পত্রিকা: 'প্রথম অধিবেশনে উত্তাপ ছড়াবে জুলাই সনদ'

বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার পাতাজুড়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়া এবং এ সংক্রান্ত খবর গুরুত্ব পেয়েছে। পাশাপাশি, ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের সংবাদ এবং জ্বালানি সংকট কাটাতে রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ছাড় চাইল বাংলাদেশ— সেই খবরও রয়েছে।
প্রত্যাশা ও চ্যালেঞ্জের সংসদ বসছে আজ— মানবজমিনের প্রধান শিরোনাম এটি।
এই খবরে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী অন্তর্বর্তী সরকারের হাতে তৈরি জুলাই সনদ বাস্তবায়নে সরকারি ও বিরোধী দল যে অঙ্গীকার করেছে, তা পূরণের পর্বও শুরু হচ্ছে আজ থেকে।
আজ থেকে যাত্রা শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের মেয়াদকাল হবে আগামী ২০৩১ সালের মার্চ পর্যন্ত।
গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচনে বিপুল সমর্থন নিয়ে বিজয়ী হওয়া সরকারি দল বিএনপি ও সমমনা জোটের এমপিদের সামনে জনপ্রত্যাশা পূরণের বড় চ্যালেঞ্জ রয়েছে।
অন্যদিকে, সরকার এবং সরকারি দলের এমপিদের জবাবদিহিতা নিশ্চিতের বড় চ্যালেঞ্জ নিয়ে প্রথমবারের মতো বিরোধী দলের দায়িত্বে জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন জোট।

প্রথম অধিবেশনে উত্তাপ ছড়াবে জুলাই সনদ— সমকালের প্রধান শিরোনাম এটি।
এতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সিদ্ধান্ত আসবে 'জুলাই সনদ বাস্তবায়ন' নিয়ে।
বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
পাশাপাশি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদে জারি করা ১৩৩ অধ্যাদেশের ভাগ্যও প্রথম অধিবেশনে নির্ধারণ হবে।
প্রথম দিনেই আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান সব অধ্যাদেশ সংসদে উত্থাপন করতে যাচ্ছেন।
আজকের অধিবেশনের দলীয় কৌশল নির্ধারণে গতকাল বুধবার সরকার ও বিরোধীদলীয় এমপিরা আলাদা সংসদীয় দলের বৈঠক করেছেন।
গতকালের বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার দলের অবস্থান অনুযায়ী নোট অব ডিসেন্ট (আপত্তি) সহকারে জুলাই সনদ বাস্তবায়নের ইঙ্গিত দিয়েছেন।
অন্যদিকে, জামায়াত ও এনসিপির অবস্থান অনুযায়ী বিরোধীদলীয় সদস্যরা গণভোটে পাস হওয়া জুলাই সনদের হুবহু বাস্তবায়ন চান।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কাঠামো, সংসদের উচ্চকক্ষ গঠন পদ্ধতিসহ কয়েকটি সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া নির্ধারণ নিয়েই দুপক্ষের মধ্যে মূলত মতবিরোধ তৈরি হয়েছে।
ত্রয়োদশ সংসদের যাত্রায় সরকার ও বিরোধী দলের মতবিরোধ দেখা দিয়েছিল সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া নিয়ে। ১১ দলীয় জোটের এমপিরা শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদকে সংবিধানবহির্ভূত আখ্যা দিয়ে এই শপথ থেকে বিরত ছিল বিএনপি।
এরই মধ্যে নতুন সংসদে রাষ্ট্রপতির ভাষণ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন বিরোধীদলীয় সদস্যরা। আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতির ভাষণের সময় তারা সংসদের বৈঠক থেকে বেরিয়ে সংসদের লবিতে অবস্থান নেবেন বলে গতকালের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
End of বিবিসি বাংলায় আরও পড়ুন:

স্পিকার এবং ডেপুটি স্পিকার পদে কারা, গোপন রাখল বিএনপি— প্রথম আলোর প্রথম পাতার খবর এটি।
এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন, তা শেষ সময় পর্যন্ত গোপন রেখেছে বিএনপি।
শেষ মুহূর্তে স্পিকার পদে আবদুল মঈন খান ও হাফিজউদ্দিন আহমদের নাম নিয়ে জোরালো আলোচনা রয়েছে। দু'জনই বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী।
এর মধ্যে সাতবারের সংসদ সদস্য হাফিজউদ্দিন আহমদ তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। মঈন খান এখন পর্যন্ত সরকারের কোনো দায়িত্ব পাননি।
এর বাইরে গতকাল হঠাৎ সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নামও নানাভাবে আলোচনায় আসে।
এদিকে, ডেপুটি স্পিকার পদটি বিরোধী দলকে দেওয়ার প্রস্তাব নিয়েছে বিএনপি। সেটা বিরোধী দল নেবে কি না, তা গতকাল বুধবার পর্যন্ত স্পষ্ট করেনি তারা।
ফলে ডেপুটি স্পিকারের বিষয়েও বিএনপি প্রস্তুতি নিয়ে রাখছে। বিরোধী দল ডেপুটি স্পিকার পদ না নিলে এই পদে কে আসছেন, তা নিয়ে কয়েকটি নাম আলোচনায় আছে।
এর আগে, সংসদের চিফ হুইপসহ হুইপ নিয়োগের ক্ষেত্রেও বেশ গোপনীয়তা অবলম্বন করা হয়।
সংসদের প্রথম অধিবেশনের শুরুতে কে সভাপতিত্ব করবেন, সেটিও প্রকাশ করেনি বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন এতে সভাপতিত্ব করতে পারেন— এমন আলোচনা রয়েছে।

চলনে মার্জিত ও কথা বলায় মন্ত্রী-এমপিদের সতর্ক থাকার নির্দেশনা— নয়া দিগন্তের প্রথম পাতার একটির খবরের শিরোনাম এটি।
এই প্রতিবেদনে বলা হয়েছে, চলনে বলনে মার্জিত এবং কথা বলার ক্ষেত্রে মন্ত্রী-এমপিদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও সংসদ নেতা তারেক রহমান।
বিশেষ করে যার যে দায়িত্ব, তার বাইরে যেন কেউ মন্তব্য না করেন, এ বিষয়ে জোর দিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় তিনি এই নির্দেশনা দেন। এতে বিএনপির ২০৯ জন এমপি অংশ নেন।
সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির নেয়া জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি এবং সামনের দিনগুলোতে করণীয় বিষয়ে মন্ত্রী ও সংসদ সদস্যদের দিকনির্দেশনা দেন।
মন্ত্রিসভার তরুণ সদস্যদের নিয়মিত ও সময়মতো অফিস করার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রিসভায় অনেক জ্যেষ্ঠ নেতা আছেন। বিশেষ করে তরুণদের সকাল ৯টার মধ্যে অফিসে যেতে হবে। অফিসে যাওয়া-আসার ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে চলবেন। আমি নিজেও ট্রাফিক আইন মেনে চলি ।
এছাড়া, দৈনন্দিন জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে কৃচ্ছ্রসাধনের আহ্বান জানান।

দ্য ডেইলি স্টারের প্রথম পাতার খবর— Dhaka seeks US waiver to buy Russian oil; অর্থাৎ রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল ঢাকা।
এই খবরে বলা হয়েছে, ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধিতে দেশে জ্বালানি সরবরাহ নিশ্চিত ও জাতীয় অর্থনীতিকে সমর্থন দিতে ভারতের মতো বাংলাদেশকেও রাশিয়ার তেল কেনার জন্য অস্থায়ী ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে সরকার।
গতকাল বুধবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
এরপর অর্থমন্ত্রী নিজ দপ্তরে সাংবাদিকদের বলেন, ভারতকে ইতোমধ্যেই রাশিয়ার তেল কেনার জন্য অস্থায়ী ছাড় দেওয়া হয়েছে। আমরা বলেছি, যদি ভারতের জন্য এমন সুযোগ থাকে, তাহলে বাংলাদেশও সেই সুযোগ পাওয়া উচিত।
এই অনুরোধ ইতোমধ্যেই ওয়াশিংটনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে এ সময় তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে মস্কোর আক্রমণের পর রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র।
মধ্যপ্রাচ্য যুদ্ধের পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে রাশিয়ার তেল কিনতে ৩০ দিনের ছাড় দেয়।
বাংলাদেশ নিজেদের জ্বালানি খাতকে শক্তিশালী করার জন্য আন্তর্জাতিক সহযোগিতা চাইছে, এই প্রক্রিয়ার সাথে জড়িত ব্যক্তিদের কাছ থেকে তা জানা গেছে।
গতকাল ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে এক বৈঠকে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আনুষ্ঠানিকভাবে প্রতিবেশী দেশটিকে জ্বালানি সরবরাহের পরিমাণ বাড়ানোর জন্য অনুরোধ করেছেন।
দেশটি এই অনুরোধ বিবেচনা করছে, বৈঠকের পর এ কথা জানান প্রণয় ভার্মা।
বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশ তার জ্বালানি খাতকে শক্তিশালী করার জন্য চীনের কাছ থেকেও সহযোগিতা চেয়েছে।

বণিক বার্তার শেষের পাতার একটি খবরের শিরোনাম— ফেব্রুয়ারির বেতন হয়নি ৫৩% কারখানায়, ঈদ বোনাস দেয়নি ৮৪%।
এই খবরে বলা হচ্ছে, আসন্ন ঈদুল ফিতরের আগে দেশের শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া বেতন চলতি মাসের সাত কর্মদিবসের মধ্যে পরিশোধের নির্দেশনা ছিল। আর আজ ১২ই মার্চের মধ্যে ঈদ বোনাস পরিশোধের নির্দেশনা ছিল।
দেশে শিল্প অধ্যুষিত আট এলাকা আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, খুলনা, কুমিল্লা ও সিলেটে মোট কারখানার সংখ্যা ১০ হাজার ১০০।
এর মধ্যে ফেব্রুয়ারির বেতন পরিশোধ হয়েছে এমন কারখানা চার হাজার ৭৮৭টি।
এ হিসাবে বেতন পরিশোধ করা কারখানার ৪৭ দশমিক ৪০ শতাংশ। পরিশোধ হয়নি ৫২ দশমিক ৬০ শতাংশ কারখানায়।
মোট ১০ হাজার ১০০ কারখানার মধ্যে ঈদুল ফিতরের বোনাস পরিশোধ হয়েছে এক হাজার ৬১৯টিতে। পরিশোধ হয়নি বা বকেয়া রয়েছে আট হাজার ৪৮১ কারখানার।
এ হিসাবে বোনাস পরিশোধ হয়েছে ১৬ দশমিক শূন্য ৩ শতাংশ কারখানায়। পরিশোধ হয়নি ৮৩ দশমিক ৯৭ শতাংশ কারখানায়।

কালের কণ্ঠের প্রথম পাতার সংবাদ— মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ।
এই প্রতিবেদন অনুযায়ী বলা হয়েছে, পাঁচই অগাস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর সরকারি সেবা কর্মকাণ্ডের ডিজিটাল রূপান্তরের প্রধান কেন্দ্র এসপায়ার টু ইনোভেটে (এটুআই) 'মবের' মাধ্যমে চাকরি বাগিয়ে নেওয়ার পাশাপাশি বেতন বৃদ্ধির ঘটনা ঘটেছে।
এ বিষয়ে যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এসেছে, তিনি হলেন ফাহিম আবদুল্লাহ। যিনি একসময় এটুআই ই-ফাইলিং সিস্টেমের জুনিয়র কনসালট্যান্ট ছিলেন।
রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে ২০২৩ সালে পুলিশ তাকে গ্রেপ্তার করলে পরে চাকরি হারান এটুআই থেকে।
আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পরদিনই একদল বহিরাগত অনুসারী নিয়ে এটুআই কার্যালয়ে হাজির হয়ে ফাহিম আবদুল্লাহ এটুআইয়ের কর্মকর্তাদের নানা হুমকি দেন চাকরি ফিরিয়ে দিতে। শেষ পর্যন্ত বড় পদ 'প্রজেক্ট ম্যানেজমেন্ট হেড' দখল করে নিতে সক্ষম হন তিনি।
এই ব্যক্তি আগে বেতন পেতেন ৭০ হাজার টাকা, তা এখন পাঁচ লাখ টাকায় দাঁড়িয়েছে।
'মবের' ওই চক্রের মাধ্যমে আরও অনেকে উচ্চ বেতনে এটুআইয়ে জায়গা করে নেন। পাশপাশি মবের কারণে অনেকে চাকরি হারিয়েছেন।
এসব ঘটনার এক পর্যায়ে এটুআইয়ের সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির টানাপোড়েন সৃষ্টি হয়। ২০২৪ সালের ১৪ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়কে মব করে কর্মকর্তা-কনসালট্যান্টদের অপসারণ ঘটনার জেরে একটি আনুষ্ঠানিক নোট ভার্বাল পাঠায় ইউএনডিপি।
এতে বলা হয়, যারা ন্যাশনাল পার্সোনাল সার্ভিসেস অ্যাগ্রিমেন্ট চুক্তির অধীনে ইউএনডিপির কর্মী হিসেবে কাজ করছেন, তারা বাংলাদেশ সরকারের সরাসরি কর্মচারী নন। তাদের নিয়োগ ও কার্যক্রম ইউএনডিপির নীতিমালা ও জাতিসংঘের প্রশাসনিক বিধি অনুযায়ী পরিচালিত হয়।
এই নোটটি দেওয়া হয় এটুআই প্রকল্প থেকে বাদ পড়া ইউএনডিপির অধীন ৯ জন কর্মকর্তা-কনসালট্যান্টের জন্য।
২০২৫ সালের জুনে ইউএনডিপির তদারকি ও তদন্তকারী দপ্তর অডিট ও ইনভেস্টিগেশনস (ওএআই) অফিস এই অভিযোগের তদন্ত করতে আসে। তারা পরে সাফ জানিয়ে দেয়, অভিযুক্ত কর্মকর্তা-কনসালট্যান্টদের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করার মতো পর্যাপ্ত ভিত্তি নেই।
End of বিবিসি বাংলার অন্যান্য খবর:

আজকের পত্রিকার প্রথম পাতার শিরোনাম— ডেমু বদলে হচ্ছে কমিউটার নতুন দুই আন্তনগর ট্রেন।
এই খবরে বলা হচ্ছে, রেলের দুটি রুট যথাক্রমে ঢাকা-পাবনা-ঢাকা ও ঢাকা-খুলনা-ঢাকা রুটে নতুন আন্তনগর ট্রেন চালু; পুরোনো কারখানার আধুনিকায়ন ও নতুন কারখানা স্থাপন; অকেজো ডেমু ট্রেনকে স্বল্প দূরত্বের যাত্রীবাহী কমিউটার ট্রেনে রূপান্তর এবং জনপ্রিয় রুটে যেমন ঢাকা-কক্সবাজার রুটে বেসরকারি ট্রেন চালুর মতো বিভিন্ন নতুন উদ্যোগের কথা ভাবছে রেলপথ মন্ত্রণালয়।
পরিকল্পনার মধ্যে আরও রয়েছে শিক্ষার্থী, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য ভাড়া ছাড়, ঢাকা-চট্টগ্রাম যাত্রার সময় ৪ ঘণ্টায় নিয়ে আসার মতো উদ্যোগ।
এ বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়নে আজ বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ে সভা হবে।
রেল যোগাযোগের উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এসব উদ্যোগ নেওয়ার কথা হচ্ছে।

নিউ এইজের প্রথম পাতার সংবাদ— Diesel shortage disrupts boro irrigation;
ডিজেল সংকটে বোরোর সেচ ব্যবস্থাপনা ব্যাহত।
এই প্রতিবেদনে বলা হয়েছে, ডিজেল সংকটের কারণে বেশ কয়েকটি জেলার কৃষকরা বোরো ধানের জমিতে সেচ ব্যবস্থাপনায় হিমশিম খাচ্ছেন। তাতে সামনের মাসগুলোতে দেশের চাল সরবরাহ নিয়ে কৃষি অর্থনীতিবিদদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা অবশ্য দাবি করেছেন, জাতীয় পর্যায়ে সেচ কার্যক্রম দীর্ঘ সময়ের জন্য ব্যাহত হবে না।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৭৫৪টি ডিজেলচালিত গভীর নলকূপ, ১০ লাখ ৩৯ হাজার ৩৩৭টি অগভীর নলকূপ এবং ১ লাখ ৮৪ হাজার ৩৮৪টি লো-লিফট পাম্প সচল রয়েছে।
ডিএইর অতিরিক্ত পরিচালক মো. জামাল উদ্দিন জানালেন, ডিজেলের ঘাটতির কারণে সেচে কোনো সমস্যা হওয়ার কথা জানাননি মাঠ পর্যায়ের কর্মকর্তারা।
যদিও বেশ কয়েকটি জেলার কৃষকরা বলেছেন যে, তারা সেচের জন্য ডিজেল সংগ্রহ করতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৫-২৬ অর্থবছরে বিএডিসির সেচ পাম্প পরিচালনার জন্য ১২ দশমিক শূন্য এক লাখ টন ডিজেলের চাহিদা নির্ধারণ করা হয়েছে।

হরমুজ ঘিরে উত্তেজনা— দেশ রূপান্তরের প্রধান শিরোনাম এটি।
এই খবরে বলা হয়েছে, তেল পরিবহনে গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি ঘিরে যুদ্ধরত যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
ইরান সেখানে বিস্ফোরক মাইন পেতে রাখছে এবং একের পর এক জাহাজে আঘাত হানছে এমন ঘটনা ঘটতে থাকায় এ উত্তেজনা দেখা দেয়।
মাইন স্থাপন করলে ইরানকে সামরিকভাবে নজিরবিহীন পরিণাম ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, ইরান সত্যিই হরমুজ প্রণালিতে মাইন বসিয়েছে, এখন পর্যন্ত তিনি এমন কোনো খবর পাননি বলে জানিয়েছেন।
তেহরান যদি সত্যিই সেখানে ভাসমান বিস্ফোরক মাইন বসিয়ে থাকে, তাহলে সেগুলো 'অবিলম্বে' সরিয়ে ফেলতে হবে বলে মনে করেন ডোনাল্ড ট্রাম্প।
এদিকে, যুক্তরাষ্ট্রের দাবি হরমুজ প্রণালিতে মাইন বসানোর কাজে ব্যবহৃত ১৬টি ইরানি নৌযান ধ্বংস করেছে তারা।
যুক্তরাজ্যভিত্তিক মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে গতকাল বুধবার পৃথক তিনটি জাহাজে প্রজেক্টাইল আঘাত হেনেছে।









