বুধবার সারাদিন যা যা ঘটেছে:
- মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন প্রকাশিত ২০২৬ সালে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
- আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরএর ঘোষণা দিয়েছেন পেসার রুবেল হোসেন। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া আসরে ক্রিকেট খেলা চালিয়ে যাবেন বলে জানান তিনি।
- চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে বিবিসিকে জানিয়েছেন একজন শীর্ষ মার্কিন কর্মকর্তা। এদিকে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের অবসানের লক্ষ্যে চলমান আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালনকারী পাকিস্তানের একটি প্রতিনিধি দল তেহরানে পৌঁছেছে।
- ইরানের সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তানি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনা নিয়ে ইরান সিদ্ধান্ত নেবে।
- বিবিসির তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার বিষয়ে কথাবার্তা চলছে, তবে এখনো কোনো তারিখ নির্ধারিত হয়নি।
- ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে একটি “ভুল” বলে মন্তব্য করেছেন ব্রিটেনের অর্থমন্ত্রী র্যাচেল রিভস। তিনি বলেন, এই যুদ্ধ বিশ্বকে আরও নিরাপদ করে তুলেছে—এমন দাবি তিনি “বিশ্বাস করেন না”।
- যুক্তরাষ্ট্র তাদের নৌ অবরোধ অব্যাহত রাখলে পারস্য উপসাগর, লোহিত সাগর এবং ওমান সাগরে জাহাজ চলাচলে বাধা দেওয়ার হুমকি দিয়েছে ইরান।
- চলতি সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র পুনরায় আলোচনা শুরু করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে তিনি জানিয়ে যুদ্ধটি শেষ হওয়ার "খুব কাছাকাছি" রয়েছে।
- ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো প্রচেষ্টা "ব্যর্থ হতে বাধ্য" বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরানের জনগণ এ ধরনের পদক্ষেপ কখনো মেনে নেবে না।
- পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরব, কাতার ও তুরস্কসহ তিনটি দেশে চার দিনের সফর শুরু করেছেন। এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনার প্রস্তুতি চলছে।
- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে দেওয়া চাপের কাছে তিনি নতি স্বীকার করবেন না।
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে অস্ত্র না পাঠানোর বিষয়ে সম্মত হয়েছে চীন।
- মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ শুরু হওয়ার পর প্রথম ৪৮ ঘণ্টায় কোনো জাহাজই চলাচল করতে পারেনি।
- ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে আলোচনা শেষ হতে না হতেই আবারও পাল্টা-পাল্টি হামলা শুরু করেছে আইডিএফ ও হেজবুল্লাহ।
- মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
- ওয়াশিংটন পোস্ট একটি প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র আগামী কয়েক দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক বাহিনীর “আরও হাজারো” সদস্য পাঠানোর পরিকল্পনা করছে। একটি সমঝোতায় পৌঁছাতে ইরানের ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ নিচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
- বাংলাদেশে অকটেন, পেট্রোল ও ডিজেলের যে মজুত রয়েছে, তাতে আগামী দুই মাসেও কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
- বাংলাদেশের জরুরি জ্বালানি চাহিদা মেটাতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি মার্কিন ডলারের ঋণ সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
- ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হতে পারেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বুধবার এমনটাই ইঙ্গিত দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম।
বিবিসি বাংলার লাইভ পাতাটি আজ এখানেই শেষ হচ্ছে। বৃহস্পতিবার নতুন খবর নিয়ে পুনরায় লাইভ পাতা চালু হবে। ততক্ষণ পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গে থাকুন।
অন্যান্য খবর পড়তে মূলপাতায় ভিজিট করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।