রোববার সারাদিন যা ঘটেছে
- বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তাদের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই সাক্ষাতে জামায়াত ও এনসিপির নেতারা নির্বাচন পরবর্তী সহিংসতার ব্যাপারে উদ্বেগ জানিয়েছেন।
- আগামী ১৭ই ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদের নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভা শপথ গ্রহণ করবেন। ওইদিন সকালে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে । এরপর বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে।
- বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রদত্ত ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে মোট ভোটের ৩১ দশমিক ৭৬ শতাংশ।
- নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেশের ৩০টি জেলায় দুই শতাধিক সংঘাত ও সহিংসতার ঘটনায় তিন জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছে বলে তথ্য তুলে ধরেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।
- নির্বাচনে ৩২ আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
- ঢাকা-৮ আসনে অনিয়মের দাবিতে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ পত্রে বলেছেন, ভোট পুনঃগণনা না হওয়া পর্যন্ত যেন ওই আসনের শপথ পাঠ না করানো হয়।
- রমজান মাসে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
- প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তার পদত্যাগ এবং দেশ ছাড়ার কারণ হিসেবে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুই রকম ব্যাখ্যা দিয়েছেন।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের আরও খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...