শুক্রবার সারাদিন যা যা হলো
- ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য হরমুজ প্রণালিকে "সম্পূর্ণ উন্মুক্ত" ঘোষণা করলেও পারস্য উপসাগরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজগুলো এই মুহূর্তে এই পথ পাড়ি দিতে খুব একটা তাড়াহুড়ো দেখাচ্ছে না।
- ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি “পুরোপুরি উন্মুক্ত এবং ব্যবসার জন্য প্রস্তুত” কিন্তু ইরানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর ও বহাল থাকবে।
- ট্রুথ সোশালে আরেকটি পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট লেখেন, “ইরান সম্মত হয়েছে যে তারা আর কখনো হরমুজ প্রণালি বন্ধ করবে না এবং এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে না”।
- হরমুজ প্রণালি উন্মুক্ত করার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই একজন "জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার" বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায় যে, এই যাতায়াত ব্যবস্থা কিছু নির্দিষ্ট বিধিনিষেধের অধীনে থাকবে। বাণিজ্যিক জাহাজগুলো চলাচলের ক্ষেত্রে আইআরজিসি এর নৌ-শাখার অনুমতি নিতে হবে।
- যোগাযোগ ব্যবস্থার ওপর আরোপিত বিধিনিষেধ ইরান সরকার শিথিল করতে শুরু করেছে বলে সংবাদ মাধ্যমের খবরে দাবি করা হয়েছে।
- ভারতের সংসদ ও রাজ্য বিধানসভাগুলোতে নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করার প্রস্তাব দিয়ে কেন্দ্রীয় সরকার যে বিল এনেছিল, সেটি সংসদের নিম্নকক্ষ লোকসভায় ভোটাভুটিতে হেরে গেছে।
- হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে যুক্তরাজ্য ও ফ্রান্স একটি আন্তর্জাতিক মিশনে নেতৃত্ব দেবে বলেও ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার।
- ইরানের পক্ষ থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য "সম্পূর্ণ উন্মুক্ত" করার ঘোষণার পরপরই বিশ্ববাজারে তেলের দাম কমেছে, ঊর্ধ্বমুখি প্রবণতা দেখা গেছে শেয়ারবাজারে।
- দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সমুদ্রপথে শরণার্থী ও অভিবাসীদের যাত্রায় ২০২৫ সাল ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী বছর ছিল বলে জানিয়েছে ইউএনএইচসিআর। গত বছর প্রায় ৯০০ জন রোহিঙ্গা শরণার্থী মৃত্যু বা নিখোঁজের শিকার হয়েছেন।
- বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি পরিশোধিত জ্বালানি এই মুহূর্তে মজুদ রয়েছে বলে দাবি করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।
বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।
















