সোমবার সারাদিন যা যা হলো-
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে সাংবাদিকদের বলেছেন, ''যদি আমার ওপর নির্ভর করত, আমি ইরানের সব তেল নিয়ে নিতাম। সেটি নিজের কাছে রাখতাম। অনেক অর্থ উপার্জন করতাম। ইরানের জনগণের দেখভালও করতাম। কিন্তু আমেরিকান জনগণ চায় আমরা ফিরে আসি।''
- ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের আধা সরকারি গণমাধ্যম ইরনার খবরে এই তথ্য জানানো হয়েছে।
- ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি জানিয়েছে যে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমি নিহত হয়েছেন।
- ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলার যে হুমকি দিয়েছে সেটি যদি সত্যিই বাস্তবায়ন করতে চায় তাহলে তার কঠোর পাল্টা জবাব দিতে প্রস্তত ইরান।
- ইসরায়েলের হাইফার একটি ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। সেখানের বিধ্বস্ত একটি ভবন থেকে উদ্ধারকারী দল চারজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে।
- সোমবার ইরানের একটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে এই তথ্য জানান।
- লেবাননে হেজবুল্লাহ নেতাকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েল। সেই হামলা লক্ষ্যভ্রষ্ট হলে এতেবিরোধী একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা নিহত হন।
- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ।
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর সন্দেহভাজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত তিনজন সদস্যের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছে আদালত।
- ত্রয়োদশ জাতীয় সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।
- ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ ১২ই মে অনুষ্ঠিত হবে। আটই এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।