আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 'বড় ধরনের ঐকমত্য' হয়েছে: ট্রাম্প, ইরানের অস্বীকার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে 'ঐকমত্যের বড় জায়গা' তৈরি হয়েছে। এদিকে, ইরানের সাথে ‘ফলপ্রসূ আলোচনা’র বরাত দিয়ে ট্রাম্প যে পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি স্থাপনাগুলোতে হামলা স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন - তেহরান ওই আলোচনার কথা অস্বীকার করেছে। .

সরাসরি কভারেজ

  1. সোমবার দিনের উল্লেখযোগ্য ঘটনা

    • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্য সংঘাতের ‘পূর্ণাঙ্গ ও সার্বিক সমাধান’ নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ‘ফলপ্রসূ আলোচনা’ এবং 'ঐকমত্যের বড় জায়গা' তৈরি হয়েছে।
    • ডোনাল্ড ট্রাম্প পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি স্থাপনাগুলোর ওপর যেকোনো ধরনের হামলা স্থগিত রাখার ঘোষণাও দিয়েছেন।
    • ইরানের সাথে ‘ফলপ্রসূ আলোচনা’র বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পাঁচ দিনের জন্য দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি স্থাপনাগুলোতে হামলা স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন - তেহরান ওই আলোচনার কথা অস্বীকার করেছে।
    • যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে আলোচনা চলছিল, সে বিষয়ে যুক্তরাজ্য অবগত ছিল।
    • মধ্য এশিয়ার যুদ্ধপরিস্থিতি যে ভারতের সামনে যথেষ্ট কঠিন চ্যালেঞ্জ নিয়ে এসেছে, তা স্বীকার করে নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার লোকসভায় মি. মোদী জানিয়েছেন, ভারতে গ্যাস ও জ্বালানি সংকট যথেষ্ট উদ্বেগজনক।
    • ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ৭৬টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
    • হরমুজ প্রণালি দিয়ে 'শত্রু নয়' এমন দেশগুলোর যাতায়াতের জন্য 'ইরানের সাথে সমন্বয়' করে চলার নির্দেশনা দিয়েছে তেহরান।
    • ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন যে, ইরান যুক্তরাজ্যকে 'টার্গেট' করছে, এমন কোনো "বিশ্বাসযোগ্য তথ্য' দেশটির সরকারের কাছে নেই।
    • ইরানের রাজধানী তেহরান এবং বিভিন্ন শহরে বিমান হামলার অসংখ্য খবর পাওয়া গেছে।
    • ইসরায়েলে সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে, ইরান ফের ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
    • সোমবার এশিয়ায় তেলের দাম বেড়েছে এবং শেয়ারবাজারে ব্যাপক দরপতন হয়েছে।

    বিবিসি বাংলায় লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। খবর এবং বিশ্লেষণ জানতে ক্লিক করুন বিবিসি বাংলার মূল পাতায়...

  2. ট্রাম্প-ইরান আলোচনা সম্পর্কে যুক্তরাজ্য জানত: স্টারমার

    যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে আলোচনা চলছিল, সে বিষয়ে যুক্তরাজ্য অবগত ছিল।

    তিনি আরও বলেন, যুক্তরাজ্য উত্তেজনা হ্রাস এবং 'যত দ্রুত সম্ভব' সংঘাতের অবসান দেখতে চায়।

    "সেই লক্ষ্যে, আমি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া আলোচনার খবরকে স্বাগত জানাই," যোগ করেন মি. স্টারমার।

    তিনি আরো বলেন, "একটি আলোচনার মাধ্যমে হওয়া চুক্তিতে" ইরানের ওপর "কঠোর শর্ত আরোপ করা উচিত, বিশেষ করে পারমাণবিক অস্ত্রের বিষয়ে"।

  3. তেলের দামের যন্ত্রণা 'অস্থায়ী': মার্কিন জ্বালানিমন্ত্রী

    বিশ্বে তেলের বাজারে যে অস্থিরতার কারণে দাম বেড়েছে, তা "অস্থায়ী" বলে দাবি করেছেন মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট।

    তিনি বলেন, "বাজার তার নিজের পথেই চলে" এবং দাম বৃদ্ধি উৎপাদকদের তেল সরবরাহ আরো বাড়ানোর ইঙ্গিত দেয়।

    রাইটের দাবি, খরচ এখনও এতটা বাড়েনি যা ‘চাহিদার উল্লেখযোগ্য হ্রাস’ ঘটাতে পারে।

    উচ্চমূল্য বা সীমিত সরবরাহের কারণে পণ্যের চাহিদায় দীর্ঘস্থায়ী পতন ঘটার সম্ভাবনা দেখছেন বলেই মনে করেন তিনি।

  4. ইরানের সঙ্গে যদি চুক্তি হয় তেলের দাম কমে যাবে: ট্রাম্প

    ইরানের সঙ্গে যুদ্ধের ইতি টানার মতো কোনো চুক্তি হলে তেলের দাম হুড়মুড় করে পড়ে যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলর সাথে ইরানের যুদ্ধ শুরুর পর থেকে তেলের দাম উল্লেখযোগ্য হারে বাড়ছে।

    জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে ইরানের হুমকির কারণে জাহাজ চলাচল স্থবির হয়ে আছে।

    এমন প্রেক্ষাপটে ট্রাম্প জানাচ্ছেন, “আমাদের একটি চুক্তি হওয়ার বেশ ভালো সম্ভাবনা আছে।”

    অবশ্য তিনি এ-ও যোগ করেন, “কোনো কিছুর নিশ্চয়তা নেই; আমি কোনো কিছুর নিশ্চয়তা দিচ্ছি না”।

    মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেছেন যে, যুদ্ধ শেষ করার জন্য দুই দেশ ১৫টি দফা নিয়ে আলোচনা করছে।

    যার মধ্যে ইরানের পারমাণবিক অস্ত্র বর্জন ‘এক, দুই ও তিন নম্বর’ দফা, বলেন ট্রাম্প।

    মি. ট্রাম্প আরো বলছেন, তিনি ইরানে ‘শাসনব্যবস্থার বড় পরিবর্তন’ দেখতে চান।

  5. পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনে ২৯ লক্ষের নামের নিষ্পত্তি

    ভোটমুখী পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের (স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর) পর সোমবার ‘বিবেচনাধীন’ ভোটারদের একাংশের নামের সাপ্লিমেন্টারি লিস্ট বা অতিরিক্ত তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন।

    তালিকায় সেইসব ভোটারদের নাম থাকার কথা যাদের নাম ‘তথ্যগত অসংতির অভিযোগে’ ‘বিবেচনাধীন’-এর তালিকায় ছিল এবং নথিপত্র যাচাইয়ের পর চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে।

    পশ্চিমবঙ্গের ৫০০ এবং ঝাড়খন্ড ও ওড়িশা থেকে আসা আরও প্রায় ২০০ বিচারক সুপ্রিম কোর্টের নির্দেশে এই নথি যাচাই করছেন।

    মুখ্য নির্বাচনী কর্মকর্তা মনোজ কুমার আগরওয়াল সোমবার সাংবাদিকদের জানিয়েছেন, বিকেল চারটে পর্যন্ত আনুমানিক ২৯ লক্ষ বিবেচনাধীন নামের নিষ্পত্তি হয়েছে। তিনি জানিয়েছেন, সোমবার রাত ন’টা থেকে সাড়ে নয়টার মধ্যে ওই তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ পাবে। তার আগে কতজন ভোটারের নাম বাদ পড়েছে তা বলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তিনি।

    এর আগে ২৮শে ফেব্রুয়ারি ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই সময় জানানো হয়েছিল ৬০ লক্ষেরও বেশি নাম বিবেচনাধীনের তালিকায় রয়েছে। খসড়া ও ২৮শে ফেব্রুয়ারি প্রকাশ হওয়া তালিকা মিলিয়ে ৬৩ লক্ষেরও বেশি নাম বাদ গিয়েছিল বলে কমিশন সূত্রে খবর। সোমবারের তালিকা প্রকাশের পর সেই সংখ্যা কত দাঁড়ায় সেদিকে সবার নজর রয়েছে।

    নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রতিদিন গড়ে প্রায় ২ লক্ষ নাম যাচাই ও সংশ্লিষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে। ধাপে ধাপে নিষ্পত্তি হওয়া বাকি নামের তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে সোমবার প্রকাশিত তালিকায় নাম না থাকলে নির্বাচন কমিশনের অ্যাপ কিংবা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে নাম নথিভুক্ত করার আবেদন করা যাবে বা জেলা ও মহকুমাস্তরের প্রশাসনিক দফতরে গিয়েও আর্জি জানানো যেতে পারে।

    সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের ২৩টি জেলায় মোট ১৯টি আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে যার দায়িত্বে আছেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিরা। সোমবার প্রকাশিত তালিকা থেকে যাদের নাম বাদ পড়বে, তারা ওই ট্রাইব্যুনালের মাধ্যমে আপিল করতে পারবেন।

    এদিকে এই তালিকা প্রকাশের আগে থেকেই আইন শৃঙ্খলার প্রতি নজর দেওয়ার কথা বলা হয়েছে। কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজ্য সরকার জেলা শাসক ও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

  6. যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 'বড় ধরনের ঐকমত্য' হয়েছে: ট্রাম্প, ইরানের অস্বীকার

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পাম বিচে সাংবাদিকদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে 'ঐকমত্যের বড় জায়গা' তৈরি হয়েছে।

    এয়ার ফোর্স ওয়ানের পাশে দাঁড়িয়ে ব্রিফিংয়ে তিনি বলেন যে, (ইরানের সাথে)আলোচনা 'খুবই কার্যকর' হয়েছে এবং এ প্রক্রিয়ায় তার উপদেষ্টা স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার যুক্ত ছিলেন।

    আলোচনার বিষয়ে তিনি বলেন, "দেখা যাক আলোচনা কোন দিকে যায়।"

    তিনি আরও বলেন, "আমাদের মধ্যে ঐকমত্যের বড় জায়গা রয়েছে, এবং আমি বলব যে প্রায় সব বিষয়েই আমরা একমত হয়েছি।"

    মি. ট্রাম্প বলেছেন যে, যুক্তরাষ্ট্র ইরানের 'একজন শীর্ষস্থানীয় ব্যক্তির' সাথে কথা বলছে, তবে তিনি নতুন সর্বোচ্চ নেতা নন।

    এরপর তিনি আরও যোগ করেন, "আমরা জানি না তিনি (সর্বোচ্চ নেতা) বেঁচে আছেন কী-না।"

    এদিকে, ইরানের সাথে ‘ফলপ্রসূ আলোচনা’র বরাত দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যে পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি স্থাপনাগুলোতে হামলা স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন - তেহরান ওই আলোচনার কথা অস্বীকার করেছে।

    দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, "মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যে সমঝোতার আলোচনার কথা বলেছেন, তা সঠিক নয়।"

  7. যুক্তরাষ্ট্রের সাথে 'আলোচনার খবর অস্বীকার' ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

    ইরানের সাথে ‘ফলপ্রসূ আলোচনা’র বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পাঁচ দিনের জন্য দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি স্থাপনাগুলোতে হামলা স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন - তেহরান ওই আলোচনার কথা অস্বীকার করেছে।

    দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, "মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যে সমঝোতার আলোচনার কথা বলেছেন, তা সঠিক নয়।"

    বিবিসির মার্কিন পার্টনার সিবিএস নিউজকে উদ্ধৃত করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, "ইরান তার অবস্থানে অটল রয়েছে, আর তা হলো যুদ্ধের মাধ্যমে ইরানের লক্ষ্যসমূহ অর্জিত হওয়ার আগে যেকোনো ধরনের আলোচনা প্রত্যাখ্যান করা।"

    এর আগে ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক এসএনএন, ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের আধাসামরিক বাহিনী 'বাসিজ স্টুডেন্ট অর্গানাইজেশন'-এর সাথে যুক্ত একটি সংবাদ সংস্থা, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি 'বেনামী সূত্র'কে উদ্ধৃত করে জানিয়েছে যে, 'আলোচনার খবর অস্বীকার' করেছে দেশটির সরকার।

    এবং হরমুজ প্রণালি 'আক্রমণকারীদের জন্য বন্ধ'ই থাকবে বলে জানিয়েছে এসএনএনের ওই খবর।

    যদিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের নাম প্রকাশ করা হয়নি।

    এর আগে, আইআরজিসির সাথে সংশ্লিষ্ট ফার্স এবং তাসনিম সংবাদ সংস্থাও নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে একই ধরনের খবর প্রকাশ করেছিল।

    ফার্স জানিয়েছে যে, "ট্রাম্পের সাথে (ইরানের সরকারের) প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো যোগাযোগ" হয়নি এবং তিনি অর্থাৎ মি. ট্রাম্প "পিছিয়ে গেছেন"।

    অন্যদিকে, তাসনিম জানিয়েছে যে "কোনো আলোচনা" হচ্ছে না।

    এখন পর্যন্ত নাম প্রকাশ করে কোনো ইরানি কর্মকর্তার পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

  8. ভারতে জ্বালানি পরিস্থিতি 'উদ্বেগজনক': লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

    মধ্য এশিয়ার যুদ্ধপরিস্থিতি যে ভারতের সামনে যথেষ্ট কঠিন চ্যালেঞ্জ নিয়ে এসেছে, তা স্বীকার করে নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    সোমবার লোকসভায় মি. মোদী জানিয়েছেন, ভারতে গ্যাস ও জ্বালানি সংকট যথেষ্ট উদ্বেগজনক।

    লোকসভায় তিনি বলেছেন, "মধ্য এশিয়ার পরিস্থিতি ভয়াবহ। এ সংকট তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে। এই যুদ্ধ সারা বিশ্বের অর্থনীতি ও মানুষের জীবনকে প্রভাবিত করছে।"

    তিনি বলেন, "এ যুদ্ধ ভারতের সামনে অপ্রত্যাশিত চ্যালেঞ্জ তৈরি করেছে। এ চ্যালেঞ্জগুলো অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত। এছাড়াও মানবিক চ্যালেঞ্জও রয়েছে।"

    প্রধানমন্ত্রী মোদী মধ্য এশিয়ার বর্তমান পরিস্থিতির কারণে হরমুজ প্রণালিতে অবাধ জাহাজ চলাচলে বাধার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

    তিনি জানিয়েছেন, "৫৩ লক্ষ মেট্রিক টন পেট্রোলিয়াম ভারতে মজুত রয়েছে। আরও ৬৫ লক্ষ মেট্রিক টন মজুতের লক্ষ্য মাত্রা রেখেছে ভারত। ৪১টি দেশের সঙ্গে আমদানি নেটওয়ার্ক খোলা রেখেছে ভারত, যার মাধ্যমে জ্বালানি সমস্যার সমাধানের পথ খোঁজা হচ্ছে।"

    "এলপিজি সমস্যার মোকাবিলা করতে দেশীয় উৎপাদন বাড়াচ্ছে ভারত। দেশের প্রায় ৬০ শতাংশ এলপিজি আমদানি নির্ভর। তাই অনিশ্চয়তার মধ্যে সরকার গৃহস্থালি গ্রাহকদের অগ্রাধিকার দিচ্ছে, একই সঙ্গে পেট্রোল ও ডিজেলের সরবরাহ যাতে সারা দেশে স্বাভাবিক থাকে, সে দিকেও নজর রাখা হচ্ছে," জানান মি মোদী।

    তিনি বলেন, "আমি পশ্চিম এশিয়ার দেশগুলোর নেতাদের সঙ্গে দুই দফা আলোচনা করেছি। ওই দেশগুলোর নেতারা ভারতীয়দের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। তবে দুর্ভাগ্যবশত, কিছু ভারতীয় মারা গেছেন।"

    সংসদে এ দিন মি মোদী জানান, “যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিন লক্ষ ৭৫ হাজার ভারতীয় নিরাপদে দেশে ফিরে এসেছেন। ইরান থেকে এক হাজার ভারতীয় নিরাপদে ফিরে এসেছেন। তাদের মধ্যে ৭০০ জনেরও বেশি ডাক্তারি পড়ুয়া।"

  9. মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ৭৬টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে: আইআরজিসি

    ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ৭৬টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

    এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, "শত্রুদের সামরিক অবকাঠামো ধ্বংসের ধারাবাহিকতায় আল-ধাফরা, ভিক্টোরিয়া, পঞ্চম নৌবহর এবং কিং সুলতান নামক মার্কিন ঘাঁটিতে ড্রোন এবং শক্তিশালী তরল-জ্বালানি চালিত 'কিয়াম' ও সলিড-জ্বালানি চালিত 'জুলফিকার' ক্ষেপণাস্ত্র দিয়ে কার্যকরভাবে হামলা চালানো হয়েছে।"

    বিবৃতিতে আরো বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনীর অবকাঠামোতেও হামলা চালিয়েছৈ আইআরজিসি।

    "আশকেলন, তেল আবিব, হাইফা, গুশ দান শহর এবং আশকেলনে ইসরায়েলি সেনাবাহিনীর স্থাপনাসমূহে ভারী ক্ষেপণাস্ত্র এবং কঠিন ও গাইডেড জ্বালানি ব্যবহার করে হামলা চালানো হয়েছে। 'খায়বার-শেকান' এবং 'কিয়াম' তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে আঘাত হানা হয়েছে সেসব জায়গায়।"

  10. ইরানের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় পাঁচ দিন হামলা বন্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্য সংঘাতের ‘পূর্ণাঙ্গ ও সার্বিক সমাধান’ নিয়ে ইরানের সাথে ‘ফলপ্রসূ আলোচনা’ হয়েছে।

    তিনি বলেছেন, তিনি পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি স্থাপনাগুলোর ওপর কোনো ধরনের হামলা স্থগিত রাখবেন।

    সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে তিনি এসব তথ্য জানিয়েছেন।

    ইংরেজি ক্যাপিট্যাল লেটার বা বড় হাতের অক্ষরে লেখা ওই পোস্টে বলা হয়েছে, "আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, যুক্তরাষ্ট্র এবং ইরান গত দুই দিন ধরে মধ্যপ্রাচ্যে আমাদের শত্রুতার সম্পূর্ণ ও সার্বিক সমাধানের বিষয়ে অত্যন্ত ভালো এবং ফলপ্রসূ আলোচনা করেছে।"

    "এই গভীর, বিস্তারিত এবং গঠনমূলক আলোচনার উপর ভিত্তি করে আমি যুদ্ধ বিভাগকে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে সব ধরনের সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছি, যা চলমান সভা ও আলোচনার সাফল্যের উপর নির্ভরশীল," বলা হয়েছে পোস্টটিতে।

    ওই আলোচনা সপ্তাহজুড়ে চলবে বলেও জানিয়েছেন মি. ট্রাম্প।

    যদিও ট্রাম্পের উল্লেখ করা আলোচনার বিষয়ে ইরানের তরফ থেকে এখনো কোন বক্তব্য পাওয়া যায়নি।

  11. 'শত্রু নয়' এমন দেশের জন্য হরমুজ নিয়ে ইরানের নির্দেশনা

    হরমুজ প্রণালি দিয়ে 'শত্রু নয়' এমন দেশগুলোর যাতায়াতের জন্য 'ইরানের সাথে সমন্বয়' চলার নির্দেশনা দিয়েছে তেহরান।

    সোমবার ইরানের উচ্চ-পর্যায়ের নিরাপত্তা সংস্থা প্রতিরক্ষা পরিষদ এক বিবৃতিতে বলেছে যে, "এটাই একমাত্র উপায়"।

    ইরানি সংবাদমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে প্রতিরক্ষা পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, 'শত্রুপক্ষ যদি ইরানের উপকূল বা দ্বীপপুঞ্জে হামলা করার কোনো চেষ্টা করে”', তাহলে উপকূলীয় এলাকার 'সমস্ত প্রবেশপথে' মাইন পুঁতে দেয়া হবে।

    কোন হামলা হলে “হরমুজ প্রণালি ছাড়াও কার্যত সমগ্র পারস্য উপসাগর অবরুদ্ধ হয়ে পড়বে এবং তার দায়ভার আগ্রাসনকারীদের ওপর বর্তাবে”, ​​বলে সতর্ক করা হয়েছে বিবৃতিতে।

  12. ইরান ব্রিটেনকে 'টার্গেট' করছে বলে বিশ্বাসযোগ্য তথ্য নেই: স্টারমার

    ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন যে, ইরান যুক্তরাজ্যকে 'টার্গেট' করছে, এমন কোনো "বিশ্বাসযোগ্য তথ্য' দেশটির সরকারের কাছে নেই।

    দিয়েগো গার্সিয়া দ্বীপে তেহরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ব্রিটেন ইরানের ক্ষেপণাস্ত্রের সীমার মধ্যে রয়েছে কী-না - এমন প্রশ্নের জবাবে মি. স্টারমার বলেন, "সরকার সর্বদাই নিরাপত্তার জন্য নিজেরা পূর্ণাঙ্গ মূল্যায়ন করে থাকে এবং এই মূহুর্তে আমাদের কাছে এমন কোনো মূল্যায়ন নেই যে আমাদের 'লক্ষ্যবস্তু' করা হচ্ছে।"

    উত্তেজনা প্রশমনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, 'যুদ্ধে না জড়িয়ে' কীভাবে ব্রিটিশ স্বার্থ এবং জীবন রক্ষা করা যায় সেটি সরকারের কাছে গুরুত্বপূর্ণ।

    'ইরানের কাছে এখন এমন ক্ষেপণাস্ত্র আছে যা লন্ডন, প্যারিস বা বার্লিনে পৌঁছাতে সক্ষম' - ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ এমন দাবি করার একদিন পর মি. স্টারমারের এমন মন্তব্য এলো।

    ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৩,৭৮১ কিলোমিটার দূরে অবস্থিত ডিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটিতে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ব্যর্থ হওয়ার খবরের পর, ইসরায়েলি সামরিক বাহিনী এক্স সোশ্যাল নেটওয়ার্কে ওই দাবি করে পোষ্ট শেয়ার করে।

    ডিয়েগো গার্সিয়ায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবরের বিষয়ে ইরান এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

    উল্লেখ্য যে, ইরান থেকে লন্ডনের নিকটতম দূরত্ব ৪,৩০০ কিলোমিটারেরও বেশি।

  13. ইরানের বিভিন্ন স্থানে মার্কিন ও ইসরায়েলি হামলা চলছে

    ইরানের রাজধানী তেহরান এবং বিভিন্ন শহরে বিমান হামলার অসংখ্য খবর পাওয়া গেছে।

    বিভিন্ন আলোকচিত্র এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে ধারণা করা হচ্ছে যে, কিছু হামলা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে হত্যার উদ্দেশ্যে চালানো হয়েছে।

    সাথে বড় ধরনের বিস্ফোরণের খবরও পাওয়া যাচ্ছে।

    এর মধ্যে দক্ষিণ ইরানের খারগ এবং কিশ দ্বীপপুঞ্জ থেকে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

    সাথে তেহরানের বিমান বাহিনী এলাকা থেকেও বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

    এদিকে, সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে যে, নৌবাহিনী বন্দর আব্বাসে 'দুটি মার্কিন আত্মঘাতী কম্ব্যাট ড্রোন' ধ্বংস করেছে।

    ইরানি ব্রডকাস্টিং কর্পোরেশনের ইংরেজি ভাষার চ্যানেল 'প্রেস টিভি' জানিয়েছে যে, কুয়েতে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

    এ দুর্ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে প্রেস টিভিতে।

  14. যুদ্ধে লিপ্ত সকল পক্ষকে নতুন করে আলোচনার টেবিলে ফেরার আহ্বান চীনের

    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র, যুদ্ধে লিপ্ত সকল পক্ষ অর্থাৎ যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানকে সহিংসতার এই 'দুষ্টচক্র' থেকে বেরিয়ে নতুন করে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন।

    বার্তা সংস্থা রয়টার্সের এক সংবাদে বলা হয়েছে, ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকির বিষয়ে এক প্রশ্নের জবাবে লিয়ান জিয়ান বলেন, "যদি এ শত্রুতা আরও তীব্র হয় এবং পরিস্থিতির অবনতি ঘটে, তবে পুরো অঞ্চলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে।"

    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেন যে, "প্রথমত এ যুদ্ধ শুরু হওয়াই উচিত ছিল না।"

    ইরানের ওপরে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ উপসাগরীয় অঞ্চল এবং সারা বিশ্ব জুড়েই নাটকীয় পরিস্থিতি তৈরি করেছে। উপসাগরীয় অঞ্চলের দেশগুলো অস্থিতিশীল হয়ে পড়েছে, আর মধ্যপ্রাচ্য জুড়েই হাজার হাজার মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

    তবে যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরেও এর প্রভাব পড়ছে। কোথাও তেলের দাম বেড়ে গেছে, কোথাও আবার হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় সাধারণ ক্রেতা এবং ব্যবসায়ীদের খরচও বেড়ে গেছে।

    ইরান যুদ্ধের কারণে চীনের ওপরে এখনো কোনো বড়ো প্রভাব পড়েনি, কিন্তু তবুও তারা চাপটা অনুভব করবে।

    সেন্টার ফর গ্লোবাল এনার্জি পলিসির তথ্য অনুযায়ী চীন যে পরিমাণ তেল আমদানি করে, তার মাত্র ১২ শতাংশ ইরান থেকে।

    আরো পড়তে পারেন:

  15. যুদ্ধের প্রভাবে এশিয়ায় তেলের দাম বৃদ্ধি এবং শেয়ারবাজারে ব্যাপক দরপতন

    সোমবার এশিয়ায় তেলের দাম বেড়েছে এবং শেয়ারবাজারে ব্যাপক দরপতন হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধের মাত্রা বৃদ্ধির কারণেই এসব খাতের ব্যবসায়ীরা প্রভাবিত হয়েছেন।

    সোমবার অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম এক শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১১৩ দশমিক ৪০ ডলার ছাড়িয়ে গেছে।

    এদিকে, জাপানের নিক্কেই শেয়ার সূচক তিন দশমিক পাঁচ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ছয় দশমিক পাঁচ শতাংশ কমেছে।

    শনিবার ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নৌপথ পুনরায় খুলে দেওয়া না হলে তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো 'ধ্বংস করে দেবেন'।

    অন্যদিকে, ইরান বলেছে, এ ধরনের যেকোনো হামলার জবাবে তারা এই অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালাবে।

    জ্বালানি পরামর্শক প্রতিষ্ঠান উড ম্যাকেঞ্জির চেয়ারম্যান ও প্রধান বিশ্লেষক সাইমন ফ্লাওয়ার্স বলেছেন, হুমকিগুলো কার্যকর করা হয় কী-না, তার দিকে তাকিয়ে আছে বাজার ব্যবস্থা।

    "যদি যুক্তরাষ্ট্র ইরানের অবকাঠামোতে হামলা করে, তবে তা যুদ্ধের তীব্রতাকে আরও এক ধাপ বাড়িয়ে দেবে। তখন আমাদের দেখতে হবে যে ইরানও গত সপ্তাহ বা তারও বেশি সময় ধরে যেমনটা করে আসছে, তেমনভাবে পাল্টা অবকাঠামোগত হামলা চালায় কী-না," বিবিসির 'টুডে' অনুষ্ঠানে বলছিলেন মি. সাইমন।

  16. হরমুজ প্রণালি চালু করা নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে ট্রাম্পের ফোনালাপ

    যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার স্থানীয় সময় সন্ধ্যায় ফোনে কথা বলেছেন।

    ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র জানিয়েছেন: "উভয় নেতা মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বিশেষ করে বিশ্বব্যাপী জাহাজ চলাচল পুনরায় শুরু করার জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।"

    "তারা একমত হয়েছেন যে, বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করতে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা অপরিহার্য।"

    ফোনালাপের বিষয়ে ডাউনিং স্ট্রিট আরো জানায়, ট্রাম্প গতকালই ব্রিটিশ প্রধানমন্ত্রীকে নিয়ে একটি ব্যঙ্গাত্মক ভিডিও ক্লিপ শেয়ার করেছিলেন, তার কিছু পরই ফোনে কথা বলেন দুই নেতা।

    ফোনালাপটি ২০ মিনিট স্থায়ী ছিল এবং তাদের মধ্যকার আলাপ 'গঠনমূলক' ছিল বলে জানানো হয়েছে।

    ব্রিটিশ প্রধানমন্ত্রী পরে চ্যান্সেলর র‍্যাচেল রিভস, ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি এবং অন্যদের নিয়ে যুদ্ধের অর্থনৈতিক প্রভাব বিষয়ে একটি 'কোবরা' বৈঠক করেন।

    শনিবার রাতে ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন, না হলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো "ধ্বংস করে দেবে" বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প, এবং বলেন 'সবচেয়ে বড়টি দিয়েই তা শুরু হবে'।

    এদিকে, ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ বলছে যে তারা ইরান ও হেজবুল্লাহর বিরুদ্ধে 'আরও কয়েক সপ্তাহ লড়াই' চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

    আইডিএফ লেবাননে হেজবুল্লাহর বিরুদ্ধে হামলা আরও বাড়ানোর পরিকল্পনার অনুমোদনও ঘোষণা করেছে, যা একটি পূর্ণমাত্রার স্থল অভিযানের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।

  17. বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি যুক্তরাষ্ট্রের 'বেপরোয়া' ভাবের প্রকাশ: ইরানের প্রেসিডেন্ট

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে 'নিশ্চহ্ন' করে দেয়ার হুমকি যুক্তরাষ্ট্রের 'বেপরোয়া' মনোভাবের প্রকাশ।

    তিনি আরো বলেছেন, ইরানের ওপর হামলাকারী রাষ্ট্রসমূহ ছাড়া সবার জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে।

    শনিবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে ‘কোনো হুমকি ছাড়া’ নৌ চলাচলের পথটি খুলে দেওয়া না হলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ‘ধ্বংস’ করে দেবে।

    শনিবার গ্রিনিচ মান সময় ২৩:৪৪ অর্থাৎ বাংলাদেশ সময় রোববার পৌনে ছয়টার দিকে শেয়ার করা পোস্টে ট্রাম্প বলেন, "যদি ইরান ঠিক এই মুহূর্ত থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কোনো হুমকি ছাড়াই হরমুজ প্রণালি সম্পূর্ণরূপে খুলে না দেয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে আঘাত হেনে সেগুলোকে নিশ্চিহ্ন করে দেবে।

    "এবং শুরুটা হবে সবচেয়ে বড়টি দিয়ে!" যোগ করেন তিনি।

    জবাবে তেহরান জানিয়েছে, তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে যুক্তরাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট গালফ দেশের জ্বালানি স্থাপনায় হামলা করবে ইরান।

    দেশটির পার্লামেন্টের স্পিকার হুশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি হামলা করে, তাহলে গালফ অঞ্চলের দেশগুলোর জরুরি অবকাঠামোতে ‘অপূরণীয় ধ্বংসযজ্ঞ’ চালানো হবে।

  18. হরমুজ নিয়ে ট্রাম্পের সময়সীমা শেষ হবে আজ মধ্যরাতে

    হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানকে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের সময়সীমা স্থানীয় সময় আজ রাতে শেষ হচ্ছে।

    বাংলাদেশ সময়ে মঙ্গলবার ভোর নাগাদ শেষ হতে যাওয়া এই সময়সীমা নিয়ে মধ্যপ্রাচ্য সংকট আরো ঘনিয়ে ওঠার আশংকা করা হচ্ছে।

    শনিবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে ‘কোনো হুমকি ছাড়া’ নৌ চলাচলের পথটি খুলে দেওয়া না হলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ‘ধ্বংস’ করে দেবে।

    শনিবার গ্রিনিচ মান সময় ২৩:৪৪ অর্থাৎ বাংলাদেশ সময় রোববার পৌনে ছয়টার দিকে শেয়ার করা পোস্টে ট্রাম্প বলেন, "যদি ইরান ঠিক এই মুহূর্ত থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কোনো হুমকি ছাড়াই হরমুজ প্রণালি সম্পূর্ণরূপে খুলে না দেয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে আঘাত হেনে সেগুলোকে নিশ্চিহ্ন করে দেবে।

    "এবং শুরুটা হবে সবচেয়ে বড়টি দিয়ে!" যোগ করেন তিনি।

    জবাবে তেহরান জানিয়েছে, তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে যুক্তরাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট গালফ দেশের জ্বালানি স্থাপনায় হামলা করবে ইরান।

    দেশটির পার্লামেন্টের স্পিকার হুশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি হামলা করে, তাহলে গালফ অঞ্চলের দেশগুলোর জরুরি অবকাঠামোতে ‘অপূরণীয় ধ্বংসযজ্ঞ’ চালানো হবে।

  19. পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের দলের সঙ্গে জোটে ওয়াইসির পার্টি

    পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা ভোটে হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি এজেইউপির সঙ্গে জোট বাঁধছে আসাউদ্দিন ওয়াইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন এআইএমআইএম।

    তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা হুমায়ুন কবীর অযোধ্যার বাবরি মসজিদের অনুকরণে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে মসজিদ তৈরি করতে চান।

    রোববার এক সাংবাদিক সম্মেলনে মি. কবীর বলেন, “সারা বাংলা জুড়ে বিভিন্ন আসনে আমাদের ১৫৪ জন প্রার্থী ভোটে লড়বেন। আমি রেজিনগর ও নওদা বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়ব। পুনম বেগম ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়ছেন।”

    বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেছেন, “এআইএমআইএম-এর সঙ্গে জোট বেঁধে হয়ত আমরা আটটি আসনে লড়ব।”

    অন্যদিকে, রোববারই এআইএমআইএম-এর সভাপতি আসাউদ্দিন ওয়াইসি এজেইউপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাওয়র কথা ঘোষণা করেছেন।

    তিনি বলেছেন, “পশ্চিমবঙ্গের ভোটে আমরা হুমায়ুন কবীরের দলের সঙ্গে জোট বাঁধব। ১৫ বছর ধরে মুখ্যমন্ত্রী হিসাবে রয়েছেন মমতা ব্যানার্জী কিন্তু মুসলমানদের উন্নয়ন হয়নি। তাদের সঙ্গে অন্যায় হয়েছে।”

    প্রসঙ্গত, ২০২১ সালের নির্বাচনেও লড়েছিল এআইএমএম যদিও ফল আশানুরূপ হয়নি।

  20. তেল আবিবে ফের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

    ইসরায়েলে সামরিক বাহিনী আইডিএফ তাদের সর্বশেষ আপডেটে জানিয়েছে যে, ইরান ফের ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

    আইডিএফ আরও জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা প্রতিহত করছে।

    এর আগে জানা গিয়েছিল যে, ইরানের রাজধানী তেহরানের বেশ কিছু স্থানে বিস্ফোরণ ঘটেছে।

    রোববার রাতে তেল আবিবের ওপর গুচ্ছবোমা বা ক্লাস্টার মিউনিশনসহ ইরানের আরেক দফার হামলা আকাশেই ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।

Trending Now