ইরানের কাছে 'শর্তহীন আত্মসমর্পণ' দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ভূগর্ভস্থ বাঙ্কার ধ্বংসের অভিযানে ৫০টি যুদ্ধবিমান অংশ নিয়েছিল বলে জানিয়েছে ইসরায়েল সেনাবাহিনী। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে, “কিছু দেশ মধ্যস্থতার প্রচেষ্টা শুরু করেছে”। এদিকে, বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ঢাকায় এক অনুষ্ঠানে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলে বক্তব্য শেষ করে আলোচনা তৈরি করেছেন।

সরাসরি কভারেজ

  1. শুক্রবার সারাদিন যা যা হলো

    • “শর্তহীন আত্মসমর্পণ ছাড়া ইরানের সাথে আর কোনো চুক্তি হবে না" বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    • ইরানের সাথে মার্কিন-ইসরায়েল যুদ্ধকে "একটি অসাধারণ ভুল" বলে অভিহিত করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এই যুদ্ধ অব্যাহত থাকায় "ক্রমবর্ধমান ঝুঁকি" দেখছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস।
    • ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ভূগর্ভস্থ বাঙ্কার ধ্বংসের অভিযানে ৫০টি যুদ্ধবিমান অংশ নিয়েছিল বলে জানিয়েছে ইসরায়েল সেনাবাহিনী।
    • লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া ৭৯৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদ সংস্থা।
    • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে, “কিছু দেশ মধ্যস্থতার প্রচেষ্টা শুরু করেছে”, যদিও তিনি নির্দিষ্ট করে কোনো দেশের নাম উল্লেখ করেননি।
    • যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, গত ৭২ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের বোমারু বাহিনী ইরানের প্রায় ২০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ৩০টিরও বেশি ইরানি জাহাজ ডুবিয়েছে যুক্তরাষ্ট্র, বলেছেন তিনি।
    • ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরান ও হেজবুল্লাহর সাথে সংঘর্ষের ফলে গত ২৪ ঘণ্টায় ১৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর, ১৯ জনের অবস্থা মাঝামাঝি পর্যায়ে।
    • ইসরায়েলি বাসিন্দাদের লেবানন সীমান্ত থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে অবস্থিত শহরগুলো ছেড়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে হেজবুল্লাহ।
    • ঢাকায় আয়োজিত সরকারি এক অনুষ্ঠানে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলে বক্তব্য শেষ করে আলোচনা তৈরি করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
    • বাংলাদেশের সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের সাবেক দুইজন উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে শুক্রবার বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

    বিবিসি বাংলার লাইভপাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। শনিবার সকালে আবার লাইভপাতা শুরু হবে। আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসিবাংলার মূল পাতায়।

  2. ইরানের সাথে মার্কিন-ইসরায়েল যুদ্ধকে 'অসাধারণ ভুল' বললেন স্পেনের প্রধানমন্ত্রী

    স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ

    ছবির উৎস, Spanish Government/AP

    ছবির ক্যাপশান, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ

    ইরানের সাথে মার্কিন-ইসরায়েল যুদ্ধকে "একটি অসাধারণ ভুল" বলে অভিহিত করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

    এছাড়া, এই সংঘাতকে "স্পষ্টতই আন্তর্জাতিকভাবে বৈধ নয়" বলেও উল্লেখ করেছেন তিনি।

    "মিত্র দেশগুলোর মধ্যে, যখন কেউ সঠিক তখন সাহায্য করা এবং যখন কেউ ভুল বা ভুল করছে তখন সেটি তুলে ধরা উচিত,” বলেও মনে করেন তিনি।

    অবশ্য ইরানে হামলা চালানোর জন্য স্পেনের মোরন এবং রোটাফোরের যৌথ ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ব্যবহারের অনুমতি না দেওয়ার প্রতিক্রিয়ায় এরই মধ্যে স্পেনের ওপর পূর্ণ বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    এদিকে, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস বলেছেন যে, ইরানি জনগণের "স্বাধীনভাবে তাদের নিজস্ব ভাগ্য নির্ধারণের অধিকার রয়েছে।" তিনি সতর্ক করে বলেছেন, ইরানকে "প্রক্সি যুদ্ধের ক্ষেত্র করে তোলা উচিত হবে না।"

    এই যুদ্ধ অব্যাহত থাকায় "ক্রমবর্ধমান ঝুঁকি" দেখছেন বলেও জানিয়েছেন জার্মান চ্যান্সেলর।

    জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস
  3. ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ২১৭

    লেবাননের রাজধানী বৈরুতে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, লেবাননের রাজধানী বৈরুতে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল

    লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া ৭৯৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদ সংস্থা।

    লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ভোর থেকে দেশটিতে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে।

    এর আগে ১২৩ জন নিহতের তথ্য নিশ্চিত করেছিল লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

  4. লেবাননে ইসরায়েলি হামলার পরের কিছু ছবি

    লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ।

    বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরে হামলার পর বিভিন্ন স্থান থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে এবং রাস্তাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

    বিবিসিকে নিজেদের ভয় এবং বিভ্রান্তির কথা জানিয়েছেন বৈরুতের বাসিন্দারা।

    ইসরায়েল সেনাবাহিনী দাবি করেছে যে, এই হামলাগুলো "হেজবুল্লাহ কমান্ড সেন্টার" এবং ড্রোন স্টোরেজ লক্ষ্য করে চালানো হয়েছে।

    বৈরুত শহরে হামলার পর ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, বৈরুত শহরে হামলার পর ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে
    ইসরায়েলের হামলায় শহরের সড়কগুলো ধ্বংসস্তুপে পরিণত হয়েছে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইসরায়েলের হামলায় বৈরুত শহরের সড়কগুলো ধ্বংসস্তুপে পরিণত হয়েছে
    নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে ইসরায়েল সেনাবাহিনী

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে ইসরায়েল সেনাবাহিনী
    বৈরুতে ইসরায়েলি হামলায় ব্যাপকভাবে সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, বৈরুতে ইসরায়েলি হামলায় ব্যাপকভাবে সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে
  5. 'শর্তহীন আত্মসমর্পণ' ছাড়া ইরানের সাথে কোনো চুক্তি নয়': ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Bloomberg via Getty Images

    ছবির ক্যাপশান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    “শর্তহীন আত্মসমর্পণ ছাড়া ইরানের সাথে আর কোনো চুক্তি হবে না" বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    শুক্রবার সামাজিক যোগোযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে একথা জানিয়েছেন তিনি।

    ওই পোস্টে ট্রাম্প আরও লিখেছেন, "এর পরে, একজন মহান ও গ্রহণযোগ্য নেতা নির্বাচিত হবে। আমরা এবং আমাদের অনেক অসাধারণ এবং অত্যন্ত সাহসী মিত্র এবং অংশীদাররা, ইরানকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে অক্লান্ত পরিশ্রম করব, এটিকে অর্থনৈতিকভাবে আগের চেয়েও বড়, উন্নত এবং শক্তিশালী করে তুলব।"

    "ইরানের ভবিষ্যৎ দুর্দান্ত হবে। 'ইরানকে আবার মহান করে তুলুন।", উল্লেখ করেন ট্রাম্প।

  6. খামেনির বাঙ্কার ধ্বংসে ৫০টি যুদ্ধবিমান অংশ নিয়েছিল: ইসরায়েল সেনাবাহিনী

    ইসরায়েল ও মার্কিন হামলায় তেহরানে ধ্বংস হওয়া ভবন

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইসরায়েল ও মার্কিন হামলায় তেহরানে ধ্বংস হওয়া ভবন

    ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ভূগর্ভস্থ বাঙ্কার ধ্বংসের অভিযানে ৫০টি যুদ্ধবিমান অংশ নিয়েছিল বলে জানিয়েছে ইসরায়েল সেনাবাহিনী।

    সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদরাইয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে যে, বিমান বাহিনীর প্রায় ৫০টি যুদ্ধবিমান বাঙ্কারে অভিযান চালায়, যা খুবই সুরক্ষিত জায়গা হিসেবে তৈরি করা হয়েছিল। যেখান থেকে ইরানের সর্বোচ্চ নেতা যুদ্ধ সংক্রান্ত বিষয়গুলো পরিচালনা করতেন।

    আভিচাই আদরাই আরও জানান, "খামেনিকে হত্যার পরও, ইরানি শাসকগোষ্ঠীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই কমপ্লেক্সটি ব্যবহার অব্যাহত রেখেছিলেন।"

    ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এই ভূগর্ভস্থ বাঙ্কারটি তেহরানের কেন্দ্রস্থলে একটি পুরো সড়ক জুড়ে বিস্তৃত ছিল এবং এখানে ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের জন্য নির্ধারিত কক্ষ ছিল যা অনেকগুলো প্রবেশপথ দ্বারা যুক্ত।

  7. ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলে আলোচনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    ঢাকায় আয়োজিত সরকারি এক অনুষ্ঠানে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলে বক্তব্য শেষ করে আলোচনা তৈরি করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

    তার বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যা নিয়ে চলছে নানা আলোচনা।

    আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্র প্রধানের দায়িত্ব পাওয়া মি. সাহাবুদ্দিন অতীতে ‘জয় বাংলা’ বলে বক্তব্য শেষ করলেও এখন ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলাতেই এই আলোচনা তৈরি হয়েছে।

    এছাড়া আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রীয় আয়োজনগুলোয় বক্তব্য দিতে দেখা যায়নি তাকে।

    অন্তর্বর্তী সরকারের আঠারো মাসের শাসনের পর এই প্রথম তিনি সরকারি কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখলেন বিএনপির নতুন সরকারের সময়ে।

    শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় পাট দিবস- ২০২৬’ উপলক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন রাষ্ট্রপতি।

    অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত নয় দিন ব্যাপী পাট ও বহুমুখি পাট পণ্যের মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি।

  8. ‘কিছু দেশ মধ্যস্থতার উদ্যোগ শুরু করেছে’- ইরানের প্রেসিডেন্ট

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

    ছবির উৎস, Reuters

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে, “কিছু দেশ মধ্যস্থতার প্রচেষ্টা শুরু করেছে”, যদিও তিনি নির্দিষ্ট করে কোনো দেশের নাম উল্লেখ করেননি।

    সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে তিনি লিখেছেন, “কিছু দেশ মধ্যস্থতার প্রচেষ্টা শুরু করেছে। পরিষ্কার বলি, আমরা অঞ্চলে স্থায়ী শান্তির প্রতি অঙ্গীকারবদ্ধ, তবে আমাদের জাতির মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো দ্বিধা নেই”।

    “মধ্যস্থতা তাদের উদ্দেশে হওয়া উচিত, যারা ইরানি জনগণকে অবমূল্যায়ন করেছে এবং এই সংঘাতকে উসকে দিয়েছে”।

    পেজেশকিয়ানের এই মন্তব্য আসে এমন একসময়, যখন ইরানের আরব প্রতিবেশীরা তাদের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি, বেসামরিক স্থাপনা এবং জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পরিচালিত ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে।

  9. সাবেক দুই উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ

    ছবির উৎস, Jamaat-e-Islami

    ছবির ক্যাপশান, জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ

    বাংলাদেশের সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের সাবেক দুইজন উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে শুক্রবার বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

    “ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জনগণের রায় পাল্টে দেওয়ার অভিযোগের তদন্তের জন্য সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবি” লেখা দেখা যায় জামায়াতের বিক্ষোভের ব্যানারে, যা দলটির ভেরিফাইড ফেসবুক ও ইউটিউব পেজে শেয়ার করা হয়েছে।

    শুক্রবারের জুমার নামাজের পর ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জামায়াতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সংবাদমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, বিক্ষোভ সমাবেশ থেকে ১২ই ফেব্রুয়ারির নির্বাচনের ভোট গণনা থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত প্রতিটি স্তরে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে” বলে অভিযোগ করা হয়েছে।

    অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের একটি মন্তব্য ঘিরে বিভিন্ন অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী।

    দলটি ওই সাবেক উপদেষ্টার ভুল স্বীকার করার দাবিও জানিয়েছে।

    এছাড়া বর্তমান বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া সাবেক উপদেষ্টা খলিলুর রহমানের বিরুদ্ধে ‘লন্ডন মেকানিজম’-এর অভিযোগ তুলেছে জামায়াত।

    প্রসঙ্গত, গত বছরের জুন মাসে তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে তখন সেখানে অবস্থান করা বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছিলেন।

    সেই লন্ডন বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে খলিলুর রহমানও উপস্থিত ছিলেন। আর ওই বৈঠক থেকেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা এসেছিল।

    সে অনুযায়ী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

  10. শ্রীলঙ্কায় প্রবেশের অনুমতি চেয়েছে তিনটি ইরানি জাহাজ

    শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে

    তিনটি ইরানি জাহাজ ৯ ও ১৩ই মার্চ শ্রীলঙ্কা সফরের অনুমতি চেয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে বলে জানিয়েছের শ্রীলঙ্কান প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে।

    তিনি জানান, ইরানি সরকার ২৬শে ফেব্রুয়ারি সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে এই সফরের জন্য শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুমতি চেয়েছিল।

    তিনি আরও উল্লেখ করেন, জাহাজগুলো ইতোমধ্যে শ্রীলঙ্কার জলসীমার কাছে অবস্থান করছিল এবং মানবিক অনুরোধে জাহাজের দু’জন কর্মকর্তাকে দেশে আনা হয়েছে।

    বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত বিশেষ সংবাদ ব্রিফিংয়ে প্রেসিডেন্ট দিসানায়েকে বলেন, চলমান বা ভবিষ্যতের কোনো আন্তর্জাতিক সংঘাতে শ্রীলঙ্কার ভূখণ্ড, সমুদ্রসীমা কিংবা আকাশসীমা কোনোভাবেই ব্যবহার করতে দেওয়া হবে না।

  11. ইরানি আরেকটি জাহাজ থেকে ২০৮ জনকে উদ্ধার করেছে শ্রীলঙ্কা

    ইরানের একটি জাহাজের কাছে যাচ্ছে শ্রীলঙ্কার নৌবাহিনীর উদ্ধারকারী নৌযান

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইরানের জাহাজের কাছে যাচ্ছে শ্রীলঙ্কার নৌবাহিনীর উদ্ধারকারী নৌযান

    শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আইআরআইএস বুশেহর নামের একটি ইরানি জাহাজ কলম্বো বন্দরের কাছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন এলাকায় নোঙর করা রয়েছে।

    তিনি জানান, জাহাজটি শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশের অনুমতি চেয়েছে এবং জাহাজের ক্রুদের উদ্ধার করে তীরে আনা হয়েছে।

    তিনি আরও বলেন, শ্রীলঙ্কায় ইরানি দূতাবাস ও শ্রীলঙ্কা সরকারের মধ্যে আলোচনার পর ক্রুদের উদ্ধারের সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট জাহাজের অধিনায়ক।

    বার্তায় তিনি বলেন, “সেই অনুযায়ী আমাদের নৌবাহিনীর জাহাজগুলো ওই জাহাজের কাছে পৌঁছেছে এবং ক্রুদের উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে। আমাদের কাছে যে তথ্য রয়েছে, তাতে ২০৮ জন ক্রুকে তীরে আনার জন্য প্রস্তুত করা হয়েছে”।

    “এর মধ্যে ৫৩ জন কর্মকর্তা, ৮৪ জন ক্যাডেট, ৪৮ জন সিনিয়র নাবিক এবং ২৩ জন নাবিক রয়েছেন”।

    “আমরা এখন ওই ২০৮ জনকে জাহাজ থেকে আমাদের নৌযানে নিয়ে এসে কলম্বো বন্দরে আনার প্রক্রিয়া শুরু করেছি”।

    “এরপর ওই জাহাজের ক্রু ও আমাদের নাবিকদের ত্রিনকমালি বন্দরের এলাকায় নেওয়ার পরিকল্পনাও রয়েছে,” তিনি যোগ করেন।

    প্রসঙ্গত, গত চৌঠা মার্চ শ্রীলঙ্কার উপকূলের কাছে ইরানের জাহাজ আইআরআইএস দেনা হামলার শিকার হয়। পরে যুক্তরাষ্ট্র দাবি করে তারা সাবিমেরিন টর্পেডো দিয়ে আঘাত করে ইরানি জাহাজটি ডুবিয়ে দেয়।

    জাহাজ থেকে সাহায্যের আবেদন জানানোর পর ৩২ জনকে উদ্ধার করে শ্রীলঙ্কার নৌবাহিনী।তাদের চিকিৎসার জন্য গালে জাতীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ জানান যে জাহাজে প্রায় ১৮০ জন যাত্রী ছিলেন এবং পরে নিখোঁজ ৮৪ জনের মৃতদেহ পাওয়া গেছে। মৃতদেহগুলো গালে জাতীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

  12. ইরানের স্কুলে হামলার পেছনে যুক্তরাষ্ট্র?

    মিনাবের শাজরা তাইয়িবা বালিকা বিদ্যালয়ে উদ্ধারকাজ

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, মিনাবের শাজরা তাইয়িবা বালিকা বিদ্যালয়ে উদ্ধারকাজ

    দুই আমেরিকান কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স সংবাদ সংস্থা জানিয়েছে, মার্কিন সামরিক তদন্তকারীরা ধারনা করছেন যে, মিনাবের শাজরা তাইয়িবা বালিকা বিদ্যালয়ে বিমান হামলার জন্য মার্কিন বাহিনী দায়ী ছিল।

    যদিও তারা এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি বা তাদের তদন্ত শেষ করেননি বলে জানিয়েছেন।

    ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মিরাবের স্কুলটিতে হামলায় সবচেয়ে বেশি সমালোচনা তৈরি হয়েছে। ইরানি কর্তৃপক্ষ বলছে, এতে ১৬৮ জন নিহত হয়েছেন যাlদের অধিকাংশই শিশু।

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুই দেশের কেউই এর দায় স্বীকার করেনি। ইসরায়েল বলেছে ,তারা ওই এলাকায় কোনো অভিযানের কথা জানে না। আর যুক্তরাষ্ট্র বলেছে, ঘটনাটি এখনো তদন্ত করা হচ্ছে এবং তারা কখনো বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা করে না।

    তবে নাম প্রকাশে অনিচ্ছুক সেই দুই কর্মকর্তা রয়টার্সকে আমেরিকার দিকেই ইঙ্গিত দিয়েছেন। অবশ্য তারা নতুন প্রমাণ পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি, যা মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়মুক্ত করে এবং এই ঘটনার জন্য অন্য কোনো পক্ষের দিকে ইঙ্গিত দিতে পারে।

    ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের এই স্কুলটির পাশে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর বা আইআরজিসির ঘাঁটি ছিল। সেই জায়গাজুড়ে কাছাকাছি সময়ে একাধিক হামলা হয়েছে বলে নিশ্চিত করেছে বিবিসি ভেরিফাই।

    যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ ওয়ারের ইন্সটাগ্রামের একটি পোস্ট থেকে দেখা যায়, আমেরিকা-ইসরায়েলের যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টার মানচিত্রে ইরানের দক্ষিণে হামলার স্থান ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চিহ্নিত করা হয়েছে যার মধ্যে মিনাবও ছিল।

    যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ ওয়ারের ইন্সটাগ্রামের একটি পোস্টের স্ক্রিনশট

    ছবির উৎস, USdeptofwar

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ ওয়ারের ইন্সটাগ্রামের একটি পোস্টের স্ক্রিনশট
    আইআরজিসিঢ় ঘাঁটির কাছাকাছিই ছিল সেই সেই স্কুলের অবস্থান। পুরো জায়গাটিতে জুড়েই বেশ অনেকগুলো হামলার চিহ্ন পাওয়া গেছে স্যাটেলাইট চিত্রে
    ছবির ক্যাপশান, আইআরজিসিঢ় ঘাঁটির কাছাকাছিই ছিল সেই সেই স্কুলের অবস্থান। পুরো জায়গাটিতে জুড়েই বেশ অনেকগুলো হামলার চিহ্ন পাওয়া গেছে স্যাটেলাইট চিত্রে
  13. ইসরায়েলে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা

    ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র এগিয়ে আসছে- ইসরায়েলি সেনাবাহিনী নিজ দেশের নাগরিকদের জন্য এমন সতর্কতা জারির কিছুক্ষণ পরই জানিয়েছে, এসব হামলায় এখন পর্যন্ত কোনো নিহত বা আহতের খবর পাওয়া যায়নি।

    এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, ইরান থেকে তাদের দিকে ছোঁড়া নতুন ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চলছে।

    টেলিগ্রামে সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, "কিছুক্ষণ আগে, ইসরায়েলি সেনাবাহিনী ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।"

    আরও বলা হয়, “এই হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।”

    বিবৃতি অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্রন্ট কমান্ড সংশ্লিষ্ট এলাকায় থাকা মানুষের মোবাইল ফোনে ‘সতর্কতামূলক নির্দেশনা’ পাঠানো হয়েছে।

    হোম ফ্রন্ট কমান্ড "প্রাসঙ্গিক এলাকার" মানুষের মোবাইল ফোনে "সতর্কতামূলক নির্দেশনা" পাঠিয়েছে।

    অন্যদিকে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার ঘোষণা দেওয়ার পর শুক্রবার তেল আবিবে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

  14. ইরান সংশ্লিষ্ট সন্ত্রাসবিরোধী তদন্তে লন্ডনে চারজন গ্রেফতার

    ইরান-সংশ্লিষ্ট একটি সন্ত্রাসবিরোধী তদন্তের অংশ হিসেবে লন্ডনে চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।

    বিদেশী গোয়েন্দা সংস্থাকে সহায়তা করার সন্দেহে পুলিশ একজন ইরানি এবং ব্রিটিশ-ইরানি দ্বৈত নাগরিকত্ব থাকা তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়।

    পুলিশ বলছে, তদন্তটি লন্ডনের ইহুদি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত বিভিন্ন স্থান ও ব্যক্তির ওপর সম্ভাব্য নজরদারির সঙ্গে সম্পর্কিত।

    ওয়াটফোর্ড, বার্নেট এবং ওয়েম্বলির একটি ঠিকানাতেও এখনো তল্লাশি অব্যাহত রয়েছে।

    ৪০ বছর ও ৫৫ বছর বয়সী দুজনকে বার্নেটের দুটি ঠিকানা থেকে, ৫২ বছর বয়সী একজনকে ওয়াটফোর্ড থেকে এবং ২২ বছর বয়সী একজনকে হ্যারোর ঠিকানা থেকে গ্রেফতার করা হয়।

    হ্যারোতে একই স্থানে একজন অপরাধীকে সহায়তা করার সন্দেহে ২৯, ৩৯, ৪২, ৪৯ বছর বয়সী আরও ছয়জন এবং ২০ বছর বয়সী দুজনকে গ্রেফতার করা হয়েছে।

  15. ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন

    হাসপাতাল

    ছবির উৎস, Getty Images

    ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে ইরান ও হেজবুল্লাহর সাথে সংঘর্ষের ফলে গত ২৪ ঘণ্টায় ১৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আহতদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর, ১৯ জনের অবস্থা মাঝামাঝি পর্যায়ে এবং ১১৪ জন সামান্য আহত। এছাড়া চার জন আতঙ্কজনিত সমস্যায় ভুগছেন এবং দুই জনের চিকিৎসা নিয়ে এখনো মূল্যায়ন চলছে।

    মন্ত্রণালয় তার টেলিগ্রাম বিবৃতিতে জানিয়েছে যে, অভিযান শুরু হওয়ার পর থেকে ৬ই মার্চ, শুক্রবার সকাল পর্যন্ত মোট আহতের সংখ্যা এক হাজার ৬১৯ জন, যাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

    ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে যে যুদ্ধের প্রথম সপ্তাহে ৫০২ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

    তারা আরও জানায়, ক্ষেপণাস্ত্রের আঘাতের স্থানে ১৩৮ জন আহত হন, যাদের মধ্যে ১০ জন মারা গেছেন। এছাড়া দুই জন গুরুতর আহত, ছয় জন মাঝারি আহত এবং ১২০ জন সামান্য আহত হয়েছেন।

    এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে দক্ষিণ লেবাননে এক যুদ্ধে একজন অফিসার এবং একজন সৈনিক আহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে দক্ষিণ লেবাননে যুদ্ধে গিভাতি ব্রিগেডের একজন অফিসার গুরুতর আহত হয়েছেন এবং একই ব্রিগেডের একজন সৈনিক মাঝামাঝি পর্যায়ে আহত হয়েছেন।

  16. রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি সৌদি আরবের

    সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির অভ্যন্তরে রাতভর পরিচালিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা তারা প্রতিহত করেছে।

    এক্স-এ প্রকাশিত একাধিক আপডেটে মন্ত্রণালয় বলেছে, রাজধানী রিয়াদের দক্ষিণ-পূর্বে অবস্থিত আল-খারজ শহরের কাছে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘আটকানো ও ধ্বংস’ করা হয়েছে।

    শেষ এক ঘণ্টায় তারা আরও জানিয়েছে যে, রাজধানীর আশপাশে বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

  17. ইসরায়েলের সীমান্ত এলাকার বাসিন্দাদের প্রতি হেজবুল্লাহর সতর্কবার্তা

    ইসরায়েলি বাসিন্দাদের লেবানন সীমান্ত থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে অবস্থিত শহরগুলো ছেড়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে হেজবুল্লাহ। বিবিসি ফার্সির এক খবরে এই তথ্য জানানো হয়েছে।

    বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার সকালে হিব্রু ভাষায় হেজবুল্লাহর টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বার্তায় এই সতর্কতা জানানো হয়।

    বার্তায় বলা হয়েছে, “লেবাননের সার্বভৌমত্ব ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে আপনাদের সেনাবাহিনীর লঙ্ঘন, বেসামরিক অবকাঠামো ধ্বংস এবং যে উচ্ছেদ অভিযান তারা চালাচ্ছে—তার জবাব দেওয়া হবে”।

    বৃহস্পতিবার রাতের দিকে ইসরায়েলি সেনারা লেবাননের বিরুদ্ধে একাধিক হামলা চালায়। এর আগে তারা বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর—যা হেজবুল্লাহর প্রধান ঘাঁটিগুলোর অন্যতম হিসেবে বিবেচিত—সেখানকার মানুষদের স্থান ত্যাগ করতে বলে।

    ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা অল্প কিছুক্ষণ আগে তেহরানে অবস্থিত “ইরানি সন্ত্রাসী শাসনব্যবস্থার” অবকাঠামোর বিরুদ্ধে একটি “ব্যাপক হামলা” শুরু করেছে।

  18. ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘নাটকীয়ভাবে বেড়ে যাবে’: হেগসেথ

    যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

    গতরাতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্রের অভিযানের বিষয়ে এক ব্রিফিং করেন।

    হেগসেথ বলেন, “ইরান ও তেহরানের ওপর যে পরিমাণ গোলাবারুদ ফেলা হচ্ছে, তা নাটকীয়ভাবে বাড়তে চলেছে”।

    তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেওয়ার যুক্তরাজ্যের সিদ্ধান্ত ওয়াশিংটনের হামলা জোরদার করতে সহায়তা করবে।

    হেগসেথ বলেন, “দুঃখজনক যে শুরু থেকেই ব্রিটিশরা বলেনি, ‘ঠিক আছে, এগিয়ে যান এবং ঘাঁটিটি ব্যবহার করুন’। তবে শেষ পর্যন্ত আমরা তা পেয়েছি”।

    এদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টার্মার বলেছেন, যুক্তরাজ্য কাতারে অবস্থানরত দেশটির স্কোয়াড্রনে যোগ দিতে আরও চারটি টাইফুন যুদ্ধবিমান পাঠাবে।

    যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটিগুলো “প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনার” জন্য ব্যবহার করতে দিয়েছে বলে প্রধানমন্ত্রী জানান।

  19. ইরানে মার্কিন সেনা পাঠানো 'সময়ের অপচয়' বললেন ট্রাম্প

    ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, EPA

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই মুহূর্তে ইরানে মার্কিন সেনা পাঠানো ‘সময়ের অপচয়’ হবে এবং এখন তিনি এমন কোনো বিষয় নিয়ে এখনই ভাবছেন না।

    বৃহস্পতিবার এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, "এটা সময়ের অপচয়। তারা সবকিছু হারিয়েছে। তারা তাদের নৌবাহিনী হারিয়েছে। তারা যা হারাতে পারে তার সবকিছুই হারিয়েছে"।

    এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এনবিসিতে যে মন্তব্য করেছিলেন যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি স্থল আক্রমণের জন্য প্রস্তুত, সেটিও ‘অযথা মন্তব্য’ বলে উল্লেখ করেন তিনি।

    ট্রাম্প আরও বলেন যে তিনি বর্তমান ইরানি নেতৃত্ব কাঠামোকে ‘সাফ করে দিতে’ চান।

    "আমরা চাই তাদের একজন ভালো নেতা থাকুক। আমাদের কিছু লোক আছে যারা আমার মনে হয় ভালো কাজ করবে," বলেন তিনি। যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি।

  20. আসামে ভারতীয় যুদ্ধবিমান ভেঙে পড়ে দুই পাইলটের মৃত্যু

    যুদ্ধবিমান

    ছবির উৎস, Subhankar Chakraborty/Hindustan Times via Getty Images

    দুইজন পাইলটকে নিয়ে আসামের কার্বি আংলং এলাকায় বিধ্বস্ত হয়েছে একটি ভারতীয় যুদ্ধবিমান।

    ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমানটি জোরহাট বিমান ঘাঁটি থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় আকাশে ওড়ে। কিছুক্ষণ পরে,ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ নাগাদ শেষবার বিমানটির সঙ্গে যোগাযোগ করা গিয়েছিল।

    এর পরেই রাডার থেকে হারিয়ে যায় যুদ্ধবিমানটি। তল্লাশির পর গভীর রাতে ভারতীয় বিমান বাহিনী তাদের এক্স হ্যান্ডেলে জানায় সুখোইটি জোরহাট থেকে ৬০ কিমি দূরে আসামের কাৰ্বি আংলং এলাকায় ভেঙে পড়েছে।

    যুদ্ধবিমানে থাকা স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকরের মৃত্যু হয়েছে। তবে কী কারণে এই দুর্ঘটনা তা এখনো স্পষ্ট করেনি ভারতীয় বিমানবাহিনী।

    আগেও ২০১৭ সালে আসামের তেজপুর বিমানঘাঁটি থেকে ওড়ার পর অরুণাচল প্রদেশের জঙ্গলে ভেঙে পড়েছিল একটি সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান। যুদ্ধবিমানে থাকা এক স্কোয়াড্রন লিডার ও এক ফ্লাইট লেফটেন্যান্টের মৃত্যু হয়েছিল।

Trending Now