আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ নিলেন জাহিদুর রহমান
দলীয় সিদ্ধান্ত অমান্য করেই সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছেন বিএনপি থেকে নির্বাচিত জাহিদুর রহমান।
জাতীয় সংসদ সচিবালয়ের গণমাধ্যম শাখার মহাপরিচালক নুরুল হুদা বিবিসি বাংলাকে জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে শপথ বাক্য পাঠ করান সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী।
তিনি ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ ও রানিশংকৈল উপজেলার একাংশ নিয়ে গঠিত) আসন থেকে জাতীয় পার্টির প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হয়েছিলেন।
নির্বাচনে অনিয়ম ও ব্যাপক কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট।
৩০শে ডিসেম্বরের সাধারণ নির্বাচনে বিএনপির ছয়জন ও জাতীয় ঐক্যফ্রন্টের দুইজন বিজয়ী হলেও তারা শপথ নেবেন না বলে ঘোষণা দেয়া হয় দলগুলোর পক্ষ থেকে।
আরো পড়ুন:
কিন্তু শপথ নেওয়া না নেওয়ার প্রশ্নে দলটিতে নানা আলোচনা ছিল।
তাদের নেতা-কর্মীদের মাঝে শপথ নেওয়ার পক্ষ-বিপক্ষে মত থাকার কথাও বিভিন্ন সময় প্রকাশ হয়েছে। বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিও সেই আলোচনায় ছিল।
এছাড়া নির্বাচিতদের দিক থেকেও শপথ নেওয়ার পক্ষে সিদ্ধান্তের জন্য দলে একটা চাপ সৃষ্টির চেষ্টা ছিল।
যদিও ইতোমধ্যেই জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচিত দুইজন বিজয়ী শপথ নিয়েছেন।
বিএনপির ছয়জন বিজয়ীর মধ্যে এই প্রথম কেউ শপথ গ্রহণ করলেন।
নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের দিন থেকে ৯০ কার্যদিবসের মধ্যে শপথ নেওয়ার যে বিধান রয়েছে, সেই সময় শেষ হচ্ছে ৩০শে এপ্রিল।