যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে বলছেন ট্রাম্প, ‘শত্রুর পরিপূর্ণ আত্মসমর্পণ’ চায় ইরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ "শিগগিরই" শেষ হবে এবং ইরানে "আঘাত করার মতো আসলে আর কিছুই বাকি নেই"। এদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, তারা “কেবল শত্রুর সম্পূর্ণ পরাজয় শিকারের কথা” ভাবছে।

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা হলো

    • বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার ১২ই মার্চ থেকে শুরু হচ্ছে। এ দিন সকাল ১১টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন।
    • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্ধারণের ক্ষমতা দিয়েছে সরকারদলীয় সংসদীয় কমিটি।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে বলেছেন, যুদ্ধ "শিগগিরই" শেষ হবে এবং ইরানে "আঘাত করার মতো আসলে আর কিছুই বাকি নেই"।
    • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন, এমন খবরে তিনি ‘নিরাপদ’ আছেন বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ইউসুফ পেজেশকিয়ান।
    • স্পেন তেল আভিভ থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে তার পরিবর্তে একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।
    • ইরানের ক্রীড়া ও যুবমন্ত্রী আহমদ দোনইয়ামালি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ২০২৬ সালের বিশ্বকাপে অংশগ্রহণের মতো অবস্থানে নেই দেশটির জাতীয় ফুটবল দল।
    • হরমুজ প্রণালী 'কার্যত বন্ধ' হয়ে যাওয়ায় তেলের সরবরাহে যে ঘাটতি তৈরি হয়েছে তা পুষিয়ে নিতে ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার অনুমোদন দেবে বলে ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বা আইইএ'র নির্বাহী পরিচালক ফাতিহ বিরল।
    • ইরানের প্রতিশোধমূলক পাল্টা হামলার নীতি “শেষ হয়েছে” বলে এক বিবৃতিতে জানিয়েছেন তেহরানের খাতাম আল-আনবিয়া সামরিক কমান্ড সদর দফতরের একজন মুখপাত্র। তিনি বলেছেন, তেহরানের বর্তমান নীতি হবে “আঘাতের বদলে আঘাত”।
    • ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা হামলার ৩৮তম ধাপ শুরু করেছে। “আমরা কেবল শত্রুর সম্পূর্ণ পরাজয় শিকারের কথা ভাবছি। আমরা তখনই এই লড়াই শেষ করব যখন দেশ থেকে যুদ্ধের ছায়া অপসারিত হবে”- বলেছে তারা।
    • ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন্স বা ইউকেএমটিও জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে মধ্যপ্রাচ্য অঞ্চলে ১৩টি জাহাজে হামলার খবর পেয়েছে তারা।
    • ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড বা খাতাম আল–আনবিয়ার একজন মুখপাত্র হুমকি দিয়েছেন যে, ইরানে একটি ব্যাংক লক্ষ্যবস্তু হওয়ার প্রতিক্রিয়ায় দেশটি ওই অঞ্চলের ইসরায়েলি ও মার্কিন ব্যাংকগুলোকে টার্গেট করবে।
    • শ্রীলঙ্কার কাছে যুক্তরাষ্ট্রের সাবমেরিনের আঘাতে ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ থেকে উদ্ধার করা ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কার একটি আদালত।
    • যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর কাছে ইরানের ১৬টি মাইন পাতা জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা সেই হামলার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে।
    • বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, বুধবার কাতারের রাজধানী দোহায় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
    • লেবাননের রাজধানী বৈরুতে নতুন করে ইসরায়েলি বিমান হামলা হয়েছে এবং হামলার পর পরই বৈরুতের দক্ষিণ অঞ্চলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

    বিবিসি বাংলার লাইভ পাতার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আজ এখানেই লাইভ পাতা শেষ হচ্ছে।

    আরও খবর পড়তে ওয়েবসাইটের মূল পাতায় ক্লিক করুন।

  2. যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, এক্সিওসকে ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Reuters

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে বলেছেন, যুদ্ধ "শিগগিরই" শেষ হবে এবং ইরানে "আঘাত করার মতো আসলে আর কিছুই বাকি নেই"।

    অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প বলেন, "আমি যখনই চাইব এটি শেষ হোক, তখনই এটি শেষ হবে"।

    গত ২৮ শে ফেব্রুয়ারি ইসরায়েলের সাথে যৌথভাবে ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র।

    তবে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ গত বুধবার বলেছেন, এই যুদ্ধ "কোনো সময়সীমা ছাড়াই চলবে"।

    রয়টার্স এবং দ্য টাইমস অফ ইসরায়েলের তথ্য অনুযায়ী, কাৎজ জানিয়েছেন, যত দিন প্রয়োজন এবং ইসরায়েল-মার্কিন যৌথ অভিযানের সমস্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে।

  3. ইসফাহান ঘাঁটিতে বেশ কিছু বিমান ক্ষতিগ্রস্ত, পল ব্রাউন, বিবিসি ফ্যাক্ট চেক

    ইসফাহান বিমান ঘাঁটির স্যাটেলাইট ছবি

    ছবির উৎস, Vantor

    ছবির ক্যাপশান, ২২শে ফেব্রুয়ারি তোলা ছবির সাথে ৯ই মার্চ তোলা ছবির তুলনা

    ইরানের ইসফাহান শহরের কাছের একটি বিমান ঘাঁটিতে অন্তত ১৩টি বিমানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিবিসি ভেরিফাই এর পর্যালোচনা করা নতুন স্যাটেলাইট ছবিতে তা দেখা গেছে।

    আমেরিকান কোম্পানি ইন্টেলিজেন্স ভেঞ্চার গত সোমবার অষ্টম শিকারি বিমান ঘাঁটির ছবি তুলেছে। এতে দেখা গেছে, কিছু বিমান সম্পূর্ণ পুড়ে গেছে এবং সেখানে কেবল পোড়া দাগ অবশিষ্ট রয়েছে।

    অন্যান্য বিমানের ধ্বংসাবশেষ এখনো মাটিতে পড়ে থাকতে দেখা যাচ্ছে।

    গত ২২শে ফেব্রুয়ারি এবং নয়ই মার্চের ছবির মধ্যে তুলনা করে দেখা গেছে, একই অবস্থানে আগে এফ-১৪ এবং এফ-৭ ফাইটার জেট ছিল।

    তবে ঠিক কোন কোন বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে, তা ছবি থেকে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

    এছাড়া ইসফাহান আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে যুক্ত এই ঘাঁটির হ্যাঙ্গার (বিমান রাখার গ্যারেজ) এবং অন্যান্য স্থাপনাতেও দৃশ্যমান ক্ষয়ক্ষতি দেখা গেছে।

    বিবিসি ভেরিফাইড এখন পর্যন্ত ইরানের চারটি বিমান ঘাঁটিতে ক্ষতিগ্রস্ত বিমান এবং আরও ছয়টি ঘাঁটিতে ক্ষতিগ্রস্ত ভবন শনাক্ত করেছে।

  4. ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে এনেছে স্পেন

    তেল আভিভ থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে তার পরিবর্তে একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে স্পেন।

    রয়টার্সের তথ্য অনুযায়ী, বুধবার স্প্যানিশ সরকারের সরকারি গেজেটে এই সিদ্ধান্ত প্রকাশিত হয়েছে।

    ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার অন্যতম কড়া সমালোচক স্পেন, যা কি না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও ক্ষুব্ধ করেছে।

    ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রের যৌথ ঘাঁটি মোরন এবং রোটা ব্যবহারের অনুমতি দেয়নি স্পেন।

    এতে ক্ষুব্ধ হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেনকে “বিরক্তিকর” বলে অভিহিত করেছেন এবং দেশটির ওপর পূর্ণ বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন।

    স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এর জবাবে বলেছেন, “আপনি একটি অবৈধ কাজের জবাব আরেকটি অবৈধ কাজ দিয়ে দিতে পারেন না, কারণ সেখান থেকেই মানবতার বড় ট্র্যাজেডিগুলোর শুরু হয়।”

    গাজা যুদ্ধেও স্পেন ইসরায়েলের কঠোর সমালোচকদের একজন ছিল। একইসাথে ইউরোপীয় দেশগুলোর মধ্যে এই দেশটিই একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম প্রধান সমর্থক।

  5. মোজতবা খামেনির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ

    মোজতবা খামেনি যেভাবে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন এবং যেহেতু তিনি আহত হয়েছেন তাই তার স্বাস্থ্য নিয়ে বাড়ছে উদ্বেগ।

    সাইপ্রাসে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা সালারিয়ান নিকোসিয়ায় ইরানি দূতাবাসে ব্রিটিশ পত্রিকা ‘দ্য গার্ডিয়ান’ কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “আমি শুনেছি তিনি পা, হাত এবং বাহুতে আঘাত পেয়েছেন... আমার মনে হয় আহত অবস্থায় হাসপাতালে আছেন তিনি।”

    মোজতবা খামেনি নির্বাচিত হওয়ার খবরের পর, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছিল, তিনি আহত হয়েছেন, কিন্তু এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

    মি. সালারিয়ানের মতে, মোজতবা খামেনি সেই একই হামলায় আহত হয়েছেন যাতে তার বাবা এবং পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন।

    নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণার পর থেকে তার পক্ষ থেকে কোনো বার্তা প্রকাশিত হয়নি এবং জনসমক্ষে উপস্থিত হননি বা কোনো ভাষণও দেননি তিনি।

    গার্ডিয়ানের প্রশ্নের জবাবে মি. সালারিয়ান বলেন, “আমি মনে করি না যে কোনো অবস্থাতেই তিনি এখন ভাষণ দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন।”

    ইসরায়েলি ও মার্কিন হামলার প্রথম দিনগুলোতে নিহত ঊর্ধ্বতন সামরিক কমান্ডারদের দাফন সম্পন্ন হয়েছে আজ, কিন্তু মোজতবা খামেনি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

    সাইপ্রাসে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত গার্ডিয়ানকে আরও বলেন, আয়াতুল্লাহ খামেনি “চাননি” তার ছেলে তার স্থলাভিষিক্ত হোক।

    “সিনিয়র কর্মকর্তারা তাকে অনুরোধ করেছিলেন, কিন্তু প্রয়াত নেতা না বলেছিলেন কারণ তিনি রাজবংশীয় ব্যবস্থা চাননি। তিনি (মোজতবা) নির্বাচিত হয়েছেন। (হামলার পর) সিনিয়র কর্মকর্তারা তাকে বলেছিলেন, এটা এখন আপনার দায়িত্ব এবং আপনাকে অবশ্যই তা পালন করতে হবে।”

    মি. সালারিয়ান জানান, মোজতবা খামেনি নিজের জীবন নিয়ে চিন্তিত কি না তা তিনি জানেন না। তবে তিনি জানেন, ইসরায়েল তাকে হত্যার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার বিষয়ে রাষ্ট্রদূত বলেন, তিনি “তার স্ত্রী, কন্যা, জামাতা এবং ১৪ মাস বয়সী নাতনির সাথে” নিহত হয়েছেন।

    “তারা প্রেসিডেন্ট প্রাসাদের কাছে তাদের বাড়িতে ছিলেন। ঊর্ধ্বতন কমান্ডারদেরও সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রয়াত নেতা এবং তার চার ছেলে ও দুই মেয়ে সেখানেই কাজ করতেন এবং থাকতেন” বলেন তিনি।

  6. ফুটবল বিশ্বকাপে খেলবে না ইরান: ক্রীড়ামন্ত্রী

    ২০২২ সালের বিশ্বকাপে ইরান (সাদা পোশাকে) আমেরিকার বিপক্ষে খেলেছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইরান বলছে, ২০২৬ সালের বিশ্বকাপে অংশ নেওয়ার মতো অবস্থানে নেই তাদের জাতীয় ফুটবল দল

    ইরানের ক্রীড়া ও যুবমন্ত্রী জানিয়েছেন, ২০২৬ সালের বিশ্বকাপে অংশগ্রহণের মতো অবস্থানে নেই দেশটির জাতীয় ফুটবল দল।

    মঙ্গলবার আইআরআইবি স্পোর্টস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে আহমদ দোনইয়ামালি যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে বলেন, “যেহেতু এই দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের নেতাকে হত্যা করেছে, তাই কোনো অবস্থাতেই আমাদের বিশ্বকাপে অংশগ্রহণের মতো উপযুক্ত পরিবেশ নেই”।

    “আমাদের ছেলেরা সেখানে নিরাপদ নয় এবং অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় শর্তগুলোও বিদ্যমান নেই” বলেন তিনি।

    দোনইয়ামালি আরো জানান, “গত আট থেকে নয় মাসে আমাদের ওপর দুইটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের কয়েক হাজার মানুষ নিহত ও শহীদ হয়েছেন। তাই আমাদের পক্ষে অংশগ্রহণ করা নিশ্চিতভাবেই অসম্ভব”।

    ইরানের ফুটবল ফেডারেশনের প্রধানও গতকাল বিশ্বকাপে অংশগ্রহণের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তবে তার যুক্তি ভিন্ন ছিল।

    অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়ার পর ইরানের নারী জাতীয় ফুটবল দলের ছয়জন সদস্য তাদের কাছ থেকে মানবিক ভিসা পেয়েছেন।

    মেহেদী তাজ বলেন, “নারী ফুটবলারদের জন্য যে সমস্যাগুলো তৈরি করা হয়েছে, বিশ্বকাপের প্রেক্ষাপটও যদি এমন হয়, তবে কোনো সুস্থ মস্তিষ্কই আমেরিকায় দল পাঠাতে রাজি হবে না”।

  7. ৪০ কোটি ব্যারেল জ্বালানি তেল ছাড়ার অনুমোদন দিয়েছে আইইএ

    জ্বালানি তেল

    ছবির উৎস, AFP via Getty Images

    হরমুজ প্রণালী 'কার্যত বন্ধ' হয়ে যাওয়ায় তেলের সরবরাহে যে ঘাটতি তৈরি হয়েছে তা পুষিয়ে নিতে ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার অনুমোদন দেবে বলে ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বা আইইএ'র নির্বাহী পরিচালক ফাতিহ বিরল।

    তিনি জানান, আইইএ- এর ৩২টি সদস্য দেশ 'সর্বসম্মতিক্রমে' তাদের “জরুরি তেলের মজুত থেকে এ যাবৎকালের সবচেয়ে বেশি পরিমাণ তেল” বাজারে ছাড়ার পক্ষে ভোট দিয়েছে।

    আইইএ–এর নির্বাহী পরিচালক বলেন, “তেলবাজারে আমরা যে ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, তার সত্যিই অভূতপূর্ব। তাই আমি অত্যন্ত আনন্দিত যে আইইএ–এর সদস্য দেশগুলো অভূতপূর্ব পরিসরের একটি জরুরি সমষ্টিগত পদক্ষেপ নিয়েছে”।

    আইইএ জানিয়েছে, সদস্য দেশগুলোর নিজস্ব পরিস্থিতি অনুযায়ী “যথোপযুক্ত সময়সীমার মধ্যে” এই জরুরি মজুত বাজারে ছাড়া হবে।

    সংস্থাটি বলছে, ১৯৯১, ২০০৫, ২০১১ এবং ২০২২ সালে দু’বার—এ পর্যন্ত মোট ছয়বার আইইএ সমন্বিতভাবে তেলের মজুত ছাড়ার অনুমোদন দিয়েছে।

    তারা আরও জানায়, সদস্যদেশগুলোর কাছে ১০২ কোটি ব্যারেলের বেশি জরুরি মজুত রয়েছে এবং শিল্প খাতের কাছে সরকারের বাধ্যবাধকতার আওতায় আরও ৬০ কোটি ব্যারেল মজুত আছে।

  8. হরমুজ প্রণালী দিয়ে ‘এক লিটার তেলও’ পার হতে দেবে না ইরান

    হরমুজ প্রণালী

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, হরমুজ প্রণালী

    ইরানের প্রতিশোধমূলক পাল্টা হামলার নীতি “শেষ হয়েছে” বলে এক বিবৃতিতে জানিয়েছেন তেহরানের খাতাম আল-আনবিয়া সামরিক কমান্ড সদর দফতরের একজন মুখপাত্র।

    মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বলেন, তেহরানের বর্তমান নীতি হবে “আঘাতের বদলে আঘাত”।

    জোলফাকারি আরও বলেন, তেহরান হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের অংশীদারদের কাছে “এক লিটার তেলও” পৌঁছুতে দেবে না।

    “তাদের অনুগত যে কোনো জাহাজ বা ট্যাংকার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে”- বলেন তিনি।

    তিনি আরো বলেন, “ব্যারেল প্রতি তেল ২০০ ডলার হওয়ার জন্য প্রস্তুত থাকুন, কারণ তেলের দাম এই অঞ্চলের নিরাপত্তার ওপর নির্ভরশীল যা আপনারা নষ্ট করেছেন”।

  9. আমরা কেবল শত্রুর পরিপূর্ণ আত্মসমর্পণের কথা ভাবছি, ইরানের বিপ্লবী গার্ডের বিবৃতি

    ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা হামলার ৩৮তম ধাপ শুরু করেছে।

    “কুয়েতের আদিরি হেলিকপ্টার ঘাঁটিতে দুইটি শক্তিশালী ও যুগপৎ ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে, এতে আহত একশো জন ব্যক্তিকে দেশটির আল জাবের এবং আল মুবারাক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে” বলে আইআরজিসির বিবৃতিতে জানানো হয়েছে।

    বিউরিং ঘাঁটি আগে আদিরি নামে পরিচিত ছিল এবং এটি কুয়েতের উত্তরাঞ্চলে অবস্থিত।

    বিবৃতিতে আইআরজিসি আরো জানিয়েছে, তারা বাহরাইনের “মিনা সালমান বন্দরে অবস্থিত আমেরিকান ঘাঁটিতে” ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

    এছাড়াও বিবৃতিতে বলা হয়, "কুয়েতের দুইটি নৌঘাঁটি ‘মোহাম্মদ আল আহমদ’ ও ‘আলী আল সালেম’ এ অবস্থিত ক্যাম্প প্যাট্রিয়ট এবং মার্কিন সন্ত্রাসী সেনাদের আবাসন ও সরঞ্জাম রাখার গুদামগুলোতেও ভয়াবহভাবে হামলা” করা হয়েছে।

    “আমরা কেবল শত্রুর সম্পূর্ণ পরাজয় শিকারের কথা ভাবছি। আমরা তখনই এই লড়াই শেষ করব যখন দেশ থেকে যুদ্ধের ছায়া অপসারিত হবে”- এমন ঘোষণা দিয়ে বিবৃতিটি শেষ করেছে আইআরজিসি।

  10. দেশগুলো তাদের ‘রিজার্ভ’ করে রাখা তেল ছেড়ে দিতে পারে, এর অর্থ কী?

    জি-৭ ভুক্ত দেশগুলো জানিয়েছে, ইরান যুদ্ধের কারণে তেলের বাজারে অস্থিরতা বজায় থাকায় তারা ‘স্ট্র্যাটেটিক রিজার্ভ' বা কৌশলগত মজুত থেকে বাজারে তেল ছাড়ার বিষয়টিকে সমর্থন করে।

    কিন্তু এই স্ট্র্যাটেজিক তেলের মজুত কোথায় থাকে এবং এটা ছাড়লে কী পরিবর্তন হতে পারে?

    বিশ্বব্যাপী তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার পরিস্থিতি মোকাবিলার জন্য ইন্টারন্যাশনাল এনার্জি অ্যাসোসিয়েশনের (আইইএ) সদস্য সব দেশেরই ৯০ দিনের জন্য তেল মজুত করে রাখা বাধ্যতামূলক।

    তবে এই তেল নির্দিষ্ট কোনো জিওগ্রাফিক লোকেশন বা ভৌগোলিক পরিমণ্ডলে রাখা হয় না।

    যেমন যুক্তরাজ্যের ক্ষেত্রে শেল বা বিপির মতো উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বিভিন্ন টার্মিনাল ও শোধনাগারে এই তেল মজুদ করে রাখে এবং অন্য কোথাও মজুত করে রাখা তেলকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে।

    মজুত থেকে তেল ছাড়ার অর্থ এটা নয় যে, বাজারে হঠাৎ করে তেলের বন্যা বয়ে যাবে বা পরিমাণ বেড়ে যাবে।

    বরং এর মাধ্যমে উৎপাদনকারীরা শোধনাগারগুলোর জন্য বাজারে আরো বেশি তেল সহজলভ্য করে দেয়।

    তবে জ্বালানি বিশেষজ্ঞরা বিবিসিকে জানিয়েছেন, যেহেতু তেল শোধনের সক্ষমতায় ঘাটতি রয়েছে তাই এই মজুদ তেল ছেড়ে দেওয়া মানেই পেট্রোল বা জেট ফুয়েলের মতো পরিশোধিত পণ্যের সরবরাহ বাড়ানোর কোনো ‘ম্যাজিক সুইচ’ নয়।

    তাছাড়া, প্রায় ১২০ কোটি ব্যারেলের মজুদের মধ্য থেকে কয়েকশ কোটি ব্যারেল ছেড়ে দেওয়ার মতো পদক্ষেপ বারবার নেওয়া সম্ভব না।

    তাই এই তেল ছাড়ার বিষয়ে “প্রস্তুত থাকা” বা “নীতিগতভাবে সম্মত হওয়া”, আসলে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়ার আগেই বাজারকে আশ্বস্ত করার একটি কৌশল মাত্র।

    তেলের এই মজুত ছাড়ার বিষয়টি আসলে একটি সংকেত, যার মাধ্যমে সরকারগুলো বোঝাতে চায়, তারা পরিস্থিতি সম্পর্কে সচেতন এবং সমন্বিতভাবে কাজ করছে।

    সংক্ষেপে বলা যেতে পারে, এর ফলে তেলের দাম হয়তো কমবে না, তবে দাম আরও অনেক বেশি বেড়ে যাওয়া ঠেকানো সম্ভব হতে পারে।

  11. ঢাকায় বিড়াল হত্যার দায়ে একজনের ছয় মাসের কারাদণ্ড

    বিড়াল

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ছয় মাসের কারাদণ্ড

    ঢাকার মোহাম্মদপুরে পোষা বিড়াল হত্যার ঘটনায় করা মামলায় একজন ব্যক্তির ছয় মাসের কারাদণ্ড এবং দশ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

    অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের কারাভোগ করতে হবে।

    বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের এ রায় ঘোষণা করেন। বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এ খবর প্রকাশ করেছে।

    দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আকবর হোসেন শিবলু।

    মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৫ সালের পহেলা ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলায় বসবাসকারী মনসুর নামের একজনের পোষা বিড়াল হারিয়ে যায়।

    পরে ভবনের সিসিটিভি ফুটেজে বিড়ালটিকে হত্যা করতে দেখা যায় মি. শিবলুকে। তিনি মনসুরের প্রতিবেশী।

    এ ঘটনায় ২০২৫ সালের পাঁচ ফেব্রুয়ারি বিড়াল হত্যার অভিযোগ এনে আদালতে মামলার আবেদন করেন পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী।

    একই বছরের ১৪ই জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে চারজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

  12. বৈরুত ও ইরানে আবারও হামলা শুরু করেছে ইসরায়েল

    ইরানের বিরুদ্ধে “ব্যাপক পরিসরে” হামলার কথা ঘোষণা করেছে ইসরায়েল। একইসাথে বৈরুতেও হামলা শুরু করা হয়েছে।

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা হেজবুল্লাহ এবং ইরানের সরকারের কাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে।

  13. হরমুজ প্রণালীর কাছে হামলার শিকার থাই জাহাজের নাবিকদের উদ্ধার করা হচ্ছে: থাই নৌবাহিনী

    থাই পণ্যবাহী জাহাজ

    ছবির উৎস, Royal Thai Navy

    ছবির ক্যাপশান, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় থাই পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ হামলা শিকার হয়

    হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় থাই পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলার পর জরুরি সহায়তা দিয়েছে থাইল্যান্ডের নৌবাহিনী।

    এক বিবৃতিতে রয়াল থাই নৌবাহিনী জানিয়েছে, জাহাজটিতে ২৩ জন থাই নাবিক ছিলেন।

    থাই কর্তৃপক্ষ জানিয়েছে, ওমানের নৌবাহিনী ২০ জন ক্রু সদস্যকে উদ্ধার করেছে এবং বাকি তিনজনকে “উদ্ধারের প্রক্রিয়া চলছে”।

    থাই নৌবাহিনী জানিয়েছে, কর্মকর্তারা আনুমানিক ১১টার দিকে এই ঘটনার প্রাথমিক প্রতিবেদন পেয়েছেন। কিন্তু সময় ও এলাকা নিশ্চিত করা হয়নি।

    তারা জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের খালিফা বন্দর থেকে কয়েক ঘণ্টা আগে জাহাজটি ছেড়ে যাওয়ার পরই হামলার শিকার হয়েছিল।

    হামলার কারণ এখনো তদন্তাধীন বলে জানানো হয়েছে এই বিবৃতিতে।

    হামলার শিকার জাহাজে ধোঁয়া উড়ছে

    ছবির উৎস, Royal Thai Navy

    ছবির ক্যাপশান, থাই নৌবাহিনী জানিয়েছে, জাহাজটিতে ২৩ জন থাই নাবিক ছিলেন
  14. ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার

    জাতীয় সংসদ
    ছবির ক্যাপশান, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কাল ১২ ই মার্চ থেকে শুরু হচ্ছে।

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার ১২ই মার্চ থেকে শুরু হচ্ছে।

    এদিন সকাল ১১টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন।

    রাষ্ট্রপতির এই ভাষণ মন্ত্রিসভা অনুমোদন করবে এবং পরে সংসদ সদস্যরা তা নিয়ে আলোচনা করবেন। এটি ২০২৬ সালেরও প্রথম অধিবেশন।

    সংসদীয় রীতির সাথে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি প্রতি বছর সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন।

    এর আগে, গত ২৩ শে ফেব্রুয়ারি রাষ্ট্রপতি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন।

  15. বিরোধীদলীয় নেতার চিঠি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য

    বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ২২শে ফেব্রুয়ারি বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীকে লেখা একটি চিঠি ইলেকট্রনিক মাধ্যমে পাঠান ড. মোহাম্মদ মাহমুদুল হাসান। পরবর্তীতে তিনি একই চিঠি সরাসরি পররাষ্ট্রমন্ত্রীর কাছেও হস্তান্তর করেন।

    মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, চিঠিটি বিরোধীদলীয় নেতার জাতীয় সংসদের প্যাডে লেখা ছিল। এতে মোহাম্মদ মাহমুদুল হাসানকে ‘বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা’ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা বা মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়।

    পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, চিঠিতে বিরোধীদলীয় নেতা মি. হাসানের "দক্ষতা, পেশাদারিত্ব ও বিচক্ষণতার প্রশংসা করেন" এবং দেশের "পররাষ্ট্রনীতি এগিয়ে নিতে" তাকে ওই পদে নিয়োগ দেওয়ার বিষয়টি "বিশেষভাবে বিবেচনার জন্য পররাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ জানান"। চিঠির নিচে শুধু বিরোধীদলীয় নেতার স্বাক্ষর রয়েছে বলেও জানায় মন্ত্রণালয়।

    বিরোধী দলীয় নেতা লিখিত সম্মতি দিলে চিঠিটির পূর্ণ পাঠ জনসমক্ষে প্রকাশ করতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।

    বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলছে, একটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, জামায়াতের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করে জানানো হয় যে চিঠির বিষয়ে জামায়াত আমির অবগত ছিলেন না।

    "পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানাচ্ছে যে, এ ধরনের কোনো ফোনালাপ সংঘটিত হয়নি"- বলা হয় বিবৃতিতে।

  16. মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকে ১৩টি জাহাজে হামলা: ইউকেএমটিও

    ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন্স বা ইউকেএমটিও জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে মধ্যপ্রাচ্য অঞ্চলে ১৩টি জাহাজে হামলার খবর পেয়েছে তারা।

    সংস্থাটি বলছে, সন্দেহজনক কর্মকাণ্ডের আরও চারটি রিপোর্ট পাওয়া গেছে। আরব উপসাগর, হরমুজ প্রণালী ও ওমান উপসাগরের ভেতরে ও আশেপাশে চলাচলকারী জাহাজগুলোতে হামলা সংক্রান্ত মোট ঘটনা ১৭-তে দাঁড়িয়েছে।

    আজ সকালে তিনটি বাণিজ্যিক জাহাজে পৃথকভাবে ‘অজানা প্রকৃতির ক্ষেপণাস্ত্র” আঘাত হানার রিপোর্টের পর এই তথ্য হালনাগাদ করা হয়। এর মধ্যে একটি জাহাজ ওমানের উত্তরে আঘাতপ্রাপ্ত হওয়ার পর তার ক্রুরা জাহাজ ছাড়তে বাধ্য হন।

  17. তারেক রহমানকে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষমতা দিয়েছেন বিএনপির এমপিরা

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    ছবির উৎস, bss

    ছবির ক্যাপশান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ানম্যান তারেক রহমানকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্ধারণের ক্ষমতা দিয়েছে সরকারদলীয় সংসদীয় কমিটি।

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে বিএনপির ভেরিফায়েড ফেসবুুক পেজে এই তথ্য জানানো হয়েছে।

  18. মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি ব্যাংকে হামলার হুমকি ইরানের, ঘোনচে হাবিবিয়াজাদ, সিনিয়র রিপোর্টার, বিবিসি নিউজ ফার্সি

    ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড বা খাতাম আল–আনবিয়ার একজন মুখপাত্র হুমকি দিয়েছেন যে, ইরানে একটি ব্যাংক লক্ষ্যবস্তু হওয়ার প্রতিক্রিয়ায় দেশটি ওই অঞ্চলের ইসরায়েলি ও মার্কিন ব্যাংকগুলোকে টার্গেট করবে।

    ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, ইব্রাহিম জোলফাকারি সতর্ক করে বলেছেন, “এই অঞ্চলের মানুষদের ব্যাংকগুলোর এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা উচিত নয়”।

    জোলফাকারি বলেন, “শত্রু আমাদের মার্কিন ও ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র এবং ব্যাংকগুলোকে লক্ষ্যকরার স্বাধীনতা দিয়েছে”।

    ইরানের রাষ্ট্রীয় নিউজ চ্যানেল আরও জানিয়েছে, তেহরানে রাষ্ট্রীয় মালিকানাধীন সেপাহ ব্যাংকের একটি ভবন হামলার লক্ষ্য হয়েছে।

    মঙ্গলবার ইরানের গণমাধ্যমে জানানো হয়েছিল, সেপাহ ও আরেকটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক মেল্লির সেবা কিছুটা বিঘ্নিত হয়েছিল।

    বিবিসি অ্যারাবিক ইরানের নিউজ চ্যানেল ‘খবর’ এর বরাত দিয়ে জানিয়েছে, তেহরানের একটি ব্যাংকের কর্মীরা গত রাতে এক বিমান হামলায় নিহত হয়েছেন।

    চ্যানেলটির তথ্যমতে, “বেতন বিতরণের প্রস্তুতির জন্য ওই কর্মীরা বিশেষ শিফটে কাজ করছিলেন”।

  19. প্রথম সংসদ অধিবেশনের আগে সরকার দলীয় ও বিরোধী দলীয় সভা

    সরকার দলীয় সংসদ সদস্যগণের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

    ছবির উৎস, Bangladesh Nationalist Party-BNP

    ছবির ক্যাপশান, সরকার দলীয় সংসদ সদস্যগণের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার সকাল ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লকে সরকার দলীয় সংসদ সদস্যগণের সাথে বৈঠক করেন। এই বৈঠকে সরকার দলীয় সংসদ সদস্যরা অংশ নেন।

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সভাপতিত্বে সংসদ ভবনের বিরোধী দলীয় নেতার কক্ষে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের নিয়েও বৈঠক হয় আজ।

    কীভাবে সংসদ কার্যক্রম পরিচালনা করা হবে, বৈঠকে তারা সেসব আলোচনা করেছেন।

    উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার এবং সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে যে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার কে হতে যাচ্ছেন।

    সাধারণত ক্ষমতাসীন দল থেকেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবে। তবে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি।

    জামায়াতে ইসলাম সেই প্রস্তাব গ্রহণ করবে কিনা, সে বিষয়ে এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি।

    বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, "আমরা একটি সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সিদ্ধান্তটা কী, সেটা খোলাসা হবে তখন, যখন আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে আলোচনা হবে।"

    এ প্রসঙ্গে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন যে প্রধানমন্ত্রী অত্যন্ত উদারতা দেখিয়ে বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদ দেওয়ার প্রস্তাব দিলেও এ বিষয়ে তারা এখনো কোনো ‘পজেটিভ রেসপন্স’ পাননি। পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

    বিরোধী দলীয় নেতার কক্ষে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের নিয়ে বৈঠক

    ছবির উৎস, Bangladesh Jamaat-e-Islami

    ছবির ক্যাপশান, বিরোধী দলীয় নেতার কক্ষে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের নিয়ে বৈঠক
  20. ‘আহত’ হলেও ‘নিরাপদ’ আছেন মোজতবা খামেনি, ইরানের প্রেসিডেন্টের ছেলের দাবি

    মোজতবা খামেনি

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর থেকে মোজতবা খামেনি সামনে আসেননি, ২০২৪ সালের ছবি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন—এমন খবরে তিনি ‘নিরাপদ’ আছেন বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ইউসুফ পেজেশকিয়ান।

    টেলিগ্রামে তিনি লিখেছেন, তিনি ‘শুনেছেন’ সর্বোচ্চ নেতা আহত হয়েছেন।

    “আমি কয়েকজন বন্ধুর সঙ্গে কথা বলেছি, যাদের সংশ্লিষ্ট যোগাযোগ রয়েছে। তারা বলেছেন, আল্লাহর কৃপায় তিনি নিরাপদ আছেনএবং কোনো সমস্যা নেই,” তিনি বলেন।

    সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগের পর থেকে মোজতবা খামেনি কোনো বিবৃতি দেননি বা প্রকাশ্যে উপস্থিত হননি।

Trending Now