সংবিধান সংস্কারে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোট সংসদের বাইরে রাজপথে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।
শনিবার বিকেলে ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে এই জোট।
আজ বৃহস্পতিবার দুপুরে ১১ দলীয় জোটের লিঁয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠীত হয়। সেই বৈঠকের পর জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারী হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের তাদের বিক্ষোভ কর্মসূচির তথ্য জানান।
বৈঠকে জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আযাদের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (ইরান)।
প্রসঙ্গত, জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত ৪৮টি সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের দিন হয় গণভোট। সেই ভোটে ‘হ্যাঁ’ জয়ী হয়।
রোববার সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান কার্যপ্রণালী-বিধির ৬২ বিধি অনুসারে জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মুলতবি প্রস্তাব উত্থাপনের নোটিস দেন।
এই প্রস্তাব নিয়ে মঙ্গলবার সংসদে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। পরদিন জামায়াতের নেতৃত্ব বিরোধীদলের সদস্যরা সংসদ থেকে ওয়াকআউট করেন।
এখন এই জোট বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করল।