আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আব্বাস আরাঘচি

সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে এ কথা জানিয়েছেন। ইরান যুদ্ধের কারণে সৃষ্ট তেল সংকটে বিশ্বের প্রথম প্রথম দেশ হিসেবে জ্বালানি খাতে জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপিন্স। এদিকে, লেবাননের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় হামলা চালাচ্ছে ইসরায়েল।

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবারের উল্লেখযোগ্য খবর

    • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সাথে আলোচনায় বলেছেন, সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান।
    • মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপিন্স।
    • পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনার আয়োজক হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
    • ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ফোনে কথা হয়েছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
    • মোহাম্মদ বাকের জুলকাদরকে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
    • আল-উদেইদে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি বন্ধ করে দেওয়ার কথা ভাবছে না কাতার। দেশটি আরো জানিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করবে না তারা।
    • লেবাননজুড়ে জ্বালানি সংশ্লিষ্ট স্থাপনায় দফায় দফায় হামলার কথা জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী - আইডিএফ।
    • লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা রউফ শেইবানিকে 'অবাঞ্ছিত ব্যক্তি' হিসেবে চিহ্নিত করে আগামী রবিবারের মধ্যে লেবানন ত্যাগ করতে বলা হয়েছে।
    • ইরানের হামলায় ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির কথা জানা গেছে।

    আরো খবর এবং বিশ্লেষণ জানতে ক্লিক করুন বিবিসি বাংলার মূল পাতায়...

  2. ২৫ ও ২৬শে মার্চ রাতে আলোকসজ্জার বিষয়ে নিষেধাজ্ঞা

    ২৫ ও ২৬শে মার্চ রাতে আলোকসজ্জার বিষয়ে নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয়ের জন্য জাতীয় দিবসে আলোকসজ্জার ওপর বিধিনিষেধ দিয়েছে বাংলাদেশ সরকার।

    সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে 'গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাসমূহে কোনো অবস্থাতেই আলোকসজ্জা করা যাবে না।'

    এছাড়া, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে উদ্ধৃত করে বলা হয়েছে, "জ্বালানি সংকট মাথায় রেখে কৃচ্ছ্রসাধনের উদ্দেশ্যে এবার ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না।"

  3. শান্তি আলোচনার আয়োজক হতে চায় পাকিস্তান, ট্রাম্পের সঙ্গে মোদীর ফোনালাপ

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনার আয়োজক হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

    "যুক্তরাষ্ট্র ও ইরানের সম্মতি থাকলে, চলমান সংঘাতের একটি পূর্ণাঙ্গ নিষ্পত্তির জন্য অর্থপূর্ণ ও চূড়ান্ত আলোচনার আয়োজক হতে পাকিস্তান প্রস্তুত," সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন তিনি।

    এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ফোনে কথা হয়েছে।

    পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

    মোদী বলেছেন, তিনি ও ট্রাম্প "শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে প্রচেষ্টা চালানোর বিষয়ে" যোগাযোগ চালিয়ে যেতে সম্মত হয়েছেন।

    দুই নেতা জোর দিয়ে বলেছেন, হরমুজ প্রণালি "উন্মুক্ত, নিরাপদ ও প্রবেশযোগ্য রাখা সমগ্র বিশ্বের জন্য অপরিহার্য।"

  4. সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আব্বাস আরাঘচি

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সাথে আলোচনায় বলেছেন, সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান।

    চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, মি. আরাঘচি মি. ই-কে বলেছেন, "ইরান শুধু অস্থায়ী নয়, একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে আগ্রহী।"

    হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের অবস্থান ব্যাখ্যা করে মি. আরাঘচি বলেছেন, "হরমুজ সবার জন্য উন্মুক্ত এবং জাহাজগুলো নিরাপদে যাতায়াত করতে পারবে।

    কিন্তু বর্তমানে শত্রু দেশগুলোকে সে বিবেচনায় রাখা হচ্ছে না"।

    চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত কথোপকথনের বিবরণ থেকে আরো জানা যাচ্ছে, ওয়াং ই বলেছেন, ‘যুদ্ধের চেয়ে আলোচনা করা সবসময় শ্রেয়।”

    তিনি সকল পক্ষকে “শান্তির জন্য প্রতিটি সুযোগ ও সম্ভাবনা কাজে লাগিয়ে যত দ্রুত সম্ভব শান্তি প্রক্রিয়া শুরু করার” আহ্বান জানিয়েছেন।

  5. ইরাকে এক রাতে ১৪টি ড্রোন ভূপাতিত করেছে ব্রিটিশ সেনারা

    উত্তর ইরাকের এরবিলে একটি যৌথ ঘাঁটিতে গত রাতে ১৪টি ড্রোন ভূপাতিত করেছে ব্রিটিশ বাহিনী, যা সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে সর্বোচ্চ।

    র‍্যাপিড সেন্ট্রি নামে পরিচিত একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ঘাঁটির নিরাপত্তা নিশ্চিত করছেন রয়্যাল এয়ার ফোর্স - আরএএফ রেজিমেন্টের সদস্যরা।

    গত তিন সপ্তাহ ধরে এরবিলের ঘাঁটিটি বারবার ইরানি ড্রোনের হামলার শিকার হয়েছে।

  6. মার্কিন ঘাঁটি বন্ধ করার কথা ভাবছে না কাতার

    সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছিল, প্রস্তাবিত যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে কাতারের আল-উদেইদে অবস্থিত বিশাল মার্কিন বিমানঘাঁটি বন্ধ করে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে।

    তবে, সংবাদ প্রতিবেদনের এই তথ্য নাকচ করেছেন কাতার সরকারের একজন মুখপাত্র।

    তিনি বলেন, বর্তমান সংকট বরং কাতারের সঙ্গে গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের বিদ্যমান অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে।

  7. লেবাননের জ্বালানি স্থাপনায় দফায় দফায় হামলার কথা জানাচ্ছে ইসরায়েল

    লেবাননজুড়ে জ্বালানি সংশ্লিষ্ট স্থাপনায় দফায় দফায় হামলার কথা জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী - আইডিএফ। তাদের দাবি, হেজবুল্লাহ কর্তৃক ব্যবহৃত জ্বালানি স্থাপনাগুলো ছিল এই হামলার লক্ষ্য।

    আইডিএফ জানায়, গত একদিনে তারা আল-আমানা কোম্পানির মালিকানাধীন জ্বালানি স্টেশনগুলোতে হামলা চালিয়েছে।

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, এই প্রতিষ্ঠানটি হেজবুল্লাহ দ্বারা 'নিয়ন্ত্রিত' এবং এর কার্যক্রমের আর্থিক পৃষ্ঠপোষক।

    "এই হামলার অংশ হিসেবে লেবাননের বিভিন্ন এলাকার জ্বালানি স্টেশনগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং অকার্যকর করে দেওয়া হয়েছে," আরো জানায় আইডিএফ।

    তাদের ব্যাখ্যা, এই স্টেশনগুলো অস্ত্র ও যোদ্ধা বহনকারী ট্রাকে জ্বালানি ভরতে ব্যবহৃত হতো।

  8. জ্বালানি খাতে জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপিন্স

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপিন্স।

    তেল সরবরাহে বিঘ্নিত হওয়ার প্রভাবে খুব কম দেশই ফিলিপিন্সের চেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।

    দেশটি ৯৮ শতাংশ তেল উপসাগরীয় অঞ্চল থেকে আমদানি করে।

    গত তিন সপ্তাহে একাধিকবার জ্বালানির মূল্যবৃদ্ধি করা হয়েছে দেশটিতে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেখানে ডিজেল ও পেট্রোলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে।

    ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দেশের জ্বালানি সরবরাহের প্রতি 'আসন্ন বিপদের' কথা উল্লেখ করে এক নির্বাহী আদেশে বলেছেন, "এই ঘোষণাটি সরকারকে জ্বালানি স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং বৃহত্তর অর্থনীতিকে রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণের আইনি ক্ষমতা দেবে।"

    এই আদেশের অধীনে জ্বালানি, খাদ্য, ওষুধ এবং অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্যের বিতরণ তদারকির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

    সরবরাহ জোরদার করার জন্য সরকারকে সরাসরি জ্বালানি ও পেট্রোলিয়াম পণ্য ক্রয় করার ক্ষমতাও দেওয়া হয়েছে আদেশে।

    আদেশটির মেয়াদ এক বছর।

    মঙ্গলবার দেশটির জ্বালানি মন্ত্রী বলেছেন, ফিলিপিন্সের কাছে প্রায় ৪৫ দিনের জ্বালানি মজুদ রয়েছে।

  9. ব্রাহ্মণবাড়িয়ায় মব সৃষ্টি করে যুবককে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

    ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় দ্বীন ইসলাম নামে এক যুবককে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টি করে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

    কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    পুলিশ এবং স্থানীয় সংবাদদাতাদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা যাচ্ছে, দ্বীন ইসলাম সামাজিক মাধ্যমে কন্টেন্ট তৈরি করতেন।

    তিনি মাদকসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধানী কন্টেন্ট তৈরি করতেন বলে জানা গেছে।

    পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরে ২০ থেকে ৩০ জন ব্যক্তি মি. ইসলামের বাড়িতে হামলা চালিয়ে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।

    কয়েক ঘণ্টা পরে পার্শ্ববর্তী কুমিল্লা জেলার একটি স্থানে মৃত অবস্থায় পাওয়া যায় দ্বীন ইসলামকে।

    এ ঘটনার পেছনে সম্পত্তি, আধিপত্য এবং কন্টেন্ট সংক্রান্ত বিষয় জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

    বিষয়টি নিয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানাচ্ছে পুলিশ।

    তবে, ঘটনায় জড়িত কাউকে এখনো আটক বা গ্রেফতার করা হয়নি।

  10. 'গাজা উপত্যকায়' হামলা চালানোর হুঁশিয়ারি আইআরজিসি’র

    গাজা উপত্যকার ইসরায়েলি অবস্থানে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর আইআরজিসি।

    এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ইসরায়েল "গণহত্যার ক্ষেত্রে সমস্ত সীমা অতিক্রম করেছে। এসব কর্মকাণ্ড সহ্য করা যায় না।"

    "লেবানি ও ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অপরাধ অব্যাহত থাকলে, অধিকৃত উত্তর ফিলিস্তিন এবং গাজা উপত্যকায় শত্রুর সমাবেশস্থলগুলোতে নির্বিচারে ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হবে,” বিবৃতিতে এভাবেই ইসরায়েলি সেনাবাহিনীকে "সতর্ক" করা হয়েছে।

  11. আলি লারিজানির স্থলে যাকে নিয়োগ দিল ইরান

    মোহাম্মদ বাকের জুলকাদরকে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

    দেশটির রাষ্ট্রপতি কার্যালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইরানি গণমাধ্যমগুলো।

    এই পদটি কার্যত প্রধান নিরাপত্তা কর্মকর্তার পদ হিসেবে বিবেচিত হয়।

    গত ১৭ই মার্চ আলি লারিজানি নিহত হলে পদটি শূন্য হয়।

    মি. জুলকাদর এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর - আইআরজিসি'র ডেপুটি কমান্ডার, নিরাপত্তা বিষয়ক উপ স্বরাষ্ট মন্ত্রী, বিচার বিভাগের উপ-প্রধানসহ বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালন করেছেন।

  12. ভারতে প্রথম পরোক্ষ স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেওয়া হরিশ রানা মারা গেছেন

    দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বা এইমসে মৃত্যু হয়েছে হরিশ রানার।

    দুই সপ্তাহ আগে প্রথমবারের মত পরোক্ষ স্বেচ্ছা মৃত্যুতে অনুমতি দেয় ভারতের সুপ্রিম কোর্ট, আর সেই আদেশ মেনে হরিশকে নিয়ে আসা হয়েছিল দিল্লির এইমস হাসপাতালে।

    সেখানে ধীরে ধীরে তার জীবনদায়ী সব সাপোর্ট সরিয়ে নেওয়া হয়েছিল।

    অবশেষে ১৩ বছরের দীর্ঘ যন্ত্রণা থেকে মুক্তি পেলেন ৩২ বছরের হরিশ রানা। ১১ই মার্চ সুপ্রিম কোর্ট গাজিয়াবাদের হরিশ রানার চিকিৎসা প্রত্যাহারের অনুমতি দিয়েছিল। সু্প্রিম কোর্টের বিচারপতি জেবি পারদিওয়ালার ডিভিশন বেঞ্চ প্যাসিভ ইউথেনেশিয়ার অনুমতি দেয়।

    দিল্লি এইমস-কে নির্দেশ দেওয়া হয় সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং রোগীর পূর্ণ মর্যাদা রেখে যেন তার লাইফ সাপোর্ট প্রত্যাহার করা হয়।

    মেডিক্যাল বোর্ডের কড়া নজরদারিতে ১৫ই মার্চ তার তরল খাবার বন্ধ করে দেওয়া হয়েছিল।

    এরপর ১৭ই মার্চ থেকে জল দেওয়াও পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।

    পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের বিটেকের ছাত্র হরিশ হস্টেলের চতুর্থ তলার বারান্দা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। ২০১৩ সাল থেকে তিনি কোমায় ছিলেন।

    এক দশকেরও বেশি সময় ধরে তিনি কৃত্রিম পুষ্টি এবং মাঝে মাঝে অক্সিজেন সাপোর্টের ওপর নির্ভর করে বেঁচে ছিলেন।

    তার স্বেচ্ছামৃত্যুর জন্য আবেদন জানান তার বাবা-মা।

  13. ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করবে না কাতার

    যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র ও ইরানের কোনো প্রচেষ্টাতেই দোহা জড়িত নয়, জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মাজিদ আনসারি।

    মি. আনসারি বলেছেন, "আমাদের লক্ষ্য হলো দেশের ওপর হামলা বন্ধ করা এবং মাতৃভূমিকে রক্ষা করা।"

    বিগত বছরগুলোতে, বিশেষ করে গত বছরের জুনে ১২ দিনের যুদ্ধের আগে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অন্যতম প্রধান মধ্যস্থতাকারী ছিল কাতার।

    আরব দেশগুলোর ওপর হামলার পর কাতার ইরানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে আনসারি বলেন, "হ্যাঁ, আমরা ভূগোল বদলে ফেলতে পারি না।“

  14. ইসরায়েলে বারবার সতর্কতামূলক সাইরেন বাজছে

    মঙ্গলবার ইরান থেকে মধ্য ও দক্ষিণ ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বিষয়ে সাতটি সতর্কতা এবং লেবানন থেকে উত্তর ইসরায়েলে রকেট উৎক্ষেপণ বিষয়ে অন্তত ছয়টি সতর্কতা জারি করেছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

    ইরানের ছোড়া ৯০ শতাংশেরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয় দাবি করে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তবু সতর্কতার সময় নিয়মিত তারা জনগণকে নিরাপদ আশ্রয় নিতে স্মরণ করিয়ে দেয়, কারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘অভেদ্য’ নয়।

    পুলিশ জানিয়েছে, তারা তেল আবিব এলাকার ‘বেশ কয়েকটি আক্রান্ত স্থানে’ বোমা নিষ্ক্রিয়করণ দল পাঠিয়েছে।

  15. ইরানি রাষ্ট্রদূতকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে লেবানন ছাড়ার নির্দেশ

    লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা রউফ শেইবানির পরিচয়পত্র বাতিল করেছে দেশটির সরকার।

    তাকে 'অবাঞ্ছিত ব্যক্তি' হিসেবে চিহ্নিত করে আগামী রবিবারের মধ্যে লেবানন ত্যাগ করতে বলা হয়েছে।

    দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব আবদেল সাত্তার ইসা বৈরুতে নিযুক্ত ইরানি চার্জ দ্য' অ্যাফেয়ার্স তৌফিক সামাদি খোশখোকে তলব করে বিষয়টি অবহিত করেছেন।

    তেহরান থেকে তাদের রাষ্ট্রদূত আহমেদ সুওয়াইদানকেও প্রত্যাহার করে নিয়েছে লেবানন।

    ইরান সরকারের সাথে লেবানন সরকারের সম্পর্কের ক্রমশ অবনতি হচ্ছে। দেশটির সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ ইরানের ঘনিষ্ঠ মিত্র। হেজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র চাপ রয়েছে লেবানন সরকারের ওপর।

  16. উত্তর ইসরায়েলের একটি এলাকার ক্ষয়ক্ষতির চিত্র

    মঙ্গলবার ভোরে রকেট হামলায় উত্তর ইসরায়েলের শহর নাজর এবং হাইফা জেলায় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

    আশ্রয়কেন্দ্রের দিকে যাওয়ার সময় একজন নারী স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছেন বলে জানিয়েছে, দেশটির জরুরি সেবা বিভাগ।

    এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, ইরান থেকে দেশটির দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

  17. ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতির চিত্র

    রকেট হামলার পর মধ্য ইসরায়েলে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে, বিবিসি বাংলার লাইভ পাতায় এ খবর আগেই জানানো হয়েছে।

    ঘটনাস্থলগুলোর ছবিতে দেখা যাচ্ছে, শহরের কিছু এলাকা থেকে ধোঁয়া উঠছে। হামলার পর ঘটনাস্থলে উদ্ধারকারী দলকে কাজ করতে দেখা যাচ্ছে।

    একটি ভবনের একাংশ ধসে পড়েছে।

    যদিও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি।

    নিচে মধ্য ইসরায়েল থেকে পাওয়া কয়েকটি ছবি তুলে ধরা হলো।

  18. উত্তর ইরাকে রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান: এএফপি

    বার্তা সংস্থা এএফপি একজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে যে, সোমবার রাতে উত্তর ইরাকে একটি ক্ষেপণাস্ত্র হামলায় ইরাকের কুর্দিস্তানের ছয়জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।

    নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা হামলার পর জানান, "এখন পর্যন্ত ছয়জন নিহত হয়েছেন, দুইজন নিখোঁজ রয়েছেন এবং আরও ২২ জন আহত হয়েছেন।"

    কুর্দি সংবাদমাধ্যম রুদাউ, আঞ্চলিক বাহিনীর বরাত দিয়ে নিহতের সংখ্যা পাঁচজন বলে জানিয়েছে।

    এএফপি নিউজ এজেন্সি ইরাকি কুর্দিস্তানের সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, "ইরানের ছয়টি ব্যালেস্টিক মিসাইল পেশমারগা বাহিনীকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল।"

    এদিকে, ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে যে, আইআরজিসির স্থলবাহিনীর ড্রোন ইউনিট ইরাকের এরবিলে এ হামলা চালিয়েছে।

  19. দক্ষিণ লেবাননের বাসিন্দাদের সরে যেতে সতর্কবার্তা ইসরায়েলি বাহিনীর

    ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সতর্কতা জারি করেছে।

    গণমাধ্যমের খবরে বলা হচ্ছিল, রাতভর দক্ষিণ বৈরুতের বেশ কয়েকটি এলাকা ইসরায়েলি বিমান হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

    এর পরেই এই সতর্কবার্তা জারির পদক্ষেপ নেওয়া হয়।

    গত রাতে ওই এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমানকে হামলা চালাতে দেখা গেছে বলে জানিয়েছে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা।

    এর আগে ইসরায়েলি সেনাবাহিনী বৈরুতে হিজবুল্লাহর অবকাঠামোতে হামলার কথা জানিয়েছিল।

  20. হরমুজ প্রণালি খোলানোর চেষ্টা করছি: রাজ্যসভায় ভারতের প্রধানমন্ত্রী

    মঙ্গলবার ভারতের রাজ্যসভাতে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    এ নিয়ে বুধবার ২৫শে মার্চ একটি সর্বদলীয় বৈঠকও ডাকা হয়েছে।

    রাজ্যসভায় মি. মোদী বলেছেন, অবরুদ্ধ হরমুজ প্রণালিতে আটকে থাকা ভারতীয় জাহাজ ও নাবিকদের সকলকে নিরাপদে ফেরানোর ব্যবস্থা করছে ভারত।

    তিনি বলেন, "হরমুজ প্রণালি খোলার বিষয়ে আমি আলোচনা করছি।"

    "যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম এশিয়ার একাধিক নেতার সঙ্গে দু'বার আমার ফোনে কথা হয়েছে। আমরা গাল্ফের সব দেশের সঙ্গেই আলোচনা চালাচ্ছি। ইরান, ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে।"

    এর আগে সোমবার লোকসভায় ইসরায়েল-ইরান সংঘাতের কারণে ভারতের দুশ্চিন্তার কথা জানিয়েছিলেন তিনি।

    মঙ্গলবার রাজ্যসভায় মি. মোদী বলেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই পরিস্থিতি স্বাভাবিক হওয়া সম্ভব।

    রাজ্যসভায় তিনি বলেছেন, এলপিজি ও জ্বালানির সরবরাহ নিশ্চিত করতে এবং যুদ্ধ দীর্ঘায়িত হলে স্থিতিশীলতা বজায় রাখতে ভারত সরকার "সব সম্ভাব্য ব্যবস্থা" নিচ্ছে।

    তিনি আরও বলেন, এলপিজির বিকল্প হিসেবে ভারত সরকার পিএনজি ব্যবহারে উৎসাহ দিচ্ছে।

Trending Now