লাইভ, হরমুজ প্রণালি খোলা রাখার উপায় নিয়ে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

হরমুজ প্রণালি খোলা রাখার উপায় নিয়ে ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শুরু হয়েছে। এদিকে, বাংলাদেশে র‍্যাব, সিআইডি ও এসবির শীর্ষ পদে রদবদল করেছে সরকার। সবশেষ খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. মধ্যপ্রাচ্য যুদ্ধ যেন পুতিনের জন্য আশীর্বাদ না হয়ে দাঁড়ায়:ব্রিটিশ প্রধানমন্ত্রী

    ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার

    ছবির উৎস, POOL

    ছবির ক্যাপশান, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার

    ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার জানিয়েছেন, এ পর্যন্ত ৯২ হাজারেরও বেশি ব্রিটিশ নাগরিক বাণিজ্যিক এবং সরকারি চার্টার ফ্লাইটে দেশে ফিরে এসেছেন।

    ডাউনিং স্ট্রিটের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মধ্যপ্রাচ্যে যুক্তরাজ্যের কার্যক্রম সম্পর্কে সবশেষ তথ্য জানিয়েছেন তিনি।

    লেবাননে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের সহায়তা করার জন্য কাজ চলছে বলেও জানান স্টারমার।

    তিনি আরও বলেন, ইরান থেকে আসা হামলা প্রতিহত করতে সাইপ্রাসে যুক্তরাজ্যের “হাজার হাজার সামরিক সদস্য”, তিন স্কোয়াড্রন যুদ্ধবিমান এবং ড্রোন বিধ্বংসী দল মোতায়েন রয়েছে।

    যুক্তরাজ্যের কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে স্টারমার বলেন, পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার গত কয়েকদিন মধ্যপ্রাচ্যের ওই অঞ্চলে অবস্থান করেছেন।

    স্টারমার আজ সকালে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে দেখা করেছেন এবং শীঘ্রই প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথেও বৈঠক করবেন।

    তিনি বলেন, “ইউক্রেনকে সমর্থন করার দিকে আমাদের মনোযোগ ধরে রাখা অত্যন্ত জরুরি।”

    তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কোনোভাবেই ভ্লাদিমির পুতিনের জন্য বাড়তি কোনো সুবিধা বা আশীর্বাদ হওয়ার সুযোগ দেওয়া যাবে না।

  2. ইরানে ‘ব্যাপক পরিসরে’ হামলা শুরু করেছে আইডিএফ

    ইরানের কিছু অংশে ‘ব্যাপক পরিসরে’ হামলা শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

    তথ্য আদানপ্রদানের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে আইডিএফ বলেছে, “তেহরান, শিরাজ এবং তাবরিজে ইরানি সন্ত্রাসী শাসনের অবকাঠামো লক্ষ্য করে আইডিএফ সবেমাত্র ব্যাপক পরিসরে হামলা শুরু করেছে।”

    যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের ওপর অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে এবং রাতভর তেহরানে ভারী বোমা হামলার খবর পাওয়া গেছে।

    উপসাগরীয় দেশগুলোতেও রাতভর ইরানি হামলার খবর পাওয়া গেছে।

  3. হরমুজ প্রণালি খোলা রাখার উপায় নিয়ে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

    হরমুজ প্রণালিতে জাহাজ

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, “আমাদের নিজেদের স্বার্থেই হরমুজ প্রণালি খোলা রাখা প্রয়োজন”:ইইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কায়া কালাস

    ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কায়া কালাস জানিয়েছেন, হরমুজ প্রণালি সচল রাখতে ইউরোপের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা নিয়ে সদস্য দেশগুলো আলোচনা করবে।

    রয়টার্সের প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি এরাবিক এই প্রতিবেদন প্রকাশ করেছে।

    ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে কালাস ব্যাখ্যা করেন, “আমাদের নিজেদের স্বার্থেই হরমুজ প্রণালি খোলা রাখা প্রয়োজন।”

    বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ এই সরু পথ দিয়ে পরিবাহিত হয়।

    কিন্তু সাম্প্রতিক এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রণালি দিয়ে যাওয়ার সময় বেশ কয়েকটি জাহাজ হামলার শিকার হয়েছে।

    এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, এই পথ নিরাপদ করতে যদি মার্কিন মিত্ররা সাহায্য না করে, তবে তা “নেটোর ভবিষ্যতের জন্য খুব খারাপ হবে।”

    রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ট্রাম্প এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার “বিশ্বব্যাপী জাহাজ চলাচল স্বাভাবিক করতে” হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন।

  4. ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা নেটো যুদ্ধ নয়: ব্রিটিশ মন্ত্রী

    যুক্তরাজ্যের কর্ম এবং পেনশন মন্ত্রী প্যাট মেকফেডান

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, বর্তমান যুদ্ধ “নেটো যুদ্ধ নয়” বরং “মার্কিন-ইসরায়েলি পদক্ষেপ”:প্যাট মেকফেডান

    যুক্তরাজ্যের কর্ম এবং পেনশন মন্ত্রী প্যাট মেকফেডান বলেছেন, নেটো ডিফেন্স অ্যালায়েন্স বা প্রতিরক্ষা জোট “মধ্যপ্রাচ্যে যে ধরনের পরিস্থিতি আমরা দেখছি” তা মাথায় রেখে করা হয়নি।

    বিবিসি রেডিও ফোরের সোমবারের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

    ১৯৪৯ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১২টি দেশ নিয়ে নেটো প্রতিষ্ঠিত হয়েছিল।

    নেটোর মূল নীতিগুলোর মধ্যে একটি সংস্থাটির সংবিধানের পাঁচ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, নেটোভুক্ত কোন একটি দেশের বিরুদ্ধে হামলার অর্থ সবার বিরুদ্ধেই হামলা।

    এর আগে সকালে আরেক অনুষ্ঠানে দেশটির সাবেক প্রতিরক্ষা প্রধান জেনারেল স্যার নিক কার্টার বলেছেন, নেটো “এমন কোনো জোট নয়, যা কোনও মিত্রের জন্য তৈরি করা হয়েছিল যাতে তারা নিজের ইচ্ছেমত যুদ্ধে যায় এবং পরে অন্য সকলকে তা অনুসরণ করতে বাধ্য করে।”

    স্যার নিক কার্টারের বক্তব্যের সাথে একমত কিনা জানতে চাইলে ব্রিটেনের কর্ম এবং পেনশন মন্ত্রী প্যাট মেকফেডান বলেন, জেনারেল কার্টার ‘সঠিক’ এবং বর্তমান যুদ্ধকে 'নেটো যুদ্ধ নয়' বরং 'মার্কিন-ইসরায়েলি পদক্ষেপ' হিসেবে বর্ণণা করেছেন।

    “নেটোর প্রতি আমরা গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ” বলেন মেকফেডান।

  5. সংযুক্ত আরব আমিরাতের পূর্ব উপকূলে তেল টার্মিনালে ড্রোন হামলার পর আগুন লেগেছে

    সংযুক্ত আরব আমিরাতের পূর্ব উপকূলে ফুজাইরাতে একটি বিশাল তেল শিল্প এলাকায় ড্রোন হামলার ফলে আগুন লেগেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

    হরমুজ প্রণালীর কাছে ওমান উপসাগরে অবস্থিত ফুজাইরা, যেটি সংযুক্ত আরব আমিরাতের তেলের জন্য গুরুত্বপূর্ণ একটি এক্সিট পয়েন্ট বা প্রস্থান কেন্দ্র।

    কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফুজাইরার কর্তৃপক্ষ।

  6. ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার বিমান 'নিখুঁতভাবে' ধ্বংস করা হয়েছে: আইডিএফ

    তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিমান ধ্বংস করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

    ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এল্লা ওয়াভিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ লিখেছেন, খামেনি যে বিমানটি ব্যবহার করতেন সেটি “নিখুঁতভাবে” ধ্বংস করা হয়েছে।

    “খামেনি ছাড়াও ইরান সরকারের শীর্ষ কর্মকর্তা এবং সামরিক বাহিনীর সদস্যরা এই বিমানটি ব্যবহার করে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের মাধ্যমে অস্ত্রের চুক্তি সম্পন্ন করতেন এবং ‘অ্যাক্সিস’ভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষা করতেন” বলে বিষয়টিকে ব্যাখ্যা করেছেন তিনি।

    মিজ ওয়াভিয়া আরও উল্লেখ করেন, “এই বিমান ধ্বংস করার ফলে ইরান সরকারের সন্ত্রাসী নেতৃত্বের পক্ষে তাদের মিত্র দেশগুলোর সাথে সমন্বয় করা এবং সামরিক শক্তি গড়ে তোলা কঠিন হয়ে পড়বে। একইসাথে শাসকগোষ্ঠীর ক্ষমতা পুনর্নির্মাণের ক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয় এবং এর ফলে ইরান সরকার একটি অতিরিক্ত কৌশলগত সম্পদ হারিয়েছে।”

  7. ট্রাম্পের মন্তব্যের পর সামরিক অভিযান বন্ধের আহ্বান চীনের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে চীন।

    যুক্তরাজ্যের ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বেইজিং যদি হরমুজ প্রণালী নিরাপদ রাখতে সহায়তা না করে, তাহলে চীনের প্রেসিডেন্ট সঙ্গে তার নির্ধারিত বৈঠক পিছিয়ে যেতে পারে।

    এ বিষয়ে প্রশ্ন করা হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, রাষ্ট্রপ্রধান পর্যায়ের কূটনীতি চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও কৌশলগত দিকনির্দেশনা দেয়।

    তিনি আরও জানান, ট্রাম্পের সম্ভাব্য চীন সফর নিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ বজায় রয়েছে।

    হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে ট্রাম্পের আহ্বান নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র লিন জিয়ান বলেন, সাম্প্রতিক উত্তেজনার কারণে বাণিজ্যিক পথ ব্যাহত হচ্ছে এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

    তিনি বলেন, “চীন সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানাচ্ছে”।

    চলমান উত্তেজনা প্রশমনে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

  8. ইরানের সর্বোচ্চ নেতার ব্যক্তিগত বিমান ধ্বংস করার দাবি ইসরায়েলি সামরিক বাহিনীর

    ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে ইরানের সর্বোচ্চ নেতার ব্যক্তিগত বিমানটি ধ্বংস করেছে তারা।

    তারা জানিয়েছে, আলী খামেনি, শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং সামরিক বাহিনীর সদস্যরা ওই বিমানটি ব্যবহার করতেন।

    ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের মাধ্যমে “অস্ত্রের চুক্তি সম্পন্ন করা এবং পক্ষভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখাই ছিল এর মূল উদ্দেশ্য।”

  9. জেরাল্ড আর ফোর্ড রণতরী আমাদের লক্ষ্যবস্তু:খাতাম আল আনবিয়া সদর দফতর

    “লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ডকে” ইরান তাদের জন্য একটি “হুমকি” হিসেবে দেখছে বলে জানিয়েছে খাতাম আল আনবিয়া ঘাঁটির একজন মুখপাত্র।

    ইরানের সশস্ত্র বাহিনীর সম্মিলিত কমান্ড সেন্টার বা সদর দফতর এই খাতাম আল আনবিয়া।

    এক বিবৃতিতে ওই মুখপাত্র জানিয়েছেন, “তাই লোহিত সাগরে এই রণতরীর জন্য ব্যবহৃত লজিস্টিক এবং সার্ভিস সেন্টারগুলোকে ইরানি সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হচ্ছে।”

    এই বিমানবাহী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড হলো বিশ্বের বৃহত্তম রণতরী বা জাহাজ, যেটির দৈর্ঘ্য ৩০০ মিটারেরও বেশি।

    মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড(সেন্টকম) গত বৃহস্পতিবার জানিয়েছিল, জাহাজটির একটি বড় “লন্ড্রি এলাকায়” আগুন লেগেছিল।

    তবে সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং “জাহাজের প্রপালশন সিস্টেম বা মূল চালিকাশক্তির কোনো ক্ষতি হয়নি এবং রণতরীটি বর্তমানে পুরোপুরি সচল রয়েছে।”

    সেন্টকমের তথ্য অনুযায়ী, এই আগুনের ঘটনার সাথে “কোনো সামরিক অভিযানের সম্পর্ক নেই।”

    উল্লেখ্য, ইরানের ওপর হামলা চালানোর উদ্দেশ্যে ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডকে ক্যারিবীয় সাগর থেকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে।

  10. র‍্যাব, সিআইডি ও এসবির শীর্ষপদে পরিবর্তন

    বাংলাদেশ পুলিশের লোগো

    ছবির উৎস, ডিএমপি

    র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)- পুলিশের এই বিশেষ তিনটি ইউনিটের শীর্ষপদে রদবদল করেছে সরকার।

    র‍্যাবের মহাপরিচালকের পদে দায়িত্ব দেওয়া হয়েছে আহসান হাবীব পলাশকে। তিনি পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

    পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি সরদার নুরুল আমিনকে বিশেষ শাখার বা এসবির প্রধান হিসেবে দায়িত্ব দওয়া হয়েছে।

    একইসঙ্গে, পুলিশের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে সিআইডি প্রধান করা হয়েছে।

    এসব রদবদলের ব্যাপারে আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

  11. হরমুজ প্রণালী নিরাপদ রাখতে কয়েকটি দেশের সঙ্গে আলোচনা করছেন ট্রাম্প

    তিন সপ্তাহ ধরে যুদ্ধ চলছে ইরানে।

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, সোমবার সকালে তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে

    তিন সপ্তাহ ধরে যুদ্ধ চলছে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী নিরাপদ করার জন্য তিনি প্রায় সাতটি দেশের সাথে আলোচনা করছেন।

    বিশ্বে ব্যবহৃত মোট তেলের প্রায় ২০ শতাংশ সাধারণত হরমুজ প্রণালী দিয়েই পরিবহন করা হয়।

    যুক্তরাজ্যের ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, নেটোর সদস্যরা যুক্তরাষ্ট্রকে সহায়তা না করলে জোটটির ভবিষ্যৎ খুব খারাপ হতে পারে।

    ইরান যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ খবর হলো:

    • ইরানের রাজধানী তেহরানে ভারী বোমা হামলার খবর পাওয়া গেছে। একই সময়ে সৌদি আরব জানিয়েছে, উপসাগরীয় দেশগুলো লক্ষ্য করে চালানো হামলার মধ্যে তারা রাতভর ৬০টির বেশি ড্রোন ভূপাতিত করেছে।
    • আবুধাবি মিডিয়া অফিস জানিয়েছে, সেখানে বেসামরিক এলাকায় একটি ক্ষেপণাস্ত্র পড়লে এক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন।
    • ইরানের একটি ক্ষেপণাস্ত্র কাছাকাছি আঘাত হানার পর বন্ধ থাকা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আংশিকভাবে আবার ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
    • ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে হেজবুল্লাহর গুরুত্বপূর্ণ ঘাঁটি লক্ষ্য করে তারা স্থল অভিযান শুরু করেছে।
  12. ভোট ঘোষণা করেই পশ্চিমবঙ্গে বড় প্রশাসনিক রদবদল করল নির্বাচন কমিশন

    প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কলকাতা পুলিশ (ফাইল চিত্র)

    ছবির উৎস, Samir Jana/Hindustan Times via Getty Images

    ছবির ক্যাপশান, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কলকাতা পুলিশ (ফাইল চিত্র)

    "পশ্চিমবঙ্গে সুষ্ঠু ও হিংসামুক্ত নির্বাচন করাতে বদ্ধপরিকর কমিশন।" রোববার (১৫ মার্চ) দিল্লির বিজ্ঞান ভবন থেকে এই বার্তা দিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

    তার পরেই পশ্চিমবঙ্গের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মিনাকে সরিয়ে দুষ্মন্ত নারিওয়াল ও সঙ্ঘমিত্রা ঘোষকে ওই পদে বসায় কমিশন।

    এরপর সোমবারও রাজ্য পুলিশের শীর্ষ পদে বড় রদবদল করল নির্বাচন কমিশন। কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার ও রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডেকে বদল করল নির্বাচন কমিশন। তাঁদের জায়গায় কলকাতার নতুন কমিশনার পদে এলেন অজয়কুমার নন্দ ও পশ্চিমবঙ্গ পুলিশের ভারপ্রাপ্ত ডিজি হলেন সিদ্ধনাথ গুপ্তা।

    এ ছাড়াও সরানো হয়েছে এডিজি (আইনশৃঙ্খলা) বিনীত গোয়েলকে। তাঁর জায়গায় এসেছেন অজয় মুকুন্দ রানাডে। এ ছাড়াও ডিজি (সংশোধনাগার) পদে এসেছেন নটরাজন রমেশ বাবু। এর আগে এই পদে ছিলেন সিদ্ধনাথ গুপ্তা।

  13. খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন তারেক রহমান

    খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ছবির উৎস, Bangladesh Nationalist Party-BNP

    ছবির ক্যাপশান, খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশের উত্তরে দিনাজপুরের কাহারোল উপজেলায় সাহাপাড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

    তিনি আজ সোমবার যে খাল পুনঃখনন শুরু করে সারাদেশের ৫৪ জেলায় একযোগে এই কর্মসূচির উদ্বোধন করলেন, প্রায় পাঁচ দশক আগে দিনাজপুরের সাহাপাড়ার ওই খালটি খনন করেছিলেন তার বাবা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

    তারেক রহমানের নেতৃত্বে বিএনপির এই নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

    সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থার উন্নয়ন এবং কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হবে।

    সোমবার কর্মসূচির উদ্বোধন করার আগে, সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান।

    সেখান থেকে সড়কপথে দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় অনুষ্ঠানস্থলে যান।

    খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ছবির উৎস, Bangladesh Nationalist Party-BNP

  14. ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোন আরব আমিরাতের দিকে, সাময়িকভাবে বন্ধ দুবাই বিমানবন্দর

    ধোঁয়া দেখা যাচ্ছে দুবাই শহরে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ধোঁয়া দেখা যাচ্ছে দুবাই শহরে

    সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় স্থানীয় সময় সকাল নয়টায় (বাংলাদেশ সময় বেলা ১১টা) জানিয়েছে যে দেশটির আকাশ-প্রতিরোধী ব্যবস্থা এখন ইরান থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র আর ড্রোনের হুমকি মোকাবিলা করছে।

    তবে ওই হুমকি সম্বন্ধে আর কিছু জানানো হয় নি।

    অবশ্য বলা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতে যে আওয়াজ শোনা যাচ্ছে, তা আসলে ক্ষেপণাস্ত্র আর ড্রোনগুলিকে সেদেশের আকাশ-প্রতিরোধী ব্যবস্থা ‘ইন্টারসেপ্ট’ করার শব্দ।

    এর আগে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক ভাবে স্থগিত রাখার কথা জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ।

    সোমবার ভোরে বিমানবন্দরের কাছেই একটি ড্রোনের আঘাতে জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায় বলে বিবিসি নিউজ জানিয়েছে।

    ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।

    ওই পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় যে আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে।

    তবে “সব যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সতর্কতামূল ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    যাত্রীদের জানানো হয়েছে যে, সর্বশেষ পরিস্থিতি জানতে তারা যেন তাদের সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করেন।

    বিবিসি নিউজ জানাচ্ছে যে, কিছু বিমানকে দুবাইয়েরই আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দর – আল মাখতুম আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

    এমিরেটস জানিয়েছে, তারা স্থানীয় সময় সকাল ১০টার (বাংলাদেশ সময় দুপুর ১২টা) পরে সীমিতভাবে তাদের পরিষেবা শুরু করবে, তবে অন্য অনেক ফ্লাইট বাতিল করেছে তারা।

    দুবাইতে এক বিমানযাত্রীর সঙ্গে কথা বলেছে বিবিসি। তিনি জানিয়েছেন যে তারা এখনও বিমানবন্দরেই আটকিয়ে আছেন। বিবিসির কাছেই তিনি প্রথম জানতে পারেন আগুন লাগার বিষয়টা।

    তিনি বলেন যে প্রায় ৪০ মিনিট বিমানের ভেতরেই অপেক্ষা করার পরে বিমানের পাইলট ঘোষণা করেন যে ‘একটি নিরাপত্তার ঘটনা হয়েছে”, এবং “আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে।“

    তবে যাত্রীদের যে বিশদে ঘটনাটি সম্পর্কে জানানো হয় নি, সেটা ভালই হয়েছে, “না হলে গোটা বিমানবন্দরে আতঙ্ক সৃষ্টি হত।“

  15. ইরানি হামলায় দুবাই বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে

    ড্রোন হামলায় জ্বালানি ট্যাঙ্কে আগুন লাগার পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন এখন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান সংযুক্ত আরব আমিরাতের দিকে প্রায় দুই হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। তবে এসবের বেশিরভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে।

    সৌদি আরব জানিয়েছে, রাতভর তারা কয়েক ডজন ড্রোন ভূপাতিত করেছে।

    একই সময়ে ইরাক ও কুয়েতও নতুন হামলার খবর দিয়েছে।

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে অব্যাহত হামলার মাঝে তেহরানে ভারী বোমা হামলার খবর পাওয়া গেছে।

    লেবাননের রাজধানী বৈরুতেও বড় বিস্ফোরণ হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, সেখানে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

  16. মানবাধিকারকে অগ্রাধিকার দিতে নতুন সরকারের প্রতি ৯ সংগঠনের আহ্বান

    বাংলাদেশের নতুন সরকারকে মানবাধিকার সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচসহ নয়টি মানবাধিকার সংগঠন। সোমবার প্রকাশিত এক চিঠিতে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলেন।

    লন্ডন থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পর তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন।

    সংগঠনগুলো বলছে, শেখ হাসিনার সময় জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যার মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছিল। তবে অন্তর্বর্তী সরকারের সময়েও রাজনৈতিক প্রতিপক্ষদের অবাধে আটক করা হয়েছে এবং সাংবাদিক ও ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা তখনও বন্ধ করা যায়নি।

    চিঠিতে ইচ্ছেমতো আটক বন্ধ করা, অতীতের মানবাধিকার লঙ্ঘনকারীদেরকে জবাবদিহির আওতায় আনা, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করা, সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা এবং রোহিঙ্গা শরণার্থীদের অধিকার রক্ষার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠনের কথাও বলা হয়েছে।

  17. ভারতের ওড়িশার হাসপাতালে আগুনে ঝলসে মৃত্যু ১০ রোগীর

    কটকের হাসপাতালের সামনে অগ্নি নির্বাপন বিভাগের ইঞ্জিন

    ছবির উৎস, ANI

    ছবির ক্যাপশান, কটকের হাসপাতালের সামনে অগ্নি নির্বাপন বিভাগের ইঞ্জিন

    ভারতের ওড়িশা রাজ্যের একটি হাসপাতালে আগুন লেগে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সোমবার দিবাগত রাতে কটক শহরের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালের ‘ট্রমা কেয়ার আইসিইউ’তে আগুন লাগে।

    ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে যে, সাতজন রোগী ঘটনাস্থলেই মারা যান। বাকি রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পরে আরও তিনজনের মৃত্যু হয়েছে। রোগীদের উদ্ধার করতে গিয়ে ওই ঘটনায় হাসপাতালের ১১জন কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা।

    সোমবার সকালে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। সংবাদমাধ্যমকে তিনি জানান, “সম্ভবত বিদ্যুতের লাইনে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। ট্রমা আইসিইউ, আইসিইউ এবং পার্শ্ববর্তী দোতলার ওয়ার্ডে মোট ২৩ জন রোগী ছিলেন। সাত জন সেখানেই মারা যান। বাকিদের সরিয়ে আনা হয়েছিল। পরে আরও তিনজনের মৃত্যু হয়। হাসপাতালের কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের উদ্ধার করেছেন। তাদের মধ্যেও অনেকে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন এখন।“

    প্রত্যেক মৃতের পরিবারকে ২৫ লক্ষ ভারতীয় টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

    স্থানীয় ওয়ার্ড কর্পোরেটর দীপক কুমার দাস সংবাদ সংস্থা এএনআইকে জানান, “রাত দুটো থেকে আড়াইটের মধ্যে ঘটনাটি ঘটে। আমি খবর পাই রাত তিনটা নাগাদ। সঙ্গে সঙ্গেই হাসপাতালে পৌঁছই আমি। সেই সময়ে বৃষ্টি পড়ছিল। যতদূর জানতে পারছি, বিদ্যুতের লাইনে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। তবে পূর্ণাঙ্গ তদন্ত হলে জানা যাবে যে পুরোনো এয়ার কন্ডিশন মেশিন থেকে আগুন লাগে, না কি অন্য কোনো কারণ ছিল।“

    হাসপাতালে আগুন লেগে মৃত্যুর ঘটনা ভারতে নতুন নয়। তবে হাসপাতালে আগুন লেগে প্রাণহানির সব থেকে ভয়াবহ ঘটনাটি ঘটেছিল কলকাতার আমরি হাসপাতালে। ওই বেসরকারি হাসপাতালটির একটি ভবনে ২০১১ সালের নয়ই ডিসেম্বর রাতে আগুন লাগে, যাতে মৃত্যু হয় রোগী ও হাসপাতাল কর্মী সহ ৯২ জনের।

  18. মার্কিন গোয়েন্দা তথ্য: ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ছবির উৎস, Tasnim News Agency

    ছবির ক্যাপশান, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মার্কিন গোয়েন্দা সংস্থার নতুন তথ্য অনুযায়ী, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনি তার ছেলে মোজতবা খামেনি তার উত্তরসূরি হিসেবে ক্ষমতায় আসুক, তা নিয়ে দ্বিধায় ছিলেন।

    একাধিক সূত্র বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে এ তথ্য জানিয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন।

    মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের জন্য অযোগ্য।

    সূত্রগুলো আরও জানিয়েছে, প্রয়াত এই নেতা তার ছেলের ব্যক্তিগত কিছু সমস্যার বিষয়েও জানতেন।

    সিবিএস নিউজ বলছে, এই গোয়েন্দা তথ্য ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ একটি ছোট পরিসরের দলের লোকজনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

    ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে গত সপ্তাহে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়।

  19. ভ্যানিটি ফেয়ারে হলিউড তারকারা

    বড় ও ছোট পর্দার অনেক তারকা এখন ভ্যানিটি ফেয়ার পার্টিতে ভিড় করছেন।

    অস্কার অনুষ্ঠান শেষে আনন্দ-আড্ডায় সময় কাটাতে তারা সেখানে যাচ্ছেন।

    নিকোল কিডম্যান এর আগে তার মুলাঁ রুজ ছবির সহঅভিনেতা ইউয়ান ম্যাকগ্রেগরের সঙ্গে সেরা চলচ্চিত্রের পুরস্কারটি উপস্থাপন করেছিলেন।

    কিম কারদাশিয়ান সোনালি রঙের গাউনে হাজির হন, তাকে দেখতে যেন অস্কারের মূর্তির মতো লাগছিল।

    অভিনেত্রী মিনি ড্রাইভার উজ্জ্বল লাল রঙের ঢেউ খেলানো পোশাকে আসা কয়েকজন তারকার একজন।

    নিকোল কিডম্যান

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, নিকোল কিডম্যান
    কিম কারদাশিয়ান

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, কিম কারদাশিয়ান
    অভিনেত্রী মিনি ড্রাইভার

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, অভিনেত্রী মিনি ড্রাইভার
  20. ভ্যানিটি ফেয়ার পার্টি শুরু, ঝাঁকে ঝাঁকে আসছেন তারকারা

    অস্কারের পর তারকারা এখন বিখ্যাত ভ্যানিটি ফেয়ার আফটার পার্টিতে সিলভার কার্পেটে হাঁটছেন।

    পপ তারকা অলিভিয়া রদ্রিগো গোধূলি গোলাপি রঙের পালকযুক্ত পোশাকে হাজির হয়েছেন।

    স্কটিশ অভিনেতা ইউয়ান ম্যাকগ্রেগ আজ রাতে তার সহঅভিনেত্রী নিকোল কিডম্যানের সঙ্গে একটি পুরস্কার প্রদান করেছিলেন। তিনি আজ স্যুট পরে ভ্যানিটি ফেয়ার পার্টিতে এসেছেন।

    অভিনেত্রী জেসিকা আলবা পরেছেন সিকুইন দিয়ে তৈরি একটি পোশাক, তাতেও রয়েছে পালকের নকশা।

    দুইবারের অস্কারজয়ী অভিনেত্রী এবং সমাজকর্মী জেন ফন্ডাও এই পার্টিতে এসেছে।

    মূলত, প্রতি বছর অস্কারের দিন আন্তর্জাতিক ম্যাগাজিন ভ্যানিটি ফেয়ার অস্কারের পর একটি বড় আফটার পার্টি আয়োজন করে। এই পার্টি হয় সাধারণত হলিউডের কাছাকাছি কোনো ভেন্যুতে।

    অনেক অস্কারজয়ী তারকা এখানে আসেন। যেসব সেলিব্রিটি অস্কারে ছিলেন না, তারাও এখানে যোগ দেন।

    পপ তারকা অলিভিয়া রদ্রিগো

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, পপ তারকা অলিভিয়া রদ্রিগো
    স্কটিশ অভিনেতা ইউয়ান ম্যাকগ্রেগ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, স্কটিশ অভিনেতা ইউয়ান ম্যাকগ্রেগ
    অভিনেত্রী জেসিকা আলবা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, অভিনেত্রী জেসিকা আলবা
    অস্কারজয়ী অভিনেত্রী এবং সমাজকর্মী জেন ফন্ডা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, অস্কারজয়ী অভিনেত্রী ও সমাজকর্মী জেন ফন্ডা
Trending Now