রোববার সারাদিন যা যা হলো
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবন মার-এ-লাগো বাসভবনের সুরক্ষিত সীমানায় প্রবেশ করায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। দুপুর প্রায় দেড়টায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস। তবে, ঘটনার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ফ্লোরিডায় ছিলেন না বলে জানিয়েছেন কর্মকর্তারা।
- আগামী ২৬শে ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলার উদ্বোধন ও একুশে পদক প্রদান অনুষ্ঠান। প্রধানমন্ত্রী তারেক রহমান ওই দিন সকালে একুশে পদক দেবেন। বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।
- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে ১৮ মাস পর নিজের পুরোনো কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
- ১২ই মার্চ বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং রাষ্ট্রপতির ভাষণ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
- বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার যে কোন দেশের সাথে সম্পর্কে তৃতীয় কোনো দেশ বা বিদেশি শক্তির হস্তক্ষেপ চীন চায় না বলে মন্তব্য করেছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
- শেখ হাসিনার আমলে ১৭ বছরে দায়ের করা 'রাজনৈতিক হয়রানিমূলক' এক হাজার ছয়টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
- বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক জাতীয় ক্রিকেটার মঞ্জুরুল ইসলামকে ক্রিকেটের সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে বিসিবি।
- বাংলাদেশের যে সকল নাগরিকের বয়স ১৬ বছর ও ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে তাদের নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
- প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই এবং সঠিক ইতিহাস সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
- বগুড়া - ৬ ও শেরপুর - ৩ আসনের নির্বাচন ১৪ই এপ্রিলের আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
- আফগানিস্তানে রাতভর একাধিক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী ও শিশুসহ বহু মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে তালেবান।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন নিয়াজ আহমদ খান।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।











