বুধবার সারাদিন যা যা হলো
- হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচল আবারও বন্ধ হয়ে গেছে বলে বিভিন্ন ইরানি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলাকে এই জাহাজ চলাচল বন্ধের কারণ হিসেবে উল্লেখ করেছে তারা। এর আগে জাহাজ ট্র্যাকিং সংস্থা মেরিন ট্রাফিক জানায়, হরমুজ প্রণালি দিয়ে “জাহাজ চলাচলের প্রাথমিক লক্ষণ” দেখা যাচ্ছিল।
- লেবাননজুড়ে আজ ইসরায়েলের হামলায় অন্তত ৮৯ জন নিহত এবং ৭০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন। দক্ষিণ লেবাননে নিহতদের মধ্যে ১২ জন চিকিৎসাকর্মী ছিলেন বলেও তিনি জানান।
- ইনকিলাব মঞ্চের মুখপাত্র নিহত ওসমান হাদির হত্যাকারী সন্দেহে গ্রেফতার ব্যক্তিদের প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতে সম্মত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
- বাংলাদেশে বুধবার রাত থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে দেশের আট বিভাগে কালবৈশাখী সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
- ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬’ বিলসহ অন্তর্বর্তী সরকারের পাঁচটি অধ্যাদেশের বিল ত্রয়োদশ জাতীয় সংসদে পাস হয়েছে। সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬ অধ্যাদেশের বিল জাতীয় সংসদে পাস হওয়ার ফলে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে।
- বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগে আরো ১০ জন মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া গত ১৫ই মার্চ থেকে এই পর্যন্ত হাম সন্দেহে মারা গেছে ১৩৮ জন।
- বাংলাদেশে বৃহস্পতিবার রাত থেকে তিন দিন ইন্টারনেটের গতি কম থাকতে পারে।
- সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যেসব দেশ ইরানে অস্ত্র সরবরাহ করবে তাদের ওপর শুল্ক আরোপ করা হবে।
- ট্রুথ সোশ্যালে দেওয়া আরেকটি পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সাথে “ঘনিষ্ঠভাবে কাজ করছে” যুক্তরাষ্ট্র।
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, সংঘাতপূর্ণ বিভিন্ন এলাকায় “অল্প কয়েকটি স্থানে” যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর পাওয়া গেছে।
- হেজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেমকে সতর্ক করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজবলেছেন, এবার "তার পালা” আসছে। লেবাননজুড়ে হেজবুল্লাহর সদর দপ্তরগুলোতে আকস্মিক হামলা চালানোর পর এই মন্তব্য করেন তিনি।
- লেবাননে স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত হওয়ার হামলার মধ্যে “সবচেয়ে বড়” হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। দক্ষিণ লেবাননে বুধবার সকালে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
- লেবাননের প্রধানমন্ত্রী দেশটিতে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধে “লেবাননের সব বন্ধু” দেশও পক্ষের প্রতি “সব ধরনের সম্ভাব্য উপায়ে” সহায়তার আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক বড় পরিসরের বিমান হামলার পর তিনি এই আহ্বান জানান।
- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, গত ৪৭ বছর ধরে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল ইরান, কিন্তু “এখন আর সেটি নেই”। তিনি দাবি করেছেন, “অতিরিক্ত চাপের মুখে” ইরান যুদ্ধবিরতি মেনে নিয়েছে।
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ১৫ দিনের যুদ্ধবিরতিকে একটি ‘ভঙ্গুর শান্তি’ হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
- যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পর বুধবার সকালে নতুন করে ইরানের ড্রোন হামলার শিকার হওয়ার দাবি করেছে কুয়েত।
- ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইরানিরা এখনো ইন্টারনেট ব্যবহারে ব্যাপক বাধার সম্মুখীন হচ্ছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বুধবার পর্যন্ত ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নের ৪০ দিন হলো।
- তেহরানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং পুনর্গঠনের প্রাথমিক কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।
বিবিসি বাংলার লাইভ পাতায় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।