মার্কিন সেনাদের গতিবিধি 'পর্যবেক্ষণ' করছে ইরান, এপর্যন্ত ইরানে ১৫ হাজারের বেশি বোমা ছোড়ার দাবি ইসরায়েলের

ইরাননি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান 'এ অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর গতিবিধি, বিশেষ করে সেনা মোতায়েনের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে'। এদিকে বাংলাদেশের খবরের মধ্যে রয়েছে, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসটিকে টেনে তোলার চেষ্টা করা হচ্ছে, কিন্তু মধ্যরাতেও বাসটি দৃশ্যমান হয়নি।

সরাসরি কভারেজ

  1. বুধবার ২৫শে মার্চের উল্লেখযোগ্য খবর

    • ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান 'এ অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর গতিবিধি, বিশেষ করে সেনা মোতায়েনের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে'।
    • প্রায় সাড়ে চার ঘণ্টা পরও দৃশ্যমান হয়নি পদ্মা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী বাস।
    • রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসটিকে টেনে তোলার চেষ্টা করা করা হচ্ছে। ঝড়বৃষ্টির কারণে উদ্ধার কার্যক্রম কিছুটা ব্যহত হয়েছে।
    • দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার পর উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
    • রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে।
    • যুদ্ধের শুরু থেকে ইরানের ওপর ১৫ হাজারের বেশি বোমা ছোড়া হয়েছে, বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী।
    • ইরান কেন তার প্রতিবেশীদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে? বুধবার সকালেও সৌদি আরব এবং কুয়েত জানিয়েছে যে, ইরানের তরফ থেকে তাদের লক্ষ্য করে ড্রোন ছোড়া হয়েছে।
    • যুক্তরাষ্ট্র-ইসরায়েল এবং ইরানের যুদ্ধ এক মাসে গড়িয়েছে। এই যুদ্ধের প্রভাব পড়েছে ইরানের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে।
    • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যে ১৫-দফা শান্তি পরিকল্পনা পাঠিয়েছেন বলে দাবি করেছেন, ইসরায়েলি এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে সেই ১৫-দফা শান্তি পরিকল্পনার বিভিন্ন শর্তের খবর প্রকাশিত হচ্ছে।
    • যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হচ্ছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
    • ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার তথ্য অনুযায়ী, পাকিস্তানে নিযুক্ত তেহরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোকাদ্দাম জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 'সরাসরি বা পরোক্ষ' কোনো আলোচনা হয়নি।
    • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধের প্রেক্ষাপটে দোহায় শাকিরার কনসার্ট বাতিল।
    • ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগেছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
    • ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ বলছে, তারা তেহরানে দীর্ঘপাল্লার নৌযান থেকে উৎক্ষেপনযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির দু'টি বড় উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে
    • ভারতের বিতর্কিত ট্রান্সজেন্ডার বিল প্রত্যাহার করতে কেন্দ্র সরকারকে অনুরোধ সুপ্রিম কোর্ট মনোনীত প্যানেলের।
    • ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল থেকে বিধানসভা নির্বাচনের প্রচারণা শুরু করেছেন রাজ্যের মূখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর জানতে ক্লিক করুন বিবিসি বাংলার মূল পাতায়...

  2. প্রায় সাড়ে চার ঘণ্টা পরও দৃশ্যমান হয়নি পদ্মায় ডুবে যাওয়া যাত্রীবাহী বাস

    দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে।

    ছবির উৎস, মীর সামসুজ্জামান সৌরভ

    ছবির ক্যাপশান, পদ্মা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধারের চেষ্টা চলছে

    প্রায় সাড়ে চার ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো দৃশ্যমান হয়নি পদ্মায় ডুবে যাওয়া যাত্রীবাহী বাস।

    আজ বিকেল সোয়া ৫টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে।

    রাজবাড়ি জেলার এসপি মোহাম্মদ মঞ্জুর মোরশেদ বিবিসিকে জানিয়েছেন, "বাসটার অবস্থান শনাক্ত করা হয়েছে। বাসের উপরের অংশ ৫০ ফুট পানির নীচে আছে এখন। আর নীচের অংশ আরও ১০ ফুট নীচে।

    "বাসের এক পাশে রশি লাগানো হয়েছে। আরেক পাশে রশি লাগানোর চেষ্টা করা হচ্ছে। এরপর বাসটিকে টেনে তোলা হবে। এখন এখানে প্রতিকূল আবহাওয়া, তাই উদ্ধার কাজে সমস্যা হচ্ছে," তিনি আরও জানান।

    মঞ্জুর মোরশেদ এও জানান, বাসটি ডুবে যাওয়ার সময় ৬-৭ জন সাঁতরে পার হয়ে গিয়েছিলো। ধারণা করা হচ্ছে তারা বেঁচে গেছেন। তবে সে সময় আরও চারজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের হাসপাতালে নেওয়া হলে দুইজন হাসপাতালেই মারা গেছেন। আরেকজন চিকিৎসাধীন আছেন। এদের তিনজনই নারী।

    আরেকজন উদ্ধারকৃত প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন বলেও নিশ্চিত করেন তিনি।

    এদিকে, দৌলতদিয়া ফেরিঘাটে দায়িত্বপ্রাপ্ত পরিবহনের ঘাট তত্ত্বাবধায়ক মো. মনির হোসেন বিবিসি বাংলাকে জানান, ডুবে যাওয়া বাসটিতে নারী-শিশুসহ প্রায় ৫০ জন যাত্রী ছিল।

    বিকেলে কী ঘটেছিলো জানতে চাইলে তিনি জানান, বাসটি কুমারখালী থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। বাসটি তিন নম্বর ঘাটে ফেরির জন্য অপেক্ষা করছিলো। কিন্তু সোয়া পাঁচটার দিকে ‘হাসনা হেনা’ নামের একটি ইউটিলিটি (ছোট) ফেরি এসে জোরে পন্টুনে আঘাত করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়।

    উল্লেখ্য, আজ রাত পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিবিসি বাংলাকে বলেন, ফরিদপুর ও আরিচা থেকে ফায়ার সার্ভিসের দু'টো ডুবুরি ইউনিট উদ্ধারকাজ চালাচ্ছে এবং ঢাকার সিদ্দিকবাজার থেকে আরও দু'টো ডুবুরি ইউনিট দৌলতদিয়া ফেরিঘাটের দিকে যাচ্ছে।

  3. পনিহাটি থেকেই লড়ছেন আরজি কর হাসপাতালে নির্যাতিতার মা, তালিকা প্রকাশ বিজেপির

    আরজি করের ধর্ষণকাণ্ডের পরে কলকাতার রাস্তায় প্রতিবাদ মিছিল

    ছবির উৎস, Samir Jana/Hindustan Times via Getty Images

    ছবির ক্যাপশান, আরজি করের ধর্ষণকাণ্ডের পরে কলকাতার রাস্তায় প্রতিবাদ মিছিল

    আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে পনিহাটি কেন্দ্র থেকে লড়াই করার ইচ্ছা প্রকাশ করেছিলেন আরজি কর হাসপাতালে নির্যাতিতা তরুণীর মা।

    তার ইচ্ছা পূরণ করল বিজেপি। ২৫শে মার্চ বুধবার তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। এই প্রার্থী তালিকায় পনিহাটি কেন্দ্র থেকে লড়ছেন তিনি।

    প্রসঙ্গত, ওই কেন্দ্র থেকে লড়ছেন সিপিআই(এম)-এর কলতান দাশগুপ্ত ও তৃণমূলের তীর্থঙ্কর ঘোষ। এর আগে নির্যাতিতা জুনিয়র ডাক্তারের মা ধর্ষণ নিয়ে রাজনীতি করার অভিযোগ করেছিলেন কলতান দাশগুপ্ত তথা বামপন্থী পার্টিগুলির দিকে।

    ৯ আগস্ট ২০২৪ সালে কলকাতার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনার পড়ে উত্তাল হয়ে উঠেছিল পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশ।

    ওই তরুণীর মা জানিয়েছিলেন, তার মেয়ের বিচারের জন্য রাজনৈতিক ক্ষমতা দরকার বলে মনে করেন তিনি।

  4. এখনো দৃশ্যমান হয়নি পদ্মায় ডুবে যাওয়া বাস, ঝড়বৃষ্টির কারণে উদ্ধার কার্যক্রম ব্যহত

    বাসডুবির ঘটনার পর দৌলতদিয়া ফেরিঘাটে মানুষের ভীড়

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, বাসডুবির ঘটনার পর দৌলতদিয়া ফেরিঘাটে মানুষের ভীড়

    রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসটিকে টেনে তোলার চেষ্টা করা করা হচ্ছে, কিন্তু এখনও বাসটি দৃশ্যমান হয়নি। এদিকে, ঝড়বৃষ্টির কারণে উদ্ধার কার্যক্রম কিছুটা ব্যহত হয়েছে।

    বিবিসি বাংলাকে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার।

    তিনি বলেছেন, বাসটি পানির ৩০ ফুট নীচে আছে। উদ্ধারকারী জাহাজ হামজা এসেছে। হামজার সাথে বাসটিকে রশি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। ঝড়বৃষ্টির কারণে উদ্ধারকাজে কিছুটা বাধা এসেছিলো। এখন বাসটিকে টেনে তোলা হচ্ছে। কিন্তু এখনও দৃশ্যমান হয়নি বাসটি। আশা করছি, ২০-৩০ মিনিটের মাঝে দৃশ্যমান হবে বাসটি।

    এসময় তিনি আরও জানান, ফায়ার সার্ভিস এখনও কাউকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করতে পারেনি।

    এদিকে, স্থানীয় সাংবাদিকরা বিবিসি বাংলাকে জানিয়েছেন, বৃষ্টির কারণে উদ্ধার কার্যক্রম বন্ধ রয়েছে এখন। তবে শুরুতে যে ক'জন ভেসে উঠেছিলো, তাদের মধ্য থেকে তিন জনকে হাসপাতালে নেওয়া হলে দু'জন-ই মারা যান।

  5. যুদ্ধের শুরু থেকে ইরানের ওপর ১৫ হাজারের বেশি বোমা ছোড়া হয়েছে: ইসরায়েল

    ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ

    ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরানের ওপর ১৫ হাজারের বেশি বোমা ছুঁড়েছে তার দেশের বিমান বাহিনী।

    গত জুনে ১২ দিনে যুদ্ধে ইরানের বিরুদ্ধে ব্যবহৃত গোলাবারুদের চারগুন বোমা এবার নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

    নতুন করে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর ব্যাপারে বুধবার ইসরায়েলের সামরিক বাহিনী অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন মি. কাৎজ।

    যদিও যুক্তরাষ্ট্র বলছে, ইরানের সাথে একটি সমঝোতা বা শান্তি-আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং ইতিমধ্যে পাকিস্তান, তুরস্ক এবং মিসর এ ব্যাপারে মধ্যস্থতা করতে সম্মত হয়েছে।

    এদিকে, ইরানের পক্ষ থেকে বরাবর কোন আলোচনা চালানোর বিষয়টি অস্বীকার করা হলেও, সবশেষ পাকিস্তানের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ১৫-দফা শান্তি আলোচনার কাগজ ইরানের কাছে পৌঁছে দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

    কিন্তু এরই মধ্যে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধানের সাথে বৈঠকের পর ইরানে হামলার নতুন টার্গেট অনুমোদন করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী।

  6. দৌলতদিয়া ফেরিঘাটে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল

    রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার পর উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

    আজ সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম বিবিসি বাংলাকে এই তথ্য জানিয়েছেন।

    তিনি জানান, বাসটি পদ্মায় ডুবে গেছে, এই খবর ফায়ার সার্ভিসের কাছে আসে ৫টা ২০ মিনিটে। এর ছয় মিনিটের মাথায় গোয়ালন্দ থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আরিচা থেকে একটি দল সেখানে যোগ দেয়। সেই হিসেবে দুই ইউনিট মিলে আনুমানিক ১৫-২০ জনের একটি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

    এছাড়া, সিদ্দিকবাজার থেকে আরও দুইটি ডুবুরি ইউনিট এখন গোয়ালন্দ অভিমুখে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

    ধারণা করা হচ্ছে, আনুমানিক ৩০ ফুট গভীরে বাসটি ডুবে গেছে এবং ডুবে যাওয়ার পর ৫-৭ জন নাকি বাস থেকে বের হতে পেরেছেন, যোগ করেন আনোয়ারুল ইসলাম।

    বাসে মোট কতজন ছিল, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি তিনি। তার ভাষায়, কেউ বলে, ২০-৩০ জন। কেউ কেউ বলে ৩০-৪০ জন। সংখ্যা এখনো সঠিক জানা যায়নি।

  7. ইসফাহানে গবেষণা কেন্দ্রে হামলার দাবি ইসরায়েলের

    গতকাল ইসফাহানে হামলার পর বিশাল ভবন ও আশপাশের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে
    ছবির ক্যাপশান, গতকাল ইসফাহানে হামলার পর বহুতল ভবন ও আশপাশের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, মঙ্গলবার ইরানের ইসফাহান শহরে পানির নিচে থাকা একটি গবেষণা কেন্দ্রে তারা ব্যাপক হামলা চালিয়েছে।

    তাদের দাবি, এই কেন্দ্রটি দেশটির একমাত্র স্থাপনা যেখানে সাবমেরিন তৈরি এবং নৌবাহিনীর জন্য সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরান।

    এর আগে বিবিসি ভেরিফাই জানায়, গতকাল ইসফাহানে বিমান হামলার পর একটি বহুতল ভবন ও আশপাশের কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেটি ওই একই হামলার কারণে ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

  8. দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে

    ফেরি ঘাটে জড়ো হয়েছে সাধারণ মানুষ

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, ফেরি ঘাটে জড়ো হয়েছে সাধারণ মানুষ

    রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। খবরটি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন গোয়ালন্দ থানার ওসি মো. মমিনুল ইসলাম।

    গোয়ালন্দ থানা পুলিশ জানিয়েছে, আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ৩নং পন্টুনে এ ঘটনা ঘটে। সেখানে ডুবুরি দল দিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

    স্থানীয় গণমাধ্যম থেকে জানা গেছে, দুর্ঘটনার পর বেশ কয়েকজন সাঁতরে পাড়ে উঠেছেন। তবে অধিকাংশ যাত্রীই নদীতে তলিয়ে গেছেন। ধারণা করা হচ্ছে, বাসটিতে আনুমানিক ৫০ জনের মতো যাত্রী ছিলো।

  9. ইরান কেন তার প্রতিবেশীদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে?

    ড্রোন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বুধবার সকালে সৌদি আরব এবং কুয়েতের ওপর ড্রোন ছোড়া হয়েছে

    বুধবার সকালেও সৌদি আরব এবং কুয়েত জানিয়েছে যে, ইরানের তরফ থেকে তাদের লক্ষ্য করে ড্রোন ছোড়া হয়েছে।

    আশপাশের আরো কয়েকটি দেশ, যেমন কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং বাহরাইন - এই সবক'টি দেশই ইরানের হামলার শিকার হয়েছে।

    এছাড়া ইরান এ অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি বেসামরিক এবং জ্বালানি অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করেছে।

    ফেব্রুয়ারির ২৮ তারিখে ইরানের ওপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার শুরু হলে, সেসময় ইরান তার প্রতিবেশীদের ওপর হামলা করেছিল। পরে সেজন্য প্রতিবেশীদের কাছে দুঃখপ্রকাশও করেছিল ইরান।

    কিন্তু, তাহলে এখনো ইরান কেন তার প্রতিবেশীদের ওপর হামলা করছে?

    বিবিসি সংবাদদাতা বারবারা প্লেট-আশার বিষয়টিকে ব্যাখ্যা করেছেন এভাবে, "ইরান এ অঞ্চলের নিরাপদ ও সমৃদ্ধ ভ্রমণ, পর্যটন এবং অর্থব্যবস্থার যে ভাবমূর্তি রয়েছে, তাকে আঘাত করতে চাইছে।"

    "এছাড়া ইরান এ এলাকার গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস শিল্পকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা বিঘ্নিত হলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগতে পারে।"

    বারবারা প্লেট-আশার মনে করেন, এটি ইরানের আরব প্রতিবেশীদের ওপর চাপ অনেক বাড়িয়ে দিচ্ছে, যাতে তারা এখন যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের ওপর আরও বেশি চাপ প্রয়োগ করতে পারে।

  10. যুদ্ধের মাঝে কীভাবে কাটছে ইরানের মানুষের জীবন?

    দেখতে দেখতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল এবং ইরানের যুদ্ধ এক মাসে গড়িয়েছে। এই যুদ্ধের প্রভাব পড়েছে ইরানের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। চলমান হামলা ও অনিশ্চয়তার কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

    ছবিগুলোতে দেখা যায়, তেহরানের বাসিন্দারা ঘরের জানালায় টেপ লাগাচ্ছেন, যাতে বিস্ফোরণের ধাক্কায় কাঁচ ভেঙে ভেতরে ছিটকে না পড়ে।

    এর আগে আট বছরব্যাপী ইরান-ইরাক যুদ্ধের সময়ও এই পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিলো।

    তেহরানের বাসিন্দারা ঘরের জানালায় টেপ লাগাচ্ছেন, যাতে বিস্ফোরণের ধাক্কায় কাঁচ ভেঙে ভেতরে ছিটকে না পড়ে।

    ছবির উৎস, Getty Images

    তেহরানের বাসিন্দারা ঘরের জানালায় টেপ লাগাচ্ছেন, যাতে বিস্ফোরণের ধাক্কায় কাঁচ ভেঙে ভেতরে ছিটকে না পড়ে।

    ছবির উৎস, Getty Images

    তেহরানের বাসিন্দারা ঘরের জানালায় টেপ লাগাচ্ছেন, যাতে বিস্ফোরণের ধাক্কায় কাঁচ ভেঙে ভেতরে ছিটকে না পড়ে।

    ছবির উৎস, Getty Images

    তেহরানের বাসিন্দারা ঘরের জানালায় টেপ লাগাচ্ছেন, যাতে বিস্ফোরণের ধাক্কায় কাঁচ ভেঙে ভেতরে ছিটকে না পড়ে।

    ছবির উৎস, Getty Images

  11. কী আছে ট্রাম্পের কথিত ১৫ দফার শান্তি পরিকল্পনায়?

    ট্রাম্প

    ছবির উৎস, Reuters

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যে ১৫-দফা শান্তি পরিকল্পনা পাঠিয়েছেন বলে দাবি করেছেন, তা বিবিসি এখনো দেখেনি।

    ফলে ওই শান্তি পরিকল্পনার ভেতরে ঠিক কী রয়েছে - সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে তথ্য নিশ্চিত করতে পারেনি বিবিসি।

    কিন্তু ইসরায়েলি এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে ১৫-দফা শান্তি পরিকল্পনার বিভিন্ন শর্তের খবর প্রকাশিত হচ্ছে।

    এর মধ্যে ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ওই পরিকল্পনায় নিচের দাবিগুলো উল্লেখ করা রয়েছে -

    • নাতানজ, ইসফাহান এবং ফোরদোর পারমাণবিক স্থাপনাগুলো অব্যবহৃত রাখতে হবে এবং ধ্বংস করে ফেলতে হবে
    • ইরানের সকল কর্মকাণ্ডের ওপর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ'র নিবিড় পর্যবেক্ষণ নিশ্চিত করতে হবে
    • ইরান এ অঞ্চলে প্রক্সি বা সশস্ত্র সহযোগী গোষ্ঠীর ব্যবহার পরিত্যাগ করবে এবং তাদের অর্থায়ন ও অস্ত্র সরবরাহ বন্ধ করবে
    • বর্তমানে অর্জন করা পারমাণবিক সক্ষমতাগুলো নষ্ট করে ফেলতে হবে
    • কখনো পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা না করার প্রতিশ্রুতি দিতে হবে
    • ইরানের মাটিতে কোনো পারমাণবিক উপাদান সমৃদ্ধ করা যাবে না এবং সমস্ত সমৃদ্ধকৃত উপাদান আইএইএ'র কাছে হস্তান্তর করতে হবে
    • হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে এবং এটি একটি 'মুক্ত সামুদ্রিক অঞ্চল' হিসেবে গণ্য হবে
    • ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে, তবে সেগুলোর সংখ্যা ও পাল্লা সীমিত থাকবে এবং তা শুধুমাত্র আত্মরক্ষার কাজে ব্যবহৃত হবে

    এদিকে, যুক্তরাষ্ট্রের এসব শর্তের বিপরীতে ইরান যা পাবে বলে উল্লেখ করা হচ্ছে, তা হলো -

    • বিদ্যুৎ উৎপাদনের জন্য বুশেহর শহরে একটি বেসামরিক পারমাণবিক প্রকল্প উন্নয়নে মার্কিন সহায়তা
    • দেশটির ওপর থাকা সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার
    • নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি বাতিল

    এছাড়া আলোচনা চলাকালে এক মাসব্যাপী সম্ভাব্য যুদ্ধবিরতির খবরও পাওয়া যাচ্ছে। যদিও দায়িত্বশীল কেউ এখনো এ খবর নিশ্চিত করেননি এবং হোয়াইট হাউস থেকেও এ নিয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

  12. মার্কিন সেনাদের গতিবিধি 'নিবিড়ভাবে পর্যবেক্ষণ' করছে ইরান: স্পিকার

    ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ-বাঘের গালিবাফ

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ-বাঘের গালিবাফ

    ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান 'এ অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর গতিবিধি, বিশেষ করে সেনা মোতায়েনের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে'।

    এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেছেন, "আমাদের ভূখণ্ড রক্ষায় আমাদের সংকল্প পরীক্ষা করতে আসবেন না।"

    যুক্তরাষ্ট্রে বিবিসির সহযোগী সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, পেন্টাগন ওই অঞ্চলে ৮২তম এয়ারবোর্ন ডিভিশন থেকে সৈন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে, যার মধ্যে পদাতিক বাহিনী এবং একটি কমান্ড এলিমেন্ট অন্তর্ভুক্ত রয়েছে।

    অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে, ট্রাম্প প্রশাসন মোহাম্মদ-বাঘের গালিবাফকে একজন সম্ভাব্য সহযোগী এবং সম্ভবত ইরানের ভবিষ্যৎ নেতা হিসেবে বিবেচনা করছিল।

  13. মধ্যপ্রাচ্যজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা, ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হচ্ছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

    তবে এর মধ্যেই এই অঞ্চলজুড়ে সংঘাত অব্যাহত রয়েছে।

    ছবিতে দেখা গেছে, ইসরায়েলি বিমান হামলার পর লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে।

    এদিকে, ইরান থেকে ইসরায়েলের দিকে হামলা চালানোর সময় পশ্চিম তীরের দিকে ক্ষেপণাস্ত্র ছুটে যেতে দেখা গেছে।

    একই সময়ে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার পর একটি জ্বালানি ট্যাংকে আগুন লাগে।

    কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে জ্বালানি ডিপোতে ড্রোন হামলার পর ধোঁয়া উঠছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে জ্বালানি ডিপোতে ড্রোন হামলার পর ধোঁয়া উঠছে
    বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলার পর ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলার পর ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি
    বৈরুতের দক্ষিণাঞ্চলের একটি এলাকায় সড়কজুড়ে ছড়িয়ে আছে ধ্বংসস্তূপ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বৈরুতের দক্ষিণাঞ্চলের একটি এলাকায় সড়কজুড়ে ছড়িয়ে আছে ধ্বংসস্তূপ
    পশ্চিম তীরের হেবরনের আকাশে ইসরায়েলের দিকে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্র ছুটে যাচ্ছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, পশ্চিম তীরের হেবরনের আকাশে ইসরায়েলের দিকে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্র ছুটে যাচ্ছে
  14. স্বাধীনতা দিবসে যেসব সড়কে যান চলাচল সীমিত

    ঢাকার যানজট (ফাইল ছবি)
    ছবির ক্যাপশান, ঢাকার যানজট (ফাইল ছবি)

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন সড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর।

    ডিএমপি'র গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৬শে মার্চ সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত জাতীয় প্যারেড স্কয়ার এলাকায় আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন ছাড়া অন্য কোনো যান চলাচল করতে পারবে না।

    এ সময় আগারগাঁও, বেগম রোকেয়া সরণি, প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন সড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল সীমিত থাকবে এবং বিভিন্ন পয়েন্টে ডাইভারশন কার্যকর করা হবে।

    ওইদিন সকালে জাতীয় প্যারেড স্কয়ারে সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া, বিকেল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে, যেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, বিদেশি কূটনীতিক ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

    এদিকে, সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত মানিক মিয়া এভিনিউয়ে কনসার্ট আয়োজন করা হয়েছে, যার কারণে ওই এলাকাতেও যান চলাচলে প্রভাব পড়তে পারে।

  15. যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না: ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম

    ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার তথ্য অনুযায়ী, পাকিস্তানে নিযুক্ত তেহরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোকাদ্দাম জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 'সরাসরি বা পরোক্ষ' কোনো আলোচনা হয়নি।

    তবে, আমিরি মোকাদ্দাম বলেছেন, "বন্ধুপ্রতিম দেশগুলো তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপের ক্ষেত্র তৈরির চেষ্টা করছে, যা এই চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধে ফলপ্রসূ হবে বলে আমরা আশা করি।"

    এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে, তার প্রশাসন ইরানের 'যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলছে' এবং 'তারা (ইরান) একটি চুক্তিতে পৌঁছানোর জন্য মরিয়া'।

    কিন্তু জবাবে ইরানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র আসলে 'নিজেদের সঙ্গেই নিজেরা আলোচনা করছে'।

    এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মঙ্গলবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন যে, তার দেশ এই সংঘাত নিরসনে আলোচনার আয়োজন করতে 'প্রস্তুত'।

  16. ভারতের বিতর্কিত ট্রান্সজেন্ডার বিল প্রত্যাহার করতে কেন্দ্র সরকারকে অনুরোধ সুপ্রিম কোর্ট মনোনীত প্যানেলের

    ট্রান্সজেন্ডার সংশোধনী বিল বাতিলের দাবিতে বেঙ্গালুরুতে প্রতিবাদ

    ছবির উৎস, Noah SEELAM / AFP via Getty Images

    ছবির ক্যাপশান, ট্রান্সজেন্ডার সংশোধনী বিল বাতিলের দাবিতে বেঙ্গালুরুতে প্রতিবাদ

    গত ১৩ই মার্চ ভারতের সংসদের নিম্নকক্ষে ট্রান্সজেন্ডার ব্যক্তি (অধিকার ও সুরক্ষা) সংশোধনী বিল ২০২৬ পেশ করে কেন্দ্রীয় সরকার। ২৪শে মার্চ সেটি লোকসভায় পাশ হয়।

    এই বিলের বিরুদ্ধে প্রতিবাদে নামে বহু ট্রান্সজেন্ডার ও LGBTQIA+ সংগঠন। এবার এই বিলটি প্রত্যাহারের অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্টের মনোনীত একটি কমিটি।

    বহু রূপান্তরকামী মানুষের অভিযোগ ছিল, এই বিল তাঁদেরকে রূপান্তরকামী বলে স্ব-সনাক্তকরণ বা সেল্ফ আইডেন্টিফিকেশনের অধিকার কেড়ে নিচ্ছে।

    সংশোধনীটিতে বলা ছিল, কোনও ব্যক্তি রূপান্তরকামী বলে পরিচিত হতে চাইলে তাকে বাধ্যতামূলকভাবে মেডিকেল অফিসারের কাছে হাজিরা দিতে হবে। ফলে এটিকে সংবিধানের 'রাইট টু ডিগনিটি'র পরিপন্থী বলে দেখছিলেন অনেকে। কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ-সহ বহু শহরে এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সভা হয়।

    বিচারপতি আশা মেননের নেতৃত্বে ওই কমিটি থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, 'সেল্ফ-আইডেন্টিফিকেশন' এর অধিকার কেড়ে নেওয়া ২০১৪ সালের নালসা রায়ের বিরুদ্ধাচরণ।

    ২০১৪ সালের নালসা রায়কে ভারতে লিঙ্গসাম্য প্রতিষ্ঠার একটি বড় মাইলফলক বলে দেখা হয়। ওই রয়ে একজন রূপান্তরকামীকে নিজেই নিজের লিঙ্গপরিচয় নির্ধারণের অধিকার দেওয়া হয়েছিল।

  17. উত্তরবঙ্গ থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন মমতা ব্যানার্জী

    নির্বাচনী প্রচার শুরু মমতা ব্যানার্জীর

    ছবির উৎস, AITC

    ছবির ক্যাপশান, ময়নাগুড়িতে জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু মমতা ব্যানার্জীর

    ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল থেকে বিধানসভা নির্বাচনের প্রচারণা শুরু করেছেন রাজ্যের মূখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী।

    বুধবার জলপাইগুড়ি জেলায় দুটি ও দার্জিলিং জেলায় একটি জনসভায় বক্তব্য রাখেন মমতা ব্যানার্জী। ওই জনসভা থেকে বিজেপিকে 'রাজনৈতিকভাবে অন্ধ' বলে মন্তব্য করেন মমতা ব্যানার্জী।

    ময়নাগুড়ির সভা থেকে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধীদল ও দেশের শাসকদল বিজেপি ছাড়াও নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির পক্ষে পক্ষপাতের অভিযোগ তোলেন মিজ. ব্যানার্জী।

    অন্যদিকে, নন্দীগ্রামের জনসভা থেকে একই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী।

    এদিকে, তৃণমূল কংগ্রেসের আগেই প্রচার শুরু করেছিল বিজেপি ও সিপিআই (এম)।

    একই দিনে পূর্ব মেদিনীপুরের রামনগরে একটি কর্মীসভায় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যে নারী সুরক্ষার অবনতির অভিযোগ তুলে ধরে তৃণমূল কংগ্রেসের সরকারকে দায়ী করেছেন।

  18. যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধের প্রেক্ষাপটে দোহায় শাকিরার কনসার্ট বাতিল

    শাকিরার পার্ফরম্যান্স (ফাইল ছবি)

    ছবির উৎস, Reuters

    মধ্যপ্রাচ্যজুড়ে অস্থির পরিস্থিতির কারণে আগামী পহেলা এপ্রিল দোহায় শাকিরার যে কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে।

    খবরটি সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে পর্যটনভিত্তিক ওয়েবসাইট 'ভিজিট কাতার'।

    এছাড়া, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অ্যাফলিনিটজ মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেগুলোতে শাকিরা ও জোনাস ব্রাদার্স পারফর্ম করার কথা ছিল।

    সেই অনুষ্ঠানও চলতি বছরের নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে টিকেট বিক্রির প্ল্যাটফর্ম 'প্লাটিনাম লিস্ট'।

  19. কুয়েত বিমানবন্দরের কাছে ড্রোন হামলা

    ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন

    ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগেছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    ঘটনাস্থলের একটি ছবিতে দেখা গেছে, হামলার পর বিমানবন্দরের ওপর ঘন ধোঁয়া উড়ছে।

    দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, ড্রোন হামলায় বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংকে আঘাত লাগে। সেই আঘাত থেকেই আগুনের সূত্রপাত হয়।

  20. তেহরানে ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা, দাবি ইসরায়েলের

    হামলার পর তেহরান

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, হামলার পর তেহরান

    ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ বলছে, তারা তেহরানে দীর্ঘপাল্লার নৌযান থেকে উৎক্ষেপনযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির দু'টি বড় উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে।

    টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইসরায়েল জানায়, সাম্প্রতিক সময়ে এসব স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়েছে। এই ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে ইরানের সামরিক অবকাঠামো উৎপাদন ব্যবস্থার ওপর চরম আঘাত করা হয়েছে।

    ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ওই দুই কেন্দ্রে যেসব ক্ষেপণাস্ত্র উৎপাদন করা হচ্ছিলো, সেগুলো সমুদ্র ও স্থল - দুই জায়গাতেই খুব দ্রুত লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম।

Trending Now