আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

নতুন করে পাল্টাপাল্টি হামলা পাকিস্তান-আফগানিস্তানের

আবারো সংঘাতে জড়িয়ে পড়া পাকিস্তান ও আফগানিস্তানকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এদিকে দুই দেশের সীমান্ত এলাকায় এখনো উত্তেজনাকর পরিস্থিতির কথা জানা যাচ্ছে।

সরাসরি কভারেজ

  1. পাকিস্তান-আফগানিস্তান উত্তেজনা: শুক্রবার সারাদিন যা ঘটেছে

    • পাকিস্তান থেকে আবারও হামলা শুরুর খবর বিবিসিকে নিশ্চিত করেছেন আফগানিস্তানের খোস্ত এলাকার তালেবান সরকারি কর্মকর্তারা। শুক্রবার রাতে পাকিস্তানি সামরিক পোস্টগুলোতে আফগান বাহিনীর পাল্টা আক্রমণ শুরু হয়।
    • পাকিস্তানের বিরুদ্ধে চালানো যেকোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে দেশটির সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
    • “নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আফগানিস্তানের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে পাকিস্তান,” এই মন্তব্য করেছেন আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।
    • যুক্তরাষ্ট্র-ইরান চলমান উত্তেজনার মধ্যে তেহরানে অবস্থিত নিজেদের দূতাবাস থেকে সাময়িকভাবে কর্মীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য।
    • যুক্তরাষ্ট্র এবং চীনও নিজ দেশের নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশনা দিয়েছে।
    • "এপস্টিন কী অপরাধ করছেন, সে সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না," বলে দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। মার্কিন আইন প্রণেতাদের তদন্ত কমিটির কাছে নিজের প্রাথমিক বক্তব্য দেন তিনি।
    • আফগান তালেবানদের সাথে সংঘর্ষে এখন পর্যন্ত ১২ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এছাড়া পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, এই সংঘাতে ২৭৪ জন তালেবান সেনা নিহত হয়েছে।
    • আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দেশের পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে পাকিস্তানের সীমান্ত চৌকিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে। এ হামলায় ৫০ জনের বেশি পাকিস্তানি সেনা নিহত হয়েছে।
    • পাকিস্তানি বাহিনী কাবুলসহ কান্দাহার ও পাক্তিকা প্রদেশে হামলা চালিয়েছে।
    • পাকিস্তানের ইসলামাবাদের ফৈজাবাদের কাছে একটি সামরিক শিবিরে বোমা হামলা চালিয়েছে বলে দাবি করেছে আফগানিস্তানের তালেবান সরকার। আর পাকিস্তানের নিশানায় তালেবানদের সরকারি স্থাপনা।
    • আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে “গভীরভাবে উদ্বিগ্ন” চীন। সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দুই পক্ষকে সংলাপ ও আলোচনার মাধ্যমে পার্থক্য ও বিরোধ নিষ্পত্তি” করার আহ্বান জানিয়েছে।
    • আফগানিস্তানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে আলোচনা করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
    • আফগানরা ‘তাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করবে’ - সাবেক রাষ্ট্রপতি কারজাই
    • আফগানিস্তানের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের ধর্ম ভিত্তিক দল জমিয়তে উলেমা-ই-ইসলাম (এফ)-এর প্রধান মাওলানা ফজলুর রহমান।
    • পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
    • মার্কিন আইন প্রণেতাদের তদন্ত কমিটির কাছে যৌন অপরাধী জেফরি এপস্টিনের সাথে নিজের সম্পর্কের বিষয়ে একটি রুদ্ধদ্বার অধিবেশনে সাক্ষ্য দেবেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

    বিবিসি বাংলায় লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর এবং বিশ্লেষণ জানতে ক্লিক করুন বিবিসি বাংলার মূল পাতায়...

  2. নতুন করে পাল্টাপাল্টি হামলা পাকিস্তান-আফগানিস্তানের

    পাকিস্তান থেকে আবারও হামলা শুরুর খবর বিবিসিকে নিশ্চিত করেছেন আফগানিস্তানের খোস্ত এলাকার তালেবান সরকারি কর্মকর্তারা।

    শুক্রবার সন্ধ্যায় তালেবান সরকারের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলের মানসুরি কর্পসের মুখপাত্র আব্দুল হক ফিদা বিবিসিকে বলেছেন যে, "ইফতারের বিরতির পর খোস্ত এবং ট্যাঙ্ক এলাকায় আবারও অভিযান শুরু হয়েছে ও লড়াই চলছে।"

    মি. ফিদার আগে, খোস্তের গভর্নরের মুখপাত্র মুস্তাগফার গুরবাজও গণমাধ্যমে পাঠানো এক বার্তায় হামলা শুরুর খবর জানিয়েছিলেন।

    "আবারও, খোস্ত প্রদেশের জাজাই ময়দান এবং আলিশার ও তেরেজ জেলার সীমান্তবর্তী পাকিস্তানি সামরিক পোস্টগুলোতে আফগান বাহিনীর পাল্টা আক্রমণ শুরু হয়েছে," তিনি লিখেছেন।

    এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তান।

  3. 'আগ্রাসনের' জবাব দেবে পাকিস্তান, ‘অভ্যন্তরীণ দ্বন্দ্ব’ চাপিয়ে দেওয়ার অভিযোগ আফগানিস্তানের

    আলোচনার মাধ্যমে সমাধানের কথা বললেও একে অন্যের ওপর দায় চাপিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে পাকিস্তান ও আফগানিস্তান।

    শুক্রবার দিনভর উত্তেজনার পর সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরেছে দুই দেশ। যুদ্ধের ক্ষয়ক্ষতি নিয়েও নিজেদের মতো বার্তা দিয়েছে তারা।

    পাকিস্তানের বিরুদ্ধে চালানো যেকোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে দেশটির সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

    অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে ‘দেশটির অভ্যন্তরীণ দ্বন্দ্ব আফগানিস্তানের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে’ বলে দাবি করেছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

    এদিকে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, আফগান তালেবানদের সাথে সংঘর্ষে এখন পর্যন্ত ১২ জন পাকিস্তানি সেনা নিহত, ২৭ জন আহত এবং একজন সেনা নিখোঁজ রয়েছেন।

    এছাড়া এই সংঘাতে ২৭৪ জন তালেবান সেনা নিহত এবং ৪০০ জনেরও বেশি আহত হয়েছেন বলে দাবি করেছেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

    অন্যদিকে, পাকিস্তানি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক অবস্থান, কেন্দ্র এবং স্থাপনা লক্ষ্য করে বিমান অভিযান সফলভাবে পরিচালিত হয়েছে বলে দাবি করেছে তালেবান সরকার।

    তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বিবিসিকে বলেছেন, আফগান বাহিনী পাকিস্তানের ১৯টি সীমান্ত চৌকি ধ্বংস করেছে এবং বেশ কয়েকজন পাকিস্তানি সৈন্যকে আটক করেছে।

    এই হামলায় ৫০ জনের বেশি পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলেও দাবি করেছেন মি. মুজাহিদ।

  4. ‘আমি কিছুই ভুল করিনি'- এপস্টিন ইস্যুতে বিল ক্লিনটন

    "এপস্টিন কী অপরাধ করছেন, সে সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না," বলে দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

    মার্কিন আইন প্রণেতাদের তদন্ত কমিটির কাছে নিজের প্রাথমিক বক্তব্যে এমনটিই দাবি করেছেন তিনি।

    "আমি জানি আমি কী করেছি, এবং আরও গুরুত্বপূর্ণ, আমি কী করিনি। আমি কিছুই দেখিনি, এবং আমি কোনো ভুল করিনি," তিনি আরও যোগ করেন।

    এছাড়া জেফরি এপস্টিনের সাথে তার স্ত্রী ও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের কোনো সম্পর্ক ছিল না বলেও দাবি করেছেন মি. ক্লিনটন।

    তদন্ত কমিটির কাছে দেওয়া বক্তব্যে তিনি বলেন, "তুমি হিলারিকে ভেতরে আসতে বাধ্য করেছ। জেফ্রি এপস্টিনের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। কিছুই না। তার সাথে দেখা করার কোনো স্মৃতিও নেই।"

    সাবেক মার্কিন পেসিডেন্ট আরও বলেন, তিনি যদি "এপস্টিন কী করছেন, তার কোনো ধারণা পেতেন", তাহলে তিনি কখনও তার বিমানে চড়তেন না।

  5. নিজ দেশের নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র, চীন

    নিরাপত্তা হুমকির কারণে, মার্কিন পররাষ্ট্র দপ্তর জরুরি নয় এমন সরকারি কর্মী এবং তাদের পরিবারকে সরিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছে।

    জানানো হয়েছে, নিরাপত্তা বিবেচনায় আগাম নোটিশ ছাড়াই, অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করতে পারে মার্কিন দূতাবাস। দূতাবাসের কর্মী এবং তাদের পরিবারকে ইসরায়েলের নির্দিষ্ট কিছু এলাকা, জেরুজালেমের পুরাতন শহর এবং পশ্চিম তীর ভ্রমণেও নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।

    বাণিজ্যিক ফ্লাইট চালু থাকতেই দেশটির নাগরিকদের ইসরায়েল ত্যাগ করার কথাও বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

    যুক্তরাষ্ট্রের পর চীনও তার নাগরিকদের ইরান ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে এবং সেখানে অবস্থানকারীদের যত তাড়াতাড়ি সম্ভব দেশটি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।

    চীনের রাষ্ট্র পরিচালিত সিনহুয়া সংবাদ সংস্থার বার্তা অনুসারে, নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।

  6. জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্কের বিষয়ে সাক্ষ্য দেবেন বিল ক্লিনটন

    মার্কিন আইন প্রণেতাদের তদন্ত কমিটির কাছে যৌন অপরাধী জেফরি এপস্টিনের সাথে নিজের সম্পর্কের বিষয়ে একটি রুদ্ধদ্বার অধিবেশনে সাক্ষ্য দেবেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

    ইতোমধ্যে একই কমিটির কাছে ছয় ঘন্টা ধরে সাক্ষ্য দিয়েছেন তার স্ত্রী, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

    এপস্টিনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে "কোনো ধারণা ছিল না" বলে দাবি করেছেন হিলারি ক্লিনটন। এছাড়া সাক্ষ্য দেওয়ার এই প্রক্রিয়াটিকে "পক্ষপাতমূলক রাজনৈতিক থিয়েটার" বলে অভিহিত করেছেন তিনি।

    ১৯৮৩ সালে জেরাল্ড ফোর্ডের পর এটিই কংগ্রেস প্যানেলের সামনে কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্টের সাক্ষ্য দেওয়ার ঘটনা।

    এপস্টিনের ফাইলগুলোয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ছবি প্রকাশিত হয়েছিল। এছাড়া অতীতে এপস্টিনের বিমানে ভ্রমণ করার বিষয়টিও স্বীকার করেছিলেন তিনি।

  7. ইরান থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য

    যুক্তরাষ্ট্র-ইরান চলমান উত্তেজনার মধ্যে তেহরানে অবস্থিত নিজেদের দূতাবাস থেকে সাময়িকভাবে কর্মীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য।

    এর আগে ইরানে থাকা নিজ দেশের নাগরিকদের সতর্কবার্তা দিয়েছিল মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশও।

    যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে যে, ইরানের রাজধানীতে থাকা তাদের দূতাবাস দূরবর্তী অবস্থানে থেকে কার্যক্রম চালিয়ে যাবে।

    এদিকে, জরুরি নয় এমন কিছু কর্মীকে, শুক্রবার ইসরায়েল ত্যাগ করতে বলেছে দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি তাদের কর্মীদের "আজই চলে যেতে" পরামর্শ দিয়েছেন।

    ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ এড়াতে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে আলোচনার একদিন পর এটি এলো, যাকে ব্যাপকভাবে শেষ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে ।

    যুদ্ধের শঙ্কা থাকায় চীন, ভারত এবং কানাডা সহ আরও বেশ কয়েকটি দেশও তাদের নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব ইরান ত্যাগ করার নির্দেশনা দিয়েছে।

  8. 'আগ্রাসনের' জবাব দেওয়ার নির্দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রীর

    পাকিস্তানের বিরুদ্ধে চালানো যেকোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে দেশটির সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

    শুক্রবার বিকেলে পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার্স পরিদর্শনে গিয়ে এই নির্দেশনা দেন তিনি। এসময় আফগানিস্তানের সঙ্গে চলমান পরিস্থিতি সম্পর্কে তাকে বিস্তারিত জানান সামরিক কর্মকর্তারা।

    দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতি অনুসারে, পাকিস্তানের বিরুদ্ধে চালানো কোনো ধরনের অপকর্ম সহ্য না করতে সেনাবাহিনীকে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বনের নির্দেশনা দিয়েছেন শেহবাজ শরীফ।

    মি. শরীফ বলেছেন যে. পাকিস্তানের বিরুদ্ধে আফগান তালেবান শাসন কিংবা ফিতনা আল-খারিজ (টিটিপির অফিশিয়াল নাম) এর কর্মকাণ্ড অগ্রহণযোগ্য।

    প্রধানমন্ত্রী বলেন, ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানি সশস্ত্র বাহিনী দেশকে রক্ষা করতে প্রস্তুত এবং পাকিস্তান জানে যে কিভাবে আগ্রাসনের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে হয়।

    বিবৃতি অনুসারে, সীমান্তবর্তী এলাকায় তালেবান আক্রমণ প্রতিহত করা এবং জোরালো পাল্টা আক্রমণ চালানোয় পাকিস্তানি সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এছাড়া, সমগ্র জাতি সেনাবাহিনীর পাশে রয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।

  9. ২৭৪ আফগান সেনা নিহত, দাবি পাকিস্তান সেনাবাহিনীর

    আফগান তালেবানদের সাথে সংঘর্ষে এখন পর্যন্ত ১২ জন পাকিস্তানি সেনা নিহত, ২৭ জন আহত এবং একজন সেনা নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

    শুক্রবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

    এছাড়া এই সংঘাতে ২৭৪ জন তালেবান সেনা নিহত এবং ৪০০ জনেরও বেশি আহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি।

    লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন, আফগান তালেবানরা পাকিস্তানের ১৫টি সেক্টরের ৫৩টি স্থানে হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, এই সবই করা হয়েছে বিশ্বব্যাপী 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে চিহ্নিত টিটিপির সহযোগিতায়।

    মি. চৌধুরী দাবি করেন, পাকিস্তান সেনাবাহিনীর পাল্টা অভিযানে ৭৩টি আফগান সামরিক পোস্ট সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। "১৮টি পোস্ট আমাদের দখলে রয়েছে এবং ১১৫টি ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে,” বলেন তিনি।

    যদিও তার এসব দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি।

    পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র বলেন, পাকিস্তানি সেনাবাহিনী ২১ এবং ২২শে ফেব্রুয়ারি রাতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপির বিরুদ্ধে "খুব সতর্কতার সাথে আফগানিস্তানের অভ্যন্তরের অবস্থানগুলো লক্ষ্য করে" হামলা চালিয়েছিল, যার উপর ভিত্তি করে আফগান তালেবান এই পদক্ষেপ নিয়েছে।

    তিনি জানান, টিটিপির বিরুদ্ধে ২২টি হামলায় পাকিস্তানের কোনো বেসামরিক লোক হতাহতের ঘটনা ঘটেনি। আফগানিস্তানের কাবুল, কান্দাহার এবং পাক্তিকায় চালানো হামলায় কাবুলের পদাতিক ব্রিগেড সদর দপ্তর সহ বেশ কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করা হয়েছিল।

    এক প্রশ্নের জবাবে মি. চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রী এবং বেসামরিক নেতৃত্বের নির্দেশ অনুসারে এই অভিযান অব্যাহত থাকবে এবং আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করছি।”

    এছাড়া আফগান সরকারকে পাকিস্তান এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে যেকোন একটিকে বেছে নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

  10. পাকিস্তানের বিরুদ্ধে 'অভ্যন্তরীণ দ্বন্দ্ব চাপিয়ে দেওয়ার' অভিযোগ তালেবান সরকারের

    “নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আফগানিস্তানের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে পাকিস্তান,” এই মন্তব্য করেছেন আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

    পাকিস্তানের সঙ্গে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতি নিয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

    মি. মুজাহিদ বলেন, প্রতিবেশী দেশসহ বিশ্বের সকল দেশের সাথে আফগানিস্তান ভালো এবং ইতিবাচক সম্পর্ক চায়।

    আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করে তিনি বলেন, "আফগানিস্তানের ভূখণ্ড কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করা হবে না এবং আজও এই বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করেই আমাদের পররাষ্ট্র নীতি এবং আমরা কারও প্রতি শত্রুতার পথ নিতে চাই না।"

    মি. মুজাহিদ বলেন, পাকিস্তানের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সম্পূর্ণরূপে তাদের দেশের বিষয় এবং এটি নতুন কিছু নয়।

    তিনি বলেন, "প্রায় বিশ বছর ধরে, পাকিস্তানে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি এবং পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ চলছে। ২০০৭ সালে, টিটিপি পাকিস্তানে তাদের উপস্থিতি ঘোষণা করে, এরপর থেকে পাকিস্তান সেখানে একাধিক সামরিক অভিযান পরিচালনা করেছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ২০১৪ সালের অপারেশন জারব-ই-আজব।"

    মি. মুজাহিদ বলেন, তালেবানরা প্রায় চার বছর ধরে আফগানিস্তানে ক্ষমতায় আছে, "তাই পাকিস্তানের এখন তাদের পুরনো এবং ঘরোয়া সমস্যা আফগানিস্তানের উপর চাপিয়ে দেওয়ার কোনো মানে হয় না।"

    তিনি অভিযোগ করেন, "তারা বেশ কয়েকবার সীমা অতিক্রম করেছে, আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছে এবং বেসামরিক নাগরিকদের উপর বোমা হামলা চালিয়েছে। পাকিস্তানের চালানো হামলায় নিরীহ বেসামরিক নাগরিক, শিশু এবং মহিলাদের লক্ষ্যবস্তু করা হয়েছে, যা আন্তর্জাতিক নিয়মের স্পষ্ট লঙ্ঘন।”

    অতীতে যুদ্ধবিরতিতে সম্মত হয়েও পাকিস্তান সেটি ভঙ্গ করেছে বলে দাবি করেন তালেবান সরকারের মুখপাত্র।

    আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা কেবল আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগ করেছি এবং কখনও কাউকে আক্রমণ করিনি। আমরা সর্বদা একটি শান্তিপূর্ণ সমাধানের উপর জোর দিয়েছি, এবং আমরা এখনও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই।”

  11. দুই দেশের সীমান্ত পয়েন্টগুলোর পরিস্থিতি কী?

    আফগানিস্তানের খোস্ত, পাকতিয়া, পাক্তিকা, নানগারহার এবং কুনার প্রদেশে গত রাতের মতো সরাসরি কোনো সংঘর্ষ হয়নি বলে জানিয়েছেন বিবিসির সংবাদদাতা হেফজুল্লাহ মারুফ।

    তবে, “কুনারের কিছু সূত্র জানিয়েছে যে, সীমান্তবর্তী জেলা শুলতান, দাঙ্গাম এবং নারিতে উভয় পক্ষ মাঝে মাঝে একে অপরের দিকে কামানের গোলা নিক্ষেপ করে,” বলেও জানিয়েছেন তিনি।

    বিবিসির এই সংবাদদাতা বলছেন, সংখ্যা নিশ্চিত করে বলা না গেলেও, গত রাতের হামলায় আফগানিস্তানের বেসামরিক নাগরিক এবং তালেবান সৈন্য নিহত ও আহত হয়েছেন।

    নানগারহারেও সরাসরি কোনো লড়াই হয়নি, তবে তোরখাম সীমান্তের কাছে মাঝেমধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এছাড়া তোরখাম সীমান্তের কাছে একটি বড় অস্থায়ী শরণার্থী শিবির রয়েছে, যেখান থেকে যুদ্ধের ভয়ে শরণার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে।

    এছাড়া, পাকিস্তান থেকে তোরখাম হয়ে আফগানিস্তানে প্রবেশকারী শরণার্থীরা সংঘর্ষের ভয়ে তোরখাম থেকে ফিরে গেছেন। প্রতিদিন শত শত পরিবার তোরখাম দিয়ে আফগানিস্তানে ফিরছেন বলেও জানান মি. মারুফ।

    খোস্ত, পাকতিয়া এবং পাক্তিকায় সরাসরি কোনো সংঘর্ষের ঘটনা না ঘটলেও কিছু সূত্র অনুসারে, অন্যান্য প্রদেশের মতো উভয় পক্ষই একে অপরের দিকে গুলি চালাচ্ছে।

    অন্য একটি সূত্রের মতে, পাক্তিকার সারোবি জেলায় আবারও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। যদিও এই হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি তালেবান সরকার।

  12. রমজান মাসে আফগানিস্তান-পাকিস্তানের উত্তেজনায় উদ্বেগ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

    পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ।

    তিনি জানিয়েছেন এই দুই ইসলামিক দেশের মধ্যে চলমান উত্তেজনা বা “সরাসরি যুদ্ধ” কারো স্বার্থের পক্ষেই ভালো নয়।

    প্রসঙ্গত, আফগানিস্তানের বিরুদ্ধে “সরাসরি যুদ্ধ” ঘোষণা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বার্তায় আনোয়ার ইব্রাহিম উল্লেখ করেছেন, “উভয় পক্ষের প্রাণহানি গভীর শোকের কারণ। রমজান মাসে এই যে সহিংসতা ঘটছে, তা পরিস্থিতিকে আরও বেদনাদায়ক করে তুলেছে”।

    তিনি লিখেছেন, মালয়েশিয়া চায় পাকিস্তান এবং আফগানিস্তান দুই দেশই “সর্বোচ্চ স্তরের আত্মনিয়ন্ত্রণ দেখাক এবং অবিলম্বে সমস্ত সামরিক অভিযান বন্ধ করুক”।

    তিনি বলেন যে পাকিস্তানের “নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বৈধ এবং অবশ্যই তার সমাধান করতে হবে। আফগানিস্তানের স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতাকেও সম্মান করতে হবে। এই দুই নীতি একে অপরের বিরোধী নয়। এগুলো কেবল আলোচনার টেবিলেই একমাত্র এর সমাধান করা যেতে পারে”।

    “এই সংঘাতে সমস্ত বেসামরিক নাগরিকের নিরাপত্তার জন্য আমরা প্রার্থনা করছি এবং আশা করছি যে উভয় পক্ষই শান্তি বেছে নেবে এবং নিজেদের সাধারণ জ্ঞান ও প্রজ্ঞা ব্যবহার করবে”।

  13. পাকিস্তানের অভিযোগ বৈধ, তবে আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর

    আফগানিস্তানের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের ধর্ম ভিত্তিক দল জমিয়তে উলেমা-ই-ইসলাম (এফ)-এর প্রধান মাওলানা ফজলুর রহমান।

    তার মতে, সাম্প্রতিক আবহে একতরফা সামরিক অভিযান সমস্যার সমাধান করবে না বরং জটিলতা বাড়িয়ে তুলবে।

    জেইউআই-এফ মিডিয়া সেলের জারি করা এক বিবৃতি অনুযায়ী, মাওলানা ফজলুর রহমান জানিয়েছেন যে, নিরাপত্তার বিষয়ে পাকিস্তানের অভিযোগ বৈধ, তবে আফগানিস্তানের সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ সমস্যার প্রতি শ্রদ্ধাও প্রয়োজন।

    তিনি বলেন, আবেগের বশবর্তী হয়ে আচরণ দুই দেশের জন্যই জটিলতা বাড়িয়ে তুলেছে।

    মি. রহমান বলেন, “দ্বিপাক্ষিক স্বার্থ, একটি নির্ভরযোগ্য নিরাপত্তা কাঠামো এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়মকানুন মেনে চলা উচিত। কূটনৈতিক অভিযান এই সমস্যার স্থায়ী সমাধান খুঁজে পেতে পারে।”

    মাওলানা ফজলুর রহমান দুই দেশকে সংযম, সহনশীলতা এবং দায়িত্বশীল মনোভাব দেখানোর এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

  14. পাকিস্তানের ‘সরাসরি যুদ্ধ’ ঘোষণার অর্থ কী?

    কাবুল এবং আরো দুটি প্রদেশে পাকিস্তানের সেনাবাহিনীর বিমান হামলার পর আফগানিস্তানের বিরুদ্ধে “সরাসরি যুদ্ধ” ঘোষণা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।

    এখন প্রশ্ন হলো, এর অর্থ কী?

    এই প্রসঙ্গে আফগানিস্তান বিষয়ক বিশেষজ্ঞ আমিন সইকাল বিবিসির নিউজডে প্রোগ্রাম-এ বলেছেন, এটি একটি “অত্যন্ত গুরুতর অগ্রগতি” এবং ইসলামাবাদ ইঙ্গিত দিচ্ছে যে তারা আফগান তালেবানদের “শাস্তি” দিতে চায়, যাদের বিরুদ্ধে পাকিস্তানে সাম্প্রতিক হামলার নেপথ্যে থাকা সশস্ত্র গোষ্ঠীকে মদদ দেওয়ার অভিযোগ রয়েছে।

    অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর আরব অ্যান্ড ইসলামিক স্টাডিজের প্রতিষ্ঠাতা সইকাল বলেছেন, “দুই পক্ষই দীর্ঘদিন ধরেই একে অপরের মুখোমুখি অবস্থান করছে। এখন, পাকিস্তানিরা ঘাড়ের দিকে (তীব্রতর অবস্থানে আঘাত বোঝাতে) যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা তালেবানদের পাকিস্তানি তালেবানদের সমর্থন করার জন্য সত্যিই শাস্তি দিতে চায়, যারা গত এক বা দুই বছরে পাকিস্তানি লক্ষ্যবস্তুতে বেশ কয়েকটি আক্রমণ চালিয়েছে এবং প্রচুর মানুষকে হত্যা করেছে।”

    ‘আধুনিক আফগানিস্তান’ শীর্ষক বইয়ের লেখক মি. সইকাল বলেন, “এই উত্তেজনা বৃদ্ধি আফগান জনগণের জন্য বিপর্যয়কর হবে, যারা নিজেরা অর্থনৈতিক সমস্যার সঙ্গে যুদ্ধ করছেন।”

  15. তিনটি স্থানে ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

    পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ বেশ কয়েকটি শহরে হামলা চালানো হয়েছে বলে আফগানিস্তানের তালেবানের পক্ষ থেকে দাবি করা হলেও পাকিস্তান বলছে, ছোট ড্রোন ব্যবহার করে দেশের তিনটি শহরে হামলার চেষ্টা ব্যর্থ করা হয়েছে।

    শুক্রবার বিকেলে এক্সে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “ইসলামাবাদ, নওশেরা ও অ্যাবোটাবাদের সামরিক স্থাপনাগুলোয় বিমান হামলা চালানো হয়েছে”।

    “এই হামলাগুলো সফল হয়েছে” পোস্টটিতে দাবি করা হয়।

    তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান তাদের ভূখণ্ডে যে বিমান হামলা চালিয়েছে, তার জবাব হিসেবেই এসব হামলা করা হয়েছে।

    এ দাবিগুলোর পর পাকিস্তানের তথ্যমন্ত্রী আতা তারার এক্সে তার বার্তায় বলেছেন, আফগান তালেবান অ্যাবোটাবাদ, সোয়াবি ও নওশেরা লক্ষ্য করে ছোট ড্রোন ব্যবহার করে হামলার চেষ্টা চালিয়েছিল, যা পাকিস্তান ব্যর্থ করে দিয়েছে।

    তারার পোস্টে আরও বলেন, “অ্যান্টি-ড্রোন সিস্টেম সব ড্রোন ভূপাতিত করেছে। কোনো প্রাণহানি ঘটেনি”।

    তিনি আরও লেখেন, “এই ঘটনাগুলো আবারও প্রমাণ করে যে আফগান তালেবান সরকারের সঙ্গে পাকিস্তানে সন্ত্রাসবাদের সরাসরি যোগসূত্র রয়েছে”।

    বিবিসির সংবাদদাতা আজিজুল্লাহ খানের তথ্য অনুযায়ী, খাইবার পাখতুনখোয়ার সোয়াবি এলাকায় কর্তৃপক্ষ একটি ছোট ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা নিশ্চিত করেছে।

    বিবিসি উর্দুর খবরে সোয়াবির কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে, ড্রোনটি একটি স্কুলের কাছে বিধ্বস্ত হয় এবং এতে একটি মেয়ে আহত হয়েছে।

    জেলা পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক বলেছেন, ড্রোনটি আবাসিক এলাকার কাছে পড়লেও বড়ধরনের ক্ষতি হয়নি। তিনি বলেন, ওই স্কুলটি সম্ভবত হামলার লক্ষ্য ছিল না।

  16. পাকিস্তানি সামরিক স্থাপনাগুলোকে নিশানার দাবি আফগানিস্তানের তালেবানদের

    পাকিস্তানের ইসলামাবাদের ফৈজাবাদের কাছে একটি সামরিক শিবিরে বোমা হামলা চালিয়েছে বলে দাবি করেছে আফগানিস্তানের তালেবান সরকার।

    এক্স হ্যান্ডেলে তালেবান সরকারের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, তারা পাকিস্তানের নওশেরা, জামরুদ সামরিক উপনিবেশ এবং অ্যাবোটাবাদের সেনা সেনানিবাসেও বিমান হামলা চালিয়েছে।

    “পাকিস্তানি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক অবস্থান, কেন্দ্র এবং স্থাপনা লক্ষ্য করে বিমান অভিযান সফলভাবে পরিচালিত হয়েছে,” বলেও জানিয়েছে তালেবান সরকার।

    প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের তরফে কাবুল, কান্দাহার এবং পাকতিকায় পাকিস্তানি বিমান হামলার জবাবে আক্রমণ চালানো হয়েছে। আফগানিস্তানের এই দাবির প্রেক্ষিতে পাকিস্তান এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

    অন্যদিকে, পাকিস্তানি সেনাবাহিনী একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে কাবুলে হামলার একটি দৃশ্য দেখানো হয়েছে।

    প্রসঙ্গত, দুই পক্ষই একে অপরের উপর চালানো হামলায় ব্যাপক হতাহতের দাবি করেছে। তবে ক্ষতি বা হতাহতের সঠিক তথ্যের বিষয়ে নিশ্চিত হতে পারেনি বিবিসি।

  17. আফগানরা ‘তাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করবে’ - সাবেক রাষ্ট্রপতি কারজাই

    কাবুল, কান্দাহার এবং পাক্তিকায় পাকিস্তানি হামলার প্রতিক্রিয়া জানিয়েছেন আফগানিস্তানের সাবেক রাষ্ট্রপতি হামিদ কারজাই। আফগানিস্তানের রাষ্ট্রপতি হিসাবে ২০০২ থেকে ২০১৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন তিনি।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, “সকল পরিস্থিতিতে আফগানরা পূর্ণ ঐক্যের সঙ্গে তাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করবে এবং সাহসের সাথে আগ্রাসনের জবাব দেবে।”

    তিনি লিখেছেন, পাকিস্তানকে “নিজের নীতি পরিবর্তন করতে হবে এবং আফগানিস্তানের সঙ্গে ভাল প্রতিবেশীর মতো আচরণ করতে হবে এবং শ্রদ্ধা ও সভ্য সম্পর্কের পথ বেছে নিতে হবে।”

    প্রসঙ্গত, ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর থেকে আফগানিস্তানে থাকা কয়েকজন জ্যেষ্ঠ রাজনীতিবিদদের একজন কারজাই একজন হামিদ কারজাই।

  18. তুরস্কের সঙ্গে আলোচনায় পাকিস্তান

    আফগানিস্তানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে আলোচনা করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাকিস্তানের তরফে এক্স হ্যান্ডেলে এই বিষয়ে একটি পোস্ট করা হয়েছে।

    পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসহাক দার ফোনালাপের সময় হাকান ফিদানকে জানিয়েছেন যে, পাকিস্তানি বাহিনী “প্ররোচনা ছাড়া আফগান আগ্রাসনের” জবাব দিয়েছে।

    মন্ত্রণালয় আরও জানিয়েছে, “দুই নেতাই ওই অঞ্ছলের শান্তি ও স্থিতিশীলতার উপর জোর দিয়েছেন এবং ক্রমবর্ধমান উন্নয়নের বিষয়ে সম্মত হয়েছেন।”

    এর আগে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গেও এই বিষয়ে আলোচনা করেছেন।

  19. সংঘাত অবসানের জন্য ‘সংলাপ ও আলোচনার’ আহ্বান চীনের

    আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে “গভীরভাবে উদ্বিগ্ন” চীন। সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দুই পক্ষকে সংলাপ ও আলোচনার মাধ্যমে পার্থক্য ও বিরোধ নিষ্পত্তি” করার আহ্বান জানিয়েছে।

    পাশাপাশি এ-ও জানানো হয়েছে যে, চীন তাদের “নিজস্ব চ্যানেলের মাধ্যমে সংঘাতের মধ্যস্থতার জন্য কাজ করছে। দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা হ্রাস এবং উন্নতির জন্য গঠনমূলক ভূমিকা পালন চালিয়ে যেতে প্রস্তুত” তারা।

    মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, “প্রতিবেশী এবং বন্ধু হিসেবে, চীন এই উত্তেজনার বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং সংঘর্ষের ফলে হতাহতের ঘটনায় দুঃখিত। যেকোনো উত্তেজনা দুই পক্ষের জন্যই ক্ষতির কারণ হবে।”

    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, শত্রুতার অবসান ঘটিয়ে দুই দেশ তাদের জনগণের মৌলিক স্বার্থে এবং এই অঞ্চলকে শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাখতে সাহায্য করতে পারে।

  20. পাকিস্তানি হামলায় পাকতিকায় তিনজন নিহত, জানিয়েছে আফগান টিভি

    আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় একজন নারী এবং দুই স্কুলপড়ুয়া শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তানের জাতীয় টেলিভিশন চ্যানেল।

    ওই টিভির প্রতিবেদনে জানানো হয়েছে, একটি বেসামরিক বাসভবনে বোমা বিস্ফোরণে আরও সাতজন আহত হয়েছেন।

    প্রসঙ্গত, পাকিস্তান ও আফগানিস্তান দুই দেশই একে অপরের উপর হামলার পর হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে দাবি জানিয়েছে। তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি।

Trending Now