আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

যুক্তরাজ্যসহ অন্যান্য দেশকে হরমুজ প্রণালি থেকে ‘নিজেদের তেল নিজেদেরই সংগ্রহ’ করতে বললেন ট্রাম্প

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বাড়ছে, আর ইরানের সামরিক শক্তি কমছে। এদিকে, ইরান যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে না চাওয়া দেশগুলোর উদ্দেশে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “নিজেদের তেল নিজেই সংগ্রহ করুন!”। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার ৩১শে মার্চের উল্লেখযোগ্য খবর

    • লেবাননে দোসরা মার্চ থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে এক জাহার ২৬৮ জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।
    • যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন বলেছেন, গত ৩০ দিনে ইরানের ১১ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এবং মার্কিন নৌবাহিনী ১৫০টির বেশি জাহাজ ধ্বংস করেছে।
    • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বাড়ছে, আর ইরানের সামরিক শক্তি কমছে।
    • যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংকটের মাঝেও বাংলাদেশে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
    • ট্রুথ সোশালে পোস্টে যুক্তরাজ্যসহ অন্যান্য দেশকে হরমুজ প্রণালি থেকে ‘নিজেদের তেল নিজেদেরই সংগ্রহ’ করতে বলেছেন ডোনাল্ড ট্রাম্প।
    • আরেকটি পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলগামী সামরিক সরঞ্জামে বোঝাই বিমানগুলোকে “ফ্রান্স তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি”।
    • ইরান সরকার জানিয়েছে, মঙ্গলবার মার্কিন ও ইসরায়েলি হামলায় তাদের অন্যতম বৃহৎ ওষুধ উৎপাদনকারী কোম্পানি লক্ষ্যবস্তু হয়েছে, যেখানে অ্যানেস্থেটিক ও ক্যান্সার চিকিৎসার ওষুধ উৎপাদন করা হয়।
    • ইরানি গণমাধ্যম মঙ্গলবার জানিয়েছে, হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের কেশম দ্বীপের একটি লবণাক্ত পানি শোধনাগারে বিমান হামলা চালানো হয়েছে, যার ফলে স্থাপনাটি অচল হয়ে পড়েছে।
    • সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নোঙর করা অবস্থায় হামলার শিকার হয়েছে একটি তেলবাহী ট্যাংকার।
    • যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে গত ২৮শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের কারণে পুরো অঞ্চলজুড়ে প্রাণহানির সংখ্যা ক্রমশ বাড়ছে।
    • সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিটে বৈঠক করেছেন।
    • আজ মঙ্গলবার ৩২ দিন ধরে ইন্টারনেট সেবা বন্ধ ইরানে। দেশটির অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারী টানা ৭৪৪ ঘণ্টারও বেশি সময় ধরে বাইরে পৃথিবীর সাথে বিচ্ছন্ন রয়েছে বলে দাবি করেছে ইন্টারনেট পর্যবেক্ষণ গ্রুপ নেটব্লকস।
    • সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে ক্লিক করুন বিবিসি বাংলার মূল পাতায়...

  2. যুদ্ধ শুরুর পর ২৩৪ শিক্ষার্থী নিহত, দাবি ইরানের রেড ক্রিসেন্টের

    ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২৩৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে।

    সংস্থাটি আরও জানায়, দেশজুড়ে মোট ৩০৭টি চিকিৎসা ও স্বাস্থ্যকেন্দ্র এবং ৭৬০টি স্কুল সরাসরি বা পরোক্ষভাবে হামলার শিকার হয়েছে।

    এছাড়া, এক লাখ ১৩ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৯০ হাজার ৬৩টি আবাসিক ভবন এবং ২২ হাজার ৪২২টি বাণিজ্যিক স্থাপনা রয়েছে।

    রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত এসব স্থাপনার মধ্যে ৪৪ হাজার ৩৯১টি তেহরানেই অবস্থিত।

  3. ইরান যুদ্ধের প্রভাবে দেশে দেশে জ্বালানির দাম বাড়ছে

    বিশ্ববাজারে তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ৭৩ ডলার থেকে বেড়ে আজ প্রায় ১১৭ ডলারে পৌঁছেছে।

    জ্বালানির পাইকারি দাম বেড়ে যাওয়ার কারণে খুচরা বাজারেও জ্বালানির দাম বেড়ে যাচ্ছে, যার প্রভাব গোটা বিশ্বজুড়েই দেখা যাচ্ছে।

    মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর যুক্তরাষ্ট্রে পেট্রোলের গড় দাম এক ডলারের বেশি বেড়ে প্রায় চার ডলার ছাড়িয়েছে, যা গত চার বছরের মধ্যে সর্বপ্রথম।

    যুক্তরাজ্যে পেট্রোলের গড় দাম ১৪ শতাংশ এবং ডিজেলের দাম ২৭ শতাংশ বেড়েছে।

    দক্ষিণ এশিয়ার দেশগুলোর মাঝে শ্রীলঙ্কা ও বাংলাদেশে জ্বালানি রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছে।

    জ্বালানি রেশনিং ব্যবস্থা আরও কিছু দেশে চালু হয়েছে। গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে স্লোভেনিয়া প্রথমবারের মতো এ ব্যবস্থা নেয়।

    অস্ট্রেলিয়ায় বাড়তি দামের চাপ কমাতে তিন মাসের জন্য জ্বালানি শুল্ক অর্ধেক করা হয়েছে। পাশাপাশি, গাড়ির ব্যবহার কমাতে দেশটির দু'টি অঙ্গরাজ্যে সাময়িকভাবে বিনামূল্যে গণপরিবহন চালু করা হয়েছে।

  4. লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ১২৬৮

    লেবাননে দোসরা মার্চ থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে এক জাহার ২৬৮ জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এতে জানানো হয়, এই সময়ের মাঝে মোট আহতের সংখ্যা তিন হাজার ৭৫০ জন।

    যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল বৈরুত ও দক্ষিণ লেবাননে নিয়মিত হামলা চালিয়ে আসছে।

    তাদের দাবি, ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর সাথে সংশ্লিষ্ট অবকাঠামোকে লক্ষ্য করেই এই হামলাগুলো চালানো হচ্ছে।

    অন্যদিকে, ইসরায়েলি স্থলবাহিনী লেবাননে প্রবেশের পর নয়জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।

  5. ইরানে ৩০ দিনে ১১ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা: ড্যান কেইন

    যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন বলেছেন, গত ৩০ দিনে ইরানের ১১ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এবং মার্কিন নৌবাহিনী ১৫০টির বেশি জাহাজ ধ্বংস করেছে।

    তিনি জানান, ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ বেড়ে গেছে বলেই বি-৫২ বোমারু বিমান এখন স্থলভাগের ওপর দিয়ে উড়তে পারছে। আর এ কারণেই যুক্তরাষ্ট্র নতুন নতুন লক্ষ্যবস্তুতে হামলার সুযোগ পাচ্ছে।

    এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ইরানে নেতৃত্বে পরিবর্তন এসেছে এবং নতুন নেতৃত্বকে "আগের চেয়ে বেশি বিচক্ষণ" হওয়া উচিত।

    তিনি সতর্ক করে বলেন, ইরান যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তিতে না আসে, তাহলে যুক্তরাষ্ট্র সেখানে আরও জোরালো সামরিক অভিযান চালাবে।

  6. ইরানের সামরিক বাহিনীর মনোবল ভেঙে গেছে: হেগসেথ

    মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বাড়ছে, আর ইরানের সামরিক শক্তি কমছে।

    ইরান যুদ্ধের সর্বশেষ অবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে আজ তিনি এ কথা বলেন।

    তার মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন সব কাজ করছেন, যা এর আগে অন্য কোনো প্রেসিডেন্ট করার সাহস দেখাননি।

    হেগসেথ আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ইরান সবচেয়ে কম সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

    তিনি দাবি করেন যে দেশটির সামরিক বাহিনীর মনোবল দুর্বল হয়ে পড়ছে। তাই, অনেকে বাহিনী ছেড়ে চলে যাচ্ছে এবং বাহিনীর শীর্ষ নেতাদের মধ্যেও হতাশা কাজ করছে।

  7. এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

    যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংকটের মাঝেও বাংলাদেশে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    বলা হয়েছে, চলতি এপ্রিল মাসেও বর্তমান দামেই বিক্রি হবে জ্বালানি তেল।

    আজ মঙ্গলবার, ৩১শে মার্চ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, "জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)’-এর আলোকে এপ্রিল মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, অকটেনের দাম প্রতি লিটার ১২০ টাকা, পেট্রোলের দাম প্রতি লিটার ১১৬ টাকা, কেরোসিনের দাম প্রতি লিটার ১১২ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।"

  8. ফ্রান্স ‘খুবই অ-সহায়ক’, অভিযোগ ট্রাম্পের

    ট্রুথ সোশালে আরেকটি পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলগামী সামরিক সরঞ্জামে বোঝাই বিমানগুলোকে “ফ্রান্স তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি”।

    তিনি আরও বলেন, ইরানের “কসাই” হিসেবে যাকে বর্ণনা করেছেন এবং যিনি “সফলভাবে নির্মূল” হয়েছেন, তাকে ঘিরে ফ্রান্স “খুবই অ-সহায়ক আচরণ করেছে”।

    পোস্টটি শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বক্তব্য দিয়ে, “যুক্তরাষ্ট্র এটা মনে রাখবে!!!”

  9. ‘নিজেদের তেল নিজেরাই সংগ্রহ করুন!’- ট্রাম্পের পোস্ট

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালির অবরোধের কারণে যারা জ্বালানি পাচ্ছে না, এমন দেশগুলো—“যেমন যুক্তরাজ্য”—তাদের উচিত “সাহস সঞ্চয় করা, প্রণালিতে যাওয়া, এবং যা দরকার নিয়ে নেওয়া”।

    ট্রুথ সোশালে পোস্টে তিনি লিখেছেন, দেশগুলোকে “নিজেদের লড়াই নিজেদেরই করা শিখতে হবে, যুক্তরাষ্ট্র আর সাহায্য করতে সেখানে থাকবে না—যেমন তোমরা আমাদের জন্য ছিলে না”। তিনি সেই দেশগুলোর উদ্দেশে একথা বলেন “যারা ইরানকে শিরশ্ছেদ করার অভিযানে সম্পৃক্ত হতে অস্বীকার করেছে”।

    পোস্টে আরও বলা হয়েছে, “ইরান কার্যত ধ্বংস হয়ে গেছে। কঠিন কাজ শেষ”।

    পোস্টটি শেষ হয়েছে এই বক্তব্য দিয়ে, “নিজেদের তেল নিজেরাই সংগ্রহ করুন!”

  10. ইরানে হামলার শিকার ক্যান্সার ওষুধ উৎপাদনকারী কোম্পানি

    ইরান সরকার জানিয়েছে, মঙ্গলবার মার্কিন ও ইসরায়েলি হামলায় তাদের অন্যতম বৃহৎ ওষুধ উৎপাদনকারী কোম্পানি লক্ষ্যবস্তু হয়েছে, যেখানে অ্যানেস্থেটিক ও ক্যান্সার চিকিৎসার ওষুধ উৎপাদন করা হয়।

    সরকার এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে জানায়, “মঙ্গলবার সকালে বেসামরিক স্থাপনায় মার্কিন ও ইসরায়েলি হামলার সময় ক্যান্সার প্রতিরোধী, অ্যানেস্থেটিক এবং বিশেষায়িত ওষুধ উৎপাদনকারী বৃহত্তম কোম্পানিগুলোর একটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর উৎপাদন লাইনও ক্ষতি গ্রস্ত হয়েছে।”

    সরকার ব্যাখ্যা করে যে কোম্পানিটি সোশ্যাল সিকিউরিটি ইনভেস্টমেন্ট কোম্পানির মালিকানাধীন—যা একটি সরকারি হোল্ডিং কোম্পানি এবং পেনশন তহবিল পরিচালনা করে।

  11. হরমুজ প্রণালির একটি দ্বীপে লবণাক্ত পানির শোধনাগারে হামলা

    ইরানি গণমাধ্যম মঙ্গলবার জানিয়েছে, হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের কেশম দ্বীপের একটি লবণাক্ত পানি শোধনাগারে বিমান হামলা চালানো হয়েছে, যার ফলে স্থাপনাটি অচল হয়ে পড়েছে।

    তবে ঠিক কখন সেখানে হামলা হয় তার সময় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহসেন ফারহাদিকে উদ্ধৃত করে ইরানিয়ান স্টুডেন্ট নিউজ এজেন্সি বা আইএসএনএ জানিয়েছে, “কেশম দ্বীপের একটি লবণাক্ত পানি শোধনাগারে হামলা হয়েছে… এবং এটি এখন সম্পূর্ণরূপে অচল, কারণ স্বল্প সময়ে এর মেরামত সম্ভব নয়।”

    তিনি আরও জানান, এই শোধনাগারটি মেরামতের উপযুক্ত অবস্থা তৈরি না হওয়া পর্যন্ত এলাকাটির পানির চাহিদা ট্যাংকার এবং অন্যান্য শোধনাগারের মাধ্যমে পূরণ করা হবে।

    এদিকে, হরমোজগানের ডেপুটি গভর্নর আহমদ নাফিসি ইরানের মেহর নিউজ এজেন্সিকে বলেন, "যুদ্ধের প্রথম দিকে কেশমের পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা ছাড়া নতুন কোনো হামলা হয়নি।"

  12. দুবাইয়ে হামলার শিকার তেলবাহী ট্যাংকার

    সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নোঙর করা অবস্থায় হামলার শিকার হয়েছে একটি তেলবাহী ট্যাংকার।

    কুয়েতের পতাকাবাহী আল সালমি নামের ট্যাংকারটি দুই মিলিয়ন ব্যারেল তেল বহন করছিল এবং চীনের দিকে যাচ্ছিলো।

    কিন্তু হামলার পর এতে আগুন ধরে যায়।

    দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, এতে কেউ হতাহত হয়নি এবং তেল ছড়িয়ে পড়ার ঘটনাও ঘটেনি।

  13. ইরান যুদ্ধ সম্পর্কে সবশেষ যে চার তথ্য জানা প্রয়োজন

    যুদ্ধ কখন শেষ হবে?

    ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সাথে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ "নিশ্চিতভাবেই অর্ধেকের বেশি পথ অতিক্রম করেছে"।

    তবে, তিনি পরে এটাও স্পষ্ট করেছেন যে, এটি যুদ্ধে লক্ষ্য অর্জনের দিক থেকে বলা হয়েছে, সময়ের দিক থেকে নয়।

    নেতানিয়াহু আরও বলেছেন, এ যুদ্ধে ইরানের রেভল্যুশনারি গার্ডসের 'হাজার হাজার' সদস্য নিহত হয়েছেন এবং তার দেশ ও যুক্তরাষ্ট্র ইরানের 'অস্ত্র সম্ভার ধ্বংস করার দ্বারপ্রান্তে' রয়েছে, যা পুরো স্থাপনাসহ পারমাণবিক কর্মসূচিকে সম্পূর্ণরূপে নির্মূল করে দিচ্ছে।

    অঞ্চলজুড়ে হামলা অব্যাহত

    ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক ঘণ্টা পরই তেহরানে নতুন করে আরেক দফা হামলা চালানো হয়েছে।

    উপসাগরীয় অঞ্চলজুড়েও হামলা অব্যাহত রয়েছে, যার মধ্যে দুবাইও অন্তর্ভুক্ত। সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ড্রোন হামলার পর একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে। তবে এতে তেল ছড়িয়ে পরিবেশগত ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

    হরমুজ প্রণালিতে টোল আরোপের ইরানি পরিকল্পনা

    ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর বা আইআরজিসি'র সঙ্গে সম্পৃক্ত ফার্স নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, ইরানের একটি সংসদীয় কমিটি এ প্রণালিতে যাতায়াতের ওপর টোল বা শুল্ক আরোপের পরিকল্পনা অনুমোদন করেছে।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, এ পরিকল্পনার অধীনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ এবং ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় অংশ নেওয়া অন্যান্য দেশগুলোকে এ প্রণালি দিয়ে চলাচলে বাধা দেওয়া হবে।

    হরমুজ প্রণালি 'যেভাবেই হোক পুনরায় উন্মুক্ত হবে': মার্কো রুবিও

    ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য মতে, ট্রাম্প তার সহযোগীদের বলেছেন যে হরমুজ প্রণালি মূলত বন্ধ থাকলেও তিনি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ করতে আগ্রহী।

    এ মন্তব্যের প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হরমুজ প্রণালি "যেভাবেই হোক বা অন্য কোনো উপায়ে পুনরায় উন্মুক্ত হবেই"।

  14. ইরান যুদ্ধে অঞ্চলজুড়ে প্রাণহানি ক্রমশ বাড়ছে

    যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে গত ২৮শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের কারণে পুরো অঞ্চলজুড়ে প্রাণহানির সংখ্যা ক্রমশ বাড়ছে।

    ইরান: যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস ইন ইরান এইচআরএএনএ বলছে, এখন পর্যন্ত ইরানে তিন হাজার ৪৯২ জন নিহত হয়েছেন। নিহতদের মাঝে এক হাজার ৫৭৪ জনই বেসামরিক, যার মাঝে অন্ত ২৩৬ জন আবার শিশু।

    ইসরায়েল: দেশটির জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডাম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। এছাড়া, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে লেবাননে নয়জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

    লেবানন: দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এক হাজার ২৪৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১২৪ জন শিশু।

    উপসাগরীয় অঞ্চল: এখন পর্যন্ত অন্তত ২৪ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নিরাপত্তা কর্মী বা বিদেশি শ্রমিক। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ১১ জন, কুয়েতে সাত জন এবং ওমান, সৌদি আরব ও বাহরাইনে দুই জন করে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

  15. সিরিয়ার প্রেসিডেন্ট ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বৈঠক

    সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিটে বৈঠক করছেন।

    এর আগে আহমেদ আল শারা গতকাল বার্লিনে গিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গে সাক্ষাৎ করেন।

  16. ৩২ দিন ধরে ইন্টারনেট সেবা বন্ধ ইরানে

    আজ মঙ্গলবার ৩২ দিন ধরে ইন্টারনেট সেবা বন্ধ ইরানে।

    দেশটির অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারী টানা ৭৪৪ ঘণ্টারও বেশি সময় ধরে বাইরে পৃথিবীর সাথে বিচ্ছন্ন রয়েছে বলে দাবি করেছে ইন্টারনেট পর্যবেক্ষণ গ্রুপ নেটব্লকস।

    তবে, ইরানের কিছু সরকারি কর্মকর্তা, সরকারপন্থী ব্যবহারকারী ও সাংবাদিকদের পূর্ণ ইন্টারনেট সুবিধা রয়েছে। যদিও সাধারণ মানুষের বেশিরভাগই ইন্টারনেট সেবা থেকে বিচ্ছিন্ন।

    আবার কেউ কেউ স্টারলিংক-এর মতো স্যাটেলাইট ইন্টারনেটের সাথে যুক্ত হতে পারলেও এ প্রক্রিয়াটি আসলেই অত্যন্ত ব্যয়বহুল।

    সেইসাথে, ইরানে স্টারলিংক ব্যবহার করা বা রাখা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এজন্য সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

    ইরানি কর্তৃপক্ষ স্টারলিংকের মতো স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারকারীদেরকে শণাক্ত করার চেষ্টা করছে।

  17. বিস্ফোরণের শব্দ দুবাইতে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়

    সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

    দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

    হামলা শুরুর সাথে সাথেই মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠিয়ে সবাইকে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

    একই ধরনের সতর্কবার্তা অন্যান্য উপসাগরীয় দেশেও পাঠানো হয়। সাধারণত রাতে এগুলো বেশি হয়।

    সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা জানিয়েছেন, অধিকাংশ হামলাই প্রতিরোধ করতে পারছে তারা।

  18. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর

    • ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ছয় হাজারের বেশি মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে।
    • যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, ব্রিটিশ বাহিনী ইরানের ভূখণ্ডে প্রবেশ করবে না। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ-ও বলেন, “এই যুদ্ধ আমাদের না, আমরা এতে জড়াবো না।”
    • লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ'র অবকাঠামো লক্ষ্য করে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি হামলাও চলছে।
    • যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নেভি সিলস, আর্মি রেঞ্জার্সসহ শত শত বিশেষ বাহিনীর সদস্য এখন মধ্যপ্রাচ্যে অবস্থান করছে বলে জানিয়েছে বিবিসি'র মার্কিন অংশীদার সিবিএস নিউজ।
    • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, বৈরুতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা শেইবানি রউফ লেবানন ছাড়ছেন না এবং সেখানেই তিনি তার দায়িত্ব পালন করে যাবেন।
    • লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার পরের কিছু ছবি সামনে এসেছে, যেখানে শহরজুড়ে ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।
    • হরমুজ প্রণালি পরিচালনা ও টোল আদায়ের জন্য 'নতুন ব্যবস্থা' চালুর কথা ভাবছে ইরান।
    • ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শিল্পাঞ্চলে আঘাত হেনেছে।
    • ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবাননের রাজধানী বৈরুতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ'র অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করেছে।
    • ইরাক জানিয়েছে যে, বাগদাদের একটি বিমান ঘাঁটিতে রকেট হামলায় তাদের বিমান বাহিনীর একটি আন্তোনভ আন-১৩২ বিমান ধ্বংস হয়েছে।
    • সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করে প্রতিহত করা হয়েছে।
    • ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তানসিরির মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বিপ্লবী গার্ড।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে তার দাবির কাছে নতি স্বীকারের পথে ইরান এবং দ্রুতই দেশটির সাথে একটি সমঝোতা হতে পারে।
    • বাংলাদেশের জাতীয় সংসদে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে কোনো রকম মব কালচার আর থাকবে না।
  19. বিবিসি বাংলা'র লাইভ

    বিবিসি বাংলা'র লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলা'র এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে

Trending Now