আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

দুই সপ্তাহ পর আবারও গণভোটের সংশোধিত ফল প্রকাশ, কমলো ১০ লাখ ৭৩ হাজারের বেশি ভোট

বাংলা একাডেমির মনোনয়ন তালিকায় নাম থাকার পরও বৃহস্পতিবার পুরস্কার পাননি কবি মোহন রায়হান। এদিকে, শেখ হাসিনার ভাগনি ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিস জারির পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারা দিন যা যা ঘটেছে:

    • নির্বাচনী ফলাফল প্রকাশের দুই সপ্তাহ পর আবারও গণভোটের ফল সংশোধন করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নতুন প্রজ্ঞাপনে আগের প্রকাশিত ফলের চেয়ে মোট প্রদত্ত ভোটের সংখ্যা প্রায় ১০ লাখ ৭৩ হাজার ৬১৬ কম দেখা যাচ্ছে। তবে বিষয়টি নিয়ে কোনো ব্যাখ্যা দেয়নি নির্বাচন কমিশন।
    • যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের বিষয়ে গঠিত আইন প্রণেতাদের তদন্ত কমিটির কাছে জবানবন্দি দিয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
    • অবৈধভাবে ফ্ল্যাট দখলের অভিযোগে মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে গ্রেফতার করতে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছে বাংলাদেশের আদালত।
    • বাংলা একাডেমির মনোনয়ন তালিকায় নাম থাকার পরও বৃহস্পতিবার পুরস্কার পাননি কবি মোহন রায়হান।বেশকিছু অভিযোগ ওঠায় তার পুরস্কারটি 'সাময়িকভাবে স্থগিত' করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
    • ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি'র নতুন সরকার। বৃহস্পতিবার প্রথম মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
    • নানান জটিলতায় দফায় দফায় তারিখ পরিবর্তনের পর অবশেষে শুরু হলো এবছরের অমর একুশে বইমেলা। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা দু'টা থেকে রাত নয়টা পর্যন্ত বইমেলা চলবে। ছুটির দিনে মেলা চলবে সকাল ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত। তবে রাত সাড়ে আটটার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছেন আয়োজকরা।
    • জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি সংগীত ব্যান্ড দলকে ‘একুশে পদক ২০২৬’ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • নতুন কর্মকর্তা নিযুক্ত না হওয়া পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দায়িত্ব সামলাবেন অতিরিক্ত আইজিপি মো. সরওয়ার।
    • প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
    • আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর, তবে এটা শুধু ব্যক্তি ও হিন্দুদের অবিভক্ত পরিবার করদাতাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
    • একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরাম হোসেনকে খালাস দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
    • হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে হওয়া পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছে হাইকোর্ট।
    • ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকরের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে যুক্তরাজ্যে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
    • পুলিশে শূন্য পদে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ইতোমধ্যে ১৮০ জন সার্জেন্ট নিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
    • সাগরপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার সময় লিবিয়ায় আটকেপড়া ১৭৫ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।
    • জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো বাংলাদেশি যুবক মাসুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
    • ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১১ই মার্চের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
    • সারা দেশে জেলা আইনশৃঙ্খলা কমিটি 'সংশোধনপূর্বক পুনর্গঠনে'র অফিস আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ পড়তে মূলপাতায় ক্লিক করুন।

  2. এপস্টিনের বিষয়ে জবানবন্দি দিলেন হিলারি ক্লিনটন, ট্রাম্পেরও জবানবন্দি নেওয়ার আহ্বান

    যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের বিষয়ে মার্কিন আইন প্রণেতাদের একটি কমিটির কাছে জবানবন্দি দিলেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

    ডেমোক্র্যাট নেতা মিজ ক্লিনটন জানিয়েছেন যে, এপস্টিনের অপরাধের বিষয়ে দেওয়ার মতো নতুন কোনো তথ্য তার কাছে নেই।

    জেফ্রি এপস্টিনের সঙ্গে কখনও দেখা হয়েছে বা কথা হয়েছে, এমন কিছু তিনি মনে করতে পারছেন না বলেও জানান।

    হিলারি ক্লিনটনের জবানবন্দির শুরুর কিছু বক্তব্য সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে।

    সেখানে তিনি বিষয়টি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে জবানবন্দি নেওয়ার জন্য তদন্তকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

    হিলারি ক্লিনটন জেফ্রি এপস্টিনের সঙ্গে বর্তমান মার্কিন প্রেসিডেন্টের ছবির প্রসঙ্গে টেনেছেন।

  3. দেশে ফিরলেন অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে লিবিয়ায় আটকেপড়া ১৭৫ জন বাংলাদেশি

    সাগরপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার সময় লিবিয়ায় আটকেপড়া ১৭৫ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।

    বৃহস্পতিবার সকালে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন বলে এক বিবৃতিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

    "লিবিয়ার বেনগাজীতে গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দী ৩০ জন এবং বেনগাজী ও সংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায় ও শারীরিকভাবে অসুস্থ ১৪৫ জনসহ মোট ১৭৫ জনকে সকাল ৮টায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়েছে,” বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

    দেশে ফেরা ওইসব ব্যক্তিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাচ্ছিলেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

    তারা মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় অনেকে লিবিয়ায় 'অনুপ্রবেশ' করেন। তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলেও বিবৃতিতে বলা হয়েছে।

  4. সারা দেশে জেলা আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনে নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

    সারা দেশে জেলা আইনশৃঙ্খলা কমিটি 'সংশোধনপূর্বক পুনর্গঠনে'র অফিস আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব কে এম ইয়াসির আরাফাত স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

    আদেশে বলা হয়েছে, গত বছরের দোসরা সেপ্টেম্বর জেলা আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠন করতে হবে, যেখানে জেলা ম্যাজিস্ট্রেট কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন।

    কমিটিতে পুলিশ সুপার, সশস্ত্র বাহিনী বিভাগ বা বিজিবি বা কোস্ট গার্ড প্রতিনিধি, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, জেলা সিভিল সার্জন, জেলা ডিজিএফআই প্রতিনিধি, মহিলা বিষয়ক কর্মকর্তাসহ ৩১ জন কর্মকর্তা জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে থাকবেন।

    অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এই কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

    আর জেলার সকল সংসদ সদস্য কমিটির উপদেষ্টা পদে থাকবেন।

    তারাও কমিটির বৈঠকে উপস্থিত থাকবেন এবং সভা শেষে কার্যবিবরণী তাদেরকে নিয়মিত সরবরাহ করতে হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

    কমিটি প্রতি মাসে কমপক্ষে একবার সভায় মিলিত হবে এবং প্রয়োজনবোধে যে কোনো সময়ে সভা করতে পারবেন।

    পুলিশ সুপার প্রয়োজনীয় তথ্য উপাত্তসহ সভায় আবশ্যিকভাবে উপস্থিত থাকবেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে

  5. নতুন কমিশনার না আসা পর্যন্ত ডিএমপি'র দায়িত্বে থাকবেন অতিরিক্ত আইজিপি মো. সরওয়ার

    নতুন কর্মকর্তা নিযুক্ত না হওয়া পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দায়িত্ব সামলাবেন অতিরিক্ত আইজিপি মো. সরওয়ার।

    বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

    নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনের রদবদলের মধ্যে গত বুধবার দায়িত্ব থেকে সরে যান শেখ মো. সাজ্জাত আলী।

    তিনি ইস্তফা দেওয়ার পরদিন মি. সাওয়ারকে অস্থায়ীভাবে নতুন দায়িত্ব দেওয়া হলো।

  6. বগুড়ায় তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপি'র প্রার্থী রেজাউল করিম বাদশা

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

    বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে মি. বাদশার হাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় মনোনয়নের চিঠি তুলে দেওয়া হয়।

    ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করে দু'টোতেই বিজয়ী হন।

    তবে নিয়ম অনুযায়ী, শপথ গ্রহণের আগে তাকে একটি আসন ছাড়তে হয়। এক্ষেত্রে বগুড়া-৬ আসন ছেড়ে দেন মি. রহমান।

    ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠানে ইতোমধ্যেই তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

    তফসিল অনুযায়ী, আগামী নয়ই এপ্রিল সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত আসনটিতে ভোট গ্রহণ করা হবে।

    তার আগে প্রার্থিতার জন্য মনোয়নপত্র দাখিলের করা যাবে দোসরা মার্চ পর্যন্ত। পাঁচই মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে।

    এতে যারা বাদ পড়বেন, তারা ছয়ই মার্চ থেকে শুরু করে ১০ই মার্চ পর্যন্ত আপিল করতে পারবেন।

    আপিল নিষ্পত্তি করা হবে ১১ই মার্চ। এরপর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৫ই মার্চ।

  7. আবারও গণভোটের ফল সংশোধন, ভোট কমলো ১০ লাখ ৭৩ হাজারের বেশি

    নির্বাচনী ফলাফল প্রকাশের দুই সপ্তাহ পর আবারও গণভোটের ফল সংশোধন করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

    নতুন প্রজ্ঞাপনে আগের প্রকাশিত ফলের চেয়ে মোট প্রদত্ত ভোটের সংখ্যা প্রায় ১০ লাখ ৭৩ হাজার ৬১৬ কম দেখা যাচ্ছে।

    সংশোধিত ফলাফলে ‘হ্যাঁ-না’ ভোটের সংখ্যা কমেছে। সেইসঙ্গে, বেড়েছে বাতিল হওয়া ভোটের সংখ্যাও।

    তবে বিষয়টি নিয়ে কোনো ব্যাখ্যা দেয়নি নির্বাচন কমিশন।

    সংশোধিত নতুন ফলাফলের প্রজ্ঞাপন অনুযায়ী, গণভোটে মোট ভোট পড়েছে সাত কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭টি।

    এর মধ্যে ভোট বাতিল হয়েছে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬টি। ফলে বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ছয় কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১টি।

    এর মধ্যে ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা চার কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০টি এবং ‘না’ ভোটের সংখ্যা দুই কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১টি।

    এর আগে, নির্বাচনের পরদিন গত ১৩ই ফেব্রুয়ারি বেসরকারিভাবে গণভোটের ফলাফল প্রকাশ করেছিল নির্বাচন কমিশন।

    সেখানে বলা হয়েছিল, গণভোটে সারা দেশে ‘হ্যাঁ’ ভোট পড়েছে চার কোটি ৮২ লাখ ৬৬০টি। অন্যদিকে, দুই কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি ‘না’ ভোট পড়েছে বলে উল্লেখ করা হয়েছিল।

  8. পুলিশে ১০ হাজার নতুন লোক নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    পুলিশে শূন্য পদে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ইতোমধ্যে ১৮০ জন সার্জেন্ট নিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান মি. আহমদ।

    এছাড়া উপপরিদর্শক (এসআই) এবং বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান মন্ত্রী।

  9. ১২ লাখ কৃষকের কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত জানাল সরকার

    ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি'র নতুন সরকার।

    বৃহস্পতিবার প্রথম মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়।

    এদিন বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের ওই সিদ্ধান্তের বিষয়ে জানান।

    "সরকার তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মূল লক্ষ্য হলো দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা," বলেন মি. গনি।

    এ ঋণ মওকুফ করা হলে আনুমানিক ১২ লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

    ঋণ মওকুফের প্রায় তাৎক্ষণিক প্রভাব হিসেবে গ্রাম থেকে নগরমুখী অভিবাসন কমবে এবং গ্রামীণ মূল্যস্ফীতি হ্রাস পাবে বলেও জানান তিনি।

    বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর ২৫শে ফেব্রুয়ারি পর্যন্ত সুদসহ কৃষকদের কাছে পাওনা রয়েছে প্রায় ১ হাজার ৫৫০ কোটি টাকা, যা এ মওকুফের আওতাভুক্ত হবে বলে জানিয়েছে সরকার।

  10. মনোনয়নের পরও কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার 'সাময়িকভাবে স্থগিত'

    বাংলা একাডেমির মনোনয়ন তালিকায় নাম থাকার পরও বৃহস্পতিবার পুরস্কার পাননি কবি মোহন রায়হান। তিনি জাতীয় কবিতা পরিষদের সভাপতি।

    বেশকিছু অভিযোগ ওঠায় তার পুরস্কারটি 'সাময়িকভাবে স্থগিত' করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    "তার লেখা এবং কবিতা বিষয়ে কিছু অভিযোগ উত্থাপিত হওয়ায় ব্যাপারটা খতিয়ে দেখার স্বার্থে কর্তৃপক্ষ পুরস্কারটা সাময়িকভাবে স্থগিত করেছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে," বৃহস্পতিবার বিকেলে বিবিসি বাংলাকে বলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

    মি. রায়হানের লেখা ও কবিতার বিষয়ে ঠিক কী ধরনের অভিযোগ পাওয়া গেছে, সেটি অবশ্য জানায়নি বাংলা একাডেমি কর্তৃপক্ষ।

    তবে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে মোহন রায়হান অভিযোগ করেছেন, ৪১ বছর আগে লেখা একটি কবিতার কারণে তার পুরস্কারটি স্থগিত করা হয়েছে।

    "আজ অনুষ্ঠানের সূচনায়ও আমার নাম ঘোষণা করা হয়। কিন্তু পুরস্কার প্রদানের সময় আমাকে আর ডাকা হয়নি। জানতে পারলাম, ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা আমার কবিতা 'তাহেরের স্বপ্ন’ কবিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়ে একটি মহল আমার পুরস্কার বাতিল করিয়েছে," বৃহস্পতিবার বিকেলে ফেসবুক পোস্টে লিখেছেন মি. রায়হান।

  11. সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পাঁচ মামলায় জামিন

    হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে হওয়া পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছে হাইকোর্ট।

    বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন মিজ আইভীর পক্ষে শুনানিতে অংশ নেওয়া সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সারা হোসেন।

    বৃহস্পতিবার শুনানি শেষে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

    আদালতে আইনজীবী সারা হোসেনের বিপক্ষে এদিন রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল।

    গত বছরের নয়ই মে নারায়ণগঞ্জের নিজ বাসা থেকে মিজ আইভীকে আটক করে পুলিশ।

    পরে তাকে জুলাই আন্দোলনের তিনটি হত্যা ও দু'টি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়।

    এখন হাইকোর্ট থেকে জামিন পেলেন তিনি।

  12. জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো যুবকের দুই দিনের রিমান্ড

    জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো বাংলাদেশি যুবক মাসুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

    পুলিশের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার তার রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা।

    মালয়েশিয়ায় অবস্থানকালে হামাস, তালেবান ও আল-কায়েদার বিভিন্ন ভিডিও ফেসবুকে পোস্ট করায় জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে মি. রহমানকে আটক করে সেদেশের পুলিশ।

    বুধবার বাংলাদেশে ফেরত পাঠানো হলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট তাকে আটক করে।

    জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে সাতদিনের রিমান্ড আবেদন করা হলেও শুনানি শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

  13. হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১১ই মার্চের মধ্যে জমা দেওয়ার নির্দেশ

    ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১১ই মার্চের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

    বৃহস্পতিবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও সেটি জমা দিতে পারেননি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

    এ অবস্থায় তদন্ত প্রতিবেদন জমা দিতে নতুন তারিখ ধার্য করে দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জশিতা ইসলাম।

    এর আগে, হাদি হত্যা মামলায় ১৭ জনকে অভিযুক্ত করে গত ছয়ই জানুয়ারি অভিযোগপত্র দেয় পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

    কিন্তু সেই অভিযোগপত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করে ইনকিলাব মঞ্চ। পরে আদালত মামলাটির তদন্তভার সিআইডিকে দেওয়ার নির্দেশ দেয়। তদন্ত শেষে আজ সিআইডি'র পক্ষ থেকে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।

    গত ১২ই ডিসেম্বর ঢাকায় গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হলেও ১৮ই ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

  14. পর্দা উঠল অমর একুশে বইমেলার

    নানান জটিলতায় দফায় দফায় তারিখ পরিবর্তনের পর অবশেষে শুরু হলো এবছরের অমর একুশে বইমেলা।

    বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধর ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    উদ্বোধন শেষে তিনি মেলাটি বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এসময় স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও তার সঙ্গে ছিলেন।

    ‘অমর একুশে বইমেলা’কে আগামী বছর থেকে ‘অমর একুশে আন্তর্জাতিক বইমেলা’ হিসেবে চালু করা যায় কি-না, তার সম্ভাব্যতা যাচাই করে দেখতে মেলার আয়োজক বাংলা একাডেমির প্রতি আহ্বান প্রধানমন্ত্রী।

    'বহুমাত্রিক বাংলাদেশ' প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া এবারের বইমেলা চলবে আগামী ১৫ই মার্চ পর্যন্ত।

    আয়োজকরা জানিয়েছেন, ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা দু'টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে। ছুটির দিনে মেলা চলবে সকাল ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত।

    তবে রাত সাড়ে আটটার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না।

    সাধারণত প্রতিবছর পহেলা ফেব্রুয়ারি বইমেলা শুরু হলেও এ বছর নির্বাচনের কারণে মেলা দেরিতে শুরু হয়েছে।

    গত ২০শে ফেব্রুয়ারি মেলা শুরু হওয়ার কথা ছিল। তবে রমজানে বইমেলা করা নিয়ে প্রকাশকদের একাংশের আপত্তি থাকায় সেদিন মেলা শুরু হয়নি।

    নতুন সরকার ক্ষমতা নেওয়ার পর আয়োজক ও প্রকাশকদের সঙ্গে বসে সমস্যার সমাধান করে। পরে নতুন তারিখ নির্ধারণ করা হয় ২৬শে ফেব্রুয়ারি।

    প্রকাশকরা ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা প্রকাশ করায় এ বছর মেলার স্টলভাড়া শতভাগ মওকুফ করে দিয়েছে সরকার।

  15. আয়কর রিটার্ন জমার সময় আবার বাড়লো

    আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর, তবে এটা শুধু ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

    আজ একটি বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, “আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪ এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, জনস্বার্থে, সরকারের পূর্বানুমোদনক্রমে, স্বাভাবিক ব্যক্তি (Individual) ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাগণের ২০২৫-২০২৬ করবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের পরিবর্তে ৩১ মার্চ ২০২৬ তারিখ নির্ধারণ করিল”।

    বাংলাদেশে সাধারণত আয়কর রিটার্ন জমার সময় থাকে ৩০শে নভেম্বর পর্যন্ত। এই বার রিটার্ন জমার সময় কয়েক দফায় বাড়িয়েছে এনবিআর।

  16. সাবেক ভূমিমন্ত্রী জাবেদের নামে যুক্তরাজ্যে থাকা ৫১৮টি ফ্ল্যাট জব্দের আদেশ ঢাকার আদালতের

    ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকরের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে যুক্তরাজ্যে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার শুনানি শেষে এই আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ।

    আদালতের নথিতে ওই ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টের মূল্য দেখানো হয়েছে ২৭ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮৭২ পাউন্ড।

    মি. জাবেদের যুক্তরাজ্যে ওইসব সম্পত্তির জব্দের আদেশ চেয়ে দুদকের পক্ষে আদালতে আবেদন করেন সংস্থাটির উপ-পরিচালক মশিউর রহমান।

    আবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী এবং তার সহযোগী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘অর্থ পাচারের’ অভিযোগ তদন্তে দুদক, সিআইডি ও এনবিআর থেকে ৯ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এর অংশ হিসেবে গত বছরের ২১শে সেপ্টেম্বর চট্টগ্রামের এক বাড়িতে অভিযান চালিয়ে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মামলার অসংখ্য আলামত উদ্ধার করা হয়।

    উদ্ধার করা তথ্য ও নথিপত্রের বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পর মি. জাবেদ এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন দেশে অধিগ্রহণকৃত সম্পত্তির একটি তালিকা প্রস্তুত করা হয়। এর মধ্যে সাইফুজ্জামান চৌধুরী, তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে যুক্তরাজ্যে অবস্থিত স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।

    সেসব স্থাবর সম্পদ যাতে তিনি অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করতে না পারেন, সেজন্য স্থাবর সম্পদ জব্দ করা একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করে দুদক।

    তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার মি. জাবেদের নামে যুক্তরাজ্যে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দিয়েছে আদালত।

  17. একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত খান আকরাম খালাস

    একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরাম হোসেনকে খালাস দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

    আসামির করা আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের খবরে এই তথ্য জানানো হয়েছে।

    ২০১৫ সালের ১১ই অগাস্ট মানবতাবিরোধী অপরাধের দায়ে বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে মৃত্যুদণ্ড এবং খান আকরাম হোসেনকে আমৃত্যু কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

    ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন খান আকরাম।

  18. ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেফতারে ‘রেড নোটিশ’ জারির ব্যবস্থা নিতে আদেশ

    অবৈধভাবে ফ্ল্যাট দখলের অভিযোগে মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে গ্রেফতার করতে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছে বাংলাদেশের আদালত।

    মিজ সিদ্দিক বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি।

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

    টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারির আবেদনটি করেন দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর।

    আবেদনে বলা হয়েছে, মিজ সিদ্দিক তার খালা শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাটের দখল নেন।

    এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেছে দুদুক। তবে মামলা দায়েরের আগেই মিজ সিদ্দিক দেশত্যাগ করেন। সেইসঙ্গে মামলার আলামত বিনষ্ট করার চেষ্টাও করছেন। সেজন্য তাকে দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন।

    বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানরত মিজ সিদ্দিককে গ্রেফতারের জন্য ইন্টারপোলের মাধ্যমে 'রেড নোটিশ' জারি করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেছে দুদুক।

    সেই প্রেক্ষিতে বৃহস্পতিবার ‘রেড নোটিশ’ জারি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

  19. নয় জন ব্যক্তি ও ব্যান্ড দল ওয়ারফেজকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী

    জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি সংগীত ব্যান্ড দলকে ‘একুশে পদক ২০২৬’ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মাননা তুলে দেন তিনি।

    এ বছর একুশে পদক পেয়েছেন- চলচ্চিত্রে অবদানের জন্য ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক মো. আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এ ছাড়া সংগীত দল হিসেবে ব্যান্ড 'ওয়ারফেজ' পুরস্কার পেয়েছে।

    রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের খবরে জানানো হয়, মরণোত্তর পুরস্কারপ্রাপ্ত আইয়ুব বাচ্চুর পক্ষে তার স্ত্রী ফেরদৌস আখতার চন্দনা প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেন।

    অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  20. গতকালের গুরুত্বপূর্ণ কিছু খবর

    • কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার অন্য মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে 'বিশেষ নির্দেশনা' দিয়েছেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। চিঠির বিষয়ে জানতে চাইলে ডিআইজি মো. শাহজাহান 'ক্ষোভ' প্রকাশ করে বলেন, "এটা একান্তই সংগঠনের অভ্যন্তরীণ বিষয়"।
    • বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে দিয়ে মো. মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর নিয়োগ দিয়েছে সরকার।
    • "প্রয়োজনেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হয়েছে" বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
    • পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বিএনপি সরকার নতুন আর কোনো তদন্ত কমিশন করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • এ বছর বাংলাদেশে ফিতরার হার নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। জনপ্রতি সর্বোচ্চ দুই হাজার ৮০৫ টাকা এবং সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
    • পঞ্চম শ্রেণিতে এবার কেবল সরকারি স্কুলের শিক্ষার্থীরাই নয়, বরং বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষা দিতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক।
Trending Now