আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

১৬ বছর বয়সীদের এনআইডি দেবে নির্বাচন কমিশন

১৬ বছর বয়সীদের নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ১২ই মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে, যেখানে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন ছাড়াও অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার মার-এ-লাগো বাসভবনের সীমানায় প্রবেশ করায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে নিরাপত্তা কর্মীরা।

সরাসরি কভারেজ

  1. রোববার সারাদিন যা যা হলো

    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবন মার-এ-লাগো বাসভবনের সুরক্ষিত সীমানায় প্রবেশ করায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। দুপুর প্রায় দেড়টায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস। তবে, ঘটনার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ফ্লোরিডায় ছিলেন না বলে জানিয়েছেন কর্মকর্তারা।
    • আগামী ২৬শে ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলার উদ্বোধন ও একুশে পদক প্রদান অনুষ্ঠান। প্রধানমন্ত্রী তারেক রহমান ওই দিন সকালে একুশে পদক দেবেন। বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।
    • অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে ১৮ মাস পর নিজের পুরোনো কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
    • ১২ই মার্চ বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং রাষ্ট্রপতির ভাষণ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার যে কোন দেশের সাথে সম্পর্কে তৃতীয় কোনো দেশ বা বিদেশি শক্তির হস্তক্ষেপ চীন চায় না বলে মন্তব্য করেছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
    • শেখ হাসিনার আমলে ১৭ বছরে দায়ের করা 'রাজনৈতিক হয়রানিমূলক' এক হাজার ছয়টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
    • বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক জাতীয় ক্রিকেটার মঞ্জুরুল ইসলামকে ক্রিকেটের সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে বিসিবি।
    • বাংলাদেশের যে সকল নাগরিকের বয়স ১৬ বছর ও ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে তাদের নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
    • প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই এবং সঠিক ইতিহাস সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
    • বগুড়া - ৬ ও শেরপুর - ৩ আসনের নির্বাচন ১৪ই এপ্রিলের আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
    • আফগানিস্তানে রাতভর একাধিক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী ও শিশুসহ বহু মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে তালেবান।
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন নিয়াজ আহমদ খান।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. ট্রাম্পের মার-এ-লাগো বাসভবনের সীমানায় প্রবেশ করায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবন মার-এ-লাগো বাসভবনের সুরক্ষিত সীমানায় প্রবেশ করায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।

    দুপুর প্রায় দেড়টায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস।

    তবে, ঘটনার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ফ্লোরিডায় ছিলেন না বলে জানিয়েছেন কর্মকর্তারা।

    কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন শ্বেতাঙ্গ ব্যক্তিকে যখন মার এ লাগোর একটি ফটকে থামানো হয় তখন তার হাতে একটি শটগান ও জ্বালানির ক্যান ছিল।

    এফবিআই এই ঘটনা তদন্তে সহায়তা করছে এবং প্রমাণ সংগ্রহ করছে।

  3. জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ

    বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক জাতীয় ক্রিকেটার মঞ্জুরুল ইসলামকে ক্রিকেটের সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে বিসিবি।

    রোববার বিসিবির পরিচালনা পর্ষদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    এর ফলে দেশের ক্রিকেটের কোনো কিছুর সাথে সম্পৃক্ত হতে পারবেন না মি. ইসলাম।

    মিজ আলমের করা অভিযোগ তদন্তের জন্য স্বাধীন তদন্ত কমিটির অনুসন্ধানের ভিত্তিতে বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে।

    বিসিবি সাবেক জাতীয় ক্রিকেটার মি. ইসলামকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আওতাধীন সকল ধরণের প্রত্যক্ষ বা পরোক্ষ কর্মসংস্থান বা ক্রিকেট সম্পর্কিত কার্যক্রম থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

    বিসিবি তদন্ত কমিটির সুপারিশ পর্যালোচনা করছে এবং প্রতিবেদনের অনুযায়ী প্রয়োজনীয় বিবেচিত যে কোনো অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।

  4. ১৬ বছর বয়সীদের এনআইডি দেবে নির্বাচন কমিশন

    বাংলাদেশের যে সকল নাগরিকের বয়স ১৬ বছর ও ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে তাদের নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

    রোববার নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এক পরিপত্রে এ তথ্য জানিয়েছে।

    জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ এর পাঁচ ধারার আলোকে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

  5. প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালায়

    প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই এবং সঠিক ইতিহাস সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালায়।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

    জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত হয়।

    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বলেন, “মহান মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি। মুক্তিযুদ্ধের সাথে অন্যান্য আন্দোলন সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না। আমাদের মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধই এই রাষ্ট্রের জন্মের মূল ভিত্তি।”

  6. ২৬ শে ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    আগামী ২৬শে ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলার উদ্বোধন ও একুশে পদক প্রদান অনুষ্ঠান। প্রধানমন্ত্রী তারেক রহমান ওই দিন সকালে একুশে পদক দেবেন।

    বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ খবর প্রকাশ করেছে।

    সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।

    মি. চৌধুরী বলেন, ২৬শে ফেব্রুয়ারি সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণিজনদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    এরপর বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।

    এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার।

    এ সিদ্ধান্তকে প্রকাশকরা ইতিবাচক হিসেবে দেখছেন।

    অনুষ্ঠান দু’টি ঘিরে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

  7. 'রাজনৈতিক হয়রানিমূলক' এক হাজার ছয়টি মামলা প্রত্যাহারের অনুমোদন

    'রাজনৈতিক হয়রানিমূলক' এক হাজার ছয়টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এ তথ্য জানিয়েছেন।

    এক বিবৃতিতে বলা হয়েছে, “শেখ হাসিনার আমলে ১৭ বছরের বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক এক হাজার ছয়টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।”

  8. ১৮ মাস পর ইউনূস সেন্টারে অধ্যাপক মুহাম্মদ ইউনূস

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে ১৮ মাস পর নিজের পুরোনো কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    ইউনূস সেন্টারের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, রোববার সকালে রাজধানীর মিরপুরে টেলিকম ভবনে ইউনূস সেন্টারে পৌঁছান। পরে গ্রামীন সংগঠনগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠক করেন তিনি।

    এই বৈঠকে ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারাও উপস্থিত ছিলেন।

    ইউনূস সেন্টারের এই পোস্টে আরো বলা হয়েছে, ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়া মি. ইউনূসের এ মাসের শেষের দিকে গুলশানের নিজ বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

    চব্বিশের গণঅভ্যুত্থানের সময় পাঁচই অগাস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার তিনদিন পরে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    গত মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে দায়িত্ব শেষ হয় মি. ইউনূসের।

  9. তিস্তা প্রকল্পে কাজ করতে প্রস্তুত চীন, সরকার চাইলেই কাজ শুরু: চীনা রাষ্ট্রদূত

    বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার যে কোন দেশের সাথে সম্পর্কে তৃতীয় কোনো দেশ বা বিদেশি শক্তির হস্তক্ষেপ চীন চায় না বলে মন্তব্য করেছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

    রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে এমন কথা বলেন তিনি।

    “বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার যে কোন দেশের সাথে চীনের সম্পর্ক তৃতীয় কোনো পক্ষের টার্গেট হলে ব্যর্থ হবে” বলেন মি. ওয়েন।

    চীন ও বাংলাদেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    তিস্তা প্রকল্প নিয়ে করা প্রশ্নে মি. ওয়েন জানান, সরকার চাইলেই চীন কাজ শুরু করতে পারে, তারা প্রস্তুত।

  10. ১৪ই এপ্রিলের আগে বগুড়া - ৬ ও শেরপুর - ৩ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে

    বগুড়া - ৬ ও শেরপুর - ৩ আসনের নির্বাচন ১৪ই এপ্রিলের আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

    রোববার নির্বাচন কমিশনে এ কথা জানান তিনি।

    বিএনপি চেয়ারম্যান বগুড়া - ৬ আসনটি ছেড়ে দেয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আর ভোটের আগে শেরপুর ৩ আসনের একজন প্রার্থী মারা যাওয়ায় সেই আসনের ভোট বাতিল করে ইসি। সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে।

    একইসাথে সংরক্ষিত নারী আসনের তফসিল প্রসঙ্গে নির্বাচন কমিশনার মি. মাছউদ জানান, এ নির্বাচনের প্রক্রিয়া ইতোমধ্যে কার্যকরভাবে শুরু হয়েছে। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো যেসব প্রার্থী মনোনীত করবে, মূলত তারাই নির্বাচিত হবেন। দলগুলোর প্রাথমিক কার্যক্রমও শুরু করেছে।

    “বিধি অনুযায়ী শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে এই নির্বাচন শেষ করতে হয় এবং কমিশন নির্ধারিত সময়সীমার মধ্যেই তা সম্পন্ন করবে। শিগগিরই তফসিল হবে” বলেন তিনি।

  11. ১২ই মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে: সালাহউদ্দিন আহমদ

    ১২ই মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং রাষ্ট্রপতির ভাষণ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    রোববার সচিবালয়ে এ কথা জানান তিনি।

    মি. আহমদ জানান, “১২ ই মার্চ সংসদ অধিবেশন বসবে বলে নির্ধারিত হয়েছে। সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টেরিম গভর্মেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে, শোক প্রস্তাব এবং রাষ্ট্রপতির ভাষণ হবে।”

  12. আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তান, বহু হতাহত হওয়ার দাবি তালেবানের

    আফগানিস্তানে রাতভর একাধিক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী ও শিশুসহ বহু মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে তালেবান।

    ইসলামাবাদ জানিয়েছে, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছে সাতটি জঙ্গি ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

    সম্প্রতি পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর এই হামলা চালানো হয়েছে।

    এই হামলার নিন্দা জানিয়ে আফগানিস্তান বলেছে, একাধিক বেসামরিক বাড়ি ও একটি ধর্মীয় স্কুলকে লক্ষ্য করে হামলা করেছে পাকিস্তান।

    তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নাঙ্গরহার এবং পাক্তিকা প্রদেশের বেসামরিক এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

    নাঙ্গরহারের কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছে, শাহাবুদ্দিন নামের এক ব্যক্তির বাড়িতে হামলা চালানো হয়েছে। এর ফলে এই পরিবারের শিশু ও নারীসহ প্রায় ২০ জন নিহত হয়েছেন।

    পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, তারা “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতটি সন্ত্রাসী শিবির এবং আস্তানায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।”

  13. ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান পদত্যাগ করেছেন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন নিয়াজ আহমদ খান।

    রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    সকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে দেখা করে মি. আহমদ উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে তার মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপকের পদে ফেরার জন্য রাষ্ট্রপতির বরাবর আবেদনপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে জনসংযোগ দফতর।

    উল্লেখ্য, গত ১০ই ফেব্রুয়ারি মি. খান তার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান বলে মন্তব্য করেছিলেন।

  14. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে

Trending Now