রোববার ২৯শে মার্চের উল্লেখযোগ্য খবর
- সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় বিধ্বস্ত মার্কিন বিমানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যার সত্যতা বিবিসি নিশ্চিত করেছে।
- ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে একটি শিল্প এলাকায় আগুন ধরেছে, খবর দিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।
- ইরানের সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালির পূর্ব দিকে একটি ‘সফল অভিযানের’ মাধ্যমে তারা একটি এমকিউ-৯ ড্রোন ধ্বংস করেছে।
- ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ইরাকের 'সুপ্রিম ইসলামিক কাউন্সিলের' স্পিকারের কাছে একটি ব্যক্তিগত বার্তা পাঠিয়েছেন। এই বার্তায় আর্থিক সহায়তা এবং সংহতি সমাবেশের মাধ্যমে ইরাকি জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা।
- যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবং ইরান যুদ্ধবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, শিকাগো, ভার্জিনিয়া, মিনেসোটা, লুইসভিল, ন্যাশভিলসহ বড় শহরগুলোতে এটি 'নো কিংস' র্যালি নামে আয়োজিত হচ্ছে। অতীতে এই একই নামে এ ধরনের সমাবেশ হয়েছে, যেখানে এর আগে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটেছিল।
- যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, “তারা প্রকাশ্যে আলোচনার কথা বললেও গোপনে স্থল অভিযানের পরিকল্পনা করছে।”
- তেহরানে অবস্থিত কাতারি সংবাদমাধ্যম 'আল আরাবি টিভি'র কার্যালয় একটি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে বলে রোববার ভোরে নিশ্চিত করা হয়েছে।
- ইরানের ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে নিজেদের জলসীমার নিরাপত্তা বাড়াতে রাতে সব ধরনের নৌ-চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে বাহরাইন।
- ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জর্ডানে পৌঁছেছেন। তার এই ঝটিকা মধ্যপ্রাচ্য সফরের সর্বশেষ গন্তব্য এটি।
- ইরানের হুমকির পর অনলাইন শিক্ষা ব্যবস্থায় যাওয়ার ঘোষণা দিয়েছে আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত।
- দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শনিবার দায়িত্ব পালনকালে তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সকালে তাদের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরের একটি কবরস্থানে শত শত মানুষ উপস্থিত হন।
- ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর(আইআরজিসি) জানিয়েছে, তারা আজ ইসরায়েলের বিরুদ্ধে ধারাবাহিক হামলা চালিয়েছে।
- নয় ঘণ্টা জ্বালানি তেলের জন্য অপেক্ষা করেও না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে পাম্প ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যার অভিযোগে চালক সুজাত আলীকে আটক করেছে র্যাব। রোববার এক সংবাদ সম্মেলন করে র্যাব-৬ যশোরে ওই ট্রাক চালককে আটকের খবর জানিয়েছে।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...























