লাইভ, যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম বাড়ার সতর্কতা জাতিসংঘের

চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বা এফএও। এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং ইরানের পাল্টাপাল্টি হামলার ৩৫তম দিনে গত রাতজুড়ে পুরো মধ্যপ্রাচ্যে সাইরেনের শব্দ আর বিস্ফোরণ শোনা গেছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

  1. ইরানের ইস্পাত উৎপাদন সক্ষমতা ধ্বংসের দাবি নেতানিয়াহুর

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

    ছবির উৎস, RONEN ZVULUN/POOL/EPA/Shutterstock

    ছবির ক্যাপশান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

    ইসরায়েলি হামলায় ইরানের ইস্পাত উৎপাদন সক্ষমতার প্রায় ৭০ শতাংশ ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু একে একটি "বিরাট সাফল্য" হিসেবে অভিহিত করেছেন।

    তিনি দাবি করেন, এর ফলে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী তাদের আর্থিক ও সামরিক সংস্থান থেকে বঞ্চিত হবে।

    তিনি আরও বলেন, "প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আমার এবং আইডিএফ ও মার্কিন সামরিক বাহিনীর মধ্যে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে আমরা ইরানকে গুঁড়িয়ে দেওয়া অব্যাহত রাখব।"

    একইসঙ্গে হেজবুল্লাহর ওপরও ইসরায়েলি আঘাত অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

  2. নৌবাহিনী গোয়েন্দা প্রধানের মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান, ঘোনচে হাবিবিয়াজাদ, সিনিয়র রিপোর্টার, বিবিসি পার্সিয়ান

    ইরানের সঙ্গে এক মাসেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সংঘাত চলছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইরানের সঙ্গে এক মাসেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সংঘাত চলছে

    নৌ-গোয়েন্দা অধিদপ্তরের প্রধান- বেহনাম রেজায়ির মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি।

    শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে তারা। এর আগে গত ২৬শে মার্চ এক হামলায় রেজায়িকে লক্ষ্যবস্তু করার দাবি করেছিল ইসরায়েল।

    ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ তখন জানিয়েছিল, "রেজায়ি আঞ্চলিক দেশগুলোর তথ্য সংগ্রহের দায়িত্বে ছিলেন এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে সমন্বয় ও সহযোগিতার নেতৃত্ব দিচ্ছিলেন।"

    ইরানের সংবাদমাধ্যমগুলো গত ২৭শে মার্চ রেজায়ির একটি স্মরণ সভার খবর প্রকাশ করলেও, আইআরজিসি ঘটনার কয়েক দিন পর শুক্রবার আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করল।

    উল্লেখ্য, গত ২৬শে মার্চ ইসরায়েল আইআরজিসি-র নৌ-কমান্ডার আলিরেজা তাংসিরিকেও হত্যার দাবি করেছিল, যিনি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অবরোধ তদারকির দায়িত্বে ছিলেন। ইসরায়েলের সেই ঘোষণার চার দিন পর তাংসিরির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছিল আইআরজিসি।

  3. উপসাগরীয় অঞ্চলজুড়ে অব্যাহত হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত, কেটি উইলিয়ামস, লাইভ রিপোর্টার

    ইরানের কারাজ শহরে ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবনের বাইরে সাধারণ মানুষ জড়ো হয়েছেন

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইরানের কারাজ শহরে ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবনের বাইরে সাধারণ মানুষ জড়ো হয়েছেন

    ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধে উপসাগরীয় অঞ্চলজুড়ে চরম অস্থিরতা বিরাজ করছে। গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান।

    কুয়েতের মিনা আল-আহমাদি তেল শোধনাগারে ইরানি ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উল্লেখ্য, যুদ্ধ শুরু হওয়ার পর এটি নিয়ে তৃতীয়বার এই শোধনাগারটিতে হামলা হলো।

    এছাড়া দেশটির একটি বিদ্যুৎ কেন্দ্র এবং পানি শোধন (ডেসালিনেশন) প্ল্যান্টেও হামলা চালানো হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এতে প্ল্যান্টের কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

    সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি গ্যাস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে, শুক্রবার ভোরেও ইরান থেকে আসা আরও একঝাঁক ক্ষেপণাস্ত্রের মুখোমুখি হয়েছে তারা।

    এর আগে ইরানের কারাজ শহরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় একটি সেতু ধ্বংস হয়। স্থানীয় কর্মকর্তাদের দাবি, ওই হামলায় আটজন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন।

    বিবিসি প্রতিনিধিদের বিশ্লেষণ অনুযায়ী, সাধারণ মানুষের জীবনে যুদ্ধের প্রভাব চরমভাবে পড়ছে। উপসাগরীয় দেশগুলোর পানি শোধন প্ল্যান্টগুলোতে হামলা অব্যাহত থাকলে এই শুষ্ক অঞ্চলটি মানুষের বসবাসের অনুপযোগী হয়ে উঠতে পারে।

    এদিকে, ইরানের শাসকরা অভ্যন্তরীণ বিক্ষোভ দমাতে গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড কার্যকর করছে। রাতে সড়কে টহল বাহিনীর শব্দে সাধারণ মানুষের ঘুম হারাম হয়ে যাচ্ছে।

    বিবিসির আন্তর্জাতিক সম্পাদক জেরেমি বোয়েন মনে করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক নিয়ম-নীতির তোয়াক্কা না করে ‘জোর যার মুল্লুক তার’ নীতিতে এগোচ্ছেন। ট্রাম্প এই যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজলেও বর্তমানে কোনো ধরনের সমঝোতার সম্ভাবনা দেখা যাচ্ছে না।

  4. যুক্তরাষ্ট্র চাইলে ‘সহজেই’ হরমুজ প্রণালি উন্মুক্ত করতে পারে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্র খুব সহজেই হরমুজ প্রণালি উন্মুক্ত করতে পারে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেছেন তিনি।

    ট্রাম্প লিখেছেন, "আরও কিছুটা সময় পেলে আমরা খুব সহজেই হরমুজ প্রণালি উন্মুক্ত করতে পারি। (সেখানকার) তেল দখল করে আমরা প্রচুর অর্থ উপার্জন করতে পারি। এটি কি বিশ্বের জন্য একটি তেলের খনি হবে না?"

    হরমুজ প্রণালি কীভাবে পুনরায় উন্মুক্ত করা যায়, সে বিষয়ে ট্রাম্প বারবার বিভিন্ন ধরনের মত দিয়েছেন।

    তিনি ইঙ্গিত দিয়েছেন যে, পশ্চিমা দেশগুলোর উচিত এই গুরুত্বপূর্ণ নৌ-পথ দিয়ে তেল সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করা।

  5. যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম বাড়ার সতর্কতা জাতিসংঘের

    জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে খাদ্যপণ্যের বাজারে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে খাদ্যপণ্যের বাজারে

    ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বা এফএও।

    সংস্থাটির মাসিক ‘ফুড প্রাইস ইনডেক্স’ বা খাদ্যমূল্য সূচক অনুযায়ী- যা আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম পর্যবেক্ষণ করে- গত ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের ব্যবধানে বিশ্বজুড়ে খাদ্যের দাম দুই দশমিক চার শতাংশ বৃদ্ধি পেয়েছে।

    এই সূচকটি টানা দ্বিতীয় মাসের মতো ঊর্ধ্বমুখী বলে জানিয়েছে এফএও। মূলত মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ফলে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় তার সরাসরি প্রভাব পড়েছে খাদ্যপণ্যের উৎপাদন ও পরিবহন খরচে।

    বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথ ‘হরমুজ প্রণালি’ নিয়ে অস্থিরতা চলমান থাকলে সামনের দিনগুলোতে খাদ্য আমদানিকারক দেশগুলোর জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

  6. আন্তর্জাতিক নিয়ম-নীতির তোয়াক্কা করছেন না ট্রাম্প, জেরেমি বোয়েন, আন্তর্জাতিক সম্পাদক

    কারাজের এই ঝুলন্ত সেতুটি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে আটজন নিহত ও প্রায় একশ জন আহত হয়েছেন

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, কারাজের এই ঝুলন্ত সেতুটি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে আটজন নিহত ও প্রায় একশ জন আহত হয়েছেন

    চলমান যুদ্ধকে অনেকে একটি ‘স্বেচ্ছায় চাপিয়ে দেওয়া যুদ্ধ’ হিসেবে দেখছেন, যার আইনি ভিত্তি অত্যন্ত বিতর্কিত। কারণ, এই যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের ওপর ইরানের পক্ষ থেকে কোনো আসন্ন হুমকির প্রমাণ পাওয়া যায়নি।

    বর্তমান পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা ও রণকৌশল নিয়ে একটি বিশ্লেষণ তুলে ধরেছেন বিবিসি-র আন্তর্জাতিক সম্পাদক জেরেমি বোয়েন।

    জেরেমি বোয়েন উল্লেখ করেন, ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ভাষা- বিশেষ করে ইরানকে ‘প্রস্তর যুগে’ ফিরিয়ে নেওয়ার হুমকি- সরাসরি যুদ্ধাপরাধের শামিল।

    আন্তর্জাতিক যুদ্ধনীতি অনুযায়ী, যেকোনো সামরিক অভিযানে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং হুমকির অনুপাতে শক্তি প্রয়োগ করা বাধ্যতামূলক।

    তেহরান ও কারাজকে সংযোগকারী সেতুতে মার্কিন হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আরও তথ্যের প্রয়োজন, তবে এটি বলা চলে যে, ট্রাম্পের নীতিতে আন্তর্জাতিক শৃঙ্খলা বা নিয়ম-নীতির কোনো স্থান নেই। ‘জোর যার মুল্লুক তার’ এই নীতিতেই সে বিশ্বাস করে বলে মনে হয়।

    গত পরশু রাতে ট্রাম্পের ১৯ মিনিটের ভাষণে তার অবস্থানের দ্রুত পরিবর্তন লক্ষ্য করা গেছে। বোয়েনের মতে, এটি ট্রাম্পের ‘কৌশলগত অনিশ্চয়তা’র বহিঃপ্রকাশ। ট্রাম্প একদিকে যেমন এই পরিস্থিতি থেকে বের হওয়ার পথ খুঁজছেন, অন্যদিকে বর্তমানে কোনো কার্যকর সমঝোতা বা চুক্তির সম্ভাবনাও দেখা যাচ্ছে না।

    বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি স্থল বাহিনী মোতায়েন করে, তবে তা উল্টো ইরানের জন্য সুবিধাজনক হতে পারে। ইরান চাইবে যুক্তরাষ্ট্রকে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে ফেলতে।

    কারণ, রাজনৈতিকভাবে ট্রাম্পের তুলনায় ইরান দীর্ঘ মেয়াদে বেশি ক্ষয়ক্ষতি সয়ে নেওয়ার ক্ষমতা রাখে।

    ইরান ইতিমধ্যে দেখিয়েছে যে, ‘অসম যুদ্ধে’ দুর্বল দেশগুলোও শক্তিশালী দেশের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারে। আর হরমুজ প্রণালি ইরানের হাতে একটি অত্যন্ত শক্তিশালী এবং কার্যকর অস্ত্র।

  7. দুবাইয়ের চার্চগুলোতে প্রার্থনা সভা বাতিল ঘোষণা

    দুবাইয়ের সেন্ট ফ্রান্সিস অফ আসিসি গির্জার ছবি, ২০২৫ সালের এপ্রিলে তোলা

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, দুবাইয়ের সেন্ট ফ্রান্সিস অফ আসিসি গির্জার ছবি, ২০২৫ সালের এপ্রিলে তোলা

    দুবাইয়ের ক্যাথলিক চার্চগুলো আসন্ন ইস্টার উইকএন্ডের আগে তাদের সমস্ত গণপ্রার্থনা কর্মসূচি বাতিল ঘোষণা করেছে।

    সরকারের পক্ষ থেকে দেওয়া বিশেষ নির্দেশনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চার্চ কর্তৃপক্ষ জানিয়েছে।

    দুবাইয়ের সেন্ট ফ্রান্সিস অফ আসিসি চার্চ এক বিবৃতিতে জানিয়েছে, "সরকারি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আমাদের চার্চের সমস্ত গণপ্রার্থনা বাতিল করা হয়েছে।"

    নিরাপত্তা এবং জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে চার্চ কর্তৃপক্ষ ধর্মপ্রাণ খ্রিস্টানদের আপাতত চার্চে না আসার জন্য অনুরোধ জানিয়েছে।

    একই ধরনের নির্দেশনা জারি করেছে সেন্ট মেরি’স ক্যাথলিক চার্চ। তারা জানিয়েছে, সরকারি নির্দেশে সশরীরে উপস্থিত হয়ে প্রার্থনা কর্মসূচি বাতিল করা হয়েছে। এর পরিবর্তে তারা শুক্রবারের বিশেষ প্রার্থনা সভাটি ইন্টারনেটে সরাসরি সম্প্রচার করবে।

    মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে জনসমাগম এড়াতেই সরকারের পক্ষ থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

  8. কুয়েতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে যুক্তরাজ্য, জ্যাক ফেনউইক, রাজনৈতিক প্রতিনিধি

    ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার

    কুয়েতের তেল শোধনাগারে গতরাতের ড্রোন হামলাকে ‘বেপরোয়া’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।

    শুক্রবার সকালে কুয়েতের ক্রাউন প্রিন্সের সাথে এক ফোনালাপে তিনি দেশটিতে যুক্তরাজ্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন নিয়ে আলোচনা করেছেন।

    ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী স্টারমার কুয়েত এবং উপসাগরীয় অঞ্চলের মিত্রদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

    তিনি বলেন, “এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের লক্ষ্য হলো কুয়েতি ও ব্রিটিশ কর্মীদের পাশাপাশি এই অঞ্চলে আমাদের স্বার্থ রক্ষা করা। একইসাথে এটি যাতে কোনোভাবেই বড় ধরনের যুদ্ধে রূপ না নেয়, সেদিকেও নজর রাখা হচ্ছে।”

    ফোনালাপে উভয় নেতা ‘হরমুজ প্রণালি’ পুনরায় সচল করার বিষয়ে একমত হয়েছেন।

    এর আগে গত মঙ্গলবার ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি ঘোষণা করেছিলেন যে, কুয়েতের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে একটি ‘র‍্যাপিড সেন্ট্রি’ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইতিমধ্যে সেখানে পৌঁছেছে।

    মূলত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে কুয়েতের অবকাঠামো রক্ষা করতেই এই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।

    ডাউনিং স্ট্রিট স্পষ্ট করেছে যে, এই পদক্ষেপটি এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার একটি অংশ হিসেবে নেওয়া হয়েছে।

  9. পারস্য উপসাগরে আটকে পড়েছেন হাজারো নাবিক, লর্না গর্ডন, দুবাই থেকে প্রতিবেদন

    হরমুজ প্রণালির আশপাশে দীর্ঘদিন ধরে আটকে আছে অনেক জাহাজ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, হরমুজ প্রণালির আশপাশে দীর্ঘদিন ধরে আটকে আছে অনেক জাহাজ

    ইরান ও ওমানের মধ্যবর্তী এলাকায় সংকীর্ণ জলপথ 'হরমুজ প্রণালি' দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তেল, গ্যাস ও সার সরবরাহে বিঘ্ন নিয়ে ব্যপক আলোচনা চলছে।

    কিন্তু এই অচলাবস্থার কারণে ওই এলাকায় আটকে পড়া অন্তত দুই হাজার জাহাজে থাকা হাজারো নাবিকের শোচনীয় অবস্থা নিয়ে খুব কম তথ্যই জানা যাচ্ছে।

    চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকে পারস্য উপসাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে এ পর্যন্ত ২১টি হামলার খবর নিশ্চিত হওয়া গেছে।

    আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা বা আইএমও জানিয়েছে, এসব হামলায় এখন পর্যন্ত ১০ জন নাবিক নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

    বর্তমানে উপসাগরীয় দেশগুলোর উপকূলে নোঙর করে থাকা জাহাজগুলোতে ২০ হাজার এরও বেশি নাবিক অবস্থান করছেন।

    আইএমও-র তথ্যমতে, এসব জাহাজে খাবার ও প্রয়োজনীয় রসদ ফুরিয়ে আসছে। দীর্ঘ সময় আটকে থাকায় নাবিকরা চরম ক্লান্তি ও তীব্র মানসিক চাপের মধ্য দিয়ে সময় পার করছেন।

    আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ বলেছেন, "এই সংকট সমাধানে বিচ্ছিন্ন কোনো পদক্ষেপ আর যথেষ্ট নয়।"

    তিনি আরও বলেন, "আটকে পড়া নাবিকদের নিরাপদে সরিয়ে নিতে এবং জাহাজগুলোতে জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার জন্য একটি 'মানবিক করিডোর' গড়ে তুলতে জরুরি কূটনৈতিক হস্তক্ষেপ প্রয়োজন।"

  10. মধ্যপ্রাচ্যজুড়ে রাতভর সাইরেন আর বিস্ফোরণের শব্দ, ফ্রেয়া স্কট-টার্নার, লাইভ রিপোর্টার

    ইরানের হামলার পর ক্ষয়ক্ষতি পরিদর্শন করছেন ইসরায়েলের জরুরি কর্মীরা

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইরানের হামলার পর ক্ষয়ক্ষতি পরিদর্শন করছেন ইসরায়েলের জরুরি কর্মীরা

    ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ৩৫তম দিনে গতরাতজুড়ে পুরো মধ্যপ্রাচ্যে সাইরেনের শব্দ আর বিস্ফোরণ শোনা গেছে।

    ইরানি ড্রোন হামলায় কুয়েতের একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির জরুরি সেবা সংস্থাগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া একটি বিদ্যুৎ কেন্দ্র এবং লবণাক্ত পানি শোধনাগারেও (ডেসালিনেশন প্ল্যান্ট) হামলা চালানো হয়েছে।

    ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে একটি 'নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা' চালিয়েছে। এই অভিযানে হেজবুল্লাহর ১৫ জন সদস্য নিহত হয়েছে বলে দাবি তাদের।

    এছাড়া বৈরুতের দক্ষিণে একাধিক শহরের বাসিন্দাদের এলাকা থেকে সরে যাওয়ার জন্য নতুন করে নির্দেশ জারি করেছে ইসরায়েল।

    আইডিএফ জানিয়েছে, গতরাতে ইরান থেকে ইসরায়েলে বেশ কিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। অন্যদিকে, ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীরা দাবি করেছে যে, তারা ইসরায়েলকে লক্ষ্য করে একঝাঁক 'ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র' ছুড়েছে।

    তেহরানের কাছে একটি সেতুতে গত বৃহস্পতিবার হামলার পর স্থানীয় বাসিন্দারা বিবিসির কাছে উৎকণ্ঠা প্রকাশ করেছেন।

    এদিকে, ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। যদিও ধ্বংস হওয়া ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আবুধাবিতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

    সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার তারা বেশ কিছু ড্রোন আকাশেই ধ্বংস করেছে।

    অন্যদিকে বাহরাইনে বিমান হামলার সাইরেন বাজার পর দেশটির নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

  11. ইরান যুদ্ধে কেমন খরচ হচ্ছে যুক্তরাষ্ট্রের?

    তেহরানে হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবনের সামনে এক ব্যক্তি একটি ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছেন

    ছবির উৎস, EPA/Shutterstock

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বেসামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্ত করছে বলে অভিযোগ করছে ইরান

    ইরানে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ইতোমধ্যেই বিপুল ব্যয় ডেকে এনেছে।

    গত মাসে যুদ্ধ শুরুর ছয় দিনের মাথায় পেন্টাগন আইনপ্রণেতাদের জানায় যে, তাদের এ যুদ্ধে খরচ হয়েছে ১১.৩ বিলিয়ন (১১৩০কোটি) ডলার।

    যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় দৈনিক ব্যয় পরিবর্তিত হয়েছে।

    মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হওয়ায় খরচ কিছুটা কমেছে।

    তবে বিশেষজ্ঞদের অনুমান, সংঘাতে এখনো প্রতিদিন প্রায় ৩৮৫ মিলিয়ন ডলার (৩৮ কোটি ৫০ লাখ) ব্যয় হচ্ছে।

  12. ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানোর হুমকি ট্রাম্পের

    তেহরানের পশ্চিমে কারাজ শহরে বিমান হামলায় নির্মাণাধীন একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, তেহরানের পশ্চিমে কারাজ শহরে বিমান হামলায় নির্মাণাধীন একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এখনো “ইরানে যা অবশিষ্ট আছে তা ধ্বংস করা শুরুই করেনি”।

    ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে তিনি মার্কিন সেনাবাহিনীকে “বিশ্বের সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে শক্তিধর” বলে উল্লেখ করেন এবং বলেন, তারা “এবার সেতুগুলোকে, তারপর বিদ্যুৎকেন্দ্রগুলোকে” লক্ষ্যবস্তু করবে।

    এর আগে তেহরানের পশ্চিমে কারাজ শহরে নির্মাণাধীন একটি সেতুতে বিমান হামলায় আটজন নিহত এবং প্রায় ১০০ জন আহত হন।

    ট্রাম্প আরও বলেন, “নতুন শাসন নেতৃত্ব জানে কী করতে হবে, এবং তা দ্রুত করতে হবে।”

    তার পুরো পোস্টটি ছিল এ রকম, “আমাদের সামরিক বাহিনী, যা বিশ্বে (অনেক ব্যবধানে!) সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে শক্তিশালী, এখনো ইরানে যা অবশিষ্ট আছে তা ধ্বংস করা শুরুই করেনি। এবার সেতু, এরপর বিদ্যুৎকেন্দ্র! শাসনতন্ত্রের নতুন নেতৃত্ব জানে কী করতে হবে এবং তা করতে হবে দ্রুত! প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প”।

    এই বি১ সেতু, যা হামলার সময় পর্যন্ত যান চলাচলের জন্য খোলা হয়নি, সেটিকে মধ্যপ্রাচ্যের অন্যতম উঁচু সেতু হিসেবে উল্লেখ করা হয়েছে।

    ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে সেতুটির নির্মাণকাজ শেষ হওয়ার পর প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, এটি এক হাজার ৫০ মিটার দীর্ঘ এবং এতে ১৩৬টি মিটার উঁচু স্তম্ভ রয়েছে।

  13. জাতিসংঘের ওয়েবসাইট থেকে ‘নিখোঁজ’ মধ্যপ্রাচ্য নিয়ে ভোটের সূচি

    জাতিসংঘের সদর দফতর

    ছবির উৎস, Getty Images

    জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাহরাইন প্রস্তাবিত হরমুজ প্রণালি–বিষয়ক এক প্রস্তাবের ওপর ভোট গ্রহণের যে সময়সূচি আগে নির্ধারিত ছিল, তা দৈনিক কার্যসূচি থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    বৃহস্পতিবার, দোসরা এপ্রিল প্রকাশিত এক সূচিতে দেখা গিয়েছিল, স্থানীয় সময় সকাল ১১টা (১৫:০০ জিএমটি) মধ্যপ্রাচ্যবিষয়ক একটি প্রস্তাবের ওপর ভোট গ্রহণের সময় নির্ধারিত। কিন্তু শুক্রবার, তেসরা এপ্রিল ওই ভোট আর জাতিসংঘের ওয়েবসাইটে দেখা যাচ্ছে না।

    এই বৈঠক সূচি থেকে সরিয়ে দেওয়ার কোনো কারণ জানানো হয়নি এবং এই পোস্ট প্রকাশের সময় পর্যন্ত ভোট গ্রহণের নতুন তারিখ জাতিসংঘ ঘোষণা করেনি।

  14. যুদ্ধের মধ্যেই সেনাপ্রধানকে কেন পদত্যাগ করতে বললেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, ম্যাক্স মাতজা

    মার্কিন সেনাবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল র‍্যান্ডি জর্জ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মার্কিন সেনাবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল র‍্যান্ডি জর্জ

    মার্কিন সেনাবাহিনীতে বড় ধরনের রদবদলের মধ্যে এবার সেনাপ্রধান (চিফ অফ স্টাফ) জেনারেল র‍্যান্ডি জর্জকে পদত্যাগ করতে বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

    বিবিসির মার্কিন সহযোগী সংস্থা সিবিএস নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।

    পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে জানিয়েছেন, মার্কিন সেনাবাহিনীর ৪১তম চিফ অফ স্টাফ জেনারেল জর্জ শিগগিরই তার পদ থেকে অবসরে যাচ্ছেন।

    ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন সেনাপ্রধান হিসেবে র‍্যান্ডি জর্জকে মনোনীত করেছিলেন। মার্কিন সেনাপ্রধানের দায়িত্বের মেয়াদ চার বছর হলেও, মাত্র দুই বছরের মাথায় তাকে সরিয়ে দেওয়া হচ্ছে।

    জেনারেল জর্জ প্রথম উপসাগরীয় যুদ্ধ ছাড়াও ইরাক ও আফগানিস্তান যুদ্ধে পদাতিক কর্মকর্তা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাকে কেন পদত্যাগ করতে বলা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

    তবে সিবিএস নিউজকে একজন উচ্চপদস্থ প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, "আমরা তার সেবার জন্য কৃতজ্ঞ, কিন্তু সেনাবাহিনীতে এখন নেতৃত্বে পরিবর্তন আনার সময় এসেছে।"

    পেন্টাগনের মুখপাত্র পার্নেল এক বিবৃতিতে বলেন, "জাতির প্রতি জেনারেল জর্জের কয়েক দশকের সেবার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা তার অবসর জীবনের শুভকামনা জানাই।"

    মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্য মতে, জেনারেল জর্জের স্থলাভিষিক্ত হবেন সেনাবাহিনীর ভাইস চিফ অফ স্টাফ জেনারেল ক্রিস্টোফার লানিভ। তিনি ভারপ্রাপ্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

    মুখপাত্র পার্নেল লানিভ সম্পর্কে বলেন, "তিনি যুদ্ধক্ষেত্রে একজন পরীক্ষিত নেতা এবং তার কয়েক দশকের অভিজ্ঞতার ওপর মন্ত্রী হেগসেথের পূর্ণ আস্থা রয়েছে। বর্তমান প্রশাসনের লক্ষ্য বাস্তবায়নে তিনি ত্রুটিহীন ভূমিকা পালন করবেন।"

    পেন্টাগনের দায়িত্ব নেওয়ার পর থেকেই পিট হেগসেথ সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে ব্যাপক রদবদল করেছেন।

    এখন পর্যন্ত তিনি এক ডজনেরও বেশি উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন, যার মধ্যে নৌবাহিনীর চিফ অফ নেভাল অপারেশনস এবং বিমান বাহিনীর ভাইস চিফ অফ স্টাফও রয়েছেন।

  15. পাকিস্তানে জ্বালানির দাম এক লাফে ৪৩ শতাংশ বাড়লো, কেরি ডেভিস, বিবিসি পাকিস্তান প্রতিনিধি

    একটি পাম্পে জ্বালানির দামের ড্যাশবোর্ড

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, পাকিস্তানে পেট্রোলের দাম ৪৩ শতাংশ এবং হাই-স্পিড ডিজেলের দাম ৫৫ শতাংশ বাড়ানো হয়েছে

    ইরানে চলমান যুদ্ধের ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় পাকিস্তানেও এর প্রভাব পড়েছে। রাতারাতি পেট্রোলের দাম ৪৩ শতাংশ এবং হাই-স্পিড ডিজেলের দাম ৫৫ শতাংশ বাড়ানো হয়েছে।

    পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী জানিয়েছেন, সরকারি কোষাগারে সম্পদের সীমাবদ্ধতা এবং চলমান যুদ্ধের কোনো নিশ্চিত সমাপ্তি না থাকায় এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    পাকিস্তান তার জ্বালানি চাহিদার বড় একটি অংশের জন্য আমদানির ওপর নির্ভরশীল, যার বড় চালান আসে হরমুজ প্রণালি হয়ে। সম্প্রতি ইরান এই রুটটি কার্যত বন্ধ করে দিলেও পাকিস্তান সরকারের দাবি, তারা ইরানের সাথে আলোচনার মাধ্যমে পাকিস্তানি পতাকাবাহী জাহাজগুলোর জন্য নিরাপদ চলাচলের ব্যবস্থা করতে সক্ষম হয়েছে।

    যুদ্ধ শুরুর পর পাকিস্তানে এটি দ্বিতীয় দফায় দাম বৃদ্ধি। সব মিলিয়ে যুদ্ধ শুরুর আগের তুলনায় দেশটিতে বর্তমানে পেট্রোল ৭৭ শতাংশ এবং ডিজেল ৮৭ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে।

    এদিকে, সাধারণ মানুষের ওপর চাপ কমাতে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ভর্তুকিও ঘোষণা করেছে পাকিস্তান সরকার। আগামী তিন মাস পর্যন্ত প্রতি মাসে সর্বোচ্চ ২০ লিটার পেট্রোলের ওপর প্রতি লিটারে ১০০ রুপি ভর্তুকি পাবেন মোটরসাইকেল আরোহীরা।

    এছাড়া আন্তঃনগর বাস ও গণপরিবহনের জন্য লিটার প্রতি ১০০ রুপি এবং যাত্রীবাহী বাস সার্ভিসের জন্য মাসে সর্বোচ্চ এক লাখ রুপি পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে।

    ট্রাকসহ পণ্যবাহী যানবাহনের জন্য মাসে সর্বোচ্চ ৭০ হাজার রুপি পর্যন্ত জ্বালানি ভর্তুকি বরাদ্দ করা হয়েছে। আর কৃষিখাতে ক্ষুদ্র চাষিদের জন্য ফসল কাটার মৌসুমে এককালীন একর প্রতি এক হাজার ৫০০ রুপি অর্থ সহায়তা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

    এছাড়া রেলের ভাড়া নিয়ন্ত্রণে রাখতে পাকিস্তান রেলওয়েকে বিশেষ আর্থিক সহায়তার ঘোষণাও দিয়েছে সরকার।

    পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব এক বিবৃতিতে বলেছেন, আর্থিক সীমাবদ্ধতার কারণে সরকারের পক্ষে বড় ধরনের কোনো স্বস্তি দেওয়া সম্ভব হচ্ছে না।

    যেকোনো ছাড় বা ভর্তুকি কেবলমাত্র একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত কার্যকর থাকবে। এই পুরো পরিস্থিতি প্রতি সপ্তাহে পর্যালোচনা করা হবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় সমন্বয় করা হবে বলেও জানান তিনি।

  16. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর

    • ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ৭০ লাখ ইরানি দেশটির সামরিক বাহিনীতে স্বেচ্ছাসেবী হিসেবে নাম লিখিয়েছেন।
    • লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক ও ধারাবাহিক বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। হামলার কারণে হাজারো মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে।
    • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে, ইরান যুদ্ধ ইস্যুতে ফ্রান্স যুক্তরাষ্ট্রকে কোনো সহযোগিতা করেনি। একইসাথে, ট্রাম্প ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁকে ব্যক্তিগতভাবেও আক্রমণ করে মন্তব্য করেছেন। তার জবাবে আজ ম্যাক্রঁ বলেন, ট্রাম্পের ওই মন্তব্য অশোভন ও এর কোনো জবাব দেওয়ার প্রয়োজন নেই।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে, আসন্ন কয়েক সপ্তাহে ইরানে বড়-সড় হামলা চালানো হবে। এরপরই চীন মধ্যপ্রাচ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।
    • যুক্তরাষ্ট্রের অ্যাপোলো মিশনের মাধ্যমে ১৯৬৯ সালের জুলাই মাসে প্রথমবার মানুষের চাঁদে অবতরণের পর ৫০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। দীর্ঘ পাঁচ দশক পর ফের মানুষকে চাঁদে পাঠিয়েছে নাসা।
    • অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি বলা রাখার, ১৫টি অধ্যাদেশ প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে কার্যকর রাখার পরামর্শ দিয়েছে সংসদীয় বিশেষ কমিটি।
    • সংবিধান সংস্কারে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোট সংসদের বাইরে রাজপথে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।
  17. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে

Trending Now