আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ইরানের সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে, দাবি ট্রাম্পের

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৭৮৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর তাদের নাগরিকদের ১৪টি দেশ অবিলম্বে ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে। নতুন করে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা করেছে ইসরায়েল, অন্যদিকে সৌদি আরবের তেল স্থাপনায় ইরানি হামলা হতে পারে জানিয়ে যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়েছে।

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার সারাদিন যা যা ঘটেছে:

    • ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে।তিনি দাবি করেছেন, তাদের এখন নৌ বাহিনী নেই, বিমান বাহিনী নেই, আকাশে বিমান শনাক্ত করার কোনো ব্যবস্থা নেই।
    • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন যে, ইরানের নতুন নেতৃত্ব তার সঙ্গে আলোচনায় বসতে চাচ্ছে। কিন্তু এখন তিনি ইরানের সঙ্গে কোনো আলোচনায় যাবেন না বলে জানিয়েছেন।
    • ইরানের প্রেসিডেন্ট কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ভবনে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলের বিমান বাহিনী। সেইসঙ্গে, ইরানের অস্ত্র তৈরির কারখানাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
    • যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে হামলা চালানোর পর থেকে এখন পর্যন্ত ইরানে প্রায় ৭৮৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি।
    • সাইপ্রাসে নিজেদের সেনা ঘাঁটিতে ড্রোন হামলা হওয়ার পর এখন ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠানোর কথা ভাবছে যুক্তরাজ্য। তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে দেশটির প্রতিরক্ষাসূত্রে জানা যাচ্ছে।
    • যুক্তরাজ্য 'সাহায্য করছে না' এবং সম্পর্ক 'আগের মতো নেই' বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।
    • কুয়েতে মার্কিন একটি সামরিক স্থাপনায় চালানো ইরানের হামলায় অন্তত ছয় আমেরিকান সেনা নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তারা।
    • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কৌশলগত সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে দুইদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।
    • ওমরাহ করতে সৌদি আরবের মক্কা ও মদিনায় যাওয়া ইরানিদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সি।
    • ইরানের হামলায় বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটি ধ্বংস হয়েছে বলে খবর প্রকাশিত হচ্ছে।
    • "লেবাননের বিভিন্ন শহর লক্ষ্য করে ইসরায়েলের অপরাধমূলক আগ্রাসনের জবাবে" তিনটি ইসরায়েলি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান-সমর্থিত জঙ্গি গোষ্ঠী হেজবুল্লাহ।
    • হেজবুল্লাহকে দমনে লেবাননের অতিরিক্ত কৌশলগত এলাকা দখল এবং স্থলভাগে অগ্রসর হওয়ার জন্য ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফকে অনুমোদন দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
    • যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর তাদের নাগরিকদের মধ্যপ্রাচ্যের ১৪টি দেশ অবিলম্বে ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে। এই দেশগুলোর মধ্যে রয়েছে– বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।
    • কুয়েত, সৌদি আরব ও বৈরুতে ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা।
    • মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে বা মেয়াদ শেষ হতে যাচ্ছে এমন সব ধরনের ভিসার মেয়াদ এক মাসের জন্য বাড়ানোর তথ্য জানিয়েছে কাতার।
    • সংযুক্ত আরব আমিরাতের আবারও হামলা চালিয়েছে ইরান। হামলার পর ফুজাইরাহ তেলে টার্মিনালের ওপরে ধোঁয়া উড়তে দেখা গেছে। ফুজাইরাহ মিডিয়া অফিস জানিয়েছে, ইরানের ড্রোন ধ্বংস করার পর সেগুলোর একটি ধ্বংসাবশেষ ওই তেলের টার্মিনালের ওপর পড়ে আগুন লাগে।
    • সীতাকুন্ডের শিশুর শ্বাসনালী কেটে হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
    • ইরান সৌদি আরবে আবারও হামলা চালাতে পারে বলে সতর্ক করল যুক্তরাষ্ট্র। সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত তেলসমৃদ্ধ শহর দাহরানে ড্রোন হামলার হুমকি রয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।শহরটি সৌদি আরবের তেল শিল্পের প্রধান কেন্দ্র।
    • ইরানের ওপর হামলাকারী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে থামানো গেলেই যুদ্ধ বন্ধ হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
    • ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর গত চারদিনে ১৭২টি ক্ষেপণাস্ত্র এবং ৭৫৫টি ড্রোন ভূপাতিত করেছে সংযুক্ত আরব আমিরাত।
    • চলমান যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আটকেপড়া ব্রিটিশ নাগরিকদের উদ্ধারে চার্টার ফ্লাইট পাঠাচ্ছে যুক্তরাজ্য।
    • ওমানের দুকম বন্দরের একটি জ্বালানি ট্যাঙ্ক ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।
    • ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর প্রথমবারের মতো খুলে দেওয়া হল গাজা ক্রসিং।
    • দুর্নীতি দমন কমিশন বা দুদক এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন এবং কমিশনের অন্য দুই সদস্য পদত্যাগ করেছেন।
    • অন্তর্বর্তী সরকার গৃহিত অধ্যাদেশগুলো আগামী ১২ মার্চ জাতীয় সংসদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
    • ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তি, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এবং শিক্ষার্থীরা দূরপাল্লার রেলে ভ্রমণের ক্ষেত্রে টিকিটে ২৫ শতাংশ ডিসকাউন্ট বা মূল্যছাড় সুবিধা পাবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌ-পরিবহন এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম। এক্ষেত্রে 'যথাযথ আইডি কার্ড' বা পরিচয়পত্র দেখিয়ে তারা এই সুবিধা নিতে পারবেন বলে জানান তিনি।
    • জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ) এবং গণভোট অর্ডিন্যান্স- সংবিধানের সঙ্গে 'সাংঘর্ষিক হওয়ায়' এগুলো কেন অবৈধ হবে না, এ বিষয়ে জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

    বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হচ্ছে। বুধবার সকালে আবারও লাইভপাতা চালু হবে।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. ইরানের সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে, দাবি ট্রাম্পের

    ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে।

    তিনি দাবি করেছেন, তাদের এখন নৌ বাহিনী নেই, বিমান বাহিনী নেই, আকাশে বিমান শনাক্ত করার কোনো ব্যবস্থা নেই।

    হোয়াইট হাউজে জার্মান চ্যান্সেলর ফ্রড্রেরিক মের্জের সাথে একটি বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

    ইরানে হামলা প্রসঙ্গে তিনি বলেছেন, ''আমরা ওই উম্মাদদের সাথে আলোচনা করছিলাম। কিন্তু আমার ধারণা, তারা আমাদের ওপরেই আগে হামলা চালাতে যাচ্ছিল।''

    ''আমি সেটা হতে দিতে চাইনি।''

    ট্রাম্প বলেন, ''এই কারণে যদি কিছু হয়ে থাকে, আমার কারণেই হয়তো ইসরায়েল (হামলা চালাতে) বাধ্য হয়েছে।''

    ট্রাম্প বলেছেন, ইরানে ভবিষ্যতে কারা নেতৃত্ব দিতে পারে, সেজন্য কিছু মানুষ তাদের বিবেচনায় ছিল, কিন্তু এখন তাদের সবাই মারা গেছে।

    ''খুব তাড়াতাড়ি, এমন আর কাউকে হয়তো পাওয়া যাবে না,'' বলেছেন ট্রাম্প।

    এই সময় ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যে ও স্পেনের প্রতি তার অসন্তোষও প্রকাশ করেন। কারণ শুরুতে ভারত মহাসাগরে দিয়োগো গার্সিয়ায় যুক্তরাজ্যের সামরিক ঘাটি হামলার জন্য ব্যবহার করতে দিতে রাজি হয়নি লন্ডন।

  3. দুইদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এলেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

    বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কৌশলগত সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে দুইদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

    মঙ্গলবার রাতে বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

    তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন সরকার গঠনের পর এটিই যুক্তরাষ্ট্রের প্রথম উচ্চ পর্যায়ের সফর।

    ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস সামাজিক মাধ্যমের এক বার্তায় জানিয়েছে, সফরকালে মি. কাপুর বাংলাদেশ সরকারের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

  4. বৈরুতে মার্কিন দূতাবাস 'সাময়িকভাবে' বন্ধ ঘোষণা

    লেবাননের রাজধানী বৈরুতে অবস্থিত নিজেদের দূতাবাস 'সাময়িকভাবে' বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

    "পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটি বন্ধ থাকবে," এক বার্তায় জানিয়েছে বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস।

    দূতাবাসের সঙ্গে দেশটিতে অবস্থিত অন্যান্য কনস্যুলেটের কার্যক্রমও আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে।

  5. ইরানের ঐতিহাসিক নির্দশনের ক্ষয়ক্ষতি তদন্তের জন্য ইউনেস্কোর প্রতি আহ্বান সংস্কৃতিমন্ত্রীর

    মার্কিন-ইসরায়েল হামলায় ইরানের ঐতিহাসিক নির্দশনের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো তদন্ত করে দেখার জন্য ইউনেস্কোর প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী মাহমুদ সালেহি আমিরি।

    সাম্প্রতিক হামলায় তেহরানের ঐতিহাসিক গোলেস্তান প্রাসাদ কমপ্লেক্স এবং বাজারের কিছু অংশ 'মারাত্মকভাবে' ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

    ঠিক কী কী নিদর্শন কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর জন্য ইউনেস্কোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান।

  6. পশ্চিম তেহরানে ভয়াবহ অগ্নিকাণ্ড

    ইসরায়েলি হামলার পর পশ্চিম তেহরানের কিছু ছবি প্রকাশিত হয়েছে। সেখানে একটি মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ আগুন জ্বলতে দেখা যাচ্ছে। মেট্রো স্টেশনের ওপরে ঘন কালো ধোঁয়া দেখা যাচ্ছে।

    ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েল যুদ্ধের চতুর্থ দিন মঙ্গলবার তেহরান, ইসফাহান, কোমসহ বিভিন্ন শহরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

    এই হামলার ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

    তবে ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের অস্ত্র কারখানা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

  7. ইরানের অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে ইসরায়েল

    ইরানের অস্ত্র তৈরির কারখানাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

    মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক বার্তায় আইডিএফ জানিয়েছে, তারা ইরানের শাসকগোষ্ঠীর অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত কারখানাতে আক্রমণ চালিয়েছে।

    বিশেষ করে 'ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনে ব্যবহৃত সাইটে' হামলার ওপর জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইডিএফ কর্মকর্তারা।

    তেহরানের পাশাপাশি ইসফাহান শহরে একযোগে হামলাটি চালানো হয়েছে বলে জানা যাচ্ছে।

    হামলার প্রথম ধাপ শেষ হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি।

  8. কুয়েতে ইরানের হামলায় ছয় মার্কিন সেনা নিহত

    কুয়েতে মার্কিন একটি সামরিক স্থাপনায় চালানো ইরানের হামলায় অন্তত ছয় আমেরিকান সেনা নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তারা।

    গত রোববার হামলা ওই ঘটনাটি ঘটে।

    হামলাটিতে তিনজন সৈন্য মারা গেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছিল মার্কিন কেন্দ্রীয় কমান্ড।

    কিন্তু পরে কর্মকর্তারা নিশ্চিত করেন যে, মৃতের সংখ্যা দ্বিগুণ হয়েছে।

    পরের তিনজনের মধ্যে একজন আহত অবস্থায় মারা গেছেন এবং দু'জনের মরদেহ ধ্বংসস্তূপের মধ্যে পাওয়া গেছে।

    মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ নিশ্চিত করেছেন যে, পাল্টা হামলা চলাকালে কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো একটি মার্কিন বাঙ্কারে আঘাত হানলে ওই হতাহতের ঘটনা ঘটে।

    ইরানি হামলায় কুয়েতের বায়ানে অবস্থিত মার্কিন দূতাবাসও ক্ষতিগ্রস্ত হয়।

  9. সংযুক্ত আরব আমিরাতে তেলের টার্মিনালের ওপর ধোঁয়া দেখা যাচ্ছে

    সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ তেলে টার্মিনালের ওপরে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে।

    মঙ্গলবার সকালে ওই এলাকায় যে হামলার ঘটনা ঘটেছে, তাতে তেলের টার্মিনালটি ক্ষতিগ্রস্ত হয়।

    টার্মিনালটি সাগরের উপকূলে অবস্থিত।

    সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ মিডিয়া অফিস জানিয়েছে, সকালে ইরানের ড্রোন ধ্বংস করার পর সেগুলোর একটি ধ্বংসাবশেষ ওই তেলের টার্মিনালের ওপর পড়ে।

    এরপর আগুন লেগে গেলেও দ্রুতই সেটি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানান কর্মকর্তারা। তবে এখনও কিছু জায়গা থেকে ধোঁয়া বের হচ্ছে।

    এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

  10. সীতাকুন্ডের শিশুর শ্বাসনালী কেটে হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ

    মঙ্গলবার সন্ধ্যায় একটি সংবাদ সম্মেল চট্টগ্রামের পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন জানিয়েছেন, তারা মুল অভিযুক্তকে গ্রেফতার করেছেন। শিশুটিকে চকলেট আর বেড়ানোর কথা বলে জঙ্গলে নিয়ে গিয়েছিল প্রতিবেশী এক ব্যক্তি।

    এই প্রতিবেদনটি বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন

  11. ইরান সৌদি আরবে আবারও হামলা চালাতে পারে বলে সতর্ক করল যুক্তরাষ্ট্র

    পাল্টা হামলার অংশ হিসেবে ইরান সৌদি আরবে আবারও হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

    সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সৌদি আরবের মার্কিন দূতাবাস এই তথ্য জানিয়েছে।

    সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত তেলসমৃদ্ধ শহর দাহরানে ড্রোন হামলার হুমকি রয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

    শহরটি সৌদি আরবের তেল শিল্পের প্রধান কেন্দ্র।

    সেখানে মার্কিন দূতাবাসের একটি কার্যালয় রয়েছে। সেখানে হামলার আশঙ্কা করা হচ্ছে। আশঙ্কা থেকে কনস্যুলেটের কার্যক্রমও আপাতত বন্ধ রাখা হয়েছে।

    এর আগে, মঙ্গলবার ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর দূতাবাসটির কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে।

  12. যুদ্ধ বন্ধ করার উপায় হলো হামলাকারীদের থামানো: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

    ইরানের ওপর হামলাকারী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে থামানো গেলেই যুদ্ধ বন্ধ হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

    মঙ্গলবার তেহরানের একটি স্কুলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    "আমরা শেষমুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলাম, যাতে যুদ্ধে জড়াতে না হয়, কিন্তু অন্য পক্ষগুলো যুদ্ধে করার সিদ্ধান্ত নেয়," বলেন মি. বাঘাই।

    "এখন যুদ্ধ বন্ধ করার উপায় হলো হামলাকারীদের থামানো," যোগ করেন তিনি।

    'অনেক দেরি হয়ে যাওয়ার আগেই' আন্তর্জাতিক সম্প্রদায়কে যুদ্ধ থামানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

    "যুদ্ধ আরও ব্যাপক আকার ধারণ করার আগেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবশ্যই তাদের দায়িত্ব পালন করতে হবে এবং হামলা বন্ধ করার বিষয়ে হামলাকারীদের বাধ্য করে এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করতে হবে," বলেন মি. বাঘাই।

  13. অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো সংসদে তোলা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

    অন্তর্বর্তী সরকার গৃহিত অধ্যাদেশগুলো আগামী ১২ মার্চ জাতীয় সংসদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

    মঙ্গলবার সিলেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়েছে।

    "(স্থানীয় সরকার নির্বাচন) দলীয় প্রতীক ছাড়া সাধারণ প্রতীকে নির্বাচন হওয়ার ব্যাপারে একটা অধ্যাদেশ অন্তর্বর্তী সরকার জারি করেছে। আগামী ১২ মার্চ সবগুলো অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে। পার্লামেন্ট কোন অধ্যাদেশগুলো গ্রহণ করবে বা কোনটি করবে না- এটা ওইদিন সিদ্ধান্ত হবে," বলেন মি. আলম।

    প্রতীকের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন হবে না বলেও জানান তিনি।

    "অধ্যাদেশ গ্রহণ হলে সংসদে আইন আকারে পাশ করতে হবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হবে," বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

  14. বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলের টিকিটে ২৫ শতাংশ ডিসকাউন্ট পাবে: রেলমন্ত্রী

    ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তি, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এবং শিক্ষার্থীরা দূরপাল্লার রেলে ভ্রমণের ক্ষেত্রে টিকিটে ২৫ শতাংশ ডিসকাউন্ট বা মূল্যছাড় সুবিধা পাবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌ-পরিবহন এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম।

    এক্ষেত্রে 'যথাযথ আইডি কার্ড' বা পরিচয়পত্র দেখিয়ে তারা এই সুবিধা নিতে পারবেন বলে জানান তিনি।

    মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন রেলমন্ত্রী।

    "যেহেতু ঈদের অল্প দিন বাকি, আমরা ঈদের আগেই চেষ্টা করছি। সম্ভব হওয়ার সম্ভাবনা একটু কম, কিন্তু আগামী কোরবানির ঈদের আগে নিশ্চয়ই এটি নিশ্চিত হবে এবং টিকিটের ২৫ পার্সেন্ট ডিসকাউন্টে চলতে পারবে," বলেন মি. আলম।

    তিনি আরও বলেন, "আপনি আইডি কার্ড দেখালে ৬৫ বছরের বেশি বয়স হলেই আপনাকে ২৫ শতাংশ ডিসকাউন্ট করতে হবে। স্টুডেন্ট আইডি কার্ড শো করতে হবে এবং যারা ডিজেবল পিপল আছেন, তাদের ক্ষেত্রেও যেটা হবে, তাদেরও একটি কার্ড আছে। সেটা প্রদর্শন করলেই তারা সেই ডিসকাউন্টের সুবিধা পাবেন।"

  15. চারদিনে ১৭২টি ক্ষেপণাস্ত্র ও ৭৫৫টি ড্রোন ভূপাতিত করেছে সংযুক্ত আরব আমিরাত

    ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর গত চারদিনে ১৭২টি ক্ষেপণাস্ত্র এবং ৭৫৫টি ড্রোন ভূপাতিত করেছে সংযুক্ত আরব আমিরাত।

    দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভূপাতিত হওয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো ইরান থেকে নিক্ষেপ করা হয়েছিল।

    মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান মঙ্গলবার পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের মার্কিন স্থাপনা লক্ষ্য করে মোট ১৮৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

    সেগুলোর মধ্যাযে ১৩টি সমুদ্রে গিয়ে পড়েছে এবং একটি সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ডে আঘাত করেছে। বাকিগুলো ধ্বংস করা হয়েছে।

    এর বাইরে, পাল্টা হামলায় ব্যবহৃত ৮১২টি ইরানি ড্রোন হামলা চালানো হয়। সেগুলোর মধ্যে ৭৫৫টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে সংযুক্ত আরব আমিরাত।

    বাকিগুলোর মধ্যে কিছু ড্রোন বিভিন্ন স্থাপনায় আঘাত হেনেছে, যাতে সম্পদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

    হামলার এসব ঘটনায় সংযুক্ত আরব আমিরাতে তিনজন নিহত এবং ৬৮ জন আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা

  16. মধ্যপ্রাচ্যে আটকেপড়া ব্রিটিশ নাগরিকদের উদ্ধারে চার্টার ফ্লাইট পাঠাচ্ছে যুক্তরাজ্য

    চলমান যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আটকেপড়া ব্রিটিশ নাগরিকদের উদ্ধারে চার্টার ফ্লাইট পাঠাচ্ছে যুক্তরাজ্য।

    দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার পার্লামেন্টের হাউস অফ কমন্সকে বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে সরকারি একটি চার্টার ফ্লাইট ওমানের মাস্কাট থেকে যুক্তরাজ্যর উদ্দেশ্যে ছেড়ে যাবে।

    মধ্যপ্রাচ্যের কোনদেশে কতজন ব্রিটিশ নাগরিক রয়েছেন, সেটি জানার জন্য নতুন নিবন্ধন শুরু করেছে ইউকে সরকার।

    মঙ্গলবার সকাল পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এক লাখ ত্রিশ হাজার ব্রিটিশ নাগরিক সেখানে নিবন্ধন করেছেন বলে জানানো হয়েছে।

    তবে তাদের মধ্যে যারা 'ঝুঁকিপূর্ণ' অবস্থায় রয়েছেন, তাদেরকে চার্টার ফ্লাইটে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

  17. ইরান আলোচনায় বসতে চায়, আমি বলেছি 'অনেক দেরি হয়ে গেছে': ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন যে, ইরানের নতুন নেতৃত্ব তার সঙ্গে আলোচনায় বসতে চাচ্ছে। কিন্তু এখন তিনি ইরানের সঙ্গে কোনো আলোচনায় যাবেন না বলে জানিয়েছেন।

    "তাদের আকাশ নিরাপত্তা ব্যবস্থা, বিমান বাহিনী, নৌ বাহিনী এবং নেতৃত্ব- শেষ হয়ে গেছে," সামাজিক মাধ্যমের একটি পোস্টে লিখেছেন মি. ট্রাম্প।

    "ওরা কথা বলতে চায়। আমি বলেছি অনেক দেরি হয়ে গেছে!," যোগ করেন তিনি।

    মার্কিন এই প্রেসিডেন্ট আগেও একবার এমন দাবি করেছিলেন।

    তিনি বলেছিলেন, খামেনির মৃত্যুর পর ইরানের বর্তমান নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছে। কিন্তু সেটি উড়িয়ে দিয়েছিল তেহরান।

    ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা করবেন না।

  18. হামলায় ব্যবহৃত একাধিক ড্রোন ভূ-পাতিত করেছে ওমান

    ওমানে নতুন করে হামলা চালানোর জন্য পাঠানো তিনটি ড্রোন ভূ-পাতিত করা হয়েছে।

    দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ধোফারে ড্রোন দু'টি উড়ছিল। পরে সেগুলো ভূ-পাতিত করা হয়।

    ওমানের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত সালালাহ বন্দরের কাছে তৃতীয় আরেকটি ড্রোন বিধ্বস্ত হয়েছে বলে ওমান নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে।

    তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

  19. তেহরানে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে

    মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

    ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে, তারা সেখানে নতুন করে হামলা চালিয়েছে।

    ইরানের সামরিক বাহিনীর একজন শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে বলে জানিয়েছেন আইডিএফ কর্মকর্তারা।

  20. সাইপ্রাস সেনাঘাঁটিতে হামলার পর ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠানোর কথা ভাবছে যুক্তরাজ্য

    সাইপ্রাসে নিজেদের সেনা ঘাঁটিতে ড্রোন হামলা হওয়ার পর এখন ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠানোর কথা ভাবছে যুক্তরাজ্য।

    সম্ভাব্য মোতায়েনের জন্য ব্রিটিশ রয়েল নেভির যুদ্ধজাহাজ এইচএমএস ডানকান প্রস্তুত রাখা হয়েছে।

    তবে মোতায়েনের বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে দেশটির প্রতিরক্ষাসূত্রে জানা যাচ্ছে।

Trending Now