আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা, জবাব দিচ্ছে ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে এবং ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণের তথ্য পাওয়া যাচ্ছে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করেছে ইরান, তারা 'সর্বশক্তি দিয়ে জবাব' দেওয়ার কথা বলেছে।

সরাসরি কভারেজ

  1. শনিবার সারাদিন যা যা হলো-

    • শনিবার দিনভর হামলার পর সন্ধ্যায়ও পশ্চিম তেহরানে নতুন করে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
    • তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে যে, কৌশলগত গুরুত্বের কথা চিন্তা করে ইরানের হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হচ্ছে।
    • ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা ও কমান্ডারকে হত্যা করেছে।
    • ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ২০০র বেশি নিহত ও অন্তত ৭০০ জন আহত হয়েছে।
    • ইরানে মেয়েদের একটি স্কুলে হামলায় কমপক্ষে ৮৫ জন নিহত হয়েছে, দেশটির সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে।
    • ইরানজুড়ে হামলার পর অনেকে তেহরান ছাড়তে শুরু করেছে।
    • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার এর জবাবে মধ্যপ্রাচ্যের দুবাই, দোহা, বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
    • কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ড্রোন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে, যার ফলে বেশ কয়েকজন কর্মচারী আহত হয়েছেন এবং টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
    • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শনিবার ইসরায়েলের হামলায় দু’য়েকজন কমান্ডার নিহত হওয়ার ইঙ্গিত দিয়েছে।
    • প্রতিবেশী দেশগুলোতে ইরানের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি।
    • ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে সামরিক অভিযান স্থগিত করার আহ্বান জানিয়েছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য একটি জরুরি বৈঠক করার আহ্বান জানিয়েছে।
    • ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার ও মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের পাল্টা হামলার পর ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী বিমানের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।
    • ইসরায়েলের সীমান্তবর্তী দেশ জর্ডান জানিয়েছে যে, তাদের সশস্ত্র বাহিনী তাদের ভূখণ্ড লক্ষ্য করে আসা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
    • বার্তাসংস্থা এএফপি তাদের সংবাদদাতাদের বরাতে জানিয়েছে, ইরাকের উত্তরাঞ্চলীয় শহর ইরবিলে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। রোববার সকালে আবার লাইভ পাতা শুরু হবে। আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...

  2. যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা, জবাব দিচ্ছে ইরান

    শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর এর পাল্টা জবাব দিচ্ছে ইরানও।

    এর জবাবে মধ্যপ্রাচ্যের দুবাই, দোহা, বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

    ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা ও কমান্ডারকে হত্যা করেছে।

    ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ২০০র বেশি নিহত ও অন্তত ৭০০ জন আহত হয়েছে।

    এই হামলার জবাবে, ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

    এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইরানের ইস্পাহানে সামরিক স্থাপনায় হামলার সর্তকতা জারি করেছে। সেখান থেকে সব বেসামরিক ব্যক্তিদের সরে যেতে বলা হয়েছে।

    শনিবার সকালের পর সন্ধ্যায় ইরানে ব্যাপক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ইসরায়েল দাবি করেছে, শনিবার ইরানের অন্তত ৫০০ স্থাপনায় তারা হামলা চালিয়েছে।

    ইসরায়েলের দাবি তাদের বিমান বাহিনী ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে।

    এদিকে এই হামলার জবাবে, দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মাঝখানে অবস্থিত হরমুজ প্রণালি বন্ধের সর্তকতা জারি করেছে ইরান।

  3. তেহরানে আবারো বিস্ফোরণের শব্দ

    একজন প্রত্যক্ষদর্শী বিবিসি ফার্সিকে জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় পশ্চিম তেহরানে নতুন করে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

    বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তাদের সংবাকর্মীরা তেহরানে নতুন করে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

    ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে যে, দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহরের দুটি এলাকায় এই মিসাইল হামলার খবর পাওয়া গেছে। বুশেহরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রও রয়েছে।

    ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইআরএনএ তেহরানে নতুন বিস্ফোরণের খবরও দিয়েছে।

    তবে, বিস্ফোরণের উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায় নি। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালিয়েছে যার জবাবে তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পাল্টা হামলা শুরু করে।

  4. হরমুজ প্রণালি বন্ধ করে দিচ্ছে ইরান, ঘোনচেহ হাবিবিজাদ, বিবিসি ফার্সি

    ইরানের ইসলামি রেভ্যুলেশনারি গার্ড কোর বা আইআরজিসি এর সাথে সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে যে, কৌশলগত গুরুত্বের কথা চিন্তা করে ইরানের হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হচ্ছে।

    হরমুজ প্রণালি ইরানের দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মাঝখানে অবস্থিত একটি নৌ চলাচলের পথ বা চ্যানেল।

    তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, আইআরজিসির পক্ষ থেকে জাহাজগুলোকে বার্তা পাঠানো হয়েছে যে, যে কোন ধরনের জাহাজকে নতুন করে প্রণালিটি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না।

    যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন বা ইউকেএমটিও জানিয়েছে, তারাও একাধিক প্রতিবেদনের মাধ্যমে এই সর্তকবার্তার কথা জানতে পেরেছে।

    হরমুজ প্রণালি বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ এবং তেল পরিবহনের একটি গুরুত্বপূর্ণ টানেল। বিশ্বে উৎপাদিত তেল এবং গ্যাসের প্রায় পাঁচভাগের একভাগ এই প্রণালি দিয়েই পরিবহণ করা হয়।

  5. স্যাটেলাইট ইমেজে আয়াতুল্লাহ খামেনির কার্যালয়ে ক্ষতির চিত্র

    শনিবার সকালে তেহরানে ইসরায়েলি হামলার পর সেখানকার একটি স্যাটেলাইট ইমেজ সংগ্রহ করেছে বিবিসি ভেরিফাই।

    যাতে দেখা গেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয় বা লিডারশিপ হাউজের একটি অংশে বেশ ক্ষয়ক্ষিত হয়েছে।

    হাই রেজুলেশনের এই ছবিটি ধারণ করেছে এয়ারবাস। এতে দেখা যায় ওই জায়গায় ভবনগুলো পোড়া অবস্থায় রয়েছে, ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতেও দেখা গেছে। ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।

    ছবির অবস্থান সকালে তেহরানে ধারণ করা যাচাইকৃত ভিডিও ফুটেজের সঙ্গে মিল রয়েছে।

  6. ইরানের একাধিক সিনিয়র নেতা নিহত, দাবি ইসরায়েলের

    একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানিয়েছেন, শনিবারের হামলায় ইরানের একাধিক কর্মকর্তা নিহত হয়েছে।।

    তিনি জানান, অভিযানের সময় একই সঙ্গে তিনটি স্থানে হামলা চালানো হয়, যেখানে ইরান সরকারের সদস্যরা জড়ো হয়েছিলেন।

    ওই কর্মকর্তা আরও জানান, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ও সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু নির্ধারণ করে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এই হামলা চালায়।

    ইসরায়েল জানিয়েছে, প্রয়োজনে আবারো হামলা চালানোর জন্য প্রস্তত আছে আইডিএফ।

  7. মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা ইরানের

    মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড বা আইআরজিসি নতুন করে হামলার ঘোষণা দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

  8. ইরানের রাস্তায় ভয় ও খুশির মিশ্র প্রতিক্রিয়া, বারান আব্বাসি, বিবিসি

    আজকের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা নিয়ে ইরানের ভেতরে প্রতিক্রিয়া ছিল নানামুখী; কোথাও আতঙ্ক ও ভয়ের দৃশ্য ধরা পড়েছে, আবার কোথাও সরকার পতনের সম্ভাবনায় আনন্দের প্রকাশও দেখা গেছে।

    হামলা শুরু হতেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে কিছু ভিডিও, যেখানে বিস্ফোরণস্থলের কাছাকাছি লোকজনকে আতঙ্কে দৌড়াতে দেখা যায়; পেছনে শোনা যাচ্ছিল চিৎকার ও কান্নার শব্দ।

    অন্যদিকে, সামরিক হস্তক্ষেপের মাধ্যমেই যে সরকার পরিবর্তন সম্ভব—এমন বিশ্বাস যাদের আছে, তাদের মধ্যে স্বস্তির অনুভূতি— এমনকি আনন্দ ও উদযাপনের ইঙ্গিতও পাওয়া গেছে।

    অনেক ইরানি সম্ভাব্য মার্কিন হামলা প্রত্যাশা করছিলেন, কিন্তু তাদের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত ভিন্নধর্মী।

    একজন ইরানি সামাজিক মাধ্যমে লিখেছেন, “আমি যদি মারা যাই, ভুলে যেও না যে আমরাও আছি— আমরা যারা যেকোনো সামরিক হামলার বিরোধিতা করি, আমরা যারা কেবল হতাহতদের পরিসংখ্যানের সংখ্যায় পরিণত হব”।

    আরেকজন লিখেছেন, “এই যুদ্ধের কারণ হয়ে দাঁড়ানো ইসলামি একনায়কতন্ত্র ধ্বংস হোক। আমরা তো ইতোমধ্যে তিনটি যুদ্ধ পাড়ি দিয়েছি”।

    গত জানুয়ারিতে আধুনিক ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী বেসামরিক দমন-পীড়নের অভিজ্ঞতা পাওয়া বহু ইরানি এখন বলছেন, তারা সরকার পরিবর্তনকে স্বাগত জানান— এমনকি তা যদি সামরিক হস্তক্ষেপ ও শীর্ষ কর্মকর্তাদের হত্যার মাধ্যমেও আসে।

    অন্যদিকে, কেউ কেউ উদ্বেগ প্রকাশ করছেন যে কেবল বিমান হামলা দিয়ে হয়তো সরকারকে ক্ষমতাচ্যুত করা যাবে না এবং সতর্ক করে দিচ্ছেন যে এতে সরকার টিকে গেলে নাগরিকদের প্রতি তার আচরণ আরও বর্বর হয়ে উঠতে পারে।

  9. কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

    কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ড্রোন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে, যার ফলে বেশ কয়েকজন কর্মচারী সামান্য আহত হয়েছেন এবং টার্মিনাল একটি সামান্য ক্ষতি হয়েছে।

    তারা নিশ্চিত করেছে যে উপযুক্ত কর্তৃপক্ষ জরুরি পদ্ধতি অনুসারে ঘটনাটি মোকাবিলা করেছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। যাত্রী ও কর্মচারীদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

  10. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের সম্ভাবনা

    নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    নিউইয়র্ক সময় শনিবার বিকাল ৪টায়, তেহরানের সময় রোরবার দুপুর ১২ টা ৩০ মিনিটে এই বৈঠক হতে পারে।

    জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস "মধ্যপ্রাচ্যে আজকের সামরিক কর্মকাণ্ডের নিন্দা" করার পর এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

    "এই কর্মকাণ্ড আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করছে," মি. গুতেরেস এক বিবৃতিতে বলেছেন।

    তিনি অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বানও জানিয়েছেন।

  11. দু’য়েকজন কমান্ডার নিহতের ইঙ্গিত দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শনিবার ইসরায়েলের হামলায় দু’য়েকজন কমান্ডার নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন।

    তিনি জোর দিয়ে বলেছেন যে, বেশিরভাগ ইরানি কর্মকর্তা এখনো নিরাপদ এবং জীবিত আছেন, তবে এর বাইরে বিস্তারিত কিছু তিনি জানাননি।

    মি. আরাঘচি জানিয়েছেন যে, ইরানের কাছে এমন অস্ত্র রয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম এবং হামলা বন্ধ না হলে তারা শক্ত হাতে জবাব দেবে।

    তিনি ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটির ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে তাদের আলোচনা হয়েছে; এর পাশাপাশি তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব এবং কুয়েতসহ আঞ্চলিক দলগুলির সাথে কূটনৈতিক আলোচনা চলছে বলেও জানান তিনি।

  12. দুবাইয়ে ধোঁয়ার কুণ্ডলী

    আমরা একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে একটি ছবি পেয়েছি যাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ফেয়ারমন্ট দ্য পাম হোটেলের কাছে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।

    ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে দুবাইতে একটি হামলা চালানো হয়েছে। ইরান ঠিক কী লক্ষ্য করে হামলা চালাচ্ছে তা স্পষ্ট নয়, তবে দেশে মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে।

    রয়টার্সের উদ্ধৃতি অনুসারে, সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে তারা ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের একটি নতুন ঢেউকে বাধা দিয়েছে।

  13. কাতারের দোহায় আবারো ক্ষেপণাস্ত্র হামলা

    কাতারের রাজধানী দোহায় আবারও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে।

    এর আগেও শনিবার আরেক দফায় হামলার ঘটনা ঘটে।

    তখন কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল যে তারা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, যা দৃশ্যত এই অঞ্চলের বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি আল উদেইদ বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছে।

    তখন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল যে হামলায় কোনো ক্ষতি হয়নি।

  14. ইরানের বিরুদ্ধে 'বড় হামলা' সম্পন্ন করেছে: দাবি আইডিএফের

    ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে তারা ইরানি শাসনব্যবস্থার উপর "বড় ধরনের হামলা সম্পন্ন করেছে"।

    "পশ্চিম ইরানের কেরমানশাহ এলাকায় অবস্থিত একটি উন্নত এসএ-৬৫ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দিকে একটি হামলা পরিচালিত হয়েছিল," আইডিএফ এক বিবৃতিতে বলেছে।

    বিবৃতিতে আরও বলা হয়েছে, "ইরানি আকাশসীমার উপর ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানের স্বাধীনতা প্রতিষ্ঠা ও বাড়ানোর জন্য, আইআরজিসির (বিপ্লবী গার্ড) সক্ষমতা হ্রাস করার জন্য এবং ইসরায়েল রাষ্ট্রের প্রতি হুমকি প্রতিহত করার জন্য এই হামলা চালানো হয়েছিল"।

  15. ইরানের সিনিয়র নেতারা ও সেনাপ্রধান নিহত হওয়ার খবর সঠিক নয়, দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সিনিয়র রাজনৈতিক নেতা ও সেনাপ্রধান নিহত হওয়ার যে খবর ছড়ানো হচ্ছে তা সঠিক নয় বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিরাপদে আছেন বলে এক্স পোস্টে (সাবেক টুইটার) জানিয়েছেন তার নির্বাহী ডেপুটি মো. জাফর কিয়ামফানা।

    আর প্রেসিডেন্ট পেজেশকিয়ানের ছেলে ইউসুফ পেজেশকিয়ান টেলিগ্রামে লিখেছেন, “এইবারও তাদের হত্যাচেষ্টা সফল হয়নি”।

    ইরানের সেনাবাহিনী তাদের কমান্ডার আমির হাতেমির মৃত্যুর খবর প্রত্যাখ্যান করেছে।

    ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কোয়ালিবাফ এবং জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানিও অক্ষত আছেন।

    অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে, তেহরানে তারা যে সব জায়গায় হামলা চালিয়েছে সেখানে সিনিয়র রাজনৈতিক নেতা ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তার জড়ো হয়েছিলেন।

  16. ইরানের প্রায় সব কর্মকর্তা জীবিত ও নিরাপদ আছেন: পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ আক্রমণকে "সম্পূর্ণ ভিত্তিহীন, বেআইনি ও অবৈধ" বলে অভিহিত করেছেন।

    এনবিসিকে দেওয়া তার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, যেখানে তিনি বলেছেন, ইরানের “প্রায় সব কর্মকর্তা জীবিত, সুস্থ ও নিরাপদ স্থানে আছেন”।

    মি. আরাঘচি বলেন, “আমরা সম্ভবত এক বা দুইজন কমান্ডারকে হারিয়েছি, কিন্তু এটি কোনো বড় সমস্যা নয়"।

  17. যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ২০টি প্রদেশ লক্ষ্যবস্তু: ইরানের রেড ক্রিসেন্ট

    ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র মুজতবা খালিদি বলেছেন, ইরানের প্রায় ২০টি প্রদেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

    তার বক্তব্য অনুযায়ী, এসব হামলার পর আহতদের জন্য ত্রাণ ও উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।

    ইরানের বিভিন্ন শহর থেকে ধোঁয়া ওঠা বা বিস্ফোরণের অসংখ্য ছবি প্রকাশিত হয়েছে।

  18. প্রতিবেশীদের ওপর ইরানের হামলায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির নিন্দা

    যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ইরানের হামলার নিন্দা জানিয়েছে এবং বলেছে যে ইরানের উচিত "লক্ষ্যবিহীন" সামরিক হামলা থেকে বিরত থাকা।

    "আমরা আঞ্চলিক স্থিতিশীলতা এবং বেসামরিক জীবনের সুরক্ষার প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি," ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্টজ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এক যৌথ বিবৃতিতে বলেছেন।

    তারা আরও বলেছেন যে তারা ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা পুনরায় শুরু করতে চান।

  19. যুদ্ধবিরতির আহ্বান ওমানের

    ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে সামরিক অভিযান স্থগিত করার আহ্বান জানিয়েছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য একটি জরুরি বৈঠক করার আহ্বান জানিয়েছে।

    আন্তর্জাতিক সম্প্রদায়কে আন্তর্জাতিক আইনের সমর্থনে স্পষ্ট অবস্থান নেওয়ারও আহ্বান জানিয়েছেতারা।

    ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠকের আহ্বান জানিয়ে বলেছেন যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য "মারাত্মক পরিণতি" বয়ে আনবে।

  20. ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী বিমানের সব ফ্লাইট স্থগিত

    ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার ও মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের পাল্টা হামলার পর ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী বিমানের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।

    শনিবার বাংলাদেশ বিমানের এক বিজ্ঞপ্তিতে জরুরি এই নির্দেশনা জানানো হয়।

    এতে বলা হয়, "বিমান বাংলাদেশ এয়ারলাইনস অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছে যে, মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের সকল গন্তব্যে বিমানের সকল ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে"।

    বিজ্ঞপ্তিতে মধ্যপ্রাচ্যের ওই দেশগুলো গমন করতে ইচ্ছুক সকল যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাথে যোগাযোগ না করে বিমানবন্দরে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

    এ বিষয়ে যোগাযোগের জন্য ১৩৬৩৬ নম্বরে কল করার অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

Trending Now