ইরানে যুক্তরাষ্ট্রের হামলার সবচেয়ে তীব্রতম দিন হবে আজ: পেন্টাগন

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের হামলার ক্ষেত্রে আজই হবে "সবচেয়ে তীব্রতম" দিন। অন্যদিকে অপরিশোধিত তেল বর্তমানে ব্যারেল প্রতি প্রায় ৮৮ ডলারে লেনদেন হচ্ছে, যা সোমবারের ১১৯ ডলারের স্তরের তুলনায় অনেকটা নিচে। তেল সরবরাহের একটি চুক্তিতে পাইপলাইনের মাধ্যমে মঙ্গলবার পাঁচ হাজার টন ডিজেল বাংলাদেশে পাঠাচ্ছে ভারত।

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার যা যা ঘটেছে:

    • অপরিশোধিত তেল বর্তমানে ব্যারেল প্রতি প্রায় ৮৮ ডলারে লেনদেন হচ্ছে, যা সোমবারের ১১৯ ডলারের স্তরের তুলনায় অনেকটা নিচে। গত ২৪ ঘণ্টায় দাম কমলেও, যুদ্ধ শুরুর আগের তুলনায় তেলের দাম এখনো অনেক বেশি; তখন প্রতি ব্যারেল তেলের দাম ছিল প্রায় ৭২ ডলার।
    • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের হামলার ক্ষেত্রে আজই হবে "সবচেয়ে তীব্রতম" দিন। আজ সেখানে সবচেয়ে বেশি যুদ্ধবিমান, বোমারু বিমান ও হামলা চালানো হবে।
    • তেল সরবরাহের পুরনো একটি চুক্তিতে পাইপলাইনের মাধ্যমে মঙ্গলবার পাঁচ হাজার টন ডিজেল বাংলাদেশে পাঠাচ্ছে ভারত। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মুহাম্মদ রেজানুর রহমানের বরাত দিয়ে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।
    • গত ২৪শে ফেব্রুয়ারি ভোররাতে টিএসসি এলাকায় দু'জন ব্যক্তি ও দু'জন নারীকে লাঞ্ছিত করার ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকায় তদন্ত কমিটির সুপারিশে তিন জন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
    • সোমবার কলকাতায় এসে শাসক-বিরোধী-সহ সব পার্টির সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে যে কোনো রকম সহিংসতার প্রতি 'জিরো টলারেন্স' নীতি নিয়ে চলবে কমিশন। অন্যদিকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ( এসআইআর) যাতে নির্ভুল হয় তার জন্য মঙ্গলবার ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
    • বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কাতারের রাজধানী দোহায় কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, তাদের সেনাবাহিনী একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।
    • যুদ্ধ শুরুর পর থেকে ইরানে নিহত মানুষের সংখ্যা এক হাজার ৩৩২ জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা। সরকারের মুখপাত্র ফাতেমেহ মহাজেরানি বলেছেন, নিহতদের মধ্যে ২০৬ জন নারী ও শিশু রয়েছে।
    • চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর (ছিন্নমূল/আলীনগর) এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র, ২৭টি পাইপগান, এক হাজার ১১৩ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় ২২ জনকে আটক করা হয়। খবর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস-এর।
    • দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে শুধুমাত্র ঢাকা মহনগরের রাইড শেয়ার মোটরসাইকেলের জন্য দৈনিক সর্বোচ্চ পাঁচ লিটার অকটেন বা পেট্রোল সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
    • ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, ইরান যুদ্ধবিরতি চাইছে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, "আমরা অবশ্যই যুদ্ধবিরতি চাইছি না। কারণ আমরা মনে করি আগ্রাসনকারীকে এমনভাবে জবাব দিতে হবে যাতে সে শিক্ষা পায় এবং ভবিষ্যতে আর কখনো আমাদের প্রিয় ইরানে হামলার কথা না ভাবতে পারে।"
    • মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের যুদ্ধ শুরুর পর থেকে দুই হাজার ৩৩৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে ৯৫ জন এখনো চিকিৎসাধীন, যাদের অবস্থা অতিমাত্রায় সংকটজনক থেকে মৃদু পর্যন্ত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের সামরিক অভিযানে ইরানের শাসন ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।
    • ডোনাল্ড ট্রাম্প বলেন, বাড়তে থাকা জ্বালানি তেলের দাম মোকাবিলায় যুক্তরাষ্ট্র কিছু তেল-সম্পর্কিত নিষেধাজ্ঞা শিথিল করার কথা বিবেচনা করছে।

    বিবিসি বাংলার লাইভ পাতার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আজ এখানেই লাইভ পাতা শেষ হচ্ছে।

    আরও খবর পড়তে ওয়েবসাইটের মূল পাতায় ক্লিক করুন।

  2. গ্যাস ও তেলের দাম কমলেও শঙ্কা এখনো কাটেনি, নিক এডসার বিজনেস রিপোর্টার

    সোমবার ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর তেলের দাম বেশ খানিকটা কমেছে।

    তিনি বলেছিলেন যে, ইরানের যুদ্ধ "প্রায় পুরোপুরি শেষ", যা একটি দীর্ঘস্থায়ী সংঘাত এড়ানো যেতে পারে বলে আশা জাগিয়েছে।

    অপরিশোধিত তেল বর্তমানে ব্যারেল প্রতি প্রায় ৮৮ ডলারে লেনদেন হচ্ছে, যা সোমবারের ১১৯ ডলারের স্তরের তুলনায় অনেকটা নিচে। গত ২৪ ঘণ্টায় দাম কমলেও, যুদ্ধ শুরুর আগের তুলনায় তেলের দাম এখনো অনেক বেশি; তখন প্রতি ব্যারেল তেলের দাম ছিল প্রায় ৭২ ডলার।

    গ্যাসের দামও কমেছে। যুক্তরাজ্যে আগামী মাসের সরবরাহের জন্য গ্যাসের দাম গতকালের সর্বোচ্চ ১৭১ পেন্স থেকে উল্লেখযোগ্যভাবে কমে ১২৬ পেন্স (প্রতি থার্ম) হয়েছে।

    জ্বালানির দাম কমে যাওয়ায় শেয়ার বাজারের সূচক ঊর্ধ্বমুখী হয়েছে।

    তবে অনেক ঝুঁকি এখনো রয়ে গেছে।

    হরমুজ প্রণালী-যা দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়-সেখানে দীর্ঘমেয়াদী সংকটের আশঙ্কায় মূলত জ্বালানির দাম বেড়েছিল।

    এক সপ্তাহেরও বেশি আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রণালী দিয়ে চলাচল প্রায় বন্ধ রয়েছে।

    মঙ্গলবার বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান সৌদি আরামকোর প্রধান সতর্ক করে বলেছেন যে, এই রুটটি যদি অবরুদ্ধ থাকে তবে তার ফলাফল "ভয়াবহ" হতে পারে।

  3. তেহরানে ও বৈরুতে হামলার পরে ধোঁয়া দেখা যাচ্ছে

    মঙ্গলবার বৈরুতের শহরতলীতে ইসরায়েলের একটি হামলার পরে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, মঙ্গলবার বৈরুতের শহরতলীতে ইসরায়েলের একটি হামলার পরে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে
    মঙ্গলবার তেহরানের মধ্যাঞ্চলে বিমান হামলার পর ধোঁয়া উড়ছে

    ছবির উৎস, EPA/Shutterstock

    ছবির ক্যাপশান, মঙ্গলবার তেহরানের মধ্যাঞ্চলে বিমান হামলার পর ধোঁয়া উড়ছে
    বাহরাইনের মানামায় ইরানি ড্রোন হামলার পর ক্ষতিগ্রস্ত একটি ভবন

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, বাহরাইনের মানামায় ইরানি সম্ভাব্য ড্রোন হামলার পর ক্ষতিগ্রস্ত একটি ভবন
    লেবানন সীমান্তে অবস্থান নিয়েছে ইসরায়েলি ট্যাঙ্ক

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, লেবানন সীমান্তে অবস্থান নিয়েছে ইসরায়েলি ট্যাঙ্ক
  4. ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসছে বাংলাদেশে

    ঢাকার একটি পেট্রোল পাম্পে একটি যানবাহনে জ্বালানি নিচ্ছেন এক ব্যক্তি।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ঢাকার একটি পেট্রোল পাম্পে একটি যানবাহনে জ্বালানি নিচ্ছেন এক ব্যক্তি

    তেল সরবরাহের পুরনো একটি চুক্তিতে পাইপলাইনের মাধ্যমে মঙ্গলবার পাঁচ হাজার টন ডিজেল বাংলাদেশে পাঠাচ্ছে ভারত।

    ভারতের সাথে বাংলাদেশের ২০২২ সালে তেল সরবরাহের একটি চুক্তি হয়। সেই চুক্তির আওতায় পাইপলাইনের মাধ্যমে প্রতি বছর প্রায় এক লাখ ৮০ হাজার টন ডিজেল ভারত থেকে বাংলাদেশে আসার কথা রয়েছে। আজ যে ডিজেল বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে, সেটি ওই বার্ষিক সরবরাহেরই অংশ।

    বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মুহাম্মদ রেজানুর রহমানের বরাত দিয়ে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।

    এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিপিসি চেয়ারম্যান জানান, "চুক্তি অনুযায়ী ছয় মাসের মধ্যে অন্তত ৯০ হাজার টন ডিজেল বাংলাদেশে আমদানি হওয়ার কথা। আজ পাঁচ হাজার টনের চালান আসছে, আমরা আশা করছি আগামী দুই মাসের মধ্যে ছয় মাসের পুরো ডিজেলের পরিমাণ আমরা নিয়ে আসতে পারবো।"

  5. টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় তিন ঢাবি শিক্ষার্থী ছয় মাসের জন্য বহিষ্কার

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র যা টিএসসি নামে পরিচিত
    ছবির ক্যাপশান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র যা টিএসসি নামে পরিচিত

    গত ২৪শে ফেব্রুয়ারি ভোররাতে টিএসসি এলাকায় দু'জন ব্যক্তি ও দু'জন নারীকে লাঞ্ছিত করার ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকায় তদন্ত কমিটির সুপারিশে তিন জন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

    ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ তাদের বহিষ্কার করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য জানান।।

    বহিষ্কৃত শিক্ষার্থীরা হলো - শাহরিয়ার ইসলাম তুষার (থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ), রাকিব আহমেদ (বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ) এবং শাহরিয়ার তানজিল (নৃবিজ্ঞান বিভাগ)।

  6. ইরানে যুক্তরাষ্ট্রের হামলার সবচেয়ে তীব্রতম দিন হবে আজ: পেন্টাগন

    মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ
    ছবির ক্যাপশান, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

    পেন্টাগনের সংবাদ সম্মেলন শেষ হয়েছে। সেখানে যেসব বিষয় বলা হয়েছে, তার সংক্ষিপ্ত:

    • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের হামলার ক্ষেত্রে আজই হবে "সবচেয়ে তীব্রতম" দিন। আজ সেখানে সবচেয়ে বেশি যুদ্ধবিমান, বোমারু বিমান ও হামলা চালানো হবে।
    • তিনি আরও বলেন, যুদ্ধ শুরুর পর থেকে গত ২৪ ঘণ্টায় ইরান সবচেয়ে কম সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
    • একই কথা উল্লেখ করে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, "শুরুর দিকের তুলনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রায় ৯০ শতাংশ কমে গেছে এবং অভিযান শুরুর পর থেকে একমুখী ড্রোন হামলার হার ৮৩ শতাংশ কমেছে।”
    • এদিকে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে সামরিক বাহিনী কীভাবে নিরাপত্তা দিতে পারে, সেসব বিষয় নিয়েও যুক্তরাষ্ট্র ভাবছে বলে জানান কেইন।
    • হেগসেথ বলেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির জন্য বুদ্ধিমানের কাজ হবে ডোনাল্ড ট্রাম্পের কথাকে গুরুত্ব দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা না করা।
    • বেসামরিক হতাহতের ঝুঁকি কমাতে পেন্টাগন কী পদক্ষেপ নিবে? এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ ধরনের অভিযোগ এলে তা তদন্ত করা হবে। তবে তার দাবি, বেসামরিক মানুষকে যাতে লক্ষ্যবস্তু করা না হয়, তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের মতো সতর্কতা পৃথিবীর আর কোনো দেশ নেয় না।
  7. কোনো সহিংসতা বরদাস্ত নয়: কলকাতায় এসে বললেন মুখ্য নির্বাচন কমিশনার

    কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

    ছবির উৎস, Election Comission of India/Facebook

    ছবির ক্যাপশান, কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

    সোমবার কলকাতায় এসে শাসক-বিরোধী-সহ সব পার্টির সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মঙ্গলবার কলকাতায় একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন তিনি।

    সেই সম্মেলনে তিনি জানান, পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে যে কোনো রকম সহিংসতার প্রতি 'জিরো টলারেন্স' নীতি নিয়ে চলবে কমিশন।

    "শান্তি বজায় রাখার আশ্বাস দিয়েছে রাজ্য প্রশাসন, পুলিশ কর্মকর্তা এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা।", আশ্বস্ত করেন মি. কুমার।

    তিনি বলেন, নির্বাচন প্রস্তুতির বৈঠকে পুলিশ এবং ভোটকর্মীদের নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যাতে তাঁর আইনের শাসন মেনে নির্ভীক এবং পক্ষপাতিত্বহীনভাবে নির্বাচন পরিচালনা করেন।

    কলকাতায় এসে মুখ্য নির্বাচন কমিশনার সাফ জানিয়ে দেন, "কোনও রাজনৈতিক ব্যক্তির সহিংসতা বা কোনও নির্বাচনী কর্মকর্তার ওপর আক্রমণ বা হুমকি নির্বাচন কমিশন সহ্য করবে না।"

    পশ্চিমবঙ্গে কত দফায় নির্বাচন সে নিয়ে অবশ্য কোনও স্পষ্ট উত্তর দেননি জ্ঞানেশ কুমার। একটি প্রশ্নের উত্তরে মি. কুমার বলেন, "নির্বাচন কমিশন এই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে পরামর্শ পেয়েছে। দিল্লিতে পৌঁছে সমস্ত বিষয় বিবেচনা করার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।"

    ভোটার তালিকা নিয়ে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রসঙ্গে উনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, বিবেচনাধীন ভোটারদের নথি যাচাই করছেন জুডিশিয়াল অফিসাররা। কিন্তু তাদের ভোটাধিকারের ভবিষ্যৎ সম্পর্ক কোনও সদুত্তর দেননি মি. কুমার।

  8. দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ

    বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কাতারের রাজধানী দোহায় কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

    কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, তাদের সেনাবাহিনী একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।

    এদিকে, কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দেশজুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং মানুষকে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে।

  9. ইরানের বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলা

    তেহরানে আজ আবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরানের আকাশে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে।

    তেহরান থেকে সর্বশেষ যেসব ছবি পাওয়া গেছে, তাতে দেখা গেছে যে শহরের পূর্ব ও পশ্চিম অংশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

    ইসরায়েলি সেনাবাহিনীও জানিয়েছে, তারা তেহরানের ওপর নতুন করে আরেক দফা বিমান হামলা চালিয়েছে।

  10. যুদ্ধ শুরুর পর থেকে ইরানে নিহত প্রায় দেড় হাজার

    তেহরানের আজাদি টাওয়ারের কাছে বিমান হামলার পর ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, তেহরানের আজাদি টাওয়ারের কাছে বিমান হামলার পর ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে।

    যুদ্ধ শুরুর পর থেকে ইরানে নিহত মানুষের সংখ্যা এক হাজার ৩৩২ জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা।

    সরকারের মুখপাত্র ফাতেমেহ মহাজেরানি বলেছেন, নিহতদের মধ্যে ২০৬ জন নারী ও শিশু রয়েছে।

    তিনি আরও দাবি করেন, হামলায় কয়েক ডজন স্বাস্থ্যকেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়েছে।

  11. জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, আটক ২২ জন

    অভিযানে বিপুল সেনাসদস্যও অংশ নিয়েছে

    ছবির উৎস, Kamol Das

    ছবির ক্যাপশান, অভিযানে বিপুল সেনাসদস্যও অংশ নিয়েছে

    চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর (ছিন্নমূল/আলীনগর) এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র, ২৭টি পাইপগান, এক হাজার ১১৩ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় ২২ জনকে আটক করা হয়। খবর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস-এর।

    আজ মঙ্গলবার চট্টগ্রাম জেলা পুলিশের বরাতে পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

    পুলিশ জানায়, অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, যার মধ্যে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পিস্তল ও একটি এলজি রয়েছে। এই অভিযানে ২৭টি পাইপগান, ৩০টি পিস্তলের ম্যাগাজিন, ৫৭টি অস্ত্র তৈরির পাইপ, ৬১টি কার্তুজ, বিভিন্ন ধরনের এক হাজার ১১৩ রাউন্ড গুলি এবং ১১টি ককটেল উদ্ধার করা হয়।

    এছাড়া, পাইপগান তৈরির একটি লেদ মেশিনসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

    অভিযানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সার্বিক পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। উদ্ধারকৃত আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

    গতকাল ভোর সাড়ে ৫টায় জঙ্গল সলিমপুরের বিভিন্ন পাহাড়ি ও দুর্গম এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোট তিন হাজার ১৮৩ জন সদস্য অংশ নেন। এতে তিনটি হেলিকপ্টার, ১৫টি এপিসি, র‌্যাব ও সিএমপির তিনটি ডগ স্কোয়াড এবং ১২টি ড্রোন ব্যবহার করা হয়েছে।

    এ নিয়ে আরও পড়তে পারেন:

  12. রাইড শেয়ার মোটরসাইকেলে জ্বালানি সীমা নির্ধারণ, দিনে সর্বোচ্চ ৫ লিটার

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন হয়েছে, এই ধাক্কা পড়েছে বাংলাদেশেও। জ্বলানি সংকট হতে পারে, এমন আশঙ্কার কারণে ঢাকার বিভিন্ন পেট্রল পাম্পে গাড়ি ও মোটর সাইকেলের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এই ছবিতেও দেখা যাচ্ছে যে তেল কিনতে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চালকরা ঠাঁয় দাঁড়িয়ে আছেন।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, জ্বালানি সংকটের শঙ্কায় ঢাকায় পেট্রোল পাম্পে মোটর সাইকেলের দীর্ঘ লাইন

    দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে শুধুমাত্র ঢাকা মহনগরের রাইড শেয়ার মোটরসাইকেলের জন্য দৈনিক সর্বোচ্চ পাঁচ লিটার অকটেন বা পেট্রোল সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নেওয়ার সময় রাইড শেয়ার চালকদেরকে অবশ্যই তেলের ধরন, পরিমাণ ও মূল্য উল্লেখ করে ক্রয় রশিদ দিতে হবে। প্রতিবার তেল নেওয়ার সময় আগের ক্রয় রশিদের কপিও জমা দিতে হবে। এ ছাড়া মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ও চালকের তথ্য রাইড শেয়ার অ্যাপের সঙ্গে মিলিয়ে তেল সরবরাহ করতে ফিলিং স্টেশনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

    সেইসাথে, দেশে সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল কেনা-বেচার বাধ্যবাধকতা রয়েছে উল্লেখ করে এতে আরও বলা হয় যে সংকটের অজুহাতে অতিরিক্ত মূল্য আদায় আইনগত অপরাধ।

  13. যুদ্ধবিরতি চায় না ইরান: ইরানের স্পিকার

    ইরানের রাজধানী তেহরানে গত আটই মার্চ ছবিটি তোলা হয়েছে। এতে দেখা যাচ্ছে যে তেহরানের উত্তর-পশ্চিমে একটি তেল ডিপোতে রাতভর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর সেখান থেকে ধোঁয়া উঠছে।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলা; ইরানের রাজধানী তেহরানে গত আটই মার্চ ছবিটি তোলা হয়েছে

    ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, ইরান যুদ্ধবিরতি চাইছে না।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, "আমরা অবশ্যই যুদ্ধবিরতি চাইছি না। কারণ আমরা মনে করি আগ্রাসনকারীকে এমনভাবে জবাব দিতে হবে যাতে সে শিক্ষা পায় এবং ভবিষ্যতে আর কখনো আমাদের প্রিয় ইরানে হামলার কথা না ভাবতে পারে।"

    তিনি আরও বলেন, "জায়নবাদী শাসনব্যবস্থা নিজেদের আধিপত্য ধরে রাখার জন্য যুদ্ধ, আলোচনা, যুদ্ধবিরতি এবং আবার যুদ্ধ - এই চক্র চালু রাখতে চায়। আমরা এই চক্র ভেঙে দেব।"

    খাতাম আল-আনবিয়া সদর দপ্তরও এক বিবৃতিতে বলেছে, ইরান যুদ্ধবিরতি চাইছে না এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের কর্মকাণ্ডের জন্য "অনুতপ্ত" না হওয়া পর্যন্ত এই যুদ্ধ শেষ হবে না।

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও একই ধরনের মন্তব্য করেছেন।

    পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের কোনো আলোচনায় বসবে বলে তার মনে হচ্ছে না। কারণ যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার অভিজ্ঞতা ইরানের জন্য খুবই তিক্ত।

    এসময় তিনি আরও বলেন যে এর আগে যুক্তরাষ্ট্রের সাথে দুই দফায় আলোচনা হয়েছিলো। তারপরই ইরানের ওপর এবারের এই হামলা চালানো হয়েছে।

    তিনি বলেন, আগে দুই দফা আলোচনার পরই ইরানের ওপর হামলা হয়েছে।

    এদিকে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আজ বলেছেন, যুদ্ধবিরতির জন্য জন্য শর্ত হলো - ভবিষ্যতে ইরানের ওপর আর কখনও আক্রমণ করা হবে না, এমন নিশ্চয়তা দিতে হবে।

  14. যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো ‘বাস্তবসম্মত লক্ষ্য’ নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের সম্প্রচার মাধ্যম পিবিএস নিউজকে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরান যুদ্ধ নিয়ে সোমবার গভীর রাতে একটি বিস্তৃত সাক্ষাৎকার দেন। সেখানে তার বক্তব্যের মূল পয়েন্টগুলো হলো:

    • মোজতবা খামেনির নিয়োগ — আরাঘচি বলেন, আলী খামেনির ছেলেকে নিয়োগ দেওয়ায় তার পিতার শাসনব্যবস্থার “ধারাবাহিকতা” রক্ষা হবে এবং একই সঙ্গে “কিছুটা স্থিতিশীলতাও” এনে দেবে।
    • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা — যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কি না—এমন প্রশ্নে আরাঘচি বলেন, তিনি বিশ্বাস করেন না যে এই সুযোগ আসবে, কারণ ইরানের “আমেরিকানদের সঙ্গে কথা বলার খুব তিক্ত অভিজ্ঞতা” রয়েছে।
    • মার্কিন-ইসরায়েলি লক্ষ্য — আরাঘচির মতে, “আমি মনে করি না তাদের মাথায় কোনো বাস্তবসম্মত শেষ লক্ষ্য রয়েছে”। তিনি যোগ করেন, এখন পর্যন্ত তারা তাদের সব লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে তিনি মনে করেন।
    • তেলের দাম — আরাঘচি বলেন, তেলের দাম বৃদ্ধি “আমাদের দোষ নয়”; তিনি এর জন্য “ইসরায়েলি ও আমেরিকানদের ইরানের বিরুদ্ধে হামলা ও আগ্রাসন”কে দায়ী করেন। তিনি আরও বলেন, ইরান “হরমুজ প্রণালী বন্ধ করেনি” এবং “আমরা কাউকে ওই প্রণালিতে চলাচল থেকে বিরত করছি না”।
    • নাগরিক হতাহতের বিষয় — ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানি হামলায় “কিছু পার্শ্বপ্রতিক্রিয়া” হয়েছে, তবে তিনি দাবি করেন, ইরান “কোনো বেসামরিক স্থাপনা, কোনো বেসামরিক লক্ষ্য বা কোনো বেসামরিক স্থানে কখনো ইচ্ছাকৃতভাবে হামলা করেনি”।
  15. তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের ‘কোনো ন্যায্যতা নেই’, ইরানকে এরদোয়ান, এমিলি উইদার, তুরস্ক-ইরান সীমান্ত থেকে প্রতিবেদন

    তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান

    ছবির উৎস, Anadolu via Getty Images

    ছবির ক্যাপশান, তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান

    তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান ইরানকে সতর্ক করে বলেছেন, তুর্কি আকাশসীমা লঙ্ঘন “কোনোভাবেই ন্যায্যতা পেতে পারে না”। তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোর ওপর হামলা কোনো পক্ষকেই সাহায্য করছে না।

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক ফোনালাপে এরদোয়ান বলেন, তুরস্ক যুদ্ধের অবসান ঘটাতে কূটনীতির পথ খুলে দেওয়ার চেষ্টা করছে।

    গত রাতে মন্ত্রিসভার বৈঠকে এরদোয়ান বলেন, “আমাদের আন্তরিক সতর্কবার্তা সত্ত্বেও অত্যন্ত ভুল এবং উত্তেজনা-সৃষ্টিকারী পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা তুরস্কের বন্ধুত্বকে ঝুঁকির মুখে ফেলছে”।

    এই মন্তব্য আসে এমন সময়, যখন নেটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সোমবার তুর্কি আকাশসীমায় প্রবেশ করা ইরানের দ্বিতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে।

    নেটো সদস্য দেশগুলোর মধ্যে তুরস্কের সেনাবাহিনী আকারে দ্বিতীয় বৃহত্তম এবং দেশটির সঙ্গে ইরানের ৫০০ বছরের স্থিতিশীল সীমান্ত রয়েছে।

    নেটোর অন্য কোনো দেশ ইরানে অবশিষ্ট শাসনব্যবস্থার সঙ্গে এমন নিবিড় যোগাযোগ রাখে না। ইউক্রেন, গাজা এবং আরও বেশ কিছু সংকটের মতো এখানেও এরদোয়ান নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করছেন।

    মঙ্গলবার কাপিকয় সীমান্ত ক্রসিং দিয়ে ইরানিরা তুরস্কে প্রবেশ করছে

    ছবির উৎস, REUTERS/Dilara Senkaya

    ছবির ক্যাপশান, মঙ্গলবার কাপিকয় সীমান্ত ক্রসিং দিয়ে ইরানিরা তুরস্কে প্রবেশ করছে
  16. ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর ২৩৩৯ জন আহত: ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়

    মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের যুদ্ধ শুরুর পর থেকে দুই হাজার ৩৩৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে ৯৫ জন এখনো চিকিৎসাধীন, যাদের অবস্থা অতিমাত্রায় সংকটজনক থেকে মৃদু পর্যন্ত।

    গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে ১৯১ জন নতুন রোগী ভর্তি হয়েছে—এর মধ্যে একজনের অবস্থা অত্যন্ত সংকটজনক, তিনজন গুরুতর, দু’জন মাঝারি অবস্থায়, ১৭২ জনের অবস্থা হালকা এবং ১০ জন উদ্বেগজনিত রোগে ভুগছেন।

    এছাড়া চিকিৎসা মূল্যায়নের অধীনে রয়েছেন আরও তিনজন।

    এদিকে, ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, ইরান থেকে মধ্য ইসরায়েল লক্ষ্য করে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে—যেখানে লক্ষাধিক ইসরায়েলি নাগরিক বাস করেন।

  17. পশ্চিমবঙ্গে ‘নির্ভুল’ এসআইআরের নির্দেশ সুপ্রিম কোর্টের

    ভারতের সুপ্রিম কোর্ট

    ছবির উৎস, Sanchit Khanna/Hindustan Times via Getty Images

    ছবির ক্যাপশান, ভারতের সুপ্রিম কোর্ট

    পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ( এসআইআর) যাতে নির্ভুল হয় তার জন্য মঙ্গলবার ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

    বিশেষ নিবিড় সংশোধনে নাম বাদ পড়াদের আবেদনের শুনানির জন্য হাই কোর্টে প্রাক্তন বিচারপতি ও বিচারকদের নিয়ে একটি আপিল ট্রাইবুনাল গঠন করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

    মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে এই কমিটি গঠনের নির্দেশ ভারতের সর্বোচ্চ আদালতের। এ দিন শুনানিতে এসআইআরের কাজে নিযুক্ত বিচার বিভাগীয় কর্মকর্তাদের কাজ নিয়ে প্রশ্ন তোলায় অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি।

    আইনজীবী ও তৃণমূলের রাজ্যসভার সংসদ সদস্য মেনকা গুরুস্বামী সোমবার রাজ্য সরকারের হয়ে আদালতের দৃষ্টি আর্কষণ করেন। সেই পরিপ্রেক্ষিতেই মামলায় মঙ্গলবার এই পর্যবেক্ষণ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত।

    পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনে এসআইআর প্রক্রিয়া নিয়ে বিতর্ক চলছে। এ নিয়ে সুপ্রিমকোর্টে একাধিক মামলা হয়েছে। তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট।

  18. ইরানি শাসনব্যবস্থা গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল, দাবি নেতানিয়াহুর

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

    ছবির উৎস, Getty Images

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের সামরিক অভিযানে ইরানের শাসন ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

    ইসরায়েলের লক্ষ্য হলো ইরানি জনগণকে বর্তমান শাসনব্যবস্থার “নিপীড়ন” থেকে মুক্ত করা, তবে “শেষ পর্যন্ত এটি তাদের ওপরই নির্ভর করছে”- বলেন তিনি।

    ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত বক্তব্যে তিনি বলেন, “এ পর্যন্ত যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই যে আমরা তাদের হাড় ভেঙে দিচ্ছি এবং আমরা এখনো সক্রিয়”।

  19. তেহরান ও কারাজে আগের চেয়েও তীব্র হামলা হয়েছে গতরাতে- ইরানিদের ভাষ্য, ঘোনচে হাবিবিয়াজাদ, সিনিয়র রিপোর্টার, বিবিসি নিউজ ফার্সি

    গতরাতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলা মূলত তেহরানের বিভিন্ন অংশ ও কাছাকাছি কারাজ এলাকায় চালানো হয়েছে বলে মনে হয়েছে।

    বাসিন্দারা আমাদের বলেছেন, এগুলো আগের রাতের তুলনায় আরও তীব্র ছিল। কিছু মানুষ বলেছেন, তারা দীর্ঘ সময় ধরে বারবার বিস্ফোরণের শব্দ শুনেছেন।

    তেহরানের বিশের কোঠার এক নারী আমাকে বলেন, “এটি আগের রাতগুলোর চেয়ে ভিন্ন মনে হয়েছে”।

    তিনি বলেন, “গত রাতে আকাশে অদ্ভুত সাদা আলো দেখা যাচ্ছিল,” এবং যোগ করেন, “হামলার সময় কিছুটা অস্থিরতার অনুভূতি হচ্ছিল”।

  20. কিছু দেশের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে- পুতিনের সঙ্গে আলাপের পর ট্রাম্প

    ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Reuters

    ডোনাল্ড ট্রাম্প বলেন, বাড়তে থাকা জ্বালানি তেলের দাম মোকাবিলায় যুক্তরাষ্ট্র কিছু তেল-সম্পর্কিত নিষেধাজ্ঞা শিথিল করার কথা বিবেচনা করছে।

    তিনি সাংবাদিকদের বলেন, “কিছু দেশের ওপর আমাদের নিষেধাজ্ঞা আছে। পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত আমরা সেই নিষেধাজ্ঞা তুলে নেব”।

    মার্কিন প্রেসিডেন্ট যোগ করেন, “তারপর, কে জানে? হয়তো আর নিষেধাজ্ঞা দিতে হবে না—এতটাই শান্তি থাকবে”।

    একই সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে “খুব ভালো” একটি ফোনালাপ করেছেন।

    তবে তিনি বিস্তারিত বলেননি কোন নিষেধাজ্ঞা—বা কোন দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। যদিও যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করেছে, যাতে ভারত সমুদ্রপথে আটকে থাকা রুশ তেল কিনতে পারে।

Trending Now