আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন তারেক রহমান

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদ ভবনের খোলা মাঠে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ গ্রহণ করেছেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠানে দেশ-বিদেশের অতিথিরাও অংশ নিয়েছেন। অন্যদিকে সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় সেদেশে রমজান মাস শুরু হয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার সারাদিন যা যা হলো

    • বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। নতুন সরকারের মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছে ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। দলের বৈঠকে সংসদ নেতা নির্বাচিত হয়েছেন তারেক রহমান।
    • ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, উপনেতা দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং বিরোধীদলীয় চিফ হুইপ করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলামকে।
    • প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
    • সকালের দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা।
    • নতুন সরকার শপথ নেওয়ার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
    • সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নির্বাচিত সংসদ সদস্য সহ স্বতন্ত্র সদস্যরাও।
    • গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং ঘোষিত ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে।
    • সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দেশটিতে বুধবার থেকেই রমজান শুরু হচ্ছে। বাংলাদেশে বুধবার চাঁদ দেখা কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে বাংলাদেশে রমজান শুরু হবে।
    • বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।
    • নতুন সরকারের শপথ উপলক্ষে বাংলাদেশে সফররত ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনা উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক মন্ত্রী আহসান ইকবাল চৌধুরী, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ড. নালিন্দা জয়াতিষা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. জামায়াত আমিরের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

    বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি।

    মঙ্গলবার বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের এক পর্যায়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

    এ সময় জামায়াতে ইসলামীর আমিরকে তার নতুন ভূমিকার জন্য শুভেচ্ছা জানান ভারতের পররাষ্ট্র সচিব। একই সাথে বাংলাদেশের প্রতি ভারতের দীর্ঘস্থায়ী সমর্থনের কথাও তুলে ধরেন।

    দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও এগিয়ে নিতে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ডা. শফিকুর রহমান।

  3. মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বুধবার বিকাল ৩টায়

    বাংলাদেশের নবগঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বুধবার বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে। এদিন প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে অফিস করবেন বলে জানা গেছে।

    বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এর বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা বা বাসস জানিয়েছে, প্রথম কার্যদিবসে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তারেক রহমান।

    তিনি জানান, বুধবার সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তারেক রহমান। সেখান থেকে ফিরে বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি অফিস করবেন।

    সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা শেষে সচিবালয়ে দুপুর তিনটায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

  4. তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বাংলাদেশের নতুন সরকারের প্রতি বেইজিংয়ের সমর্থনও পুনর্ব্যক্ত করেছেন তিনি।

    মঙ্গলবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা।

    এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নতুন সরকারের শপথ উপলক্ষে বাংলাদেশে সফররত বিভিন্ন দেশের নেতারাও।

    মি. রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক মন্ত্রী আহসান ইকবাল চৌধুরী, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ড. নালিন্দা জয়াতিষা।

  5. অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে বলে জানিয়েছে বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিভাগ।

    মঙ্গলবার একটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন হিসাবে তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন রাষ্ট্রপতি এবং তার নেতৃত্বে নতুন সরকার গঠনে সম্মতি দিয়েছেন।

    নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে বলে গণ্য হবে।

  6. তারেক রহমানকে প্রধানমন্ত্রী ঘোষণা করে গেজেট প্রকাশ

    তারেক রহমানকে প্রধানমন্ত্রী ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে।

    সেখানে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী রাষ্ট্রপতি অদ্য মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬, জনাব তারেক রহমানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী পদে নিয়োগদান করেছেন।

    রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

  7. তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সাথে তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

    মঙ্গলবার নরেন্দ্র মোদী-র পক্ষ থেকে পাঠানো এই সংক্রান্ত একটি ব্যক্তিগত চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে হস্তান্তর করেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা।

    বাংলাদেশে ভারতীয় দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে উল্লেখ করা হয়েছে, “প্রধানমন্ত্রী তারেক রহমান-কে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন এবং তার সুবিধাজনক নিকটতম সময়ে ভারত সফর করার জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছেন।”

    ভারতের পক্ষ থেকে অভিনন্দন জানানোর পাশাপাশি দুই প্রতিবেশী দেশের মধ্যে স্থায়ী অংশীদারিত্বকে আরও গভীর করার বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছে বলেও জানানো হয়েছে।

  8. মন্ত্রিপরিষদে নেই বিএনপির যে শীর্ষ নেতারা

    নতুন মন্ত্রিপরিষদ অথবা মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন বিএনপির বেশিরভাগ শীর্ষ নেতা।

    তবে এখনও মন্ত্রিপরিষদে কোনো দায়িত্ব দেওয়া হয়নি দলটির স্থায়ী কমিটির আলোচিত চারজন সদস্যকে। তারা হলেন- ড. খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, সেলিমা রহমান এবং গয়েশ্বর চন্দ্র রায়।

    এর মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন এমন গুঞ্জন রয়েছে বিভিন্ন মাধ্যমে। জাতীয় সংসদের স্পিকার কে হচ্ছেন এটি নিয়েও নানা আলোচনা চলছে।

    বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ছয় নেতা মঙ্গলবার মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। এছাড়া মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং নজরুল ইসলাম খান।

  9. ব্রেকিং, সৌদি আরবে চাঁদ দেখা গেছে, কাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু

    সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দেশটিতে বুধবার থেকেই রমজান শুরু হচ্ছে।

    বাংলাদেশে আগামীকাল বুধবার চাঁদ দেখা কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে বাংলাদেশে রমজান শুরু হবে।

  10. মির্জা আব্বাস, রিজভী, নজরুল ইসলাম খানকে উপদেষ্টা নিয়োগ

    বিএনপির শীর্ষ কয়েকজন নেতার মন্ত্রিপরিষদে নাম না থাকা নিয়ে আলোচনার মধ্যেই তাদের কয়েকজনকে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

    মঙ্গলবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    মন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মোঃ ইসমাইল জবিউল্লাহ ও ডঃ রাশেদ আল মাহমুদ তিতুমীর।

    এছাড়া প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসাবে নিয়োগ পেয়েছেন হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামসুল ইসলাম, ডাঃ জাহেদুর রহমান, ডঃ মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদ।

  11. মন্ত্রিসভায় খলিলুর রহমানের যোগদান ‘ইঞ্জিনিয়ারিং’ এর প্রমাণ: নাহিদ ইসলাম

    নতুন সরকারের মন্ত্রিসভায় খলিলুর রহমানের যোগ দেওয়ার মধ্য দিয়ে সংবিধান সংস্কারের বিষয়টি নিয়ে যে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে সেটি জাতির সামনে উঠে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।

    মঙ্গলবার জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার পর এসব কথা বলেছেন তিনি।

    মি. ইসলাম বলেন, সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ার মধ্য দিয়ে, সরকার গঠনের প্রথম দিনেই প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে।

    “এটা কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ করাই নয়, এর মধ্য দিয়ে আইনি সংকট এবং জটিলতা তৈরি করেছে,” বলেও মন্তব্য করেন তিনি।

    সংবিধান সংস্কার আদেশে সই করে গণভোটে অংশ নিলেও এখন বিএনপি যে ব্যাখ্যা দিচ্ছে সেটি গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।

    এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার দায়িত্বে থাকা খলিলুর রহমানের বিএনপি সরকারে যোগদান নৈতিক নয় বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

  12. সংসদে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, হুইপ নাহিদ ইসলাম

    ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, উপনেতা দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং বিরোধীদলীয় চিফ হুইপ করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলামকে।

    মঙ্গলবার সন্ধ্যায় বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

    তিনি জানান, সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এর আগে বেলা সাড়ে ১২টার দিকে জামায়াত, এনসিপি এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা শপথ নেন। জাতীয় সংসদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদেরও শপথ নেন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যরা।

  13. ২০ বছর পর যেভাবে ক্ষমতায় এলো বিএনপি

    ২০০৬ সালের অক্টোবরে ক্ষমতা থেকে বিদায়ের প্রায় দুই দশক পর আবারও ভোটের মাধ্যমে বাংলাদেশের সরকার গঠন করলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি।

    এর আগে সর্বশেষ বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারে ছিল ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত। সেই সরকারের অন্যতম অংশীদার এবং দলটির দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এবার বসছে বিরোধী দলের আসনে।

    এবারই প্রথম দলের নির্বাচনী লড়াইয়ের নেতৃত্ব দিলেন তারেক রহমান। তার নেতৃত্বেই সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে জয় পেয়েছে দলটি।

    দীর্ঘদিন লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকার পর গত ২৫শে ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। নির্বাচনের মাত্র মাসখানেক আগে মায়ের মৃত্যুর পর দলটির চেয়ারম্যান হিসেবে অভিষিক্ত হয়েছিলেন তিনি।

    এর আগে ২০০১ সালের নির্বাচনে ক্ষমতায় আসা বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের শেষ দিকে ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন-এই ইস্যুতে রাজনৈতিক সংকট তুঙ্গে উঠেছিল।

    সেই সরকারের সময়েই ২০০৭ সালে মার্চে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে আটক হয়েছিলেন তারেক রহমান।

    তখন আঠারো মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের সেপ্টেম্বরে মুক্তি পেয়ে সপরিবারে লন্ডনে চলে গিয়েছিলেন তিনি।

    খালেদা জিয়া ২০১৮ সালে একটি দুর্নীতি মামলায় কারাদণ্ডে দণ্ডিত হবার পর লন্ডনে থেকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করেন মি. রহমান।

  14. মন্ত্রিসভার নতুন সদস্যরা যা বলছেন

    দুর্নীতির লাগাম টেনে ধরে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সমন্বিতভাবে কাজ করার কথা জানালেন মন্ত্রিসভার নতুন সদস্যরা।

    মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মন্ত্রিসভার সদস্যদের অনেকে।

    বাংলাদেশের সাধারণ মানুষকে অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার কথা জানান মন্ত্রিসভার সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

    তিনি বলেন, “রাজনীতিকে ডেমোক্রাটাইজেশন করলে হবে না অর্থনীতিকেও গণতন্ত্রায়ন করতে হবে।”

    এছাড়া বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনতে যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন তার সবই নিতে চান নতুন এই মন্ত্রী।

    দুর্নীতির লাগাম টেনে ধরতে চান মন্ত্রিসভার নতুন সদস্য গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি। তিনি বলেন, শহীদের আকাঙ্খা পূরণ করাই এই সরকারের প্রধান চ্যালেঞ্জ।

    শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলাসহ সব খাতে সরকারের নির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের কথা জানান প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া বিএনপি নেতা শামা ওবায়েদ।

  15. নতুন মন্ত্রিসভায় জায়গা পেলেন যারা:

    নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন:

    • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    • আমির খসরু মাহমুদ চৌধুরী
    • সালাহউদ্দিন আহমদ
    • ইকবাল হাসান মাহমুদ
    • হাফিজ উদ্দিন আহমেদ
    • এ জেড এম জাহিদ হোসেন
    • আব্দুল আউয়াল মিন্টু
    • কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
    • মিজানুর রহমান মিনু
    • নিতাই রায় চৌধুরী
    • খন্দকার আব্দুল মুক্তাদির
    • আরিফুল হক চৌধুরী
    • জহির উদ্দিন স্বপন
    • মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
    • আফরোজা খানম রিতা
    • আসাদুল হাবিব দুলু
    • মোঃ আসাদুজ্জামান
    • জাকারিয়া তাহের
    • দীপেন দেওয়ান
    • সরদার সাখাওয়াত হোসেন বকুল
    • আ ন ম এহসানুল হক মিলন
    • মোহাম্মদ আমিন উর রশীদ
    • খলিলুর রহমান (টেকনোক্র্যাট)
    • ফকির মাহবুব আনাম
    • শেখ রবিউল আলম

    প্রতিমন্ত্রী হিসাবে যারা শপথ নিয়েছেন:

    • এম রশিদুজ্জামান মিল্লাত
    • অনিন্দ্য ইসলাম অমিত
    • মোঃ শরীফুল আলম
    • শামা ওবায়েদ ইসলাম
    • সুলতান সালাউদ্দিন টুকু
    • কায়সার কামাল
    • ফরহাদ হোসেন আজাদ
    • মোঃ আমিনুল হক (টেকনোক্ৰ্যাট)
    • মোঃ নূরুল হক নূর
    • ইয়াসের খান চৌধুরী
    • এম ইকবাল হোসেন
    • এম এ মুহিত
    • আহম্মদ সোহেল মঞ্জুর
    • ববি হাজ্জাজ
    • আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম
    • মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
    • হাবিবুর রশিদ
    • মোঃ রাজিব আহসান
    • মোঃ আব্দুল বারী
    • মীর শাহে আলম
    • মোঃ জুনায়েদ আব্দুর রহিম সাকি
    • ইশরাক হোসেন
    • ফারজানা শারমীন
    • শেখ ফরিদুল ইসলাম
  16. গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

    গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং ঘোষিত ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে।

    মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটকারি আইনজীবী নিজেই বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    এই রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব এবং আইন সচিবকে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলেও জানিয়েছেন মি. তৌহিদ।

    ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের ফলাফলে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। দেশজুড়ে অনুষ্ঠিত এই গণভোটে মোট প্রদত্ত ভোটের হার ৬০ দশমিক ২৬ শতাংশ বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

    নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন চার কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ভোটার। অন্যদিকে, বিপক্ষে অর্থাৎ ‘না’ ভোট দিয়েছেন দুই কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন।

  17. 'প্রধানমন্ত্রী পুত্র' থেকে যেভাবে প্রধানমন্ত্রী হয়ে উঠলেন তারেক রহমান

    বাংলাদেশে ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে আটক হয়েছিলেন তারেক রহমান। এরপর আঠারো মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের সেপ্টেম্বরে মুক্তি পেয়ে সপরিবারে লন্ডনে চলে গিয়েছিলেন তিনি।

    এর প্রায় সতের বছর পর তিনি ঢাকায় ফিরে এসেছেন গত ২৫শে ডিসেম্বর।

    এরপর খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ার মধ্যেই মি. রহমান ঢাকায় ফেরেন ২৫শে ডিসেম্বর এবং এর মাধ্যমেই আঠারো মাস কারাগার ও সতেরো বছর বিদেশে কাটানোর পর সশরীরে আবার বাংলাদেশের রাজনীতির মাঠে প্রত্যাবর্তন ঘটে তারেক রহমানের।

    তারেক রহমানের নেতৃত্বে সংসদ নির্বাচনে বিএনপি দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করেছে। নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান।

    তারেক রহমানকে নিয়ে বিবিসি বাংলার প্রতিবেদন পড়তে এখানে ক্লিক করুন

  18. নতুন সরকারের প্রতিমন্ত্রী হলেন যারা

    বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে ২৪ জন শপথ নিয়েছেন।

    মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শপথের পর মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

    নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে ২৩ জনের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব। এসময় নুরুল হক নুরের নাম ঘোষণা করা না হলেও শপথ মঞ্চে তাকে শপথ নিতে দেখা গেছে।

    প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন- এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশীদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলাম, জোনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এবং নুরুল হক নুর।

  19. শপথগ্রহণ অনুষ্ঠানের ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ

    বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদ ভবনের দক্ষিণ প্লাজার খোলা আকাশের নীচে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও বিদেশি অতিথিরা।

    বিবিসি সংবাদদাতারা জানিয়েছেন, খোলা আকাশের নীচে গরমে অনেকে অস্বস্তিতে পড়েছিলেন। অতিথিদের অনেককে ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

    এমনকি অনুষ্ঠানস্থলে যথাযথভাবে পানির ব্যবস্থাও ছিল না বলে অনেকে অভিযোগ করেছেন।

  20. শপথ নিলেন নতুন মন্ত্রিসভার সদস্যরা

    শপথ নিয়েছেন বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা।

    মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের শপথ অনুষ্ঠানে তাদেরকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

    এসময় নবনির্বাচিত সংসদ সদস্য, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

    উপস্থিত ছিলেন ভারত, পাকিস্তান, নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নেতারাও।

Trending Now