আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

হামলা হলে মার্কিন সংশ্লিষ্ট গালফ দেশের জ্বালানি স্থাপনায় হামলার হুমকি ইরানের

হরমুজ প্রণালি চালুর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সময়সীমা বেঁধে দেয়ার পর, তেহরান বলেছে, তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে মার্কিন সংশ্লিষ্ট গালফ দেশের জ্বালানি স্থাপনায় হামলা করবে ইরান। এদিকে, আইডিএফের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইরান থেকে ইসরায়েলের দিকে আবারো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

সরাসরি কভারেজ

  1. রোববার ২২শে মার্চের উল্লেখযোগ্য খবর

    • হরমুজ প্রণালি চালু করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়ার পর, তেহরান জানিয়েছে, তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে যুক্তরাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট গালফ দেশের জ্বালানি স্থাপনায় হামলা করবে ইরান।
    • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানকে নতুন করে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি বলেছেন, এই সময় পার হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো 'ধ্বংস' বা 'নিশ্চিহ্ন' করে দেবে।
    • টেলিগ্রামে পোষ্ট করা ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইরান থেকে ইসরায়েলের দিকে আবারো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
    • যুক্তরাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী বলেছেন, ইরানের কাছে লন্ডনে আঘাত হানতে সক্ষম এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে - ইসরায়েলের এমন দাবির সপক্ষে কোন প্রমাণ পাওয়া যায়নি।
    • কাতারে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
    • শনিবার রাতে ইসরায়েলে পারমাণবিক স্থাপনার নিকটবর্তী দুটি শহরে হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় অন্তত ১৬০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা।
    • ইসরায়েলের আরাদ শহরে শনিবার রাতে এক হামলায় দুটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
    • ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। রোববার এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
    • তৃণমূল পর্যায়ে গণতন্ত্র শক্তিশালী করতে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। রোববার সিলেটে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

    বিবিসি বাংলায় লাইভপাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর এবং বিশ্লেষণ জানতে ক্লিক করুন বিবিসি বাংলার মূল পাতায়...

  2. ইসরায়েলিদের 'আত্মতুষ্টিতে' না ভোগার আহ্বান নেতানিয়াহুর

    ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থল দক্ষিণ ইসরায়েলের আরাদ শহর পরিদর্শন করে এই হামলায় কেউ নিহত না হওয়াকে 'মিরাকল' বা অলৌকিক ঘটনা বলে বর্ণনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

    শনিবার শহরটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৮০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

    নিহত হওয়ার ঘটনা না থাকলেও ইসরায়েলি জনগণকে 'আত্মতুষ্টিতে' না ভোগার আহ্বান জানান মি. নেতানিয়াহু। বলেন, ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক সংকেত বাজার সময় আশ্রয়কেন্দ্রে চলে যেতে হবে।

    শনিবার রাতে ইরানি হামলার কথা উল্লেখ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, “সতর্কবার্তা পাওয়ার পর থেকে ক্ষেপণাস্ত্রটি পড়ার আগ পর্যন্ত পুরো দশ মিনিট সময় ছিল।”

    যদি ওই কয়েক মিনিটের মধ্যে সবাই সুরক্ষিত জায়গায় অর্থাৎ, ভবনের নিচে থাকা আশ্রয়কেন্দ্রে চলে যেত তাহলে কেউই আহত হতো না, যোগ করেন তিনি।

  3. যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় আলোচনার আশা আইএইএ প্রধানের

    আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা 'পুনরায় শুরু'র ব্যাপারে আশা রাখেন।

    বিবিসি'র মার্কিন সহযোগী সিবিএস-এর 'ফেস দ্য নেশন' অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন তিনি।

    "আমি হোয়াইট হাউস এবং ইরানের সাথে গুরুত্ববহ আলোচনা করছিলাম। কিছু যোগাযোগ স্থাপিত হয়েছিল এবং আমরা সেই সম্পর্কটি পুনরায় স্থাপন করতে পারব বলে আশা করি," সিবিএসকে বলেন মি. গ্রোসি।

    একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে গ্রোসি বলেন, "যতক্ষণ আলোচনা চলছে, একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা সবসময়ই থাকে।"

  4. হামলা হলে মার্কিন সংশ্লিষ্ট গালফ দেশের জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুমকি ইরানের

    হরমুজ প্রণালি চালু করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়ার পর, তেহরান জানিয়েছে, তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে যুক্তরাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট গালফ দেশের জ্বালানি স্থাপনায় হামলা করবে ইরান।

    দেশটির পার্লামেন্টের স্পীকার বলেছেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি হামলা করে, তাহলে গালফ অঞ্চলের দেশগুলোর জরুরি অবকাঠামোতে ‘অপূরণীয় ধ্বংসযজ্ঞ’ চালানো হবে।

    সামাজিক মাধ্যম এক্স-এ মোহাম্মদ-বাঘের ঘালিবাফ লিখেছেন, সেক্ষেত্রে জরুরি অবকাঠামো, জ্বালানি এবং তেলক্ষেত্র – সবই হবে ইরানের ‘বৈধ টার্গেট’।

    এছাড়া বিশ্বজুড়ে তেলের দাম অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেয়া হবে বলেও সতর্ক করেছেন ইরানের স্পিকার।

    এর আগে ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানকে নতুন করে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন।

    তিনি বলেছেন, এই সময় পার হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো 'ধ্বংস' বা 'নিশ্চিহ্ন' করে দেবে।

  5. ইসরায়েলে আবার হামলা করেছে ইরান

    টেলিগ্রামে পোষ্ট করা ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইরান থেকে ইসরায়েলের দিকে আবারো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

    ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে, তারা এই হুমকি ঠেকাতে কাজ করছে এবং সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়েছে।

    ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবিও খবর দিয়েছে যে, নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে।

    অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, তারা রোবাবার ইরান থেকে ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৫টি ড্রোন ভূপাতিত করেছে।

    সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্টে সংযুক্ত আরব আমিরাত জানায়, ‘ইরানের এই প্রকাশ্য আগ্রাসন শুরু হওয়ার পর’ থেকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এ পর্যন্ত মোট ৩৪৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১,৭৭৩টি ড্রোন প্রতিহত করেছে।

  6. 'ইরান লন্ডনে হামলা চালাবে' এমন খবরের সত্যতা পায়নি যুক্তরাজ্য

    যুক্তরাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী বলেছেন, ইরানের কাছে লন্ডনে আঘাত হানতে সক্ষম এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে - ইসরায়েলের এমন দাবির সপক্ষে কোন প্রমাণ পাওয়া যায়নি।

    শনিবার ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ দাবি করেছে যে, তেহরানের কাছে চার হাজার কিলোমিটার দুরত্বে হামলা চালাতে পারে, এমন দূরপাল্লার অস্ত্র রয়েছে।

    ওই খবরের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের আবাসন মন্ত্রী স্টিভ রিড বিবিসিকে বলেছেন, "ইরানিরা যুক্তরাজ্যকে লক্ষ্যবস্তু করছে, কিংবা চাইলেও তারা তা করতে পারবে - এমন কোনো সুনির্দিষ্ট মূল্যায়ন আমাদের কাছে নেই।"

    ভারত মহাসাগরের চাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে শুক্রবার রাতে ইরান হামলা চালানোর পরই এসব মন্তব্য সামনে এলো।

    ওই দ্বীপপুঞ্জটি ইরান থেকে প্রায় ৩,৮০০ কিলোমিটার দূরে অবস্থিত।

    ক্ষেপণাস্ত্রগুলো ব্রিটিশ ভূখণ্ডের কত কাছাকাছি পৌঁছেছিল তা প্রকাশ করতে অস্বীকৃতি জানান মন্ত্রী মি. রিড।

    তিনি বলেছেন যে, তিনি ওই হামলার 'অপারেশনাল বিবরণ' বা বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারবেন না।

    শুক্রবার রাতভর ডিয়েগো গার্সিয়া অভিমুখে ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার মধ্যে একটি লক্ষ্যভ্রষ্ট হয়ে মাঝপথে পড়ে যায় এবং অন্যটি প্রতিহত করা হয়।

  7. দ্রুত স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন: জামায়াত আমীর

    তৃণমূল পর্যায়ে গণতন্ত্র শক্তিশালী করতে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

    রোববার সিলেটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

    তিনি বলেছেন, "জনপ্রতিনিধিদের মাধ্যমেই জনগণের কাজ হওয়া উচিত, যাতে জবাবদিহি নিশ্চিত হয়।"

    তিনি আরও বলেন, সিলেটের উন্নয়ন নিশ্চিত করতে হলে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা ও বাস্তবায়ন প্রয়োজন। বিরোধী দল হিসেবে তারা জনগণের পক্ষে দাবি তুলবেন, তবে বাস্তবায়নের দায়িত্ব সরকারের।

    মতবিনিময় সভায় দেশের রাজনীতি, আইনশৃঙ্খলা, নির্বাচনসহ নানা বিষয়ে কথা বলেছেন মি. রহমান।

  8. কাতারে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ছয়

    কাতারে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

    এর আগে রোববার ভোরে কর্তৃপক্ষ জানিয়েছিল, হেলিকপ্টারটি 'রুটিন ডিউটি' বা নিয়মিত দায়িত্ব পালন করছিল। এসময় এতে একটি যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

    হেলিকপ্টারটিতে সাতজন আরোহী ছিলেন।

    "তল্লাশি চালিয়ে সাত আরোহীর মধ্যে ছয়জনকে খুঁজে পাওয়া গেছে," সামাজিক মাধ্যম এক্স-এ শেয়ার করা এক বিবৃতিতে জানায় কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

    পরে আরেকটি বিবৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, নিহতদের মধ্যে দুইজন বেসামরিক তুর্কি নাগরিক এবং একজন তুর্কি সেনা সদস্য ছিলেন।

    প্রসঙ্গত, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে ইরানের হামলায় কাতার ক্ষতিগ্রস্ত হয়েছে।

    চলতি সপ্তাহে দেশটির প্রধান গ্যাস স্থাপনায় হামলা চালায় ইরান।

    তবে, এই হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনাটি ইরান যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কী-না, তা স্পষ্ট নয়।

  9. ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে ১৬০ জনেরও বেশি আহত

    শনিবার রাতে ইসরায়েলে পারমাণবিক স্থাপনার নিকটবর্তী দুটি শহরে হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় অন্তত ১৬০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা।

    তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

    হামলার শিকার শহর দুটি হলো আরাদ ও দিমোনা।

    জানা গেছে, ব্যালিস্টিক মিসাইল হামলার ঘটনায় আরাদে ৮৪ জন এবং দিমোনায় আরও ৭৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

    আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা - আইএইএ জানিয়েছে, এই হামলায় দিমোনার প্রায় ১৩ কিলোমিটার দূরে অবস্থিত একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কী-না সে বিষয়ে তারা অবগত নন।

    এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছিল, শনিবার ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে ওই হামলা চালানো হয়েছে।

  10. ইরানের হামলায় ইসরায়েলি শহর আরাদে একাধিক ভবন বিধ্বস্ত

    ইসরায়েলের আরাদ শহরে শনিবার রাতে এক হামলায় দুটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ভবনের বাইরের দেয়াল অনেক জায়গায় ধ্বংস হয়ে গেছে।

    নেগেভ মরুভূমির এই শহরটি রক্ষণশীল ইহুদি অধ্যুষিত এলাকা। ক্ষতিগ্রস্ত ভবনগুলোর আশেপাশে ভিড় করছেন স্থানীয়রা।

    ইসরায়েলের অভ্যন্তরে ইরানের এখনো এ ধরনের ক্ষতিসাধন করার ক্ষমতা এই যুদ্ধের মানবিক ক্ষয়ক্ষতির মূল্য সম্পর্কেই ঈঙ্গিত দেয়।

    ক্ষেপণাস্ত্রগুলো কীভাবে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করল, সে ব্যাপারে নিশ্চিত হতে জরুরি তদন্ত চলছে।

    কিন্তু, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে অভ্রান্ত নয়, তা ইসরায়েলিদের অজানা নয়।

    গত বছরের ১২ দিনের যুদ্ধেও বিষয়টি টের পেয়েছিল তারা।

  11. স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা

    বৃহস্পতিবার ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

    রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

    কর্মসূচির মধ্যে রয়েছে ২৬শে মার্চ ভোরে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাভারে জাতীয় স্মৃতিসৌধে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো এবং সেখান থেকে ঢাকায় ফিরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা।

    এর আগে ২৫শে মার্চ দুপুরে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

  12. ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রনালি চালু আল্টিমেটাম ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানকে নতুন করে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন।

    তিনি বলেছেন, এই সময় পার হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো 'ধ্বংস' বা 'নিশ্চিহ্ন' করে দেবে।

    ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর বলছে, দেশটি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে যে, তাদের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে আঘাত করা হলে, তারা পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট সব জ্বালানি অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালাবে।

    এদিকে, গত কয়েক ঘণ্টার মধ্যে কাতারে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার এবং সংযুক্ত আরব আমিরাত উপকূলের কাছে একটি জাহাজে প্রজেক্টাইল সংক্রান্ত এক 'দুর্ঘটনার' খবর পেয়েছে বিবিসি।

    এসব ঘটনা ঘটেছে দক্ষিণ ইসরায়েলে ইরানি হামলার পর, যেখানে ডিমোনা এবং আরাদ শহরে ১২০ জনেরও বেশি মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

    এর আগে শনিবার ইরান দিয়েগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটিতে দুইটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে, হামলাটি ব্যর্থ হয়েছে বলে জানা যাচ্ছে।

  13. বিবিসি বাংলা'র লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

Trending Now