জ্বালানি অবকাঠামোয় হামলার 'কঠিন প্রতিশোধ' নেওয়ার ঘোষণা ইরানের

জ্বালানি অবকাঠামোয় হামলার জবাবে "চূড়ান্ত পদক্ষেপ" নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। ইরানে আলী লারিজানিসহ শীর্ষ কর্মকর্তাদের জানাজায় বিপুল জনসমাগম। লেবাননের রাজধানী বৈরুতে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এদিকে, বগুড়ার সান্তাহারে নয়টি বগি লাইনচ্যুত হওয়া নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি উদ্ধারে ১২ ঘণ্টা সময় লাগতে পারে।

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা হলো

    • হামলায় নিহত ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং আধাসামরিক বাহিনী বাসিজ-এর প্রধান গোলামরেজা সোলাইমানির জানাজায় অংশ নিতে বিপুল সংখ্যক মানুষ সমবেত হন।
    • সৌদি আরবে আগামী শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার দেশটিতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।
    • জ্বালানি অবকাঠামোতে হামলার জবাবে "চূড়ান্ত পদক্ষেপ" নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী।
    • ইরানের গ্যাস স্থাপনাগুলোতে হামলার পর দেশটি থেকে ইরাকে গ্যাস আমদানি বন্ধ হয়ে গেছে। দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইরাকের স্থানীয় সংবাদমাধ্যম।
    • বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের একটি স্থাপনায় হামলার খবর ইরানি গণমাধ্যমে আসার পর অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০৮ ডলার ছাড়িয়ে গেছে।
    • ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে "ক্ষেপণাস্ত্র হামলার" ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া।
    • ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
    • উপসাগরীয় অঞ্চলের পাঁচটি জ্বালানি স্থাপনা খালি করার নির্দেশ জারি করেছে ইরানের সামরিক বাহিনী।
    • "ইসরায়েলি গুপ্তচর" হিসেবে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
    • রাতভর মধ্যপ্রাচ্যজুড়ে বড় ধরনের হামলার খবর পাওয়া গেছে। লেবাননের রাজধানী বৈরুতে টানা হামলা চালিয়েছে ইসরায়েল। আর উপসাগরীয় দেশগুলোতে নতুন করে আক্রমণ করেছে ইরান।
    • বগুড়ার সান্তাহারে নয়টি বগি লাইনচ্যুত হওয়া নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি উদ্ধারে ১২ ঘণ্টা সময় লাগতে পারে। এই সময়ে ওই রুটের পাঁচ জেলার যাত্রীদের জন্য বিকল্প হিসেবে ‘ট্রান্সশিপমেন্ট পরিকল্পনা’ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসিবাংলার মূল পাতায়।

  2. ইরানে আলী লারিজানিসহ শীর্ষ কর্মকর্তাদের জানাজায় বিপুল জনসমাগম

    ইরানের রাজধানী তেহরান থেকে পাওয়া সর্বশেষ ছবিতে দেখা যাচ্ছে যে, সেখানে বিপুল জনসমাগম হয়েছে।

    চলতি সপ্তাহে হামলায় নিহত ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং আধাসামরিক বাহিনী বাসিজ-এর প্রধান গোলামরেজা সোলাইমানির জানাজায় অংশ নিতে বিপুল সংখ্যক মানুষ সমবেত হন।

    ইরানে শীর্ষ কর্মকর্তাদের জানাজায় মানুষের ঢল

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইরানে শীর্ষ কর্মকর্তাদের জানাজায় মানুষের ঢল
    শীর্ষ নেতাদের ছবি হাতে অসংখ্য মানুষ জানাজায় অংশ নেন

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, শীর্ষ নেতাদের ছবি হাতে অসংখ্য মানুষ জানাজায় অংশ নেন
    কর্মকর্তাদের হত্যার 'কঠোর প্রতিশোধ' নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সেনাবাহিনী

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, কর্মকর্তাদের হত্যার 'কঠোর প্রতিশোধ' নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সেনাবাহিনী
  3. হামলার পর ইরান থেকে ইরাকে গ্যাস সরবরাহ বন্ধ

    ইরানের গ্যাসক্ষেত্রে সম্প্রতি হামলার ঘটনা ঘটেছে

    ছবির উৎস, NurPhoto via Getty Images

    ছবির ক্যাপশান, ইরানের গ্যাসক্ষেত্রে সম্প্রতি হামলার ঘটনা ঘটেছে

    ইরানের গ্যাস স্থাপনাগুলোতে হামলার পর দেশটি থেকে ইরাকে গ্যাস আমদানি বন্ধ হয়ে গেছে। দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইরাকের স্থানীয় সংবাদমাধ্যম।

    রয়টার্স সংবাদ সংস্থার মতে, ইরাক তাদের প্রয়োজনীয় গ্যাস ও বিদ্যুতের এক-তৃতীয়াংশের বেশি ইরানের কাছ থেকে আমদানি করে।

    ইরাকি নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ মুসা বলেন, "অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতির প্রভাবে ইরান থেকে ইরাকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।"

  4. জ্বালানি অবকাঠামোতে হামলার 'কঠিন প্রতিশোধ' নেওয়ার ঘোষণা ইরানের

    ইরানের পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলার ফলে কেউ নিহত বা আহত হয়নি বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইরানের পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলার ফলে কেউ নিহত বা আহত হয়নি বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম

    জ্বালানি অবকাঠামোতে হামলার জবাবে "চূড়ান্ত পদক্ষেপ" নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী।

    ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা তাসনিম এই বিবৃতি প্রকাশ করেছে।

    ইরানের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, "শত্রুপক্ষ দক্ষিণাঞ্চলে ইরানের জ্বালানি ও শক্তি অবকাঠামোর একাংশে হামলা চালিয়েছে।"

    বিবৃতিতে আরও বলা হয়, "আগেও সতর্ক করা হয়েছিল যে, যদি আমেরিকান-জায়নবাদী শত্রু আমাদের দেশের জ্বালানি, শক্তি, গ্যাস এবং অর্থনৈতিক অবকাঠামোতে আক্রমণ করে, তবে শত্রুর বিরুদ্ধে শক্তিশালী পাল্টা আক্রমণের পাশাপাশি আমরা সেই আগ্রাসনের উৎসেও ভয়াবহ আঘাত হানব।"

    তারা আরও যোগ করেছে, "আমরা আগ্রাসনকারী দেশগুলোর জ্বালানি ও গ্যাস অবকাঠামোকে আমাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছি এবং এর কঠোর প্রতিশোধ নেব।"

  5. সৌদি আরবে ঈদ শুক্রবার

    বুধবার সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বুধবার সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি

    সৌদি আরবে আগামী শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার দেশটিতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

    বুধবার রাতে এই তথ্য জানিয়েছে দুবাই থেকে প্রকাশিত ইংরেজি সংবাদ মাধ্যম গাল্ফ নিউজ।

    এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।

    বুধবার চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার ৩০ রমজান পূর্ণ করে পরদিন ঈদুল ফিতর উদযাপন করবেন সৌদি আরবের বাসিন্দারা।

  6. বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 'হামলায়' রাশিয়ার নিন্দা

    ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের খুব কাছে সম্প্রতি হামলার ঘটনা ঘটে

    ছবির উৎস, NurPhoto via Getty Images

    ছবির ক্যাপশান, ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের খুব কাছে সম্প্রতি হামলার ঘটনা ঘটে

    ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে "ক্ষেপণাস্ত্র হামলার" ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া।

    আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ জানিয়েছে যে, বিদ্যুৎ কেন্দ্রে একটি প্রজেক্টাইল আঘাতের খবর দিয়েছে ইরান।

    সংস্থাটি আরও জানায়, এই ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের কোনো ক্ষতি হয়নি এবং কেউ আহতও হননি। তবে তারা সতর্ক করে বলেছে যে, এমন হামলা তেজস্ক্রিয় দূষণের ঝুঁকি তৈরি করতে পারে।

    রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সংবাদ সম্মেলনে বলেছেন, "বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে, সক্রিয় চুল্লির মাত্র কয়েক মিটার দূরে এই দায়িত্বজ্ঞানহীন এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য ক্ষেপণাস্ত্র হামলার আমরা তীব্র নিন্দা জানাই।"

    তিনি আরও জানান যে, বিদ্যুৎ কেন্দ্রে এখনও কর্মরত রুশ নাগরিকদের বিষয়ে রাশিয়া আগেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করেছিল।

  7. গোয়েন্দা মন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট

    এর আগেই ইসমাইল খাতিবকে হত্যার দাবি করেছিল ইসরায়েল

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, এর আগেই ইসমাইল খাতিবকে (মাঝে বসা) হত্যার দাবি করেছিল ইসরায়েল (ফাইল ছবি)

    ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

    সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্টে পেজেশকিয়ান বলেছেন, "আমার প্রিয় সহকর্মী ইসমাইল খাতিব, আলী লারিজানি এবং আজিজ নাসিরজাদেহ, সেইসাথে তাদের পরিবারের কিছু সদস্য ও সঙ্গীদের কাপুরুষোচিত হত্যাকাণ্ড আমাদের শোকাহত করেছে।"

    ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানি এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহর মৃত্যুর খবর আগেই নিশ্চিত করা হয়েছিল।

    এর আগে, ইসমাইল খাতিবকে হত্যার বিষয়ে ইসরায়েল জানিয়েছিল যে, তারা রাতভর চালানো এক অভিযানে তাকে হত্যা করেছে।

  8. ইরানের গ্যাসক্ষেত্রে হামলায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো, র‍্যাচেল ক্লুন, বিজনেস রিপোর্টার

    ইরানের গ্যাসক্ষেত্র, ২০১৬ সালে তোলা ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইরানের গ্যাসক্ষেত্র, ২০১৬ সালে তোলা ছবি

    বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের একটি স্থাপনায় হামলার খবর ইরানি গণমাধ্যমে আসার পর অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০৮ ডলার ছাড়িয়ে গেছে।

    বুধবার ব্রেন্ট ক্রুড অয়েল ব্যারেল প্রতি ১০৮ দশমিক ৬০ ডলারে পৌঁছেছ- যা মঙ্গলবারের তুলনায় পাঁচ শতাংশ বেশি।

    একই সাথে যুক্তরাজ্যেও গ্যাসের দাম প্রায় ছয় শতাংশ বেড়েছে।

  9. উপসাগরীয় অঞ্চলের পাঁচটি জ্বালানি স্থাপনা খালি করতে বললো ইরান

    ইরান যুদ্ধ শুরুর পর থেকেই উৎপাদন বন্ধ রেখেছে উপসাগরীয় অঞ্চলের অনেক জ্বালানি তেল শোধনাগার

    ছবির উৎস, Bloomberg via Getty Images

    ছবির ক্যাপশান, ইরান যুদ্ধ শুরুর পর থেকেই উৎপাদন বন্ধ রেখেছে উপসাগরীয় অঞ্চলের অনেক জ্বালানি তেল শোধনাগার

    উপসাগরীয় অঞ্চলের পাঁচটি জ্বালানি স্থাপনা খালি করার নির্দেশ জারি করেছে ইরানের সামরিক বাহিনী।

    ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা 'তাসনিম' তাদের টেলিগ্রাম চ্যানেলে এ বিষয়ে একটি "জরুরি সতর্কতা" পোস্ট করেছে।

    যেখানে সৌদি আরবের সামরেফ শোধনাগার, আল-জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স এবং মাসাইদ হোল্ডিং কোম্পানির নাম রয়েছে।

    এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল-হোসন গ্যাস ক্ষেত্র এবং কাতারের রাস লাফান শোধনাগারের কথাও উল্লেখ করা হয়েছে।

    বিবৃতিতে বলা হয়েছে, "এই কেন্দ্রগুলো এখন থেকে আমাদের প্রত্যক্ষ ও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে এবং আগামী কয়েক ঘণ্টার মধ্যে এগুলোতে হামলা চালানো হবে।"

    এতে আরও বলা হয়, "অতএব, সকল নাগরিক, বাসিন্দা এবং কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে এই এলাকাগুলো ত্যাগ করে, কোনো বিলম্ব না করে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।"

  10. আপাতত 'ট্রেন বদলে' গন্তব্যে পৌঁছাবেন উত্তরের পাঁচ জেলার যাত্রী

    বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়

    ছবির উৎস, BABU

    ছবির ক্যাপশান, বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়

    বগুড়ার সান্তাহারে নয়টি বগি লাইনচ্যুত হওয়া নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি উদ্ধারে ১২ ঘণ্টা সময় লাগতে পারে। এই সময়ে ওই রুটের পাঁচ জেলার যাত্রীদের জন্য বিকল্প হিসেবে ‘ট্রান্সশিপমেন্ট পরিকল্পনা’ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

    বুধবার সন্ধ্যায় বিবিসি বাংলাকে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মোহাম্মদ নাজমুল ইসলাম।

    মি. ইসলাম জানান, রেল যোগাযোগ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঢাকা থেকে উত্তরের জেলা নীলফামারি, ঠাঁকুরগাও, দিনাজপুর, পঞ্চগড় ও জয়পুরহাটের যাত্রীরা ট্রেন পরিবর্তন করে গন্তব্যে পৌঁছাবেন।

    “নয়টা কোচ রেসকিউ করতে ১২ ঘণ্টার মতো সময় লাগতে পারে। আপাতত ট্রান্সশিপমেন্ট হবে, অর্থাৎ পঞ্চগড় থেকে যে ট্রেন আসতেছে এবং ঢাকা থেকে যে ট্রেনটি যাচ্ছে দুর্ঘটনার স্পট থেকে যাত্রীরা ট্রেন পরিবর্তন করবেন,” বলেন তিনি।

    এর ফলে যাত্রীদের ভোগান্তি হবে উল্লেখ করে মি. ইসলাম বলছেন, “আপাতত এই পরিকল্পনাই রয়েছে আমাদের।” দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

    বুধবার দুপুর দুইটার দিকে বগুড়ার সান্তাহারে ঢাকা থেকে নীলফামারী জেলার চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়।

    দুর্ঘটনাস্থল থেকে ৪৭ জনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানোর তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

  11. তুরস্ক সীমান্ত দিয়ে দেশে ফিরছেন ইরানের নারী ফুটবলাররা

    তুরস্কের বিমানবন্দরে ইরানের নারী ফুটবল দলের সদস্যরা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, তুরস্কের বিমানবন্দরে ইরানের নারী ফুটবল দলের সদস্যরা

    ইরানের নারী ফুটবল দলকে তুরস্ক থেকে গাড়িতে করে গুরবুলাক সীমান্ত দিয়ে ইরানে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে তুরস্কের পূর্বাঞ্চলীয় শহর ইগদিরে অবতরণ করে তারা।

    অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়া ও ওমান হয়ে দীর্ঘ যাত্রা শেষে গত মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছায় ইরানের নারী ফুটবলাররা।

    তুর্কি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত রাতে কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করে তারা পুলিশের নিরাপত্তায় বিমানবন্দর ত্যাগ করেন।

    এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের আগে ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকার করার পর, প্রাথমিকভাবে দলের সাতজন সদস্য অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন।

    তবে পরবর্তীতে তাদের মধ্যে পাঁচজন সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং দলের বাকি সদস্যদের সাথে ইরানে ফেরার সিদ্ধান্ত নেন।

    মানবাধিকার সংগঠনগুলোর দাবি, পরিবারের সদস্যদের ওপর হুমকি ও চাপের কারণে তারা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়ে থাকতে পারেন।

  12. ইরানের গোয়েন্দা মন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের

    ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব

    ছবির উৎস, EPA-EFE/REX/Shutterstock

    ছবির ক্যাপশান, ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব

    ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন যে, ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব নিহত হয়েছেন।

    এক বিবৃতিতে কাটজ বলেন, "গত রাতে ইরানের গোয়েন্দা মন্ত্রী খতিবকেও নির্মূল করা হয়েছে।"

    যদিও ইরান এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

  13. সান্তাহারে ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

    লাইনচ্যুৎ হওয়া বগিগুলো উদ্ধারে কাজ করছে রেলওয়ে ও ফায়ার সার্ভিসের কর্মীরা

    ছবির উৎস, BABU

    ছবির ক্যাপশান, লাইনচ্যুৎ হওয়া বগিগুলো উদ্ধারে কাজ করছে রেলওয়ে ও ফায়ার সার্ভিসের কর্মীরা

    বগুড়ার সান্তাহারে ঢাকা থেকে নিলফামারীর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এই দুর্ঘটনায় হতাহতের খবর এখনও নিশ্চিত হওয়া যায়নি।

    তবে দুর্ঘটনাস্থল থেকে আহত ৪৭ জনকে উদ্ধার করার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। আহতদেরকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে।

    বুধবার দুপুর দুইটার দিকে ট্রেনটি বগুড়ার সান্তাহার জংশন থেকে কিছুটা সামনে গিয়েই লাইনচ্যুত হয়। এতে করে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতি ঈদের আগে ট্রেনে ঘরমুখো মানুষকে দুর্ভোগে ফেলেছে।

    সান্তাহার পুলিশ ফাড়ি ইনচার্জ আব্দুল মান্নান বিবিসি বাংলাকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি দুইটার দিকে সান্তাহার স্টেশন থেকে কিছুটা সামনে বাগবাড়ি এলাকায় দুর্ঘটনার শিকার হয়।

    মি. মান্নান বলেন, “লাইনে মনে হয় কাজ করতেছিল, সিগন্যাল মনে হয় বুঝতে পারে নাই।”

    এই দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃত্যুর কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে ঈদের আগে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনটিতে বিপুল সংখ্যক যাত্রি ছিল।

    বিশেষ করে ট্রেনটির ছাদে থাকা যাত্রিদের অনেকে আহত হয়েছেন বলে জানান প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের অনেকে।

  14. তেহরানে লারিজানি ও সোলাইমানির জানাজা আজ, প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের

    আয়াতুল্লাহ আলী খামেনির পর লারিজানিই হলেন ইরানের নিহত হওয়া সর্বোচ্চ পদস্থ কর্মকর্তা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আয়াতুল্লাহ আলী খামেনির পর লারিজানিই হলেন ইরানের নিহত হওয়া সর্বোচ্চ পদস্থ কর্মকর্তা

    ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং আধাসামরিক বাহিনী বাসিজ-এর প্রধান গোলামরেজা সোলাইমানির জানাজা বুধবার তেহরানে অনুষ্ঠিত হবে।

    ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা তাসনিম এই তথ্য জানিয়েছে। তেহরানের স্থানীয় সময় দুপুর দেড়টায় এনকেলাব স্কয়ারে তাদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    একইসাথে গত চৌঠা মার্চ মার্কিন টর্পেডো হামলায় ইরানি যুদ্ধজাহাজ 'আইরিস দেনা' ডুবে নিহত হওয়া ৮৪ জন নাবিকের সম্মানেও শোকসভার আয়োজন করা হয়েছে।

    ইরান গত মঙ্গলবার জানিয়েছে যে, লারিজানি এবং সোলাইমানি উভয়ই ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডের পর "চূড়ান্ত" প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি।

  15. ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত মধ্য বৈরুত

    মধ্যরাতে বৈরুতের কেন্দ্রস্থলে ইসরায়েলি হামলার পর ক্ষয়ক্ষতির ব্যাপকতা নতুন ছবিতে ফুটে উঠেছে।

    লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এখন পর্যন্ত জানিয়েছে যে, এই হামলায় অন্তত ছয় জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন।

    মধ্য বৈরুতে ইসরায়েলি হামলার পর একটি ভবনে আগুন জ্বলতে দেখা যাচ্ছে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, মধ্য বৈরুতে ইসরায়েলি হামলার পর একটি ভবনে আগুন জ্বলতে দেখা যাচ্ছে
    ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেল পরিবেষ্টিত এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেল পরিবেষ্টিত এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল
    হামলায় ধ্বংস হওয়া একটি ভবনে উদ্ধার কাজ চলানো হচ্ছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, হামলায় ধ্বংস হওয়া একটি ভবনে উদ্ধার কাজ চলানো হচ্ছে
    মধ্য বৈরুতে ইসরায়েলি হামলার ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মধ্য বৈরুতে ইসরায়েলি হামলার ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে
  16. 'ইসরায়েলি গুপ্তচরবৃত্তি', একজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

    ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এর আগেও বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল ইরান

    ছবির উৎস, NurPhoto via Getty Images

    ছবির ক্যাপশান, ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এর আগেও বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল ইরান (ফাইল ছবি)

    "ইসরায়েলি গুপ্তচর" হিসেবে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

    ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা তাসনিম-এর প্রতিবেদন অনুযায়ী, কোরুশ কায়ভানি নামে শনাক্ত হওয়া এই ব্যক্তিকে ২০২৫ সালের জুনে ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধের সময় গ্রেপ্তার করা হয়েছিল।

    তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তিনি দেশটির "স্পর্শকাতর স্থাপনা" সংক্রান্ত তথ্য ও ছবি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে পাচার করেছেন।

    প্রতিবেদনে আরও বলা হয়, কায়ভানিকে ২০২৩ সালে সুইডেনে প্রথম শনাক্ত করে ইসরায়েলি নিরাপত্তা সংস্থা, যখন তিনি গ্রুপ ট্যুরের একটি অনলাইন বিজ্ঞাপনে ক্লিক করেছিলেন।

    একজন মোসাদ কর্মকর্তা তাকে নিয়োগ দিয়েছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি। ছয়টি ইউরোপীয় দেশ এবং তেল আভিভে দুই বছর প্রশিক্ষণ নেওয়ার পর তাকে বিশেষ অভিযানের জন্য ইরানে পাঠানো হয়েছিল।

    সংবাদ সংস্থা তাসনিম-এর এই দাবি ও অভিযোগগুলো বিবিসি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।

  17. উপসাগরীয় দেশগুলোতে আবারও ইরানের আক্রমণ, মধ্য বৈরুতে ইসরায়েলের টানা হামলা

    মধ্য বৈরুতে ইসরায়েলের হামলায় অন্তত ছয়জন নিহত এবং আরও ২৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, মধ্য বৈরুতে ইসরায়েলের হামলায় অন্তত ছয়জন নিহত এবং আরও ২৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে

    রাতভর মধ্যপ্রাচ্যজুড়ে বড় ধরনের হামলার খবর পাওয়া গেছে। লেবাননের রাজধানী বৈরুতে টানা হামলা চালিয়েছে ইসরায়েল। আর উপসাগরীয় দেশগুলোতে নতুন করে আক্রমণ করেছে ইরান।

    লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈরুতের কেন্দ্রস্থলে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। একটি বিস্ফোরণে বৈরুতের কেন্দ্রস্থলের একটি ভবন মাটির সাথে মিশে গেছে।

    বিবিসির সাংবাদিক ওয়াইর ডেভিস ঘটনাস্থল থেকে জানিয়েছেন, যে এলাকায় ইসরায়েল হামলা চালিয়েছে সেটি হেজবুল্লাহর তথাকথিত দুর্গ বা শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত নয় বরং ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেল পরিবেষ্টিত একটি এলাকা।

    জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিল তেহরান। যার প্রতিক্রিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল আবিবে দুজন নিহত হয়েছেন।

    ভোরের দিকে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাস এলাকায়ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

    সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব এবং কাতার- সব দেশই নিজেদের ওপর আসা হামলা প্রতিহত করার খবর জানিয়েছে।

    এদিকে, মঙ্গলবার যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যে, তারা হরমুজ প্রণালী বরাবর ইরানের ক্ষেপণাস্ত্র অবস্থানগুলোতে হামলা চালিয়েছে। এই হামলায় বাঙ্কার ধ্বংসে সক্ষম বিশেষ বোমা ব্যবহার করা হয়েছে বলেও জানানো হয়েছে।

  18. মঙ্গলবার যা যা ঘটেছে

    • ইসরায়েল জানিয়েছে, তারা এক হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যা করেছে এবং দেশটির নেতাদের "খুঁজে বের করা অব্যাহত রাখবে"। এছাড়া বাসিজ কমান্ডার গোলামরেজা সোলেইমানিকেও হত্যা করা হয়েছে বলে দেশটি জানিয়েছে।
    • যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টার (এনসিটিসি)-এর পরিচালক জো কেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর পদত্যাগের ঘোষণা দিয়েছেন-যেখানে তিনি বলেছেন যে, "বিবেকের তাড়নায় আমি ইরানের সাথে চলমান এই যুদ্ধকে সমর্থন করতে পারছি না।"
    • বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
    • মঙ্গলবার বিধানসভা নির্বাচন-২০২৬ এর প্রার্থী তালিকা ঘোষণা করেছেন মমতা ব্যানার্জী।
    • বিশ্বের অন্যতম বৃহত্তম সাওয়ার গ্যাসক্ষেত্র হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাতের শাহ গ্যাসফিল্ডে সোমবার রাতের ড্রোন হামলার পর সেটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।
    • ঈদের ছুটিতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে লালমনিরহাটের পাটগ্রামে পণ্যবোঝাই ট্রাকের চাপায় নিহত হয়েছেন একই পরিবারের তিনজন।
    • যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যের কিছু রুটের বিমানের ফ্লাইট জুন মাস পর্যন্ত বাতিল করেছে ব্রিটিশ এয়ারওয়েজ।
    • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধের কারণে মার্চের শেষ দিকে তার নির্ধারিত চীন সফর তিনি প্রায় এক মাস পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন।
    • মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএল জানিয়েছে, সাতদিনের ঈদের ছুটির মধ্যে শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকবে। এছাড়া, ঈদের আগে ও পরে নির্ধারিত সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে।
    • ঈদের ছুটি শুরু হওয়ায় রাজধানীসহ বড় শহরগুলো থেকে ঈদ করতে বাড়ি ফেরা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বাস, ট্রেন, লঞ্চ সবখানে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
    • ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে একাধিক ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। অন্যদিকে যুদ্ধ শুরুর পর থেকে ইরান সংযুক্ত আরব আমিরাতের দিকে প্রায় দুই হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে।

    আরও খবর পড়তে ওয়েবসাইটের মূল পাতায় ক্লিক করুন।

  19. বিবিসি বাংলা'র লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের সব খবর জানতে ক্লিক করতে পারেন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে

Trending Now