আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ইরানের হামলায় সৌদি আরবের বিমান ঘাঁটিতে বিধ্বস্ত মার্কিন বিমানের ছবি সামাজিক মাধ্যমে

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানি হামলায় একটি বিধ্বস্ত মার্কিন বিমানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যার সত্যতা বিবিসি নিশ্চিত করেছে। এদিকে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবং ইরান যুদ্ধবিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমেরিকা জুড়ে 'নো কিংস' বিক্ষোভে লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন।

সরাসরি কভারেজ

  1. রোববার ২৯শে মার্চের উল্লেখযোগ্য খবর

    • সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় বিধ্বস্ত মার্কিন বিমানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যার সত্যতা বিবিসি নিশ্চিত করেছে।
    • ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে একটি শিল্প এলাকায় আগুন ধরেছে, খবর দিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।
    • ইরানের সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালির পূর্ব দিকে একটি ‘সফল অভিযানের’ মাধ্যমে তারা একটি এমকিউ-৯ ড্রোন ধ্বংস করেছে।
    • ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ইরাকের 'সুপ্রিম ইসলামিক কাউন্সিলের' স্পিকারের কাছে একটি ব্যক্তিগত বার্তা পাঠিয়েছেন। এই বার্তায় আর্থিক সহায়তা এবং সংহতি সমাবেশের মাধ্যমে ইরাকি জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা।
    • যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবং ইরান যুদ্ধবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, শিকাগো, ভার্জিনিয়া, মিনেসোটা, লুইসভিল, ন্যাশভিলসহ বড় শহরগুলোতে এটি 'নো কিংস' র‍্যালি নামে আয়োজিত হচ্ছে। অতীতে এই একই নামে এ ধরনের সমাবেশ হয়েছে, যেখানে এর আগে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটেছিল।
    • যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, “তারা প্রকাশ্যে আলোচনার কথা বললেও গোপনে স্থল অভিযানের পরিকল্পনা করছে।”
    • তেহরানে অবস্থিত কাতারি সংবাদমাধ্যম 'আল আরাবি টিভি'র কার্যালয় একটি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে বলে রোববার ভোরে নিশ্চিত করা হয়েছে।
    • ইরানের ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে নিজেদের জলসীমার নিরাপত্তা বাড়াতে রাতে সব ধরনের নৌ-চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে বাহরাইন।
    • ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জর্ডানে পৌঁছেছেন। তার এই ঝটিকা মধ্যপ্রাচ্য সফরের সর্বশেষ গন্তব্য এটি।
    • ইরানের হুমকির পর অনলাইন শিক্ষা ব্যবস্থায় যাওয়ার ঘোষণা দিয়েছে আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত।
    • দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শনিবার দায়িত্ব পালনকালে তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সকালে তাদের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরের একটি কবরস্থানে শত শত মানুষ উপস্থিত হন।
    • ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর(আইআরজিসি) জানিয়েছে, তারা আজ ইসরায়েলের বিরুদ্ধে ধারাবাহিক হামলা চালিয়েছে।
    • নয় ঘণ্টা জ্বালানি তেলের জন্য অপেক্ষা করেও না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে পাম্প ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যার অভিযোগে চালক সুজাত আলীকে আটক করেছে র‍্যাব। রোববার এক সংবাদ সম্মেলন করে র‌্যাব-৬ যশোরে ওই ট্রাক চালককে আটকের খবর জানিয়েছে।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...

  2. হরমুজ প্রণালির পূর্ব দিকে ছোড়া ড্রোন প্রতিহত’ করার দাবি ইরানি বাহিনীর

    ইরানের সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালির পূর্ব দিকে একটি ‘সফল অভিযানের’ মাধ্যমে তারা একটি এমকিউ-৯ ড্রোন ধ্বংস করেছে।

    ওই বিবৃতিতে বলা হয়েছে, দেশটির ‘সমন্বিত যৌথ বিমান প্রতিরক্ষা সদর দপ্তরের’ গোলায় এ নিয়ে ধ্বংস হওয়া ড্রোনের সংখ্যা ১৩৮ এ পৌঁছাল।

  3. ইরাকের সুপ্রিম ইসলামিক কাউন্সিলের স্পিকারকে মোজতবা খামেনির ব্যক্তিগত বার্তা

    ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ইরাকের 'সুপ্রিম ইসলামিক কাউন্সিল' দলের প্রধানের কাছে একটি ব্যক্তিগত বার্তা পাঠিয়েছেন।

    ইরানি সংবাদমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

    ওই খবর অনুযায়ী, বাগদাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ কাজেম আল-সাদেক এক বৈঠকে এই বার্তাটি সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান হাম্মাম হামুদির কাছে পৌঁছে দেন।

    বৈঠকে ইরানি রাষ্ট্রদূত ইরানের সাথে ইসরায়েল ও মার্কিন যুদ্ধ ইস্যুতে নাজাফের 'শীর্ষ ধর্মীয় কর্তৃপক্ষ' বা মারজাদের সাহসী ও স্পষ্ট অবস্থানের প্রশংসা করেন।

    পাশাপাশি, আর্থিক সহায়তা এবং সংহতি সমাবেশের মাধ্যমে ইরাকি জনগণ ইরানের প্রতি যে অভূতপূর্ব সমর্থন দেখিয়েছেন, সেজন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা।

  4. তেহরানে আল আরাবি নেটওয়ার্কের কার্যালয়ে হামলার তীব্র নিন্দা

    তেহরানে অবস্থিত কাতারি সংবাদমাধ্যম 'আল আরাবি টিভি'র কার্যালয় একটি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে বলে রোববার ভোরে নিশ্চিত করা হয়েছে।

    এক বিবৃতিতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, "আমরা একটি বেসামরিক বাণিজ্যিক ভবনে এই হামলার তীব্র নিন্দা জানাই। সাংবাদিকদের জীবন বিপন্ন করা বা তাদের লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।"

    ইরানি রেড ক্রিসেন্টের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, এই হামলায় ১০ জন আহত হয়েছেন।

    ক্ষেপণাস্ত্রটি আসলে কারা নিক্ষেপ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

    বিবিসির ফ্যাক্ট-চেকিং দল এই হামলার বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের কাছে মন্তব্য জানতে চেয়েছে।

    এদিকে, সংবাদমাধ্যমটির কার্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ার বেশ কিছু ছবিও প্রকাশিত হয়েছে।

  5. নিজেদের জলসীমায় রাতে চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে বাহরাইন

    ইরানের ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে নিজেদের জলসীমার নিরাপত্তা বাড়াতে রাতে সব ধরনের নৌ-চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে বাহরাইন।

    বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা থেকে ভোর চারটা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

    বিবৃতিতে বলা হয়, "নৌ-চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাহরাইনের উপকূলে ইরানের সরাসরি আগ্রাসন মোকাবেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

    গত মাসে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পারস্য উপসাগরীয় যে দেশগুলো বারবার ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে, বাহরাইন তাদের মধ্যে অন্যতম।

  6. মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে জর্ডানে জেলেনস্কি, আলোচনা হবে 'নিরাপত্তা' নিয়ে

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জর্ডানে পৌঁছেছেন কিছুক্ষণ আগে। তার এই ঝটিকা মধ্যপ্রাচ্য সফরের সর্বশেষ গন্তব্য এটি।

    বিমানবন্দরের রানওয়েতে জর্ডানের কর্মকর্তাদের সাথে কুশল বিনিময়ের একটি ভিডিও শেয়ার করে জেলেনস্কি জানান, আজ তার কাছে "নিরাপত্তাই সবচেয়ে বেশি অগ্রাধিকার"।

    তিনি আরও বলেন, সামনে বেশ কিছু "গুরুত্বপূর্ণ বৈঠক" রয়েছে।

    উপসাগরীয় এই অঞ্চলে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে জেলেনস্কি বর্তমানে এ সফর করছেন। এর আগে তিনি কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন।

    ইতোমধ্যে ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা এবং প্রযুক্তি বিনিময়ের বিষয়ে তিনি সৌদি আরব ও কাতারের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন।

  7. ইরানের হামলায় সৌদি আরবের বিমান ঘাঁটিতে মার্কিন বিমান ধ্বংস

    সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে একটি বিধ্বস্ত মার্কিন এডব্লিউএসিএস বিমানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যার সত্যতা বিবিসি নিশ্চিত করেছে।

    দুই দিন আগেই এই ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

    পরবর্তীতে তারা এই বিশেষ বিমান এবং বেশ কয়েকটি জ্বালানি সরবরাহকারী বিমান ধ্বংস করার ঘোষণা দেয়।

    ছড়িয়ে পড়া ছবিগুলোতে বিধ্বস্ত বিমানটির নম্বর পরিষ্কার দেখা যাচ্ছে।

    বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে ১৬টি সচল “বোয়িং এ-৩ সেন্ট্রি” বা এডব্লিউএসিএস বিমান রয়েছে, যা এই হামলার ফলে কমে ১৫টি হবে।

    বিমানটির ফ্লাইটের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, হামলার আগে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অন্তত ছয়টি এডব্লিউএসিএস বিমান মোতায়েন ছিল।

    তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

  8. ইরানের হুমকির পর অনলাইন শিক্ষা ব্যবস্থায় যাচ্ছে বৈরুতভিত্তিক আমেরিকান বিশ্ববিদ্যালয়

    ইরানের হুমকির পর অনলাইন শিক্ষা ব্যবস্থায় যাওয়ার ঘোষণা দিয়েছে আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত।

    শনিবার তেহরান ও ইসফাহানের বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে ইসরায়েলি ও আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে।

    আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত এর প্রেসিডেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, “আপনাদের অনেকের মতোই, আমরাও আজ ভোরে এই অঞ্চলের আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে জারি করা হুমকির কথা জানতে পেরেছি।”

    বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে “সরাসরি হুমকির কোনো প্রমাণ নেই”, কিন্তু “অতিরিক্ত সতর্কতার কারণে” এটি সোমবার ও মঙ্গলবার সম্পূর্ণ অনলাইনে পরিচালিত হবে।

  9. ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে শিল্প এলাকায় আগুন, খবর ইসরায়েলি গণমাধ্যমের

    ইসরায়েলের দক্ষিণে নেগেভ মরুভূমিতে একটি শিল্প এলাকায় আগুন লেগেছে বলে খবর প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম।

    ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান, চ্যানেল ১২ এবং টাইমস অফ ইসরায়েল এমন ফুটেজ শেয়ার করেছে।

    এই ফুটেজে দেখা যাচ্ছে, বীরশেবা শহরের দক্ষিণে অবস্থিত নে'ওত হোভাব শিল্প কমপ্লেক্স থেকে ঘন কালো ধোঁয়া উড়ছে।

    তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যমগুলো।

    সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের স্প্লিন্টারের প্রভাবে এই ঘটনা হতে পারে।

    এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ঘোষণা করেছিল, তারা ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য কাজ করছে।

  10. নড়াইলে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে হত্যার অভিযোগে ট্রাক চালক আটক

    সন্ধ্যা ছয়টা থেকে রাত দুইটা পর্যন্ত নয় ঘণ্টা জ্বালানি তেলের জন্য অপেক্ষা করেও না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে পাম্প ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যার অভিযোগে চালক সুজাত আলীকে আটক করেছে র‍্যাব।

    রোববার এক সংবাদ সম্মেলন করে র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স ওই ট্রাক চালককে আটকের খবর জানিয়েছেন।

    সংবাদ সম্মেলনে বলা হয়, রোববার দুপুরে যশোরের বাঘারপাড়া উপজেলার কিসমত মাহমুদপর এলাকা থেকে চালক সুজাত আলীকে আটক করা হয়।

    আটক সুজাত আলী নড়াইল সদর উপজেলার পেড়লী গ্রামের মৃত ছাইদুর রহমানের ছেলে।

    এর আগে, দুপুরে ওই ট্রাকটি বেনাপোল পৌর ট্রাক টার্মিনাল থেকে জব্দ করেছে নাভারণ হাইওয়ে পুলিশ।

    শনিবার রাত দুইটার দিকে জ্বালানি তেল না পেয়ে বাগবিতণ্ডার পর নড়াইলে তুলারামপুর এলাকায় তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদকে ট্রাকচাপায় হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।

  11. ইসরায়েলি হামলায় নিহত তিন সাংবাদিকের অন্ত্যেষ্টিক্রিয়ায় শত শত মানুষ

    দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শনিবার দায়িত্ব পালনকালে তিনজন সাংবাদিক নিহত হয়েছেন।

    রোববার স্থানীয় সময় সকালে তাদের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরের একটি কবরস্থানে শত শত মানুষ উপস্থিত হন।

    নিহত তিনজন হলেন, আলী শোয়েব, ফাতিমা ফেতোনি এবং মোহাম্মদ ফেতোনি।

    হেজবুল্লাহর সহযোগী লেবানিজ টেলিভিশন স্টেশন আল মানারের একজন সুপরিচিত রিপোর্টার ছিলেন আলী শোয়েব।

    ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ তাকে হেজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্সের গোয়েন্দা ইউনিটের একজন “সন্ত্রাসী” হিসেবে আখ্যায়িত করেছে।

    কিন্তু তিনি সংগঠনটিতে কোনো সামরিক ভূমিকা পালন করেছিলেন এমন দাবির সমর্থনে কোনো প্রমাণ দেয়নি আইডিএফ।

    ফেতোনি পরিবারের দুই সাংবাদিকের হত্যাকাণ্ডের বিষয়ে আইডিএফ কোনো মন্তব্য করেনি।

    ফাতিমা ফেতোনি আল-মায়াদিন চ্যানেলের একজন সংবাদদাতা ছিলেন এবং তার ভাই মোহাম্মদ ফেতোনি একজন ক্যামেরাম্যান হিসেবে কাজ করতেন।

    লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন সাংবাদিক হত্যার এ ঘটনাকে একটি 'প্রকাশ্য অপরাধ’ হিসেবে নিন্দা করেছেন, যা 'আন্তর্জাতিক আইনের সবচেয়ে মৌলিক নিয়মগুলো লঙ্ঘন করেছে'।

  12. ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকা জুড়ে বিক্ষোভ

    যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবং ইরান যুদ্ধবিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, শিকাগো, ভার্জিনিয়া, মিনেসোটা, লুইসভিল, ন্যাশভিলসহ বড় শহরগুলোতে এটি 'নো কিংস' র‍্যালি নামে আয়োজিত হচ্ছে। অতীতে এই একই নামে এ ধরনের সমাবেশ হয়েছে, যেখানে এর আগে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটেছিল।

    আয়োজকেরা বলছেন, তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেওয়া বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছেন, যার মধ্যে রয়েছে ইরানের সাথে যুদ্ধ, ফেডারেল অভিবাসন আইন প্রয়োগ এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়।

    আয়োজকরা বলেছেন, "ট্রাম্প একজন স্বৈরাচারী হিসেবে আমাদের ওপর কর্তৃত্ব করতে চান। কিন্তু এটা আমেরিকা, আর ক্ষমতার মালিক জনগণ - রাজা হতে চাওয়া কোন ব্যক্তি কিংবা তাদের ধনকুবের বন্ধুদের হাতে ক্ষমতা থাকে না এখানে।"

    এদিকে, হোয়াইট হাউজের একজন মুখপাত্র এই প্রতিবাদকে 'ট্রাম্প ডিরেঞ্জমেন্ট থেরাপি সেশন' অর্থাৎ মানসিক বিকারগ্রস্থ মানুষের থেরাপি সেশন বলে অভিহিত করেছেন, এবং বলেছেন, একমাত্র সাংবাদিকরাই এ বিষয়টি নিয়ে আগ্রহী, 'যাদেরকে সংবাদ প্রচারের জন্য টাকা দেওয়া হয়'।

  13. ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ কে?

    ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক বার্তায় বলেছেন, ইরানি বাহিনী “মার্কিন সেনাদের স্থলপথে আসার অপেক্ষায় আছে যাতে তাদের ওপর আগুনের বৃষ্টি নামিয়ে দেওয়া যায়।”

    গালিবাফ একজন রক্ষণশীল ইরানি রাজনীতিবিদ, যার সামরিক বাহিনীতে থাকার ইতিহাস রয়েছে। তিনি ২০২০ সালের মে মাস থেকে ইরানের পার্লামেন্ট স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন।

    ১৯৬১ সালে জন্ম নেওয়া ইরানি এই নেতা ১৯৮০ সালে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীতে (আইআরজিসি)যোগ দেন।

    ইরান-ইরাক যুদ্ধের সময় তিনি এই বাহিনীর অন্যতম কমান্ডার হয়ে ওঠেন।

    গালিবাফ চারবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যর্থ হয়েছেন।

    ২০০৫ সালের নির্বাচনে চতুর্থ, ২০১৩ সালে দ্বিতীয়, ২০১৭ সালে নির্বাচনের আগে প্রার্থিতা প্রত্যাহার করেন এবং ২০২৪ সালের আগাম নির্বাচনে তৃতীয় হন মি. গালিবাফ।

    তিনি একজন পেশাদার পাইলট।

    ১৯৯৭ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি আইআরজিসির বিমান বাহিনীর কমান্ডার এবং ২০০০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত ইরানের পুলিশ বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

    তেহরানের মেয়র থাকাকালীন দুর্নীতির কেলেঙ্কারি ধামাচাপা দিতে মি. গালিবাফ আইআরজিসির পদমর্যাদা ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে।

    কিছু অসমর্থিত সূত্রে জানা গেছে, ট্রাম্প প্রশাসন মি. গালিবাফকে ইরানের একজন সম্ভাব্য অংশীদার এবং এমনকি ভবিষ্যতের নেতা হিসেবে বিবেচনা করেছিল।

  14. জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে:ইরানি সেনাবাহিনী

    ‘ডেনা’ জাহাজ ডুবিয়ে দেওয়ার প্রতিশোধ নিতে জর্ডানে অবস্থিত “একটি মার্কিন সামরিক ঘাঁটিতে” ড্রোন হামলার কথা জানিয়েছে ইরানি সামরিক বাহিনী।

    ইরানি নৌবাহিনীর কমান্ডার এডমিরাল শাহরাম ইরানি সতর্ক করে বলেছেন, “আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী গ্রুপটি আমাদের নাগালে আসামাত্রই উপকূল থেকে সাগরে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আমরা ডেনার শহীদদের রক্তের প্রতিশোধ নেব।”

    এর আগেও, ইরান দাবি করেছিল, তারা আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে লক্ষ্যবস্তু করেছে এবং সেটিকে অবস্থান পরিবর্তন করতে বাধ্য করেছে।

  15. ইসরায়েলের বিরুদ্ধে ধারাবাহিক হামলা চালিয়েছে ইরান

    ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর(আইআরজিসি) জানিয়েছে, তারা আজ ইসরায়েলের বিরুদ্ধে ধারাবাহিক হামলা চালিয়েছে।

    ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে আইআরজিসি জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় নিহত লেবানিজ সাংবাদিকদের স্মরণে এই অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে।

    ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সকাল জুড়ে ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছিল।

    যেসব এলাকা এই হামলায় ক্ষতিগ্রস্ত সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে এবং হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

  16. ‘ইয়েমেনি জলসীমা এড়িয়ে চলুন’: ইইউ সামুদ্রিক নিরাপত্তা সংস্থার সতর্কতা

    ইউরোপীয় ইউনিয়নের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা, যেকোন পণ্যবাহী জাহাজকে ইয়েমেনের জলসীমায় প্রবেশ না করার জন্য সতর্ক করেছে।

    কারণ, ইরান সমর্থিত হুথিরা বিশেষ করে লোহিত সাগর ও এডেন উপসাগরে 'বাণিজ্যিক জাহাজের ওপর হামলা' পুনরায় শুরু করতে পারে।

    শনিবার ইসরায়েলে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং ভবিষ্যতে আরও হামলার হুমকির প্রেক্ষিতে এ সতর্কতা জারি করা হলো।

    বিবিসির প্রধান আন্তর্জাতিক সংবাদদাতা লিজ ডুসেট জানিয়েছেন, উত্তর-পশ্চিম ইয়েমেন নিয়ন্ত্রণকারী হুথিরা এখনো পর্যন্ত তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রটি ব্যবহার করেনি।

    সেটি হলো - বাব আল-মান্দাব প্রণালি, যা মূলতঃ লোহিত সাগরকে বিশ্ব বাণিজ্যের সাথে সংযুক্ত করেছে।

    হুথিরা এখনো পর্যন্ত এ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেয়নি।

    ইউরোপীয় ইউনিয়নের নেভাল ফোর্স অ্যাসপাইডস জানিয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সাথে সম্পৃক্ত বাণিজ্যিক জাহাজগুলোর উচিত 'বিপদ না কমা পর্যন্ত' ইয়েমেনের জলসীমা এড়িয়ে চলা।

    শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি স্বার্থের সাথে যুক্ত জাহাজগুলোর জন্য হুমকির মাত্রা “উচ্চ”।

    অন্যদিকে, ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত নয় এমন জাহাজের জন্য হুমকির মাত্রা “মাঝারি” ধরা হয়েছে।

    উল্লেখ্য যে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা।

  17. নতুন ধাপে ৮৬ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হামলা শুরু: বিপ্লবী গার্ডস কোর

    ইসলামী বিপ্লবী গার্ডস কোর আইআরজিসির জনসংযোগ বিভাগ নতুন ধাপের অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে।

    আইআরজিসি জানিয়েছে, এ পর্যায়ে ৮৬টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে।

    এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, “সানডে ডন বা রোববার ভোর” নামক এই বহুমুখী অভিযানে ইরাকের ভিক্টোরিয়া, কুয়েতের আরিফজান এবং সৌদি আরবের আল খার্জের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালানো হয়েছে।

    মার্কিন বাহিনীর 'আকাশপথ ও ড্রোন পরিচালনার অবকাঠামো এবং অস্ত্রভাণ্ডার'-এ হামলা করাই এই অভিযানের লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

    বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, আরদ, নেগেভ, তেল আভিভ, এরবিল, এবং বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর এবং আবুধাবির আল ধাফরাসহ বিভিন্ন এলাকায় মার্কিন ও ইসরায়েলি বাহিনীর 'গোপন আস্তানা' লক্ষ্য করে এ অভিযানে হামলা চালানো হয়েছে।

  18. আলোচনার কথা বললেও গোপনে স্থল অভিযানের পরিকল্পনা করছে শত্রুরা: ইরানের স্পিকার

    যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, “তারা প্রকাশ্যে আলোচনার কথা বললেও গোপনে স্থল অভিযানের পরিকল্পনা করছে।”

    যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান যুদ্ধ শুরুর ৩০তম দিনে নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় মি. গালিবাফ বলেছেন, “মার্কিন সৈন্যদের স্থলপথে আসার অপেক্ষায় আছে আমাদের যোদ্ধারা। যেন তাদের ওপর হামলা করা যায় এবং তাদের আঞ্চলিক সহযোগীদের চিরতরে শাস্তি দেওয়া যায়।”

    ওই বার্তায় ইরানের স্পিকার ওয়াশিংটনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কথা উল্লেখ করেছেন।

    তিনি বলেন, “আমেরিকা তাদের ইচ্ছার কথা বলছে। তারা যুদ্ধে অর্জন করতে পারেনি এমন ১৫ দফার একটি তালিকা প্রকাশ করে কূটনীতির মাধ্যমে তা আদায় করতে চাইছে।”

    এদিকে, ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে কয়েক সপ্তাহব্যাপী একটি স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

    তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই অভিযানে শেষ পর্যন্ত অনুমোদন দেবেন কী-না, তা এখনও স্পষ্ট নয় বলেও উল্লেখ করা হয় রিপোর্টে।

  19. ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন

    ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

    এ লক্ষ্যে শনিবার আরো কয়েক হাজার সেনা পৌঁছেছে ওই এলাকায়।

    তবে, প্রেসিডেন্ট ট্রাম্প এ পরিকল্পনায় অনুমোদন দেবেন কী-না, তা এখনও স্পষ্ট নয় বলে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড শনিবার জানিয়েছে, যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’ পারস্য উপসাগরীয় অঞ্চলে পৌঁছেছে। এটি একটি উভচর যুদ্ধজাহাজ, অর্থাৎ এটি জল এবং স্থল উভয় জায়গায় চলার উপযোগী।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে সেন্টকম জানিয়েছে, এই জাহাজটি প্রায় তিন হাজার ৫০০ নাবিক ও মেরিন সেনার একটি ইউনিটের নেতৃত্ব দিচ্ছে।

    এর সাথে প্রয়োজনীয় পরিবহন এবং যুদ্ধবিমানও রয়েছে।

  20. জ্বালানি সাশ্রয়ের জন্য মিসরে রাত নয়টায় দোকান ও রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সংরক্ষণ করার জন্য মিসরে রাত নয়টায় দোকান, রেস্তোরাঁ এবং শপিং সেন্টার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

    ছবিতে দেখা যাচ্ছে, নতুন নিয়ম কার্যকর হওয়ার পর কায়রোর রাস্তাঘাট অন্ধকারে ডুবে গেছে।

    মিসরীয় সরকারের চালু করা এই 'বিশেষ ব্যবস্থায়' রাস্তার বাতি এবং রাস্তার পাশের বিজ্ঞাপন ম্লান করারও নির্দেশ দেওয়া হয়েছে।

Trending Now