আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, 'আমরা কেবল শত্রুর পরিপূর্ণ আত্মসমর্পণের কথা ভাবছি'- ইরানের বিপ্লবী গার্ডের বিবৃতি

ইরান ও লেবাননে আরো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েল। অন্যদিকে ইরান জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা করেছে। হরমুজ প্রণালীর কাছে মার্কিন বাহিনী ইরানের ১৬টি মাইন পাতা জাহাজ ধ্বংস করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। দিনের প্রধান খবরগুলো জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. আমরা কেবল শত্রুর পরিপূর্ণ আত্মসমর্পণের কথা ভাবছি, ইরানের বিপ্লবী গার্ডের বিবৃতি

    ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা হামলার ৩৮তম ধাপ শুরু করেছে।

    “কুয়েতের আদিরি হেলিকপ্টার ঘাঁটিতে দুইটি শক্তিশালী ও যুগপৎ ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে, এতে আহত একশো জন ব্যক্তিকে দেশটির আল জাবের এবং আল মুবারাক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে” বলে আইআরজিসির বিবৃতিতে জানানো হয়েছে।

    বিউরিং ঘাঁটি আগে আদিরি নামে পরিচিত ছিল এবং এটি কুয়েতের উত্তরাঞ্চলে অবস্থিত।

    বিবৃতিতে আইআরজিসি আরো জানিয়েছে, তারা বাহরাইনের “মিনা সালমান বন্দরে অবস্থিত আমেরিকান ঘাঁটিতে” ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

    এছাড়াও বিবৃতিতে বলা হয়, "কুয়েতের দুইটি নৌঘাঁটি ‘মোহাম্মদ আল আহমদ’ ও ‘আলী আল সালেম’ এ অবস্থিত ক্যাম্প প্যাট্রিয়ট এবং মার্কিন সন্ত্রাসী সেনাদের আবাসন ও সরঞ্জাম রাখার গুদামগুলোতেও ভয়াবহভাবে হামলা” করা হয়েছে।

    “আমরা কেবল শত্রুর সম্পূর্ণ পরাজয় শিকারের কথা ভাবছি। আমরা তখনই এই লড়াই শেষ করব যখন দেশ থেকে যুদ্ধের ছায়া অপসারিত হবে”- এমন ঘোষণা দিয়ে বিবৃতিটি শেষ করেছে আইআরজিসি।

  2. দেশগুলো তাদের ‘রিজার্ভ’ করে রাখা তেল ছেড়ে দিতে পারে, এর অর্থ কী?

    জি-৭ ভুক্ত দেশগুলো জানিয়েছে, ইরান যুদ্ধের কারণে তেলের বাজারে অস্থিরতা বজায় থাকায় তারা ‘স্ট্র্যাটেটিক রিজার্ভ' বা কৌশলগত মজুত থেকে বাজারে তেল ছাড়ার বিষয়টিকে সমর্থন করে।

    কিন্তু এই স্ট্র্যাটেজিক তেলের মজুত কোথায় থাকে এবং এটা ছাড়লে কী পরিবর্তন হতে পারে?

    বিশ্বব্যাপী তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার পরিস্থিতি মোকাবিলার জন্য ইন্টারন্যাশনাল এনার্জি অ্যাসোসিয়েশনের (আইইএ) সদস্য সব দেশেরই ৯০ দিনের জন্য তেল মজুত করে রাখা বাধ্যতামূলক।

    তবে এই তেল নির্দিষ্ট কোনো জিওগ্রাফিক লোকেশন বা ভৌগোলিক পরিমণ্ডলে রাখা হয় না।

    যেমন যুক্তরাজ্যের ক্ষেত্রে শেল বা বিপির মতো উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বিভিন্ন টার্মিনাল ও শোধনাগারে এই তেল মজুদ করে রাখে এবং অন্য কোথাও মজুত করে রাখা তেলকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে।

    মজুত থেকে তেল ছাড়ার অর্থ এটা নয় যে, বাজারে হঠাৎ করে তেলের বন্যা বয়ে যাবে বা পরিমাণ বেড়ে যাবে।

    বরং এর মাধ্যমে উৎপাদনকারীরা শোধনাগারগুলোর জন্য বাজারে আরো বেশি তেল সহজলভ্য করে দেয়।

    তবে জ্বালানি বিশেষজ্ঞরা বিবিসিকে জানিয়েছেন, যেহেতু তেল শোধনের সক্ষমতায় ঘাটতি রয়েছে তাই এই মজুদ তেল ছেড়ে দেওয়া মানেই পেট্রোল বা জেট ফুয়েলের মতো পরিশোধিত পণ্যের সরবরাহ বাড়ানোর কোনো ‘ম্যাজিক সুইচ’ নয়।

    তাছাড়া, প্রায় ১২০ কোটি ব্যারেলের মজুদের মধ্য থেকে কয়েকশ কোটি ব্যারেল ছেড়ে দেওয়ার মতো পদক্ষেপ বারবার নেওয়া সম্ভব না।

    তাই এই তেল ছাড়ার বিষয়ে “প্রস্তুত থাকা” বা “নীতিগতভাবে সম্মত হওয়া”, আসলে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়ার আগেই বাজারকে আশ্বস্ত করার একটি কৌশল মাত্র।

    তেলের এই মজুত ছাড়ার বিষয়টি আসলে একটি সংকেত, যার মাধ্যমে সরকারগুলো বোঝাতে চায়, তারা পরিস্থিতি সম্পর্কে সচেতন এবং সমন্বিতভাবে কাজ করছে।

    সংক্ষেপে বলা যেতে পারে, এর ফলে তেলের দাম হয়তো কমবে না, তবে দাম আরও অনেক বেশি বেড়ে যাওয়া ঠেকানো সম্ভব হতে পারে।

  3. ঢাকায় বিড়াল হত্যার দায়ে একজনের ছয় মাসের কারাদণ্ড

    ঢাকার মোহাম্মদপুরে পোষা বিড়াল হত্যার ঘটনায় করা মামলায় একজন ব্যক্তির ছয় মাসের কারাদণ্ড এবং দশ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

    অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের কারাভোগ করতে হবে।

    বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের এ রায় ঘোষণা করেন। বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এ খবর প্রকাশ করেছে।

    দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আকবর হোসেন শিবলু।

    মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৫ সালের পহেলা ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলায় বসবাসকারী মনসুর নামের একজনের পোষা বিড়াল হারিয়ে যায়।

    পরে ভবনের সিসিটিভি ফুটেজে বিড়ালটিকে হত্যা করতে দেখা যায় মি. শিবলুকে। তিনি মনসুরের প্রতিবেশী।

    এ ঘটনায় ২০২৫ সালের পাঁচ ফেব্রুয়ারি বিড়াল হত্যার অভিযোগ এনে আদালতে মামলার আবেদন করেন পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী।

    একই বছরের ১৪ই জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে চারজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

  4. বৈরুত ও ইরানে আবারও হামলা শুরু করেছে ইসরায়েল

    ইরানের বিরুদ্ধে “ব্যাপক পরিসরে” হামলার কথা ঘোষণা করেছে ইসরায়েল। একইসাথে বৈরুতেও হামলা শুরু করা হয়েছে।

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা হেজবুল্লাহ এবং ইরানের সরকারের কাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে।

  5. হরমুজ প্রণালীর কাছে হামলার শিকার থাই জাহাজের নাবিকদের উদ্ধার করা হচ্ছে: থাই নৌবাহিনী

    হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় থাই পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলার পর জরুরি সহায়তা দিয়েছে থাইল্যান্ডের নৌবাহিনী।

    এক বিবৃতিতে রয়াল থাই নৌবাহিনী জানিয়েছে, জাহাজটিতে ২৩ জন থাই নাবিক ছিলেন।

    থাই কর্তৃপক্ষ জানিয়েছে, ওমানের নৌবাহিনী ২০ জন ক্রু সদস্যকে উদ্ধার করেছে এবং বাকি তিনজনকে “উদ্ধারের প্রক্রিয়া চলছে”।

    থাই নৌবাহিনী জানিয়েছে, কর্মকর্তারা আনুমানিক ১১টার দিকে এই ঘটনার প্রাথমিক প্রতিবেদন পেয়েছেন। কিন্তু সময় ও এলাকা নিশ্চিত করা হয়নি।

    তারা জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের খালিফা বন্দর থেকে কয়েক ঘণ্টা আগে জাহাজটি ছেড়ে যাওয়ার পরই হামলার শিকার হয়েছিল।

    হামলার কারণ এখনো তদন্তাধীন বলে জানানো হয়েছে এই বিবৃতিতে।

  6. ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার ১২ই মার্চ থেকে শুরু হচ্ছে।

    এদিন সকাল ১১টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন।

    রাষ্ট্রপতির এই ভাষণ মন্ত্রিসভা অনুমোদন করবে এবং পরে সংসদ সদস্যরা তা নিয়ে আলোচনা করবেন। এটি ২০২৬ সালেরও প্রথম অধিবেশন।

    সংসদীয় রীতির সাথে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি প্রতি বছর সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন।

    এর আগে, গত ২৩ শে ফেব্রুয়ারি রাষ্ট্রপতি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন।

  7. বিরোধীদলীয় নেতার চিঠি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য

    বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ২২শে ফেব্রুয়ারি বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীকে লেখা একটি চিঠি ইলেকট্রনিক মাধ্যমে পাঠান ড. মোহাম্মদ মাহমুদুল হাসান। পরবর্তীতে তিনি একই চিঠি সরাসরি পররাষ্ট্রমন্ত্রীর কাছেও হস্তান্তর করেন।

    মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, চিঠিটি বিরোধীদলীয় নেতার জাতীয় সংসদের প্যাডে লেখা ছিল। এতে মোহাম্মদ মাহমুদুল হাসানকে ‘বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা’ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা বা মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়।

    পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, চিঠিতে বিরোধীদলীয় নেতা মি. হাসানের "দক্ষতা, পেশাদারিত্ব ও বিচক্ষণতার প্রশংসা করেন" এবং দেশের "পররাষ্ট্রনীতি এগিয়ে নিতে" তাকে ওই পদে নিয়োগ দেওয়ার বিষয়টি "বিশেষভাবে বিবেচনার জন্য পররাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ জানান"। চিঠির নিচে শুধু বিরোধীদলীয় নেতার স্বাক্ষর রয়েছে বলেও জানায় মন্ত্রণালয়।

    বিরোধী দলীয় নেতা লিখিত সম্মতি দিলে চিঠিটির পূর্ণ পাঠ জনসমক্ষে প্রকাশ করতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।

    বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলছে, একটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, জামায়াতের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করে জানানো হয় যে চিঠির বিষয়ে জামায়াত আমির অবগত ছিলেন না।

    "পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানাচ্ছে যে, এ ধরনের কোনো ফোনালাপ সংঘটিত হয়নি"- বলা হয় বিবৃতিতে।

  8. মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকে ১৩টি জাহাজে হামলা: ইউকেএমটিও

    ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন্স বা ইউকেএমটিও জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে মধ্যপ্রাচ্য অঞ্চলে ১৩টি জাহাজে হামলার খবর পেয়েছে তারা।

    সংস্থাটি বলছে, সন্দেহজনক কর্মকাণ্ডের আরও চারটি রিপোর্ট পাওয়া গেছে। আরব উপসাগর, হরমুজ প্রণালী ও ওমান উপসাগরের ভেতরে ও আশেপাশে চলাচলকারী জাহাজগুলোতে হামলা সংক্রান্ত মোট ঘটনা ১৭-তে দাঁড়িয়েছে।

    আজ সকালে তিনটি বাণিজ্যিক জাহাজে পৃথকভাবে ‘অজানা প্রকৃতির ক্ষেপণাস্ত্র” আঘাত হানার রিপোর্টের পর এই তথ্য হালনাগাদ করা হয়। এর মধ্যে একটি জাহাজ ওমানের উত্তরে আঘাতপ্রাপ্ত হওয়ার পর তার ক্রুরা জাহাজ ছাড়তে বাধ্য হন।

  9. তারেক রহমানকে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষমতা দিয়েছেন বিএনপির এমপিরা

    প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ানম্যান তারেক রহমানকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্ধারণের ক্ষমতা দিয়েছে সরকারদলীয় সংসদীয় কমিটি।

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে বিএনপির ভেরিফায়েড ফেসবুুক পেজে এই তথ্য জানানো হয়েছে।

  10. মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি ব্যাংকে হামলার হুমকি ইরানের, ঘোনচে হাবিবিয়াজাদ, সিনিয়র রিপোর্টার, বিবিসি নিউজ ফার্সি

    ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড বা খাতাম আল–আনবিয়ার একজন মুখপাত্র হুমকি দিয়েছেন যে, ইরানে একটি ব্যাংক লক্ষ্যবস্তু হওয়ার প্রতিক্রিয়ায় দেশটি ওই অঞ্চলের ইসরায়েলি ও মার্কিন ব্যাংকগুলোকে টার্গেট করবে।

    ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, ইব্রাহিম জোলফাঘারি সতর্ক করে বলেছেন, “এই অঞ্চলের মানুষদের ব্যাংকগুলোর এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা উচিত নয়”।

    জোলফাঘারি বলেন, “শত্রু আমাদের মার্কিন ও ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র এবং ব্যাংকগুলোকে লক্ষ্যকরার স্বাধীনতা দিয়েছে”।

    ইরানের রাষ্ট্রীয় নিউজ চ্যানেল আরও জানিয়েছে, তেহরানে রাষ্ট্রীয় মালিকানাধীন সেপাহ ব্যাংকের একটি ভবন হামলার লক্ষ্য হয়েছে।

    মঙ্গলবার ইরানের গণমাধ্যমে জানানো হয়েছিল, সেপাহ ও আরেকটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক মেল্লির সেবা কিছুটা বিঘ্নিত হয়েছিল।

    বিবিসি অ্যারাবিক ইরানের নিউজ চ্যানেল ‘খবর’ এর বরাত দিয়ে জানিয়েছে, তেহরানের একটি ব্যাংকের কর্মীরা গত রাতে এক বিমান হামলায় নিহত হয়েছেন।

    চ্যানেলটির তথ্যমতে, “বেতন বিতরণের প্রস্তুতির জন্য ওই কর্মীরা বিশেষ শিফটে কাজ করছিলেন”।

  11. প্রথম সংসদ অধিবেশনের আগে সরকার দলীয় ও বিরোধী দলীয় সভা

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার সকাল ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লকে সরকার দলীয় সংসদ সদস্যগণের সাথে বৈঠক করেন। এই বৈঠকে সরকার দলীয় সংসদ সদস্যরা অংশ নেন।

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সভাপতিত্বে সংসদ ভবনের বিরোধী দলীয় নেতার কক্ষে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের নিয়েও বৈঠক হয় আজ।

    কীভাবে সংসদ কার্যক্রম পরিচালনা করা হবে, বৈঠকে তারা সেসব আলোচনা করেছেন।

    উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার এবং সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে যে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার কে হতে যাচ্ছেন।

    সাধারণত ক্ষমতাসীন দল থেকেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবে। তবে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি।

    জামায়াতে ইসলাম সেই প্রস্তাব গ্রহণ করবে কিনা, সে বিষয়ে এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি।

    বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, "আমরা একটি সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সিদ্ধান্তটা কী, সেটা খোলাসা হবে তখন, যখন আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে আলোচনা হবে।"

    এ প্রসঙ্গে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন যে প্রধানমন্ত্রী অত্যন্ত উদারতা দেখিয়ে বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদ দেওয়ার প্রস্তাব দিলেও এ বিষয়ে তারা এখনো কোনো ‘পজেটিভ রেসপন্স’ পাননি। পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

  12. ‘আহত’ হলেও ‘নিরাপদ’ আছেন মোজতবা খামেনি, ইরানের প্রেসিডেন্টের ছেলের দাবি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন—এমন খবরে তিনি ‘নিরাপদ’ আছেন বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ইউসুফ পেজেশকিয়ান।

    টেলিগ্রামে তিনি লিখেছেন, তিনি ‘শুনেছেন’ সর্বোচ্চ নেতা আহত হয়েছেন।

    “আমি কয়েকজন বন্ধুর সঙ্গে কথা বলেছি, যাদের সংশ্লিষ্ট যোগাযোগ রয়েছে। তারা বলেছেন, আল্লাহর কৃপায় তিনি নিরাপদ আছেনএবং কোনো সমস্যা নেই,” তিনি বলেন।

    সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগের পর থেকে মোজতবা খামেনি কোনো বিবৃতি দেননি বা প্রকাশ্যে উপস্থিত হননি।

  13. জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জামিন পেয়েছেন বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর।

    আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

    এ নিয়ে তার বিরুদ্ধে থাকা দু'টি মামলায় জামিন পেলেন।

    সে ক্ষেত্রে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী তাসলিমা জাহান পপি।

    আনিস আলমগীরের গ্রেফতার নিয়ে জানতে পড়ুন...

  14. দেনা ফ্রিগেটে নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ

    শ্রীলঙ্কার কাছে যুক্তরাষ্ট্রের সাবমেরিনের আঘাতে ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ থেকে উদ্ধার করা ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কার একটি আদালত।

    গত চৌঠা মার্চ সকালে একটি মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় দেনা ফ্রিগেট ডুবে যায়।

    শ্রীলঙ্কা তখন জাহাজটির ৩২ জন নাবিককে উদ্ধার করতে সক্ষম হয়।

    ইরানের সামরিক বাহিনীর ওয়েবসাইট গতকাল জানিয়েছে, দেনা জাহাজে নিহত ১০৪ জন নাবিকের মধ্যে ৮৪ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে এবং সেগুলো শীঘ্রই ইরানে ফেরত পাঠানো হবে।

    প্রতিবেদন অনুযায়ী, শ্রীলঙ্কার ডুবুরিরা চেষ্টা করেও জাহাজের বাকি ২০ নাবিকের কোনো হদিস পায়নি।

    ইরানের সেনাবাহিনী তাদেরকে “অমর” বলে উল্লেখ করেছে।

    ইরানে যুদ্ধ শুরুর প্রায় দুই সপ্তাহ আগে ফেব্রুয়ারিতে দিনা ফ্রিগেট ভারতে আয়োজিত আন্তর্জাতিক মহড়া 'গ্লোবাল ফ্লিট রিভিউ ২০২৬'-এ অংশ নিয়েছিল।

    ভারতের সাবেক পররাষ্ট্রসচিব কানওয়াল সিবাল এক্সে লিখেছেন, “আমরা যদি তাদেরকে সামরিক মহড়ায় আমন্ত্রণ না জানাতাম, তাহলে হয়তো এমনটি ঘটত না। আমরা ছিলাম স্বাগতিক।”

    তিনি আরও লিখেছেন, মহড়ার নিয়ম অনুযায়ী জাহাজগুলোতে কোনো গোলাবারুদ রাখা যেত না, ফলে জাহাজটি ছিল প্রতিরক্ষাহীন।

    এই ঘটনায় যুক্তরাষ্ট্রকে গভীরভাবে অনুতপ্ত হতে হবে বলে সতর্ক করেছে ইরান।

  15. প্রতিবেশী দেশগুলোতে নতুন করে হামলা চালাচ্ছে ইরান

    ইরান বলছে, তারা তাদের সামরিক অভিযানের ৩৫তম ধাপ শুরু করেছে। এদিকে, কাতারে কয়েক ঘণ্টা আগে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছেন বিবিসি সংবাদদাতা বারবারা প্লেট উশার।

    সৌদি আরব জানিয়েছে, তাদের একটি সামরিক বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সেইসাথে, তাদের একটি বড় তেলক্ষেত্রের দিকে আসা ড্রোন ভূপাতিত করা হয়েছে।

    সংযুক্ত আরব আমিরাতও আজ সকালে জানিয়েছে, তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিচ্ছে।

    বাহরাইন তার বাসিন্দাদের নিরাপদ আশ্রয় নেওয়ার সতর্কবার্তা দিয়েছে।

    ইরান বলেছে, তারা এসব দেশে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং কুয়েতে একটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে। তবে এসব দাবি সংশ্লিষ্ট দেশগুলো নিশ্চিত করেনি।

    এর আগে যুক্তরাজ্যের একটি সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, হরমুজ প্রণালীতে একটি কার্গো জাহাজে একটি অজ্ঞাত প্রজেক্টাইল (ক্ষেপণাস্ত্র) আঘাত করলে তাতে আগুন লাগে এবং নাবিকদের জাহাজ ছেড়ে যেতে হয়।

    যুদ্ধ শুরুর পর থেকে উপসাগরীয় এলাকায় চলাচল করা জাহাজগুলোতে সন্দেহভাজন ১০টি ইরানি হামলা হয়েছে।

    যুক্তরাষ্ট্রের আশঙ্কা, ইরান হরমুজ প্রণালীতে মাইন বসানো শুরু করতে পারে। এর আগে এমন ঘটনা ঘটেছিল।

    এদিকে, গুরুত্বপূর্ণ এই নৌপথের কাছে যুক্তরাষ্ট্র ১৬টি মাইন বসানোর নৌযানে হামলা চালিয়েছে আজ।

  16. হরমুজ প্রণালীর কাছে ১৬টি ইরানি মাইন বসানোর জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর কাছে ইরানের ১৬টি মাইন পাতা জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা সেই হামলার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে।

    সোমবার পেন্টাগনে এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, ‘অপারেশন এপিক ফিউরি’-র তিনটি প্রধান লক্ষ্যগুলোর একটি হলো ইরানের নৌবাহিনী ধ্বংস করা ।

    এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, হরমুজ প্রণালীতে মাইন বসানোর চেষ্টা করলে যেকোনো ইরানি জাহাজ ধ্বংস করা হবে।

    হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ, যেখানে সম্প্রতি কনটেইনার জাহাজেও হামলার ঘটনা ঘটেছে।

    প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিভিন্ন আকারের জাহাজ প্রজেক্টাইলের আঘাতে বিস্ফোরিত হচ্ছে।

  17. মধ্যপ্রাচ্যে কয়েকটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

    মধ্যপ্রাচ্যে কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

    ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক্সে এক বিবৃতিতে বলেছে, কাতারের আল উদেইদ, কুয়েতের ক্যাম্প আরিফজান এবং ইরাকের হারিরে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

    রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইএসএনএ এই বিবৃতি শেয়ার করে জানায়, "বড় পরিসরের এই হামলায়" মধ্যপ্রাচ্যের এই অঞ্চলজুড়ে থাকা মার্কিন পঞ্চম নৌবহরও লক্ষ্যবস্তু ছিল এবং এতে "মার্কিন সেনাবাহিনীর অপারেশনাল অবকাঠামো ধ্বংস হয়েছে।"

    আরেকটি পোস্টে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এটা "সবচেয়ে ভয়াবহ ও বিশাল অভিযান।"

    এ হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি মার্কিন কর্মকর্তারা।

  18. কাতারে নিরাপত্তা সতর্কতা, সকলকে বাসায় থাকার আহ্বান সরকারের

    বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, আজ বুধবার কাতারের রাজধানী দোহায় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ নিয়ে উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলা দ্বাদশ দিনে গড়িয়েছে।

    কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক সতর্কবার্তায় জানিয়েছে, দেশটিতে "নিরাপত্তা ঝুঁকি উচ্চ পর্যায়ে রয়েছে।"

    সেজন্য জননিরাপত্তার স্বার্থে "সবাইকে ঘরে থাকার, বাইরে না যাওয়ার এবং জানালা ও খোলা জায়গা থেকে দূরে থাকার" অনুরোধ জানিয়েছে কাতার সরকার।

  19. এশিয়ায় তেলের দাম স্থিতিশীল

    ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সাম্প্রতিক সময়ে তেলের দামে তীব্র ওঠানামা হয়েছে। তবে আজ বুধবার সকালে এশিয়ায় তেলের দাম কিছুটা স্থিতিশীল হয়েছে।

    বর্তমানে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৮৩ দশমিক ৩৫ ডলার (৬২ দশমিক ছয় পাউন্ড)। আর ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৮৭ দশমিক ৮৮ ডলার।

    সোমবার তেলের দাম প্রায় ১২০ ডলারে উঠেছিলো। এখন তা কিছুটা কমেছে। তবে যুদ্ধ শুরুর আগের তুলনায় এখনও তেলের দাম অনেক বেশি।

    দাম কমাতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সদস্য দেশগুলো তেলের মজুত ছাড়ার একটি সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা করছে, যদিও এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

  20. হরমুজ প্রণালীর কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত কনটেইনার জাহাজ: যুক্তরাজ্য

    হরমুজ প্রণালীর কাছে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি কনটেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

    সংস্থাটি জানায়, সংযুক্ত আরব আমিরাতের উপকূল থেকে প্রায় ৪৬ কিলোমিটার (২৫ নটিক্যাল মাইল) দূরে জাহাজটি আঘাতের শিকার হয়।

    জাহাজটির মাস্টার জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও সব নাবিক নিরাপদ আছেন এবং তাদের সবার খোঁজ পাওয়া গেছে।

    ক্ষতির পরিমাণ কতটা, তা এখনো স্পষ্ট নয়। এ ঘটনার বিষয়ে তদন্ত করছে ব্রিটিশ কর্তৃপক্ষ।

    সেইসাথে, ইউকেএমটিও ওই অঞ্চল দিয়ে চলাচল করা সব জাহাজকে সতর্ক থাকতে বলেছে।

Trending Now