আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

মধ্যপ্রাচ্যে আরো যুদ্ধ জাহাজ এবং কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরো যুদ্ধজাহাজ এবং কয়েক হাজার সেনা পাঠাচ্ছে বলে জানা গেছে। এদিকে, ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী, বিমান-বিধ্বংসী ব্যবস্থা, রাডার এবং নেতাদের নাম উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, "এরা সবাই নিশ্চিহ্ন হয়ে গেছে"। তিনি এ-ও বলেন, "আমরা তাদের সাথে কথা বলতে চাই, কিন্তু কথা বলার মতো কেউ নেই"।

সরাসরি কভারেজ

  1. ২০শে মার্চ, শুক্রবারের উল্লেখযোগ্য খবর

    • যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরো যুদ্ধজাহাজ এবং কয়েক হাজার সেনা পাঠাচ্ছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃত করে একাধিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
    • ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী, বিমান-বিধ্বংসী ব্যবস্থা, রাডার এবং নেতাদের নাম উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, "এরা সবাই নিশ্চিহ্ন হয়ে গেছে"। তিনি আরও বলেন, "আমরা তাদের সাথে কথা বলতে চাই, কিন্তু কথা বলার মতো কেউ নেই।"
    • ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি লিখিত বার্তা প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। যেখানে তিনি ফার্সি নতুন বছর এবং ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
    • জেরুজালেমে ইরানি রকেট হামলা বেড়েছে। উত্তর ও দক্ষিণ ইসরায়েল লক্ষ্য করে অন্যান্য অস্ত্র দিয়ে আরো কিছু হামলা চালানো হয়েছে।
    • ফার্সি নববর্ষ বা নওরোজ শুরুর আগে আগে তেহরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল।
    • ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর শুক্রবার দুপুরে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ-র সঙ্গে এক আলোচনায় মিলিত হন। এর আগে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে প্রায় দেড় বছর ধরে ভারত বাংলাদেশের সঙ্গে শীর্ষ সরকারি পর্যায়ে আলোচনা কার্যত বন্ধ রেখেছিল, কিন্তু এখন একটি রাজনৈতিক সরকার ঢাকার ক্ষমতায় আসার পর তাতে পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে।
    • ইরানের প্রতিরক্ষাবাহিনী আইডিএফ জানিয়েছে, তারা সিরিয়ায় কিছু লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
    • ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর - আইআরজিসি'র মুখপাত্র আলি মোহাম্মদ না‌ইনি নিহত হয়েছেন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইআরজিসি।
    • মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত পাঁচ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
    • তিন সপ্তাহ ধরে চলা ইরান যুদ্ধের মধ্যেই মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। দেশগুলো খোলা মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায়ে বিধিনিষেধ আরোপ করেছে।
    • দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, মৃতের সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়িয়েছে।
    • শুক্রবার কলকাতার কালীঘাটে নিজের বাড়িতে সাংবাদ সম্মেলন করে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী। ওই ইশতেহারে ১০টি প্রতিশ্রুতির কথা বলেছেন তিনি।

    বিবিসি বাংলার লাইভ পাতার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর জানতে ক্লিক করুন বিবিসি বাংলার মূল পাতায়...

  2. মধ্যপ্রাচ্যে আরো যুদ্ধ জাহাজ এবং কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, প্রতিবেদনের তথ্য

    যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরো যুদ্ধজাহাজ এবং কয়েক হাজার সেনা পাঠাচ্ছে বলে জানা গেছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃত করে একাধিক সংবাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে বলা হয়েছে, ওই মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ক্যালিফোর্নিয়া-ভিত্তিক যুদ্ধ জাহাজ ইউএসএস বক্সার এবং ১১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের প্রায় আড়াই হাজার মেরিন সেনা মধ্যপ্রাচ্যের দিকে রওনা হবেন।

    একজন কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই পশ্চিম উপকূল থেকে সরিয়ে এনে তাদের মোতায়েন করা হচ্ছে।

  3. 'আমরা তাদের সাথে কথা বলতে চাই কিন্তু কথা বলার মতো কেউ নেই' - ট্রাম্প

    ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী, বিমান-বিধ্বংসী ব্যবস্থা, রাডার এবং নেতাদের নাম উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, "এরা সবাই নিশ্চিহ্ন হয়ে গেছে"।

    তিনি বলেন, "ওইখানে এখন আর কেউ নেতা হতে চায় না।"

    "আমরা তাদের সাথে কথা বলতে চাই, কিন্তু কথা বলার মতো কেউ নেই," বলেন মার্কিন প্রেসিডেন্ট

    "আমরা এটাই পছন্দ করি," যোগ করেন তিনি।

    ট্রাম্প আরও বলেন, ইরান মধ্যপ্রাচ্য দখল করতে চেয়েছিল।

    “তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে তারা তা ব্যবহার করত,” আগে বলা এই কথাটা পুনর্ব্যক্ত করেন তিনি।

    যুক্তরাষ্ট্রকে এটা থামাতে হতো, উল্লেখ করে তিনি বলেন তা "অনেক আগেই করা উচিত ছিল"।

  4. নওরোজ ও ঈদুল ফিতর উপলক্ষে মোজতবা খামেনির বার্তা

    ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি লিখিত বার্তা প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম।

    যেখানে তিনি ফার্সি নতুন বছর এবং ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।

    এতে বলা হয়েছে, "এই বছর আধ্যাত্মিকতার বসন্ত এবং প্রকৃতির বসন্ত অর্থাৎ ঈদুল ফিতর এবং প্রাচীন উৎসব নওরোজ একই সময়ে পড়েছে। আমি এই দুটি ধর্মীয় ও জাতীয় উৎসবে দেশের প্রতিটি মানুষকে অভিনন্দন জানাই।"

    "বিশেষ করে সারা বিশ্বের সকল মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই," যোগ করা হয়েছে বার্তাটিতে।

    জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভকে 'অভ্যুত্থান' হিসেবে উল্লেখ করে তিনি বলেন, 'অর্থনৈতিক সমস্যার' কারণে এটি দেশের ওপর 'চাপিয়ে দেওয়া' হয়েছিল।

    মোজতবা খামেনি নতুন সৌর বছরকে "জাতীয় ঐক্য ও নিরাপত্তার নিরিখে প্রতিরোধ অর্থনীতির বছর" হিসেবে অভিহিত করেছেন।

    তাকে নিয়ে ইরান সরকারের ব্যাপক প্রচারণা সত্ত্বেও এখনো তার দৃশ্যমান উপস্থিতি দেখা না যাওয়ায়, খামেনির আঘাতের মাত্রা এবং ইরানের ভবিষ্যৎ নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে।

  5. জেরুজালেমে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা বেড়েছে,

    জেরুজালেমে ইরানি রকেট হামলা বেড়েছে।

    বৃহস্পতিবার রাতে দেড় ঘণ্টার ব্যবধানে চারটি এবং শুক্রবার সকালে আরও দুটি হামলা হয়েছে।

    তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    উত্তর ও দক্ষিণ ইসরায়েল লক্ষ্য করে অন্যান্য অস্ত্র দিয়ে আরো কিছু হামলা চালানো হয়েছে।

    রাতে ইসরায়েল তেহরানে হামলা চালিয়েছে। তাদের দাবি, এবারও ইরানি শাসকদের ‘অবকাঠামো’কে লক্ষ্যবস্তু করা হয়েছে।

    ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, ইরানের কাছে এখনও ১৫০টিরও বেশি কার্যকর মিসাইল লঞ্চার এবং কয়েকশো ব্যালিস্টিক মিসাইল রয়েছে।

    ইসরায়েলের কান নিউজ জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরান প্রায় নয়শোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে—যার মধ্যে ৩৫০টি ইসরায়েলকে লক্ষ্য করে এবং বাকি প্রায় সবগুলোই আরব উপসাগরীয় দেশগুলোর অভিমুখে ছোড়া হয়েছে।

    ইরানের ওয়ানা সংবাদ সংস্থার শেয়ার করা একটি নতুন ভিডিওতে দেখা গেছে, ইরান গতরাত একটি অজ্ঞাত স্থান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে।

    যদিও ইসরায়েলের দাবি তারা ইরানকে নতুন ক্ষেপণাস্ত্র উৎপাদন থেকে বিরত রাখছে কিন্তু ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের একজন মুখপাত্র বলেছেন, যুদ্ধকালীন সময়েও ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন শিল্প উচ্চ মাত্রায় কাজ করে চলেছে এবং উৎপাদন বা মজুত নিয়ে কোনো উদ্বেগ নেই।

  6. ইরানে ফার্সি নববর্ষ বা নওরোজের আগে নতুন করে হামলা ইসরায়েলের

    ফার্সি নববর্ষ বা নওরোজ শুরুর আগে আগে তেহরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল।

    ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী আইডিএফ জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানের পাশাপাশি কাস্পিয়ান সাগরের উপকূলবর্তী নুর অঞ্চলে হামলা চালানো হচ্ছে।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তেহরানে তাঁরা কামানের গোলাবর্ষণ ও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।

    নওরোজ কয়েক হাজার বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী এক উৎসব। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইরানিরা এই দিনটি পালন করে থাকেন।

    তবে, এবার যুদ্ধের কারণে শঙ্কা ও উদ্বেগের মধ্য দিয়ে দিনটি কাটছে তাদের।

  7. জয়শংকরের সঙ্গে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারের বৈঠক

    ‘দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে’ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর শুক্রবার (২০ মার্চ) দুপুরে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ-র সঙ্গে এক আলোচনায় মিলিত হন।

    বৈঠকের পরে এক্স হ্যান্ডলে করা একটি পোস্টে মি জয়শংকর নিজেই এই বিষয়ে কথাবার্তা হয়েছে বলে জানান।

    আর বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ তার সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, “ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সুযোগ হলো।”

    তিনি আরো জানান, “আমি তাকে আশ্বস্ত করেছি যে দুই দেশের অভিন্ন স্বার্থ ও পারস্পরিক সুবিধাগুলো অর্জন করতে বাংলাদেশ- ভারতের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত।”

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ-মিয়ানমার বিভাগের যুগ্ম সচিব বি শ্যাম-ও এই আলোচনায় উপস্থিত ছিলেন।

    প্রসঙ্গত, বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি-র নতুন সরকার সবেমাত্র ক্ষমতায় এক মাস পূর্ণ করেছে।

    এর আগে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে প্রায় দেড় বছর ধরে ভারত বাংলাদেশের সঙ্গে শীর্ষ সরকারি পর্যায়ে এনগেজমেন্ট কার্যত বন্ধ রেখেছিল, কিন্তু এখন একটি রাজনৈতিক সরকার ঢাকার ক্ষমতায় আসার পর তাতে পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে।

    ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের এই বৈঠকও তারই ধারাবাহিকতায় হলো বলে ধারণা করা হচ্ছে।

  8. তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে '১০ প্রতিশ্রুতি' মমতা ব্যানার্জীর

    ২০শে মার্চ শুক্রবার কলকাতার কালীঘাটে নিজের বাড়িতে সাংবাদ সম্মেলন করে নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী।

    ওই ইশতেহারে ১০টি প্রতিশ্রুতির কথা বলেছেন তিনি। এগুলির মধ্যে রয়েছে, নারীদের জন্য মাসিক ভাতা ও বেকার যুবকদের জন্য 'বাংলার যুব সাথী' নামে ভাতা প্রকল্প।

    কৃষকদের জন্য উন্নয়ন ও প্রতিটি ঘরে পানীয় জলের সরবরাহ সুরক্ষিত করার আশ্বাস দিয়েছেন তিনি।

    প্রত্যেক মানুষের জন্য সরকারি চিকিৎসা সুনিশ্চিত করতে প্রতিটি ছোট শহর ছাড়াও পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে ক্যাম্প করার ঘোষণা দিয়েছেন তিনি। চিকিৎসা সংক্রান্ত ঘোষণাকেই এই ইশতেহারের সবচেয়ে বড় 'প্রমিস' বলে মনে করা হচ্ছে।

    কলকাতাকে পূর্ব ভারত তথা বিশ্বের বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা বলেছেন মুখমন্ত্রী। এ ছাড়াও শিক্ষা, বাসস্থান ও প্রশাসনিক সুবিধা মানুষের কাছে আরও সুবিধাজনকভাবে পৌছে দেওয়ার আশ্বাস দিয়েছেন মমতা ব্যানার্জী।

    ঈদের পরেই তিনি দলীয় প্রচারে নামবেন বলে জানিয়েছেন।

  9. জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমে ঈদ জামাতের সময়সূচি

    বাংলাদেশের রাজধানী ঢাকায় জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান যে জামাত অনুষ্ঠিত হয়, তাতে সাধারণ মুসল্লিদের পাশাপাশি রাষ্ট্র ও সরকারের শীর্ষ ব্যক্তিরা অংশগ্রহণ করে থাকেন।

    এবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের এখানে ঈদের নামাজ পড়ার কথা রয়েছে।

    শনিবার সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহে প্রধান জামাতটি অনুষ্ঠিত হবে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়েছে।

    "আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে এ জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে," জানিয়েছে সংস্থাটি।

    এছাড়া, বায়তুল মোকাররমে পাঁচটি ঈদ জামাত হওয়ার কথা রয়েছে।

    ইসলামিক ফাউন্ডেশনের বরাত দিয়ে বাসস জানিয়েছে, পাঁচটি ঈদ জামাত পর্যায়ক্রমে সকাল সাতটা, আটটা, নয়টা, দশটা ও বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।

  10. সিরিয়ায় হামলা চালানোর কথা জানাল ইসরায়েল

    ইরানের প্রতিরক্ষাবাহিনী আইডিএফ জানিয়েছে, তারা সিরিয়ায় কিছু লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

    বৃহস্পতিবার দিবাগত রাতে দক্ষিণ সিরিয়ার এই হামলা চালানো হয়।

    সেখানকার আস-সুওয়ায়দা শহরে দ্রুজ জনগোষ্ঠীর ওপর হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।

    তাদের বক্তব্য, "আইডিএফ সিরিয়ার দ্রুজ জনগোষ্ঠীর কোনো ধরনের ক্ষতি বরদাস্ত করবে না এবং তাদের সুরক্ষায় অভিযান অব্যাহত রাখবে।"

    বৃহস্পতিবার রাতের হামলায় সিরীয় সরকারের সামরিক ঘাঁটিতে থাকা একটি কমান্ড সেন্টার ও অস্ত্রশস্ত্রকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, জানায় আইডিএফ।

    প্রসঙ্গত, দ্রুজরা হলো সিরিয়া, লেবানন, ইসরায়েল এবং ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে বসবাসকারী আরবি-ভাষী জাতিগত-ধর্মীয় সংখ্যালঘু একটি জনগোষ্ঠী।

  11. রেভল্যুশনারি গার্ডের মুখপাত্র নিহত

    ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর - আইআরজিসি'র মুখপাত্র আলি মোহাম্মদ না‌ইনি নিহত হয়েছেন।

    এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইআরজিসি।

    ফার্স নিউজ এজেন্সির তথ্য, শুক্রবার সকালে এক হামলায় নাইনি নিহত হন।

    তেহরান ও আশেপাশের এলাকায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল।

    আলি মোহাম্মদ নাইনি রেভল্যুশনারি গার্ডের উপ-জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

    আইআরজিসি-র মুখপাত্র হওয়ার আগে তিনি বিভিন্ন উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন।

  12. মধ্যপ্রাচ্যে যুদ্ধে এ পর্যন্ত পাঁচ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত পাঁচ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

    শুক্রবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি।

    প্রতিমন্ত্রী আরো বলেন, যুদ্ধাবস্থায় বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা সরকারের অগ্রাধিকার।

    'যারা ইরানে থাকতে চাচ্ছে তারা যাতে সুরক্ষিত থাকতে পারে, সে ব্যবস্থা আমরা এবং যারা আসতে চাচ্ছে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থাটাও করার আমরা চেষ্টা করছি,' বলেন মিজ ওবায়েদ।

    তিনি জানান, ইরান থেকে আজারবাইজান হয়ে কিছু বাংলাদেশিকে দেশে ফেরানো হচ্ছে।

    বাংলাদেশ কূটনীতি ও সংলাপের মাধ্যমে যুদ্ধাবস্থার অবসান প্রত্যাশা করে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

  13. যুদ্ধের মধ্যেই মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

    তিন সপ্তাহ ধরে চলা ইরান যুদ্ধের মধ্যেই মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে।

    ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হলেও মুসলিম অধ্যুষিত পুরো অঞ্চলটিতেই এখন যুদ্ধ ছড়িয়ে পড়েছে। যদিও, ইরান ছাড়া অন্য আরব দেশগুলো সরাসরি অংশ নিচ্ছে না।

    ধর্মীয় রীতি অনুসারে সাধারণত খোলা স্থানে ঈদের নামাজ আদায় করা হয়ে থাকে। তবে, সংঘাত ও ইরানি হামলার প্রেক্ষাপটে উপসাগরীয় দেশগুলো বাইরে ঈদুল ফিতরের নামাজ আদায়ে বিধিনিষেধ আরোপ করেছে।

    কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্যমতে, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত মুসল্লিদেরকে যেখানে সাধারণত হাজার হাজার মানুষের সমাগম হয়, এমন ঐতিহ্যবাহী স্থানগুলোতে ঈদুল ফিতরের নামাজ না পড়ার জন্য বলা হয়।

    শুধু মসজিদের ভেতরেই নামাজ আদায়ের নির্দেশ দেয় দেশগুলো।

  14. দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, মৃতের সংখ্যা বেড়ে এক হাজার

    শুক্রবার সকালে দক্ষিণ লেবাননের শহরগুলোতে ইসরায়েল হামলা চালিয়েছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

    এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

    সংবাদমাধ্যমটির তথ্যমতে, ভোরে টায়ার ও বিন্ট জেবেইল অঞ্চলের বাফিলিয়া এবং হানিন শহরে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান।

    লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দোসরা মার্চ থেকে এ পর্যন্ত দেশটিতে ইসরায়েলি হামলায় ১০০১ জন নিহত হয়েছেন।

    মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো জানানো হয়, নিহতদের মধ্যে ৭৯ জন নারী, ১১৮ জন শিশু ও ৪০ জন স্বাস্থ্যকর্মী ছিলেন। এছাড়া, এই সময়ে ২৫৮৪ জন আহত হয়েছেন।

  15. বৃহস্পতিবার ঘটেছিল যেসব ঘটনা

    • বাংলাদেশে শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
    • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, কাতারের রাস লাফান জ্বালানি কমপ্লেক্সে যে হামলা চালানো হয়েছে, তাতে ইরানের সামর্থ্যের 'এক ক্ষুদ্র অংশ' মাত্র ব্যবহার করা হয়েছে।
    • কাতারে ইরান যদি ফের কোনো হামলা চালায়, তবে দেশটির প্রধান প্রধান গ্যাসক্ষেত্রগুলোতে ‘বিশাল বিস্ফোরণ’ চালানোর হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    • কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মেদ বিন আবদুর রহমান আল থানি বলেছেন, ইসরায়েল ও ইরান এই অঞ্চলকে যুদ্ধে টেনে আনছে।
    • যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একমুখী ড্রোনহামলা “সংঘাত শুরুর পর থেকে ৯০ শতাংশ কমে গেছে”।
    • হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চালানোর জন্য ইরানকে টোল ও কর দিতে হবে - এমন একটি প্রস্তাব নিয়ে দেশটির আইনপ্রণেতারা কাজ করছেন বলে জানিয়েছেন সংসদ সদস্য সোমায়ে রাফিই।
    • সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোয় রাতভর হামলার খবর পাওয়া গেছে।
    • বাংলাদেশে এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম প্রতি ভরিতে প্রায় ২৫ হাজার টাকা কমেছে।
    • বগুড়ার সান্তাহারে দুর্ঘটনার শিকার নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর ওই রুটে ট্রেন চলাচল আবারও শুরু হয়েছে।
    • আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি।
  16. বিবিসি বাংলা'র লাইভ

Trending Now