাহিনী অবস্থান করছে, সেই অঞ্চল থেকে যেন সাধারণ মানুষ সরে যান।

    কাছাকাছি সময়ে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, সামনের দিনগুলোতে হামলা ‘আরও তীব্র’ হবে এবং ইরানকে ‘চড়া মূল্য’ দিতে হবে।

    সর্বশেষ আপডেটে আইডিএফ জানিয়েছে, ইসরায়েল দক্ষিণ বৈরুতে 'হেজবুল্লাহর সন্ত্রাসী অবকাঠামো' লক্ষ্য করে হামলা শুরু করেছে।

  4. দুটি পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে, জানাল ইরান

    ইরানের দুটি পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

    কিন্তু কোনো তেজস্ক্রিয় পদার্থ নির্গত হয়নি, বলছে গণমাধ্যমগুলো।

    ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি - আইআরএনএ টেলিগ্রামে এক বার্তায় জানিয়েছে, উত্তর-পশ্চিম ইরানের 'খোন্দাব হেভি ওয়াটার কমপ্লেক্সে' মার্কিন-ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। আইআরএনএ মারকাজি প্রদেশের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ফার্স নিউজের তথ্যমতে, ইয়াজদের আরদাকানে অবস্থিত 'ইয়েলোকেক প্রোডাকশন' এর স্থাপনায় দ্বিতীয় দফা হামলা চালানো হলেও ওই স্থানের বাইরে কোনো তেজস্ক্রিয় পদার্থ নির্গত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

  5. টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ পাঁচজন নিহত

    টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।

    বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন, কালিহাতীর ইব্রাহিমাবাদ রেল স্টেশনের একজন কর্মকর্তা।

    তিনি জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী নিহতরা গাইবান্ধার বাসিন্দা।

    "কালিহাতীর ধলাটেঙ্গর এলাকায় রেল লাইন আর বাস লাইন(সড়ক) পাশাপাশি। সড়কে যানজটের কারণে তারা হয়তো বাস থেকে নেমে রেললাইনে এসে বসেছিলেন। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেসে ট্রেনের নিচে কাটা পড়েন তারা," বলেন রেলওয়ের ওই কর্মকর্তা।

    ট্রেনটি ঢাকা থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল।

    নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছেন রেজাউল করিম।

  6. মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা ইরানের

    উপসাগরীয় অঞ্চলের দেশগুলি বলছে, পুরো অঞ্চল জুড়েই হামলা চলছে। শুক্রবার সকাল থেকে যে-সব হামলার খবরাখবর পাওয়া গেছে :

    সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। দুটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিরোধ করতে পেরেছে, বাকি চারটি হয় উপসাগরে অথবা জনবসতিহীন এলাকায় পড়েছে।

    কুয়েত জানাচ্ছে সেদেশের প্রধান বাণিজ্যিক বন্দর শোয়াইখ লক্ষ্য করে শুক্রবার সকালে হামলা চালানো হয়। দেশটির বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মালামালের ক্ষতি হলেও কোনো প্রাণহানি ঘটেনি।

    সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে, তাদের আকাশ প্রতিরোধী ব্যবস্থা ইরান থেকে শুক্রবার নিক্ষেপ করা ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও নয়টি ড্রোন আটকিয়ে দিতে সমর্থ হয়েছে।

    বাহারাইনের সামরিক বাহিনী জানিয়েছে, যুদ্ধের শুরু থেকে তারা ১৫৪টি ক্ষেপণাস্ত্র এবং ৩৬২টি ড্রোন হামলা প্রতিরোধ করেছে। গতকাল এই পরিসংখ্যান দেওয়ার পর থেকে আরও ১২টি ড্রোন হামলার মোকাবিলা করেছে তারা।

    ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর, আইআরজিসি আগেই পুরো মধ্য প্রাচ্য অঞ্চলের মানুষকে সতর্ক করে দিয়ে বলেছিল, যে-সব এলাকায় মার্কিন বাহিনী অবস্থান করছে, সেই অঞ্চল থেকে যেন নাগরিকরা সরে যান। তবে নির্দিষ্ট করে কোনো অঞ্চলের নাম উল্লেখ করা হয়নি ওই হুঁশিয়ারিতে।

  7. জ্বালানি তেল ব্যবস্থাপনায় 'ভিজিলেন্স টিম', পুরস্কারসহ বিভিন্ন সিদ্ধান্ত

    জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে বিশেষ উদ্যোগের কথা বলছে সরকার। যার মধ্যে রয়েছে তদারকি টিম গঠন ও অবৈধ মজুদারির তথ্য জানালে পুরস্কারের মত কিছু সিদ্ধান্ত।

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে জানা গেছে, সারাদেশে জেলা পর্যায়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভিজিল্যান্স টিম গঠন করা হবে।

    ডিপো, পাম্প ও ভোক্তা পর্যায়ে পর্যন্ত তেলের সরবরাহ তদারক করবে এই টিম। একই সাথে ভ্রাম্যমাণ আদালতে তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

    অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করলে জেল-জরিমানার শাস্তি কঠোরভাবে প্রয়োগ করার কথা বলা হয়েছে।

    এছাড়া, অবৈধ মজুদদারি সম্পর্কে তথ্য দিলে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

  8. ইরানকে 'চড়া মূল্য' দিতে হবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

    ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, সামনের দিনগুলোতে হামলা ‘আরও তীব্র’ হবে এবং ইরানকে ‘চড়া মূল্য’ দিতে হবে।

    তার কার্যালয় থেকে প্রকাশিত এক ভিডিওবার্তায় এ কথা বলতে শোনা যায় ইসরায়েল কাৎজকে।

    ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল।

    দেশটির প্রতিরক্ষা বাহিনী - আইডিএফ জানিয়েছে, তারা ‘তেহরানের কেন্দ্রস্থলে’ অবস্থিত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের সঙ্গে সম্পর্কিত স্থাপনাও রয়েছে।

    ইরানও এই অঞ্চলের দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে। বেশ কয়েকটি উপসাগরীয় রাষ্ট্রে সতর্কতামূলক সাইরেন বাজতে শোনা গেছে।

  9. ইরানে পারমাণবিক দুর্ঘটনা এড়াতে আইএইএ'র সতর্কবার্তা

    ইরানে পারমাণবিক দুর্ঘটনা এড়াতে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা - আইএএইএ।

    মঙ্গলবার দক্ষিণ-পশ্চিম ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি হামলার খবরের পর সতর্ক করল জাতিসংঘের সংস্থাটি।

    এক বিবৃতিতে আইএইএ বলেছে, "যেহেতু এটি বিপুল পরিমাণ পারমাণবিক উপাদানসহ একটি সক্রিয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই স্থাপনার কোনো ক্ষতি হলে ইরান ও তার বাইরের একটি বিশাল এলাকা জুড়ে বড় ধরনের তেজস্ক্রিয় দুর্ঘটনা ঘটতে পারে।"

  10. ভোটার তালিকায় নাম না ওঠা নিয়ে কলকাতার রাস্তায় বিক্ষোভ

    ভারতের পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিবিড় সংশোধন নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেমন উদ্বেগ বাড়ছে, তেমনই নানা জায়গায় চলছে বিক্ষোভও।

    গত ২৮শে ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায় যে প্রায় ৬০ লক্ষ মানুষের নাম ‘বিবেচনাধীন’ বলে দেখানো হয়েছিল, বিচারপতিদের তত্ত্বাবধানে সেই প্রক্রিয়া এখনও চলছে। তার মধ্যেই গত সোমবার একটি অতিরিক্ত তালিকাও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার দ্বিতীয় তালিকা প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

    তবে তালিকা প্রকাশের পর থেকেই পশ্চিমবঙ্গের নানা জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। বিভিন্ন সংগঠনও পথে নেমেছে।

    শুক্রবার কলকাতার ধর্মতলা এলাকায় এসআইআরের প্রতিবাদে একটি গণ সভা আয়োজন করে শহরের বিভিন্ন গণ- সংগঠন এবং মানবাধিকার সংগঠনগুলি।

    ওই সভায় হাজির একটি কলেজের বাংলা অধ্যাপিকা আফরোজা খাতুনের নাম ‘বিবেচনাধীন’। তিনি বলছিলেন, “আমার ছেলে মেয়ে নাগরিক, আমি নাগরিক নই, এখনও। আমি বিবেচনাধীন। নাম না উঠলে আমি শুধু ভোট দিতে পারব না, শুধু তা নয়, কোন জায়গায় ঠেলে দিচ্ছে আমাদের?”

    মানবাধিকার কর্মী রঞ্জিত শূর মনে করেন, এসআইআরে যে-সব ভোটারদের নাম বাদ গিয়েছে, পরবর্তীকালে তাদের নাগরিক অধিকারও খর্ব হতে পারে।

    মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, "এতদিন ধরে অ্যাডজুডিকেশন চলছে, অথচ বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে।"

  11. গতরাতটা যেন ছিল বিভীষিকাময়, বলছেন ইরানের মানুষ, ঘোনচেহ্ হাবিবাজাদ সিনিয়র সংবাদদাতা, বিবিসি ফার্সি

    ঝড়-বৃষ্টির মধ্যে গত রাতে তেহরান আর পার্শ্ববর্তী কারাজ শহরের ওপরে ব্যাপক হামলা চলেছে। স্থানীয় মানুষরা বলছেন, কোনটা যে বোমাবর্ষণ আর কোনটা ঝড়-বৃষ্টি, তার ফারাক বুঝতে পারেননি তারা।

    “আমি এক ফোঁটাও ঘুমোতে পারিনি। এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম। আমার মনে হয় কালকের রাতটাই সব থেকে ভয়াবহ ছিল। একদিকে ক্ষেপণাস্ত্রের আওয়াজ, একই সঙ্গে ঝড়-বৃষ্টি।” জানাচ্ছিলেন তেহরানের বাসিন্দা এক যুবতী।

    তারা কথায়, “গোটা ব্যাপারটায় এখন ক্লান্ত লাগছে”, যুদ্ধটা এবার শেষ হোক, চাইছেন তিনি।

    “ক্ষেপণাস্ত্রগুলো আমাদের বাড়ির কাছাকাছিই কোথাও এত জোরে পড়ল যে পুরো ঘর আর জানালাগুলো থরথর করে কাঁপছিল … পর পর দুবার। সারা রাত বৃষ্টি পড়েছে। আমার একবার ঘুম আসছে, আবারও জেগে উঠছি। জানি না ওগুলো কীসের আওয়াজ – ঝড়বৃষ্টি না বিস্ফোরণ,” বলছিলেন তেহরানের বাসিন্দা এক মধ্যবয়সি নারী।

    আমি শুক্রবার তার কাছে জানতে চাই যে যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে তিনি কী ভাবছেন?

    জবাবে তিনি বলেন, “যতদিন না সব ধর্মযাজকরা সবাই শেষ হচ্ছে, ততদিন যুদ্ধ থামুক এটা আমি চাই না। এটা সহ্য করা ছাড়া আমার অন্য উপায় নেই।“

    পার্শ্ববর্তী কারাজ শহরের কয়েকজন বাসিন্দাও জানাচ্ছেন যে বৃষ্টির সঙ্গেই একনাগাড়ে ক্ষেপণাস্ত্র আছড়িয়ে পড়ছিল।

    এক তরুণ জানাচ্ছিলেন, “বৃষ্টির মধ্যেই একটা বড়ো বিস্ফোরণ হয়েছে গত রাতে”।

  12. কোম শহরে হামলায় ১৮ জন নিহত, ইরানি গণমাধ্যমের প্রতিবেদন

    ইরানের কোম শহরে বৃহস্পতিবার রাতভর হামলায় আঠারো জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

    আইআরজিসি-সমর্থিত ফার্স নিউজ এজেন্সি ও তাসনিম জানায়, শুক্রবার ভোরে শহরের পারদিসান এলাকায় এই হামলা চালানো হয়।

    প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ছয়জন বলা হলেও পরে ১৮ জনের মৃত্যুর খবর জানানো হয়। প্রতিবেদনের তথ্য, এসব হামলায় আরো ১০ জন আহত হয়েছেন।

    ঘটনাস্থলটিকে একটি আবাসিক এলাকা হিসেবে উল্লেখ করে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছেছেন।

  13. হরমুজ প্রণালি থেকে তিনটি জাহাজ ফিরিয়ে দেওয়ার কথা জানাল ইরান

    হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার চেষ্টাকালে তিনটি জাহাজকে ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর – আইআরজিসি।

    শুক্রবার সকালে জাহাজগুলোকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানায় আইআরজিসি।

    আইআরজিসি-র এক বিবৃতিতে বলা হয়েছে, "বিভিন্ন দেশের তিনটি কন্টেইনার জাহাজ অনুমোদিত জাহাজের জন্য নির্ধারিত করিডোরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল। আইআরজিসি’র নৌবাহিনীর সতর্কবার্তার পর সেগুলোকে ফিরিয়ে দেওয়া হয়।"

    ‘হরমুজ প্রণালি বন্ধ রয়েছে’ উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়েছে, "যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্র ও সমর্থকদের বন্দরগুলো থেকে যেকোনো করিডোর দিয়ে যেকোনো গন্তব্যে যেকোনো জাহাজের যাতায়াত নিষিদ্ধ।"

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দুইদিন আগে রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ইরান এখন পর্যন্ত "চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক এবং ভারতের" মতো দেশগুলোর জাহাজ চলাচলের অনুরোধ গ্রহণ করেছে। ইরানের অবস্থান হচ্ছে, প্রণালিটি "সম্পূর্ণরূপে বন্ধ নয়, বরং শত্রুদের জন্য বন্ধ", যোগ করেন তিনি।

  14. ইরানের স্কুলে প্রাণঘাতী বোমা হামলার স্বচ্ছ তদন্ত চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

    জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার টুর্ক দক্ষিণ ইরানের মিনাবে একটি বালিকা বিদ্যালয়ে বোমা হামলার ঘটনায় "যত দ্রুত সম্ভব" তদন্ত শেষ করার আহ্বান জানিয়েছেন।

    স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, ওই হামলায় ১১০ জন শিশুসহ ১৬৮ জন নিহত হন।

    মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সামরিক তদন্তকারীরা মনে করছেন, মার্কিন বাহিনী সম্ভবত অনিচ্ছাকৃতভাবে স্কুলটিতে আঘাত হেনে থাকতে পারে। তবে তারা এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি।

    জাতিসংঘ মানবাধিকার পরিষদে সংঘাতকালীন শিশুদের সুরক্ষা বিষয়ক আলোচনায় টুর্ক বলেন, “যারা হামলা চালিয়েছে, তাদের ওপরই দ্রুত, নিরপেক্ষ, স্বচ্ছ ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জবাবদিহিতার নিশ্চিতের দায়িত্ব বর্তায়।”

    জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র উভয়ই পৃথকভাবে জানিয়েছে যে তারা ঘটনাটি তদন্ত করছে।

  15. মার্কিন বাহিনীর অবস্থানের এলাকা থেকে সরে যেতে জনগণকে ইরানের সতর্কবার্তা

    ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি ওই অঞ্চলে মার্কিন বাহিনী মোতায়েন থাকা এলাকাগুলো থেকে সরে যাওয়ার জন্য জনগণের উদ্দেশে সতর্কতা জারি করেছে।

    আইআরজিসি-সংশ্লিষ্ট ফার্স নিউজ এজেন্সির মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি "বেসামরিক এলাকা ও নিরীহ মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করার" অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে।

    যুক্তরাষ্ট্রকে বেসামরিক নাগরিক ও ইরানি কর্মকর্তাদের হত্যার জন্যও অভিযুক্ত করা হয়েছে বিবৃতিতে।

    যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আইআরজিসি বেশ কয়েকটি সতর্কতা জারি করেছে। যেমন, ১৪ই মার্চ মধ্যপ্রাচ্যে মার্কিন শিল্প স্থাপনার কাছে বসবাসকারী বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছিল।

    তবে, এই সর্বশেষ সতর্কবার্তায় তারা কোনো নির্দিষ্ট স্থানের কথা উল্লেখ করেনি।

  16. মিনাবের স্কুলে হামলা 'যুদ্ধাপরাধ': আব্বাস আরাঘচি

    ইরানে যুক্তরাষ্ট্র্রের হামলার শুরুর দিকে মিনাবের একটি বালিকা বিদ্যালয়ে হামলার ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

    ২৮ শে ফেব্রুয়ারি ইরানের দক্ষিণাঞ্চলে ওই হামলার পর দেশটির কর্মকর্তারা জানিয়েছিলেন, সেখানে ১৬৮ জন মারা গেছেন, যার বেশিরভাগই শিশু।

    জাতিসংঘ মানবাধিকার পরিষদে সংঘাতের মধ্যে শিশুদের সুরক্ষা বিষয়ক এক আলোচনায় অনলাইনে যুক্ত হয়ে সেই হামলার প্রসঙ্গ তোলেন আব্বাস আরাঘচি।

    তিনি বলেন, ওই হামলা ছিল "এই আগ্রাসনের সবচেয়ে ভয়াবহ বহিঃপ্রকাশগুলোর" একটি। এটিকে তিনি "যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ" বলে আখ্যা দেন।

    যুক্তরাষ্ট্র এই হামলার দায় স্বীকার করেনি, তবে এর আগে জানিয়েছিল যে তারা তদন্ত করছে।

  17. যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনার প্রস্তুতি নেওয়া হয়েছে: জার্মান পররাষ্ট্রমন্ত্রী

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনার প্রস্তুতি নেওয়া হয়েছে, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুলকে উদ্ধৃত করে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    মি. ভাডেফুল বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা পাকিস্তানে আলোচনায় বসার পরিকল্পনা করছেন।

    ডয়েচলান্ডফুঙ্ক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে জার্মান পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

    উভয় দেশের মধ্যে ‘পরোক্ষ যোগাযোগ’ হয়েছে এবং ‘সরাসরি বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে’, জানিয়ে তিনি বলেন, তার বিশ্বাস বৈঠকটি "খুব শীঘ্রই পাকিস্তানে" অনুষ্ঠিত হবে।

  18. মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত

    বৃহস্পতিবার রাতভর ইরানজুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ শুক্রবার সকালে জানিয়েছে, তেহরানে ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে তারা। এছাড়া, ইয়াজদে সামুদ্রিক মাইন তৈরির একটি স্থাপনায়ও হামলা চালানো হয়েছে।

    অন্যদিকে, ইসরায়েলের বিরুদ্ধেও হামলা অব্যাহত ছিল। উপকূলীয় শহর নেতানিয়ার আকাশে রকেটের ধোঁয়ার রেখা দেখা গেছে ছবিতে।

    লেবাননের গণমাধ্যমের তথ্য, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েল।

    কুয়েতের প্রধান বাণিজ্যিক বন্দরে ড্রোন হামলা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘শত্রুপক্ষের’ ড্রোন হামলায় ‘জিনিসপত্রের ক্ষয়ক্ষতি’ হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    বৃহস্পতিবার রাতে একাধিক ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে সৌদি আরব।

    এদিকে, ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ১০ হাজার স্থলসেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

  19. বৃহস্পতিবারের উল্লেখযোগ্য খবর

    • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনায় না এলে "ভয়াবহ পরিণতির" মুখোমুখি হবে ইরান।
    • ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর বা আইআরজিসি দাবি করেছে, ইরানের দক্ষিণ উপকূলে সিস্তাত-বালুচিস্তান অঞ্চলে অবস্থিত চাবাহার বন্দর এলাকায় তারা একটি মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা করেছে।
    • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় পাঁচজন নিহত হয়েছেন। তারা সবাই একই পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নেতারা আমেরিকার সাথে যে শান্তি-আলোচনা চলছে, তা স্বীকার করতে ভয় পাচ্ছেন।
    • বাংলাদেশে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
    • ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি দেশটির একজন জ্যেষ্ঠ রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, চলমান যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান।
    • যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি অভিযোগ করেছেন, মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর আগে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য ও প্রশিক্ষণ দিয়েছে।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে পোস্ট করে নেটো জোটভুক্ত দেশগুলোর সমালোচনা করে বলেছেন, ইরান নিয়ে চলমান সংঘাতে নেটো জোটভুক্ত দেশগুলো "কোনো সাহায্যই করেনি।
    • ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছেন, ইসরায়েলের বিমান হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তানসিরি নিহত হয়েছেন।
    • ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফিরিয়ে আনতে ভারতের কাছে অনুরোধ করা হয়েছে। এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানকে দ্রুত আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন এবং ইরানের আলোচকদের "অদ্ভুত" বলে মন্তব্য করেছেন।
    • মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর মালয়েশিয়ার জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
    • স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে দেখা করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
  20. বিবিসি বাংলা'র লাইভ

Trending Now