আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

হরমুজ প্রণালি খোলা রাখার উপায় নিয়ে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

হরমুজ প্রণালি খোলা রাখার উপায় নিয়ে ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শুরু হয়েছে। এদিকে, বাংলাদেশে র‍্যাব, সিআইডি ও এসবির শীর্ষ পদে রদবদল করেছে সরকার। সবশেষ খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদিন যা যা হলো

    • বাংলাদেশে আগামী বছর থেকে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি থাকছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। সরকারি-বেসরকারি সকল স্কুলের জন্য এই সিদ্ধান্ত বলে জানান তিনি।আগামী বছর থেকে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হবে।
    • বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)- পুলিশের এই বিশেষ তিনটি ইউনিটের শীর্ষপদে রদবদল করেছে সরকার।
    • বাংলাদেশের উত্তর দিনাজপুরের কাহারোল উপজেলায় সাহাপাড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সারাদেশের ৫৪ জেলায় একযোগে এই কর্মসূচির উদ্বোধন করলেন তিনি।
    • বাংলাদেশের নতুন সরকারকে মানবাধিকার সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচসহ নয়টি মানবাধিকার সংগঠন। সোমবার প্রকাশিত এক চিঠিতে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলেন।
    • মার্কিন গোয়েন্দা সংস্থার নতুন তথ্য অনুযায়ী, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনি তার ছেলে মোজতবা খামেনি তার উত্তরসূরি হিসেবে ক্ষমতায় আসুক, তা নিয়ে দ্বিধায় ছিলেন।
    • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্যিক জাহাজ রক্ষা এবং বিশ্বজুড়ে তেল সরবরাহ স্বাভাবিক করতে বিভিন্ন দেশকে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন। তবে তার এই আহ্বানে দেশগুলোর পক্ষ থেকে খুব একটা উৎসাহ দেখা যায়নি।
    • ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানিয়েছেন, হরমুজ প্রণালি পুনরায় খোলার জন্য একটি কার্যকর পরিকল্পনা করতে মিত্রদের সাথে কাজ করছে যুক্তরাজ্য। একইসাথে, মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কোনোভাবেই ভ্লাদিমির পুতিনের জন্য বাড়তি কোনো সুবিধা বা আশীর্বাদ হওয়ার সুযোগ দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
    • ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কায়া কালাস জানিয়েছেন, হরমুজ প্রণালি সচল রাখতে ইউরোপের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা নিয়ে সদস্য দেশগুলো আলোচনা করবে। “আমাদের নিজেদের স্বার্থেই হরমুজ প্রণালি খোলা রাখা প্রয়োজন” বলেন কালাস।
    • ব্রিটেনের কর্ম এবং পেনশন মন্ত্রী প্যাট মেকফেডান বলেন, বর্তমান যুদ্ধকে 'নেটো যুদ্ধ নয়' বরং 'মার্কিন-ইসরায়েলি পদক্ষেপ'। “নেটোর প্রতি আমরা গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ” বলেন মেকফেডান।
    • সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় স্থানীয় সময় সকাল নয়টায় (বাংলাদেশ সময় বেলা ১১টা) জানিয়েছে যে দেশটির আকাশ-প্রতিরোধী ব্যবস্থা এখন ইরান থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র আর ড্রোনের হুমকি মোকাবিলা করছে।
    • ড্রোন হামলায় জ্বালানি ট্যাঙ্কে আগুন লাগার পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত রাখার কথা জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ।
    • সংযুক্ত আরব আমিরাতের পূর্ব উপকূলে ফুজাইরাতে একটি বিশাল তেল শিল্প এলাকায় ড্রোন হামলার ফলে আগুন লেগেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
    • তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিমান ধ্বংস করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
    • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে চীন।
    • “লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ডকে” ইরান তাদের জন্য একটি “হুমকি” হিসেবে দেখছে উল্লেখ করে এটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে খাতাম আল আনবিয়া ঘাঁটির একজন মুখপাত্র। ইরানের সশস্ত্র বাহিনীর সম্মিলিত কমান্ড সেন্টার বা সদর দফতর এই খাতাম আল আনবিয়া।
    • ভোট ঘোষণা করেই পশ্চিমবঙ্গে বড় প্রশাসনিক রদবদল করল নির্বাচন কমিশন।
    • ভারতের ওড়িশা রাজ্যের একটি হাসপাতালে আগুন লেগে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সোমবার দিবাগত রাতে কটক শহরের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালের ‘ট্রমা কেয়ার আইসিইউ’তে আগুন লাগে।
    • বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৮তম আসরে সেরা ছবি হিসেবে পুরষ্কৃত হয়েছে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ডার্ক কমেডি অ্যাকশন থ্রিলার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। লিওনার্দো ডিক্যাপ্রিওকে হারিয়ে এবার সেরা অভিনেতার অস্কার জিতেছেন মাইকেল বি জর্ডান। আর সেরা অভিনেত্রীর পুরষ্কার জিতেছেন জেসি বাকলি।

    বিবিসি বাংলার লাইভ পাতার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর জানতে মূল পাতায় ক্লিক করুন।

  2. হরমুজ প্রণালিতে জাহাজ রক্ষায় ট্রাম্পের আহ্বানে বিভিন্ন দেশ যেভাবে প্রতিক্রিয়া দিয়েছে

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্যিক জাহাজ রক্ষা এবং বিশ্বজুড়ে তেল সরবরাহ স্বাভাবিক করতে বিভিন্ন দেশকে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন। তবে তার এই আহ্বানে দেশগুলোর পক্ষ থেকে খুব একটা উৎসাহ দেখা যায়নি।

    ট্রাম্প গত শনিবার ব্রিটেন, চীন, ফ্রান্স, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য দেশকে জাহাজ পাঠানোর অনুরোধ করেন।

    পরে তিনি সতর্ক করে বলেন, জাহাজ চলাচল নিরাপদ করতে ব্যর্থ হলে তা নেটোর ভবিষ্যতের জন্য “খুবই খারাপ” হবে।

    ট্রাম্পের আহ্বানে দেশগুলো যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছে তা নিচে দেওয়া হলো:

    যুক্তরাজ্য: প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানিয়েছেন, তারা মিত্রদের সাথে একটি কার্যকর পরিকল্পনা নিয়ে কাজ করছেন। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, এটি নেটোর কোনো অভিযান হবে না।

    জার্মানি: দেশটির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, “এটি আমাদের যুদ্ধ নয়, আমরা এটি শুরু করিনি।

    দক্ষিণ কোরিয়া: দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই বিষয়ে আমেরিকার সাথে নিবিড় যোগাযোগ রাখবে এবং বিষয়টি গভীরভাবে পর্যালোচনার পর সিদ্ধান্ত নেবে।

    জাপান: জাপানি প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি পার্লামেন্টে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তারা সেখানে কোনো নৌ-নিরাপত্তা অভিযান চালানোর কথা ভাবছেন না।

    অস্ট্রেলিয়া: দেশটির মন্ত্রিসভার সদস্য ক্যাথরিন কিং হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়টি নাকচ করে দিয়েছেন।

    চীন: ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র ট্রাম্পের অনুরোধ গ্রহণ করবেন কি না সে বিষয়ে সরাসরি কিছু বলেননি। তবে তিনি উল্লেখ করেছেন, জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা সব পক্ষেরই দায়িত্ব।

  3. হরমুজ প্রণালি 'আমাদের শত্রুদের জন্য' বন্ধ রয়েছে:আরাঘচি

    তেহরান যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতি বা বার্তা বিনিময়ের জন্য অনুরোধ করেনি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

    তিনি আরো বলেছেন, হরমুজ প্রণালি 'আমাদের শত্রুদের জন্য' বন্ধ থাকবে।

    "তারা (আমেরিকানরা) অন্যান্য দেশগুলোকে তাদের সাহায্য করতে বলছে, যাতে হরমুজ প্রণালি খোলা থাকে... আমাদের দৃষ্টিকোণ থেকে এটি খোলা। এটি কেবল আমাদের শত্রুদের জন্য, যারা আমাদের দেশের বিরুদ্ধে অন্যায় আগ্রাসন চালিয়েছে এবং তাদের মিত্রদের জন্য এটি বন্ধ রয়েছে" বলেন আরাঘচি।

    তিনি আরও বলেন, যুদ্ধ "এমনভাবে শেষ হতে হবে যাতে এটি আবার না ঘটে।"

  4. ট্রাম্প মনে করেন যুক্তরাজ্যের 'আরও আগে পদক্ষেপ নেওয়া উচিত ছিল'

    মার্কিন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আরও বেশি কিছু করার আহ্বান জানিয়েছেন মার্কিন মিত্রদের।

    সোমবার সকালে হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ের বাইরে কয়েক মিনিটের জন্য সাংবাদিকদের সাথে কথা বলেছেন তিনি। তখন ট্রাম্পের মনোভাব সম্পর্কে জানান।

    “ইরানের হুমকি মোকাবেলায় মার্কিন সামরিক বাহিনী থেকে অন্যান্য দেশগুলো প্রচুর উপকৃত হচ্ছে” বলেন তিনি।

    “এই দেশগুলোকে আরও বেশি কিছু করার আহ্বান জানানো প্রেসিডেন্টের একেবারে সঠিক” বলেন তিনি।

    এছাড়াও, যুক্তরাজ্যের সাথে সম্পর্কের বিষয়েও জিজ্ঞেস করা হয়েছিল প্রেস সেক্রেটারিকে।

    তিনি উত্তর দিয়েছিলেন, যুক্তরাজ্যের “আগেই পদক্ষেপ নেওয়া উচিত ছিল” বলে ট্রাম্প বিশ্বাস করেন।

    “তিনি ইউরোপে আমাদের মিত্রদের সাথে কথা বলছেন এবং তাদের আরও কিছু করার আহ্বান জানাচ্ছেন, ঠিক যেমনটি তিনি নেটোতে তাদের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির আহ্বান জানিয়েছিলেন” জানান মার্কিন প্রেস সেক্রেটারি।

  5. ইরানে ইসরায়েলি ও মার্কিন হামলা অব্যাহত থাকার কিছু ছবি

    ইরানের উপর সোমবারও হামলা অব্যাহত রয়েছে। সকালেই ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তেহরান, শিরাজ এবং তাবরিজে "ব্যাপক" হামলা চালানোর ঘোষণা দিয়েছে।

    ছবিতে ধোঁয়া এবং ধ্বংসস্তূপের মধ্য দিয়ে জরুরি কর্মীদের উদ্ধার তৎপরতার চালাতে দেখা যাচ্ছে।

  6. কাতারে দ্বিতীয় ধাপে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান

    সোমবার বিকেলে হামলার পর কাতার ইরান থেকে দ্বিতীয় ধাপের ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলে জানিয়েছে।

    বিবিসির প্রধান উপস্থাপক মরিয়ম মোশিরি এর আগে জানিয়েছিলেন, প্রথম হামলার পর কাতারি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু হওয়ার পর চারটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

    কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিতীয় ধাপটি "সফলভাবে" প্রতিহত করা হয়েছে।

  7. ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ক্ষয়-ক্ষতি ও হতাহত

    তেল আবিবে একটি ক্লাস্টার বোমা(গুচ্ছ বোমা) পড়ায় কাছাকাছি থাকা তিনজন ব্যক্তি সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।

    বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছেন।

    সোমবার পুরো রাত জুড়েই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত ছিল।

    এর মধ্যেই ইসরায়েল পশ্চিম ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে “বড় পরিসরে” হামলার ঘোষণা দিয়েছে।

  8. ড্রোন হামলার পরে সংযুক্ত আরব আমিরাতের একটি ভবনে আগুন লেগে গেছে

    সংযুক্ত আরব আমিরাতের পশ্চিম উপকূলে অবস্থিত উম্মে আল কুওয়াইন অঞ্চলে একটি ভবনে ড্রোন হামলা হওয়ার পরে আগুন লেগে গেছে।

    সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে কম জনবহুল শহর এটি।

    কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে এক বিবৃতিতে আঞ্চলিক সরকার জানিয়েছে।

  9. মমতা ব্যানার্জীর বিরুদ্ধে দুই আসনে বিজেপির বাজি শুভেন্দু

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দুটি আসনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী।

    ২০২১ সালে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জী। নন্দীগ্রামে হারার পর ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হন তিনি।

    নন্দীগ্রামের পাশাপাশি এবার সেই ভবানীপুর কেন্দ্র থেকেও প্রার্থী হলেন মি. অধিকারী। শুভেন্দু আগেই জানিয়েছিলেন তিনি এই দুই আসনেই প্রার্থী হয়ে ফের একবার মিস ব্যানার্জীকে হারাতে চান। নন্দীগ্রামে মমতা ব্যানাজীর পরাজয়কে নিজের রাজনৈতিক জীবনের একটি বড় জয় হিসেবে দেখেন শুভেন্দু অধিকারী।

    এ ছাড়াও দিলীপ ঘোষ খড়্গপুর সদর ও অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণ থেকে প্রার্থী হয়েছেন। বরানগর থেকে প্রার্থী হয়েছেন সজল ঘোষ। প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দাকে ময়না ও অভিনেতা রুদ্রনীল ঘোষকে শিবপুর থেকে প্রার্থী করেছে বিজেপি। প্রথম দফায় ১৪৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি।

    বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার কিছুক্ষণ আগে ১৯২ টি আসনে বামেদের প্রার্থী ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বামফ্রন্টের তরফে দমদম উত্তর কেন্দ্রে দাঁড়িয়েছেন দিপ্সীতা ধর, মিনাক্ষী মুখার্জী দাঁড়িয়েছেন উত্তরপাড়া কেন্দ্র থেকে। গতবছর উপনির্বাচনে বোমাবাজিতে নিহত শিশু তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিনকে কালীগঞ্জ আসন থেকে প্রার্থী করেছে সিপিআই(এম)। প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের ছেলে সপ্তর্ষি দেব দাঁড়িয়েছেন রাজারহাট-নিউটাউন আসন থেকে।

    এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি তৃণমূল।

  10. ভর্তির ক্ষেত্রে আগামী বছর থেকে থাকছে না লটারি পদ্ধতি:শিক্ষামন্ত্রী

    প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত আগামী বছর থেকে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি থাকছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। সরকারি-বেসরকারি সকল স্কুলের জন্য এই সিদ্ধান্ত বলে জানান তিনি।

    আগামী বছর থেকে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হবে বলে জানান তিনি।

    সোমবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

    অংশীদারদের সাথে আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “ক্লাস ওয়ানে মেধা যাচাই করার প্রশ্ন আসে না।”

    এই সিদ্ধান্তের ফলে আবার কোচিং বাণিজ্য শুরু হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি তা নাকচ করে দেন।

    মি. মিলন বলেন, “আমরা এমন কোন মেধার পরীক্ষা নিতে যাব না। প্রাথমিক পর্যায়ে আমরা তাদের পরীক্ষা নেব।”

    এই সংবাদ সম্মেলনে শিক্ষা খাতের নানা বিষয়ে নেওয়া সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী।

    শিক্ষামন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হিসেবে ঢাবির অধ্যাপক ড. মামুন আহমেদকে নিয়োগ দিয়েছে সরকার।

    ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সাত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়ার কথাও জানান তিনি।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক মোহাম্মদ এবিএম ওবায়দুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. রইসউদ্দিন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক মোহাম্মদ সিদ্দিকুর রহমান খানকে সরকার নিয়োগ দিয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

    এছাড়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মোহাম্মদ মাসুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোহাম্মদ আল ফোরকান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ফরিদুল ইসলামকে উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

  11. হরমুজ প্রণালি খোলা রাখার কার্যকর পরিকল্পনা করতে মিত্রদের সাথে কাজ করছে যুক্তরাজ্য

    ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানিয়েছেন, হরমুজ প্রণালি পুনরায় খোলার জন্য একটি কার্যকর পরিকল্পনা করতে মিত্রদের সাথে কাজ করছে যুক্তরাজ্য।

    প্রধানমন্ত্রী বলছেন, এটা স্পষ্ট যে মার্কিন সামরিক অভিযানে ইরানের “ঘৃণ্য শাসনের” সামরিক সক্ষমতা “ব্যাপকভাবে দুর্বল” হয়ে পড়েছে।

    তবে এই যুদ্ধের পর ইরানের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের ক্ষমতা সীমিত করতে এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল নিরাপদ করতে একটি “আলোচনাভিত্তিক চুক্তির” প্রয়োজন হবে বলে মনে করেন তিনি।

    স্টারমার বলেন, “বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করতে” হরমুজ প্রণালি অবশ্যই পুনরায় খুলে দিতে হবে।

    “এটি সহজ কোনো কাজ নয়” বলেন তিনি।

    আর সেই কারণেই নৌ-চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনতে যুক্তরাজ্য “আমাদের সকল মিত্রদের নিয়ে একটি বাস্তবায়নযোগ্য পরিকল্পনা” তৈরিতে কাজ করে যাচ্ছে বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী।

  12. মধ্যপ্রাচ্য যুদ্ধ যেন পুতিনের জন্য আশীর্বাদ না হয়ে দাঁড়ায়:ব্রিটিশ প্রধানমন্ত্রী

    ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার জানিয়েছেন, এ পর্যন্ত ৯২ হাজারেরও বেশি ব্রিটিশ নাগরিক বাণিজ্যিক এবং সরকারি চার্টার ফ্লাইটে দেশে ফিরে এসেছেন।

    ডাউনিং স্ট্রিটের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মধ্যপ্রাচ্যে যুক্তরাজ্যের কার্যক্রম সম্পর্কে সবশেষ তথ্য জানিয়েছেন তিনি।

    লেবাননে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের সহায়তা করার জন্য কাজ চলছে বলেও জানান স্টারমার।

    তিনি আরও বলেন, ইরান থেকে আসা হামলা প্রতিহত করতে সাইপ্রাসে যুক্তরাজ্যের “হাজার হাজার সামরিক সদস্য”, তিন স্কোয়াড্রন যুদ্ধবিমান এবং ড্রোন বিধ্বংসী দল মোতায়েন রয়েছে।

    যুক্তরাজ্যের কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে স্টারমার বলেন, পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার গত কয়েকদিন মধ্যপ্রাচ্যের ওই অঞ্চলে অবস্থান করেছেন।

    স্টারমার আজ সকালে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে দেখা করেছেন এবং শীঘ্রই প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথেও বৈঠক করবেন।

    তিনি বলেন, “ইউক্রেনকে সমর্থন করার দিকে আমাদের মনোযোগ ধরে রাখা অত্যন্ত জরুরি।”

    তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কোনোভাবেই ভ্লাদিমির পুতিনের জন্য বাড়তি কোনো সুবিধা বা আশীর্বাদ হওয়ার সুযোগ দেওয়া যাবে না।

  13. ইরানে ‘ব্যাপক পরিসরে’ হামলা শুরু করেছে আইডিএফ

    ইরানের কিছু অংশে ‘ব্যাপক পরিসরে’ হামলা শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

    তথ্য আদানপ্রদানের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে আইডিএফ বলেছে, “তেহরান, শিরাজ এবং তাবরিজে ইরানি সন্ত্রাসী শাসনের অবকাঠামো লক্ষ্য করে আইডিএফ সবেমাত্র ব্যাপক পরিসরে হামলা শুরু করেছে।”

    যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের ওপর অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে এবং রাতভর তেহরানে ভারী বোমা হামলার খবর পাওয়া গেছে।

    উপসাগরীয় দেশগুলোতেও রাতভর ইরানি হামলার খবর পাওয়া গেছে।

  14. হরমুজ প্রণালি খোলা রাখার উপায় নিয়ে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

    ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কায়া কালাস জানিয়েছেন, হরমুজ প্রণালি সচল রাখতে ইউরোপের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা নিয়ে সদস্য দেশগুলো আলোচনা করবে।

    রয়টার্সের প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি এরাবিক এই প্রতিবেদন প্রকাশ করেছে।

    ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে কালাস ব্যাখ্যা করেন, “আমাদের নিজেদের স্বার্থেই হরমুজ প্রণালি খোলা রাখা প্রয়োজন।”

    বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ এই সরু পথ দিয়ে পরিবাহিত হয়।

    কিন্তু সাম্প্রতিক এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রণালি দিয়ে যাওয়ার সময় বেশ কয়েকটি জাহাজ হামলার শিকার হয়েছে।

    এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, এই পথ নিরাপদ করতে যদি মার্কিন মিত্ররা সাহায্য না করে, তবে তা “নেটোর ভবিষ্যতের জন্য খুব খারাপ হবে।”

    রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ট্রাম্প এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার “বিশ্বব্যাপী জাহাজ চলাচল স্বাভাবিক করতে” হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন।

  15. ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা নেটো যুদ্ধ নয়: ব্রিটিশ মন্ত্রী

    যুক্তরাজ্যের কর্ম এবং পেনশন মন্ত্রী প্যাট মেকফেডান বলেছেন, নেটো ডিফেন্স অ্যালায়েন্স বা প্রতিরক্ষা জোট “মধ্যপ্রাচ্যে যে ধরনের পরিস্থিতি আমরা দেখছি” তা মাথায় রেখে করা হয়নি।

    বিবিসি রেডিও ফোরের সোমবারের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

    ১৯৪৯ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১২টি দেশ নিয়ে নেটো প্রতিষ্ঠিত হয়েছিল।

    নেটোর মূল নীতিগুলোর মধ্যে একটি সংস্থাটির সংবিধানের পাঁচ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, নেটোভুক্ত কোন একটি দেশের বিরুদ্ধে হামলার অর্থ সবার বিরুদ্ধেই হামলা।

    এর আগে সকালে আরেক অনুষ্ঠানে দেশটির সাবেক প্রতিরক্ষা প্রধান জেনারেল স্যার নিক কার্টার বলেছেন, নেটো “এমন কোনো জোট নয়, যা কোনও মিত্রের জন্য তৈরি করা হয়েছিল যাতে তারা নিজের ইচ্ছেমত যুদ্ধে যায় এবং পরে অন্য সকলকে তা অনুসরণ করতে বাধ্য করে।”

    স্যার নিক কার্টারের বক্তব্যের সাথে একমত কিনা জানতে চাইলে ব্রিটেনের কর্ম এবং পেনশন মন্ত্রী প্যাট মেকফেডান বলেন, জেনারেল কার্টার ‘সঠিক’ এবং বর্তমান যুদ্ধকে 'নেটো যুদ্ধ নয়' বরং 'মার্কিন-ইসরায়েলি পদক্ষেপ' হিসেবে বর্ণণা করেছেন।

    “নেটোর প্রতি আমরা গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ” বলেন মেকফেডান।

  16. সংযুক্ত আরব আমিরাতের পূর্ব উপকূলে তেল টার্মিনালে ড্রোন হামলার পর আগুন লেগেছে

    সংযুক্ত আরব আমিরাতের পূর্ব উপকূলে ফুজাইরাতে একটি বিশাল তেল শিল্প এলাকায় ড্রোন হামলার ফলে আগুন লেগেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

    হরমুজ প্রণালীর কাছে ওমান উপসাগরে অবস্থিত ফুজাইরা, যেটি সংযুক্ত আরব আমিরাতের তেলের জন্য গুরুত্বপূর্ণ একটি এক্সিট পয়েন্ট বা প্রস্থান কেন্দ্র।

    কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফুজাইরার কর্তৃপক্ষ।

  17. ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার বিমান 'নিখুঁতভাবে' ধ্বংস করা হয়েছে: আইডিএফ

    তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিমান ধ্বংস করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

    ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এল্লা ওয়াভিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ লিখেছেন, খামেনি যে বিমানটি ব্যবহার করতেন সেটি “নিখুঁতভাবে” ধ্বংস করা হয়েছে।

    “খামেনি ছাড়াও ইরান সরকারের শীর্ষ কর্মকর্তা এবং সামরিক বাহিনীর সদস্যরা এই বিমানটি ব্যবহার করে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের মাধ্যমে অস্ত্রের চুক্তি সম্পন্ন করতেন এবং ‘অ্যাক্সিস’ভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষা করতেন” বলে বিষয়টিকে ব্যাখ্যা করেছেন তিনি।

    মিজ ওয়াভিয়া আরও উল্লেখ করেন, “এই বিমান ধ্বংস করার ফলে ইরান সরকারের সন্ত্রাসী নেতৃত্বের পক্ষে তাদের মিত্র দেশগুলোর সাথে সমন্বয় করা এবং সামরিক শক্তি গড়ে তোলা কঠিন হয়ে পড়বে। একইসাথে শাসকগোষ্ঠীর ক্ষমতা পুনর্নির্মাণের ক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয় এবং এর ফলে ইরান সরকার একটি অতিরিক্ত কৌশলগত সম্পদ হারিয়েছে।”

  18. ট্রাম্পের মন্তব্যের পর সামরিক অভিযান বন্ধের আহ্বান চীনের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে চীন।

    যুক্তরাজ্যের ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বেইজিং যদি হরমুজ প্রণালী নিরাপদ রাখতে সহায়তা না করে, তাহলে চীনের প্রেসিডেন্ট সঙ্গে তার নির্ধারিত বৈঠক পিছিয়ে যেতে পারে।

    এ বিষয়ে প্রশ্ন করা হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, রাষ্ট্রপ্রধান পর্যায়ের কূটনীতি চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও কৌশলগত দিকনির্দেশনা দেয়।

    তিনি আরও জানান, ট্রাম্পের সম্ভাব্য চীন সফর নিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ বজায় রয়েছে।

    হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে ট্রাম্পের আহ্বান নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র লিন জিয়ান বলেন, সাম্প্রতিক উত্তেজনার কারণে বাণিজ্যিক পথ ব্যাহত হচ্ছে এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

    তিনি বলেন, “চীন সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানাচ্ছে”।

    চলমান উত্তেজনা প্রশমনে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

  19. ইরানের সর্বোচ্চ নেতার ব্যক্তিগত বিমান ধ্বংস করার দাবি ইসরায়েলি সামরিক বাহিনীর

    ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে ইরানের সর্বোচ্চ নেতার ব্যক্তিগত বিমানটি ধ্বংস করেছে তারা।

    তারা জানিয়েছে, আলী খামেনি, শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং সামরিক বাহিনীর সদস্যরা ওই বিমানটি ব্যবহার করতেন।

    ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের মাধ্যমে “অস্ত্রের চুক্তি সম্পন্ন করা এবং পক্ষভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখাই ছিল এর মূল উদ্দেশ্য।”

  20. জেরাল্ড আর ফোর্ড রণতরী আমাদের লক্ষ্যবস্তু:খাতাম আল আনবিয়া সদর দফতর

    “লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ডকে” ইরান তাদের জন্য একটি “হুমকি” হিসেবে দেখছে বলে জানিয়েছে খাতাম আল আনবিয়া ঘাঁটির একজন মুখপাত্র।

    ইরানের সশস্ত্র বাহিনীর সম্মিলিত কমান্ড সেন্টার বা সদর দফতর এই খাতাম আল আনবিয়া।

    এক বিবৃতিতে ওই মুখপাত্র জানিয়েছেন, “তাই লোহিত সাগরে এই রণতরীর জন্য ব্যবহৃত লজিস্টিক এবং সার্ভিস সেন্টারগুলোকে ইরানি সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হচ্ছে।”

    এই বিমানবাহী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড হলো বিশ্বের বৃহত্তম রণতরী বা জাহাজ, যেটির দৈর্ঘ্য ৩০০ মিটারেরও বেশি।

    মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড(সেন্টকম) গত বৃহস্পতিবার জানিয়েছিল, জাহাজটির একটি বড় “লন্ড্রি এলাকায়” আগুন লেগেছিল।

    তবে সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং “জাহাজের প্রপালশন সিস্টেম বা মূল চালিকাশক্তির কোনো ক্ষতি হয়নি এবং রণতরীটি বর্তমানে পুরোপুরি সচল রয়েছে।”

    সেন্টকমের তথ্য অনুযায়ী, এই আগুনের ঘটনার সাথে “কোনো সামরিক অভিযানের সম্পর্ক নেই।”

    উল্লেখ্য, ইরানের ওপর হামলা চালানোর উদ্দেশ্যে ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডকে ক্যারিবীয় সাগর থেকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে।

Trending Now