আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ইরান যুদ্ধবিরতির অনুরোধ করেছে- দাবি ট্রাম্পের, তেহরান বলছে- এই কথা 'মিথ্যা ও ভিত্তিহীন'

নেটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিষয়টি "গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন" বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে, আবার যুদ্ধ শুরু হবে না - শত্রুপক্ষের কাছ থেকে এমন গ্যারান্টি পেলে চলমান যুদ্ধ বন্ধ করার জন্য তেহরানের 'সদিচ্ছা' রয়েছে।

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা হলো

    • রাশিয়া থেকে পরিশোধিত ডিজেল এবং অন্যান্য পেট্রোলিয়াম জাতীয় পণ্য কিনতে বিশেষ ছাড় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান অনুরোধ করেছেন বলে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
    • "এ পর্যন্ত বাংলাদেশ সরকার আমাদের (ইরানের) যুদ্ধের ব্যাপারে যে সমস্ত বিবৃতি দিয়েছে, সে ব্যাপারে আমাদের (ইরানের) কিছু কষ্টের জায়গা আছে" বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি।
    • আগামী রোববার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
    • হরমুজ প্রণালিতে আটকে পড়া বাংলাদেশের পতাকাবাহী ছয়টি জাহাজকে যেতে দেওয়ার অনুমতি দিয়েছে ইরান।
    • সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ অঞ্চলের আল রিফা এলাকায় ইরানের ছোড়া ড্রোনকে এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে প্রতিহত করার পর ড্রোনের ধ্বংসাবশেষ একটি খামারে পড়ে এবং সেখানে এক বাংলাদেশি নিহত হন।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, “নতুন শাসনব্যবস্থার প্রেসিডেন্ট” যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
    • অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, যুদ্ধবিরতির এই অনুরোধের দাবিটি অসত্য এবং ভিত্তিহীন।
    • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য ইরানের 'সদিচ্ছা' রয়েছে।
    • হরমুজ প্রণালি ইরানের “শত্রুদের জন্য” বন্ধই থাকবে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি।
    • ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান এব্রাহিম আজিজি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে বলেছেন, “হরমুজ প্রণালি অবশ্যই খুলবে, কিন্তু আপনাদের জন্য নয়; এটি শুধু তাদের জন্য খোলা থাকবে, যারা ইরানের নতুন নিয়ম মেনে চলবে।”
    • অন্যদিকে, হরমুজ প্রণালি পুনরায় চালু করার জন্য একটি কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নিয়ে আলোচনা করতে একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করবেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার।বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে প্রায় ৩৫টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।
    • ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার সবশেষ লিখিত বার্তায়, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর প্রধান নাঈম কাসেমের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
    • যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার একটি সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি সম্পর্কে এক প্রশ্নের জবাব দেন। বলেন, “চাপ যেমনই হোক, আওয়াজ যেমনই হোক, আমি ব্রিটিশ প্রধানমন্ত্রী— এবং আমাকে আমাদের জাতীয় স্বার্থেই কাজ করতে হবে।”
    • নেটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিষয়টি "গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন" বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    • সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরান বুধবার পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ইরান ৩৫টি ড্রোন হামলা চালিয়েছে।
    • ইরানি গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির ১৩০টির বেশি ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
    • আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতিহ বিরল গত বুধবার সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটার প্রভাব এপ্রিলে আরও বাড়বে। বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচল মারাত্মকভাবে সীমিত হয়ে পড়ায় এটি পর্যায়ক্রমে ইউরোপীয় অর্থনীতিতে বড় আঘাত হানবে।
    • পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। নির্বাচন কমিশনের ‘ফর্ম ৬’ নথির মাধ্যমে অন্য রাজ্যের ভোটারদের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় তোলার একটি ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।
    • মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে রাতভর হামলার খবর পাওয়া গেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছে, নির্ভুলভাবে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, এমন অস্ত্র দিয়ে তারা ইরানের অভ্যন্তরে ভূগর্ভস্থ সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

    বিবিসি বাংলার লাইভ পাতায় আজ এখানেই শেষ হচ্ছে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।

    আরও খবর ও বিশ্লেষণ জানতে ক্লিক করুন বিবিসি বাংলার মূল পাতায়...

  2. জুলাই জাতীয় সনদ ইস্যুতে সংসদ থেকে ওয়াক আউট বিরোধী দলের

    জুলাই জাতীয় সনদ ইস্যুতে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন জামায়াতে ইসলামীসহ বিরোধী দলীয় সংসদ সদস্যরা।

    পরে এক সংবাদ সম্মেলনে জামায়াত আমির শফিকুর রহমান জানান, 'জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫' বাস্তবায়নের জন্য তার আনা নোটিশের উপর দুই ঘণ্টা আলোচনার পরেও জাতীয় সংসদের স্পিকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় ওয়াকআউট করেছেন তারা।

    “স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমেদ বক্তব্যে অনেক কথাই বলেছেন। তিনি প্রস্তাব দিয়েছিলেন যে ওনারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবেন। এটা হবে একটা বিশেষ কমিটির মাধ্যমে,” বলেন মি. রহমান।

    কিন্তু সরকার সংবিধান সংশোধন সংক্রান্ত যে কমিটি করেছে, জামায়াতে ইসলামী সেটি মেনে নেয়নি বলে জানান বিরোধী দলের প্রধান শফিকুর রহমান।

    “আমি বলেছিলাম এটা হতে হবে সংবিধান সংস্কার কমিটি। আমি কথা বলতে চাইলে স্পিকার বললেন আপনার কথা থাকলে কাল জানবো। আইনমন্ত্রী সঠিক তথ্য দেননি এটা প্রথমে বলেছি আমি,” বলেন মি. রহমান।

    “আমরা খুবই আশাহত হলাম যে, জাতির দেওয়া এই ম্যান্ডেটটাকে বেমালুম অগ্রাহ্য করা হলো, অপমান করা হলো। গণভোটকে, জাতির দেওয়া সেই চূড়ান্ত রায়কে আমরা অমান্য এবং অগ্রাহ্য করতে পারি না। এইজন্য তার প্রতিবাদে আমরা ওয়াক আউট করছি,” বলেন মি. রহমান।

  3. যুদ্ধবিরতির প্রস্তাবের কথা অস্বীকার করেছে ইরান

    "যুদ্ধবিরতির জন্য ইরান প্রস্তাব করেছে"- বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইরান।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, “নতুন শাসনব্যবস্থার প্রেসিডেন্ট” যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

    এর প্রেক্ষিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, যুদ্ধবিরতির এই অনুরোধের দাবিটি অসত্য এবং ভিত্তিহীন।

  4. জেট ফুয়েল ও ডিজেলের ঘাটতি এপ্রিলে ইউরোপকে আরো বেশি আঘাত করবে: আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান

    আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতিহ বিরল গত বুধবার সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটার প্রভাব এপ্রিলে আরও বাড়বে। বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচল মারাত্মকভাবে সীমিত হয়ে পড়ায় এটি পর্যায়ক্রমে ইউরোপীয় অর্থনীতিতে বড় আঘাত হানবে।

    তিনি বলেন, ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বাজার থেকে ১২ মিলিয়ন (এক কোটি ২০ লাখ) ব্যারেলেরও বেশি তেলের সরবরাহ কমে গেছে। এর প্রধান কারণ হলো ওই অঞ্চলের জ্বালানি অবকাঠামোতে তেহরানের হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ।

    ইন গুড কোম্পানি পডকাস্টে মি. বিরল বলেন, “তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের পাশাপাশি এপ্রিল মাসে তেল সরবরাহে ঘাটতির পরিমাণ মার্চের তুলনায় দ্বিগুণ হবে। এর ফলে বিভিন্ন দেশে মুদ্রাস্ফীতি বাড়বে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাবে।”

    তার মতে, চলতি মাসে এই সংকট আরও প্রকট হওয়ার সম্ভাবনা রয়েছে।

    কারণ মার্চ মাসে তেলের যে চালানগুলো পৌঁছেছিল, যুদ্ধ শুরুর আগেই সেগুলোর চুক্তি হয়েছিল।

    মি. বিরল আরও উল্লেখ করেন, সবচেয়ে বড় সমস্যা দেখা দিচ্ছে জেট ফুয়েল এবং ডিজেলের ঘাটতি নিয়ে।

    ইতোমধ্যে এশিয়ার কিছু দেশ এই সমস্যায় আক্রান্ত হয়েছে এবং শিগগিরই ইউরোপেও এর প্রভাব পড়তে শুরু করবে।

  5. হরমুজ প্রণালি আবার চালু করতে ৩৫ দেশ নিয়ে বৈঠক আয়োজন করবে যুক্তরাজ্য

    বিশ্বের অন্যতম ব্যস্ত তেল পরিবহন পথ হরমুজ প্রণালি পুনরায় চালু করার জন্য একটি কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নিয়ে আলোচনা করতে একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করবেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার।

    বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে প্রায় ৩৫টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।

    গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে ইরান ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং সম্ভাব্য মাইনসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে কার্যকরভাবেই প্রণালিটি অবরুদ্ধ করে রেখেছে। এর ফলে বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়েছে।

    এর আগে ডাউনিং স্ট্রিটের এক সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেন, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় মোকাবিলার সর্বোত্তম উপায় হলো উত্তেজনা কমানোর জন্য চাপ দেওয়া এবং হরমুজ প্রণালি আবার চালু করার বিষয়টি নিশ্চিত করা।

  6. ইরানের শত্রুদের জন্য হরমুজ প্রণালি বন্ধই থাকবে: আইআরজিসি

    হরমুজ প্রণালি ইরানের “শত্রুদের জন্য” বন্ধই থাকবে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি।

    ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে আইআরজিসি বলেছে, প্রণালিটি তাদের নৌবাহিনীর “দৃঢ় ও কর্তৃত্বপূর্ণ” নিয়ন্ত্রণে রয়েছে।

    কিছুক্ষণ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশালে বলেছেন, ইরান যুদ্ধবিরতির অনুরোধ করেছে।

    তবে যুদ্ধবিরতির অনুরোধের বিষয়ে ট্রাম্পের এই বক্তব্যের বিপরীতে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান।

  7. রাশিয়া থেকে জ্বালানি কেনায় বিশেষ ছাড় পেতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ বাংলাদেশের

    রাশিয়া থেকে পরিশোধিত ডিজেল এবং অন্যান্য পেট্রোলিয়াম জাতীয় পণ্য কিনতে বিশেষ ছাড় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান অনুরোধ করেছেন বলে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    বিশেষ করে বাংলাদেশে আসন্ন চাষাবাদের মৌসুমের কথা মাথায় রেখে এই অনুরোধ জানানো হয় বলে উল্লেখ করা হয়েছে এতে।

    এ সংক্রান্ত ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের একটি সংবাদ বিজ্ঞপ্তি বিএনপির প্রেস উইং থেকে পাঠানো হয়েছে।

    এতে বলা হয়, বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দেশটির জ্বালানি বিভাগের সচিব ক্রিস রাইটের সঙ্গে দেখা করে এ অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। সরবরাহ ব্যবস্থার বিঘ্ন ঘটায় বাংলাদেশের জ্বালানি খাতের বর্তমান চ্যালেঞ্জগুলো বৈঠকে তুলে ধরেছেন তিনি।

    আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরালো করার আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

    তিনি ব্যাখ্যা করেন, ইতোপূর্বে সমুদ্রে থাকা রুশ তেলের ওপর যুক্তরাষ্ট্র যে সীমিত বৈশ্বিক ছাড় দিয়েছিল, বাংলাদেশ সেই সুবিধা নিতে পারেনি। কারণ সে সময় কোনো তেলবাহী জাহাজ বাংলাদেশের অভিমুখে ছিল না।

    সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, জরুরি চাহিদা মেটাতে তৃতীয় দেশ থেকে রুশ অপরিশোধিত তেল দিয়ে পরিশোধিত তেল কেনার বিষয়েও যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ উভয় পক্ষ আলোচনা করেছে।

    মার্কিন জ্বালানি সচিব মি. রাইট বাংলাদেশের জ্বালানি সংকটের বিষয়টি স্বীকার করে, এই কঠিন সময়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।

  8. পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান:সংযুক্ত আরব আমিরাত

    সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরান বুধবার পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

    দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ইরান ৩৫টি ড্রোন হামলা চালিয়েছে।

    এতে আরো বলা হয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা বেঁড়ে দাঁড়িয়েছে ৪৩৮টিতে এবং ড্রোন হামলার সংখ্যা দু্ই হাজার ১২টি।

    ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের বন্ধুপ্রতীম উপসাগরীয় দেশগুলোয় ইরানের প্রতিশোধমূলক হামলা অব্যাহত রয়েছে।

    সবশেষ ব্রিফিংয়ে বলা হয়েছে, ওই সময় থেকে শুধু সংযুক্ত আরব আমিরাতেই দেশটির সশস্ত্র বাহিনীর দুই সদস্য, একজন সামরিক ঠিকাদার এবং নয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

  9. হেজবুল্লাহর প্রতি আবার সমর্থন জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা

    ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার সবশেষ লিখিত বার্তায়, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর প্রধান নাঈম কাসেমের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

    গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার প্রথম দিনে দেশটির সাবেক সর্বোচ্চ নেতা এবং মোজতবা খামেনির বাবা আয়াতোল্লাহ আলী খামেনি নিহত হন।

    সেই ঘটনায় হেজবুল্লাহর পাঠানো শোকবার্তার জন্য মোজতবা খামেনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    গত আটই মার্চ বাবার উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে এখন পর্যন্ত জনসমক্ষে দেখা যায়নি এবং ইরানের গণমাধ্যমেও তাকে সেভাবে দেখানো হয়নি।

    তবে তার দায়িত্ব গ্রহণের আগে এবং পরে দুই সময়ই ইসরায়েল ঘোষণা দিয়েছিল, মোজতবা খামেনি তাদের হামলার লক্ষ্যবস্তু হবেন।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মোজতবা খামেনি “হয় মারা গেছেন, নয়তো অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন, কারণ তার সম্পর্কে কেউ কিছুই জানতে পারছে না।”

    এদিকে, জেনেভায় জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, মূলত “নিরাপত্তা বিবেচনার” কারণেই খামেনি বর্তমানে জনসমক্ষে আসছেন না।

  10. ইরান যুদ্ধবিরতির অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “ইরানের নতুন শাসনব্যবস্থার প্রেসিডেন্ট” যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছেন।

    ট্রুথ সোশালে দেওয়া এক বিবৃতিতে তিনি ওই শীর্ষ কর্মকর্তার নাম উল্লেখ করেননি, তবে তাকে বর্ণনা করেছেন “তার পূর্বসূরিদের তুলনায় অনেক কম উগ্র এবং অনেক বেশি বুদ্ধিমান” হিসেবে।

    তিনি আরও যোগ করেছেন, “হরমুজ প্রণালী যখন খোলা, অবাধ ও নিরাপদ হবে—তখন আমরা বিষয়টি বিবেচনা করব। তার আগে পর্যন্ত, আমরা ইরানকে ভুলিয়ে দেওয়ার মতো করে ধ্বংস করে দিচ্ছি—অথবা যেমন বলা হয়, পাথর যুগে ফিরিয়ে দিচ্ছি!!!”

  11. ইরান যুদ্ধ নিয়ে বাংলাদেশের 'অস্পষ্ট' বিবৃতিতে 'কষ্টের জায়গা' আছে: ইরানি রাষ্ট্রদূত

    "এ পর্যন্ত বাংলাদেশ সরকার আমাদের (ইরানের) যুদ্ধের ব্যাপারে যে সমস্ত বিবৃতি দিয়েছে, সে ব্যাপারে আমাদের (ইরানের) কিছু কষ্টের জায়গা আছে" বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি।

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে আজ বুধবার ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত এই কথা বলেন।

    তিনি বলেন, "(যুদ্ধের বিরুদ্ধে) স্পেনের মতো আরও অনেক ইউরোপীয় দেশ এবং আমেরিকার ভেতরেও জনগণের বিশাল বিশাল মিছিল দেখা যাচ্ছে। সেখানের বিভিন্ন কর্মকার্তারা এই যুদ্ধকে সরাসরি নিন্দাবাদ জানাচ্ছে এবং সমালোচনা করছে। সে হিসেবে আমরা আশা করি, বাংলাদেশ এ ব্যাপারে কোনো অস্পষ্ট বিবৃতি না দিয়ে একটি সুস্পষ্ট অবস্থান গ্রহণ করবে।"

    "যে বিবৃতিগুলো প্রকাশিত হয়েছে, সেখানে কেবল যুদ্ধের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অথচ এটা স্পষ্ট যে আমেরিকা এখানে সরাসরি আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে এবং যেকোনো আগ্রাসন নিন্দার যোগ্য। সুতরাং, এখানে নিন্দা করাটাই আমাদের প্রত্যাশা।"

    আরব বা কোনো মুসলিম দেশের সাথে ইরান একেবারেই যুদ্ধ চায় না উল্লেখ করে এবং বাংলাদেশকে "ভাই" উল্লেখ করে তিনি আরও বলেন যে মিশর, পাকিস্তান, তুরস্কসহ অনেক মুসলিম দেশ ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার নিন্দা করেছে এবং আলোচনার পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করছে।

    "পাকিস্তান আমাদের বন্ধু ও ভাই। সে হিসেবে পাকিস্তান ছাড়াও তুরস্ক-মিশর কোনো উদ্যোগ করলে সেটিকে আমরা স্বাগত জানাই। আমেরিকারা ১৫টি শর্তসহ আমাদের কাছে প্রস্তাব পাঠিয়েছে একটা। আসলে এটা ছিল আমেরিকানদের চাওয়া-পাওয়ার বিষয়। যুদ্ধের মাধ্যমে তারা যা অর্জন করতে পারে নাই, এভাবে এখন তা তারা অর্জন করার চেষ্টা করছে। আমেরিকার সাথে আমাদের কোনো ধরনের আলোচনা হয় নাই। আমেরিকার ১৫ দফা প্রস্তাবের কোনো ধরনের উত্তর আমরা দেই নাই। তবে মুসলিম দেশগুলোকে আমরা বলেছি, ইরান কখনোই যুদ্ধের পক্ষে নয়, ইরান যুদ্ধ চায় না।"

    "তবে ইরান এমনভাবে যুদ্ধকে শেষ করতে চায়, যাতে পুরো অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয় এবং জনগণের অধিকারও অর্জিত হয়," এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

    তার মতে, "যতক্ষণ পর্যন্ত আমেরিকা ও ইসরায়েলের অস্ত্রের জোর থাকে, ততক্ষণ পর্যন্ত তারা আক্রমণ করে। যখন অস্ত্রের ঘাটতি আসে, তখন তারা শান্তির কথা বলে। এটা হতে পারে না যে তাদের বিপদের সময় তারা যুদ্ধ বন্ধ করতে বলবে, আর আমাদের মেনে নিতে বলবে।"

    এসময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে তিনি বলেন, "আমেরিকার প্রেসিডেন্ট ১১২ বারেরও বেশি সময় নিজেকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছে। তিনি সকালে ঘোষণা করে যে আমরা বিজয়ী হয়েছি; আবার দুপুরে ঘোষণা করে যে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি, তবে আমরা জানি না যে কার সাথে উনি আলোচনা করছে; আবার রাত্রে বলে যে আমরা সব ধ্বংস করে দেবো। আমাদের বড় সমস্যা হলো, আমেরিকায় বর্তমানে এমন একজন প্রেসিডেন্ট আছে, যে নিজেকেও বুঝেন না এবং বিশ্ব পরিস্থিতিকেও বুঝতে পারেন না। অথচ তিনি নিজেকে, মধ্যপ্রাচ্য ও বিশ্বের স্বার্থকে বিপজ্জনক অবস্থায় নিয়ে গেছেন।"

    হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশের পতাকাবাহী ছয়টি জাহাজকে যেতে দেওয়ার অনুমতি দিয়েছে ইরান। সে প্রসঙ্গে অগ্রগতি কদ্দুর, জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, "আমরা বাংলাদেশ সরকারের কাছে জাহাজগুলোর স্পেসিফিকেশন চেয়েছিলাম। নম্বর, কোন রুটে চলে- এসব। সেগুলো গত সপ্তাহে পেয়েছি। এটা নিয়ে কাজ চলছে।"

    এদিকে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ইরান টোল আরোপ করবে, এমন একটি সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।

    এ প্রসঙ্গেও কথা বলেছেন রাষ্ট্রদূত। তিনি জানান, "টোলের বিষয়টা বিবেচনাধীন রয়েছে। টোল না হলেও ইরানের সাথে সমন্বয় করতে হবে।"

  12. পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অন্য রাজ্যের বাসিন্দাদের নাম তোলার অভিযোগ

    পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। নির্বাচন কমিশনের ‘ফর্ম ৬’ নথির মাধ্যমে অন্য রাজ্যের ভোটারদের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় তোলার একটি ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।

    ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ফর্ম ৬ নথি জমা দিয়ে একজন প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিক নিজের নাম নতুন ভোটার হিসেবে রাজ্যের ভোটার তালিকায় তোলার আবেদন করতে পারেন।

    পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী কর্মকর্তা (সিইও) মনোজ কুমার আগারওয়াল বলেন, নির্বাচনের সময়ে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখে রাজ্যের ভোটার তালিকা ফ্রিজ হয়ে যায়। তার ১০ দিন আগে পর্যন্ত জমা দেওয়া ফর্ম ৬ এর নতুন ভোটারের আবেদনগুলো গ্রাহ্য হলে চূড়ান্ত ভোটার তালিকায় সেই নামগুলো যোগ হতে পারে।

    গত সোমবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী সিইও দপ্তরের বাইরে অভিযোগ করেন, “সকাল ১১টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত প্রায় ৩০ হাজার ফর্ম-৬ জমা পড়েছে। এদের মধ্যে বেশিরভাগই বাংলার মানুষ নন, তাদের নাম বিহার বা উত্তরপ্রদেশে নথিভুক্ত আছে।”

    তার অভিযোগের একদিন পর, তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জী এই বিষয়ে চিঠি লেখেন ভারতের জাতীয় প্রধান নির্বাচন কমিশনারকে।

    তিনি বলেন, “দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী, ভোটার লিস্টে নাম তোলা বা লিস্ট থেকে নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত কেবল বিচারবিভাগীয় কর্মকর্তাদের। সিইও দপ্তরের কর্মকর্তারা যদি সম্প্রতি জমা দেওয়া প্রায় ৩০ হাজার ফর্ম ৬ নথির নিষ্পত্তি করেন, সেটা সম্পূর্ণ বেআইনি হবে।”

    চিঠিতে তিনি অনুরোধ করেন, রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর জমা পড়া নতুন ভোটারের আবেদন যেন খারিজ করা হয়।

    এই বিষয়ে সিইও মি. আগারওয়াল দাবি করেন, “আমরা বাল্ক ফর্ম ৬ নথি পেয়েছি গতকাল নোয়াপাড়া কেন্দ্র থেকে। আমি জানতাম না কোথা থেকে, কখন কী এসেছে, সেটার খবর রাখা আমার কাজ নয়। … আমাদের দপ্তরে কোনো আবেদন জমা পড়লে, আমরা সেটা নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট জেলা নির্বাচনী কর্মকর্তার কাছে পাঠাব।”

    তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্য করে ভারতীয় জনতা পার্টির মুখপাত্র দেবজিৎ সরকার বলছেন, “আতঙ্কে, ভয়ে হতাশায় ওরা এইসব কথা বলছে। ফর্ম ৬ জমা দিতে কে বাধা দিতে পারে? আবেদনগুলো কেন জমা দিতে দিচ্ছেন না? নির্বাচন কমিশনও বা কেন অ্যালাও (অনুমোদন) করছে?”

    এরই মধ্যে বিভ্রান্তিতে পড়েছেন পশ্চিমবঙ্গের ‘ডিলিটেড’ ভোটাররা। রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর সম্প্রতি যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তাদের অনেকেই বুথ লেভেল অফিসারদের (বিএলও) কাছে সমাধানের পথ খুঁজছেন।

    প্রশ্ন উঠছে, ফর্ম-৬ জমা দিয়ে কি নতুন করে তালিকায় নাম তোলা যাবে, নাকি ট্রাইব্যুনালে মামলা করতে হবে?

    "এই সময়ে দাঁড়িয়ে ফর্ম ৬ এর মাধ্যমে ভোটার তালিকায় নাম তোলা প্রায় অসম্ভব" উল্লেখ করে ভোটকর্মী ও বিএলও মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মন্ডল বিবিসিকে বলেন, "যাদের নাম বাদ গেছে, তারা সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে ট্রাইবুনালের কাছে আবেদন করতে পারেন।”

  13. যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ১৩০টির বেশি ঐতিহাসিক স্থাপনা

    ইরানি গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির ১৩০টির বেশি ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, ইরানের মিনিস্ট্রি অব কালচারাল হেরিটেজ বা সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ মাঠপর্যায়ের মূল্যায়ন ও বিশেষজ্ঞদের জরিপ বলছে যে ক্ষতিগ্রস্ত স্থাপনার সংখ্যা ১৩২টিতে পৌঁছেছে, যেগুলোর প্রতিটিই ইরানের ইতিহাস ও সভ্যতার সাথে ওতপ্রোতভাবে জড়িত।

    বিবিসির ফার্সি সার্ভিস জানিয়েছে, ইরানের ১৮টি প্রদেশে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

  14. আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

    আগামী রোববার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর।

    আজ বুধবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।

    এর আগে স্বাস্থ্য বিভাগ জানিয়েছিল যে, তারা আগামী জুলাই-অগাস্টে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে দেশজুড়ে শিশুদের হামের টিকা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।

    সাখাওয়াত হোসেন বলেন, আগামী রোববার হতে ছয় মাস থেকে ১০ বছর বয়সী বাচ্চাদের হামের টিকা দেওয়া হবে। পাশাপাশি এপিআই এর অন্য টিকা কার্যক্রমও চলবে।

    তিনি বলেন, বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করে সারা দেশে পাঠিয়ে দেওয়া হবে।

    টিকা কার্যক্রম ভালোভাবে সম্পন্ন করতে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে হাম মোকাবিলায় পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রয়েছে। হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক শয্যাও প্রস্তুত করা হয়েছে।

  15. ট্রাম্পের হুমকি নিয়ে প্রশ্নের জবাবে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

    যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার একটি সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি সম্পর্কে এক প্রশ্নের জবাব দেন।

    ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের সহায়তায় এগিয়ে আসবে না।

    সাংবাদিকেরপ্রশ্নের উত্তরে স্টারমার বলেন, “ইরান যুদ্ধের সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপারে আমার অবস্থান পরিবর্তনের জন্য আমার ওপর প্রচুর চাপ দেওয়া হয়েছে। কিন্তু আমি যুদ্ধ নিয়ে আমার অবস্থান পরিবর্তন করব না।”

    “চাপ যেমনই হোক, আওয়াজ যেমনই হোক, আমি ব্রিটিশ প্রধানমন্ত্রী— এবং আমাকে আমাদের জাতীয় স্বার্থেই কাজ করতে হবে।”

    উল্লেখ্য, ট্রাম্প গতকাল ট্রুথ সোশালে মিত্রদের, যার মধ্যে যুক্তরাজ্যও রয়েছে, উদ্দেশ করে লিখেছেন, “তোমাদের নিজ দায়িত্বে লড়াই করতে শিখতে হবে, যুক্তরাষ্ট্র আর তোমাদের সাহায্যে থাকবে না।”

  16. নেটো থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবছেন ট্রাম্প

    নেটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিষয়টি "গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন" মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

    প্রতিবেদন অনুযায়ী, নেটো জোটকে "কাগুজে বাঘ" বলে মন্তব্য করেছেন ট্রাম্প এবং যুক্তরাজ্যের নৌবাহিনীর সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

    তাকে জিজ্ঞেস করা হয়েছিলো যে মধ্যপ্রাচ্যের এই চলমান যুদ্ধ বা সংঘাত শেষ হওয়ার পর তিনি নেটোতে যুক্তরাষ্ট্রের সদস্যপদ পুনর্বিবেচনা করবেন কি না; এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি "পুনর্বিবেচনার বাইরে" চলে গেছে।

    ট্রাম্প আরও বলেন, "আমি কখনোই নেটোর দ্বারা প্রভাবিত হইনি। আমি বরাবরই জানতাম যে তারা কাগুজে বাঘ, আর পুতিনও বিষয়টি জানেন।"

    এছাড়া, যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ বহরের অবস্থার সমালোচনা করে তিনি বলেন, "এমনকি, তোমাদের তো নৌবাহিনীও নেই। তোমরা খুব পুরোনো হয়ে গেছ। তোমাদের বিমানবাহী রণতরী ছিল, কিন্তু সেগুলোকে ব্যবহার করা যায়নি।"

  17. হরমুজ প্রণালি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে যুক্তরাজ্য

    যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার ঘোষণা করেছেন, হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা পুনঃস্থাপনের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে আন্তর্জাতিক নেতৃবৃন্দকে নিয়ে এক শীর্ষ সম্মেলনের আয়োজন করবেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার।

    ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান কার্যত প্রণালিটি অবরুদ্ধ করে রেখেছে, যার ফলে এই গুরুত্বপূর্ণ নৌ-বাণিজ্যিক রুটে বাধা সৃষ্টি হয়ে বৈশ্বিক জ্বালানির দাম বেড়েছে।

    স্টার্মার আবারও বলেছেন যে যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়িয়ে পড়বে না।তিনি বলেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি মোকাবিলার সর্বোত্তম উপায় হলো উত্তেজনা প্রশমনে চাপ দেওয়া এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে নিশ্চিত করা।

    তিনি বলেন, সম্ভাব্য সব ধরনের কূটনৈতিক পথই অনুসন্ধান করা হচ্ছে।

  18. ইসরায়েলে তৃতীয়বারের মতো হামলার দাবি হুথিদের

    ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠীর এক মুখপাত্র বলেছেন, তারা ইসরায়েলের ওপর তৃতীয় দফা হামলা চালিয়েছেন।

    ইয়াহিয়া সারেয়া এক ভিডিও বিবৃতিতে বলেন, ইয়েমেনভিত্তিক এই গোষ্ঠী ইসরায়েলের দক্ষিণাঞ্চলে “ইসরায়েলি শত্রুর সংবেদনশীল লক্ষ্যবস্তুতে” ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

    বার্তা সংস্থা রয়টার্স এই বিবৃতির অনুবাদ করেছে।

    তিনি আরও জানান, ইরান ও হেজবুল্লাহর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

    এই সপ্তাহের শুরুতে ইসরায়েলের দিকে প্রজেক্টাইল নিক্ষেপের মাধ্যমে গোষ্ঠীটি প্রথমবারের মতো এ সংঘাতে যোগ দেয়।

  19. বাংলাদেশের ছয়টি জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমোদন ইরানের

    হরমুজ প্রণালিতে আটকে পড়া বাংলাদেশের পতাকাবাহী ছয়টি জাহাজকে যেতে দেওয়ার অনুমতি দিয়েছে ইরান।

    আজ বুধবার ঢাকার ইরানি দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি এ তথ্য জানান। খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর।

    রাষ্ট্রদূত বলেন, "আমরা আটকে পড়া ছয়টি জাহাজের বিষয়ে তেহরানকে জানিয়েছিলাম। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই জাহাজগুলোকে সহায়তার বিষয়ে অনুমোদন দিয়েছে। তবে আগে বিস্তারিত তথ্য না থাকায় আমরা জাহাজগুলো শনাক্ত করতে পারিনি।"

    তিনি আরও জানান, ইরান সরকারের পক্ষ থেকে জাহাজগুলোর বিস্তারিত তথ্য চাওয়া হয়েছিল। গত সপ্তাহে বাংলাদেশ সরকার সেসব তথ্য দিয়েছে।

    জাহাজগুলো ছাড়ার প্রক্রিয়া চলমান রয়েছে এবং বর্তমানে বাংলাদেশি জাহাজ চলাচলে আর কোনো সমস্যা নেই উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, "এই বিষয়ে আমরা সব ধরনের সহযোগিতা নিশ্চিত করবো।"

  20. সংযুক্ত আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষে বাংলাদেশি নিহত

    সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ অঞ্চলের আল রিফা এলাকায় ইরানের ছোড়া ড্রোনকে এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে প্রতিহত করার পর ড্রোনের ধ্বংসাবশেষ একটি খামারে পড়ে এবং সেখানে এক বাংলাদেশি নিহত হন।

    ফুজাইরাহ মিডিয়া অফিস সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে খবরটি জানায়।

    গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর সংযুক্ত আরব আমিরাত এক হাজার ৯৭৭টি ড্রোন এবং ৪৩৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

Trending Now